Home Blog Page 3005

সামনে রোজা, ভিড় বাড়ছে টিসিবির ট্রাকে

0

রমজানকে সামনে রেখে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। তাই সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে দিন দিন ভিড় বাড়ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বিক্রয়কেন্দ্রে।

ন্যায্যমূল্যে ছোলা, চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে ক্রেতারা। তারা বলছেন, বাজারে এসব পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়াতেই টিসিবির ট্রাকে যাচ্ছে তারা। এতে আগের তুলনায় টিসিবির পণ্য শেষও হচ্ছে দ্রুত। ফলে অনেকে অপেক্ষা করেও পণ্য পাচ্ছে না।

এদিকে রোজা উপলক্ষে গতকাল সোমবার শুরু হয়েছে ১২০ টাকা কেজি দরে খেজুর বিক্রি। এর আগে চলতি সপ্তাহের শুরু থেকেই ছোলা বিক্রি শুরু হয় ৭০ টাকা কেজি দরে। তবে টিসিবির লাইনগুলোয় এখনো সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না। বিশেষ করে ট্রাকের সামনের দিকে জটলা দেখা যাচ্ছে বেশি। রাজধানীর মালিবাগ, মুগদা, রামপুরা, নয়াবাজার ও কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকা ঘুরে ও খোঁজ নিয়ে এমন চিত্র পাওয়া যায়।

গতকাল বিকেল ৩টার দিকে মালিবাগ রেলগেট কাঁচাবাজারের কাছে ফ্লাইওভারের নিচে গিয়ে দেখা যায়, টিসিবি ট্রাকের সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে ক্রেতারা। অনেকে লাইনে দাঁড়িয়ে জটলা পাকিয়ে গল্পগুজব করছে। অনেকের বাসা কাছে হওয়ায় প্লাস্টিকের মোড়া নিয়ে এসেছে বসার জন্য। লাইনের শেষ দিকে ফাঁকা হয়ে দাঁড়ালেও ট্রাকের কাছাকাছি এসে জটলা তৈরি হয়েছে। নারী ক্রেতারা ধাক্কাধাক্কি করছে পণ্য নিতে।

একই অবস্থা দেখা যায়, মুগদা হাসপাতালের সামনের ট্রাকেও। এখানে দীর্ঘ সারির পেছনের দিকে সাদা রং দিয়ে দাঁড়ানোর জায়গা নির্দিষ্ট করা রয়েছে। তবে বেশির ভাগই দাঁড়িয়ে আছে এলোমেলোভাবে। ট্রাকের সামনের দিকে জটলা করে পণ্য নিতে ভিড় জমিয়েছে ক্রেতারা। জানতে চাইলে সুমন নামের এক ক্রেতা বলেন, ‘লাইনে ফাঁকা রাখলে মাঝখানে আরেকজন ঢুকে যায়। তাই কাছাকাছি দাঁড়িয়েছি।’ তবে বিক্রেতাদের এসব দেখার সময় নেই। তারা দ্রুত পণ্য দিয়ে ক্রেতাদের বিদায় করছেন।

সূত্র জানায়, দেশের ৪০০টি স্থান থেকে এসব পণ্য বিক্রি করছে টিসিবি। ঢাকা শহরের ৯০টি ও চট্টগ্রামে ৩০টি স্থানসহ প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্রয় কার্যক্রম চলছে। এ জন্য প্রায় তিন হাজার ডিলার নিয়োগ করা হয়েছে। ট্রাকে করে ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে আটটি ভ্রাম্যমাণ মনিটরিং টিম কাজ করে যাচ্ছে।

এদিকে টিসিবির পণ্য বিক্রি নিয়ে অনিয়ম করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

জানতে চাইলে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ‘ডিলারদের সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রি করার নির্দেশ দেওয়া আছে। কিন্তু সাধারণ মানুষকে বারবার বললেও সচেতন হয় না। যখন বলা হয় তখন ঠিকঠাক দাঁড়ায়। কিছুক্ষণ পর আবার আগের মতো হয়ে যায়। এসব অভিযোগ ট্রাকের বিক্রেতারা আমাদের কাছে করছেন।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল এ বিষয়ে বলেন, ‘আমরা টিসিবির বিক্রয় কেন্দ্রগুলোতেও অভিযান চালাচ্ছি। কোনোভাবে ভোক্তাকে ঠকানো হচ্ছে কি না সেটিও দেখছি। সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

