Home Blog Page 3022

চীন ও বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের ভিডিও কনফারেন্স

0

করোনা মোকাবেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ ও চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিজ্ঞতা বিনিময় করেছেন। ঢাকাস্থ চীনা দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের ভিডিও কনফারেন্স সমাধানসহ যাবতীয় প্রযুক্তিগত সুবিধা প্রদান করে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি সমাধান সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে।

হুয়াওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার জানানো হয়, বাংলাদেশ থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং ছাড়াও ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম), স্বাস্থ্য অধিদপ্তর এবং দেশের ছয়টি ভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা সম্প্রতি অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্সটিতে অংশ নেন। এ সময় সকল প্রান্ত থেকে প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা ও সংযোগ নিশ্চিত করে হুয়াওয়ে।

হুয়াওয়ে সাংহাই কনফারেন্স সেন্টার থেকে এই ভিডিও কনফারেন্সে অংশ নেন চীনের হুয়াশান হসপিটাল অব ফুডান ইউনিভার্সিটির অধ্যাপক এবং সেন্টার ফর ইনফেকশাস ডিজিজের প্রধান ডা. ঝাং উয়েনহং। চীনে করোনা মোকাবেলার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি তিনি বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিত্সকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

চীনের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে ডা. ঝাং উয়েনহং বলেন, কোভিড-১৯ অল্প কিছুদিনের মধ্যে শেষ হবে বলে মনে হচ্ছে না। তবে এর মৃত্যুর হার ২ থেকে ৩ শতাংশে নামিয়ে আনা সম্ভব।

করোনা থেকে সুরক্ষায় সামাজিক দূরত্বের প্রতি গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, বাংলাদেশে যেহেতু টেস্টিং কিটের সংকট রয়েছে, সে কারণে গণহারে করোনা পরীক্ষা না করাই ভালো বলে আমি মনে করি। টেস্টিং কিটগুলো বরং গুরুতর অসুস্থ ব্যক্তিদের জন্য রেখে দেওয়া দরকার। তা-না হলে হাসপাতালের মধ্যেই করোনা ছড়াতে শুরু করবে, যার ফলশ্রুতিতে গোটা স্বাস্থ্য ব্যবস্থাই ভেঙে পড়তে পারে। প্রাথমিক পর্যায়ে ‘ফিভার ক্লিনিক’ গুলোও রোগিদের স্ক্রিনিংয়ে সাহায্য করতে পারে।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘করোনা মহামারীর বিরুদ্ধে পরিচালিত আমাদের যুদ্ধে বাংলাদেশের জনগণ দৃঢ়ভাবে চীনের জনগণের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে যতটা সম্ভব পাশে থেকে চীনও তার প্রতিদান দিতে চায়।’

বৈশ্বিক মহামারীর রূপ নেওয়া নভেল করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সম্প্রতি টেস্টিং টিকসহ প্রয়োজনীয় মেডিক্যাল যন্ত্রপাতি প্রদান করেছে চীন। অন্যদিকে দেখা যাচ্ছে বিভিন্ন দেশে করোনা মোকাবেলায় সরকারকে সাহায্য করার পাশাপাশি অভূতপূর্ব এই পরিস্থিতির সাথে সাধারণ মানুষ এবং ব্যবসাখাতগুলোকে খাপ খাওয়াতে আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ইতোমধ্যেই স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং দরকারি জিনিসপত্র ও সেবার নিশ্চিতের ক্ষেত্রে আইসিটি প্রযুক্তি ও সেবাসমূহ উল্লেখযোগ্যভাবে সাহায্য করে যাচ্ছে।

সৌদির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন জাবেদ পাটোয়ারী

0

অবসরে যাওয়া পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারীকে তিন বছরের জন্য সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, যোগাদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য জাবেদ পাটোয়ারী সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। তার চুক্তিভিত্তিক এ নিয়োগ অনুমোদিত শর্ত অনুযায়ী নির্ধারিত হবে।

