Home Blog Page 3001

ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ২৪ ঘন্টায় শনাক্ত ১৪৮৬

0

সারা বিশ্ব জুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গেল একদিনে ভারতে ১ হাজার ৪৮৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, যা এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, গেল ২৪ ঘন্টায় ৪৯ জন মারা গেছেন আর এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮১ জনে। এরই মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে ভারতে। এর আগে গেল সোমবার একদিনে সর্বোচ্চ ১ হাজার ৫শ মানুষের করোনা পজেটিভ ধরা পড়ে। তবে কর্মকর্তারা বলেছেন যে সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হতে সময় লেগেছে আটদিন যা লকডাউনের ৩ থেকে ৪দিন আগে শুরু হয়েছিল।

ইরানি নৌবাহিনীর বোট ধ্বংসের নির্দেশ যুক্তরাষ্ট্রের

0

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বোট যদি পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর জন্য কোনো রকমের বাধাবিঘ্ন সৃষ্টি করে তাহলে সেগুলোকে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন জনগণ যখন করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতা নিয়ে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ তখন তিনি ইরানকে এই ধরনের হুমকি দিলেন।

সম্প্রতি পারস্য উপসাগরে ইরানের নৌ বাহিনী এবং মার্কিন সামরিক বাহিনীর মধ্যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর এই প্রথম ডোনাল্ড ট্রাম্প এ ধরনের টুইটার পোস্ট দিলেন।

এক টুইটার পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীকে যদি ইরানি কোনো বোট বাধা সৃষ্টি করে তাহলে সেগুলোকে ধ্বংস করার জন্য আমি নির্দেশ দিয়েছি।

এদিকে, সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, করোনাভাইরাস মোকাবেলার ব্যর্থতা থেকে মার্কিন জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য তিনি ইরানবিরোধী এই হুমকিকে কাজে লাগাতে চান।

আইআরজিসি গত রোববার একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে, ইরানের সামরিক বোট থেকে মার্কিন যুদ্ধজাহাজকে সতর্ক করা হচ্ছে। মার্কিন ওই জাহাজটি ইরানি পানিসীমার দিকে এগিয়ে যাচ্ছিল।

ভিডিওতে দেখা যায়-আইআরজিসি’র একজন কর্মকর্তা মার্কিন জাহাজকে ওই এলাকায় ইরানি জেলেদের মাছধরা জাহাজে তল্লাশি চালানো কিংবা ইরানি নাগরিকদের আটক করার প্রচেষ্টা বন্ধের জন্য সতর্ক করছেন।

নড়াইলে মাশরাফির উদ্যোগে ‘ডক্টরস সেফটি চেম্বার’ চালু

0

করোনা রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, সেবিকা এবং স্টাফ ঝুঁকির মধ্যে না পড়েন সেজন্য নড়াইলে ‘ডক্টরস সেফটি চেম্বার’ চালু করলেন স্থানীয় এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গতকাল বুধবার বিকেলে এ চেম্বারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

এর আগেও করোনা মোকাবিলায় নড়াইলে চিকিৎসক ও সেবিকাদের জন্য পিপিই সরবরাহ, ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম গঠন, সদর হাসপাতালে জীবাণুনাশক কক্ষ স্থাপন করেন তিনি।

জানা গেছে, সদর হাসপাতালের সামনে স্থাপন করা এই চেম্বারটি সম্পূর্ণ কাঁচ দিয়ে ঘেরা। এর মধ্যে চিকিৎসক অবস্থান করবেন। তারা সামনের দুটি ছিদ্র দিয়ে গ্লাভস পরিহিত হাত বের করে রোগীর রক্তচাপ নির্ণয় এবং থার্মাল ডিটেক্টরের মাধ্যমে রোগীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করবেন। এ সময় কোনো রোগীর শরীরে তাপমাত্রা করোনা উপসর্গের সাথে মিলে গেলে তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হবে।

এর ফলে হাসপাতালের আউটডোর এবং জরুরি বিভাগে আসা রোগীরা এখান থেকেই সেবা নেবেন। যাদের ভর্তি হওয়া প্রয়োজন তাদের স্ব স্ব ওয়ার্ডে পাঠানো হবে। তবে হাত-পা ভাঙ্গা বা গুরুতর জখম রোগীদের জরুরি বিভাগে গিয়েই চিকিৎসা নিতে হবে।

আরো জানা গেছে, এই চেম্বারে স্বেচ্ছাসেবক হিসেবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন নড়াইলে গঠিত বঙ্গবন্ধু স্কোয়াডের সদস্যরা। এটির সার্বিক তত্ত্বাবধান করবে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

কাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

0

১৪৪১ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

৪ লাখ পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়েছে

0

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রায় ৭০ লাখ নগরবাসীর মধ্যে এনজিওদের পরিসংখ্যাণে প্রায় ১৪ লাখ ৪০ হাজার মানুষ হতদরিদ্রের আওতায় পড়ে। কিন্তু আমাদের পরিসংখ্যানে প্রায় ২০ লাখের মত মানুষ। পরিসংখ্যানগত অসাম্যঞ্জসতা থাকার পরও ইতোমধ্যে সরকারি, চসিক পরিবার ও ব্যক্তি সহায়তায় প্রায় ৪ লাখ পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। চসিক মেয়র বলেন, করোনাভাইরাসের কারণে মহাসংকটকাল অতিক্রম করছি আমরা। এ দূর্যোগকালীন সময়ে আমরা কোনভাবেই যেন সংকীর্ণতা পোষণ না করি। মানবিকতাকে প্রাধান্য দিয়ে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সকলের পাশে দাঁড়াতে হবে।

বিবৃতিতে আ জ ম নাছির উদ্দীন আরও বলেন, সরকারি ত্রাণ বিতরণ ব্যবস্থাপনায় কোনোরকম অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তি অপেক্ষা করছে। এ কাজে নিয়োজিতদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। ত্রাণ প্রাপ্তিতে অসন্তোষ নিয়ে কেউ কেউ আমাদের কাছে যোগাযোগ করে বলেছেন তাঁরা তালিকায় অন্তর্ভূক্ত হতে পারছেন না। এ ক্ষেত্রে চট্টগ্রাম সিটি করপোরেশনের চূড়ান্ত নির্দেশনা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ত্রাণ উপহার বন্টনের ব্যাপারে যে নির্দেশনা দেয়া হয়েছে তা সঠিকভাবে পালন করতে হবে। এখনও পর্যন্ত যারা তালিকায় অন্তর্ভূক্ত হতে পারেননি অবশ্যই স্ব স্ব ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে যোগাযোগ করে নিজেদের নাম অন্তর্ভূক্ত করুন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোন ধরনের ঘাটতি নেই। যারাই ত্রাণ পাওয়ার অগ্রাধিকারে আছেন তারা যদি নিজ দায়িত্বে তালিকাভুক্ত না হোন তাহলে এ দায়িত্ব জনপ্রতিনিধিদের উপর বর্তাবে না। গরীব ও অস্বচ্ছল পরিবারের ঘরে ঘরে ত্রাণ পৌছানো স্থানীয় জনপ্রনিধির দায়িত্ব।

অবশেষে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে যুবক ধরা, জরিমানা

0

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। তবে সেই নির্দেশনা না মেনে নারায়ণগঞ্জ থেকে রাজধানীর এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসতে প্রতারণার আশ্রয় নেওয়া শাহজালাল নামে এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার পুরান ঢাকার চানখাঁরপুলে র‌্যাবের হাতে ধরা পড়েন শাহজালাল নামে এই ব্যক্তি।

এছাড়া র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের এক ঘণ্টার এ অভিযানে অযথা বাইরে বের হওয়ায় পুরান ঢাকার বিভিন্ন এলাকার ১৪ জনকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় তিনটি গাড়ি।

এদের মধ্যে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসতে শাহজালাল তার গাড়ির সামনে বাঁধা লাল কাপড়ে লিখেছিল ‘জরুরি ঔষধ সরবরাহ’। মূলত আইন-শৃংখলা বাহিনীর চোখে ধুলো দিতে এটা ছিল তার প্রতারণার একটি কৌশল।

তবে নিজের কৌশলেই সে ধরা পরে। সন্দেহ হওয়ায় গাড়ি থামিয়ে তার সঙ্গে কথা বলেন র‌্যাব সদস্যরা। পরে কথায় কথায় বেরিয়ে আসে, ওষুধ তো দূরের কথা, জরুরি কোনো পণ্য সরবরাহের সঙ্গেও সম্পর্ক নেই তার। রাজধানীর গাবতলীতে এক আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য তিনি এ প্রতারণার আশ্রয় নেন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পুরান ঢাকার চানখাঁরপুল ও শাঁখারি বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। দুঃখের বিষয় হলো, এত প্রচারের পরও মানুষ সচেতন হচ্ছে না।

যারা জরুরি কোনো প্রয়োজনে বের হচ্ছেন, তাদের কথা আলাদা। কিন্তু প্রচুর মানুষ কোনো কারণ ছাড়াই অযথা বাইরে বের হচ্ছেন। এমন ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে।

ম্যাজিস্ট্রেট জানান, জরুরি সেবার জন্য ছাড় দেওয়া আছে বলে কিছু মানুষ সেই সুবিধার অপব্যবহার করছেন। যানবাহনে ভুয়া স্টিকার লাগিয়ে চলাফেরা করছেন। ঢাকায় বাইরে থেকে কোনো যান ঢোকার কথা নয়। অথচ নারায়ণগঞ্জের মতো অত্যধিক ঝুঁকিপূর্ণ এলাকা থেকেও যানবাহন আসছে। এমন তিনটি গাড়ি এক মাসের জন্য জব্দ করা হয়েছে।

গতকাল র‌্যাব ১০-এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলা রাখার রূপরেখা জানানোর নির্দেশ

0

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে তৈরি পোশাকসহ অন্যান্য কারখানা চালু রাখার ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। খাত-সংশ্লিষ্টদের কাছ থেকে এ ব্যাপারে দ্রুত রূপরেখা চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক সভায় কারখানা খোলা ইস্যুতে এমন সিদ্ধান্ত হয়েছে। অবশ্য কবে নাগাদ কারখানা খুলতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক হয়নি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, কারখানা খোলার ইস্যু ছাড়াও লে-অফ (সাময়িক বন্ধ) হওয়া কারখানা মালিকরা সরকারের প্রণোদনার অর্থ পাওয়া, বন্ধ থাকার সময়ে গ্যাস-বিদ্যুৎসহ পরিষেবার বিল জরিমানা ছাড়া পরবর্তীতে পরিশোধসহ বেশকিছু বিষয়ে আলোচনা হয়। সম্প্রতি লে-অফ হওয়া কারখানা মালিকরা সরকারের প্রণোদনার অর্থ পাবে না বলে মন্ত্রণালয় এক আদেশ জারি করেছে।

আহমেদ কায়কাউস বলেন, ‘সরকার কোনো বিশেষ কমিটি বা টাস্কফোর্স নয়। এ ছাড়া বেসরকারি খাতের ওপর সরকারের খবরদারিরও কোনো ইচ্ছে নেই। প্রণোদনার টাকা কীভাবে পাবে সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। লে-অফ ঘোষণা করা কোনো কারখানা প্রণোদনা পাবে কিনা সে বিষয়টিও নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। আর কারখানা খোলা বা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেবে খাত-সংশ্লিষ্টরা।’

বৈঠকে উপস্থিত এক ব্যবসায়ী নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সভায় লে-অফ হওয়া কারখানা শ্রমিকদের দেওয়া মজুরির অর্থ (প্রায় ৬০ শতাংশ) পাওয়ার বিষয়ে ইতিবাচক মত এসেছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় আরেকটি সংশোধিত আদেশ জারি করতে পারে। জরিমানা ছাড়া পরিষেবার বিল পরবর্তীতে পরিশোধের বিষয়েও সরকার ইতিবাচক।’

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, শ্রম সচিব, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, বর্তমান সভাপতি ড. রুবানা হক, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন প্রমুখ।

শফিউল ইসলাম মহিউদ্দীন বলেন, ‘পোশাক খাতের বর্তমান পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার জন্য পোশাক কারখানাগুলো কিভাবে খোলা যায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিগগিরই মতামত দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে। আমরা এখনই কারখানা খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেইনি।’

টানা ৪২ দিনের ছুটিতে দেশ

0

চলমান ছুটি ৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। বুধবার দুপুরে এ তথ্য কালের কণ্ঠ’কে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে আজ পর্যন্ত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি।

ফরহাদ হোসেন বলেন, প্রজ্ঞাপনে ছুটি বৃদ্ধির বিষয়টি ৫ মে পর্যন্তই থাকবে। আর বুদ্ধপূর্ণিমার ছুটি তো আগে থেকেই আছে, সেটা যোগ হবে। অর্থাৎ নতুন করে ছুটি বাড়লো ১১ দিন। আর টানা ছুটি দাঁড়াচ্ছে ৪২ দিনে। যা দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

এর আগে ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি চলছিল। এ নিয়ে পঞ্চম দফা ছুটি বাড়াতে হলো। নতুন ছুটির প্রজ্ঞাপনে বেশ কিছু বিষয় যুক্ত করতে যাচ্ছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার দুপুরের মধ্যে ছুটির প্রজ্ঞাপন জারি হতে পারে। প্রজ্ঞাপনে কী কী বিষয় থাকবে তা মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে নির্ধারণ করা হচ্ছে। এ কারণেই আজ প্রজ্ঞাপন জারি করা হয়নি।

