Home Blog Page 3012

করোনার প্রাদুর্ভাব সেপ্টেম্বরে শুরু হয়েছিল? যা বলছে নতুন গবেষণা

0

করোনাভাইরাস বিশ্বজুড়ে দুই মিলিয়নেরও বেশি মানুষকে সংক্রমিত করেছে। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস বিশ্বের প্রায় সব দেশে হানা দিয়েছে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, ডিসেম্বর মাসে এই মারণ ভাইরাসটি প্রথমে উহানে ছড়িয়ে পড়ে। কিন্তু যুক্তরাজ্যের গবেষকদের করা নতুন এক গবেষণা বলছে, প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে সেপ্টেম্বরের শুরুতেই।

ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা করোনার প্রাথমিক প্রাদুর্ভাবের সম্ভাব্য তারিখ নিয়ে অনুসন্ধান করেছেন। তাদের পাওয়া তথ্য বলছে, ১৩ সেপ্টেম্বর ও ৭ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।

এই সংক্রান্ত গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন পিটার ফ্রস্টার নামক বিশ্ববিদ্যালয়টির এক গবেষক। তিনি বলেন, অন্যান্যদের মধ্যে সংক্রমিত না হয়ে কয়েক মাস ধরে বাদুড় বা অন্যান্য প্রাণী; এমনকি মানুষের শরীরে ছিল ভাইরাসটি। কয়েক মাস আগে ভাইরাসটি মানুষের শরীরে আক্রমণ চালানোর জন্য নিজেই পরিবর্তন ঘটায়। এরপর ভাইরাসটি মানুষের শরীরে আক্রমণ চালায় ১৩ সেপ্টেম্বর ও ৭ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে।

গবেষকরা গাণিতিক অ্যালগোরিদম ব্যবহার করে করোনভাইরাস স্ট্রেন বিশ্লেষণ করেছেন গবেষণায়। গবেষণাটি এখনো পিয়ার-রিভিউ করা হয়নি। বাদুড়ের মধ্যে ভাইরাসটির উদ্ভবের সময়, বিজ্ঞানীরা আসল সার্স-কভ-২ এবং উহানে প্রথম পাওয়া ভাইরাসটির মধ্যে কয়েকশ বার মিউটেশন খুঁজে পান। সাধারণত একটি করোনাভাইরাস প্রতি মাসে একবার মিউটেশন করে।

গবেষকদের মতে, এটি ইঙ্গিত দেয় যে ভাইরাসটি বহু বছর ধরে চুপচাপ প্রাণী ও মানবদেহে ছড়িয়ে পড়েছিল। আর আজ এই করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। হাজার হাজার প্রাণ কেড়ে নিচ্ছে।

ফ্রস্টার বলেন, যদি আমাকে এই বিষয়ে কোনো কিছু বলতে বলা হয় তাহলে আমি বলব, করোনার মূল প্রাদুর্ভাব উহানের চেয়ে দক্ষিণ চীনে বেশি শুরু হয়েছিল। তবে প্রমাণ কেবল বাদুড়, সম্ভবত অন্যান্য সম্ভাব্য হোস্ট প্রাণী এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চীনা হাসপাতালে সংরক্ষণ করা টিস্যুর নমুনার বিশ্লেষণ থেকে পাওয়া যায়।

পিটার ফ্রস্টার বলেন, এই জাতীয় গবেষণা প্রকল্প করোনার ট্রান্সমিশন কিভাবে হয়েছিল তা বুঝতে এবং আমাদের ভবিষ্যতে এরকম ভাইরাস ছড়িয়ে পড়ার হাত থেকে বাঁচতে সহায়তা করবে।

করোনা নিয়ে এর আগে কয়েকটি গবেষণায় দাবি করা হয়েছে, যে করোনাভাইরাসটি ছড়িয়ে পড়েছে তা মানুষের তৈরি। কিন্তু গত মাসের এক গবেষণায় এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

স্ক্রিপস রিসার্চের গবেষকরা ভাইরাসের জিনোম সিকোয়েন্স ডেটা বিশ্লেষণ করেছেন এবং আবিষ্কার করেছেন যে ভাইরাসটি প্রাকৃতিক বিবর্তনের মধ্যে দিয়েই মানুষের শরীরে ঢুকেছে। গবেষণার লেখক ডা. ক্রিস্টিয়ান অ্যান্ডারসন বলেছিলেন, করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স ডেটার তুলনা করে বলতে পারি যে, এটি প্রাকৃতিক প্রক্রিয়ায় মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে।

