Home Blog Page 3009

মাত্র ৭ হাজার টাকায় ভেন্টিলেটর তৈরি করল ঢাকা কলেজের শিক্ষার্থী

0

অল্প পয়সায় ভেন্টিলেটর তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের সদস্য সানি জুবায়ের। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চিকিৎসায় ব্যবহৃত ভেন্টিলেটরের চাহিদা বেড়েছে৷ করোনা মোকাবেলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত সংখ্যক ভেন্টিলেটর প্রয়োজন৷ যেসব রোগীর করোনা সংক্রমণ খুবই মারাত্মক তাদের জীবন রক্ষায় কার্যকরী একটি যন্ত্র ভেন্টিলেটর৷ রোগীর ফুসফুস যদি কাজ না করে তাহলে রোগীর শ্বাস-প্রশ্বাসের কাজটা ভেন্টিলেটর করে দেয়৷

তবে প্রয়োজনের তুলনায় দেশে ভেন্টিলেটরের পরিমাণ খুবই কম৷ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশে বর্তমানে ১ হাজার ২৫০টি (সরকারি হাসপাতালে ৫০০টি এবং বেসরকারি হাসপাতালে ৭৫০টি) ভেন্টিলেটর রয়েছে৷ আর এসব ভেন্টিলেটরের বাজার মূল্যও বেশি৷ বিশেষজ্ঞরা বলছেন, ১৭ কোটি মানুষের দেশে অন্তত পঁচিশ হাজার ভেন্টিলেটর থাকা দরকার।

করোনা মহামারী বিশ্বজুড়ে চলতে থাকায় ভেন্টিলেটরের চাহিদা যেমন বেড়েছে, তেমনি এত বিপুল পরিমাণে ভেন্টিলেটর উৎপাদন, বিপণন সম্ভব হয়ে উঠছে না। তাই প্রয়োজনের তুলনায় ভেন্টিলেটর সংকটে রয়েছে দেশের হাসপাতালগুলো৷

নিজের তৈরি সাশ্রয়ী মূল্যের এই ভেন্টিলেটর সম্পর্কে শিক্ষার্থী সানি জুবায়ের বলেন, আমরা বাইরের দেশ থেকে যে ভেন্টিলেটর আনি এগুলোর দাম অনেক বেশি৷ ওই ভেন্টিলেটর বিভিন্ন কাজে ব্যবহার করা হয়৷ শুধু যে শ্বাস-প্রশ্বাসের কাজ তেমন না, অনেক ক্যাটাগরি থাকে৷ বর্তমানে করোনা চিকিৎসার জন্য যেটা প্রয়োজন- তা হলো ভেন্টিলেটরের সাহায্যে ফুসফুসে অক্সিজেন সাপ্লাই দেয়া এবং কার্বন ডাই অক্সাইড বের করা৷ আর এই কাজটা করা হয় মেকানিক্যালভাবে৷ আমার তৈরি ভেন্টিলেটর এই কাজটা পুরোপুরি করতে সক্ষম৷

তিনি বলেন, ভেন্টিলেটরের নলটা যখন শ্বাসযন্ত্রে ঢুকানো হবে তখন নির্দিষ্ট সময়ে বাতাসের প্রেসার, শ্বাস-প্রশ্বাসের রেট সিলেক্ট করে দেয়া যাবে৷ আর রোগীর ক্ষেত্রে এটা ভিন্ন ভিন্ন হতে পারে৷ আমি যদি রেস্পিরেটরি রেট ২৪ করে দেই, তাহলে প্রতি মিনিটে ফুসফুস ২৪ বার খুলবে ও বন্ধ হয়ে অক্সিজেন সাপ্লাই করবে ও কার্বন ডাই অক্সাইড বের করবে৷ আমি আমার সিস্টেমটাকে এমনভাবে তৈরি করেছি যেটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিতে সক্ষম৷ তবে এটার কাজ হবে শুধুমাত্র শ্বাসক্রিয়াকে যান্ত্রিকভাবে চালনা করা৷

করোনায় আক্রান্ত রোগীদের শুধুমাত্র শ্বাসক্রিয়া চালানোর কাজে ভেন্টিলেটর ব্যবহার করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, আমার এই ভেন্টিলেটরটি শুধুমাত্র এই কাজটাই করতে সক্ষম। তাই এটি ব্যবহার করলে সহজলভ্য এবং অনেক করোনা রোগীকে সেইভ করা সম্ভব৷