লকডাউনে বাবার শেষকৃত্যে যাওয়া হল না যোগী আদিত্যনাথের

0

করোনার লকডাউনে বাবার শেষকৃত্যে যোগ দিতে পারলেন না ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাবার শেষকৃত্যে যেতে না পারার আক্ষেপে পুড়ছেন তিনি। সোমবার সকালে প্রয়াত হন যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিং বিস্ত। ৭১ বছর বয়েসী আনন্দজী এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক সরকারি আমলার টুইটের মাধ্যমে বাবার মৃত্যুসংবাদ পান আদিত্যনাথ।

গভীর শোকাচ্ছন্ন যোগী আদিত্যনাথ এক বিবৃতিতে জানান, ‘করোনাভাইরাসের আতঙ্কের জন্য লকডাউন চলছে গোটা দেশে। মানুষ গৃহবন্দী। আমার ওপর উত্তরপ্রদেশের ২৩ কোটি মানুষের ভাল থাকা ও সুরক্ষা নির্ভর করছে। তাদের বিপদের মুখে ফেলে বাবার শেষকৃত্যে যাওয়া সম্ভব নয়।’

যোগী আরও বলেন বাবার পাশে শেষ সময়ে থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু লকডাউন ভেঙে রাজ্য ছেড়ে যাওয়া অসম্ভব। বাবা তাকে শিখিয়ে গেছেন- নিজের কাজের প্রতি সৎ থাকতে, কর্মঠ হতে। সেই কথা মেনেই রাজ্যবাসীর পাশে থাকবেন তিনি। মঙ্গলবার আনন্দজীর শেষকৃত্য সম্পন্ন হবে।

বাবার শেষকৃত্য সম্পন্ন করার পাশাপাশি তার মা ও আত্মীয় স্বজনদের প্রতি আবেদন করেছেন যোগী আদিত্যনাথ যাতে লকডাউনের কোনো ভঙ্গ না করা হয়। লকডাউন শেষ হলেই তিনি তার পরিবারের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

৭১ বছরের আনন্দজী কিডনির সমস্যায় ভুগছিলেন। গত এক মাস ধরে তিনি এইমসে ভর্তি। তার মরদেহ দিল্লি থেকে নিয়ে যাওয়া হবে উত্তরাখণ্ডে তার গ্রাম পাওরি জেলায়। কভিড-১৯ নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক চলাকালীন বাবার মৃত্যু সংবাদ পান যোগী আদিত্যনাথ।

সূত্র- এনডিটিভি।

ট্রাম্পের ইন্ধনে যুক্তরাষ্ট্রে লকডাউনবিরোধী বিক্ষোভ

0

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তবুও সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রজুড়ে যে লকডাউন চলছে তা তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ আরো জোরালো হয়েছে। এসব বিক্ষোভের পক্ষে সমর্থন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিপুল সংখ্যক মানুষের করোনার পরীক্ষা করা হচ্ছে। তাই লকডাউন এখন শিথিল করা যেতে পারে। তবে প্রেসিডেন্টের এমন দাবির বিরোধিতা করেছেন বেশিরভাগ রাজ্যের গভর্নররা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার আড়াই হাজারের বেশি মানুষ ওয়াশিংটন রাজ্যের রাজধানী অলিম্পিয়ায় লকডাউন তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন। তারা রাজ্যের ডেমোক্র্যাট গভর্নর জে ইন্সলের লকডাউনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। পাশপাশি ৫০ জনের বেশি লোক জড়ো না হওয়ার গভর্নরের নির্দেশ অমান্য করেন তারা।

বিক্ষোভ মিছিলটির আয়োজনকারীরা মাস্ক পরে আসতে অনুরোধ করেছিলেন। তবে মিছিলে অংশ নেওয়া বেশিরভাগের মুখেই ছিল না মাস্ক।

