Home Blog Page 3025

নববর্ষে জনসমাগম করে কোনো অনুষ্ঠান করা যাবে না : প্রধানমন্ত্রী

0

করোনাভাইরাস পরিস্থিতিতে আসন্ন বাংলা নববর্ষে জনসমাগম করে কোনো প্রোগ্রাম করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি বলেন, ঘরে বসে রেডিও-টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়ায় উদযাপন করা যাবে। এ সময় করোনা পরিস্থিতির মধ্যেই কৃষিকাজ ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি।

আজ রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি’ নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাইরে জনসমাগম করে কোনো অনুষ্ঠান করা যাবে না। সকল অনুষ্ঠান বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘আপনারা ঘরে বসে করেন। রেডিওর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, স্যোশাল মিডিয়ার মাধ্যমে করেন বা নিজেদের পরিবার নিয়ে উৎসব করেন কিন্তু কোনোমতে কোনোরকম লোকসমাগম করবেন না। কারণ লোকসমাগমের কারণে কিন্তু সংক্রমিত হচ্ছে।’

ভিডিও কনফারেন্সে গণভবন প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ কয়েকটি বেসরকারি টিভি সরাসরি সম্প্রচার করছে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স।

এ সময় করোনা পরিস্থিতির মধ্যেই কৃষিকাজ ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি।

দুই বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু

0

করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স শুরু করেছেন প্রধানমন্ত্রী।

আজ রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে শুরু হয় এ ভিডিও কনফারেন্স।

ভিডিও কনফারেন্সে দুই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স।

এর আগে গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রতিনিধি, কর্মকর্তা ও জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন। সেখানে তিনি করোনাভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।

যে কারণে করোনায় আক্রান্তদের অর্ধেকেরই বেশি ঢাকার

0

বাংলাদেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৮২ জনের মধ্যে। যার মধ্যে ঢাকা জেলায় কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ২৫৭ জনই। অথচ এর কয়েকদিন আগেও ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জকে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের ‘এপিসেন্টার’ মনে করা হচ্ছিল।

এ ব্যাপারে আইইডিসিআরের উপ পরিচালক নাসিমা সুলতানা বলছেন, করোনাভাইরাস যেহেতু বিদেশ থেকে দেশে প্রবেশ করা মানুষের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাই ঢাকাতে ভাইরাসের প্রকোপ বেশি থাকার মধ্যে অস্বাভাবিকতা নেই।

তিনি আরো বলেন, ‘বিদেশ থেকে আসা অনেকে ঢাকার বিভিন্ন এলাকাতেই থাকেন। তাছাড়া ঢাকার বাইরেও যেসব প্রবাসী থাকেন, তাদের অনেকেই বিমানবন্দরে নেমে প্রথমে কিছুদিন ঢাকাতেই অবস্থান করেছেন। সেখান থেকেই সংস্পর্শের মাধ্যমে সংক্রমণ ঘটেছে বলে মনে করছি আমরা।’

তবে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর মনে করেন, আরো অনেক কারণেই ঢাকার ভেতরে সংক্রমণের হার বেশি হয়ে থাকতে পারে।

তিনি আরো বলেন, ‘ঢাকার মতো জনবহুল ও ঘনবসতিপূর্ণ এলাকায় মানুষ থেকে মানুষের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়াটা খুবই স্বাভাবিক।”

এএসএম আলমগীর বলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের হিসেবে দেশের অন্য যে কোনো এলাকার চেয়ে বেশি সুবিধা রয়েছে ঢাকায়, যেটি করোনাভাইরাস সংক্রমণের কারণ হতে পারে।

‘করোনাভাইরাস কোনো একটি সমতলে বেশ কিছুক্ষণ বেঁচে থাকে। অর্থাৎ কোনো একটি রিকশা, গাড়ি বা গণপরিবহনে একজন ভাইরাস আক্রান্ত ব্যক্তি ভ্রমণ করলে সেখানে তা লেগে থাকতে পারে এবং পরে আরেকজন ওই পরিবহণ ব্যবহার করলে তাকে সংক্রমিত করতে পারে’, বলেন আইইডিসিআর কর্মকর্তা আলমগীর।

