Home Blog Page 3003

উহানের ল্যাব নয়, ‘প্রাণীর মাধ্যমে’ ছড়িয়েছে করোনা : ডব্লিউএইচও

0

বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টি করেছে ছোট্ট একটা আণুবীক্ষণিক জীব নভেল করোনারভাইরাস। গুঁড়িয়ে দিয়েছে মানবজাতির সভ্যতা ও বিজ্ঞানের দম্ভ। কোন ওষুধ নেই, প্রতিষেধক নেই। শুধুই মৃত্যুর অপেক্ষা। কিভাবে উৎপত্তি হলো এই মারণ ভাইরাসের? মানুষ থেকে মানুষের ছড়িয়ে পড়ছে করোনা এ তথ্য নিশ্চিত হওয়া গেলেও নিশ্চিত হওয়া যাচ্ছে না ঠিক কিভাবে এই ভাইরাস এসেছে মানুষের শরীরে।

নানা তথ্যই সামনে আসছে। তবে এবার মোটামুটি নিশ্চিত করে একটি তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বলেছে, চীনের হুবেই প্রদেশের উহানের কোনও ল্যাব নয়, বরং কোনো প্রাণীর মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করেছে।

উহানের ভাইরোলজি ল্যাবে এই ভাইরাসের জন্ম হয়েছে বলে দাবি করে সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেসি কাসাই বলেন, এই পর্যায়ে এসে ভাইরাসটির যথাযথ উৎস নির্ধারণ করা সম্ভব নয়। তবে এখন পর্যন্ত যেসব প্রমাণ রয়েছে তাতে বলা যায়- কোনো প্রাণীর মাধ্যমেই মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। এটা ল্যাবে তৈরি করা হয়নি।

মঙ্গলবার অনলাইন ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র এই উর্ধ্বতন কর্মকর্তা বলেন, করোনার উৎপত্তি নিয়ে গবেষকরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। বাদুড়ের মাধ্যমে এই ভাইরাস আসতে পারে বলে ধারণা করা হচ্ছে; তবে কিভাবে মানুষের শরীরে প্রবেশ করেছে তা আমরা এখনো নিশ্চিত করে জানি না।

যুক্তরাষ্ট্র সরকারের সূত্রের বরাত দিয়ে গত সপ্তাহে ফক্স নিউজ ও ওয়াশিংটন পোস্ট করোনাকে উহানের ল্যাব থেকে উৎপাদিত ভাইরাস বলে অভিহিত করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই মত দেন।

করোনার উৎস নিয়ে নানা তথ্য সামনে এলেও, এখনো সঠিক করে কেউ কিছু বলতে পারছেন না। বিষয়টি নিয়ে জোর গবেষণা চলছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, গত বছরের নভেম্বর বা ডিসেম্বরে একটি বন্যপ্রাণীর মার্কেট থেকেই এই ভাইরাসের সংক্রমণ শুরু।

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৫ লাখেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৪২২ জনের।

সূত্র- সিএনবিসি।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ভ্যাকসিন তৈরির জন্য পুরস্কারের ঘোষণা দিলেন

0

চীনের উহানে প্রথম ছড়িয়ে পড়লেও করোনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস ঠেকানোর কোনো ওষুধ বা ভ্যাকসিন এখনো উদ্ভাবন হয়নি। এই মারণ ভাইরাস হানা দিয়েছে ফিলিপাইনে। তাই করোনা ঠেকাতে ভ্যাকসিন তৈরির জন্য পুরস্কারের ঘোষণা দিলেন ফিলিপাইনে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

আজ মঙ্গলবার ফিলিপাইনের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, করোনার ভ্যাকসিন উদ্ভাবনের জন্য প্রায় দুই লাখ মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। দেশটির যে নাগরিকই করোনার ভ্যাকসিন উদ্ভাবন করবেন; তাকেই দেওয়া হবে এই পরিমাণ অর্থ।

