Home Blog Page 3014

বাসা ছাড়তে বললে বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা

0

চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো এবং চিকিৎসাক্ষেত্রে জড়িত চিকিৎসক-নার্সদের মধ্যে কেউ কেউ বাড়িওয়ালার বিরূপ আচরণের শিকার হয়েছেন। এমন দু-তিনটি ঘটনা ইতিমধ্যেই শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছেন এমন ডাক্তার-নার্সদের বাসা ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রামের একাধিক বাড়িওয়ালা।

বিষয়টি নজরে আসার পরপরই এই বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। তিনি বলেন, চিকিৎসক-নার্সরাই এখন করোনাযুদ্ধের অগ্রণী সৈনিক। তারাই চিকিৎসা-সেবা দিয়ে রোগীর জীবন বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু এমন চিকিৎসক-নার্সদের কোনো কোনো বাড়িওয়ালা বাসা ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। যা চরম অমানবিক। এমন আচরণ সহ্য করা যায় না। তাই যদি বাড়িওয়ালা চিকিৎসক-নার্সদের বাসা ছেড়ে দেওয়ার নির্দেশনা দেন, তাহলে সংশ্লিষ্ট বাড়িওয়ালার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, চিকিৎসক বাঁচলেই চিকিৎসা হবে, নার্স বাঁচলে সেবা চলবে। এখন যদি তাঁদেরকে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয় তাহলে চলবে না।

এমন অমানবিক আচরণের শিকার হলে সংশ্লিষ্ট ডাক্তার-নার্সদের সিএমপির হটনম্বর ০১৪০০৪০০৪০০/ ০১৮৮০৮০৮০৮০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ডাক্তার-নার্সদের কাছ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যবস্থা নেবে।

১২৫০ কর্মহীন শ্রমিককে খাবার দিলেন পরিবেশমন্ত্রী

0

নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার এক হাজার ২৫০ জন পরিবহন শ্রমিকের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৮০০ জন এবং জুড়ী উপজেলার ৪৫০ জন পরিবহন শ্রমিকের বাড়িতে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হয়।

এসময় প্রত্যেক শ্রমিককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ১ কেজি করে ডাল দেওয়া হয়। জুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা বদরুল হোসেন এবং বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে আজ বৃহস্পতিবার ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

খাদ্যদ্রব্য বিতরণ বিষয়ে পরিবেশ মন্ত্রী জানান, তাঁর নির্বাচনী এলাকার কেউ না খেয়ে থাকবে না। করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, জরুরি প্রয়োজনে বাইরে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষকে মানবিক সহায়তার অংশ হিসেবে এসব ত্রাণ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী। এর আগে গত সপ্তাহে পরিবেশ মন্ত্রী নিজের ব্যক্তিগত উদ্যোগে তাঁর নির্বাচনী এলাকার এক হাজার ৭০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রি বিতরণ করেন।

ভুটানে জরুরি ভিত্তিতে ওষুধ পাঠালেন প্রধানমন্ত্রী

0

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ থেকে ভুটানের জ্যেষ্ঠ নাগরিকদের জন্য জরুরি ওষুধ সামগ্রীর দুটি চালান পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভুটানের সঙ্গে সম্পর্ক চমৎকার। স্বাধীনতার পর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ ভুটান। ওই দেশটির রাজার অনুরোধে প্রধানমন্ত্রী তার ত্রাণ তহবিল থেকে ওই জরুরি ওষুধ সহায়তা পাঠিয়েছেন।

ওষুধ সামগ্রীর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মার ১০ লাখ ইউনিট মাল্টি-ভিটামিন বেক্সট্রাম গোল্ড ও স্কয়ার ফার্মার পাঁচ লাখ ইউনিট ভিটামিন সি সিভিট। জরুরি সহায়তার প্রথম চালানটি বৃহস্পতিবার সড়কপথে ঢাকা ছেড়েছে। এটি লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত হয়ে থিম্পু পৌঁছাবে। দ্বিতীয় চালানটি আগামী রবিবার আগামী রবিবার বুড়িমারী সীমান্তে পৌঁছাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এর আগেও বাংলাদেশ ভুটানে হ্যান্ড সেনিটাইজারসহ জরুরি চিকিৎসা সামগ্রীর একটি চালান পাঠিয়েছে। গতকাল বুধবার জরুরি সহায়তা সামগ্রী নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ চট্টগ্রাম থেকে মালদ্বীপের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

