Home Blog Page 3019

ভারতে করোনা আক্রান্ত ১০ হাজার ছাড়াল, মৃত ৩৩৯

0

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লকডাউন ঘোষণার তিন সপ্তাহের মাথায় দেশটিতে কভিড-১৯ রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১১ জন। যা এখনও পর্যন্ত ভারতে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড।

ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এখন পর্যন্ত দেশে মোট ১০ হাজার ৩৬৩ জন কভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে এখন ৩৩৯ জনে দাঁড়িয়েছে।

ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে উদ্বেগজন মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু রাজ্যে। আক্রান্তের দিক থেকে মহারাষ্ট্রের অবস্থান সবার উপরে। সেখানে ২ হাজার ৩৩৪ জন কভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এরপর ১ হাজার ৫১০ রোগী নিয়ে দিল্লি দ্বিতীয়। তামিলনাড়ুতে ১ হাজার ১৭৩ জন আক্রান্ত।

ভারতে করোনায় বিপর্যস্ত মহারাষ্ট্র রাজ্যে মৃতের সংখ্যাও সবচেয়ে বেশি। সেখানে এরই মধ্যে করোনাভাইরাস সংক্রমিত কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ১৬০ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে মধ্যপ্রদেশ। সেখানে মারা গেছে ৪৩ জন। দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা ২৮।

এদিকে তিন সপ্তাহের মেয়াদ শেষ হওয়ার পর আজ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি দেশজুড়ে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন। করোনা পরীক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং দেশজুড়ে ২২১টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা চলছে বলে জানিয়েছেন মোদি।

সূত্র-টাইমস অব ইন্ডিয়া।

সন্ধ্যায় গান শোনাবেন হাবিব

0

পৃথিবী এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদিন মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে। লকডাউনের কারণে সব কাজ বন্ধ। বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ থমকে গেছে। যে দিনটিকে প্রাণের সাথে গেঁথে নিতে রাস্তায় বেরিয়ে পড়তো মানুষজন, আজ তারাই রাস্তা ফাঁকা করে দিয়েছে। রমনা বটমূল, চারুকলা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন খা খা প্রান্তর।

এবছর ঘটে গেলো ব্যতিক্রম। ঘরবন্দি হয়ে কাটছে শিল্পীদেরও পহেলা বৈশাখ। তবে এই বৈশাখে দর্শক শ্রোতাদের গান শোনাতে আসছেন হাবিব ওয়াাহিদ। গ্রামীণ ফোন আয়োজিত একটি ফেসবুক লাইভে গান গেয়ে শোনাবেন হাবিব।

আয়োজক সূত্রে জানা গেছে, শিল্পী হাবিব ওয়াহিদের সুর তাল ছন্দের লাইভ ঝঙ্কার শুরু হবে পহেলা বৈশাখে সন্ধ্যা ৭ টায় গ্রামীণফোনের ফেসবুকে পেইজে।

দর্শক শ্রোতারা ঘরে থেকে উপভোগ করতে পারবেন এই আয়োজন। আর প্রিয় শিল্পীর কণ্ঠে কোন গানটি শুনতে চান তা জানাতে পারবেন কমেন্ট সেকশনে।

বিনা পয়সায় বিজ্ঞাপন করে দেব; ত্রাণ তহবিলে টাকা দিন : আফ্রিদি

0

কথায় আছে ‘মরা হাতি লাখ টাকা’। কথাটা পাকিস্তানি গ্রেট শহিদ আফ্রিদির ক্ষেত্রে খুবই প্রযোজ্য। অবসরের পরেও তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। অনেক বড় বড় ব্র্যান্ড তার ইমেজ ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভবান হয়েছে। বিজ্ঞাপন করে এখনও বিপুল অংকের আয় করেন আফ্রিদি। তবে এবার আর টাকা চান না পাকিস্তানের সাবেক অল-রাউন্ডারের। তার করোনা ত্রাণ তহবিলে অর্থ দিলে বিনামূল্যে সেই প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করে দেওয়ার ঘোষণা দিলেন তিনি।