সূত্র: মিরর।

অস্ট্রেলিয়ায় সামাজিক দূরত্ব মেনে চলতে হবে আরো এক বছর

0

করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কোন ওষুধ নেই, ভ্যাকসিন নেই। ঘাতক এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব মেনে চলাই তাই একমাত্র সমাধান। গবেষকেরাও বলছেন, শুধু সামাজিক দূরত্বের নিয়মকানুন মানলেই করোনার সংক্রমণে অর্ধেক মৃত্যু ঠেকানো সম্ভব।

তবে কবে থামবে ঝড়? কতো দিন মেনে চলতে হবে সামাজিক দূরত্ব? এই কয়দিনেই অধৈর্য হয়ে পড়েছে মানুষ। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন শুক্রবার (১৭ এপ্রিল) বলছেন, নভেল করোনার বিরুদ্ধে কোনও ভ্যাকসিন না পাওয়া গেলে অস্ট্রেলিয়ায় সামাজিক দূরত্বের ব্যবস্থা এক বছর বা তারও বেশি সময়ের জন্য অব্যাহত থাকতে পারে।

সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে স্কট মরিসন উল্লেখ করেছিলেন যে, ‘করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কোনও গ্যারান্টি নেই। কর্তৃপক্ষ সংক্রমণের বিস্তার রোধে তাই আগামী চার সপ্তাহের জন্য দেশে লকডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

মরিসন বলেছেন, সার্স বা মার্স ভাইরাসের জন্যও কোন ভ্যাকসিন ছিল না এবং সামাজিক দূরত্ব এমন একটি বিষয় যেটাতে আমাদের খুব অভ্যস্ত হওয়া উচিত।

শুক্রবার পর্যন্ত দেশটিতে কভিড -১৯ এ রোগে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪৯৭ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৫ জনের।

সূত্র- আনাদুলি এজেন্সি।

কেরালার নিজস্ব প্রযুক্তি, মাত্র ২ ঘণ্টায় করোনা টেস্ট

0

করোনা পরীক্ষার দ্রুত কিট নিয়ে আসছে কেরালা। কেরালার শ্রী চিত্রা তিরুনাল ইন্সটিটিউট ফর মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের তৈরি ডিভাইসে মানুষের দেহে করোনার জীবানু রয়েছে কি-না তা শনাক্ত করতে সক্ষম। পরীক্ষার ফলও ১০০ শতাংশ খাঁটি বলে দাবি করা হয়েছে।

নতুন এই কিট নমুনা সংগ্রহ থেকে ফল প্রকাশ পর্যন্ত সময় লাগবে মাত্র ২ ঘণ্টা। আর শনাক্তকরণের জন্য সময় লাগবে মাত্র ১০ মিনিট। বর্তমানে সোয়াব টেস্টের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত পরীক্ষা থেকে ফল প্রকাশ পর্যন্ত সময় লাগে প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা। কেরালার সংস্থা যে কিট তৈরি করেছে তাতে আরো দ্রুত পরীক্ষার ফলাফল জানা যাবে বলেই দাবি করা হচ্ছে।

নতুন এই কিটে পরীক্ষার খরচও অনেকটাই কম পড়বে। বর্তমানে ভারতের বেসরকারি ল্যাবগুলোতে পিসিআর পরীক্ষার জন্য প্রায় ৪৫০০ রুপি খরচ করা হয়। আর ডিভাইসটি তৈরি করতে খরচ হয়েছে আড়াই লাখ রুপি।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসসিটিএমআইএমএসটি-র তৈরি করা নতুন কিটের মাধ্যমে নমুনা পরীক্ষায় খরচ হবে মাত্র এক হাজার রুপি। সরকারি হাসপাতালের পাশাপাশি জেলা হাসপাতালের পরীক্ষাগারেও এই কিট থেকে নমুনা পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব বলে জানান হয়েছে।