সমগ্র বাংলাদেশকে করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ ঘোষণা

0

করোনাভাইরাসের দেড় হাজারের বেশি রোগী পাওয়ার পাওয়ার পর সমগ্র বাংলাদেশ করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হলো স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ সংক্রান্ত এক আদেশ জারি করে অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, জনগণকে অবশ্যয় ঘরেই অবস্থান করতে হবে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবে না বলেও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে ৪৩ জেলায় এই পর্যন্ত এক হাজার ৫৭২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু ঘটে করোনাভাইরাসে এই সময়ে আক্রান্ত হন ৩৪১ জন।

ঢাকার ১০৪ এলাকায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত

0

ঢাকার ১০৪ জায়গায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৬০৮। আজ বৃহস্পতিবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এই হালনাগাদ তথ্য দিয়েছে।

ঢাকায় এ মুহূর্তে শনাক্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ওয়ারিতে। আজ পর্যন্ত সেখানে শনাক্ত রোগীর সংখ্যা ২৭ জন। এরপরই সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন যাত্রাবাড়ীতে, ২৩ জন। তা ছাড়া মোহাম্মদপুরে আক্রান্তের সংখ্যা আজ ২২, লালবাগে ২১, টোলারবাগে ১৯, ধানমন্ডিতে ১৮, বাসাবো ১৭, তেজগাঁও ১৬ জন, মহাখালীতে ১২, মিরপুর ১১-তে ১১ ও মিরপুর ১২-তে ১০ জন রোগী শনাক্ত হয়েছেন।

ঢাকায় রোগী শনাক্ত হওয়া এলাকাগুলো হলো: আদাবর, আগারগাঁও, আরমানিটোলা, আশকোনা, আজিমপুর, বাবুবাজার, বাড্ডা, বেইলি রোড, বনানী, বংশাল, বানিয়ানগর, বাসাবো, বসুন্ধরা, বেগুনবাড়ি, বেগমবাজার, বেড়িবাঁধ, বকশিবাজার, বসিলা, বুয়েট এলাকা, সেন্ট্রাল রোড, চানখাঁরপুল, চকবাজার, ঢাকেশ্বরী, ধানমন্ডি, ধোলাইখাল, দয়াগঞ্জ, ইস্কাটন, ফরিদবাগ, ফার্মগেট, গেন্ডারিয়া, গোপীবাগ, গ্রিন রোড, গুলিস্তান, গুলশান, হাতিরঝিল, হাতিরপুল, হাজারিবাগ, ইসলামপুর, জেলগেট, যাত্রাবাড়ী, জিগাতলা, জুরাইন, কল্যাণপুর , কামরাঙ্গীরচর, কাজীপাড়া, কারওয়ান বাজার, কচুক্ষেত, খিলগাঁও, কদমতলী, কোতোয়ালি, কুড়িল, লালবাগ, লক্ষ্মীবাজার, মালিবাগ, মানিকদী, মাতুয়াইল মীর হাজিরবাগ, মিরপুর-১, মিরপুর-৬, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, মিটফোর্ড, মগবাজার, মহাখালী, মোহাম্মদপুর, মতিঝিল, মুগদা, নওয়াবপুর, নারিন্দা, নাখালপাড়া, নিকুঞ্জ, পীরেরবাগ, পুরানা পল্টন, রাজারবাগ, রামপুরা, রমনা, রায়েরবাগ, রায়েরবাজার, সবুজবাগ, সায়েদাবাদ, সায়েন্স ল্যাব, শাহ আলীবাগ, শাহবাগ, শাঁখারি বাজার, শান্তিবাগ, শ্যামপুর, শান্তিনগর, শ্যামলী, শেওড়াপাড়া, শেখেরটেক, সোয়ারীঘাট, সিদ্ধেশ্বরী, শনির আখড়া, সূত্রাপুর তেজগাঁও, তেজতুরী বাজার, তোলারবাগ, উর্দুরোড, উত্তরা, ভাটারা ও ওয়ারি।