সানি জুবায়েরের তৈরি ভেন্টিলেটরটির মূল কাজ যেহেতু অক্সিজেন প্রবেশ করানো আর কার্বন ডাই অক্সাইড বের করে নিয়ে আসা। তাই এটাকে সম্পূর্ণভাবে একটা কন্ট্রোলার এবং রাজবেরি পাই নামক একটি সিঙ্গেল বোর্ড কম্পিউটার নিয়ন্ত্রণ করতে সক্ষম৷ বিদ্যুৎ চলে গেলে ভেন্টিলেটরের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য এটিতে আইপিএস ব্যবহার করা যাবে৷

এমন একটি ভেন্টিলেটর মাত্র সাত হাজার টাকার মধ্যে তৈরি করা সম্ভব৷ প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলে আরও ডেভেলপ করা যাবে বলে জানান তিনি৷

সরকারের সহায়তায় বাণিজ্যিকভাবে উৎপাদন করলে খরচ আরও কমানো সম্ভব বলে মনে করেন তিনি৷ ভেন্টিলেটর তৈরির সময় করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের সঙ্গে কথা বলে চাহিদা অনুযায়ী এই ভেন্টিলেটর তৈরি করেছেন বলে জানান সানি জুবায়ের। তিনি বলেন, কীভাবে ভেন্টিলেটরটি কাজ করছে তার একটা ভিডিও আমি ওই চিকিৎসককে পাঠিয়েছি৷ তারা বলেছেন, ঠিক আছে। এভাবেই ভেন্টিলেটর কাজ করে৷ সানি আরও বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি৷ প্রয়োজনে এটি আরও উন্নত করা হবে। যাতে সহজেই এটি করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার করা যায়৷

ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, মহামারীর এই দুর্দিনে ঢাকা কলেজ শিক্ষার্থী সানী জুবায়ের সাশ্রয়ী একটি ভেন্টিলেটর বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে। নিঃসন্দেহে এটা প্রশংসার উদ্যোগ। ঢাকা কলেজ জাতির দুর্দিনে সবসময় যে অগ্রণী ভূমিকা পালন করে তার বড় নজির আবার রাখলে এই শিক্ষার্থী। আমরা এই প্রজেক্টটি সরকারের কাছে তুলে ধরব। কীভাবে দ্রুত এর ব্যবহারিক প্রয়োগ করা যায়। এটা প্রয়োগ করতে পারলে আমাদের ভেন্টিলেটর সঙ্কট যেমন কমে আসবে তেমনিভাবে চিকিৎসা ব্যবস্থায় নতুন একটি সংযোজন হবে।

উল্লেখ্য, সানি জুবায়ের ‘টিম অ্যাটলাস’ এর প্রতিষ্ঠাতা৷ টিম লিডার হয়ে তিনি মেক্সেলারেশন প্রতিযোগিতায় প্রথম স্থান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আয়োজিত টেকনিভ্যাল ২০১৮-তে চ্যাম্পিয়ন এবং ন্যাশনাল রোবটিক ফেস্টিভাল ২০১৭-তে চ্যাম্পিয়ন হন৷

ন্যাশনাল রোবট অলিম্পিয়াড ২০১৯-এ স্বর্ণ জয়, ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াড ২০১৯-এ ব্রোঞ্জ জয় করেন এই শিক্ষার্থী৷ এছাড়া তারই নেতৃত্বে গতবছর ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপে ১৩তম অবস্থান করে বাংলাদেশ৷

বসুন্ধরার করোনা হাসপাতাল : এসেছে শয্যাসহ সব সরঞ্জাম

0

করোনা আক্রান্ত রোগীদের জন্য চীনের উহানে দ্রুততার সঙ্গে বানানো হয়েছিল অস্থায়ী হাসপাতাল। এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশও। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় আমাদের দেশেও তৈরি হচ্ছে অস্থায়ী করোনা হাসপাতাল।