করোনা মহামারীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সারাবিশ্ব। পাকিস্তানও তার ব্যতিক্রম নয়। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। রাস্তাঘাট-দোকানপাট বন্ধ থাকায় তাদের আয় বন্ধ হয়ে গেছে। বাড়িতে হাড়ি চড়ছে না। তাদের বেঁচে থাকাই এখন কঠিন। বিত্তবানদের একটু সহায়তা হয়তো অনেকের জীবন বাঁচাতে পারে। এই মানুষগুলোর পেছনে বিশ্বের অনেক নামীদামি ক্রীড়া ব্যক্তিত্ব দাঁড়িয়েছেন। শহিদ আফ্রিদিও নিজের ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন। কিন্তু এটা তো একজন ব্যক্তির পক্ষে বহন করা সম্ভব নয়। তাই আফ্রিদি আহ্বান জানিয়েছেন সাহায্যের।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওে আফ্রিদি বলেছেন, ‘আমি সৌভাগ্যবান যে, বিজ্ঞাপন ও প্রচারের জন্য বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এখন করোনা আক্রান্তদের জন্য কাজ করছি। সমস্ত ব্র্যান্ডের কাছে আমার একটা প্রস্তাব আছে : ব্যক্তিগতভাবে বিনা পারিশ্রমিকে ব্র্যান্ডের জন্য কাজ করব, তার বিনিময়ে আমি শুধু রেশন আর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য চাই।’ এখন দেখার বিষয়, আফ্রিদির এই আহ্বানে কারা কারা সাড়া দেয়।

অলিম্পিকের সেই আইকনিক ছবিতে ‘সামাজিক দূরত্ব’ শেখালেন বোল্ট

0

করোনাভাইরাসের মোকাবেলায় লকডাউন করে সারা দুনিয়া এখন সোশ্যাল ডিসট্যান্সিং বা সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে। এ নিয়ে অনুরাগীদের কাছে বার্তা পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়ায় ২০০৮ বেইজিং অলিম্পিকে ১০০ মিটার সোনা জয়ের সেই আইকনিক ছবি পোস্ট করলেন কিংবদন্তি স্প্রিন্টার উসেইন বোল্ট।

টুইটারে এই ছবিটি পোস্ট করে জ্যামাইকান ‘বজ্র বিদ্যুৎ’ ক্যাপশনে লিখেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব বজায় রাখুন। বোল্ট আশাপ্রকাশ করেন, ছবিটি দেখে তার ভক্তরা অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলবেন। ২০০৮ অলিম্পিকে বার্ড’স নেস্ট স্টেডিয়ামে পুরুষদের ১০০ মিটার ফাইনালে সোনা জয়ের পথে মাত্র ৯.৬৯ সেকেন্ড নিয়েছিলেন বোল্ট। অলিম্পিক রেকর্ডস শুধু নয়, তা ছিল বিশ্ব রেকর্ডও। রীতিমতো নিজস্ব স্টাইলে সোনা জিতে নেন তিনি।

প্রতিযোগিতার দ্বিতীয় স্থানে থাকা মার্কিন স্প্রিন্টার রিচার্ড থমসন বোল্টের থেকে ০.২০ সেকেন্ড পরে দৌড় শেষ করেন। অলিম্পিকের মতো একটা বিশ্বমঞ্চে ০.২০ সেকেন্ডের লিড নিতে পারার জন্য ফিনিশ লাইনের আগেই বুক চাপড়ে সেলিব্রেট করেন কিংবদন্তি। ১২ বছর আগের সেই ছবি আজও আইকনিক। করোনাভাইরাসের প্রেক্ষিতে সেই ছবিকেই ফের সামনে আনলেন কিংবদন্তি এই স্প্রিন্টার। ছবির নীচে দুটি হ্যাশট্যাগও দিয়ে দিয়েছেন তিনি।

কলঙ্কিত ক্রিকেটারের মুদি দোকান দেওয়া উচিত : রমিজ

0

পাকিস্তান হলো ক্রিকেট ম্যাচ ফিক্সারদের তীর্থভূমি। দেশটির ক্রিকেটারদের নিয়মিতভাবে ফিক্সিংয়ে জড়িয়ে পড়া যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তেমনই নিয়মিতভাবে শাস্তিও দেওয়া হচ্ছে। তবুও স্বভাব যায় না পাকিস্তানি ক্রিকেটারদের। ম্যাচ পাতিয়ে যারা নিষিদ্ধ হওয়া মোহাম্মদ আমির, সালমান বাট কিংবা ইদানীংকালের শারজিল খানদের ভয়ংকর সব শাস্তি দেওয়ার কথা বলছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।

মোহাম্মদ আমিরের মতো ক্রিকেটারদের দলে ফিরিয়ে আনায় বেজায় চটেছেন সাবেক ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা। তিনি পিটিআইকে বলেছেন, ‘আমাকে জিজ্ঞেস করলে বলব এসব কলঙ্কিত ক্রিকেটারদের মুদি দোকান খোলা উচিত। আমার কোনো সন্দেহ নেই বড় নামগুলোকে (আমিরের মতো ক্রিকেটার) ছাড় দিয়ে পাকিস্তান ক্রিকেটেরই ক্ষতি হয়েছে। এখন আবার শারজিল খানকে ফেরানোর কথা হচ্ছে। এটা কোনোভাবেই ঠিক নয় এবং এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করবে।’

