Home Blog Page 3020

করোনায় আরো সাতজনের মৃত্যু, নতুন শনাক্ত ২০৯

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪১ জনের। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০৯ জনের শরীরে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

দেশে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্তের সর্বোচ্চ রেকর্ড

0

বাংলাদেশে একদিনে করোনাভাইরাসে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড সাতজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ২০৯ জন। সব মিলিয়ে দেশে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০১২ জন।

আজ মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হননি একজনও।

গত ৮ মার্চ দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বাংলা নববর্ষে দেশবাসীকে আইনমন্ত্রীর শুভেচ্ছা

0

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি।

বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ এর সংক্রমণ এড়াতে এ বছর আমরা ঘরে থেকেই পহেলা বৈশাখ উদযাপন করব। এটি হবে বাঙালি জাতির জন্য নতুন এক অভিজ্ঞতা। তিনি বলেন, এ নতুন অভিজ্ঞতা নিয়েই আমরা অতীতের সব গ্লানি ধুয়ে-মুঁছে সামনে দৃপ্ত পায়ে এগিয়ে যাবো। নতুন বছরে কভিড-১৯ কে প্রতিরোধ ও নিরাময় করব এবং শিগগির করোনামুক্ত বাংলাদেশে আবারো উৎসবের আনন্দে মিলিত হব, ইনশাল্লাহ।

আইনমন্ত্রী আরো বলেন, বাঙালির সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ। প্রতিবছর আনন্দঘন পরিবেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করে থাকে বাঙালি জাতি। কিন্তু এ বছর নতুন সংক্রামক রোগ কভিড-১৯ এর বৈশ্বিক মহামারির কারণে পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘরে বসেই পালন করতে হচ্ছে। সরকার জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে।

সবাইকে ঘরে থেকেই শান্তিপূর্ণভাবে বাংলা নববর্ষের অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, এই রোগ এরইমধ্যে বাংলাদেশেও সংক্রমিত হয়েছে। এই সংক্রমণ এড়াতে আমরা এখন ঘরেই রয়েছি। ঘরে থাকাই এ রোগ প্রতিরোধের উত্তম উপায়।

আইসিসিবিকে হাসপাতালে রূপান্তর ৬০-৭০% সম্পন্ন

0

ধাতব ফ্রেমে তৈরি হচ্ছে ছোট ছোট আইসোলেশন কক্ষ। এসব কক্ষে থাকবে রোগীর শয্যা ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম। করোনাভাইরাসে আক্রান্তদের এখানে পৃথকভাবে রেখে চিকিৎসা দেওয়া হবে। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিকে (আইসিসিবি) করোনা হাসপাতালে রূপান্তরের এই কাজ চলছে জোরেশোরে। ইতিমধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে এখানে চিকিৎসা শুরুর পরিকল্পনা সংশ্লিষ্টদের।

আইসিসিবির এক্সপো জোনে গতকাল সোমবার সরেজমিনে গিয়ে হাসপাতাল স্থাপন নিয়ে ব্যাপক কর্মযজ্ঞ চোখে পড়ে। বিশাল আঙিনাজুড়ে তৈরি করা হচ্ছে একের পর এক কক্ষ। আইসিসিবির কর্মকর্তা ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের তত্ত্বাবধানে বিরামহীন কাজ করছেন নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিরা। ট্রাক ভরে আসছে নির্মাণ উপকরণ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই হাসপাতালে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে করোনা রোগীদের চিকিৎসা শুরুর পরিকল্পনা নিয়ে কাজ চলছে। তবে বিদেশ থেকে চিকিৎসা সরঞ্জাম আসতে দেরি হলে দু-এক দিন বিলম্ব হতে পারে। কনভেনশন সিটির ট্রেড সেন্টারকে হাসপাতালে রূপান্তর করতে প্রয়োজনীয় কাজের ৬০ থেকে ৭০ শতাংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

‘দেশ ও মানুষের কল্যাণে’ স্লোগানের আলোয় পথচলা বসুন্ধরা গ্রুপ করোনাভাইরাসের এই দুর্যোগকালে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এসেছে। করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে সরকারকে আইসিসিবিতে পাঁচ হাজার শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। প্রধানমন্ত্রীর সম্মতিসাপেক্ষে স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল আইসিসিবি পরিদর্শন করে হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়। নানা হিসাব-নিকাশ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে এখানে আইসিইউসহ দুই হাজার ৭১ শয্যার হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রয়োজন দেখা দিলে তা পাঁচ হাজার শয্যায় উন্নীত করা যাবে। আইসিসিবির সুবিশাল চারটি কনভেনশন হল ও একটি এক্সপো ট্রেড সেন্টারে করোনা রোগীদের জন্য দেশের বৃহত্তম এই হাসপাতালের নির্মাণকাজ বাস্তবায়ন করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

