Home Blog Page 3023

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

0

বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে আজ সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পহেলা বৈশাখ ১৪২৭ উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় এ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার ও ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই আজ চৈত্রসংক্রান্তি

0

করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে জনসমাগম এড়ানোর জন্য বর্ষ বিদায় ও নববর্ষ বরণের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এ কারণে চৈত্রসংক্রান্তিতে আজ কোথাও কোনো আনুষ্ঠানিক আয়োজন নেই। আগামীকাল বাংলা নববর্ষেও কোথাও কোনো আনুষ্ঠানিক আয়োজন নেই।

প্রতি বছর রাজধানীতে গ্রুপ থিয়েটার ফেডারেশন ও গানের দল সুরের ধারা দিনটি ব্যাপক আয়োজনে উদযাপন করলেও এবার কোনো আয়োজন নেই। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে সুরের ধারার চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান রাতভর চলার পর শেষ হয় হাজারো কণ্ঠে বর্ষবরণের মধ্য দিয়ে। এবার এ অনুষ্ঠানটি হচ্ছে না।

নববর্ষে ছায়ানটও তাদের ঐতিহ্যবাহী রমনা বটমূলের প্রভাতি অনুষ্ঠান বাতিল করেছে।

প্রণোদনার অর্থ পাবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান, খেলাপিরা নয়

0

করোনাভাইরাসের অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় বড় ও সেবা শিল্পের জন্য চলতি মূলধন ঋণ যোগানে প্রধানমন্ত্রী ঘোষিত ৩০ হাজার কোটি টাকার তহবিলের ব্যবহার নিয়ে নীতিমালা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, এ তহবিলের পুরোটাই বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব উৎস থেকে বিতরণ করতে হবে। যে সকল শিল্প ও সেবা প্রতিষ্ঠান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু সেসব প্রতিষ্ঠানই এর আওতায় সুবিধা পাবে। কোনো খেলাপি গ্রহীতা এ তহবিলের ঋণ পাবেন না। এ ছাড়া যে সব প্রতিষ্ঠানের ঋণ মন্দঋণে পরিণত হওয়ায় এরই মধ্যে তিনবারের বেশি পুনতফসিল সুবিধা নিয়েছেন, তারাও এই প্যাকেজের সুবিধা পাবেন না। আজ রবিবার এ সংক্রান্ত নীতিমালা সার্কুলার আকারে জারি করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, এই তহবিল থেকে ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তারা ৯ শতাংশ সুদে ঋণ নিতে পারবে। তবে তাদের ৪ দশমিক ৫ শতাংশ সুদ পরিশোধ করতে হবে, বাকি ৪ দশমিক ৫ শতাংশ সুদ সরকার ভর্তুকি হিসেবে দেবে।

ঋণের সীমা ও মেয়াদ নিয়ে বলা হয়, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণের স্থিতির মধ্যে স্ব স্ব ব্যাংকের অবদান এবং সম্ভাব্য ঋণ চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিটি ব্যাংক এ প্যাকেজের আওতায় ঋণের নিজস্ব চাহিদা নির্ধারণ করবে, যা এ প্যাকেজের আওতায় সংশ্লিষ্ট ব্যাংকের ঋণের প্রাথমিক সীমা হিসেবে বিবেচিত হবে। ওই সীমার উপর ভিত্তি করে ব্যাংক তাদের ঋণ কার্যক্রম পরিচালনা করবে। ব্যাংক কর্তৃক ওই সীমা নির্ধারণের পর স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে ওই সীমা বাড়াতে বা কমাতে পারবে। এ প্যাকেজের মেয়াদ হবে তিন বছর। তবে কোনো একক গ্রাহকের অনুকূলে প্রদত্ত ঋণের জন্য সর্বোচ্চ এক বছর মেয়াদের জন্য এ প্যাকেজের আওতায় সরকার হতে ভর্তুকি পাওয়া যাবে।