ফিলিপাইনের প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রোক এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, কভিড-১৯ শুধুমাত্র ফিলিপাইনের মনুষেরই শুত্রু নয়; গোটা বিশ্বের শুত্রু। তাই এই রোগ মোকাবেলায় করোনার ভ্যাকসিন তৈরির জন্য ১০ মিলিয়ন (প্রায় দুই লাখ মার্কিন ডলার) পেসোর (ফিলিপাইনের মুদ্রা) পুরস্কার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। যেকোনো ফিলিপিনো নাগরিক ভ্যাকসিন তৈরি করলে এই অর্থ দেওয়া হবে। স্থানীয় দৈনিক ম্যানিলা বুলেটিন এই তথ্য জানিয়েছে।

ফিলিপাইনের গত ২৪ ঘণ্টায় একশ ৪০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট করোনার আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে ছয় হাজার পাঁচশ ৯৯ জনে। আর মোট প্রাণহানির সংখ্যাটি দাঁড়িয়েছে চারশ ৩৭ জনে। করোনায় আক্রান্তের সংখ্যাটি দেশটিতে প্রতিদিনই বাড়ছে। তাই দ্রুত ভ্যাকসিন চান রদ্রিগো দুতার্তে। এই কারণেই তিনি পুরস্কারের ঘোষণা করেছেন।

সূত্র: আনাদলু এজেন্সি।

করোনার লক্ষণযুক্ত লোকের সংখ্যা তিন সপ্তাহে ৭৫ শতাংশ কমেছে

0

আণুবীক্ষণিক জীব নভেল করোনারভাইরাসের থাবায় বিপর্যস্ত ব্রিটেন। দেশটিতে এরই মধ্যে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৫ হাজার মানুষ। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫০৯ জনের। করোনায় মৃত্যুতে বিশ্বে চতুর্থ স্থানে আছে দেশটি। তবে এবার বোধ হয় সুদিন ফিরে আসছে রাণীর দেশে। ব্রিটিশ দৈনিক মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিগত তিন সপ্তাহের দেশটিতে করোনার লক্ষণযুক্ত লোকের সংখ্যা ৭৫ শতাংশ কমেছে।

কিংস কলেজ লন্ডনের চালানো এক সমীক্ষা থেকে এই সুখবর দিয়েছে গণমাধ্যমটি। সেখানে বলা হয়েছে, কভিড-১৯ রোগের লক্ষণগুলো সনাক্ত করতে ‘করোনা সিম্পটম ট্রাকার’ নামের একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে কলেজটির গবেষকেরা। যেখানে লোকেরা তাদের লক্ষণ জানিয়ে তথ্য দিতে পারে। অ্যাপটির দেওয়া সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায় যে, বর্তমানে যুক্তরাজ্যে আনুমানিক ৪ লাখ ৯৪ হাজার ২৩৪ জনের শরীরে করোনভাইরাস লক্ষণ রয়েছে। এটি এপ্রিলের শুরুতে ছিল প্রায় ১৯ লাখ। সে তুলনায় গত তিন সপ্তাহে কমেছে প্রায় ৭৫ শতাংশ।

কিংস কলেজ লন্ডন এবং স্বাস্থ্যসেবা সংস্থা জেডওই দ্বারা বিকাশ করা এই অ্যাপটি কভিড -১৯ রোগটি যুক্তরাজ্যের চারপাশে কতটা বিস্তৃত তার একটি চিত্র দেবে। শীর্ষ গবেষক প্রফেসর টিম স্পেক্টর এই সপ্তাহের শুরুতে বলেছিলেন, ‘এটা দেখে খুব আশ্বস্ত হচ্ছি যে করোনার পূর্ব লক্ষণযুক্ত লোকের সংখ্যা সমগ্র যুক্তরাজ্যে দিন দিন হ্রাস পাচ্ছে। তবে মৃত্যুর সংখ্যা এখনও বেশি, নিঃসন্দেহে এটা আত্মতুষ্টির সময় নয়।