কভিড-১৯ বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যত দিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে তত দিন আইসিসিবিকে এই রোগে আক্রান্তদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।

হাসপাতাল নির্মাণের অগ্রগতি প্রসঙ্গে গতকাল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা সাংবাদিকদের বলেন, ‘ঢাকার সব মার্কেট বন্ধ থাকায় সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় দোকানপাট খুলে মালপত্র কেনা হচ্ছে। পরে পুলিশের পাহারায় সেসব এখানে আনা হচ্ছে। সব কিছু মিলিয়ে আমরা একটি প্রতিকূল পরিবেশে কাজ করছি। তা না হলে কাজের অগ্রগতি আরো বেশি হতো।’ তিনি আরো বলেন, ‘আইসিসিবির এক্সপো ট্রেড সেন্টার ও আরো তিনটি কনভেনশন হলে মোট দুই হাজার আইসোলেশন বেড স্থাপন করা হবে।

এ ছাড়া বড় কনভেনশন হলটিতে ৭১টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বেড স্থাপন করা হবে। আশা করছি ১৫ দিনের মধ্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করতে পারব। আইসিইউর কিছু বেড ও সরঞ্জাম আমদানি করতে হচ্ছে। সে কারণে এটি স্থাপনে কিছুটা দেরি হতে পারে। ট্রেড সেন্টারটিতে এত বড় হাসপাতাল স্থাপনের জন্য পর্যাপ্ত টয়লেট ছিল না। ইতিমধ্যে অতিরিক্ত টয়লেট নির্মাণকাজ অনেকদূর এগিয়ে গেছে।’

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ঢাকা সিটি বিভাগ) নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলম, আইসিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম জসীম উদ্দিনসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এম এম জসীম উদ্দিন বলেন, ‘আজ (গতকাল) পঞ্চম দিনের মতো হাসপাতাল স্থাপনের কাজ চলছে। আশা করছি, ১৫ দিনের মধ্যেই কাজ সম্পন্ন করতে পারব এবং চলতি মাসের শেষ সপ্তাহ থেকে চিকিৎসাসেবা দেওয়া শুরু হবে। কোনো কারণে তা সম্ভব না হলে দু-এক দিন বেশি লাগতে পারে। আইসিসিবির প্রকৌশল বিভাগও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। কনভেনশন হলগুলো প্রস্তুত করাই আছে। শুধু বেড স্থাপন করতে হবে।

‘করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরাই জয়ী হব’

0

‘সামাজিক দূরত্ব বজায় রাখার শপথ হোক এবারের নববর্ষের অঙ্গীকার। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক‌রোনার বিরুদ্ধে যে যুদ্ধ করে যাচ্ছি, সে যুদ্ধে আমরা জয়ী হব।’

পহেলা বৈশাখ উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) এক ভিডিওবার্তায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আজ এমন এক সময় আমরা এই পহেলা বৈশাখ পালন করছি যখন করোনাভাইরাস ভয়াল প্রাণঘাতী হয়ে আমাদের থাবা বসিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাইরাসকে মোকাবিলা করার জন্য ঘরে থাকার যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি আমরা সফল ক‌রে এই করোনাভাইরাসকে পরাজিত করব ইনশাল্লাহ।

সেতুমন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। পহেলা বৈশাখের এই দিনে ধর্ম বর্ণ-নির্বিশেষে নতুন আহ্বানে সুন্দর চিরমঙ্গলের জয়গান ক‌রি। সবার জীবন ভ‌রে উঠুক আন‌ন্দে বিশুদ্ধতায়। সবার জীবনে কল্যাণ বয়ে আনুক এই পহেলা বৈশাখ।’

রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধ, যুবক নিহত

0

রাজধানীর মোহাম্মদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলী হোসেন টিটু নামের এক যুবক নিহত হয়েছেন।

গতকাল সোমবার (১৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে মোহাম্মদপুরের বসিলার তিনরাস্তা মোড় সংলগ্ন এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশের দাবি, গত ১ এপ্রিল রাতে লকডাউনের মধ্যে রাজধানীর কলেজগেটে বিল্লাল ফার্মা ও খিলগাঁওয়ের লাজ ফার্মায় সংঘটিত ডাকাতিতে জড়িত ছিলেন টিটু।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (মোহাম্মদপুর জোন) আনিস উদ্দিনের ভাষ্যমতে, দুইটি এলাকায় ডাকাতির সঙ্গে সরাসরি যুক্ত সোহেল (৩৬), সোহরাব (৩০), নেওয়াজ (২২), শাহীন (২৫) ও রাজুকে (২৫) গত রবিবার (১২ এপ্রিল) রাতে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে ওই ডাকাতিতে আলী হোসেন টিটুর জড়িত থাকার তথ্য পাওয়া যায়। সে অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে বসিলা এলকায় গেলে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ডিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে আলী হোসেন টিটু মারা যান।