এতে আরো বলা হয়, এ প্যাকেজের আওতায় তফসিলি ব্যাংকের নিজস্ব ঋণ নীতিমালা অনুযায়ী ঋণ মঞ্জুরি অনুমোদিত হতে হবে। তবে প্রতিটি ঋণ বিতরণের পূর্বে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ হতে সম্মতিপত্র গ্রহণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের আওতায় ‘বিশেষ মনিটরিং ইউনিট’ নামে একটি ইউনিট থাকবে। এ প্যাকেজের আওতায় ঋণ/বিনিয়োগ সংক্রান্ত যে কোন প্রয়োজনে তফসিলি ব্যাংকসমূহ উক্ত ইউনিটের সাথে যোগাযোগ করবে।

জেলা প্রশাসনের উদ্যোগে ৬০৮ পরিবারে ত্রাণ বিতরণ

0

সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় আজ রবিবার ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও ঢাকার উপজেলাগুলোতে ৩৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৮টি মামলা এবং ৬৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঢাকার জেলা প্রশাসনের উদ্যোগে লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হয়।

ঢাকার জেলা প্রশাসন সূত্র আরো জানায়, মোবাইল কোর্ট পরিচালনা ছাড়াও ৩৩৩ কল সেন্টার ও ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুম (ফোন-০২৪৭১১০৮৯১, মোবাইল-০১৯৮৭৮৫২০০৮) থেকে পাওয়া ফোন কলের ভিত্তিতে সিটি কর্পোরেশনসহ ঢাকা জেলায় বিভিন্ন এলাকায় মোট ৬০৮টি দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিকশাওয়ালা, ভ্যানচালক, বিভিন্ন পেশার কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন। এ ছাড়া টিসিবির বিক্রয়কেন্দ্র ও ওএমএস বিক্রয় কেন্দ্রগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন।

এটিএন নিউজের সংবাদকর্মীর করোনা শনাক্ত

0

বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের একজন সংবাদকর্মীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা এ কথা জানান।

মুন্নী সাহা বলেন, এটিএন নিউজের একজন প্রতিবেদক দেশের বাইরে এক মাসের একটি প্রশিক্ষণ শেষে গত ২১ মার্চ ঢাকায় ফেরেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার ঢাকার বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। ১৫ দিনের যথাযথ কোয়ারেন্টিন শেষে তিনি ৫ এপ্রিল স্বেচ্ছায় অফিসে যোগ দেন। কিন্তু চার দিন অফিস করার পরই তিনি জ্বরে আক্রান্ত হন। পরে কাশি ও গায়ে ব্যথা শুরু হলে ১০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ১১ এপ্রিল রাতে আইইডিসিআর জানিয়েছে, তিনি ‘কভিড–১৯’ পজিটিভ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মুন্নী সাহা বলেন, তার জ্বর, গায়ে ব্যথাও কমে আসছে। তিনি শুরু থেকেই চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং তিনি বাসায় আইসোলেশনে আছেন। এটিএন নিউজ কর্তৃপক্ষ তাঁর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে।

চট্টগ্রামে পোশাক কারখানাগুলোতে ‘লে-অফ’ হিড়িক

0

চট্টগ্রামে ইপিজেডে অবস্থিত শ্রীলঙ্কার বিখ্যাত হায়দ্রামানী গ্রুপের সিস্টার কনসার্ন তৈরি পোশাক প্রতিষ্ঠান রিজেন্সী গার্মেন্ট লিমিটেড আজ রবিবার থেকে আগামী এক মাসের জন্য তাঁদের কারখানা সাময়িক কাজ বন্ধ (লে-অফ) ঘোষণা করেছে। সরকারি সাধারণ ছুটির মধ্যে গতকাল শনিবার রাতে প্রতিষ্ঠানের কর্মীদের ইমেইলের মাধ্যমে লে-অফের নোটিশ দিয়েছে প্রতিষ্ঠানটি। সিইপিজেডে অবস্থিত এই গ্রুপের আরেক সিস্টার কনসার্ন কেনপার্ক (বিডি) লিমিটেড গত ৫ এপ্রিল থেকেই ৪৫ দিনের জন্য লে-অফ ঘোষণা করেছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটি দীর্ঘায়িত হওয়ায় চট্টগ্রাম ইপিজেডের অনেক কারখানা সাময়িক কাজ বন্ধ (লে-অফ) ঘোষণা করেছে। বিশেষ করে সম্প্রতি সাধারণ ছুটির মেয়ার ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর পর থেকে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে লে-অফের আবেদন বেশি আসতে শুরু করেছে বলে নিয়ন্ত্রক সংস্থা বেপজা সূত্র জানিয়েছে।