দিল্লির ক্যান্সার হাসপাতাল করোনার হটস্পট

0

ভারতের দিল্লিতে করোনা আতঙ্ক বাড়ছেই।এই আতঙ্ক আরও বাড়িয়ে দিল একটি ক্যান্সার হাসপাতাল।হাসপাতালটি করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ক্যান্সার হাসপাতালটিতে এখন পর্যন্ত ২৮ জনের শরীরে করোনাভাইরাস মিলেছে। এই ২৮ জনের মধ্যে চারজন ক্যান্সার রোগী।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্যান্সার আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই অত্যন্ত দুর্বল হয়ে যায়। আর করোনা মোকাবেলায় শক্তিশালী ইমিউনিটি একমাত্র ঢাল। এই পরিস্থিতিতে ক্যান্সার হাসপাতালে আতঙ্ক ও উদ্বেগ বেড়েছে।

হাসপাতালেরই এক ডাক্তার এখানে প্রথম কোভিড-১৯ ছড়ান বলে জানা গেছে।

ওই ডাক্তারের ভাই ব্রিটেন থেকে ফেরেন। আইসোলেশনে না থেকে একই বাড়িতে একসঙ্গে বাস করছিলেন তাঁরা।

ডাক্তারের প্রথম করোনা ধরা পড়ে। তাঁর থেকেই এই ভাইরাস হাসপাতালের অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে।

করোনা রুখতে মাস্ক না পরেই কিমের বৈঠক! সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

0

করোনাভাইরাসের তাণ্ডব চলছে বিশ্বজুড়ে।এদিকে, বিশেষজ্ঞদের নির্দেশ হেলায় উড়িয়ে মাস্ক না পরেই বৈঠক করলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন।

একটা কথা প্রচলিত আছে যে, কিম জং উনের আপন দেশে আইনকানুন সর্বনেশে। এই প্রবাদকে ফের সত্যি প্রমাণ করলেন কিম নিজেই।

বিভিন্ন সংবাদ সংস্থা দাবি করেছিল, কিমের সেনারা করোনা আক্রান্ত বেশ কিছু রোগীকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে গিয়ে হত্যা করেছিল। কারণ কিমের কঠোর নির্দেশ ছিল, দেশে কিছুতেই করোনা ছড়াতে দেবেন না। এটা নিয়ে নিন্দার ঝড় উঠেছে দুনিয়ায়। কিন্তু এসবের থোড়াই কেয়ার করেন কিম।

এবার দেখা গেল অভিনব কাণ্ড। করোনা প্রতিরোধের উপায় বের করতে সেনা কর্মকর্তা ও পার্টির শীর্ষ কর্মকর্তাদের নিয়ে রবিবার নিজের প্রাসাদে জরুরি বৈঠকে বসেছিলেন কিম।এই সংক্রান্ত ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার সরকার। তা ভাইরাল হয়েছে টুইটারে।

সেখানে দেখা যাচ্ছে আজব দৃশ্য। করোনা নিয়ে বৈঠক। অথচ কারও মুখে মাস্ক নেই। নেই গ্লাভসও। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে চেয়ারম্যান তথা সর্বাধিনায়ক কিম জং উন বৈঠকে সভাপতিত্ব করছেন। একটি বিশাল গোল টেবিলের চারপাশে সেনা কর্মকর্তা, মন্ত্রীরা দু’ফুটের কম দূরত্বে বসে রয়েছেন। অথচ কেউ মাস্ক পরে নেই।

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় কিম জংকে তীব্র কটাক্ষ করা হয়েছে। তাঁকে নিয়ে মিম তৈরি হয়েছে, হাসির রোল উঠেছে।

জানা গেছে, বৈঠকে ঠিক হয়েছে, করোনা রুখতে আরও কঠোর পদক্ষেপ করবে উত্তর কোরিয়া। বাড়ি বাড়ি গিয়ে নমুনা পরীক্ষা করা হবে। লাগাতার নজরদারি চালানো হবে। সেনা ব্যারাক, পুলিশ চৌকি, থানা, অফিস, কিছুই বাদ যাবে না।

কমেছে মৃত্যু, মন্দা ঠেকাতে কিছু কারখানা খুলে দেবে স্পেন

0

করোনা মহামারিতে ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশগুলোর অন্যতম স্পেন। কয়েক সপ্তাহের বেসামাল অবস্থার পর দেশটিতে করোনায় মৃত্যুর হার কমে আসায় কিছুটা আশান্বিত সরকার। অর্থনৈতিক কর্মকান্ডের আংশিক খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে আজ সোমবার। কারণ শতাব্দীর সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দা ইতিমধ্যে উুঁকি দিতে শুরু করেছে। ফলে মন্দা ঠেকানোর লক্ষ্যেই তড়িগড়ি ব্যবসা-বাণিজ্য আংশিক খুলে দেয়ার সিদ্ধান্ত স্পেন সরকারের।