এর আগে জাভেদ মিঁয়াদাদ ম্যাচ পাতানোর সঙ্গে সম্পর্কিত সবাইকে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন। ফিক্সিংয়ে অভিযুক্ত রশিদ লতিফও পর্যন্ত বলেছেন, দেশের আইনে একে অপরাধ হিসেবে গণ্য করার আইন করা হোক। এমন অপরাধীদের আন্তর্জাতিক ক্রিকেটে না ফিরিয়ে সংসার খরচের জন্য স্থানীয় ক্রিকেট খেলতে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। রমিজ রাজা পাকিস্তান ক্রিকেটের স্বার্থে শুধু শারজিলের মতো ক্রিকেটারদেরই বাদ দিতে বলছেন না, মোহাম্মদ হাফিজ আর শোয়েব মালিকের মতো বয়স্ক ক্রিকেটারদেরও জাতীয় দল থেকে সরে যাওয়ার দাবি জানিয়েছেন।

সংসদ অধিবেশনে সাংবাদিকদের না যাওয়ার অনুরোধ

0

করোনাভাইরাসের কারণে জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে সাংবাদিকদের স্বশরীরে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। আজ মঙ্গলবার সংসদের গণসংযোগ অধিশাখার পরিচালক তারিক মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ বিটে কর্মরত সব মিডিয়ার সাংবাদিক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, একাদশ জাতীয় সংসদের সপ্তম (২০২০ সালের ২য়) অধিবেশন সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১৮ এপ্রিল শনিবার বিকাল ৫টায় আহ্বান করা হয়েছে। মহামারি করোনাভাইরাসের কারণে সবার জীবনের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এ অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত করা হবে। এ প্রেক্ষাপটে সব সাংবাদিক ভাইদের সরাসরি সংসদে না এসে স্ব-স্ব স্থানে অবস্থান করে সংসদ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত অধিবেশন কাভার করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

করোনাভাইরাসের এই মহাদুর্যোগেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আবার বসার বাধ্যবাধকতা রয়েছে।

সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল গত ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে। জানা যায়, সংসদের আসন্ন অধিবেশনটি হবে অত্যন্ত সংক্ষিপ্ত।

করোনা শনাক্তে আরো ১১ পরীক্ষাগার

0

শিগগিরই দেশে করোনা শনাক্তে আরো ১১টি পরীক্ষাগার চালু হবে। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, বর্তমানে দেশের মোট ১৭টি ল্যাবে পিসিআর পদ্ধতিতে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করা হচ্ছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আরো ১১টি ল্যাবে পিসিআর পদ্ধতিতে এই পরীক্ষা করা হবে। অর্থাৎ কিছু দিন পর করোনাভাইরাস শনাক্তে মোট ২৮টি পরীক্ষাগার হতে যাচ্ছে।

তিনি বলেন, ঢাকায় ৫টি এবং ঢাকার বাইরে ৬টি ল্যাব প্রস্তুত হচ্ছে। ঢাকার বাইরে যে প্রতিষ্ঠানগুলোতে করোনা পরীক্ষার কাজ শুরু করবে, সেগুলো হলো- চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, কুমিল্লা মেডিক্যাল কলেজ, ফরিদপুর মেডিক্যাল কলেজ, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ, এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ (দিনাজপুর) ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ।

ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, মুগদা মেডিক্যাল কলেজ, শেখ রাসেল গেস্ট্রোলিভার ইনস্টিটিউট। এ ছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও কাজ চলছে। এই ১১টি প্রতিষ্ঠানে ৭ থেকে ১০ দিনের মধ্যেই পিসিআর পরীক্ষা কার্যক্রম সম্প্রসারিত করা হবে।

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২০৯ জন শনাক্ত হয়েছেন। এটি দেশে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড। নতুন রোগীদের মিলিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের। একদিনে মৃত্যুর এ সংখ্যাও দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।

বসুন্ধরা আদ্-দ্বীন হাসপাতালে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা প্রদান

0

করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিচ্ছন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে কেরাণীগঞ্জে অবস্থিত বসুন্ধরা আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল।

প্রতিদিন ২০০ থেকে আড়াইশো রোগী সেবা নিচ্ছেন হাসপাতালের আউটডোর থেকে। আর যারা সর্দি-কাশি নিয়ে যাচ্ছেন তাদেরকে কর্তৃপক্ষ হাসপাতাল গেটে সেবা দেওয়ার ব্যবস্থা করেছেন।

বসুন্ধরা আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান সুমন বলেন, করোনাভাইরাসের এই সঙ্কট মুহূর্তে আমরা হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের এখানে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জন রোগী আসেন। আমাদের ডাক্তার ও নার্স এবং ব্রাদার আন্তরিকভাবে তাদের সেবা প্রদান করে যাচ্ছেন।

