Home Blog Page 3016

করোনায় কণ্ঠশিল্পীর মৃত্যু

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেলেন বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় পল্লিগীতি শিল্পী বীণা মজুমদার। নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মিলি সুলতানা।

গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে মিলি সুলতানা লিখেছেন, ‘করোনার মুহুর্মুহু থাবায় মায়ার বাঁধন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন ফরিদপুরের বীণা মজুমদার। আল্লাহ তাঁকে বেহেশতের মেহমান বানিয়ে নিন, আমিন।’

দীর্ঘদিন ধরে নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন বীণা মজুমদার। কয়েক বছর আগে কিছুটা অসুস্থ অবস্থাতেই যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। সেখানকার চিকিৎসায় খানিকটা সুস্থ্য হয়ে উঠেছিলেন। শেষ পর্যন্ত করোনাভাইরাস কেড়ে নিল তাঁর প্রাণ।

বীণা মজুমদার বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লিগীতি শিল্পী ছিলেন। তাঁর মৃত্যুতে শোকাহত বাংলাদেশের সংগীতাঙ্গনে। তাঁর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে সংগীতশিল্পীদের সংঘ রেশ ও বাংলাদেশ ফোক আর্ট কাউন্সিল।

ফেসবুক লাইভে এসে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

0

ফেনীতে পারিবারিক কলহের জের ধরে তাহমিনা আক্তার (২৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় স্বামী ওবায়দুল হক ভূঁঞা ওরফে টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার বেলা দুইটার দিকে ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বারাহিপুরে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সময় ওবায়দুল এ ঘটনার ভিডিও ফেসবুকে ‘লাইভ’ ধারণ করেন এবং এ ঘটনায় নিজের দায় স্বীকার করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, প্রায় সাড়ে তিন বছর আগে ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বারাহিপুর গ্রামের গোলাম মাওলা ভূঁঞার ছেলে ওবায়দুল হক ভূঁঞা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আকদিয়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে তাহমিনা আক্তারকে বিয়ে করেন। তাঁদের তাফান্নুন আরোয়া মায়োস নামে দেড় বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

পরিবার সূত্র জানায়, ওবায়দুল হক ভূঁঞা ঢাকায় একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। স্ত্রী ও মেয়ে ফেনীর বাড়িতেই থাকত। করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে ঢাকার কিছু এলাকায় লকডাউন করে দেওয়া হলে ওবায়দুল হক ফেনীর বাড়িতে চলে আসেন।

স্ত্রীকে কুপিয়ে হত্যার আগমুহূর্তে ভিডিওতে ওবায়দুল হক সবার কাছে মাফ চান এবং ঘটনার জন্য নিজেই দায়ী বলে স্বীকার করেন। এ ছাড়া পারিবারিক অশান্তির জন্য স্ত্রীকে দায়ী করেন। তাঁর স্ত্রী পরিবারকে ‘ব্ল্যাকমেল’ করতেন বলেও দাবি করেন। তিনি ভিডিওতে তাঁর মেয়েকে দেখভালের জন্য সবার কাছে অনুরোধ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওবায়দুল হকের কক্ষে তাঁর স্ত্রী ছাড়া আর কেউ ছিল না।

ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে ওবায়দুলকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, এই ধরনের জঘন্য ঘটনা কীভাবে ঘটানো যায়, তা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। তিনি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী নিয়ে মালদ্বীপ যাত্রা করল নৌবাহিনীর জাহাজ

0

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে প্রতিবেশী দেশ মালদ্বীপের প্রতিবন্ধুত্বপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শনসরূপ প্রয়োজনীয় জরুরি ঔষধ, চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী পিপিই, মাস্ক, গ্লাভস, জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি পৌঁছে দিতে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। আজ বুধবার দুপুরে জাহাজটি এ সকল সামগ্রী নিয়ে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে। এসময় কমান্ডার বিএনফ্লিট রিয়ার এডমিরাল এম মাহবুব-উল-ইসলামসহ চট্টগ্রাম নৌঅঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তাগণ আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানান।

বাংলাদেশ সরকার বরাবরই প্রতিবেশী দেশের যেকোন প্রয়োজনে এগিয়ে এসেছে। এই ধারাবাহিতায় বিশ্বব্যাপী সংক্রমিত করোনা ভাইরাস মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শন হিসেবে বন্ধু প্রতিম মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সলিহ এর নিকট এসকল জরুরি ঔষধ, চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। দ্রুততম সময়ের মধ্যে এসকল সামগ্রী সংগ্রহ করে নৌবাহিনী জাহাজের মাধ্যমে দেশটিতে পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। এসকল সামগ্রীর মধ্যে রয়েছে ২০ হাজার পিস পিপিই সেট, ৫ হাজার পিস হ্যান্ডস্যানিটাইজার, ৯৬০ পিস নিরাপত্তা চশমা ও ৪০ কার্টন জরুরি ঔষধ। পাশাপাশি প্রায় ৮৫ টন খাদ্য সামগ্রী ও পাঠানো হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে এ সহায়তা দেশটিতে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