গত ২৪ ঘন্টায় ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র সব দেশই করোনায় মৃত্যু কমে আসার রিপোর্ট দিয়েছে। যা গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। মৃত্যুর হার কমে আসলেও দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেন, ‘লকডাউনে দেশ বিজয় থেকে এখনও অনেক দূরে। আমরা সবাই রাস্তায় নামতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু তার চেয়ে আমাদের বড় লক্ষ্য করোনার বিরুদ্ধে যুদ্ধে বিজীয় হওয়া এবং এটি যাতে আর ফিরে না আসে তা নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘কিছু কম্পানি দুই সপ্তাহ পর কার্যক্রম শুরু করবে, তবে খুব আবশ্যক নয় এমন কম্পনিকে এ মূহুর্তে কার্যক্রম খোলার সুযোগ দেয়া হবে না। এছাড়া মে মাসে আমরা দেশের কিছু এলাকায় চলাফেরায় নিষেধাজ্ঞা শিথিল করে দেব।’

জানা যায়, দীর্ঘ অর্থনৈতিক নিশ্চলতার কারণে শতাব্দীর সবচেয়ে বড় মন্দায় পড়তে যাচ্ছে স্পেন। এ অবস্থায় অর্থনীতি নিয়েও শঙ্কায় আছেন দেশটির নীতিনির্ধারকরা। তাই আজ সোমবার থেকে কিছু কারখানায় কর্মকান্ড শুরু হবে এবং নির্মাণ খাতের কর্মীরা কাজে যাবেন। এ ক্ষেত্রে পুলিশ তদারকি করবে এবং ফেস মাস্ক বিতরণ করবে মেট্রো ও ট্টেন স্টেশনগুলোতে।

সূত্র: ফ্রান্স টুয়েন্টিফোর

ভারতে করোনার তাণ্ডব চলছেই, একদিনে মৃত ৩৫!

0

ভারতে করোনাভাইরাসের কারণে মৃত ও আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটিতে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০৮। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯,১৫২।

আজ সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ১,৯৮৫। এরপর রয়েছে দিল্লি (১,১৫৪), তামিলনাড়ু (১,০৭৫), রাজস্থান (৮০৪), মধ্যপ্রদেশ (৫৩২), গুজরাট (৫১৬)। রবিবার দিল্লিতে আরও ১০টি হটস্পট চিহ্নিত হয়েছে। এর ফলে রাজধানীতে করোনার হটস্পটের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডি্ও কনফারেন্সের পর একটা বিষয় স্পষ্ট, লকডাউন বাড়ানোর ব্যাপারে সব রাজ্যের সঙ্গে সহমত হয়েছে কেন্দ্রীয় সরকার।

সোমবার বর্ধিত লকডাউনের রূপরেখা ঠিক করতেই নয়াদিল্লিতে বিশেষ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বর্ধিত লকডাউনের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার।

তবে, ভারতে আক্রান্ত ও মৃতের ক্রমবর্ধমান গ্রাফ এবং চীনের নতুন করে সংক্রমণের ঘটনা কেন্দ্রীয় সরকারকে বেশ চিন্তায় ফেলেছে।

করোনা ইস্যুতে মার্কিন চিকিৎসককে বহিস্কারের হুমকি ট্রাম্পের

0

যুক্তরাষ্ট্রে দিন দিন ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই করোনা ইস্যু নিয়ে চলছে কাদা ছোড়াছুড়ি। এবার করোনা পরবর্তী সময় নিয়ে নেতিবাচক মন্তব্য করায় বিখ্যাত মার্কিন চিকিৎসক অ্যান্থনি ফউসিকে বরখাস্তের হুশিয়ারি জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোবাবর এক টুইট বার্তায় ফউসিকে বরখাস্তের কথা জানান ট্রাম্প। ১৯৮৪ সাল থেকে ন্যাশনাল ইন্সটিটিউট অফ এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজ এর পরিচালক এবং সম্প্রতি করোনার টাস্ক ফোর্সে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন ফউসি। ট্রাম্পের হয়ে টুইট বার্তাটি লেখেন রিপাবলিকান ডিআন্না লরিন। যেখানে লেখা আছে “ফাউসি এখন বলছে যে ট্রাম্প যদি আগে চিকিৎসকদের কথা শুনতেন তবে অনেক প্রাণ বাঁচাতে পারতেন। তবে এর আগে ফেব্রুয়ারীর ২৯ তারিখে ফউসি বলেছিলেন ভয়ের কোন কারণ নেই, যুক্তরাষ্ট্রের জন্য করোনা কোন হুমকি নয়” টুইটের শেষে লরিন লেখেন হ্যাশট্যাগ টাইম টু ফায়ার ফউসি। এর আগে চলতি মাসের প্রথমে ইন্টিলিজেন্স কমিউনিটি ইন্সপেক্টর জেনারেল মাইকেল অ্যাটকিনসনকে বহিস্কার করেন ট্রাম্প।