তিনি আরো বলেন, এছাড়া আক্রান্ত ব্যক্তির মাধ্যমে সিঁড়ির রেলিং, লিফট, এসকেলেটরেও ভাইরাস ছড়াতে পারে, যা পরে অন্যকে সংক্রমিত করতে পারে।
সূত্র : বিবিসি বাংলা

মাজেদের ফাঁসি দেশের জন্য স্বস্তির বললেন আইনমন্ত্রী

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মামলায় আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে শনিবার রাত ১২টা ১ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মাজেদের ফাঁসি কার্যকরে বাংলাদেশের জন্য স্বস্তির বলে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর সকল খুনিদের এনে রায় কার্যকর করা হবে।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মাজেদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। এর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ফাঁসি কার্যকরের সময় উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢাকা জেলা প্রশাসক, সিনিয়র জেল সুপার, জেল সুপার, ডেপুটি জেলার, সিভিল সার্জনসহ অন্যান্যরা।

শনিবার রাত ১০টা ৫৫ মিনিটে ফাঁসির প্রস্তুতি দেখতে কারাগারে যান আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।

সেই জল্লাদ শাহজাহানের হাতেই মাজেদের ফাঁসি

0

অবশেষে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের।

শনিবার রাত ১২টা ১ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। জল্লাদ শাজাহানের নেতৃত্বে একদল জল্লাদ ফাঁসি কার্যকর করেন। মাজেদের দণ্ড কার্যকরে প্রধান জল্লাদ শাহজাহানের সঙ্গে সহকারী হিসেবে ছিলেন মনির ও সিরাজ।

২০১০ সালের ২৮ জানুয়ারি এই শাহজাহানই বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান, মহিউদ্দিন আহমদ (ল্যান্সার), এ কে বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের (আর্টিলারি) ফাঁসি কার্যকর করেছিলেন।

জল্লাদ শাহজাহানের পুরো নাম মো: শাহজাহান ভূঁইয়া। জন্মগ্রহণ করেন ১৯৫০ সালের ২৬ মার্চ। জন্মস্থান নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামে। বাবার নাম হাসান আলী ভূঁইয়া। মাতা সবমেহের। পড়াশোনা করেছেন এইচএসসি পর্যন্ত। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।

যুক্তরাষ্ট্রে করোনা ছড়িয়েছে বহু আগে, গা শিউরে ওঠা তথ্য জানালেন গবেষকরা

0

চলতি বছরের মার্চের শুরুর দিকে এক ব্যক্তিকে তার বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদিকে আরেক নারী ফেব্রুয়ারির মাঝামাঝিতে অসুস্থ হয়ে পড়ার পর মারা যান। করোনাভাইরাসের লক্ষণ নিয়ে তারা মারা যান যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে।

সরকারিভাবে স্বাস্থ্য কর্মকর্তারা করোনাভাইরাস পরীক্ষা শুরু করার আগেই তারা সর্দি-কাশি, জ্বর ও গলাব্যথার লক্ষণ নিয়ে মারা যান। তারা যে সময় করোনার উপসর্গ নিয়ে মারা যান, ওই সময় মানুষে মানুষে শারীরিক দূরত্ব সৃষ্টির ব্যাপারে কোনো আলোচনা শুরুই হয়নি যুক্তরাষ্ট্রে।

সান্তা ক্লারা কাউন্টির চিকিৎসক জেফ স্মিথ বলেন, আমাদের সম্প্রদায়ের মানুষের মধ্যে এই ভাইরাস অনেক আগেই ছড়িয়েছে। সম্ভবত সরকারিভাবে এটি শনাক্তের আয়োজন শুরুর অনেক আগেই এটির উপস্থিতি ছিল।

