Home Blog Page 3007

বঙ্গবন্ধুর আরেক খুনি রিসেলদার মোসলেমউদ্দিন ভারতের উত্তর চব্বিশ পরগনায় আটক

0

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক খুনি রিসেলদার (বরখাস্ত) মোসলেমউদ্দিনকে ভারতের উত্তর চব্বিশ পরগনায় তার ডেরা থেকে আটক করা হতে পারে। ভারতীয় গোয়েন্দাদের সহযোগিতায় তিনি আটক হতে পারেন বলে একটি সূত্রের দাবি করে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

সোমবার (২০ এপ্রিল) ভারতের আনন্দবাজার পত্রিকা ‘মুজিবের আর এক খুনিও কি এই বঙ্গে’ এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ‘আব্দুল মাজেদের মতো পরিচয় ভাঁড়িয়ে শেখ মুজিবের আর এক খুনিও দীর্ঘদিন পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে রয়েছে বলে দাবি বাংলাদেশের গোয়েন্দা সূত্রের। মাজেদকে জেরা করে বাংলাদেশের গোয়েন্দারা তার বিষয়ে জানতে পেরেছেন বলে ওই সূত্রের দাবি। ভারতের গোয়েন্দাদের সহযোগিতায় রিসেলদার (বরখাস্ত) মোসলেমউদ্দিন নামে এই প্রাক্তন সেনা অফিসারকে উত্তর চব্বিশ পরগনায় তার ডেরা থেকে আটক করা গিয়েছে বলেও সূত্রের দাবি। আবার অন্য একটি সূত্রের খবর, মাজেদ আটক হওয়া মাত্রই নিজের মৃত্যু-সংবাদ ছড়িয়ে গা-ঢাকা দিয়েছে মোসলেমউদ্দিন। ’

আনন্দবাজার জানায়, ‘ভারতের গোয়েন্দাদের একটি সূত্রের অবশ্য দাবি, লকডাউনের সময় এ দেশ থেকে মোসলেমউদ্দিনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ায় সমস্যা হতে পারে বলে ঢাকা বিষয়টি ভারতের গোয়েন্দাদের জানায়। ভারতীয় গোয়েন্দারা এই খুনিকে কার্যত তাড়িয়ে সীমান্তের কোনও একটি অরক্ষিত এলাকা দিয়ে বাংলাদেশের গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন। তবে সরকারিভাবে কিছুই স্বীকার করা হয়নি। গোয়েন্দা সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার একটি আধাশহরে ইউনানি চিকিৎসক সেজে ভাড়া থাকছিল মোসলেম উদ্দিন। সে-ও ফেরার হওয়া ফাঁসির আসামি। ১৯৭৫-এর ১৫ আগস্ট মুজিবের বাড়িতে হানা দেওয়া দলটির সামনের সারিতে ছিল মোসলেমউদ্দিন। অনেকের দাবি, মোসলেমউদ্দিনই গুলি করে হত্যা করেছিল মুজিবকে। ’

লকডাউন তোলার দাবিতে ব্রাজিলে হাজারো মানুষ রাজপথে

0

লকডাউনের নামে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন ব্রাজিলের কয়েক হাজার গাড়ি চালক। কভিড -১৯ এর বিস্তার রোধে বিশ্বের অন্যান্য দেশের মতো ব্রাজিলেও লকডাউন চলছে।

শনিবার ব্রাজিলের রিও ডে জেনিরো, সাও পাউলো এবং রাজধানী ব্রাসিলিয়ায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারীরা ‘অর্থনীতিকে বাঁচাতে লকডাউন তুলে দাও’, ‘মানুষ বাঁচাতে লকডাউন তুলে দাও’ এমন শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে।

এই আন্দোলনকে সমর্থন দিয়ে ব্রাজিলের রিও ডি জেনিরোর আইন প্রণেতা অ্যান্ডারসন মোরায়েস বলেন, ‘সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জীবন। কিন্তু আমরা আগামীকালের কথা চিন্তা করে আজকেই সিদ্ধান্ত নিতে পারি না। লকডাউন তুলে দিয়ে মানুষের আয়ের পথ খুলে দিতে হবে।’