আনিস উদ্দিন বলেন, টিটু ডাকাত চক্রটির মূল হোতা। তার নেতৃত্বের রাজধানীতে ডাকাতিগুলো সংঘটিত হয়েছিল।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

0

করোনাভাইরাস যখন মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, দেশের মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে, সেই অবস্থার মধ্যেই দায়িত্ব গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটি।

নির্বাচিত হবার একমাসের মাথায় গতকাল সোমবার (১৩ এপ্রিল) দায়িত্ব গ্রহণ করে কমিটি। আগামীকাল বুধবার নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ডাকা হয়েছে বলে জানা গেছে।

গতকাল বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করে নতুন কমিটি। অনুষ্ঠানে নবনির্বাচিত দুইজন সহ-সভাপতি মো. মনিরুজ্জামান ও মো. আব্দুল জব্বার ভূঁইয়া, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ট্রেজারার পদে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীসহ কয়েকজন নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি এ এম আমিন উদ্দিন ও বিদায়ী সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন না। তবে সভাপতি এ এম আমিন উদ্দিন ও অপরাপর নির্বাচিত সদস্যরা ভিডিও সংযোগের মাধ্যমে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানান ব্যারিস্টার কাজল।

দায়িত্ব গ্রহণ বিষয়ে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন কালের কণ্ঠকে বলেন, আমরা নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছি। সম্পাদক হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি দায়িত্ব পালনও শুরু করেছেন।

ব্যারিস্টার কাজল বলেন, সভাপতির সঙ্গে আলোচনা করে আগামী ১৫ এপ্রিল সমিতির কার্যনির্বাহী কমিটির প্রথম সভার দিন নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে অনেক আইনজীবী সদস্য আর্থিকভাবে অসুবিধার মধ্যে রয়েছেন। তাঁদের কথা বিবেচনা করে এরইমধ্যে ৫০ লাখ টাকার একটি ফান্ড গঠন বিষয়ে আলোচনা হয়েছে। মূলত আইনজীবীদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে দায়িত্ব গ্রহণ করতে হয়েছে।

দুই দিনব্যাপী নির্বাচন শেষে দেশের সর্বোচ্চ আদালতে আইন পেশায় নিয়োজিত আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে গত ১৩ মার্চ ফল ঘোষণা করা হয়। ৫ এপ্রিল বিশেষ সাধারণ সভার মাধ্যমে এই কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য দিন ধার্য হয়। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান পিছিয়ে ১৩ এপ্রিল নির্ধারণ করা হয়।

তারিখ পেছানো নিয়ে তখন প্রতিবাদ উঠলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে সবাই চুপ ছিলেন। কিন্তু রবিবার রাতে সমিতির বিদায়ী সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের স্বাক্ষরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আবারো ওই সভা স্থগিত করার তথ্য জানানো হয়। এ অবস্থায় নবনির্বাচিত কমিটির সদস্যদের অধিকাংশই গতকাল সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান বিষয়ে প্রতিক্রিয়া জানতে মোবাইল ফোনে বিদায়ী সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের সঙ্গে যোগাযোগের চেস্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সমিতির ১৪ সদস্যের কার্যনির্বাহী পরিষদের ২০২০-২০২১ মেয়াদের দুদিনব্যাপী এ নির্বাচনে সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল (সাদা) থেকে সভাপতিসহ ছয়টি পদ এবং বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল) থেকে সম্পাদকসহ আটটি পদ পায়।

উৎসবহীন বাংলা নববর্ষ আজ

0

আজ মঙ্গলবার উৎসবহীন বাংলা নববর্ষ। চৈত্র সংক্রান্তির মাধ্যমে ১৪২৬ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে আজ যুক্ত হলো নতুন বছর ১৪২৭। আজ সকালে ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে।

স্বাভাবিকভাবেই সে স্বপ্ন, করোনাভাইরাস মুক্ত নতুন বিশ্ব-নতুন বালাদেশ। বাংলাদেশসহ বিশ্বের বাঙালি করোনা মহামারি থেকে সহসা মুক্তির প্রত্যাশা নিয়েই আজ প্রথমবারের মতো নতুন বছরকে বরণ করে নেবে তেমন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই।