তিনি গত শুক্রবার বলেছেন, সেন্টার ফর ডিজিস অ্যান্ড কন্ট্রোল প্রিভেনশন, স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য মাধ্যম থেকে পাওয়া তথ্য থেকে বোঝা যাচ্ছে- আমরা যখন থেকে এটি প্রথম শনাক্ত শুরু করেছি, তার অনেক আগে থেকেই করোনাভাইরাস এখানে ছড়িয়েছে। এমনকি এটি গত বছরের ডিসেম্বরে ছড়িয়ে থাকতে পারে।

স্মিথ আরো বলেন, সময়টি ফ্লু সেশন হিসেবে বিবেচিত হওয়ার কারণে করোনাভাইরাসের বিষয়টি ভেবে দেখা হয়নি। কারণ লক্ষণগুলো তো আসলে ফ্লুর মতো। কারো যদি মাঝারি ধরনের করোনার লক্ষণ প্রকাশ পায়, সেটা বোঝা অনেক কষ্টের। এমনকি এ অবস্থায় বেশিরভাগ মানুষ চিকিৎসকের কাছে যায় না। আর ডাক্তারও এ ধরনের বিষয় তেমন গুরুত্বের সাথে না নিয়ে হয়তো নরমাল কোনো ওষুধ লিখে দিয়েছে।

এদিকে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে বহু মানুষ আসা-যাওয়া করে। সম্ভবত তারা ইতালি ও চীন থেকে করোনাভাইরাসে গত বছরের ডিসেম্বরে সংক্রমিত হয়ে এসেছে। আর গত ৪ ফেব্রুয়ারি মার্কিন প্রশাসন করোনা পরীক্ষার অনুমতি দেওয়ার অনেক আগেই তাদের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ছড়িয়েছে। আর ওই সময়ের আগেই উহান থেকে ইতালি হয়ে বহু মানুষ যুক্তরাষ্ট্রে গেছেন।

জানুয়ারি ও ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে বহু মানুষের মধ্যে করোনার লক্ষণ প্রকাশ পেলেও তা পরীক্ষা করা হয়নি। এমনকি বিষয়টি কেউ ভেবেও দেখেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, সামাজিকভাবে করোনাভাইরাস ওই সময়ের মধ্যেই ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে পাঁচ লাখ ছয় হাজার আট জন এবং এরই মধ্যে মারা গেছে ১৯ হাজার ছয়শ ৬৬ জন।

সূত্র : লস অ্যাঞ্জেলস টাইমস

করোনার ‘হটস্পট’ বলে কিছু নেই, বাজার বন্ধ করা হবে না : মমতা

0

ভারতে ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা মহামারি করোনার বিস্তার ঠেকাতে পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গেও লকডাউনের মেয়াদ বৃদ্ধি হতে পারে এই কানাঘুষো শোনা যাচ্ছিল। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর বিকালে লকডাউন বাড়ানোর ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন, ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হল লকডাউনের মেয়াদ। ভারতে ক্লাস্টার সংক্রমণের পর্যায়ে পৌঁছনোর ফলে সংক্রমণ ঠেকাতে লকডাউনকেই একমাত্র দাওয়াই হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৪ এপ্রিলের পরে কী উঠবে লকডাউন? এই প্রশ্ন লোকের মুখে মুখে ফিরলেও উত্তরটা সকলেই আন্দাজ করতে পারছিলেন। শুধু অপেক্ষা ছিল সময়ের ও মুখ্যমন্ত্রীর ঘোষণার। আজ বিকালে রুটিন বৈঠকে বসে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পক্ষে সহমত পোষণ করে রাজ্যেও ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী।

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্য সংক্রান্ত বেশ কয়েকটি বিষয়ে আলোকপাত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান,’সংক্রমণ রুখতে আন্তর্জাতিক বিমান চালানো যাবে না। কারণ বাংলা বিপদে পড়লে বাংলার সংস্পশে থাকা সীমান্তবর্তী রাজ্যগুলিও সমস্যায় পড়বে। রাজ্যের কয়েকটি স্থানকে বিশেষভাবে চিহ্নিত করে সেখানে লকডাউনের মধ্যেই আরও কড়া নজরদারির ব্যবস্থা করতে হবে।’