করোনায় মেয়েসহ লন্ডনে আটকে গেলেন ফাহমিদা

0

করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে লন্ডন থেকে ঢাকায় ফেরা হলো না সংগীতশিল্পী ফাহমিদা নবীর। ছোট বোনের কাছে বেড়াতে গিয়ে একমাত্র মেয়েসহ সেখানে আটকে আছেন এই সংগীতশিল্পী। আজ মঙ্গলবার দুপুরে লন্ডন থেকে এমনটাই জানালেন ফাহমিদা নবী।

মেয়েকে নিয়ে মাসখানেক আগে যুক্তরাজ্যে বেড়াতে গিয়েছিলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। বেড়ানো শেষে গতকাল মঙ্গলবার ঢাকায় ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশটিতেও লকডাউন পরিস্থিতি তৈরি হওয়ায় যুক্তরাজ্যে আটকে আছেন তিনি। লকডাউন থাকলেও নিজের দেশ নিয়ে ভীষণ চিন্তার মধ্যে আছেন এই সংগীতশিল্পী।

লন্ডনের আর্চ ব্রিচ এলাকায় বোন অন্তরার বাসায় আছেন ফাহমিদা নবী। বললেন, ‘সবাই মিলে বাসায় আছি। ঘরবন্দী। অন্তরার সাততলার বাসার জানালা থেকে খোলা আকাশ দেখা যায়। চমৎকার লেক দেখা যায়, জানালার কাচে বৃষ্টির বেয়ে পড়া জল দেখছি। এত শীতে অনেক রোদ আসে ঘরে, রোদ পোহাই। এই বৃষ্টি এই রোদ। সন্ধ্যা হতে না হতেই একেবারে গভীর নীরবতা ছেয়ে বসে রাতের অন্ধকার। সবকিছু মিলে কেমন যে লাগছে।’

ফাহমিদা নবী বললেন, ‘কয়েক বছর ধরে একবার করে আসি। বেড়িয়ে যাই। এবারও গিয়েছিলাম। কিন্তু বেড়ানো হয়নি। বুঝতে না বুঝতেই সবকিছু লকডাউন করে দিয়েছে। এমনিতেই তো নীরব শহর, এখন এত নীরবতা। রাস্তায় কোনো গাড়ি নেই, মানুষ নেই, নীরবতার চরম পর্যায়ে আছি।’

এমনিতে বাসা থেকে বের হচ্ছেন না, তবে খুব জরুরি প্রয়োজনে বের হতে হচ্ছে বলে জানালেন ফাহমিদা নবী। বললেন, ‘লকডাউনের সময় মাঝেমধ্যে বের হতে হয়, দূরত্ব বজায় রেখে চলতে হয়। অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। দোকানে দুজনের বেশি ঢুকতে দেয় না। শুনছি, আরও ৬ মাসের মতো লকডাউন দিতে পারে। কী যে করব, কিছুই বুঝতে পারছি না।’

করোনাভাইরাসের এই সময়টায় ফাহমিদা নবীর নানা রকম উপলব্ধিও হচ্ছে। নিজের উপলব্ধির কথা এভাবে বললেন, ‘পৃথিবীতে এমন কিছু ঘটবে, কেউই ভাবতে পারেনি। সবকিছু সাধারণভাবেই চলছিল। আমরা তো এমন পরিস্থিতির সঙ্গে পরিচিত ছিলাম না। হঠাৎ করে পুরো পৃথিবী বন্ধ হয়ে গেল একসঙ্গে। উঁচু-নিচু, ধনী-গরিব কোনো ভেদাভেদ নেই। সবাই এখন ঘরে বন্দী। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে পারে, যদি বাসায় থাকে সবাই। বাসায় বসে সারাক্ষণ বাংলাদেশের কথা ভাবছি। যেতে পারলেই যেন বাঁচি। এখন তো দেশের টান আরও বেশি বুঝতে পারছি।’

করোনায় ফাহমিদা নবীর মন এলোমেলো হয়ে গেছে। দেশে ফিরতে না পারাটাই মন এলোমেলো হওয়ার প্রধান কারণ। ফাহমিদা নবী বললেন, ‘কবে নিজের দেশে ফিরতে পারব, জানি না! অন্তরার বাসায় আনমোল, তাজরীয়ানকে নিয়ে কাটছে দিন। তবু ঢাকা টানছে, নিজের ঠিকানাটার জন্য মন অস্থির হয়ে আছে! ভাবছি, কবে এই মহাবিপদ থেকে পুরো বিশ্ব মুক্তি পাবে।’