এদিকে এই আন্দোলনকে সমর্থন দিয়েছেন খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে তিনি একটি ফেসবুক বার্তায় লেখেন, ‘রাজনীতিবীদরাই লোভ করে এই আতঙ্ক তৈরি করেছে এবং সবকিছু বন্ধ করে দিয়েছে। মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরতে চায়।’

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, ব্রাজিলে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭৬০ জন। মারা গেছেন ২ হাজার ৩৬৮ জন।

সূত্র- ফক্স নিউজ।

করোনায় আক্রান্ত আফগান প্রেসিডেন্ট প্রাসাদের ৪০ কর্মকর্তা

0

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকারি বাসভবনের অন্তত ৪০ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হয়েছেন কি-না; এমন কোনো খবর পাওয়া যায়নি।

করোনায় সংক্রমিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, প্রেসিডেন্ট কার্যালয়ের প্রশাসনিক শাখা, জাতীয় সুরক্ষা কাউন্সিল এবং প্রেসিডেন্ট ঘানির চিফ অব স্টাফের কার্যালয়ের কর্মকর্তারা। কভিড-১৯ রোগে আক্রান্ত কর্মীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

দেশটিতে করোনার পরীক্ষা কম হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে শঙ্কা রয়েছে। প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র সাদিক সিদ্দিকী বলেন, করোনা পরীক্ষার আগ পর্যন্ত সব সরকারি কর্মীকে আগামী তিন সপ্তাহ ঘরে থাকার নির্দেশ দিয়েছে সিভিল সার্ভিস কমিশন।

প্রেসিডেন্ট প্রাসাদের এক কর্মকর্তা বলেন, সরকারি অন্য এক দপ্তর থেকে প্রেসিডেন্ট ভবনে আসা একটি নথির মাধ্যমেই ভাইরাসটির বিস্তার ঘটে। তারপর থেকেই কর্মকর্তারা আক্রান্ত হতে শুরু করেন। যখন করোনা পরীক্ষার ফল আসে সেই মুহূর্তেও কিছু কর্মকর্তা সেখানে কাজ করছিলেন।

যুদ্ধ কবলিত আফগানিস্তানে এরই মধ্যে খাদ্য ও ওষুধের সঙ্কট দেখা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে নয়শ ৯৩ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ৩২ জন মারা গেছেন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একশ ৩২ জন।

সূত্র: নিউইয়র্ক টাইমস, ওয়ার্ল্ডোমিটার।

পোপের স্বপ্ন ভাইরাস পরবর্তী বিশ্ব হবে বৈষম্যহীন

0

বিশ্বাসীদের জন্য করোনাভাইরাস মহামারিটি পরীক্ষা হিসাবে এসেছে দাবি করে পোপ ফ্রান্সিস বলেছেন, এখন বিশ্বস্তদের ‘পরীক্ষার সময়’। এই সময়কে কাজে লাগিয়ে ভবিষ্যতে যাতে পৃথিবী থেকে অসমতা ও দারিদ্রতা বিলুপ্ত হয় সেই প্রচেষ্টা চালাতে হবে। করোনামুক্ত পৃথিবী হবে বৈষম্যহীন।

রবিবার পোপ ফ্রান্সিস ভ্যাটিকান ওয়ালের বাইরে কয়েকটি ব্লক ভ্রমণ করেছিলেন। রহমতকে উৎসর্গীকৃত একটি বিশেষ ভোজ দিবস উপলক্ষে তিনি এই ভ্রমণ করেন।

খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু বলেন, করোনাভাইরাস দ্বারা সংক্রামিত লোকেরা প্রায়শই হালকা বা মাঝারি উপসর্গগুলি অনুভব করে, নিউমোনিয়ার মতো সম্ভাব্য জটিলতাগুলি তাদের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে।

ফ্রান্সিস তার বক্তব্যে বলেছেন, ‘মহামারিটি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছে যে, যারা ক্ষতিগ্রস্থ হয় তাদের মধ্যে কোনও সীমানা নেই, যারা আঘাত পেয়েছে বা রেহাই পেয়েছে তাদের মধ্যে জাতীয়তার কোনও পার্থক্য নেই। আমরা সবাই দুর্বল, সব সমান, সব মূল্যবান।’