তবে এই বিশেষস্থানগুলিতে সাধারণের হাট-বাজার করতে কোনও সমস্যা হবে না বলেই আশ্বাস দেন তিনি। মমতা জানান, ‘খোলা থাকবে মুদি দোকান। ৩টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। তাদের মাধ্যমেই এইস্থানগুলিতে নজরদারি চালানো হবে। শুধুমাত্র জমায়েত এড়াতে ও সংক্রমণকে ঠেকাতেই এই স্থানগুলিকে চিহ্নিত করা হবে। তবে রাজ্যের এই সংক্রমণের স্থানগুলিকে ‘হটস্পট’ বলে নয় এই স্থানগুলিকে ‘মাইক্রো প্ল্যানিং’ বলেই উল্লেখ করতে বলেন। রাজ্যে অত্যাবশকীয় পণ্য মজুতের পণ্যবাহী ট্রাক ছাড়া কোনও দূরপাল্লার ট্রেন না চালানোর আবেদন করেন তিনি। তবে সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রী বারংবার পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার সঙ্গে মানবিক হওয়ার অনুরোধ করেন। লকডাউনে জনসাধারণের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখতে বলেন। রাজ্যের মানুষের খাবারের ধরণের কথা মাথায় রেখে বেকারি খোলারও অনুমতি দিয়েছেন। তবে নিয়ম না মানলে যে তিনি কড়া হাতে হাল ধরবেন সেই হুঁশিয়ারিও দিয়েছেন।

লকডাউনে বাংলার মানুষকে সুবিধা দিতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাজার খোলা রাখার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে গুজবে কান না দিয়ে জনসাধারণকে আশ্বাস দেন প্রতিটি বাজার খোলা থাকবে। কোথাও কোনো বাজার বন্ধ করা হবে না। পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রী ডেলিভারি করাতেও ছাড় দিয়েছেন তিনি।

সূত্র- সংবাদ প্রতিদিন।

প্রতিদিন হাজার ছুঁই ছুঁই মৃত্যু, এতো লাশ কোথায় রাখবে ব্রিটেন?

0

যুক্তরাষ্ট্র, ইতালি,স্পেনের পথে এবার ব্রিটেন। মৃত্যুর মিছিল বেড়েই চলেছে রানীর এলিজাবেথের দেশে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কভিড-১৯ রোগে আক্রান্ত আরও ৯১৭ জন মানুষ মারা গেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, মহামারির প্রারম্ভিক এই পর্যায়ে মৃত্যুপুরী ইতালিতে যে মৃত্যুহার ছিল, সেটিকেও ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য। এরই মধ্যে দেশটিতে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই।

মহামারি নভেল করোনাভাইরাসে দেশটিতে প্রতিদিনই প্রায় এক হাজার করে মানুষ মারা যাচ্ছে। এ নিয়ে ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে এখন ৯ হাজার ৮৭৫।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় শনিবার বিকেলে ৩টার দিকে করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৫ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৭৮ হাজার ৯৯১ জন।

দেশটির বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ এখন সেখানে ‘সর্বোচ্চ শিখরে’ পৌঁছাচ্ছে। গতকাল একদিনে মৃত্যুর হিসাবে স্পেন ও ইতালিকে ছাড়িয়ে যায় যুক্তরাজ্য। ইতালিতে একদিনে সর্বোচ্চ ৯১৯ এবং স্পেনে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৯৫০ জনের মৃত্যুর রেকর্ড রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে ১০নং ডাউনিং স্ট্রিট। সবাইকে সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার। আগামী কয়েক সপ্তাহে দেশটিতে মৃত্যুহার ভয়াবহ আকারে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র- রয়টার্স।

নতুন ছয় ধরনের করোনাভাইরাসের সন্ধান মিলেছে মিয়ানমারে!