করোনা নিয়ে সপ্তাহখানেক আগে ফউসি জানান, করোনা পরবর্তী সময়ে স্বাভাবিক জীবন ধারা ব্যাহত হবে। জীবন আর সঠিক প্রবাহে নাও চলতে পারে। করোনার আগের সেই বিশ্ব পরিস্থিতি আর ফেরানো সম্ভব না বলে হুশিয়ারি জানান তিনি। এছাড়া ফউসি বলেন ট্রাম্প যদি আগেই ব্যবস্থা নিত তবে করোনায় মৃত্যুর সংখ্যা অনেক কমত।

জনস হপকিন্সের দেওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২২ হাজার ২৩ জন করোনায় মারা গেছে, আক্রান্ত হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন।

আরো পাঁচজনের মৃত্যু করোনায়, নতুন শনাক্ত ১৮২

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। আর নতুন শনাক্ত হয়েছে ১৮২ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের। আর করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে মোট ৮০৩ জনের শরীরে।

আজ সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

করোনায় অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা দেবে ঢাবি শিক্ষক সমিতি

0

করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটির মধ্যে পরিবার নিয়ে দুরাবস্থায় পড়া অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করে একেবারেই সহায়তা পাননি এমন শিক্ষার্থীদের সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

গতকাল রবিবার (১২ এপ্রিল) এই বিষয়ে শিক্ষকদের কাছে পরামর্শ চেয়ে চিঠি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই চিঠিতে আগামী ১৫ এপ্রিলের মধ্যে শিক্ষকদের পরামর্শ জানাতে বলা হয়েছে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো নিজামুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিষয়ে অধ্যাপক মো নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘কোভিড-১৯ মহামারি আকার ধারণ করায় আমরা একটা সংকটের মধ্যে রয়েছি। তবে সবচেয়ে বেশি সংকটে রয়েছে দেশের নিম্ন আয়ের মানুষ। আমাদের আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীরাও পরিবার নিয়ে দুরাবস্থার মধ্যে রয়েছে। এ কারণে তাদের কষ্ট একটু হলেও লাঘবের জন্য আমরা এই পদক্ষেপ নিতে যাচ্ছি।’

চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ ভাইরাস বিশ্বব্যাপী মানুষের জীবন প্রবাহে পরিবর্তন এনে দিয়েছে। বাংলেদেশেও এর নেতিবাচক প্রভাব ক্রমশ বাড়ছে। এরইমধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি আরো দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থার মধ্যে আমাদের শিক্ষার্থীরা তাদের বাড়িতে অবস্থান করছে। তাদের অনেকের খণ্ডকালীন কাজ ও টিউশনির অর্থে তাদের পরিবারের জীবনযাত্রার ব্যয় নির্বাহ হয়ে থাকে। ফলে এসব শিক্ষার্থী ও তাদের পরিবার চরম দুরাবস্থার মধ্যে পড়েছে।’

চিঠিতে আরো বলা হয়েছে, আমাদের কিছু সহকর্মী এরইমধ্যে ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করেছেন। অনেকে আবার ইচ্ছা পোষণ করেছেন। কিন্তু এখনো অনেক শিক্ষার্থী সহযোগিতা থেকে বঞ্চিত। এসব শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পদক্ষেপ নিতে চায়। আমাদের শিক্ষক সমিতির ত্রাণ তহবিলে দুর্যোগকালে সহযোগিতা প্রদানের জন্য প্রয়োজনীয় অর্থ রয়েছে। সাধারণত এই ত্রাণ তহবিলের অর্থ বিপদাপন্ন মানুষের জন্য ব্যয় করা হয়। সমন্বিতভাবে এই অর্থ অধিক সংখ্যক শিক্ষার্থীদের সহযোগিতা দিতে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে একমত হয়েছে।