আজ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মাতার কথা দেশ। সকালে ভোরের প্রথম আলো রাঙিয়ে দেয় নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। রাজধানী জুড়ে থাকার কথা মঙ্গল শোপভাযাত্রা নিয়ে বর্ষবরণের নানা আয়োজন। কিন্তু বাংলাদেশসহ সারা বিশ্বে এখন চলছে করোনাকাল। মানুষের পৃথিবীতে এখন চলছে অনিশ্চিত সময়।

এর আগে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে পহেলা বৈশাখের সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সারা দেশে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। এটা ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এবার তাই কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই নতুন বর্ষকে বরণ করে নেওয়া হবে। ঐতিহ্যবাহী রমণার বটমূলে হচ্ছে না ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। তবে সরকারি এবং বেসরকারি টেলিভিশন ও বেতারে নববর্ষের বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।

এদিকে আজ বাংলা নববর্ষের দিন সনাতন ধর্মাবলম্বীদের মন্দির বা উপাসনালয়ে না গিয়ে নিজ নিজ গৃহে অবস্থান করে আনুষ্ঠানিকতা পালনের আহবান জানানো হয়েছে।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি পরিস্থিতি বিবেচনা করে সরকারের নির্দেশ অনুয়ায়ী সনাতন ধর্মাবলম্বীদের প্রতি এ অনুরোধ জানানো হয়।

বাংলা নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীসহ বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন।

কৃষি কাজ ও খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সন গণনার শুরু মোঘল সম্রাট আকবরের সময়ে। হিজরি চান্দ্রসন ও বাংলা সৌর সনের ওপর ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন এই বাংলা সন।

১৫৫৬ সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথমদিকে পরিচিত ছিল ফসলি সন নামে, পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সঙ্গে বাংলাবর্ষের ইতিহাস জড়িয়ে থাকলেও এর সঙ্গে রাজনৈতিক ইতিহাসেরও সংযোগ ঘটেছে।

পাকিস্তান শাসনামলে বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বর্ষবরণ অনুষ্ঠানের। আর ষাটের দশকের শেষে তা বিশেষ মাত্রা পায় রমনা বটমূলে ছায়ানটের আয়োজনের মাধ্যমে।

দেশ স্বাধীনের পর বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীকে পরিণত হয় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। উৎসবের পাশাপাশি স্বৈরাচার-অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদও এসেছে পহেলা বৈশাখের আয়োজনে। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বের হয় প্রথম মঙ্গল শোভাযাত্রা। যা ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো এ শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয়।

বর্তমান পরিপ্রেক্ষিতে নববর্ষ উদযাপন পরিণত হয়েছে বাংলাদেশের সার্বজনীন উৎসবে। পহেলা বৈশাখের ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে মেতে ওঠে সারা দেশ।

পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির প্রধান উৎসব উল্লেখ করে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, বাংলা নববর্ষে মহামিলনের আনন্দ উৎসব থেকেই বাঙালি ধর্মান্ধ অপশক্তির কূট ষড়যন্ত্রের জাল ভেদ করবার আর কুসংস্কার ও কুপমন্ডুকতার বিরুদ্ধে লড়াই করবার অনুপ্রেরণা পায় এবং জাতি হয় ঐক্যবদ্ধ।

তিনি বলেন, নতুন বছর মানেই এক নতুন সম্ভাবনা, নতুন আশায় পথ চলা। বুকভরা তেমনি প্রত্যাশা নিয়ে নতুন উদ্যমে ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতি কাল আরো সোচ্চার হবে সাম্প্রদায়িক অপশক্তি মৌলবাদ ও জঙ্গি নিধনের দাবিতে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস বলেন, বাংলাদেশসহ বিশ্বের বাঙালি করোনা মহামারি থেকে সহসা মুক্তির প্রত্যাশা নিয়েই তেমন কোনো আনুষ্ঠানিকতা ছাড়া আজ নতুন বছরকে বরণ করে নেবে।

মনোবল হারাবেন না, গোটা দেশবাসী আপনাদের পাশে

0

চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, এই ক্রান্তিকালে মনোবল হারাবেন না। গোটা দেশবাসী আপনাদের পাশে রয়েছে।

বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ সম্পদের সীমাবদ্ধতা এবং মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে একেবারে সামনের কাতারে থেকে করোনাভাইরাস-আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। আপনাদের পেশাটাই এ রকম চ্যালেঞ্জের। এই ক্রান্তিকালে মনোবল হারাবেন না। গোটা দেশবাসী আপনাদের পাশে রয়েছে।

দেশবাসীর পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে সব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনাভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন ইতোমধ্যেই তাঁদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছি। তাঁদের বিশেষ সম্মানী দেওয়া হবে। এ জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীর জন্য বীমার ব্যবস্থা করা হচ্ছে।