0

সম্পূর্ণ নতুন ছয় ধরনের করোনাভাইরাসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মিয়ানমারে জরিপ চালানোর সময় বাদুড়ের দেহে এসব ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। এসব ভাইরাস বর্তমানে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কভিড-১৯ ভাইরাসের একই গোত্রভুক্ত। তবে গবেষকরা বলছেন, নতুন এসব ভাইরাস জিনগতভাবে সার্স বা কভিড-১৯ ভাইরাসের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

গত ৯ এপ্রিল প্লাস ওয়ান জার্নালে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়েছে বলে জানিয়েছে বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইভ সাইন্স। মিয়ানমারে জরিপের সময় এসব ভাইরাসের সন্ধান পাওয়া গেছে।

করোনাভাইরাসের গোত্রভুক্ত সার্স ২০০২-০৩ সালে বিশ্ব জুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ে। এই গোত্রের আরেক ভাইরাস বর্তমানে মহামারির রূপ নিয়ে এখন পর্যন্ত বিশ্বজুড়ে লক্ষাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সংক্রমিত করেছে প্রায় সাড়ে ১৭ লাখ মানুষকে।

মিয়ানমারে বাদুড়ের ওপর জরিপ চালানোর সময় নতুন ধরনের এসব করোনাভাইরাসের সন্ধান পাওয়া যায়। সরকারি অর্থায়নে প্রেডিক্ট নামে এক কর্মসূচির আওতায় ওই জরিপ চালানো হয়। প্রাণী থেকে মানুষে সংক্রমিত হতে পারে এমন সংক্রামক রোগ শনাক্ত করতে এই জরিপ চালানো হচ্ছে। আর এখন পর্যন্ত স্তন্যপায়ী প্রাণী বাদুড়ের মধ্যে কয়েক হাজার করোনাভাইরাস পাওয়া গেছে। কোভিড-১৯ ভাইরাসও বাদুড় থেকে এসেছে বলে ধারণা করা হয়। তবে বাদুড় থেকে মানুষে সংক্রমিত হওয়ার আগে তৃতীয় কোনও প্রাণীর শরীরে এটি অন্তর্বর্তীকালীন অবস্থান নিয়েছিল বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

জরিপের অংশ হিসেবে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে বাদুড়ের ১১টি প্রজাতি থেকে শত শত লালা ও মলের নমুনা সংগ্রহ করা হয়। মিয়ানমারের অন্তত তিনটি স্থান থেকে এসব নমুনা সংগ্রহ করা হয়। এসব স্থানে বাদুড়ের আবাসস্থলের কাছে নানা কারণে মানুষের যাতায়াত রয়েছে।

নতুন পাওয়া এসব করোনাভাইরাস অন্য প্রজাতিতে যেতে পারে কিনা কিংবা মানুষের ওপর তা কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

গবেষণাকর্মটির সহ লেখক সুজান মুরে বলেন, ‘অনেক করোনাভাইরাসই মানুষের জন্য হুমকি নয়, কিন্তু আমরা যখন প্রাথমিকভাবে কোনো প্রাণীতে খুজেঁ পাই, তখন সম্ভাব্য হুমকি খতিয়ে দেখার জন্য মূল্যবান সময় পাই। কোনও মহামারি ঘটার আগেই তা ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হলো অব্যাহত নজরদারি, গবেষণা ও শিক্ষা।’