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দ্রুতগতিতে এগিয়ে চলেছে করোনা হাসপাতালের নির্মাণ কাজ। প্রয়োজনীয় সব সরঞ্জামই চলে এসেছে। নির্ধারিত সময়ের আগেই এর নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের এই ক্রান্তিকালে এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা দেওয়ার পাশাপাশি আইসিসিবিকে পাঁচ হাজার শয্যার করোনা হাসপাতালে রূপান্তরের প্রস্তাব দেয় বসুন্ধরা গ্রুপ। এরপর প্রধানমন্ত্রীর সম্মতিতে স্বাস্থ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল আইসিসিবি পরিদর্শন করে। পরে এটাকে অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন সেন্টার করার উদ্যোগ নেওয়া হয়।

কভিড-১৯ বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যত দিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে, তত দিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এখানে দুই হাজার ৭১ শয্যার অস্থায়ী হাসপাতাল তৈরি করার জন্য কাজ শুরু করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে প্রয়োজন দেখা দিলে এটিকে পাঁচ হাজার শয্যায় রূপান্তর করা যাবে।

আজ রবিবার (১৯ এপ্রিল) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলম হাসপাতাল নির্মাণে কর্মযজ্ঞ দেখভাল করছিলেন। তিনি বলেন, ‘আমরা যেহেতু দ্রুততার সঙ্গে কাজ শেষ করতে চাই। এজন্য একসঙ্গে বিভিন্ন ধরনের কাজ চলছে। ছোট ছোট ঘরের মতো করে তৈরি হচ্ছে আইসোলেশন সেন্টার, যাতে একটি করে বেড স্থাপিত হবে।’

মাসুদুল আলম বলেন, ‘ইলেকট্রিক্যাল লেন তৈরির কাজ চলছে। প্রত্যেক শয্যার সঙ্গে গ্যাস-নেবুলাইজার মেশিন চালানোর জন্য পাওয়ার সকেট, টুপিন সকেট বসানো হচ্ছে। সাব স্টেশন বসানোর কাজ চলছে। সব ধরনের সরঞ্জামই আমাদের কাছে আছে। এখন ফিটিং করতে যতটুকু সময় লাগে। আমরা ডে-নাইট কাজ করছি।’

এই প্রকৌশলী বলেন, ‘ইতিমধ্যে ৩০০ শয্যা চলে এসেছে। এখন প্রতিদিন ২০০ শয্যা আসতে থাকবে। শিগগির ফ্লোর কার্পেট বসানো হবে। এরপর ডাক্তার চেম্বার, নার্স চেম্বার, ওয়ার্ক স্টেশন লে আউট করে ফার্নিচার সেট করা হবে। আগামী ২৩ এপ্রিলের মধ্যেই আমরা কাজ শেষ করতে চাই।’

মাসুদুল আলম আরো বলেন, ‘চীনের উহানে দ্রুততার সঙ্গে অস্থায়ী হাসপাতাল তৈরির কথা আমরা শুনেছি। এখন আমরাও সেটি করছি। এজন্য জাতি হিসেবে আমরা গর্বিত। সরকারকে সহায়তায় বিশেষভাবে এগিয়ে আসার জন্য বসুন্ধরা গ্রুপকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

সরেজমিন দেখা যায়, আন্তর্জাতিক কনভেনশন সিটির এক্সপো জোনে তৈরি হচ্ছে হাসপাতালের অবকাঠামো। প্রয়োজনীয় সরঞ্জামাদি রাখা হয়েছে কনভেনশন হলগুলোতে। পুরোদমে চলছে অবকাঠামো নির্মাণ কাজ। ছোট ছোট ঘরের মতো করে তৈরি হচ্ছে আইসোলেশন সেন্টার, যা তৈরির কাজ শেষ পর্যায়ে। ইলেকট্রিকের নানা ধরনের কাজ চলছে।

হাসপাতাল তৈরিতে সম্পৃক্ত স্বাস্থ্য প্রকৌশলীরা বলছেন, আইসিসিবির এক্সপো জোনকে ছয়টি ক্লাস্টারে ভাগ করে প্রতি ক্লাস্টারে ২৮৮টি করে শয্যা স্থাপন করা হবে, যাতে মোট এক হাজার ৪৮৮ শয্যা স্থাপিত হবে। আর চার কনভেনশন হলে থাকবে ৫৬৪ শয্যা। জরুরি ও গুরুতর রোগীর জন্য থাকবে আইসিইউ সাপোর্ট। সিসি ক্যামেরাও স্থাপন করা হবে, যেন রোগীকে সার্বক্ষণিক মনিটর করতে পারেন চিকিৎসক ও নার্সরা। গাড়ি পার্কিং থেকে শুরু করে নানামুখী সুবিধার এই কনভেনশন সেন্টারে রোগীদের চিকিৎসার পাশাপাশি থাকবে খাবারের ব্যবস্থাও।