জাহাজটি আগামী ২০ এপ্রিল মালদ্বীপে পৌঁছানোর পর দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল নাজমুল হাসান এর উপস্থিতিতে জাহাজের অধিনায়ক কমান্ডার এ এফ এম আহসান উদ্দিন মালদ্বীপ সরকারের প্রতিনিধি দলের নিকট বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসকল সামগ্রী হস্তান্তর করবেন। জরুরি এ সহায়তা শেষে জাহাজটি আগামী ৩০ এপ্রিল দেশে ফিরবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ মালদ্বীপের জরুরি প্রয়োজনে এর আগে ও বাংলাদেশ এগিয়ে এসেছিল। গত ২০০৪ সালে মালদ্বীপে ঘটে যাওয়া ভয়াবহ সুনামিতে ক্ষতিগ্রস্থদের সহায়তায় এবং ২০১৪ সালে দেশটির ডিস্যালাইনেশন প্লান্টে অগ্নি কান্ডের ঘটনায় পানি সংকট মোকাবেলায় বাংলাদেশ হাত বাড়িয়ে দিয়েছিল। সেসময় বাংলাদেশ সরকারের নির্দেশনায় নৌবাহিনী জাহাজের মাধ্যমে দেশটিতে জরুরি খাদ্য সহায়তা এবং বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেয়া হয়েছিল। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে এধরনের সহযোগিতা দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আর ও সুদৃঢ় করবে বলে আশা করা যায়।

ঢাকা জেলা প্রশাসনের ত্রাণ পেল ১৪২৬ কর্মহীন পরিবার

0

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরীসহ জেলার সকল উপজেলায় লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ ছাড়া ৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসন, ঢাকার কন্ট্রোল রুম (ফোন-০২৪৭১১০৮৯১, মোবাইল-০১৯৮৭৮৫২০০৮) হতে প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে সিটি কর্পোরেশন এলাকাসহ ঢাকা জেলায় বিভিন্ন এলাকায় মোট ১৪২৬টি দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিকসাওয়ালা, ভ্যানচালক, বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন। টিসিবির বিক্রয়কেন্দ্রগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

সৌদি থেকে ফিরলেন ৩৬৬ বাংলাদেশি

0

সৌদি আরবে আটকা পড়া ওমরাহ যাত্রীসহ ৩৬৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের মধ্যে ১৩২ বাংলাদেশি ওমরাহ করতে সৌদি যান এবং ২৩৪ জন সেদেশের বিভিন্ন কারাগারে ছিলেন।

আজ বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় তাদের বহনকারী সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৬ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

জানা গেছে, ফ্লাইট থেকে নামার পর তাদের স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিংয়ে কারও শরীরের তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশকোনা হজ ক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এ ছাড়াও ফ্লাইটের বাকী সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অনুদান

0

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বুধবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পক্ষে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের নিকট অনুদানের চেক হস্তান্তর করেছেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান এ সময় উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সচিবের অনুপ্রেরণা ও উৎসাহে প্রতিমন্ত্রীর একমাসের বেতনের সমপরিমাণ অর্থ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ও এর আওতাধীন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সমবায় অধিদপ্তর, আমার বাড়ি আমার খামার প্রকল্প, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি. ( মিল্ক ইউনিয়ন),ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ সমবায় ব‍্যাংক লি., পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এবং পল্লী সঞ্চয় ব‍্যাংক এর কর্মকর্তা, কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ ১ কোটি ১৮ লক্ষ ৫৯ হাজার ৬শত ১০ টাকার একটি চেক এসময় হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরের সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সংযুক্ত থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ত্রাণ তহবিলে মানবিক সহায়তা প্রদানের জন্য অনুদান প্রদানের সাথে সংশ্লিষ্টদের আন্তরিক ধন‍্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিএসএমআরএমইউ সদস্যদের একদিনের বেতন

0

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহিত পদক্ষেপসমূহ অধিকতর বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি (বিএসএমআরএমইউ) এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই তহবিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে কর্মরত সকল পদবীর সদস্যদের একদিনের মূল বেতনের সমপরিমাণ মোট ৩০ লাখ টাকা প্রদান করা হয়েছে।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এর ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল আর্থিক অনুদানের এই চেক হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার মুখ্য সচিব আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন।