এর আগে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বর্তমানে মানবজাতির ওপর তাণ্ডব চালানো নভেল করোনাভাইরাসের তিনটি পৃথক প্রকার খুঁজে পেয়েছিলেন। এখন চীনের উহান এবং পূর্ব এশিয়ায় যে ভাইরাসগুলি দেখা যাচ্ছে সেটা এই ভাইরাসের মূল প্রকার নয়। এটি মূলত নতুন একটি প্রজাতি। পরিবর্তিত এই স্ট্রেন (টাইপ-বি নামে পরিচিত) এবং মূল সার্স-কোভি -২ ভাইরাস থেকে উদ্ভূত যা বাঁদুড় কিংবা প্যাঙ্গোলিনের (টাইপ-এ) মাধ্যমে মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল। টাইপ-এ ভাইরাস এখন আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় দেখা যাচ্ছে। এছাড়া টাইপ-সি নামের আরেকটি প্রকার উহানের টাইপ-বি থেকে পরিবর্তিত হয়ে সিঙ্গাপুর হয়ে ইউরোপে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, ভাইরাসটি বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিরোধ ব্যবস্থার বিভিন্ন স্তরের সঙ্গে লড়াই করে টিকে থাকতে ক্রমাগত নিজেকে পরিবর্তন করে চলেছে। টিকে থাকার জন্য এই ভাইরাসের নিজেকে পরিবর্তনের অসম্ভব রকম ক্ষমতা রয়েছে।

সূত্র- লাইভ সায়েন্স।

যুক্তরাজ্যে করোনায় মৃত মুসলমানদের জন্য আলাদা গণকবর

0

যুক্তরাজ্যে করোনায় মৃত মুসলমানদের জন্য আলাদা গণকবরের ব্যবস্থা করেছে দেশটির সরকার। প্রথমবারের মতো এক সাথে ১০ জন মুসলিম নারী-পুরুষকে গণকবরে সমাহিত করা হয়েছে। এর মধ্যে পাঁচজন পুরুষ ও অন্য পাঁচজন নারী। করোনাভাইরাসের কারণে মুসলিম সম্প্রদায়ের মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাউথ ইস্ট লন্ডনের কেমনাল পার্কস্থ কবরস্থানে শুক্রবার তাদের জানাজা ও দাফন করা হয়। ১০মিটার দীর্ঘ ও দুই মিটার প্রস্তের কবরে তাদের সমাহিত করা হয়েছে। এসময় তাদের পরিবারের একজন করে সদস্যদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়।

ফিউনারাল ডিরেক্টররা বলছেন, ৫০ জনের মৃতদেহ দাফনের অপেক্ষায় রয়েছেন। ইসলামিক রীতি অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে মৃতদের দাফন করা উচিত। কর্তৃপক্ষ জানিয়েছে, এই কবরস্থানের একটি অংশ শুধু মুসলিমদের জন্য যা সাফ গ্রেইভস নামে পরিচিত। এখানে ইসলামী রীতি অনুসারে মৃতদেহগুলো পৃথকভাবে সামাধিস্থ করা হবে। মৃতদের কাফনে ঢাকা হবে প্রথা অনুসারে পবিত্র মক্কার দিকে মুখ করে। তাদের দাফন করা হয় দেড় মিটার গভীরে। মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আরো ছয়টি গণকবরের পরিকল্পনা নেওয়া হয়েছে। সাধারণত এই কবরস্থানে দিনে দু’জন মুসলিমকে দাফন করা হলেও এখন প্রতিদিন ১০ জনেরও বেশি মানুষের দাফনের জন্য ফোন আসছে।

কবরস্থানের বিশেষ প্রকল্প পরিচালক রিচার্ড গোমারসাল জানিয়েছেন, বর্তমানে বেশিরভাগই দাফন বা শেষকৃত্যের অনুষ্ঠান হচ্ছে করোনাভাইরাসজনিত। তারা ব্যক্তিগত প্লটগুলোর চাহিদা পূরণ করতে পারছেন না। তাই কিভাবে আরো দ্রুত দাফন করা যায় সে জন্য ইসলামি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে।

এর আগে করোনাজনিত সংক্রমণে মৃতদের লাশ পুড়িয়ে ফেলার জন্য স্থানীয় কাউন্সিলগুলোকে প্রস্তাব দিয়েছিল সরকার। কিন্তু সংসদে সেই আইন পাশ করা সম্ভব হয়নি। যুক্তরাজ্যের মুসলিম জনগোষ্ঠী এর বিরুদ্ধে জনমত গঠন করলে এমপি নাজ শাহ সংসদে এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান করে। পরে সেটি বাতিল হয়। শেষ পর্যন্ত এখন গণকবরের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।