দেশের সবচেয়ে বড় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চট্টগ্রাম ইপিজেডের এ পর্যন্ত প্রায় ১২ টি কারখানাকে লে-অফের অনুমোদন দিয়েছে বেপজা। এ ছাড়া গত দুইদিনেই আরও ১২টি কারখানা নতুন করে লে-অফের সুযোগ চেয়ে আবেদন করেছে। বাংলাদেশ ইপিজেড শ্রম আইনের ভিত্তিতে যাচাই বাছাই করে বেপজা অনুমোদন দিচ্ছে। আগামী ২-৩ দিনের মধ্যে আরও ১৫ থেকে ২০টি কারখানা লে-অফের আবেদন করতে পারতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।

এর আগে গত ৫ এপ্রিল থেকে সিইপিজেডের আরেক শ্রীলঙ্কান মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিভোগ গার্মেন্ট কোম্পানি লিমিটেড ৪১ দিনের জন্য তাঁদের মালিকানাধীন কারখানা লে-অফ ঘোষণা করে। বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯ এর ১১ ধারা অনুযায়ী বেপজার অনুমোদন সাপেক্ষে করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী সংকট ও কার্যাদেশ না থাকায় কারখানা লে-অফের ঘোষণা দেওয়া হয়। লে-অফ থাকাকালীন বাংলাদেশ ইপিজেড শ্রম আইনের ১৫ ধারা অনুযায়ী ক্ষতিপূরণ প্রাপ্ত হবে।
শ্রম আইনে লে-অফের ক্ষতিপূরণ হিসেবে মূল বেতনের অর্ধেকের পাশাপাশি বাড়ি ভাড়ার পুরো অংশ পাবে শ্রমিকরা। একই সাথে বোনাসও পাবে পুরোটাই। তবে আনুষঙ্গিক ভাতা যেমন চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা পাবে না শ্রমিকরা। এক ক্যালোর বর্ষের একটানা সর্বোচ্চ ৪৫ দিনের সাথে আবেদনের প্রেক্ষিতে আরও ১৫ দিন লে-অফ রাখা যাবে কারখানা। এরপরেও সমস্যা থেকে উত্তোরণ না হলে শ্রমিকদের পাওনা পরিশোধ সাপেক্ষে আইন অনুযায়ী ছাঁটাই করতে পারবে। তবে যাদের চাকুরীর বয়স ১ বছর হয়নি তারা কোন সুবিধাই পাবে না। কার্যত এই শ্রমিকরা বেকারই হয়ে যাচ্ছে।

চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলী ইপিজেডেও গতকাল পর্যন্ত ১১টি কারখানা লে-অফের অনুমোদন পেয়েছে। এ ছাড়া অনুমোদনের অপেক্ষায় আছে আরও ২ টি আবেদন।

চট্টগ্রাম ইপিজেডের তাইওয়ানের মালিকানাধীন বাংলাদেশ স্পিনার্স অ্যান্ড নীটার্স (বিডি) লিমিটেড (বিএসকেএল) আজ রবিবার লে-অফের জন্য আবেদন করেছে বেপজার কাছে। তবে প্রতিষ্ঠানটি আপাতত সরকারি ছুটির সাথে তাল মিলিয়ে ২৫ এপ্রিল পর্যন্ত ১০ দিনের জন্য লে-অফের আবেদন করেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (মানবসম্পদ ও কমপ্লাইয়েন্স) কামরুল ইসলাম মাসুদ বলেন, কোম্পানিগুলোর আসলে এ ছাড়া আর কোন উপায়ও নেই। করোনা পরিস্থিতি বিশ্বব্যাপী যেভাবে সংক্রমিত হচ্ছে সহসা এর থেকে কোন প্রতিকার নেই। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই লে-অফের মতো সাময়িক সিদ্ধান্ত নিতে হচ্ছে।