করোনা মোকাবেলায় পরামর্শ নিতে জাতীয় কমিটি

0

দেশে করোনার কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি গঠন করেছে সরকার।

বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং সিনিয়র শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি করে ১৭ সদস্যের এই কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল শনিবার (১৮ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডা. নজরুল ইসলাম (ভাইরোলোজিস্ট), বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা. এ কে আজাদ খান কমিটির সদস্য রয়েছেন।

কমিটির সদস্যরা হলেন সিনিয়র প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. শাহলা খাতুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মাহমুদ হাসান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

বঙ্গবন্ধু শেখ মুজিব সদস্য মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত (নাক, কান, গলা বিশেষজ্ঞ), স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি প্রফেসর ডা. ইকবাল আর্সলান, সিনিয়র প্রসুতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও অবসটেরিকেল অ্যান্ড গাইনোকলজিকেল সোসাইটি অব বাংলাদেশের সাবেক সভাপতি প্রফেসর ডা রওশন আরা বেগম, আইসিডিডিআর, বিএর মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ রিসার্চের সিনিয়র পরিচালক ডা. শামস এল আরেফিন কমিটির সদস্য হিসেবে সরকারকে পরামর্শ দেবেন।

সিনিয়র এনেসথিওলজিস্ট প্রফেসর ডা. খলিলুর রহমান ও সিনিয়র মেডিসিন স্পেশালিস্ট প্রফেসর ডা. তারিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ডা. হুমায়ন সাত্তার, জাতীয় ক্যান্সার সদস্য গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. গোলাম মোস্তফা, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক প্রফেসর ডা. মাহমুদুর রহমান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের প্রাক্তন পরিচালক প্রফেসর ডা. মো. আব্দুল মোহিতকে কমিটিতে রাখা হয়েছে।

কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

৩০ সেকেন্ডে মাস্ক বানালেন সানি লিওনি

0

করোনায় সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাস্ক। কিন্তু চাহিদা বেশি থাকায় অনেক সময় বেশি পয়সা দিয়েও মিলছে না মাস্ক। তাই এখন নিজেদের মাস্ক নিজেরাই বানানোর পরামর্শ দিচ্ছেন অনেকে। আর যদি খুব দ্রুত কাজ চালানোর মতো মাস্ক তৈরি করে নিতে হয় তখন কী করবেন? নেটিজেনদের সে পথ দেখালেন সানি লিওনি। ইনস্টাগ্রাম হ্যান্ডলে পাঁচটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘যখন ৩০ সেকেন্ডে মাস্ক বানাতে হবে’। ছবিগুলিতে দেখা যাচ্ছে তিনি কখনও বাচ্চাদের ডায়াপারকে মাস্ক হিসেবে ব্যবহার করছেন আবার কখনও ওড়নার মতো কিছু দিয়ে মুখ ভাল করে ঢেকে নিয়েছেন। এগুলির সঙ্গে খেলার ছলে তাঁকে আবার স্পাইডারম্যানের মাস্ক পরতেও দেখা গিয়েছে।

পাঁচটি ছবিতে সানি নানান ভাবে মুখাবরণ ব্যবহার করেছেন। আর প্রতিটি ছবির জন্য তিনি আলাদা আলাদা পোশাক ব্যবহার করেছেন। সানির এই ডায়াপারে মুখ ঢেকে তোলা ছবিটি বেশ ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সানির এই পোস্ট পাঁচ ঘণ্টাতেই প্রায় ছ’ লাখ লাইক পেয়েছে। সেই সঙ্গে অনেক কমেন্ট ও শেয়ার পেয়েছে। অনেকে নেটিজেনই তাঁর এমন বুদ্ধি ও মজাদার কাণ্ডকারখানার জন্য তারিফ করেছেন। তবে এই ধরনের মাস্ক করোনাভাইরাস সংক্রমণ আটকানোর ক্ষেত্রে কার্যকর কিনা তা জানা যায়নি।