১৬৩ দরিদ্র পরিবারকে তিন মাস খাদ্য বিতরণ করবে গ্রামীণ শিক্ষা

0

করোনাভাইরাসের প্রভাবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বস্তির নিম্ন আয়ের মানুষগুলো। রাজধানীর মিরপুরে বস্তি এলাকায় এমন ১৬৩টি পরিবারের মাঝে আগামী তিন মাস খাদ্য বিতরণের সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণ শিক্ষা। গ্রামীণ শিক্ষা হলো নোবেল জয়ী ড. ইউনূসের একটি প্রতিষ্ঠান।

১৬৩টি পরিবারে মোট ৮১৫ জন সদস্য চিহ্নিত করে এদেরকে তিন মাস ব্যাপী খাদ্য সরবরাহ করা হবে। প্রতিটি পরিবারকে সপ্তাহে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আলু ও একটি করে সাবান দেওয়া হবে। এরইমধ্যে খাদ্য বিতরণ শুরু করেছে গ্রামীণ শিক্ষা। যার নাম দেওয়া হয়েছে ‘বস্তির অতি দরিদ্র মানুষের জন্য গ্রামীণ শিক্ষার জরুরি খাদ্য বিতরণ কর্মসূচি’।

গ্রামীণ শিক্ষার কর্মসূচিগুলোর মধ্যে একটি হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় রাজধানীর মিরপুর ১০, ১১, ১২, ও ১৩ নং সেকশন এলাকায় পরিচালিত অনানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় বা বস্তি স্কুল। এসব এলাকায় গ্রামীণ শিক্ষা ৩৯টি বস্তি স্কুল পরিচালনা করছে। যেখানে বস্তির দেড় হাজার দরিদ্র শিশু পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা গ্রহণ করছে। এসব শিশুদের একটি অংশ পিতৃহীন। কেউ কেউ পিতৃ-মাতৃহীন, এবং প্রায় সকলেরই অভিভাবক গৃহপরিচারিকা, দিনমজুর, ভ্যানচালক, হকার পেশায় নিয়োজিত।

কোভিড-১৯ উদ্ভ‚ত পরিস্থিতিতে এই দরিদ্র পরিবারগুলোর অনেকেই চরম আর্থিক সংকটে পড়েছে। পরিবারের উপার্জনকারীদের অনেকেরই কাজ-কর্ম বন্ধ হয়ে যাওয়ায় এরা খাদ্যাভাবে ভুগছে। গ্রামীণ শিক্ষা এসব সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে।

এদিকে গ্রামীণ শিক্ষার কর্মকর্তা-কর্মচারিরা নিজস্ব উদ্যোগে এই জরুরি খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করার পর গ্রামীণ পরিবারের অন্যতম প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ এই কর্মসূচিতে অর্থায়ন করতে এগিয়ে এসেছে।

উল্লেখ্য যে, মিরপুর বস্তি এলাকা ছাড়াও গ্রামীণ শিক্ষা সিংগাইরে গ্রামীণ শিক্ষার প্রি-স্কুল কর্মসূচি এলাকায় ৪৯ জন এতিম ও হতদরিদ্র শিশু ও নারী-পুরুষকে তিন মাসের জন্য জরুরিভাবে খাদ্য সরবরাহ করছে।

সামাজিক দূরত্ব বজায় রাখতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

0

চলমান করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও অনেক অসচেতন মানুষকে রাস্তায় বের হতে দেখা যাচ্ছে। যার কারণে কঠোর অবস্থানে গিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মানুষকে ঘরে রাখতে অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১০ এর একটি ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাজধানীর ওয়ারী ও বংশাল এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

এসময় 8 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান এবং রাস্তায় বের হাওয়ায় পাঁচটি ব্যক্তিগত গাড়িকে জরিমানা করা হয়।

এ সম্পর্কে সারোয়ার আলম বলেন, যত কষ্টই হোক ঘরে থাকতে হবে আমার আপনার সকলের স্বার্থে। যারা জরুরি প্রয়োজন ছাড়া প্রমোদ ভ্রমণে বের হয়েছিলেন র‌্যাব ১০ এর সহযোগিতায় তাদের ৮ জনকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বড় ধরনের বিপদ থেকে বাঁচতে আমাদের সবাইকে কষ্ট মেনে নিতে হবে। যারা মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় নেই।