কলোরোডা রাজ্যের রাজধানী ডেনভারে কয়েক’শ মানুষ লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। তারা খুব শিগগির রাজ্যটি থেকে লকডাউন তুলে নেওয়ার আহবান জানিয়েছেন। অনেক বিক্ষোভকারী তাদের গাড়ি দিয়ে গুরুত্বপূর্ণ মোড়গুলো আটকে দেন। এ সময় কয়েকজন স্বাস্থ্যকর্মীকে ওই সড়কগুলোতে আটকে থাকতে দেখা যায়।

করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউনের বিকল্প নেই বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞারা। তবে লকডাউনের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে। এক মাসে ২ কোটি ২০ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন। এমন অবস্থায় গত কয়েকদিন ধরেই টেক্সাস, উইসকনসিন, ওহিও, মিশিগান, মিনেসোটা ও ভার্জিনিয়া রাজ্যে বিক্ষোভ করে আসছেন লকডাউনবিরোধীরা।

এসব বিক্ষোভকারীদের উদ্দেশে প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার বলেছেন, তারাই আসল দেশপ্রেমিক। তারা কাজে ফিরতে চান।

আগমী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে যদি দেশের অর্থনীতির দশা খারাপ হয় তাহলে নির্বাচনেও তার নেতিবাচক প্রভাব পড়বে। সে আশঙ্কা থেকে অর্থনীতি ‘বাঁচানোর’ কথা বলে লকডাউন তুলে নেওয়ার পক্ষে বলছেন ট্রাম্প।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে এরই মধ্যে কভিড-১৯ রোগীর সংখ্যা ৭ লাখ ৬৭ হাজার। মৃত্যু হয়েছে ৪০ হাজার ৭৪৩ জনের।

সূত্র- রয়টার্স।

করোনার দুঃসময়ে ভারতে বেড়েছে ইসলাম বিদ্বেষ!

0

দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতকাণ্ডের পর ‘মুসলমানরাই করোনাভাইরাস ছড়াচ্ছে’- এমন গুজব ছড়িয়েছে পুরো ভারতজুড়ে। করোনার সঙ্গে পাল্লা দিয়ে দেশটিতে বেড়েছে ইসলাম বিদ্বেষ। ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। মুসলমান বলে হাসপাতালে ঠাঁই হয়নি অন্তঃসত্ত্বা নারীর। তাই অযত্নে জন্ম নেওয়ার পরই মারা গেছে নবজাতক। ভারতের ঝাড়খন্ড ও রাজস্থান রাজ্যে সম্প্রতি এমন দু’টি ঘটনা ঘটেছে। আরও বেশ কয়েকটি রাজ্যে হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না মুসলমানরা। কোথাও হিন্দু-মুসলমান আলাদা করে দেওয়া হচ্ছে চিকিৎসা।

ব্রিটেনের দ্য টেলিগ্রাফ পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খন্ডের জামসেদপুর শহরের এমজিএম হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি ৩০ বছরের অন্তঃসত্ত্বা রিজওয়ান খাতুনকে। ‘ভারতে মুসলমানরাই করোনাভাইরাস ছড়াচ্ছে’- এমন একটি গুজব ছড়িয়েছে। সেই গুজবের শিকার হন রিজওয়ান। হাসপাতালের গেটের সামনেই সন্তান জন্ম দেন তিনি। তবে নবজাতকটিকে বাঁচানো যায়নি। এরপর রিজওয়ানকে পিটিয়ে বাধ্য করা হয় হাসপাতালের সামনে পড়ে থাকা তারই রক্ত পরিষ্কার করতে। গত বৃহস্পতিবারের ঘটনা এটি।

চলতি মাসের শুরুর দিকে রাজস্থানের ভরতপুর জেলাতেও একই রকম একটি ঘটনা ঘটে। সেখানেও বাঁচানো যায়নি নবজাতকটিকে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের আহমেদাবাদে একটি সরকারি হাসপাতালে করোনা রোগীদের ধর্মের ভিত্তিতে ভাগ করে আলাদা আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহমেদাবাদের সিভিল হাসাপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, সেটি সরকারি নির্দেশ।

কেন্দ্রের মতোই গুজরাটেও ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। ক্ষমতাসীন এই দলের সদস্য ও সমর্থকরা ভারতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য দায়ী করেছে তবলিগ জামাতকে। মার্চের মাঝামাঝি সময়ে দিল্লির একটি মসজিদে তবলিগ জামাতের সদস্যরা জমায়েত হয়েছিলেন।