চিঠিতে আরো বলা হয়েছে, এরইমধ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন মাসিক ভিত্তিতে ৯৬৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে। এলামনাইয়ের সঙ্গে আলোচনা করে সংকটকালীন এই সময়ে এসব শিক্ষার্থীদের অর্থ বিকাশের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করেছে। এছাড়া আরো ৭০০ শিক্ষার্থীকে বৃত্তি দিতে অ্যালামনাই একটা তালিকা প্রস্তুত করেছে। প্রতিটি বিভাগের শিক্ষকদের সমন্বয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে৷ শিক্ষক সমিতি শিক্ষার্থীদের সহায়তার ক্ষেত্রে এই তালিকার সহায়তা নিবে৷

এছাড়া আরো যাচাই করে এরইমধ্যে যারা সহযোগিতা পেয়েছেন তাদেরকে এই তালিকার বাইরে রেখে সহায়তা করা হবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

১০ দিন অফিসে গেলেই ব্যাংক কর্মীরা পাবেন এক মাসের বেতনের সমপরিমাণ ভাতা

0

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দে‌শে সাধারণ ছুটি চলছে। কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড সচল ও জরুরি আর্থিক লেনদেনের প্রয়োজনে সীমিত পরিসরে খোলা রয়েছে ব্যাংক। চলমান এ সাধারণ ছুটির সময় যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী স্ব শরীরে অফিস করছেন তাদের জন্য বিশেষ প্রণোদনা ভাতা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ সময়ে ১০ দিন অফিস গেলেই ব্যাংক কর্মীরা এক মাসের মূল বেতনের সমপরিমাণ ভাতা পাবেন। এ বিশেষ পভাতার পরিমাণ মাসিক সর্বনিম্ন ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ টাকা হবে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকিং দায়িত্ব পালন করতে গিয়ে কিছুসংখ্যক ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ প্রেক্ষিতে, সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন ব্যাংকিং খাতকে সচল রাখতে যারা তাদের জীবন ও পরিবারকে ঝুঁকিতে রেখেও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন তাদের দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ বিশেষ প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ব্যাংক কর্মীদের আর্থিক প্রণোদনা নীতিমালাঃ ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারী যারা সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন ব্যাংকে স্বশরীরে গমণপূর্বক ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন বা করছেন তারা বিশেষ প্রণোদনা ভাতা প্রাপ্য হবেন।

সাধারণ ছুটিকালীন কর্মকর্তা-কর্মচারীগণ কমপক্ষে ১০ কার্যদিবস স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলে তা পূর্ণমাস হিসেবে গণ্য হবে। তবে ১০ কার্যদিবসের কম স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলে সে ক্ষেত্রে আনুপাতিক হারে উক্ত ভাতা প্রাপ্য হবেন। ব্যাংকের স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এই সুবিধায় অন্তর্ভুক্ত হবেন।

কর্মকর্তা-কর্মচারীরা তাদের স্ব স্ব মূল বেতনের সমপরিমাণ অর্থ মাসিক বিশেষ প্রণোদনা ভাতা হিসেবে প্রাপ্য হবেন। যেসব অস্থায়ী বা চুক্তি ভিত্তিক কর্মকর্তা/কর্মচারীদের মূল বেতন আলাদাভাবে নির্ধারিত নেই তারা মাসিক মোট বেতন-ভাতার ৬৫ শতাংশ মাসিক বিশেষ প্রণোদনা ভাতা হিসেবে প্রাপ্য হবেন। তবে, সবক্ষেত্রেই এ বিশেষ প্রণোদনা ভাতার পরিমাণ মাসিক সর্বনিম্ন ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ টাকা হবে।

সাধারণ ছুটি শুরু হওয়ার তারিখ হতে মাস গণনা শুরু হবে। প্রতি ৩০ দিন অতিক্রান্ত হওয়ার পর পুনরায় নতুন মাস গণনা শুরু হবে। এ নির্দেশনা সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদকাল পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে রবিবার ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) ঘোষণা দেন বেসরকারি ব্যাংক কর্মীরা কর্মরত অবস্থায় কোনো অসুস্থতা বা করোনা সংক্রমণ হলে তার সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বহন করবে ব্যাংক। করোনায় সংক্রমণ হ‌য়ে কেউ মারা গেলে তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।