র‌্যাব জানায়, ভ্রাম্যমাণ আদালতে মোঃ ইমন শেখ (১৮) নামে একজনকে ১ হাজার টাকা, মোঃ শরিফ হেসেন (২৪) কে ৫ হাজার টাকা, মোঃ জলিল (৩৩) ৫ হাজার টাকা, মোঃ ফজল (২৮) ৫ হাজার টাকা, মোঃ শহিদুল ইসলাম (৩৮) ৫ হাজার টাকা, মোঃ শাহিন মন্ডল (২৭) ২ হাজার টাকা, মোঃ জামাল উদ্দিন (৩৯) ২ হাজার টাকা এবং রবিন (১৯) নামে একজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উদ্যোগে ‘দুর্যোগে আলোর গেরিলা’

0

সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিব সচল’ এ স্লোগানে ‘দুর্যোগে আলোর গেরিলা’ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। করোনাভাইরাসের প্রভাবে চলমান পরিস্থিতি, সেচ মৌসুম, গ্রীষ্মের তাপদাহ, মাহে রমজান এবং ঝড়-বৃষ্টির মৌসুম বিবেচনা করে বিদ্যুৎ বিভ্রাট দ্রুত সমস্যা সমাধানের জন্য গত ১৩ এপ্রিল থেকে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সেই সঙ্গে দেশের বিভিন্ন হাসপাতাল, চিকিত্সাকেন্দ্র, আইসোলেশন ও কোয়ারেন্টিন সেন্টার ইত্যাদিসহ দেশের ২ কোটি ৮৫ লাখ গ্রাহক এবং ১২ কোটির বেশি মানুষের ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আর জীবনের ঝুঁকি নিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘দুর্যোগে আলোর গেরিলা’ কার্যক্রমের সঙ্গে নিয়োজিত কর্মকর্তা-কর্মকর্মচারীদের জন্য পাঁচটি প্রণোদনার ব্যবস্থা করছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.) বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষ ঘরে অবস্থান করছে। চলমান সেচ মৌসুম, সামনে রমজান ও বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে ‘দুর্যোগে আলোর গেরিলা’ কার্যক্রম শুরু করেছি। এ কার্যক্রমে যে সকল কর্মকর্তা-কর্মচারী মাঠে কাজ করছে তাদের জন্য শতভাগ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। আগামী এক মাসের সম্ভাব্য চাহিদা বিবেচনা করে প্রয়োজনীয় মালামাল যেমন- ট্রান্সফরমার, ফিউজ লিংক, তার, সার্ভিস ড্রপ, জয়েন্ট স্লিভ, কানেক্টর, পোল ইত্যাদি আগামী ১৮ এপ্রিলের মধ্যে সকল অভিযোগ কেন্দ্রে পৌছানোর নির্দেশ দেওয়া হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যারা এ কার্যক্রমে জড়িত রয়েছে, তাদেরকে পাঁচটি প্রণোদনা দেওয়ার ব্যাপারেও বিবেচনা করছি।

প্রণোদনাগুলো হলো- এ কার্যক্রমে নিয়োজিতদের প্রমোশনের ব্যবস্থা করা। এ কাজে থাকাকালীন কেউ যদি অসুস্থ হয় তাদের সব ব্যয় বহন করা ও যদি কোনো কারণে কর্মকর্তা-কর্মচারী মারা যায় তার পরিবারকে ১০ লাখ টাকা এবং তার পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা। প্রতি সমিতি থেকে একজন করে কর্মকর্তা ও পাঁচজন করে কর্মচারীকে তাদের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া। করোনা মহামারী শেষ হলে তাদের অতিরিক্ত সাত দিন ছুটি দেওয়া এবং জীবনের ঝুঁকি নিয়ে মাঠে গিয়ে যারা কাজ করছে তাদের সবাইকে দৈনিক দুর্যোগ ভাতা দেওয়া হবে। তবে এ ভাতাটি শুধু রমজান মাসের জন্য প্রযোজ্য হবে।

তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ২৭৬টি জোনাল অফিস, ১৪২টি সাব-জোনাল অফিস, ১১০টি এরিয়া অফিস ও ১০১৬টি অভিযোগ কেন্দ্র মিলে ১৬২৪টি অফিসের মাধ্যমে দুই কোটি ৮৫ লাখ গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে আসছে। বৈশ্বিক মহামারী হিসেবে আবির্ভুত করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশেও বিস্তৃত হচ্ছে। এ বিস্তৃতি প্রতিরোধের জন্য সরকার ঘোষিত সাধারণ ছুটি এবং চলাচল ও গমনাগমণে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিবর্গের চিকিত্সা সেবা প্রদান, আইসোলেশন, কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিবর্গের অবস্থান আরামদায়ক করা, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সেচ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা, শিক্ষার্থীদের লেখাপাড়া এবং গ্রীষ্মের এ দিনে রোযাদারদের সিয়াম সাধনা আরামদায়ক এবং স্বস্তিদায়ক করার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান।