Home Blog Page 3004

হুমকিতে জরুরি খাদ্য পরিবহন, ডাকঘর খুলতে খাদ্য মন্ত্রণালয়ের চিঠি

0

খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যশস্য পরিবহনের সঙ্গে যুক্ত পরিবহন ঠিকাদাররা বিল তুলতে পারছেন না। এসব ঠিকাদার ডাকঘরের মাধ্যমে রেজিস্টার্ড ইনভয়েস প্রাপ্তি সাপেক্ষে বিল তুলেন। কিন্তু গত এক মাসে করোনা পরিস্থিতির কারণে ডাকঘরের মাধ্যমে এসব ইনভয়েস বিলি না করায় ঠিকাদাররা অর্থ সঙ্কটে পড়েছেন। এ কারণে খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডাকঘর খোলা রাখার জন্য চিঠি দেওয়া হয়েছে ডাক টেলিযোগাযোগ বিভাগকে।

আজ মঙ্গলবার সারাদেশের সকল জেলা ও বিভাগীয় ডাকঘরগুলো সাপ্তাহিক কর্মদিবসে তিন ঘণ্টা খোলা রাখার অনুরোধ জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, ডাকঘর তিন ঘণ্টা করে খোলা রাখলে খাদ্য বিভাগের রেজিস্টার্ড ডাকগুলো নিয়মিত বিতরণে সমস্যা থাকবে না।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্যশস্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রেরণ কেন্দ্র কর্তৃক ইনভয়েসের ৪র্থ কপি রেজিস্টার্ড ডাকযোগে প্রাপক কেন্দ্রে পাঠানো হয়। পরবর্তীতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ শেষে পুনরায় ইনভয়েসগুলোর ২য় ও ৪র্থ কপি রেজিস্টার্ড ডাকযোগে যথাক্রমে প্রাপক ও প্রেরণ কেন্দ্রের জেলা কার্যালয়ে পাঠানো হয়। কিন্তু গত প্রায় এক মাস যাবৎ ডাক বিভাগ এসব রেজিস্টার্ড ডকুমেন্ট বিতরণ করেনি। এ কারণে খাদ্য বিভাগের সকল শ্রেণির পরিবহন ঠিকাদারদের বিল পরিশোধ করা হচ্ছে না। ফলে ঠিকাদাররা অর্থ সংকটে পড়ায় খাদ্য সংক্রান্তু জরুরি পরিবহন ব্যবস্থা হুমকিতে পড়ছে। এই অবস্থায় সারাদেশের সকল ডাকঘরগুলোকে সাপ্তাহিক কর্মদিবসগুলোতে নিয়মিতভাবে তিন ঘণ্টা করে খোলা রাখার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীম হাসান।

তবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন কালের কণ্ঠকে জানান গত ২৮ মার্চ থেকে দেশের সকল ডাকঘর খোলা আছে। খাদ্য মন্ত্রণালয় হয়তো বিষয়টি জানে না।

এ বিষয়ে জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীম হাসান কালের কণ্ঠকে জানান, খাদ্য অধিদপ্তরসহ বিভিন্ন জায়গা থেকে ডাকঘর সংক্রান্ত ঝামেলার কারণে পরিবহণ ঠিকাদারদের বিল তোলার বিষয়ে অভিযোগ আসার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। যদি সকল ডাকঘর খোলা থাকে তাহলে ভালো। আমরা সতর্ককতামূলক অবস্থান থেকে চিঠি দিয়ে রেখেছি।

করোনায় মৃত্যু বেড়ে ১১০, শনাক্ত ৩৩৮২

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট ১১০ জন মৃত্যুবরণ করলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩,৩৮২ জন।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩,১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২,৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯,৫৭৮টি। সুস্থ হয়ে উঠেছেন আরও দুজন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৭ জন।

গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২,৭৭৯টি নমুনা পরীক্ষা করে ৪৯২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ২ হাজার ৯৪৮ জন হয়েছিল। ওই সময়ে আরও ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছিল ১০১ জন। আক্রান্তদের মধ্যে সোমবার পর্যন্ত সুস্থ হয়ে উঠেছিলেন আরও ১০ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সরকার কঠোর অবস্থানে, চাল চোরদের ক্ষমা নেই : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার কঠোর অবস্থানে রয়েছে, চাল চোরদের কারো ক্ষমা নেই। আপনারা জানেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে ত্রাণ কার্যক্রম সমন্বয়ের নির্দেশ দিয়েছেন। দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি হবে। ত্রাণ সুবিধা পাওয়ার উপযুক্ত তালিকা প্রণয়ন করে, প্রশাসনের সাথে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমি নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ত্রাণ বিতরণের নামে কোনো ধরনের বৈষম্য করা চলবে না উল্লেখ করে তিনি বলেন, তালিকা প্রণয়নেও কোনো প্রকার বৈষম্য করা চলবে না। দলমত নির্বিশেষে যার যা প্রাপ্য ঠিক সেই অনুযায়ী তালিকা করতে হবে। দ্রুত তালিকা করে প্রশাসনের সাথে সমন্বয় করতে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসজনিত সঙ্কট মোকাবেলা সংক্রমণ রোধ এবং নিয়ন্ত্রণে প্রতিটি মুহূর্ত নিরলসভাবে মনিটর করছেন। নির্দেশনা দিচ্ছেন। আমাদের সক্ষমতা পর্যায়ক্রমে বাড়ছে। করোনা টেস্টের জন্য নির্ধারিত কেন্দ্র সংখ্যা বাড়ানো হয়েছে। টেস্টিং ক্যাপাসিটি প্রতিদিনই বাড়ছে। যদিও আজকে সারা বিশ্বে টেস্টি ক্যাপাসিটি, পিপিইর সংকট রয়েছে। তারপরও বাংলাদেশ সীমাবদ্ধতার মধ্যেও প্রতিদিনই টেস্টিং ক্যাপাসিটি বাড়াচ্ছে বলেও জানান তিনি।

ঢাকা জেলায় সর্বাধিক করোনা সংক্রমিত ব্যক্তি

0

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ৪৩৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে ঢাকা জেলায় সর্বাধিক করোনা সংক্রমিত ব্যক্তি পাওয়া যাচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তবে ঢাকা জেলায় সর্বাধিক সংক্রমণ হলেও গত ২৪ ঘণ্টায় ঢাকায় করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা তিনি প্রকাশ করেননি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টা সময়ে দেশে মৃত্যু হয়েছে আরো ৯ জনের। এনিয়ে দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩৮২ জনে। মোট মৃত্যু ১১০।

নতুন করে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরো দুজন। এ নিয়ে দেশে করোনাভাইরাস থেকে মোট সুস্থ হলেন ৮৭ জন।

করোনায় নতুন ৯ মৃত্যু , আরো শনাক্ত ৪৩৪

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৪৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩৮২ জনে। আর করোনায় দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১০ জনের।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৯ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১১০ জন। নতুন যে ৯ জন মারা গেছেন এঁদের মধ্যে পুরুষ পাঁচজন এবং চারজন নারী। তাঁদের বয়স ষাটোর্ধ তিনজন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন এবং ৪০ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরো দুইজন করোনা রোগী সুস্থ হয়েছেন এবং এ নিয়ে এ পর্যন্ত মোট ৮৭ জন সুস্থ হয়েছেন বলে বুলেটিনে জানানো হয়।

নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় তিন হাজার ১২৮টি। এর মধ্যে পরীক্ষা করা হয় দুই হাজার ৯৭৪টি। এতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩৪ জন। এ নিয়ে এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট তিন হাজার ৩৮২ জন।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৮৯ জনকে। এ নিয়ে এ পর্যন্ত আইসোলেশনে নেওয়া হয়েছে ৭৬৫ জনকে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন দুইজন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৫৭৯ জন।

কোয়ারেন্টিন নিয়ে ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে হোম কোয়ারেন্টিনে গেছেন চার হাজার ১৬৮ জন। আর এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টিনে গেছেন এক লাখ ৫৩ হাজার ৭৯৪ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪২৪ জন। এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে সাত হাজার ১২ জনকে। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড়া ৭৭ হাজার চারজন।

ডিআরইউ থেকে টিসিবি পণ্য বিক্রি শুরু

0

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সরবরাহকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ এই পণ্য ক্রয়ের মাধ্যমে বিক্রি’র কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সংগঠনের সদস্যদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। সদস্যরা সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিসিবি’র পণ্যগুলো ন্যায্যমূল্যে কিনতে পারবেন।

তিনি আরো জানান, করোনা পরিস্থিতির কারণে এবার পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলের আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই দুঃসময়ে কিভাবে সদস্যদের পাশে থাকা যায় তার সকল চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, টিসিবি এই মহূর্তে ন্যায্যমূল্যে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, ছোলাবুট ও খেজুর বিক্রি করছে। আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ওই সকল পণ্য বিক্রি শুরু হবে।