সান্টো স্পিরিটো গির্জার বেদী থেকে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের চারপাশে যা কিছু ঘটছে তাতে আমরা গভীরভাবে আতঙ্কিত হতে পারি। তবে এটা অসমতা দূর করার সময়, মানবজাতীর মাঝে যে অন্যায়-অবিচার হয় সেটা নিরাময়ের সময়। ধনী ও দরিদ্রের মাঝে যে বিভেদের দেয়াল সেটা বিলুপ্তির সময়।’

পোপ ফ্রান্সিস, সাম্প্রতিক দিনগুলিতে ভাইরাসের কারণে যারা চাকরি হারিয়েছে তাদের বাঁচতে সহায়তা করার জন্য একটি সার্বজনীন বেসিক মজুরি তৈরির প্রস্তাব দিয়েছে। অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র- এপি।

করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়ছে বিশ্ব

0

করোনায় কাঁপছে সারা বিশ্ব। করোনা ঠেকানোর এক মাত্র উপায় হলো সামাজিক দূরত্ব মেনে চলা। তাই শহরের পর শহরে চলছে লকডাউন। করোনার বিরুদ্ধে লড়তে অর্থ সংগ্রহের জন্য একটি চ্যারিটি ইভেন্টের (ভার্চুয়াল কনসার্ট) আয়োজন করা হয়েছে। সেই ইভেন্টে অংশগ্রহণ করেছেন ৭০ জন সেলিব্রিটি। কিন্তু অংশগ্রহণ করেননি কোনো চীনা সেলিব্রিটি। তাই প্রশ্ন ওঠছে করোনাযুদ্ধে চীনারা কোথায়?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) এবং দাতব্য সংস্থা গ্লোবাল সিটিজেন মিলে ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ নামের এই ইভেন্টের আয়োজন করেছিল। রবিবার এটি সম্প্রচারিত হয়েছিল ডাব্লুএইচওর ইউটিউবে।

কভিড-১৯-এর লড়াইয়ে সহায়তা করার জন্য অর্থ সংগ্রহে এই ইভেন্টের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করে সারা বিশ্বের ৭০ জন সেলিব্রিটি। কিন্তু মজার বিষয় কোনো চীনা সেলিব্রিটি এতে অংশগ্রহণ করেননি। গ্লোবাল সিটিজেন রবিবার জানিয়েছে, ওয়ান ওয়ার্ল্ড ইভেন্টটি ডব্লুএইচওর কভিড -১৯ সলিডারিটি রেসপন্স ফান্ডের জন্য একশ ২৭ দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে।

অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন লেডি গাগা, বিলি এলিশ, রোলিং স্টোনস, জেনিফার লোপেজ, জন লেজেন্ড, এল্টন জন, এলেন ডিগেনেরেস, টেইলর সুইফট এবং কোরিয়ান পপ গ্রুপ সুপারএম। এমনকি যুক্তরাষ্ট্রের প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং লরা বুশও হাজিয়ে হয়েছিলেন অনুষ্ঠানে। কিন্তু করোনার প্রদুর্ভাব ছড়িয়ে পড়ার দেশ চীনের কোনো সেলিব্রিটি ছিলেন না।

তবে হংকংয়ের ইজন চ্যান এবং জ্যাকি চেং অংশ নিয়েছিলেন। খ্যাতিমান পিয়ানোবাদক ল্যাং ল্যাং, যিনি চীনে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু এখন হংকংয়ে বসবাস করছেন তিনিও অংশগ্রহণ করেন। তার সঙ্গে ছিলেন সেলিন ডায়ন ও আন্ড্রেয়া বোসেলি।

টুগেদার অ্যাট হোম নামের ইভেন্টি সারা বিশ্বে দেখা গেলেও চীনের কোনো টেলিভিশনে ও অনলাইনে দেখা যায়নি। তবে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ইভেন্টের ভিডিওটি শেয়ার হয়। এরপর থেকেই প্রচুর সমালোচনা শুরু হয়। ইভেন্টে চীনাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়। অনেকেই বলছেন, সারা বিশ্ব যখন করোনা বিরুদ্ধ লড়ছে, তখন চীনের সেলিব্রিটিরা কোথায়?

সূত্র: এসসিএমপি।

এই ছবিই কি প্রমাণ যে চীনের ল্যাবে ভাইরাস তৈরি হয়েছিল?