তিনি আরো বলেন, তথ্য বলছে যুক্তরাজ্যে এখনও সংক্রামক লোকের সংখ্যা অনেকে। বেশ কিছু লোকের মাঝে হালকা লক্ষণ রয়েছে, তাই দ্রুত লকডাউন তুলে নেওয়া উচিত হবে না। বর্তমানে সংক্রমণের গতি কমলেও লকডাউন তুললে এটি আবার বেড়ে যাবে। বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ২৩ লাখ মানুষ অ্যাপটি ব্যবহার করছে।

সূত্র- মেট্রো ইউকে।

ঝুঁকিতে ইমরান খানও; তার সঙ্গে সাক্ষাৎ করা ব্যক্তির করোনা শনাক্ত

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। করোনার সংক্রমণের ঝুঁকিও রয়েছে তার। কারণ গত সপ্তাহে পাকিস্তানের এক সমাজকর্মীর সংস্পর্শে এসেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার ফয়জল ইদহি নামের ওই সমাজকর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাই ইমরান খানেরও করোনা পরীক্ষা করা হতে পারে।

পাকিস্তানে ইদহি ফাইন্ডেশনের চেয়ারম্যান ফয়জল ইদহি কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। প্রয়াত মানবাধিকার কর্মী আব্দুল সাত্তার ইদিহর ছেলে ফয়জলের করোনা পরীক্ষার রিপোর্ট মঙ্গলবারই পজিটিভ এসেছে। ফয়জলের পুত্র সাদ ইদহি এবং ইহদি ফাইন্ডেশনের মুখপাত্র মোহাম্মদ বিলাল দুজনেই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৫ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যান ফয়জল। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেন। তারপরেই তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিতে থাকে বলে জানিয়েছেন তার ছেলে সাদ ইদাহি।

‘গত চার দিন হলো বাবার শরীরে করোনা সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছিল। মঙ্গলবার পরীক্ষার ফল পজিটিভ এসেছে।’ এমনটাই বলেন ফয়জলের ছেলে সাদ। তবে তার বাবা ইসলামাবাদেই রয়েছেন বলে জানা যাচ্ছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করছে, করোনা সংক্রমণের শিকার হওয়ার পরেও ফয়জল ইদাহি কোনো হাসপাতালে ভর্তি হননি। ইসলামাবাদের ইহদি হোমে নিজেকে সেলফ আইসোলেশেন রেখেছেন তিনি।

এদিকে, করোনা পরীক্ষার ফল পিজিটিভ আসার আগেই গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেন ফয়জল। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকার চেকও তুলে দেন তিনি। একটি ছবিতে দেখা যায়, এসময় তাদের কেউই কোনো ধরনের মাস্ক ও গ্লাভস পরেননি। তাদের পাশে যারা দাঁড়িয়েছিলেন তারাও মাস্ক ও গ্লাভস পরেননি। এরপর ফয়জলের করোনা সংক্রমণের শিকার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে করোনা সংক্রমণের শিকার হয়েছেন সাতশ পাঁচজন। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার দু’শ ১৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের। ফলে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯২।

মৃত্যুপুরী ইতালির লকডাউন উঠছে মের শুরুতেই

0

করোনাভাইরাস সবচেয়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইউরোপের দেশ ইতালিতে। দেশটিতে কারোনায় আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা গেছেন। করোনা ঠেকাতে দেশটিতে মার্চের ২৬ তারিখ থেকে চলছে লকডাউন। এর ফলে করোনায় নতুন করে সংক্রমণের হার ও মৃত্যুর হার কমেছে। আর তাই মে মাসের শুরুতেই লকডাউন তু্লে দেওয়া হতে পারে।

মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্টি নিশ্চিত করেছেন, ৪ মে ইতালির লকডাউন তুলে দেওয়া হতে পারে। তবে পশ্চিমা গণতন্ত্রে কিছু এলাকার কঠোর লকডাউন ব্যবস্থা পুরোপুরি তুলে নাও দিতে পারেন। তিনি বলেন, অনেক নাগরিক এ পর্যন্ত যে প্রচেষ্টা চালিয়েছেন তাতে ক্লান্ত হয়ে পড়েছেন। এই সপ্তাহেই এই ব্যবস্থার কিছু অংশের শিথিলতা চান। কিংবা পুরোপুরি উঠিয়ে নেওয়ার পক্ষে।

কন্টি ইঙ্গিত করেছিলেন যে, এই নিষেধাজ্ঞাগুলো শিথিল করার পদক্ষেপগুলো চলতি সপ্তাহের শেষের দিকে ঘোষণা করা হবে। তারা বিভিন্ন অঞ্চলগুলোর করোনা পরিস্থিতি বিবেচনা করবে তার সরকার।

দেশটিতে লকডাউন আগামী ৩ মে পর্যন্ত চলবে। কিন্তু এরই মধ্যে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। এর মধ্যে রয়েছে বইয়ের দোকান, স্টেশনারি এবং শিশুদের কাপড় বিক্রির দোকান। তবে এর মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কিভাবে নিরাপদে কার্যকর করা যায় তা দেখছে কর্তৃপক্ষ।

ইতালির উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করোনায়। দেশটির অর্থনৈতিক ইঞ্জিন প্রায় বিকল করোনার কারণে। আর বর্তমানে অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য শিল্পগুলোকে চালু রাখার প্রয়োজন মনে করছে সরকার। সম্প্রতি কেউ কেউ কম জনবল নিয়ে শিল্প প্রতিষ্ঠান খোলার অনুমতি পেয়েছে।

ইতালির ভেনেটোর আঞ্চলিক গভর্নর লুকা জাইয়া অনুমান করেছেন, এই অঞ্চলে ৪০ শতাংশ সংস্থা কাজ শুরু করে দিয়েছে। ধীরে ধীরে সব কিছু খুলের দেওয়ার পক্ষে দেশটির সরকার। ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্টি বলেছেন, সব কিছু একেবারে খুলে দেওয়া হবে; এটা বলা সহজ কাজ নয়।

সূত্র: এপি।

দু’সপ্তাহের মধ্যে করোনার ‘ভ্যাকসিন’ তৈরি করবেন ব্ল্যাক সাইন্টিস্ট

0

বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টি করেছে আণুবীক্ষণিক জীব নভেল করোনারভাইরাস। গুঁড়িয়ে দিচ্ছে মানবজাতির সভ্যতা ও বিজ্ঞানের দম্ভ। কোন ওষুধ নেই, প্রতিষেধক নেই। শুধুই মৃত্যুর অপেক্ষা। পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা উঠেপড়ে লেগেছেন একটা ওষুধ বা ভ্যাকসিন তৈরিতে। এখনও সফলার মুখ দেখেননি। তবে এবার যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিলের মেহারি মেডিকেল কলেজের একজন কৃষ্ণাঙ্গ বিজ্ঞানী দাবি করেছেন যে, তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে একটি অ্যান্টি-ভাইরাল ড্রাগ তৈরি করে ফেলবেন যা কভিড-১৯ প্রতিরোধ করতে পারবে।

করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি করা এই বিজ্ঞানী ড. ডোনাল্ড অ্যালেন্ডার কয়েক বছর আগে জিকা ভাইরাসের সফল অ্যান্টি-ভাইরাস নিয়ে কাজ করেছিলেন। তিনি বলেন, ভাইরাসটি কিভাবে আপনার শরীরে প্রবেশ করে, এটি কোথায় যায় এবং এটি কীভাবে সংক্রামিত হয় সেটা আমি বুঝে ফেলেছি। এখন শুধু ওষুধ তৈরির অপেক্ষা। আশা করি আগামী দু’সপ্তাহের মধ্যে আমি এটা তৈরি করে ফেলবো।