যদিও শ্রম আইন অনুযায়ী, অগ্নিকান্ড, মহামারী, মারাত্মক দৈব ঘটনা ও দাঙ্গা হাঙ্গামার পরিপ্রেক্ষিতে প্রয়োজন হলে লে-অফের সুযোগ আছে। তবু সামর্থ্যবান কারখানা মালিকরাও লে-অফের সুযোগ নেওয়ায় সমালোচনাও আছে। সিইপিজেডের একজন কর্মকর্তা জানান, আমরা সামর্থ্যবান কোম্পানিগুলোকে নিরুৎসাহিত করছি। এতবছর যে শ্রমিকদের সার্ভিস নিয়েছে এই কঠিন সময়ে তাঁদের এক মাসের দায়িত্ব অন্তত তাঁদের নেওয়া উচিত। কিন্তু দূর্বল কারখানার সাথে অনেক আর্থিক সক্ষম প্রতিষ্ঠানও লে-অফের জন্য আবেদন করেছে।

এ প্রসঙ্গে বেপজার মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর বলেন, শ্রমিকদের আর্থিক সুরক্ষার জন্যই আমরা মালিকদের আবেদন মেনে নিচ্ছি। করোনার কারণে বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা বিবেচনায় নিলে লে-অফে শ্রমিকরা তাদের মোট বেতনের প্রায় ৭০ শতাংশই পাবে। এক্ষেত্রে মালিকরা ক্ষতিগ্রস্থ হলেও আমরা শ্রমিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি বেশি মাথায় রাখছি।

অসহায় আইনজীবীদের জন্য ৬০ কোটি টাকা চেয়ে আইন মন্ত্রণালয়কে চিঠি

0

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে দেশের সকল আদালত বন্ধ থাকায় অসহায় আইনজীবীদের জন্য ৬০ কোটি টাকা বরাদ্দ দিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিনউদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের স্বাক্ষরে এ চিঠি দেওয়া হয়েছে।

সারা দেশের আইনজীবীদের জন্য এই বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। গত ৫ এপ্রিল এই চিঠি লেখা হলেও শনিবার এ চিঠি আইন মন্ত্রণালয়ে পৌঁছানো গেছে বলে জানান সমিতির তত্ত্বাবধায়ক নিমেষ চন্দ্র।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, করোনাভাইরাসের কারণে দেশের সকল আদালত বন্ধ। ফলে বিচার কাজ হচ্ছে না। এতে ক্ষতির মুখে পড়েছেন আইনজীবীরা। সারা দেশ থেকেই আইনজীবীদের অসহায়ত্বের খবর আসছে। আমরা মনে করি, অসহায় আইনজীবীদের আর্থিকভাবে সহযোগিতা করা প্রয়োজন। আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে কিছু করার চিন্তা করছি। তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সারাদেশের আইনজীবীদের সহযোগিতা করা সম্ভব না। এ কারণেই সারাদেশে অসহায় আইনজীবীদের জন্য থোক বরাদ্দ হিসেবে ৬০ কোটি টাকা বরাদ্দ দিতে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আশা করি সরকার আইনজীবীদের কথা বিবেচনা করে এ টাকা বরাদ্দ দেবেন।

উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন গত ৮ এপ্রিল এক বিবৃতিতে দেশের সকল নবীন ও সমস্যাগ্রস্তদের জন্য বার কাউন্সিলের ফান্ড থেকে অনুদান দেওয়ার দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, করোনাভাইরাসে পুরো দেশ লকডাউন হয়ে গেছে এবং আদালতের কার্যক্রম দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় দেশের সকল বারে (আইনজীবী সমিতি) যেসব আইনজীবী অর্থনৈতিক দূরাবস্থার মধ্যে পড়েছেন তাদের এককালীন অনুদান দেওয়া প্রয়োজন।

ইতালিতে মাফিয়ারাও এগিয়ে এসেছে ত্রাণ নিয়ে, বাড়ছে ভয়

0

করোনায় বিধ্বস্ত ইউরোপের দেশ ইতালি। দেশটির প্রায় দেড় লক্ষ মানুষ করোনা আক্রান্ত। মৃতের সংখ্যা ১৯ হাজার ছুঁই, ছুঁই। করোনার দাপটে কার্যত স্তব্ধ সেদেশের অর্থনীতি। কাজ হারিয়েছেন বহু মানুষ, সমাজের সবথেকে দরিদ্ররা অভুক্ত থাকছেন।

এই পরিস্থিতিতে চমকে দেওয়ার মতো দাবি করেছেন ইতালির মাফিয়া বিশেষজ্ঞ এবং লেখক রবার্তো স্যাভিয়ানো। তার দাবি, কঠিন সময়ে ইতালির গরিব মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে সেদেশের বিভিন্ন মাফিয়া গোষ্ঠীগুলো। খাবারের পাশাপাশি মানুষের কাছে দৈনন্দিন প্রয়োজনের জরুরি সামগ্রীও পৌঁছে দিচ্ছে মাফিয়া দলগুলো।

প্রাথমিকভাবে মাফিয়া গোষ্ঠীগুলোর এই কাজের পেছনে মানবিক দৃষ্টিভঙ্গি রয়েছে বলে মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু মাফিয়া বিরোধী লেখক হিসেবে পরিচিত স্যাভিয়ানোর দাবি, এর পেছনে অন্য কৌশল রয়েছে মাফিয়া গোষ্ঠীগুলোর। বিপদের সময়ে গরিব মানুষের সহায় হয়ে আসলে পরিস্থিতির সুযোগ নিয়ে গোটা ইতালিতে নিজেদের আধিপত্য আরো বাড়িয়ে নিতে চাইছে তারা। এমন কী, মাফিয়া গোষ্ঠীগুলোর নির্দেশে দক্ষিণ ইতালির রাজধানী নেপলসে সুদের কারবারিরা বিনা সুদে মানুষকে ঋণ দিচ্ছে বলেও দাবি করেছেন ওই মাফিয়া বিশেষজ্ঞ।

শুধু তাই নয়, আরো একটি বিষয় নিয়ে সতর্ক করেছেন ইতালির এই মাফিয়া বিশেষজ্ঞ। তার দাবি, অর্থনৈতিক বিপর্যয়ের ধাক্কায় ইতালির বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানই বেসামাল। ইউরোপের অন্যান্য দেশগুলো থেকে সাহায্য না করলে খুব শিগগিরই টাকা ঢেলে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও মাফিয়া সংগঠনগুলো নিজেদের কব্জায় নিয়ে নেবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন রবার্তো।

ড্রাগ এবং অন্যান্য বেআইনি কারবারের টাকা কিভাবে বৈধ ব্যবসাতেও খাটায় ইতালির মাফিয়া সংগঠনগুলো, সে বিষয়ে যথেষ্ট অবগত এবং অভিজ্ঞ রবার্তো স্যাভিয়ানো। ইতালির মাফিয়া সাম্রাজ্য এবং তাদের কর্মকাণ্ড নিয়ে ‘গুমোরাহ’ নামে একটি বিখ্যাত বইয়ের লেখক এই স্যাভিয়ানো। পরে যার ওপর ভিত্তি করে সিনেমা এবং টিভি সিরিজও তৈরি হয়েছে।

স্যাভিয়ানো যখন এই দাবি করছেন, তখন উল্টো মতও ওঠে আসছে। জার্মানির একটি বিখ্যাত সংবাদপত্রে বৃহস্পতিবারই আশঙ্কা প্রকাশ করা হয়েছে, ইতালির দাবি মেনে জার্মানিসহ অন্যান্য দেশগুলো যদি অনিয়ন্ত্রিতভাবে ইতালিকে টাকা ধার দেয়, তাহলে তার একটা বড় অংশ ইতালির মাফিয়াদের হাতে চলে যেতে পারে। ইতালির পররাষ্ট্র মন্ত্রী লুইগি দি মাইয়ো অবশ্য জার্মান সংবাদপত্রের ওই প্রতিবেদনের কড়া সমালোচনা করেছেন।