তবে কেন্দ্রীয় সরকার এখনো এই কিট জনগণের ব্যবহারের জন্য অনুমতি প্রদান করেনি। তবে অনুমতি পেলে উৎপাদন আরো বাড়ান হবে বলেই জানান হয়েছে সংস্থার পক্ষ থেকে। সংস্থার দাবি একটি যন্ত্র ব্যবহার করে ৩০টি কিট পরীক্ষা করা সম্ভব। মাত্র ৩ সপ্তাহের গবেষণাতেই এই নতুন এই কিট তৈরি করা হয়েছে বলেও সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে।

করোনা : কঠোর হতে চাচ্ছে না সরকার

0

এই সংকটের সময়ে রাস্তাঘাটে মানুষজন ঘোরাফেরা করছে। পোশাক শ্রমিকরা রাস্তায় নামছেন। এরপরও পুলিশকে কঠোর হতে দেখা যাচ্ছে না। তারা জনসাধারণকে বুঝিয়ে ঘরে রাখার চেষ্টা করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনাভাইরাসের এই সংকটের সময়ে সরকার কঠোর হতে চাচ্ছে না। যে কারণে এ ধরনের কোনো নির্দেশনা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে কঠোর হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কালের কণ্ঠকে বলেন, দেখি কি করা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সংকটের সময়ে অনেক কিছুই ভাবতে হচ্ছে সরকারকে। ত্রাণ বিতরণ দরিদ্র মানুষের জীবনযাপন। তাদের রুটি-রুজি বিভিন্ন বিষয়ে ভাবতে হচ্ছে সরকারকে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কঠোর হওয়ার মতো কোনো নির্দেশনা দেওয়া হয়নি আইনশৃঙ্খলা বাহিনীকে।

জাহাজ জরিপে তিন হাজার টাকা ওভার টাইম নিচ্ছে নৌ বাণিজ্য দপ্তর

0

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটির মধ্যে কাস্টমস, বাণিজ্যিক ব্যাংক, উদ্ভিদ সংগনিরোধ দপ্তরসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অর্থনীতি সচল রাখতে নিরলসভাবে কাজ করছে। কার্যক্রম সচল রেখেছে চট্টগ্রাম বন্দর ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান। তারা বাড়তি প্রনোদনা ছাড়াই করোনা ঝুঁকি মাথায় নিয়ে কাজ করছে। বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি কমাতে এবং দ্রুত পণ্য ছাড় করতে স্টোর রেন্ট পর্যন্ত মাফ করেছে। কিন্তু ব্যতিক্রম সরকারি নৌ বাণিজ্য অধিদপ্তর। সরকারি ছুটির মধ্যে কাজ করে প্রতিষ্ঠানটি উল্টো ওভারটাইম হিসেবে প্রতি জাহাজের কাছ থেকে ৩ হাজার টাকার করে মাশুল আদায় করছে। ২৬ মার্চ থেকে এই সাধারণ ছুটির পর এই মাশুল আদায় শুরুর প্রতিবাদ করেছে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন।

ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি আহসানুল হক চৌধুরী কালের কণ্ঠকে বলেন, কঠিন দুঃসময়ে সরকারি অনেক প্রতিষ্ঠান অর্থনীতির চাকা সচল রাখতে নিরলসভাবে যখন কাজ করছে তখন সরকারী নৌ বাণিজ্য দপ্তর সার্ভেয়ারদের অধিকাল ভাতা হিসেবে বাড়তি প্রতি জাহাজের নো অবজেকশন সার্টিফিকেট বাবদ বাড়তি তিন হাজার টাকা আদায় করছে। এটা অযৌক্তিক অন্যায়।এটা বন্ধ করা উচিত।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের স্টোর রেন্ট মাফ করেছে; কন্টেইনার রাখার ভাড়া কমানোর জন্য আবেদন করেছে বিজিএমইএ। সরকার প্রণোদনা দিয়ে অর্থনীতির চাকা সচল রাখার চেষ্টা করছে ঠিক এমন সময়ে বাড়তি মাশুল আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জানা গেছে, বিদেশ থেকে যে জাহাজ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর জলসীমায় পৌঁছে সেই জাহাজের জন্য নো অবজেকশন সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। নৌ বাণিজ্য অধিদপ্তরের সার্ভেয়ার সরাসরি বহির্নোঙরে অবস্থানরত গিয়ে সরেজমিনে দেখে সেই সনদ দেন। আর সনদ নিয়ে কাস্টমস, বন্দরে জমা দিয়ে পণ্য ছাড়ের অনুমতি পান আমদানিকারক। সনদ নিতে গিয়ে বিদ্যমান সরকারি সাধারণ মাশুল পরিশোধ করেন শিপিং এজেন্টরা। এখন সরকারি সাধারণ ছুটি শুরুর পর থেকে নৌ বাণিজ্য অধিদপ্তর প্রতি জাহাজের নো অবজেকশন সার্টিফিকেট বাবদ বাড়তি তিন হাজার টাকা আদায় শুরু করছে।