অ্যান্টিভাইরাল ড্রাগের বিকাশ সম্পর্কে বলেছিল, তার লক্ষ্য আগামী দুই সপ্তাহের মধ্যে অ্যান্টি-ভাইরাল ভ্যাকসিন তৈরি করা। তারপরে এটি ক্লিনিক্যাল ট্রায়ালগুলিতে পাঠানো হবে এবং যদি সফল হয়, তবে কয়েক মাসের মধ্যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে (এফডিএ) অনুমোদনের জন্য আবেদন জানানো হবে।

জিকা ভাইরাসের অ্যান্টিভাইরাল ড্রাগের সাফল্য তাকে আশাবাদী করে তোলে। তিনি নিশ্চিত যে, তার কাজটি কভিড-১৯ সংক্রমণে মৃত্যুর হারকে ব্যাপকভাবে কমিয়ে আনতে সহায়তা করতে পারবে। একটি ভ্যাকসিন উৎপাদন করতে ১৮ মাস সময় লাগবে, তবে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য একটি অ্যান্টিভাইরাল ড্রাগ মাত্র একবারই ব্যবহার করা হবে।

মেহারির উন্নয়ন সিনিয়র সহযোগী সহ-সভাপতি ড. লিন্ডা উইট বলেছিলেন, ‘আমাদের এখন প্রথম সারিতে কাজের জন্য আহ্বান জানানো হয়েছে। মেহেররিয়ানদের জন্য, আমাদের সম্প্রদায়ের জন্য এটা গর্বের। আমদের ব্ল্যাক সাইন্টিস্ট সম্প্রদায় বলে অভিহিত হরা হয়। তবে এটি এখন উচ্চতর স্তরে। আমাদের আবিষ্কার ও গবেষণাকর্ম তুলে ধরার জন্য আরো দক্ষতা থাকা জরুরি।’

মেহারি মেডিকেল কলেজের সভাপতি ডা. জেমস হিলড্রেথ কয়েক সপ্তাহ ধরে কৃষ্ণাঙ্গ পাড়াগুলিতে প্রাক-শিক্ষামূলক স্ক্রিনিংয়ের জন্য পরামর্শ দিচ্ছেন। সংক্রামক রোগের বিজ্ঞানী হওয়ার কারণে হিলড্রেথ জানতেন যে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি এবং আফ্রিকান আমেরিকান সম্প্রদায়ের মধ্যে প্রচলিত অন্যান্য সমস্যাগুলির মতো বিদ্যমান স্বাস্থ্যের অবস্থাগুলি সংক্রামক করোনভাইরাসটি জন্য সবচেয়ে বেশি উদ্বেগজনক।’

হিলড্রেথ বলেছিলেন, ‘আমি স্বাস্থ্য কর্মকর্তাদের কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষণের জন্য প্রি-ইম্পেরটিভ স্ক্রিনিংয়ের দিকে জোর দিচ্ছি, কারণ এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনসাধারণের সামনে আসার উপায় হবে। আপনার যদি পূর্ব-বিদ্যমান অটো-ইমিউন ডিজিজ এবং অন্যান্য বর্ণিত স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকে তবে ফলাফলগুলি আরও মারাত্মক হয়। আমাদের সম্প্রদায়ের মধ্যে সেগুলো বিদ্যমান, এবং রোগের বোঝা অনেক বেশি।’

সূত্র- ব্ল্যাক এন্টারপ্রাইজ।

মালদ্বীপ থেকে ফিরলেন ৭০ বাংলাদেশি

0

নভেল করোনাভাইরাসে লকডাউনের কারণে মালদ্বীপের রাজধানী মালে ও পার্শ্ববর্তী হুলুমালেতে আটকা পড়া ৭০ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে আজ মঙ্গলবার বিকেলে তারা দেশে ফেরেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান জানান, বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন উড়োজাহাজ সি-১৩০ জে উড়োজাহাজে করে মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় ৭০ জন বাংলাদেশি মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন।