লন্ডনের বাসায় বসে কীভাবে সময় কাটছে, সেই অভিজ্ঞতা নিজের ফেসবুকে লিখেছেন ফাহমিদা নবী। তিনি লিখেছেন, ‘গৃহবন্দী থাকছি, সজ্ঞানে। তাই নিজেকে মানসিকভাবে ব্যস্ত রাখতে সকাল থেকে রাত পর্যন্ত নানাভাবে ব্যতিব্যস্ত রাখছি। কখনো রান্না করছি। চালের আটার রুটি বানাতে গিয়ে ত্যাড়াবেঁকা রুটি বানালেও মোটামুটি ভালোই লেগেছে খেতে। ভাবছি ঢাকায় ফিরে একটা রেস্টুরেন্ট খুলব। নাম দেব “জোড়াতালি”। কারণ, এত জোড়াতালিতে জীবনযাপন, মন্দ কী এমন নামে। এর বাইরে কখনো টিভি দেখছি। ইউটিউবে যা ভালো লাগছে দেখছি। ঘর পরিষ্কার করছি। আর ফেসবুকের বন্ধুরা তো আছেই সব সময় পাশেই।’

ফাহমিদা নবী তাঁর ফেসবুকে লেখেন, ‘আটকে গেল চলাচল, বন্ধ নয় নিজেই বন্দী হলাম নিজের কাছে! নিজের কর্মের হিসাব নেবার-দেবার পালা হলো শুরু। কত দ্রুত বদলে গেল জীবনের সব আয়োজন। যুদ্ধ নয়, তবু এক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি, আকাশের দিকে চোখ মেলে নীরব অশ্রুপাতে! কেউ নয় কারও, একি হলো? এমন এক ক্রান্তিলগ্নে, কে কখন এই ভাইরাসের রাহুতে পড়ে যাচ্ছে, কেউ জানি না! তাই সাবধানে থাকতে হচ্ছে। সচেতন হয়ে নিজেকে একঘরে করে রাখতে হচ্ছে! চাইলেও কেউ বলবে না বেড়াতে আসো বাসায়! কেউ বলবে না তুমি ভীষণ অসামাজিক হয়ে গেছ। বিরাট পরিবর্তন পৃথিবীর। করোনার মোকাবিলায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই প্রতিদিন। ভাবছি, মানুষ এই মানবিক যুদ্ধে জিততে পারবে তো? কেউ জানি না কার কখন কী হবে! শুধু না–জানা এক অপেক্ষায় বসে আছি। চেষ্টা চলছে হয়তো সব ঠিক হয়ে যাবে সেই আশায়!’

করোনাভাইরাস মনে একটা বড় প্রশ্ন তৈরি করে দিয়েছে বলে মনে করছেন ফাহমিদা নবী। বললেন, ‘এই অভিশাপ থেকে কবে পুরো বিশ্বের মুক্তি হবে, তা জানা নেই। কবে ফিরবে সবার নিশ্বাসে স্বপ্নের ছুটে চলা। সব সময় বলি মানুষ বাঁচে আশায়। হয়তো সেদিনের আশায় আছি, যেদিন সবার মধ্যে বদলে যাওয়ার, ভালো, সত্য হাওয়া ফিরবে। প্রকৃতিও নিশ্বাস নেয়, তা ভুলে গেছিলাম। তাই প্রকৃতির ভারসাম্যকে ফেরানোর নির্মাণকাজ চলছে! সৃষ্টিকর্তা মানুষকে হয়তো আবার নতুন করে গড়ে দিচ্ছেন, তাতে নিজেদের অভ্যস্ততায় এক নতুন সময়ের সঙ্গে অভ্যস্ত হবে মানুষ। অনেক দুঃখের পর সুখ আসবে, আশায় আছি। অনেক আঁধারে একটু আলোর দিশা খুঁজে আলোর দিকে এগিয়ে যাবে মানুষ, শুধরে নেবার সঠিক সময় এখনই।’

ঢাকা মেডিকেলে পিপিই দিলেন কুসুম শিকদার

0

করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিলেন অভিনয়শিল্পী কুসুম শিকদার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস চিকিত্সার সঙ্গে যুক্ত চিকিৎসক ও নার্সদের মধ্যে পিপিই দিলেন এ অভিনয়শিল্পী। মঙ্গলবার বিকেলে এগুলো গ্রহণ করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, উপস্থিত চিকিৎসক ও নার্সরা।