‘দায়িত্ব পালনকালে যদি কেউ আক্রান্ত হন, তাহলে পদমর্যদা অনুযায়ী প্রত্যেকের জন্য থাকছে ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা এবং মৃত্যুর ক্ষেত্রে এর পরিমাণ ৫ গুণ বৃদ্ধি পাবে। স্বাস্থ্যবীমা ও জীবনবীমা বাবদ বরাদ্দ রাখা হচ্ছে ৭৫০ কোটি টাকা।’

সুরক্ষা সরঞ্জামের কোন ঘাটতি নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজেকে সুরক্ষিত রেখে স্বাস্থ্যকর্মীগণ সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন- এটাই দেশবাসীর প্রত্যাশা। একইসঙ্গে সাধারণ রোগীরা যাতে কোনভাবেই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর রাখার জন্য আমি প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।

প্রধানমন্ত্রী সামাজিক দূরত্ব বজায় রাখতে নিয়োজিত পুলিশ-সহ আইন-শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্রবাহিনীর সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মী, করোনাভাইরাসে আক্রান্ত রোগী আনা-নেওয়ার কাজে এবং মৃত ব্যক্তির দাফন ও সৎকারের দায়িত্বে নিয়োজিত কর্মীগণসহ জরুরি সেবা কাজে যাঁরা নিয়োজিত রয়েছেন, তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

সাভার-আশুলিয়ায় ফের রাস্তায় শ্রমিকরা

0

বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাভার-আশুলিয়ার অন্তত চারটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার সকালে সাভারের তেতুঁলঝোড়া ও আশুলিয়ার ইউনিক এলাকায় প্রায় দুই হাজার শ্রমিক বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভারের তেতুঁলথোড়ায় একই মালিকানাধীন রাকেফ অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি লিমিটেড, প্যাশন জিন্স লিমিটেড ও প্যাশন অ্যাপারেলস অ্যান্ড ওয়্যারস লিমিটেডের প্রয় তিন হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। শ্রমিকদের দুই মাসের ও কর্মচারীদের তিন মাসের বেতন এবং অন্যান্য পাওনা পরিশোধ না করেই গত ২০ ফেব্রুয়ারি কারখানা তিনটি বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। সে সময় আন্দোলন দমাতে কারখানা কর্তৃপক্ষ কয়েক ধাপে শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধ করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। তারা বেতন দেওয়ার তারিখও নির্ধারণ করে নোটিশ দেন। সোমবার সকালে শ্রমিকরা বকেয়া বেতনের জন্য কারখানার সামনে জড়ো হন। কারখানা বন্ধ পেয়ে তারা প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করেন। সকাল সাড়ে আটটার দিকে তারা হেমায়েতপুর-সিংগাইর সড়কে অবস্থান নেন এবং সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

শ্রমিকেরা জানান, গত তিন মাসে কয়েক দফায় তাদের বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু দেই-দিচ্ছি করে বেতন দেওয়া হয়নি। সর্বশেষ সোমবার তাদের বেতন প্রদানের কথা ছিল। কিন্তু এর আগেই কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে গা ঢাকা দেয়। এদিকে দীর্ঘদিন বেতন না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। বাসার মালিক ও দোকানিরা পাওনা টাকার জন্য তাঁদের চাপ দিচ্ছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে তারা নতুন করে কোনো কাজও খুঁজে নিতে পারছেন না। এই অবস্থায় তাঁদের কেউ কোনো ধরনের ত্রাণ দিয়েও সহায়তাও করছেন না।

ন্যাশনাল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহসভাপতি কবির হোসেন বলেন, শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। রবিবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলাপ হয়েছে। কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত দেয়নি। সোমবার সকালে বিক্ষোভ শুরু হলে কারখানা কর্তৃপক্ষ আগামী ৩০ এপ্রিল সকল পাওনাদি পরিশোধ করবে বলে আশ্বাস দিয়েছে। কিন্তু শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের ওপর আস্থা রাখতে পারছেন না। তারা বলেছেন, বেতন না পাওয়া পর্যন্ত তারা রান্তা ছেড়ে যাবেন না।

এদিকে বকেয়া বেতন-ভাতার দাবিতে আশুলিয়ার ইউনিক এলাকায় ওয়ার্ল্ড ওয়ান ডেনিম অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়ে শতাধিক শ্রমিক বিক্ষোভ করে। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের সাধারণ সম্পাদক খাইরুল মামুন মিন্টু এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার জানে আলম খান বলেন, ‘আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছেন। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’