এদিকে কার্যক্রম উদ্বোধনকালে সংগঠনের যে সকল সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের কয়েকজনের শারীরিক অবস্থার উন্নতিতে হয়েছে বলে জানানো হয়। করোনাভাইরাসে আক্রান্ত অন্য সদস্যদের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়। এছাড়া সুরক্ষা নিশ্চিত করে সতর্কতার সাথে দায়িত্ব পালনের জন্য সদস্যদের প্রতি আহবান জানানো হয়।

করোনা ইস্যুতে ওআইসি’র বিশেষ বৈঠক কাল

0

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারি মোকাবিলায় সহযোগিতার বিষয়ে জন্য বিশেষ বৈঠক ডেকেছে বিশ্বের মুসলিম দেশগুলোর জোট ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। আগামীকাল ২২ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এতে অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মহামারী শুরু হওয়ার পর থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ওআইসি। বুধবারের বৈঠক তারই একটি অংশ। ওআইসি সদস্য দেশগুলোর জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।

বর্তমানে ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজার। ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনের চেয়ারম্যান হিসেবে আগামীকালের বৈঠকে সভাপতিত্ব করবে সৌদি আরব। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বাংলাদেশে ১৭০ চিকিৎসকের করোনা শনাক্ত

0

বাংলাদেশে এখন পর্যন্ত ১৭০ জন চিকিৎসকের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকদের একটি সংগঠন। এ ছাড়াও ৪০০ জন চিকিৎসক করোনাভাইরাস সতর্কতায় কোয়ারেন্টিনে আছেন। চিকিৎসকদের ওই সংগঠনের হিসাবে প্রায় ৮০ জন নার্সসহ তিনশ জনের বেশি স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন।

তথ্যে প্রকাশ, দেশের সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে ১৪৩ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলে দাবি বাংলাদেশ ডক্টরস ফোরাম (বিডিএফ) নামে ওই সংগঠনের।

করোনায় আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৯৪ জন, বেসরকারি হাসপাতালগুলোতে ৩৩ জন, সামরিক হাসপাতালে ৮ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহের সরকারি হাসপাতালগুলোয় ৭ জন, চট্টগ্রামে ৭ জনের মধ্যে ৬ জন সরকারি হাসপাতালের-একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক। এছাড়া বরিশালে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনায় ৩ জন এবং সিলেটে একজন চিকিৎসক রয়েছেন।

দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় গত ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। প্রথম সংক্রমণ শনাক্তের পর ৪৩ দিনের মাথায় দেশে করোনাভাইরাসে মৃত্যু ১০০ ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ রবিবার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ১০ জনের। মোট মৃত্যু হয়েছে ১০১ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৪৯২ জন। এ সময় নমুনা পরীক্ষা হয়েছে দুই হাজার ৭৭৯টি। গত ৪৩ দিনে দেশে মোট ২৬ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্ত হয়েছে দুই হাজার ৯৪৮ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৫ জন। সুস্থ হওয়াদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছিল ১০ জন। সূত্র : এই সময়।

অবশেষে পুলিশের সহযোগিতায় বাসায় ফিরলেন সেই ভাড়াটিয়া

0

ছোট দুই সন্তান ও কোলের দুই মাসের এক বাচ্চাসহ কলাবাগানের একটি বাসায় ৬ মাস আগে ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন সেলিম হোসেন। তিনি একটি দোকানে কাজ করতেন। করোনা ভাইরাসের কারণে বলা চলে তিনি এখন বেকার। তাই বাসা ভাড়ার টাকা সময়মতো দিতে না পারায় দুই মাসের শিশুসহ গত শনিবার তাদের বাসা থেকে বের করে দেন ওই বাড়ির মালিক শম্পা বেগম ও তার স্বামী শহীদুল্লাহ খান।

তিন সন্তানসহ কোথায় যাবেন সেলিম ও স্ত্রী কুলসুম, তাই বার বার তারা বাড়িয়ালীকে অনুরোধ করেন। কিন্তু কোনো অনুরোধই কাজ হয়নি। এক পর্যায়ে শিশু সন্তানসহ বাসা থেকে বের করে দেওয়া হয় তাদের। তবে খবর পেয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর পুলিশের কলাবাগান থানা। এ ঘটনায় সেলিম হোসেন বাদী হয়ে কলাবাগান থানায় বাড়িয়ালী ও তার স্বামীকে আসামি করে একটি মামলা করেছেন বলে কালের কণ্ঠকে বলেছেন কলাবাগান থানার ওসি (তদন্ত) আ ফ ম আছাদুজ্জামান।