উল্লেখ্য, দেশব্যাপী সাধারণ ছুটি থাকলেও মাঠ প্রশাসনের প্রয়োজনীয় সব দপ্তরগুলো খোলা আছে। সচিবালয়ে বেশম কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগসহ দেশের নিত্য প্রয়োজনীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত দপ্তরগুলোর খোলা থেকে কাজ করে যাচ্ছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ চালু হচ্ছে কাল

0

চট্টগ্রামে আইসিইউ সংকটের মধ্যে জেনারেল হাসপাতালে জরুরি ভিত্তিতে স্থাপন করা আইসিইউ চালু হতে পারে আগামীকাল বৃহস্পতিবার। ভেন্টিলেটরসহ ১০ শয্যার এই আইসিইউ চালু হলে এখন থেকে করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্যু রোগীরা এর সুফল পাবেন। করোনা প্রাদুর্ভাবের মধ্য দিয়ে চট্টগ্রামের সরকারি এ হাসপাতালে প্রথম আইসিইউ চালু হচ্ছে।

তবে নগরের ১২টি বেসরকারি হাসপাতালে শতাধিক আইসিইউ রয়েছে। স্বাস্থ্যবিভাগ থেকে চিঠি দিয়ে এসব হাসপাতালের আইসিইউ প্রস্তুত রাখার জন্য বলা হয়েছিল। তবে গত তিন সপ্তাহে বেসরকারি এসব হাসপাতালের আইসিইউ’র একটি শয্যাও ব্যবহার হয়নি। এ অবস্থায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নতুন স্থাপন করা ১০ শয্যার আইসিইউ চালু হবে।

জানতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. অসীম কুমার নাথ বুধবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, জরুরিভিত্তিতে কাজ করে আমাদের এখানে ভেন্টিলেটরসহ ১০ শয্যার আইসিইউ প্রস্তুত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার চালুর চেষ্টা করছি। করোনা রোগীদের চিকিৎসাসেবা জন্য সরকার জরুরিভিত্তিতে এ আইসিইউ স্থাপন করেছে।

এদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সুস্থ হয়ে প্রথমবারে মতো ৫ জন বাড়ি ফিরেছেন। এ ছাড়া বুধবার বিকেল পর্যন্ত ১০০ শয্যার করোনা এ হাসপাতালের আইসোলেশনে ২৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১৯ জন করোনা শনাক্ত রোগী রয়েছে। অপর ৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ ছাড়া করোনা রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে চট্টগ্রামের বিআইটিআইডিতে। সরকারি এ হাসপাতাল থেকে গত সোমবার দুইজন রোগী সুস্থ হয়ে বাড়ি গেছেন।

বিআইটিআইডি পরিচালক অধ্যাপক ডা. এম এ হাছান কালের কণ্ঠকে বলেন, আইসোলেশনে ৬ জন রয়েছে। এরমধ্যে ৪ জন করোনা শনাক্ত এবং ২ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অবজারভেশন সেন্টারে করোনা সন্দেহে কয়েকজন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঢাকা ছাড়লেন যুক্তরাষ্ট্রের ৩০১ নাগরিক

0

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ৩০১ জন নাগরিক। অন্যদিকে সিঙ্গাপুরের ৯৮ জন নাগরিক অন্য একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল জানান, মঙ্গলবার রাত ১২টা ৫২ মিনিটে অমনি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩০১ জন মার্কিন নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজেদের দেশের উদ্দেশে রওনা হন। এর আগে তিন দফায় ৯ শতাধিক মার্কিন নাগরিক বিশেষ ফ্লাইটে নিজেদের দেশে ফিরে গেছেন।

অন্যদিকে তৃতীয় দফায় বুধবার ভারতের চেন্নাইতে আটকে পড়া ১৬৪ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ২০ ও ২১ এপ্রিলের ধারাবাহিকতায় বুধবার বিকেল ৩টা ৩০ মিনিটে চেন্নাই থেকে তৃতীয় দফায় আটকে পড়া যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ ছাড়া আগামী ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরো দুটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

সিঙ্গাপুর থেকে বিশেষ ফ্লাইটে ১৮৫ জন বাংলাদেশি বুধবার দেশে ফিরেছেন। ১৮৫ জন বাংলাদেশিকে নিয়ে বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি।

অন্যদিকে ঢাকা থেকে ৯৮ জনকে নিয়ে দুপুর ২টা ১০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগ করে বলে জানান কামরুজ্জামান।