এক লাখ মানুষের খাবারের দায়িত্ব নিলেন গৌরী

0

শাহরুখ খানের দানের কথা সবাই জানে। এবার বলিউড বাদশার স্ত্রী গৌরী খানও প্রায় ১ লক্ষ অসহায় মানুষের খাবারের দায়িত্ব নিয়েছেন। নিজের ইনস্টাগ্রামে সেই হিসাব দিয়েছেন গৌরী নিজেই।

তিনি ভারতের পিম্পড়ি, করমালা চউল, গোরেগাঁও, হনুমান নগর, ভিমনগর, সান্তাক্রুজ, ইন্দিরানর, গোভান্দি-সহ একাধিক এলাকার অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছে দেবেন।

এর আগে, মহামারী করোনার প্রথম দিকে শাহরুখ শুরুর দিকে চুপ থাকলেও পরে সবাইকে ছাপিয়ে সহযোগিতার হাত বাড়ান। তিনি করোনা মোকাবিলায় বিপুল সাহায্য দান করেছেন। তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

ভারতের মানুষের কাছে শাহরুখ খান এক ভালোবাসার নাম। নিজের চারতলা অফিস ও বাড়ি করোনার চিকিৎসা সেন্টার হিসেবেও ব্যবহার করতে দিয়েছেন শাহরুখ। পাশাপাশি চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের পাশে দাঁড়াতে বিএমসিকে ২৫ হাজার পিপিই-সহ কিটও দান করেছেন।

লকডাউনে বাবা মারা গেছেন, ভিডিওকলে দেখতে হলো ‘অঞ্জলি’কে

0

করোনা ঠেকাতে ভারতে চলছে লকডাউন। এ কঠিন সময়ে আরও কঠিন ঘটনা ঘটে গেল ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির সেই ছোট্ট অঞ্জলির জীবনে।

শাহরুখ খানের কোলে চড়ে, ফরিদা জালালের সঙ্গে মিষ্টি অভিনয় করে শিশুশিল্পী অঞ্জলি জিতে নিয়েছিল দর্শকদের হৃদয়। তার বাস্তব নাম সানা সাঈদ৷

সম্প্রতি চরম খারাপ সময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে সানা জানিয়েছেন, তিনি লস অ্যাঞ্জেলসে আছেন এখন। ২২ মার্চ জনতা কার্ফুর দিন মুম্বাইয়ে তার বাবা আব্দুল আহাদ সাঈদ মারা যান ।

কিন্তু লকডাউনের কারণে বাবার কাছে ফিরতে পারেননি তিনি। বহুবার অনুরোধ সত্ত্বেও তাকে ফেরার অনুমতি দেওয়া হয়নি। বাবাকে শেষবারের জন্যও দেখতে পারলেন না। বাধ্য হয়েই বাবাকে ভিডিওকলে দেখেছেন তিনি। ভিডিওতেই দিয়েছেন বিদায়।

জানা গেছে, সানার বাবা ডায়বেটিক রোগী ছিলেন। মাল্টিপল অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে তার।

অহেতুক ঘোরাঘুরি করে জরিমানা গুনলেন ১৮ জন

0

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত, অহেতুক বাসার বাইরে ঘোরাঘুরি বন্ধ ও ঢাকায় প্রবেশ এবং বের হওয়া বন্ধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে। এই ধারাবাহিকতায় শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা সত্তেও অহেতুক ও অকারণে বাইরে বের হওয়া, রাস্তায় ঘোরাঘুরি ও আড্ডা দেওয়ায় ১৮ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত র‍্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এ আদালত পরিচালনা করেন। সহযোগিতা করেন র‍্যাব-২ এর সদস্যরা।

ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার ছুটি ঘোষণা করেছে। হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশনা দিয়েছে। কিন্তু নির্দেশনা অমান্য করে এখনও অনেকে কোনো কারণ ছাড়া ঘর থেকে বের হয়ে রাস্তায় ঘোরাফেরা করছেন। ফাঁকা সড়কে অহেতুক গাড়ি নিয়ে বের হচ্ছেন। কারও কারও মুখে মাস্কও ছিল না। এসব কারণে ১৮ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

‘পুলিশকে মানুষের প্রথম ভরসাস্থল হিসেবে তৈরি করতে চাই’