0

প্রাণঘাতী করোনাভাইরাস কি উহানের ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছে? গোটা বিশ্বে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি সামরিক গবেষণাগারে করোনাভাইরাস তৈরি করা হয়েছে। এরপর সেখান থেকে ভুল করে ভাইরাসটি বাইরে ছড়িয়ে পড়েছে। চীন বিশ্ববাণিজ্যের দখলে নিতে ও দুনিয়াজুড়ে নিজের কর্তৃত্ব বাড়াতে এই জৈবাস্ত্র তৈরি করেছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এমন অভিযোগ বিশ্বজুড়ে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এ রকম অভিযোগ প্রথম করেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক এক কর্মকর্তা। এরপর সেই তালিকায় যুক্ত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। চীন শুরু থেকেই এটাকে কন্সপিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দিতে চাইলেও এবার মনে হয় ধরাই খেতে হবে। ভাইরাসটি যে চীনের ওই ল্যাবেই তৈরি হয়েছিল তার কিছু অকট্য প্রমাণ এবার সামনে চলে এসেছে।

উহান সেই ভাইরোলজি ল্যাবের ভিতরে থেকে তোলা ভিডিও ফুটেজগুলো মুছে ফেলা হয়েছে, যেখানে বিজ্ঞানীরা প্রাদুর্ভাবের আগে করোনভাইরাস নিয়ে গবেষণা করছিলেন। তবে একটি ছবি সামনে এসেছে, যেখানে মারাত্মক রোগজীবাণুর নমুনায় ঠাসা একটি ফ্রিজের ভেতর থেকে একজন গবেষককে বরফের চালি ভেঙে ক্ষতিকারক জীবাণু বের করতে দেখা যাচ্ছে। অত্যন্ত গোপনীয় চীনা ল্যাবের অভ্যন্তরের এই বিরল ছবিটি ২০১৮ সালে চীনা ডেইলি পত্রিকা প্রকাশ করেছিল। পরবর্তীতে মুছে ফেললেও, আগেই ছবিগুলো বেশ কিছু শেয়ার হয়েছিল। চীনের ল্যাবের অভ্যন্তরে মহামারি করোনাভাইরাসের সৃষ্টি হয়েছে এই তত্ত্বে যারা বিশ্বাসী তাদের সন্দেহের আগুনে এই ছবি ঘি ঢেলে দিয়েছে।

উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি সার্স মহামারির পরে রোগাক্রান্ত বাদুড়দের উপর পরীক্ষা-নিরীক্ষা করছিল এবং এক হাজার মাইল দূরের প্রাণী থেকে প্রাপ্ত স্টেনগুলি সনাক্ত করল যেগুলি এখন মানুষের কভিড -১৯ রোগের মূল হোস্ট হিসাবে কাজ করছে বলে বিশ্বাস করা হয়।

বলা হয় যে, এই বাদুড়গুলি নিকটস্থ সামুদ্রিক বাজারে বিক্রি করা হয়েছিল। তবে এই ছবিগুলি বিশ্বে নতুন করে বিতর্কের ঝড় তুলে দেবে এতে কোন সন্দেহ নেই। ভাইরাসটি যে উহানের ওই ল্যাব থেকেই ছড়িয়েছে সেই দাবিকে এটা আরো জোরালো করবে।

ল্যাবের ফাঁস হওয়া ছবিগুলো এমন সময় আবার পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে, যখন চীনা সরকারের বিরুদ্ধে ভাইরাসটির মহামারি রূপ সম্পর্কে জনগণকে সতর্ক করতে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। ভাইরাসটির ছড়িয়ে পড়ার ছয়দিন পর চীনা সরকার স্বীকার করে যে দেশে নতুন একটি ভাইরাসের উৎপত্তি হয়েছে। ততদিনে ভাইরাসটি চীনের বাইরে ছড়িয়ে গেছে। থাইল্যান্ডে প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, যারা উহানের এই ল্যাবটিতে গবেষণার জন্য ৩৭ লাখ ডলার অর্থায়ন করেছিল। দেশটি এখন বলছে মহামারির ধাক্কা কেটে গেলে তারা এই ল্যাবের অর্থায়ন প্রত্যাহার করবে। মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়েছে কিনা সে বিষয়ে চীনকে পরিষ্কার হওয়ার জন্য অনুরোধ করছেন। পম্পেও বলেছেন, ‘চীনের উচিত ভাইরাসটি কিভাবে ছড়াতে শুরু করেছিল সেটা বিশ্বকে জানিয়ে দেওয়া। সঠিক তথ্য পেলে পৃথিবীর বিজ্ঞানীরা এটার প্রতিরোধের উপায় বের করতে পারবে।’