হিসাব কষে দেখা গেছে, দিনে ৮-১০টি জাহাজের সার্ভে সনদ দেওয়া হয় তবে রবি ও বৃহস্পতিবার সেই সংখ্যা বেড়ে ১৫-২০টিতে উন্নীত হয়। ফলে দিনে ৩০ হাজার টাকার বাড়তি মাশুল আদায় করছে সরকারি নৌ বাণিজ্য দপ্তর।

জানতে চাইলে নৌ বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি সাড়া না দেওয়ায় মন্তব্য জানা সম্ভব হয়নি। তবে শিপিং এজেন্টদের পক্ষ থেকে মাশুল বাতিলের লিখিত প্রতিবাদের জবাবে তিনি লিখেন সরকারি আদেশ মেনেই এই অধিকাল ভাতা আরোপ করা হয়েছে। এই দপ্তরের পক্ষে সেটি বাতিলের এখতিয়ার নেই।

সরকারি ত্রাণ কার্যক্রমে দলীয় কমিটি নিয়ে টিআইবির সংশয়

0

দেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে যে ত্রাণ কার্যক্রম চলছে তাতে সহায়তা দিতে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের ‘ত্রাণ কমিটি’ গঠনের ঘোষণায় সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে, এই পদক্ষেপ যেন ‘স্থানীয় প্রশাসনকে সহায়তা দেওয়ার’ মধ্যেই সীমাবদ্ধ থাকে তা নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি বলছে, জাতির ক্রান্তিলগ্নে সব ধরনের রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সবার সর্বাত্মক অংশগ্রহণ জরুরি হলেও; দেশের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী চুরি ও আত্মসাৎসহ বিভিন্ন প্রকার দুর্নীতি এবং তাতে দলীয় নেতাকর্মীদের জড়িত থাকার যে খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তাতে এই দলীয় ‘ত্রাণ কমিটি’ কার্যত কতটুকু ইতিবাচক ভূমিকা পালন করবে তা নিয়ে সংশয় থাকাটা অস্বাভাবিক নয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলছেন, দেশ এবং দেশের মানুষ এখন এক মহাসংকট কাল অতিবাহিত করছেন। সবচেয়ে বেশি বিপন্ন অবস্থায় আছেন হতদরিদ্র জনগোষ্ঠী। এর সঙ্গে যুক্ত হয়েছেন করোনা সংক্রমণের কারণে সৃষ্ট অচলাবস্থায় বেকার হয়ে যাওয়া মানুষ। এদের সবার কাছেই সরকারি সহায়তা পৌঁছাতে হবে এবং এক্ষেত্রে দলীয় বিবেচনা বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবিরোধী অবস্থানসহ এই বিষয়ে তার সুস্পষ্ট নির্দেশনা ঘোষণা করেছেন, এবং আমরা আশ্বস্ত হতে চাই যে সরকার প্রধানের এই অবস্থান ত্রাণ তৎপরতার ক্ষেত্রে কঠোরভাবে প্রতিফলিত হবে। নতুন যে দলীয় কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে, তাদের দায়িত্বশীল অংশগ্রহণ হতদরিদ্রদের তালিকা তৈরিতে ইতিবাচক ভূমিকা তখনই পালন করতে পারে যখন তারা দলীয় বিবেচনার ঊর্ধ্বে থাকতে পারবেন। অন্ন সংকটে পড়া কেউ যেন বাদ না পড়েন তা নিশ্চিত করার একটা সুযোগ তৈরি হবে। কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে, দেশের নানা প্রান্ত থেকে রোজই আমরা ত্রাণ আত্মসাৎ ও চুরির খবর পাচ্ছি এবং দুঃখজনকভাবে এই অপকর্মে যারা জড়িত বলে অভিযোগ আসছে, তাদের প্রায় সবারই দলীয় পরিচয় রয়েছে। এমন বাস্তবতায় নতুন করে যে ত্রাণ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে তা এই অনিয়মের মাত্রা আরো বাড়িয়ে দিবে কী না সেই আশঙ্কা অমূলক নয়।

সম্প্রতি বিভিন্ন অনিয়মের ঘটনায় প্রশাসন যেভাবে কঠোর আইনানুগব্যবস্থা নিয়েছে তাকে সাধুবাদ জানিয়ে ড. জামান বলেন, ত্রাণ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি প্রশাসনকে এই কর্মকাণ্ড মনিটরিংসহ মূল ভূমিকা পালনের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

সাংবাদিকদের ঝুঁকিভাতাসহ বকেয়া বেতন পরিশোধের আহ্বান

0

এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মার্চ মাসের বেতন পরিশোধ না করায় গভীর উদ্বেগ জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। একই সঙ্গে কর্তব্যরত সাংবাদিকদের ঝুঁকি ভাতা প্রদানেরও দাবি জানানো হয়েছে।

এই দুর্বিসহ অবস্থায় মার্চ মাসের বেতন এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যে বকেয়াসহ পরিশোধ করা না হলে, ডিইউজে পরবর্তি পদক্ষেপ নেওয়াসহ সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি অবগত করতে বাধ্য হবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু আজ শুক্রবার বিবৃতিতে বলেন, ইতিমধ্যে সারা দেশে ১৬ জন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৯ জনই ঢাকার। অনেকের পরিবারের সদস্যরাও এই ভাইরাসে আক্রান্ত। প্রচন্ড স্বাস্থ্যঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে কাজ করে গেলেও বহু গণমাধ্যম প্রতিষ্ঠান এখনও সাংবাদিক-কর্মচারীদের বেতন ভাতাদি পরিশোধ করেনি। এমনকি, বহু প্রতিষ্ঠানে দীর্ঘদিনের বকেয়াও আটকে আছে। দেশের প্রচলিত এবং শ্রম আইনে যা অন্যায়, অমানবিক ও অপরাধের শামিল। উপরন্তু নানা অজুহাত দেখিয়ে কয়েকটি দৈনিকের প্রিন্টভার্সন ইতিমধ্যে বন্ধ করা হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান আবার বেতন কমিয়ে আনারও পঁয়তারা করছে।

ডিইউজে নেতারা বলেন, ডিইউজে দাবি জানাচ্ছে- দুর্যোগকালীন সময়ে কর্মরত সাংবাদিকদের প্রতি কর্মদিবসের জন্যে বাড়তি একদিনের সমপরিমাণ ঝুঁকি ভাতা গণমাধ্যম মালিকদের প্রদান করতে হবে। নিকট অতীতেও হরতালের মতো রাজনৈতিক কর্মসূচিতে দায়িত্বপালনকারীদেরও ঝুঁকি ভাতা প্রদান করা হতো। বিবৃতিতে, করোনাভাইরাসের জন্য দেশব্যাপী ছুটি চলাকালে সাংবাদিকদের নিরাপদে কমর্স্থলে আনা নেওয়ার জন্যে পরিবহণ সুবিধা নিশ্চিত করার দাবিও জানান ডিইউজের নেতারা।

বিবৃতিতে নেতারা বলেন, ‘করোনাভাইরাসের মতো ভয়ঙ্কর দুর্যোগ পরিস্থিতিতে প্রয়োজনীয় নিরাপত্তা সাপোর্ট ছাড়া সাংবাদিকরা শত ঝুঁকির মধ্যেও কাজ করছেন, কেবলমাত্র পেশাগত দায়িত্ববোধ, পরিবারের ভরণপোষণের আর্থিক সুরক্ষা, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি ও রাষ্ট্রের কথা ভেবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, ইতিমধ্যে দেড় মাস পার হয়ে যাওয়ার পরেও বেশিরভাগ গণমাধ্যমে এখন পর্যন্ত মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়নি। অথচ সবাই অবগত রয়েছেন করোনাভাইরাসের প্রেক্ষিতে জীবন যাত্রার প্রাত্যাহিক ব্যয় অনেকাংশে বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রতিটি দিন পার করতে হিমশিম খাচ্ছেন বেশিরভাগ সাংবাদিক পরিবার। তার মধ্যে আবার যারা কিছুটা অসচ্ছল ও কম বেতনধারী, তাদের অবস্থা খুবই বেদনাদায়ক ও নাজুক।