0

দেশে করোনাভাইরাসের এই উদ্ভূত পরিস্থিতি অপরাধ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ ছাড়া কোথাও কোথাও চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। এসব বন্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাইবার অপরাধ, অর্থনৈতিক অপরাধ, প্রযুক্তিনির্ভর অপরাধ বন্ধ করতে হবে। ভুয়া সংবাদ, গুজব বন্ধ করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে কার্যকর থাকা লকডাউন সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে মানুষের চলাচল সীমিত করতে হবে। সরকারি ত্রাণ বিতরণ এবং ওএমএসের চাল বিতরণে যেকোনো অনিয়মরোধে ভূমিকা রাখবে পুলিশ। এ জন্য গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।

আজ শনিবার দুপুরে এক ভিডিও কনফারেন্সে পুলিশের সকল রেঞ্জ, মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটে কর্মকর্তাদের উদ্দেশে এই দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আইজিপি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এ সময় খোলাস্থানে অথবা ফুটপাতে বাজার বসাতে হবে। বাজারে একমুখী চলাচলের ব্যবস্থা করতে হবে, যাতে কমপক্ষে ২০ ফুট দূরত্ব বজায় থাকে। চায়ের দোকানে আড্ডা নিয়ন্ত্রণ করতে হবে।

দুর্নীতিমুক্ত পুলিশ প্রশাসন গড়ে তুলতে হবে জানিয়ে আইজিপি বলেন, কোনো পুলিশ সদস্য অবৈধ আয়ের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। পুলিশের কাজের মূল ভিত্তি হবে টিম স্পিরিট। এককভাবে নয়, পুলিশ সদস্যদেরকে টিমে কাজ করতে হবে। আমরা পুলিশকে প্রযুক্তিনির্ভর, আধুনিক ও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে চাই।

মাদকের ভয়াবহতার কথা উল্লেখ করে আইজিপি বলেন, আমরা বাংলাদেশে আর মাদক দেখতে চাই না। আমরা মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।

আইজিপি বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ এর স্বপ্নপূরণে পুলিশকে মানুষের প্রথম ভরসাস্থল হিসেবে তৈরি করতে চাই। বর্তমানে পুলিশের অনেক সক্ষমতা রয়েছে। এ সক্ষমতা কাজে লাগাতে হবে। এ সময় জনগণের পাশে থাকতে হবে। মানুষের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না, শারীরিকভাবে নির্যাতন করা যাবে না। মানবিক আচরণ করতে হবে।

তিনি বলেন, জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। যাতে কেউ পণ্যের মজুতদারি অথবা মূল্য বৃদ্ধি করতে না পারে। নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে হবে।

পুলিশ প্রধান বলেন, ফোর্সের কল্যাণে কাজ করতে হবে। করোনাভাইরাস পরিস্থিতিতে দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্য অসুস্থ হলে তার চিকিত্সায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

দেশে দুই লাখ ১২ হাজার পুলিশ সদস্যের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকলকে দেশের কল্যাণে এবং রাষ্ট্রের অগ্রগতি ও উন্নয়নে কাজ করতে হবে।

এর আগে আইজিপি তার বক্তব্যের শুরুতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় চার নেতা, ৩০ লাখ শহীদ ও দুই লাখ বীরাঙ্গনাসহ মুক্তিযুদ্ধে আত্মোত্সর্গকারী সকল শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।

সাধারণ ক্ষমা ঘোষণা, বাহরাইনে শ্রমবাজারে আশার আলো

0

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) মহামারির পটভূমিতে অবৈধ বাংলাদেশিসহ বিদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে বাহরাইন। মানামায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম এ ব্যাপারে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিলেন। রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম শনিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বাহরাইনে সাধারণ ক্ষমা ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, করোনাভাইরাস মহামারিতে প্রবাসে বাংলাদেশের শ্রমবাজারগুলো যেখানে সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাহরাইনে অবৈধ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ আশার আলো হিসেবে আবির্ভূত হয়েছে। ওই দেশটিতে বর্তমানে অবৈধ অবস্থায় থাকা ৫০ হাজার বাংলাদেশি আছে। শ্রমিক ভিসায় গিয়ে যারা ভিসার মেয়াদ উত্তীর্ণ বা বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েছেন তাদের সিংহভাগই বৈধ হওয়ার সুযোগ পাবেন। ধারণা করা হচ্ছে, প্রায় ৪০ হাজার বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পেতে পারেন।