করোনা ভাইরাস উহানের ল্যাব থেকেই ছড়িয়েছিল কিনা শুক্রবার সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ‘আমরা এটার দিকে নজর রেখেছি, আরও বহুলোক এর দিকে নজর রেখেছে। এটা ক্রমেই বোঝা যাচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ‘তারা (চীন) একটি নির্দিষ্ট ধরণের বাদুড়ের কথা বলেছেন, কিন্তু ওই বাদুড় ওই এলাকায় ছিলই না। ওই এলাকায় বাদুড় বিক্রি হয়নি, সেটা বিক্রি হয়েছিল ৪০ মাইল দূরে।’

এর আগের দিনই ফক্স নিউজ জানিয়েছিল, মারাত্মক ভাইরাসটি উহানের একটি ল্যাব থেকে ছড়িয়েছে কিনা সে সম্পর্কে আমেরিকা পুরো জোর দিয়ে তদন্ত চালাচ্ছে। বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি পরীক্ষাগারগুলো ও রোগের প্রকোপ সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।

ভাইরাসের উৎস প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘অনেক অদ্ভুত জিনিস ঘটছে, কিন্তু অনেক তদন্তের কাজও চলছে এবং আমরা এটা খুঁজে বের করছি। আমি শুধু এটুকু বলতে পারি, এটা যেখান থেকেই, যে রূপেই আসুক না কেন, তা চীন থেকে এসেছে। আর যার কারণে, বিশ্বের ১৮৪ টি দেশ এর ফল ভুগছে।’

সূত্র- মেট্রো ইউকে।

করোনা যুদ্ধে একই মঞ্চে শাহরুখ, প্রিয়াঙ্কা ও লেডি গাগা

0

করোনার এই ক্রান্তকালে একজোট গোটা বিশ্ব। এই ‘গ্লোবাল ক্রাইসিস-র মোকবেলার জন্য একমঞ্চে শামিল দুনিয়ার তাবড় তাবড় শিল্পীরা।বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্লোবাল সিটিজেন সংগঠনের উদ্যোগে ভারতীয় সময়ানুসারে রবিবার ভোরে অনুষ্ঠিত হলো ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’। বাড়ি বসেই এই অনুষ্ঠানে যোগ দিলেন লেডি গাগা, টেলর সুইফট, বিয়ন্সে,বিলি এলিস, দ্য রোলিং স্টোনের মতো গ্লোবাই আইকনরা। দু’ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসাবে পাওয়া গেল শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে।

অনুষ্ঠানটির ক্রিয়েটিভ হেডের দায়িত্ব পালন করেছেন লেডি গাগা। সঞ্চালনার দায়িত্বে ছিলেন জিমি কিমেল, স্টিফেন কোলবার্ট এবং জিমি ফ্যালন। সব মিলিয়ে গোটা বিশ্বের প্রায় ১০০ জনের বেশি তারকা অংশ নেন এই অনুষ্ঠানে।

করোনা সংকটে প্রয়োজন প্রচুর পরিমাণ অর্থের। সেই অর্থসংগ্রহের জন্য এবং করোনা যুদ্ধে এক্কেবারে সামনের সারিতে থাকা যোদ্ধা অর্থাত্ জরুরি পরিষেবায় যাঁরা নিযুক্ত রয়েছেন সেই সব চিকিত্সক, নার্স, পুলিশকর্মী সহ বাকি সকলকে ধন্যবাদ জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন।

ভারতের করোনা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন শাহরুখ খান।

তিনি জানান, এই দেশ ১০০ কোটির বেশি মানুষের বসবাস এইদেশে। স্বাভাবিকভাবেই করোনার মতো মহামারীর ব্যাপক প্রভাব পড়েছে এদেশে। অভিনেতা আরও জানান কীভাবে তিনি এই পরিস্থিতিতে দেশবাসীর পাশে দাঁড়িয়েছেন এবং পিপিই কিট, কোয়ারেন্টিনে সেন্টারের সুবিধা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন।