মার্চের শেষ নাগাদ দেখা যায়, দিল্লির মসজিদে জমায়েত হওয়াদের অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিভিন্ন রাজ্য থেকে ওই জমায়েতে যোগ দেন তাবলিগের সদস্যরা। জমায়েত শেষে তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েন। বিজেপি এই প্রচারণা চালায় যে, ‘তাবলিগের ওই সদস্যরাই ভারতে করোনা ছড়ানোর জন্য প্রধানত দায়ী।’ এরপর থেকেই করোনাকে কেন্দ্র করে ভারতে মুসলিম বিদ্বেষ বাড়তে শুরু করে।

তাবলিগের ওই সদস্যরা যখন দিল্লির মসজিদে জমায়েত হয়েছিলেন তখন ভারতে লোকসমাগম বা সামাজিক দূরত্ব মেনে চলার কোনো সরকারি নির্দেশনা ছিল না। এমনকি ওই জমায়েতের এক সপ্তাহ পর ভারত লকডাউন করা হয়।

বিজেপি সরকার এখন দাবি করছে, ভারতে করোনাভাইরাসে আক্রান্তদের ৩০ শতাংশ তবলিগ জামাতের ওই সদস্যদের সংস্পর্শে এসেছিলেন।

উত্তর প্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লকডাউন ভেঙ্গে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় সমাবেশে নেতৃত্ব দিয়েছেন। সংক্রমণের ঝুঁকি নিয়েই ভারতের অন্যত্রও গত কয়েক সপ্তাহে একইরকমের জমায়েত হয়েছে। এমনকি তামিলনাড়ুতে লকডাউন ভেঙে গরুর শেষকৃত্যে শত শত মানুষের ঢলও দেখা গেছে। এ নিয়ে অবশ্য খুব বেশি আলোচনা-সমালোচনা হয়নি।

তাবলিগ জামাতের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে শুরু করেছে ভারত সরকার। মুসলিম নেতারা এই তদন্তকে স্বাগত জানিয়েছেন। তবে তারা সতর্ক করে বলেছেন, এই তদন্ত যেন একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের প্রতি বিদ্বেষে পরিণত না হয়।

উত্তর প্রদেশের মিরাটে পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়ে বলা হয়েছে, ‘কোনো মুসলমান করোনা আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হবে না।’হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এমন শর্ত নেই। তেলেঙ্গানার অনেক হাসপাতালেও চিকিৎসা দেওয়া হচ্ছে না মুসলমানদের।

গত বছর বিজেপি ফের ক্ষমতাসীন হওয়ার পর থেকেই ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা ব্যাপক হারে বেড়েছে। সমালোচনা সত্ত্বেও দলটি নাগরিকত্ব আইন সংশোধন করেছে ধর্মের ভিত্তিতে। আর সর্বশেষ গত ফেব্রুয়ারির শেষ দিকে দিল্লিতে বিজেপির প্রত্যক্ষ উস্কানিতে ঘটে গেছে রক্তক্ষয়ী হিন্দু-মুসলমান দাঙ্গা।

সূত্র- গার্ডিয়ান, আল জাজিরা।

ভারতে ৮০ শতাংশ করোনা রোগীর লক্ষণ প্রকাশ পাচ্ছে না!

0

ভারতে করোনা আক্রান্ত ৮০ শতাংশ রোগীরই কোনো উপসর্গ নেই। তাই এই মুহূর্তে ঠিক কতোজন করোনাভাইরাসে সংক্রমিত তা হিসেব করে বলা কঠিন। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এমনই উদ্বেগের কথা শোনালেন দেশটির এক বিজ্ঞানী।

ভারতে উপসর্গহীন করোনা সংক্রমণ বাড়ছে প্রতি মুহূর্তে। আইসিএমআরের বিজ্ঞানী রমন আর গঙ্গাখেদরকার জানিয়েছেন, দেশের ৮০ শতাংশ করোনা সংক্রমিত রোগীর কোনো উপসর্গ ছিল না। তাতেই বাড়ছে উদ্বেগ। কারণ পরীক্ষা ছাড়া শুধু মাত্র উপসর্গের ওপর নির্ভর করে করোনা সংক্রমিত রোগী চিহ্নিত করার আর সময় নেই। এই উপসর্গহীন সংক্রমণ কতোজনের মধ্যে রয়েছে তা বলা ভীষণ কঠিন।