হাসপাতাল ইনডোর সম্মুখে, জরুরি বিভাগে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট পরিহিত অবস্থায় ডাক্তার ও ব্রাদার সেবা প্রদান করে থাকেন বলেও তিনি জানান।

তিনি জানান, বসুন্ধরা আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে সুবিধাবঞ্চিত, প্রান্তিক জনগোষ্ঠী, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এছাড়া গর্ভবতী মহিলা এবং শিশুরা অগ্রাধিকার পেয়ে থাকে সবসময়।

করোনা যুদ্ধে পুলিশের ট্রেনিং নেই তবু লড়ে যাচ্ছে : জাবেদ পাটোয়ারী

0

সদ্য বিদায়ী আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর বলেছেন, করোনা মোকাবেলায় প্রথম থেকেই মাঠে ছিল পুলিশ। যারা বিদেশ থেকে ফিরেছে তাদের ঘরে রাখতে, খোঁজখবর নিতে কাজ করেছে পুলিশ। এমনকি সারা বাংলাদেশে হাটে, মাঠে, ঘাটে, মসজিদে-মন্দিরে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে পুলিশ। করোনার বিস্তার রোধের একটি উপায় ঘরে থাকা। দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা ঘরে থাকুন, আমরা আপনাদের জন্য মাঠে-রাস্তায় রয়েছি।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিদায়ের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে অনলাইনে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ প্রথম অস্ত্র হাতে যুদ্ধে নেমেছিল। এবার ২০২০ সালে নতুন আরেক যুদ্ধে নেমেছে পুলিশ। এই যুদ্ধের কোনো ট্রেনিং না থাকলেও আমরা মাঠে আছি, লড়ে যাচ্ছি।

তিনি বলেন, জনগণের ফোন পেয়ে পুলিশ এখন দ্বারে দ্বারে গিয়ে খাবার ও ওষুধ পৌঁছে দিচ্ছে। অনেকে মারা যাচ্ছেন, তাদের স্বজনরা ভয়ে মরদেহের কাছে যাচ্ছে না, পুলিশ দায়িত্ব নিয়ে ওইসব মরদেহ দাফন করছে। এছাড়াও অনেক এলাকা, অনেক সড়ক লকডাউন হয়েছে। করোনার ঝুঁকিতে সে সব এলাকায় কাউকে কাউকে চলাফেরা করতে দেওয়া হয় না, অথচ সেখানেও রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করছে পুলিশ।

বিদায়ী আইজিপি বলেন, দেশের সব দুর্যোগময় মুহূর্তে পুলিশের সেবা আত্মনিবেদিত। বর্তমানে সারা পৃথিবীতে নভেল করোনা ভাইরাস বিস্তার লাভ করেছে। এ সংকটময় মুহূর্তে করোনাভাইরাস রোধে সব ভয়ভীতি ও শঙ্কার ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যরা মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।

নিজের বিদায় সম্পর্কে তিনি বলেন, আমি যেখানে শেষ করেছি, তিনি (বেনজীর আহমেদ) সেখান থেকে শুরু করবেন; এটা ছাড়াও তার একটি পরিকল্পনা আছে এবং পুলিশকে আরও উচ্চতায় নিয়ে যাবেন। আপনার দেখেন তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার থাকাকালীন ও র‌্যাবের দায়িত্বে থাকাকালীন অনেক ভালো ভালো কাজ করেছেন।

তিনি আরো বলেন, পুলিশে যোগদানের পরই প্রতিটি দিনই চ্যালেঞ্জ, পুলিশের ৯টা থেকে ৫ টা অফিস নয়, সবসময় কাজ করতে হয় এবং প্রতিদিনই নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে হয়। কাজ করেছি পুলিশের ইমেজকে বিল্ডআপ করতে এবং মানুষ এখন যে ইংল্যান্ডের পুলিশের উদাহরণ দেয়, আমিও চাই মানুষ বাংলাদেশের ‍পুলিশের উদাহরণ দেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

ঘরে বসে পহেলা বৈশাখের আনন্দ উপভোগের আহ্বান স্পিকারের

0

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সংসদ সদস্যসহ সকল দেশবাসীকে বাংলা নববর্ষ ১৪২৭ এর শুভেচ্ছা জানিয়েছেন। আজ মঙ্গলবার এক বিজ্ঞপিতে তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় বাড়িতে বসেই নববর্ষের আনন্দ উপভোগ করার আহ্বান জানান স্পিকার।

শুভেচ্ছা বার্তায় স্পিকার বলেন, বাঙালির সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করা হয়ে থাকে। এ বছর বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ঘরে বসেই পহেলা বৈশাখের আনন্দ উপভোগ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করুন, পরিবারের সদস্যদের রক্ষা করুন।

স্পিকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে মৃত্যুবরণকারীদের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সকলের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।