সব শেষে শাহরুখ বলেন, মনে বিশ্বাস রাখো, আমি তোমাদের ভালোবাসি।

ইউনিসেফের দূত প্রিয়াঙ্কা। তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও।

এই অভিনেত্রী বলেন, করোনা মহমারির এই সময়ে গোটা বিশ্বের শরণার্থী শিবিরগুলোর পরিস্থিতি কী, সেখানে কী সমস্যা দেখা দিচ্ছে। সেই শিবির গুলোতে বেসিক স্বাস্থ্য পরিষেবা, বিশুদ্ধ জল এবং স্যানিটাইজেশনের প্রয়োজন বলে জানান পিগি চপস।

বিশ্ববাসীকে আশার বার্তা দিয়ে বেশ কিছু গান গাইলেন লেডি গাগা। তিনি চিকিত্সক এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান।

করোনা নিয়ে কাল ৮ জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন।

সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হবে। এতে দুটি বিভাগের আট জেলার মাঠ পরযায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ঠ সকলে যুক্ত থাকবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ এ তথ্য জানান।

জেলাগুলো হচ্ছে- ঢাকা বিভাগের মানিকগঞ্জ, গাজিপুর,টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ সদর।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্ম্রচার করবে।

এর আগে শেখ হাসিনা করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে তিন দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং বরিশাল বিভাগের ৪০টি জেলার সঙ্গে মত বিনিময় করেছেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি সংকট উত্তরণের জন্য বিভিন্ন প্রণোদনা প্যাকেজেরও ঘোষণা দেন।

দেশে ৮ মার্চ প্রথম করোনারোগী শনাক্ত হবার পর থেকে এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯১ জন। আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৫৬ জন।

বেতন দিতেই ট্রেনটি সিলেট যায়, সাধারণ যাত্রী ছিল না : রেলমন্ত্রী

0

লকডাউনের মধ্যে শনিবার (১৮ এপ্রিল) ঢাকা থেকে সিলেটে যাওয়া আন্তঃনগর ট্রেনটি রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী ও স্টাফদের বেতন বহন করার জন্য কিছু সংখ্যক নিরাপত্তাকর্মী নিয়ে সিলেট গিয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ রবিবার (১৯ এপ্রিল) গণমাধ্যমকে তিনি এমনটাই জানান।

সুজন বলেন, ঢাকা থেকে সিলেটে যে ট্রেন গিয়েছে, সেখানে সাধারণ কোনো যাত্রী ছিল না। তবুও আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি, ইতোমধ্যে সিলেট স্টেশনের এক নিরাপত্তাকর্মীকে প্রত্যাহার করা হয়েছে। অনিয়ম কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এটা রেলের নিয়মিত কার্যক্রম, ট্রেনে করে রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী ও স্টাফদের বেতন বহন করা হচ্ছিল। ট্রেনে থাকা টাকার নিরাপত্তা দিতে কিছু নিরাপত্তাকর্মী নেওয়া হয়। ওখানে সাধারণ যাত্রী ছিল না।

এ ব্যাপারে রেল সচিব মোফাজ্জেল হোসেন বলেন, এটি কোনো সম্পূর্ণ ট্রেন ছিল না, শুধু ট্রেনের দুইটি বগি ইঞ্জিনের সাথে ছিল। এখানে শুধু রেলের স্টাফরাই ছিল বাইরের লোক ছিল না।

উল্লেখ্য, লকডাউনের মধ্যেও ঢাকা থেকে যাত্রী নিয়ে সিলেটে যায় আন্তঃনগর একটি ট্রেন। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে অন্তত ৫০ জন যাত্রী নিয়ে ট্রেনটি সিলেটে পৌঁছায়।