ভারতে কী হতে চলেছে, কতটা ভয়ংকর পরিস্থিতির মুখে পড়তে চলেছে; তা মে মোসর দ্বিতীয় সপ্তাহেই স্পষ্ট হয়ে যাবে। কারণ মে মাসের দ্বিতীয় সপ্তাহে সংক্রমণ সর্বাধিক স্তরে পৌঁছবে বলে মনে করছেন আইসিএমআরের এই বিজ্ঞানী। করোনাভাইরাসের সংক্রমণ সব রাজ্যেই মাত্রাতিরিক্তভাবে ছড়াতে শুরু করেছে। আইসিএমআরের হিসেবে সংক্রমণ ১৭ হাজার ছাড়িয়েছে। কিন্তু দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে ভারতে করোনা সংক্রমণ ১৬ হাজার একশ ১৬ জন।

আইসিএমআরের বিজ্ঞানীর মতে, করোনা সংক্রমণ চিহ্নিত করতে ব়্যপিড টেস্ট ছাড়া উপায় নেই। সেই কাজই করা হচ্ছে অধিকাংশ রাজ্যে। তারপরেও কতোটা সমাধান হবে সেটা বলা মুশকিল। কারণ উপসর্গহীন রোগ থাকলে সেটা চিহ্নিত করা খুবই কঠিন বলে মনে করছেন বিজ্ঞানীরা। এরই মধ্যে দিল্লিতে উপসর্গহীন করোনা রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সূত্র: ওয়ানইন্ডিয়া।

মসজিদে না গিয়ে ঘরে বসে আল্লাহকে ডাকেন : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতি এখনও বাংলাদেশ যথেষ্ট ভালো। যেখানে বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সেখানে আমরা ভালো আছি। আমরা বার বার ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। আসলে মানুষ কেন যেন বেশি সাহসী হয়ে গেছে। অনেকে মানতেই চায় না। আমি সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি।

আজ শনিবার বিকাল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যেখানে কাবা শরিফে কারফিউ দেওয়া হয়েছে, সেখানে বলব, মসজিদে না গিয়ে ঘরে বসে আল্লাহকে ডাকেন। আল্লাহ নিশ্চয় শুনবেন। স্বাস্থ্য সুরক্ষার যে নির্দেশনা, সবাই দয়া করে সেটা মেনে চলবেন। তাহলে কেউ করোনা ঝুঁকিতে পড়বেন না। স্বাস্থ্য সুরক্ষার সব নির্দেশনা মেনে চলবেন।

তিনি বলেন, স্বাস্থ্যখাতে এরকম একটা ঝড় উঠবে তা কল্পনার অতীত ছিল। আসলে ভাইরাসসহ সংক্রামক রোগের কোনো পূর্বের অভিজ্ঞতা ছিল না। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইড লাইন অনুসরন করে আমরা স্বাস্থ্য সুরক্ষার নিজস্ব কিছু চিন্তাভাবনা থেকে আমরা কতগুলো পদক্ষেপ সঙ্গে সঙ্গে নিতে থাকি।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা স্কুল, কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিই। প্রত্যেকের যাতায়াত আমরা সীমিত করে দিই। আমরা বিমানবন্দর, সমুদ্রবন্দর বন্ধ করে দিই। করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এমন সব জায়গায় আমরা বিভিন্ন বিধি নিষেধ আরোপ করি।

শেখ হাসিনা বলেন, এই করোনা নিয়ে অনেক গবেষণা হচ্ছে। অনেক চিন্তা হচ্ছে। অনেকেই বলছে শীত হলে বেশি হয়, গরম হলে কমে। আবার বলে গরম হলেও থাকবে। এর স্থায়িত্ব কী, অদ্ভুত একটা অবস্থা সারাবিশ্বে। কত শক্তিশালী দেশ, কত তাদের শক্তিশালী অস্ত্র। কোনো কিছুই কাজে লাগছে না। একটা ভাইরাস যা চোখে দেখা যায় না, কিন্তু তার কারণে সারাবিশ্ব স্থবির। সারাবিশ্বের মানুষ ঘরে বন্দী। এরকম অদ্ভুত পরিস্থিতি বোধ হয় আর কখনো হয়নি।