ব্যাংকক থেকে মরদেহসহ দেশে ফিরেছে আটকে পড়া ৪৯ জন

0

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আটকে পড়া ৪৮ জন যাত্রী ও কালের কণ্ঠের প্রতিবেদক শফিক শাফির বাবা হারুন অর রশিদ-এর মরদেহ নিয়ে দেশে ফিরেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৪ ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ব্যাংককের থাকসিন হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ মার্চ ইন্তেকাল করেন শফিক শাফির বাবা। করোনাভাইরাসের মধ্যে বাংলাদেশ থেকে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ থাকায় এরপর থেকে হাসপাতালটির হিমঘরে রাখা হয় মরদেহ। পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনুমোদন নিয়ে ফ্লাইটটি ঢাকায় আসার অনুমতি পায়।

শফিক শাফি বলেন, ‘অনেক চেষ্টার পর আমরা শুক্রবার আব্বাকে থাইল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনতে পেরেছি। সঙ্গে যাওয়া মা, ভাই, বোনরাও দেশে ফিরতে পেরেছেন। আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। আগামীকাল শনিবার সকাল ৯টায় মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার রামকৃষ্ণ দিতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। আমি সকলের কাছে বাবার জন্য দোওয়া চাই।’

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘ফ্লাইটের সবাই স্বাস্থ্য সনদ নিয়ে দেশে এসেছেন। থাইল্যান্ডে তাদের কারও শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়নি। তবুও তাদের স্ক্রিনিংয়ের পর তাদের প্রয়োজন অনুযায়ী হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’

তিনি বলেন, করোনাভাইরাসের দূর্যোগকালীন সময়ে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রথম কোনো স্পেশাল ফ্লাইট পরিচালনায় এগিয়ে এলো ইউএস-বাংলা এয়ারলাইনস।

বর্তমানে একমাত্র ইউএস-বাংলা এয়ারলাইনস প্রতি শনিবার একটি ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া দূর্যোগকালীন সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে প্যাসেঞ্জার ফ্লাইট পরিচালনা ছাড়াও কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেবিচক।

করোনা সংক্রমণে ইউরোপ-আমেরিকার চেয়ে আমরা ভালো আছি

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা সংক্রমণে বিশ্বের ২১০টি দেশ আক্রান্ত। এর মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৪তম। তুলনামূলকভাবে আমরা ইউরোপের দেশগুলোর চেয়ে ভালো অবস্থানে রয়েছি। ঐক্যবদ্ধ ভাবে করোনা মোকাবেলা করতে পারলে এ সংকটের কালো মেঘ কেটে যাবে।

আজ শুক্রবার দুপুরে তার সরকারি বাসভবনে দেশের চলমান করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন,

সেতুমন্ত্রী বলেন, এই সংকটকালে যারা সামনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন বিশেষ করে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা র‌্যাব-পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যম ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।

মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার গঠন করা হয়। সেদিনই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়।

আজকের সারাবিশ্বব্যাপী মহাদুর্যোগ করোনাভাইরাসের কারণে দিনটি আনুষ্ঠানিকভাবে পালন করতে না পারলেও আমাদের চেতনায় বিশ্বাসে এ ঐতিহাসিক দিনটির তাৎপর্য চিরভাস্বর হয়ে থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্ব করোনা মোকাবেলায় আমাদের ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। আমরা যদি সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি, সকলে ঘরে থাকি, ইনশাআল্লাহ তাহলে আমাদের জয় হবেই।

সেতুমন্ত্রী বলেন, প্রানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ইউনিয়ন পর্যন্ত ত্রাণ কমিটি গঠন করে প্রশাসনের সাথে সমন্বয় করে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে ত্রাণ বিতরণ প্রক্রিয়ায় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের অংশ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, ত্রাণ বিতরণে কোনরকম অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের কঠোর অবস্থানের কথা ইতোমধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন। দলীয় পরিচয় কেউ ত্রাণ নিয়ে নয়ছয় করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন তিনি।

করোনায় মৃত্যু বেড়ে ৭৫, শনাক্ত ১৮৩৮

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৫ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৮৩৮।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় ২,১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আরোগ্য লাভ করেছেন ৯ জন। এনিয়ে মোট ৫৮ জন সুস্থ আরোগ্য লাভ করলেন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।