ত্রাণ বিতরণের স্বচ্ছতায় এবার প্রযুক্তির ব্যবহার

0

করোনাভাইরাসের দুর্যোগের মধ্যেও ত্রাণ বিতরণ নিয়ে চলছে অনিয়ম। বেশ কয়েকজন ত্রাণের চাল আত্মসাৎকারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অবস্থায় দেশজুড়ে ত্রাণ বিতরণ কার্যক্রমে দ্রুততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় নিশ্চিত করতে এবার প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ‘কিউআর কার্ড’ ব্যবহার করে উপকারভোগীদের একটি কেন্দ্রীয় ডেটাবেজ তৈরি করা হবে।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের মধ্যে আজ রবিবার এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার সরকারি বাসভবন থেকে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সচিবালয় থেকে অনলাইন বৈঠকে যোগ দেন।

এ ছাড়া আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিধপ্তরের মহাপরিচালক, ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা অনলাইনে বৈঠকে অংশ নেন।

বৈঠকে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় ও দ্রুত করতে কী কী ব্যবস্থা গ্রহণ করা দরকার সে বিষয়ে দুই মন্ত্রণালয়ের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রযুক্তিগত কি সহযোগিতা প্রয়োজন সে বিষযয়ে আইসিটি বিভাগ হতে জানতে চাওয়া হয়।

বৈঠকে জানানো হয়, ত্রাণ কার্যক্রম সমন্বয় করতে সরকারি এবং বেসরকারি ও স্বোচ্ছাসেবী প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সময়ে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া এবং এই কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটি কেন্দ্রীয় ডাটাবেইজ তৈরি করা প্রয়োজন। এ ছাড়া জাতীয় তথ্য সেবা হেল্পলাইন ৩৩৩ এর সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংযোগ স্থাপন করা প্রয়োজন।

আইসিটি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এটুআই প্রেগামেরও আওতায় সারা দেশে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপকারভোগীদের একটি কেন্দ্রীয় ডাটাবেইজ তৈরির জন্য একটি সফটওয়ার তৈরি করবে। উপকারভোগীদের জাতীয় পরিচয়ত্র/জন্ম নিবন্ধন সনদ এবং মোবাইল নাম্বার ব্যবহারের মাধ্যমে একটি নির্ভুল ডেটাবেইজ তৈরি এবং ত্রাণ বিতরণ কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব বলে জানানো হয়। উপকারভোগীদের তথ্যের ভিত্তিতে প্রত্যেক উপকারভেীগর একটি ছজ কার্ড তৈরি করা হবে। মাঠ প্রশাসন সংশ্লিষ্ট উপজেলার উপকারভোগীদে তালিকা অনুযায়ী ‘কিউআর কার্ড’ প্রিন্ট করে উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে। ত্রাণ বিতরনের সময় বিতরণকারী এই ছজ কার্ড তার মোবাইল ফোনের অ্যাপস এর মাধ্যমে স্ক্যান করবেন। ফলে উপকারভোগীর তথ্য কেন্দ্রীয় ডেটাবেইজে হালনাগাদ হয়ে যাবে এবং সকল ধরণের দ্বৈততা ও অনিয়ম পরিহার করা সম্ভব হবে। এ ছাড়া ডেটাবেইজটি তৈরি হলে সরকারি ও বেসরকারি ত্রাণ কার্যক্রম সমন্বয় আরো জোরদার হবে বলে সবাই মত প্রকাশ করেন।

সভায় জানানো হয়, প্রানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেউ যেন খাদ্যসংকটে না ভোগে সে বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারি সেবা সম্পর্কিত হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য সহায়তার আবেদন গ্রহণ করা হবে এবং সেই আবেদন তালিকা যথাযথ যাচাই-বাছাই করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মাঠ প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্টদের খাদ্য সহায়তা নিশ্চিত করবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, এই দুর্যোগকালীন সময়ে জনগণের বৃহত্তর কল্যাণার্থে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ করবে এবং প্রয়োজনীয় সকল সহযোগিতা দেবে। এ ছাড়া এই সময়ে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য/সবজি ত্রাণ হিসেবে বিতরণের জন্য এক জেলা থেকে অন্য জেলায় পরিবহন ও বিতরণ নিশ্চিত করার ক্ষেত্রে এটুআইয়ের একশপ প্লাটফরম ব্যবহারের জন্য তিনি দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন। এ ছাড়া আগামী ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি ও উপকারভোগীদের ডেটাবেইজ তৈরির করার কাজ শুরুর জন্য উভয় মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করে।