স্বাস্থ্য ও ত্রাণ তত্ত্বাবধানে ৬৪ জেলায় ৬৪ সচিব

0

করোনাভাইরাস প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের জেলা পর্যায়ে ত্রাণ কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সরকারের জ্যেষ্ঠ সচিব, সচিব এবং সচিব পদমর্যাদার ৬৪ সচিবকে ৬৪ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এরই মাঝে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এ নির্দেশনা সংশ্লিষ্ট সচিবদের কাছে পাঠানো হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত সচিবরা সমন্বয় কাজে তার মন্ত্রণালয়/ বিভাগ/ দপ্তর/ সংস্থার উপযুক্তসংখ্যক কর্মকর্তাকে সম্পৃক্ত করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে।

আদেশ বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত জেলার সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে পরামর্শ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ (সচিবরা) তত্ত্বাবধান ও পরিবীক্ষণ করবেন।

এতে আরো বলা হয়, সমন্বয়ের মাধ্যমে প্রাপ্ত সমস্যার/চ্যালেঞ্জ অথবা অন্যবিধ বিষয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থকে লিখিত আকারে জানাবেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করবেন।

কক্সবাজার ডিসি কলেজের জন্য মাইক্রোবাস দিল আইওএম

0

কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজার ডিসি কলেজের জন্য একটি ১৬-সিটের মাইক্রোবাস দিল আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

পাশাপাশি চলমান মহামারী করোনা (কভিড-১৯) পরিস্থিতিতে সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে আইওএম কক্সবাজার জেলা প্রশাসনকে ৩০টি ইনফ্রারেড থার্মোমিটার; তিন হাজার পুনঃব্যবহারযোগ্য মাস্ক; ৫০০ বোতল স্যানিটাইজার এবং ৫০০ বোতল হ্যান্ডওয়াশ হস্তান্তর করে।

আজ সোমবার কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের কাছে মাইক্রোবাস এবং সামগ্রী হস্তান্তর করেন আইওএম-কক্সবাজারের মানবিক সহায়তা এবং অপারেশনস-প্রধান ক্লেমেন্টিন ফেভিয়ার। সোমবার দুপুরে শহরের হিল-ডাউন সার্কিট হাউসে এই হস্তান্তর অনুষ্ঠানটি আয়োজিত হয়।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহজাহান আলী; আইওএম কক্সবাজারের ট্রান্সজিশন অ্যান্ড রিকভারি ইউনিটের প্রধান প্যাট্রিক শেরিগননসহ আরো অনেকে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, কক্সবাজারের স্থানীয় মানুষ বিশেষত শিক্ষার্থীদের জন্য নিরন্তর সহায়তার জন্য বাংলাদেশ সরকার আইওএমের কাছে কৃতজ্ঞ এবং সংস্থাটি অন্যান্য জেলাগুলোতেও এই ধরণের সহায়তা বাড়িয়ে দিতে পারলে আমরা আরো আনন্দিত হব।

আইওএম-কক্সবাজারের মানবিক সহায়তা এবং অপারেশনস-প্রধান ক্লেমেন্টিন ফেভিয়ার বলেন, আইওএম এই উদ্যোগটিকে একটি যুগান্তকারী হিসাবে দেখছে এবং আমরা আশা করি এটির সাথে আরও বাচ্চাদের পড়াশোনা এবং পর্যাপ্ত বিশেষ যত্ন নেওয়ার সুযোগ থাকবে।

তিনি আরো বলেন, আইওএম সর্বদা যে কোনও সংকটে স্থানীয়দের পাশাপাশি সামনের সারির সেবাপ্রদানকারীদের সহায়তায় কাজ করে। কার্যকর সহায়তা কর্মসূচী নিশ্চিত করতে আমরা সরকার ও অন্যান্য সংস্থার সাথে সমন্বিত উপায়ে কাজ করছি।

উল্লেখ্য, এই বছর আইওএম কক্সবাজার পুলিশ প্রশাসনকে দুইটি পিক-আপ গাড়ি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যাপীঠ অরুনোদয় স্কুলের জন্য একটি ৩৬-সিটের কোস্টার বাস দিয়েছে। আইওএম বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী ও প্রতিবন্ধী নিয়ে কাজ করার ক্ষেত্রে সবসময় গুরুত্ব দেয়। কক্সবাজারের স্থানীয় মানুষদের সহায়তার ক্ষেত্রেও বদ্ধপরিকর আইওএম।

এছাড়া চলমান মহামারী করোনা (কভিড-১৯) পরিস্থিতিতে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থাটি এখন পর্যন্ত কক্সবাজারের মুক্তিযোদ্ধা, স্থানীয় প্রশাসন, আইনশৃংখলা রক্ষাকারী সংস্থা, সাংবাদিক, ফায়ার ব্রিগেড, ঘূর্ণিঝড় মোকাবেলায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের মাঝে স্থানীয়ভাবে উৎপাদিত ৩০ হাজার পুনরায় ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক; ৮ হাজার তল হ্যান্ডওয়াশ; ৮ হাজার বোতল স্যানিটাইজার এবং ৩০টি ইনফ্রারেড থার্মোমিটার বিতরণ করেছে।

করোনা থেকে দেশ বাঁচাতে সাজার বিকল্প নেই

0

আর দেরি নয়, মানুষকে ঘরে রাখতে এখনই আইনের কঠোর প্রয়োগ চান আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দেশে যখন করোনা রোগী শনাক্ত হলো, তখনই সংক্রামক রোগ প্রতিরোধ সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ করা উচিত ছিল। আইনটির প্রয়োগ কঠোরভাবে করা হলে সারা দেশে এভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ত না। তারা বলছেন, সরকার জনগণকে ঘরে রাখার জন্য সাধারণ ছুটি ঘোষণা করল, কিন্তু একশ্রেণির মানুষ তা মানছে না। তাই বলব, আর দেরি নয়, এখনই আইনের কঠোর প্রয়োগ করা হোক। জরুরি প্রয়োজন ছাড়া যারা ঘরের বাইরে বের হবে তাদের আর্থিক জরিমানা করা হোক। সাজা দেওয়া হোক। এটা করা হলেই মানুষ জরিমানা আর সাজার ভয়ে ঘরে থাকবে। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এর কোনো বিকল্প নেই।

তারা বলছেন, গত ১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশকে করোনাভাইরাসের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণার পর থেকেই মানুষকে ঘরে রাখতে এই আইন সরকারের জন্য একটি হাতিয়ার হিসেবে দেখা দিয়েছে।
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সরকার জরুরি প্রয়োজন ছাড়া মানষুকে ঘরে থাকতে বলছে। আর এজন্য সরকার সারাদেশে সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প-কলকারাখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ আইন শৃংখলাবাহিনীর সদস্যরা মানুষকে ঘরে থাকতে আহ্বান জানিয়ে আসছে। গণমাধ্যমেও ব্যাপকভাবে এর সংবাদ প্রচারিত ও প্রকাশিত হচ্ছে। যারা ঘরে বাইরে আসছেন তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে।

এরইমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর গোটা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। করোনার সংক্রমণ ঠেকাতে এরইমধ্যে প্রায় ৫০ জেলা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। লকডাউন ঘোষিত জেলা-উপজেলা থেকে অন্য জেলায় বা উপজেলায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই লকডাউন ঘোষণা কাগজেই সীমাবদ্ধ। বাস্তব চিত্র ভিন্ন। প্রতিদিনই এক জেলা থেকে অন্য জেলায় লোকজন যাচ্ছে নানাভাবে। আইন শৃংখলাবাহিনীর নজরে যারা পড়ছেন তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আইন শৃংখলাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে এক জেলা থেকে অন্য জেলায় চলে যাচ্ছেন।

খোদ রাজধানীতে সরকারি ঘোষণা অমান্য করে লোকজন ঘোরাফেরা করছে। কিন্তু তাদের ক্ষেত্রে শুধুই ঘরে থাকার আহ্বানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে আইন শৃংখলাবাহিনী। এই আহ্বানে সাড়া মিলছে কম। ফলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সারা দেশেই রোগী শনাক্ত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মহামারী ঠেকাতে না পারলে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