তিনি বলেন, বর্তমানে এই মামলার এজাহারভুক্ত আসামি শম্পা ও তার স্বামী শহিদুল্লাহ খান নিজ ফ্লাটে তালা মেরে বাড়ি ছেড়ে পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। আর স্ত্রী সন্তানসহ সেলিমকে তাদের বাসাতে উঠিয়ে দেওয়া হয়েছে।

মামলার বাদী সেলিম বলেন, বেশ ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে অনেকের মতো তিনিও কর্মহীন হয়ে পড়েন। তিন সন্তানের ভরণ-পোষণ ও পরিবার নিয়ে বিপদে পড়েন। এজন্য গত মাসের বাসা ভাড়ার টাকা দিতে পারেননি বাড়িওয়ালীকে। এ কারনে বাড়িওয়ালী তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেয়।

তবে তিন দিন পরে পুলিশের সহায়তায় পরিবার নিয়ে বাসায় ফিরতে পেরেছেন তিনি।

ভুক্তভোগী ওই পরিবার ও সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে কথা বলে এসব তথ্যের পাশাপাশি আরো জানা গেছে, গত মাসের বাসা ভাড়ার জন্য বেশ কিছু দিন ধরেই সেলিমকে চাপ দিচ্ছিলেন বাড়ির মালিক। কিন্তু ভাড়া না পেয়ে গত ১৮ এপ্রিল তাদের জোর করে বাসা থেকে বের দেয় বাড়িওয়ালী শম্পা বেগম।

এরপর নিজের দোষ আড়াল করতে বাসা লুটের নাটক সাজিয়ে পুলিশের সহায়তা চেয়ে ৯৯৯ ফোন করেন বাড়িওয়ালী। তার ফোন পেয়ে দ্রুত সেই বাসায় যায় কলাবাগান থানা পুলিশ। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে যে, লুটপাটের কোনো ঘটনাই ঘটেনি। উল্টো বাসা থেকে ভাড়াটিয়াকে বের করে দিয়েছেন বাড়িওয়ালী। পরে ভাড়াটিয়াকে বাসায় ফিরিয়ে আনতে বাড়িওয়ালীকে অনুরোধ করে পুলিশ। কিন্তু এর পরও বাড়িওয়ালী তাদেরকে বাসায় ওঠাননি।

সেলিম বলেন, ভাড়ার টাকার বিবাদে আমার ১০ বছরের সন্তানকে মারধরও করেছে বাড়িওয়ালী। দুঃসময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে পুলিশ।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আবুল হাসান বলেন, দুই মাসের বাচ্চাসহ বের করে দেওয়া সেই ভাড়াটিয়াকে তার বাসায় তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের পরিবারের জন্য খাদ্য সামগ্রী দিয়েছেন তারা। আর সেই বাড়িওয়ালীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সহকারী পুলিশ কমিশনার মো. আবুল হাসান বলেন, ওই বাড়িওয়ালী ৯৯৯ ফোন করে জানায় তার বাসা লুট করা হচ্ছে। তাই দ্রুত সেই বাসায় পুলিশ পাঠানো হয়। কিন্তু পুলিশ গিয়ে আসল ঘটনা জানতে পারে।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে বাড়িওয়ালী শম্পার মোবাইলে ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মালদ্বীপ থেকে দেশে ফিরছেন প্রবাসীরা

0

মালদ্বীপ থেকে দেশে ফিরছেন আগ্রহী প্রবাসীরা। এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানী মালে ও পার্শ্ববর্তী হুলুমালেতে থাকা এমন ৩১ জন বাংলাদেশিকে গতকাল সোমবার লাগেজসহ প্রস্তুত থাকতে বলেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।

এক জরুরি বার্তায় হাইকমিশন গতকাল স্থানীয় সময় বেলা ২টার মধ্যে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের যোগাযোগ করতে বলেছিল। পরে তাঁদের মধ্য থেকে ৩১ জনের তালিকা করা হয়। করোনা মহামারিতে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় মালদ্বীপ থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরা কঠিন হয়ে পড়েছে। বিশেষ ব্যবস্থায় কিছু কিছু বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে। মালদ্বীপের ৭১ জন নাগরিকসহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ১০ সদস্যের একটি চিকিৎসকদল গতকাল বিমানবাহিনীর একটি পরিবহন বিমানে (সি-১৩০জে) মালদ্বীপ গেছে। চিকিৎসকদলটি মালদ্বীপে চিকিৎসাসেবা দেবে। বিমানটি ফেরার সময় কিছু বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদ গত শনিবার এক টুইট বার্তায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সহায়তায় নেপাল ও বাংলাদেশে আটকে পড়া মালদ্বীপের নাগরিকদের দেশে ফেরানোর ঘোষণা দেন।