প্রসঙ্গত, করোনা মহামারিতে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় মালদ্বীপে আটকা পড়েন প্রবাসী বাংলাদেশিরা। এর আগে মালদ্বীপের ৭১ জন নাগরিকসহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ১০ সদস্যের একটি চিকিৎসকদল গতকাল বিমানবাহিনীর একটি পরিবহন বিমানে (সি-১৩০জে) মালদ্বীপ যান। চিকিৎসকদলটি মালদ্বীপে চিকিৎসাসেবা দেবে। উড়োজাহাজটি ফেরার সময় ৭০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনল।

ছুটি বাড়ানোর সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে

0

চলমান ছুটি আরো এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সচিবালয়ের একাদিক উচ্চ পর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেছেন, প্রধানমন্ত্রীর সায় পেলে আগামিকাল বুধবার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সূত্র জানানয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এর সঙ্গে ১ ও ২ মে শুক্র ও শনিবার মিলে ছুটি ২ মে পর্যন্ত বাড়ছে। বর্তমানে গত ২৬ মার্চ থেকে টানা ২৫ এপ্রিল পর্যন্ত ৩১ দিনের ছুটি চলছে। এর মধ্যে প্রথম দফায় ছুটি ঘোষণার পর আরো তিন দফা ছুটি বাড়ানো হয়। এবার চতুর্থদফা ছুটি বাড়ানো হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, ছুটি বাড়বে তা পরিস্থিতিরই দাবি। মানুষ যাতে ঢাকায় আসার জন্য কোনো প্রস্তুতি না নেন সেজন্য আগে-ভাগেই বাড়তি ছুটি ঘোষণা করা হবে।

এর আগে, এপ্রিলের শুরুতে গার্মেন্টস কর্মীদের ঢাকার দিকে রওনা হওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল সরকারকে।

১৪ শর্তে সুস্থদের জন্য মসজিদ খোলা রাখার আহবান শীর্ষ আলেমদের

0

সুস্থ ব্যক্তিদের পবিত্র জুমা, পাঁচ ওয়াক্তের জামাত ও তারাবিহ আদায়ের জন্য নামাজের সময় সকল মসজিদ খোলা রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আল্লামা শাহ আহমদ শফীসহ দেশের শীর্ষ আলেমরা। এক্ষেত্রে ১৪টি শর্ত মানার জন্য মসজিদ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে আলেমরা এ আহবান জানিয়ে বলেন, পবিত্র রমজানুল মুবারক অত্যাসন্ন। এ মাস রহমত ও নাজাতের মাস। করোনাসহ সমস্ত বালা-মুসিবত থেকে মুক্তির জন্য এ মাসের সদ্ব্যবহার একান্ত জরুরি।

তারা মসজিদ খোলা রাখার ক্ষেত্রে ১৪টি শর্ত দিয়ে বলেন-মসজিদে কার্পেট, জায় নামাজ বা গালিচা বিছানো যাবে না; জুমার বয়ান, খুতবা, জামাত ও দোয়া সংক্ষিপ্ত করা হবে এবং নামাযের আগে বা পরে মসজিদের ভেতরে বা সামনে জড়ো হওয়া যাবে না; পঞ্চাশোর্ধ বয়সের মুসল্লি এবং ১২/১৩ বছর পর্যন্ত বয়সের বালক মসজিদে আসবে না; যাদের সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট আছে, যারা আক্রান্ত দেশ ও অঞ্চল থেকে এসেছেন কিংবা যারা উক্তরূপ মানুষের সংস্পর্শে গিয়েছেন তারা মসজিদে আসবে না; যারা বিভিন্ন রোগে আক্রান্ত এবং যারা অসুস্থদের সেবায় নিয়োজিত তারা মসজিদে আসবেন না; যারা মসজিদে গিয়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা করেন তারাও আসবেন না; পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদকে জীবাণুনাশক, স্যানেটাইজ ইত্যাদি দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করবে এবং ওযুখানায় অবশ্যই সাবান ও পর্যাপ্ত টিস্যু রাখবে।