গত ২৬ মার্চ থেকে নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন এ অভিনেত্রী। তাই তাঁর ব্যক্তিগত গাড়ির চালককে পাঠিয়ে এই সুরক্ষা সরঞ্জাম পাঠানো হয় সেখানে। কুসুম শিকদার বলেন, ‘আমি হোম কোয়ারেন্টিনে থাকার কারণে যেতে পারিনি। আমার গাড়িচালক সেখানে গিয়ে হাসপাতালের পরিচালক এবং ওই বিভাগের চিকিৎসক ও নার্সদের হাতে পৌঁছে দিয়েছেন পিপিইগুলো।’

কুসুম শিকদার জানান, পিপিই একবার ব্যবহার করা যায়। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। ফলে বিশ্বব্যাপী চিকিৎসক ও নার্সদের কাছে সংকট তৈরি হয়েছে এই সরঞ্জামের। তিনি বলেন, ‘যেহেতু একবার ব্যবহার করেই ফেলে দিতে হচ্ছে, সে কারণে এর চাহিদা তৈরি হচ্ছে বিশ্বব্যাপী। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তাই পিপিই বেশি জরুরি আমাদের এখানে।’

দৈনিক মজুরিতে কাজ করা শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনয়শিল্পীরা। তাঁদেরকে খাবার, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদি দিয়ে সহযোগিতা করছেন বিনোদন জগতের তারকারা। এ ব্যাপারটিরও প্রশংসা করেছেন কুসুম। এ ব্যাপারে তিনি বলেন, ‘এ উদ্যোগটি ভালো। তবে যাঁরা চিকিত্সা দেবেন, তাঁদের সুরক্ষা আরও বেশি প্রয়োজন। কেননা চিকিৎসক ও নার্সরা নিরাপদ না থাকলে রোগীর কোনো চিকিত্সাই হবে না। সুতরাং এটি খুবই জরুরি।’

ছোট পর্দার এ অভিনেত্রী ও সাবেক লাক্স তারকা জানান, আগামী সপ্তাহে স্বল্প আয়ের মানুষের জন্য কিছু খাবার বিতরণ করবেন তিনি।

তালিকা করে খাদ্য সহযোগিতা পৌঁছে দেওয়া হবে : হানিফ

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যাদের খাদ্য সহযোগিতা প্রয়োজন তাদের তালিকা করে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, প্রধানমন্ত্রী দলীয়ভাবে ত্রাণ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে প্রকৃতই যাদের খাদ্য সহযোগিতা প্রয়োজন তাদের তালিকা করে খাদ্য সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।

এ সময় জেলা প্রশাসক আসলাম হোসেন, সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, স্বাচিপ নেতা ডা. আমিনুল হক রতনসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘরে বসেই মুজিবনগর দিবস পালন করুন : সেতুমন্ত্রী

0

ঘরে বসেই ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের জন্য আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৃষ্ট সংকটের কারণে মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ নির্যাতিত মা-বোন, মুক্তিযুদ্ধের সকল সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ঘরে বসেই ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের জন্য আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহসহ সর্বস্তরের জনগণ ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, করোনা প্রতিরোধ যুদ্ধে সামনে থেকে যে সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা জীবনবাজী রেখে সেবা প্রদান করে চলেছেন ঐতিহাসিক মুজিবনগর দিবসে তাদের সকলকে সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা।

কাদের বলেন, প্রাণঘাতি করোনাভাইরাসের কোনো প্রতিষেধক বা প্রতিকার না থাকায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলাই একমাত্র উত্তম পন্থা। মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ঘরে ঘরে স্বাধীনতার দুর্গ গড়ে তুলেছিল।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে পারলে জয় আমাদের হবেই। বাংলাদেশের সকল মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শেখ হাসিনার নেতৃত্বে আমরা মারাত্মক করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে সক্ষম হবো।

করোনায় মৃত্যু বেড়ে ৬০, শনাক্ত ১৫৭২

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ১০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬০ জনে। এছাড়া দেশে আজ করোনা শনাক্ত হয়েছে ৩৪১ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭২ জনে।

আজ বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় ২০১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।