এদিকে অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য যে ফি আছে তাও তিন মাসের জন্য কমিয়ে এক-তৃতীয়াংশ নির্ধারণ করে দিয়েছে বাহরাইন সরকার। এর ফলে অবৈধ কর্মীদের বৈধ হওয়া আরো সহজ হবে।

জানা গেছে, বাহরাইনে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে ওই দেশটিতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার জন্য যথাযথভাবে আবেদন করার আহ্বান জানিয়েছে। সাধারণ ক্ষমা ঘোষণার সর্বোচ্চ সুফল যাতে বাংলাদেশিরা পান সে জন্য বাংলাদেশ দূতাবাস বাহরাইন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

বাহরাইনে বাংলাদেশ দূতাবাস গত ১৪ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে বৈধ হতে আগ্রহী বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত সেবা নিতে এই করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে দূতাবাসে না আসতে অনুরোধ জানিয়েছে। দূতাবাস বাহরাইন পোস্ট অফিসের সঙ্গে একটি চুক্তি সইয়ের কাজ করছে। সেটি চূড়ান্ত হলে বাংলাদেশিরা বাহরাইনের পোস্ট অফিসে গিয়ে পাসপোর্ট সেবা পাবেন। প্রবাসী বাংলাদেশিদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস বলেছে, বাহরাইন সরকার অবৈধদের বৈধ হওয়ার জন্য দীর্ঘ আট মাস সময় দিয়েছে।

জানা গেছে, বাহরাইনে নতুন করে কর্মী নেওয়া বন্ধ রয়েছে। আগামী বছরের শুরুতে অর্থনীতি চাঙা হলে নতুন করে কর্মী নেওয়া শুরু হতে পারে।

মসজিদে না গিয়ে ঘরে বসে আল্লাহকে ডাকেন : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতি এখনও বাংলাদেশ যথেষ্ট ভালো। যেখানে বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সেখানে আমরা ভালো আছি। আমরা বার বার ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। আসলে মানুষ কেন যেন বেশি সাহসী হয়ে গেছে। অনেকে মানতেই চায় না। আমি সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি।

আজ শনিবার বিকাল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যেখানে কাবা শরিফে কারফিউ দেওয়া হয়েছে, সেখানে বলব, মসজিদে না গিয়ে ঘরে বসে আল্লাহকে ডাকেন। আল্লাহ নিশ্চয় শুনবেন। স্বাস্থ্য সুরক্ষার যে নির্দেশনা, সবাই দয়া করে সেটা মেনে চলবেন। তাহলে কেউ করোনা ঝুঁকিতে পড়বেন না। স্বাস্থ্য সুরক্ষার সব নির্দেশনা মেনে চলবেন।

তিনি বলেন, স্বাস্থ্যখাতে এরকম একটা ঝড় উঠবে তা কল্পনার অতীত ছিল। আসলে ভাইরাসসহ সংক্রামক রোগের কোনো পূর্বের অভিজ্ঞতা ছিল না। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইড লাইন অনুসরন করে আমরা স্বাস্থ্য সুরক্ষার নিজস্ব কিছু চিন্তাভাবনা থেকে আমরা কতগুলো পদক্ষেপ সঙ্গে সঙ্গে নিতে থাকি।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা স্কুল, কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিই। প্রত্যেকের যাতায়াত আমরা সীমিত করে দিই। আমরা বিমানবন্দর, সমুদ্রবন্দর বন্ধ করে দিই। করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এমন সব জায়গায় আমরা বিভিন্ন বিধি নিষেধ আরোপ করি।

শেখ হাসিনা বলেন, এই করোনা নিয়ে অনেক গবেষণা হচ্ছে। অনেক চিন্তা হচ্ছে। অনেকেই বলছে শীত হলে বেশি হয়, গরম হলে কমে। আবার বলে গরম হলেও থাকবে। এর স্থায়িত্ব কী, অদ্ভুত একটা অবস্থা সারাবিশ্বে। কত শক্তিশালী দেশ, কত তাদের শক্তিশালী অস্ত্র। কোনো কিছুই কাজে লাগছে না। একটা ভাইরাস যা চোখে দেখা যায় না, কিন্তু তার কারণে সারাবিশ্ব স্থবির। সারাবিশ্বের মানুষ ঘরে বন্দী। এরকম অদ্ভুত পরিস্থিতি বোধ হয় আর কখনো হয়নি।