আরও শর্ত হচ্ছে-মুসল্লিদের দু‘জনের মাঝে অন্তত দুই ফুট পরিমাণ জায়গা ফাঁক রেখে দাঁড়াতে হবে; বাসা থেকে অজু করে যেতে হবে এবং হাত ও পা ভালোভাবে ধুয়ে মুছে যেতে হবে; বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। পরস্পর হাত মিলানো ও আলিঙ্গন থেকে বিরত থাকতে হবে; সম্মিলিত ইফতারের আয়োজন করা যাবে না; মুখে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে; ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সাহেবদের প্রশাসনের দায়িত্বরত ব্যক্তিদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং বিষয়গুলোর প্রতি লক্ষ রাখার জন্য প্রতি মসজিদে একটি করে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করতে হবে।

এ সব বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে কিংবা কোনো এলাকায় আক্রান্ত সংখ্যা অস্বাভাবিক হয়ে গেলে প্রশাসন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারবেন।

বিবৃতিদাতারা হলেন- আল্লামা শাহ আহমদ শফি, চেয়ারম্যান, আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ, মাওলানা আব্দুল কুদ্দুছ, কো-চেয়ারম্যান, আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ, মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা মুফতি মো: ওয়াক্কাস, মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব, মধুপর), মাওলানা রুহুল আমীন, মাওলানা শামসুল হক, মাওলানা আব্দুল হালীম বুখারী প্রমুখ।

বন্ধ হলো কারওয়ান বাজারে খুচরা বেচাকেনা

0

ব্যবসায়ীদের মধ্যে অনেকে করোনা পজেটিভ হওয়ায় দেশের অন্যতম বড় পাইকারি কারওয়ান বাজারের খুচরা বেচাকেনা বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকে আর কোনো খুচরা বিক্রেতা বাজারে বসতে পারবেন না। নগরবাসীও দৈনন্দিন বাজার করতে এখানে আর ভিড় জমাতে পারবেন না। এখন থেকে শুধু পাইকারি ব্যবসায়ীরাই এখানে বেঁধে দেওয়া সময় অনুযায়ী বেচাকেনা করতে পারবেন। বাজার থেকে সংক্রমণ রোধে মঙ্গলবার থেকে পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে।

জানা যায়, কারওয়ান বাজার এলাকায় ব্যবসায়ী, বিক্রেতা ও কমর্চারী মিলে এখন পর্যন্ত ছয়জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় না রেখেই এত দিন এখানে বাজার-সদাই চলমান ছিল।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) হাসনাত খন্দকার বলেন, খুচরা বিক্রেতারা এখন থেকে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে বসবেন। শাকসবজি এবং খাদ্যদ্রব্য পাইকারি ব্যবসায়ীদের রাত ৯টা থেকে রাত ২টার মধ্যে কাজ শেষ করতে হবে। আর মাছ বিক্রেতা এবং আড়তদারেরা ব্যবসার জন্য সময় পাবেন ভোর ৪টা থেকে সকাল ৯টা পযর্ন্ত।

ওসি জানান, বাজারে গাড়িগুলা ঢুকবে সিএ ভবনের পাশের গলি, ওয়াসা ভবনের সামনের গলি এবং হোটেল লা ভিঞ্চির সামনের গলি দিয়ে। আর বাজার থেকে বেরিয়ে যাবে পেট্রোবাংলা এবং টিসিবি ভবনের সামনের রাস্তা দিয়ে।