কথা রাখলেন মোদি, হাইড্রক্সিক্লোরোকুইন ভর্তি বিমান নিউইয়র্কে

0

করোনার কালো থাবায় অন্ধকার নেমে এসেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে। বেড়েই চলেছে লাশের সারি। এমন পরিস্থিতিতে ভারতের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন চেয়ে আবেদন করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত প্রথমে অস্বীকার করলেও ট্রাম্পের হুমকিতে সেই সিদ্ধান্ত বদলেছেন নরেন্দ্র মোদি। কথা দিয়েছিলেন নিষেধাজ্ঞা তুলে নিয়ে বন্ধু আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন দেবেন।

মাত্র দুইদিনের মাথায় কথা রাখলেন মোদি। বন্ধু দেশকে পাঠিয়ে দিলেন বিমান ভর্তি হাইড্রক্সিক্লোরোকুইন। তবে এই ঘটনায় খুশি নয় ভারতীয়রা। অনেকে প্রশ্ন তুলছেন, ভারতের নাগরিকদের প্রয়োজন না মিটিয়ে কেন হাইড্রক্সিক্লোরোকুইন তুলে দেওয়া হচ্ছে আমেরিকার হাতে?

বিষয়টি নিয়ে তর্কবিতর্কের মাঝেই হাইড্রক্সিক্লোরোকুইন বোঝাই বিমান পৌঁছে গেল নিউইয়র্ক। রবিবার ভোরে বিমানবন্দর থেকে ছবি টুইট করে এই খবর জানান আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু।

তিনি টুইট করেন, কভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে আমাদের বন্ধুদের সাহায্য করা হচ্ছে। আজই ভারত থেকে আসা হাইড্রক্সিক্লোরোকুইন ভর্তি বিমান নিউইয়র্ক বিমানবন্দরে পৌঁছে গেছে।

হাইড্রক্সিক্লোরোকুইন ভর্তি বিমান নিউইয়র্ক বিমানবন্দরে পৌঁছনোর পরেই উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করতে আরম্ভ করেন আমেরিকানরা। নিউইয়র্কের এক বাসিন্দাও ট্রাম্প সমর্থক আল মাসন টুইট করেন, ভারতের এই মানবিক আচরণ আমেরিকা কোনদিনও ভুলতে পারবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিশ্বের সবচেয়ে বড় দুটি গণতন্ত্রের দেশ যেভাবে একজোট হয়েছে তা আগে কোনদিন হয়নি।

সূত্র- সংবাদ প্রতিদিন।

যে কারণে আইএস কমান্ডারকে পাকিস্তানের কাছে হস্তান্তর করবে না আফগানিস্তান

0

সম্প্রতি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস এর আঞ্চলিক কমান্ডার আসলাম ফারুকি আফগানিস্তানে আটক হন। এই আইএস কমান্ডারকে পাকিস্তানের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে আফগানিস্তান।

সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হিন্দু-শিখ মন্দিরে হামলার চালানো হয়।এই হামলার সাথে জড়িত থাকার দায়ে আসলাম ফারুকিকে আটক করে আফগান নিরাপত্তাবাহিনী।

আইএস এর কথিত খেলাফতের খোরাসান প্রদেশের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন আসলাম ফারুকি।

আসলাম ফারুকি পাকিস্তানের বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এমনটাই মনে করে পাকিস্তান সরকার।

ফারুকিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পাকিস্তান।এ কারণে আসলাম ফারুকিকে হস্তান্তর করতে কাবুলের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।

তবে, পাকিস্তান সরকারের এ অনুরোধ নাকচ করে দিয়েছে আফগানিস্তান।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আসলাম ফারুকি আফগানিস্তান শত শত মানুষ হত্যায় জড়িত। এ কারণে তাকে দেশের প্রচলিত আইনে বিচার করা হবে। এছাড়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বন্দিবিনিময় চুক্তি নেই। তাই আসলাম ফারুকিকে ইসলামাবাদের কাছে হস্তান্তর করতে বাধ্য নয় কাবুল।