এ অবস্থায় করোনাভাইরাসের সংক্রমণ আরো মারাত্মক হবার আগেই সংক্রামক রোগ(প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন-২০১৮ এর কঠোর প্রয়োগ চান আইন বিশেষজ্ঞরা। এই আইনে সরকারি নির্দেশনা অমান্যকারীদের সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড, এক লাখ টাকা জরিামান বা উভয় দণ্ডে দণ্ডিত করার সুযোগ রয়েছে। এই আইনের ২৫ ধারায় বলা হয়েছে, যেসব মানুষ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের অনধিক ৩ মাস কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। আর ২৪ নম্বর ধারায় বলা হয়েছে, যারা নিজের আক্রান্তের তথ্য গোপন করে রোগ বিস্তারে ভূমিকা রাখবে তাকে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার যাবে। এই আইন থাকার পরও আইন শৃংখলাবাহিনী আইন প্রয়োগের ক্ষেত্রে শৈথিলতা দেখাচ্ছে।

এ বিষয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ কালের কণ্ঠকে বলেন, এই আইনটি সরকারের একটি হাতিয়ার।

তিনি বলেন, গত ১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সারাদেশকে করোনাভাইরাসের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষনা দিয়ে প্রজ্ঞাপণ জারি করেছেন। এরপর থেকেই এই আইনটি প্রয়োগের সুযোগ এসেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আইন শৃংখলাবাহিনী বা কেউই এই আইনের প্রয়োগ করছেন না। গত পরশু দেখলাম, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় এক পরিবহন শ্রমিককে সড়ক পরিবহণ আইনে সাজা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ আইন থাকার পর অন্য আইনে কেন সাজা হবে? মূলত সংক্রামক রোগ প্রতিরোধ আইন সম্পর্কে মাঠ পর্যায়ে অজ্ঞতার কারণেই এটা হয়েছে। এ আইনজীবী বলেন, যা হবার হয়ে গেছে। আর দেরি না করে এখনই এই আইন কঠোরভাবে প্রয়োগ করা হোক। তিনি বলেন, আমাদের দেশের মানুষের মধ্যে আইন না মানার একটা প্রবণতা আছে। কিন্তু আপনি যখন আইন কঠোরভাবে প্রয়োগ করবেন তখন দেখবেন, মানুষ সেই আইন মেনে চলছে। তাই বলবো, চোখ বন্ধ করে এই আইনের ২৫ নম্বর ধারা কঠোরভাবে প্রয়োগ করা হোক। যারা অকারণে ঘরের বাইরে বের হবেন তাদের একবার সাজা দেওয়া হলে, আর তা জানাজানি হলে দেখবেন জরিমানা বা সাজার ভয়ে আর কেউ বের হচ্ছে না।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু কালের কণ্ঠকে বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ আইন-২০১৮ করার উদ্দেশ্য হলো সংক্রামক ব্যাধির বিস্তার রোধ ও প্রতিরোধ করতে, এই রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে। কিন্তু এই আইনের প্রয়োগ সেভাবে দেখছি না।

তিনি বলেন, এই আইনের ২৫(১)(খ) ধারায় বলা আছে, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলের উদ্দেশ্যে মহাপরিচালক, সিভিল সার্জন বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার কোনো নির্দেশ পালনে কেউ অসম্মতি জানালে তাকে এই আইনের ২৫(২) ধারায় ৩ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার সুযোগ আছে।

তিনি বলেন, আইন শৃংখলবাহিনীর সদস্যদের বলব, আপনারা এই আইনটি প্রয়োগ করা শুরু করন। দেখবেন, মানষু আর ঘরের বাইরে আসছে না। তাহলে আপনাদের আর কষ্ট করে দিনরাত রাস্তায় দাঁড়িয়ে পাহারা দিতে হবে না। মানুষ তখন এক জেলা থেকে অন্য জেলা বা এক এলাকা থেকে অন্য এলাকায় যাবে না জরিমানা বা শাস্তির ভয়ে। আর এটা হলই দেখবেন সংক্রমণ কমবে।

গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১০ জন

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১০ জন। এনিয়ে মোট ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইন বুলেটিনে বলা হয়, করোনাভাইরাসে বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরো ১০ জন মৃত্যুবরণ করেছেন। এনিয়ে মোট ১০১ জন মৃত্যুবরণ করলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪৯২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,৯৪৮।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২,৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।