Home Blog Page 3026

কভিড-১৯ চিকিৎসায় নতুন দিশা, কম খরচে ভেন্টিলেটর বানাচ্ছে ভারত!

0

কভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার ভেন্টিলেটর। এটি মারাত্মকভাবে সংক্রামিত রোগীদের শ্বাস-প্রশ্বাস নিতে সাহায্য করে। ভেন্টিলেটর ছাড়া গুরুতর করোনা রোগীদের প্রাণ বাঁচানো প্রায় অসম্ভব। হু হু করে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলিতে ভেন্টিলেটর সংকট দেখা দিয়েছে। অনেক হাসপাতালে ভেন্টিলেটরের অভাবে চিকিৎসা হচ্ছে না। এমন পরিস্থিতিতে আক্রান্তদের জন্য এবার ভারতেই যাতে খুব কম খরচে ভেন্টিলেটর বানানো যায়, সে জন্য দেশীয় প্রযুক্তি সরবরাহ করবে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে আইআইএসসি-র পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। দাবি করা হয়েছে, এপ্রিলের শেষের দিকেই সেই দেশীয় প্রযুক্তি তুলে দেওয়া হবে ‘ভারত হেভি ইলেকট্রিক্যাল্স লিমিটেড (ভেল)’-সহ কয়েকটি দেশীয় প্রস্তুতকারক সংস্থার হাতে।

কভিড-১৯ ভাইরাসে আক্রান্তদের ক্ষেত্রে দেখা গেছে, এই ভাইরাস তাদের ফুসফুসকে পুরোপুরি নষ্ট করে দেয়। ফলে, আক্রান্ত হওয়ার পরেই শ্বাসকষ্ট শুরু হয় রোগীদের। যা তাদের মৃত্যুর কারণও হয়ে ওঠে। কৃত্রিম ভাবে শ্বাসপ্রক্রিয়া চালু রেখে চিকিৎসার জন্য বাড়তি সময় আদায় করার লক্ষ্যেই ব্যবহার করা হয় ভেন্টিলেটর।

এত দিন ভেন্টিলেটর বানানোর জন্য তার মূল দু’টি উপাদান ‘সেন্সর’ এবং ‘ফ্লো-কন্ট্রোলার’ ভারতের প্রস্তুতকারক সংস্থাগুলিকে আনতে হত বিদেশ থেকে। তার জন্য ভারতে ভেন্টিলেটর বানানোর খরচ বেশি হত। দামও পড়তো অনেক বেশি। এখন বিশ্বজুড়ে লকডাউন চলায় ভেন্টিলেটর বানানোর জন্য বিদেশ থেকে সেন্সর এবং ফ্লো-কন্ট্রোলারও আনা সম্ভব হচ্ছে না। অথচ সরকারি ও বেসরকারি হাসপাতাল নিয়ে ভারতে এখন ভেন্টিলেটরের সংখ্যা সাকুল্যে ৪৮ হাজার। করোনা সংক্রমণের পরিস্থিতিতে যা কিছুই নয়।

আইআইএসসি-র ইলেকট্রনিক সিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রিন্সিপাল রিসার্চ সায়েন্টিস্ট টি ভি প্রভাকর বলেছেন, ‘এই পরিস্থিতিতে আমাদের এই প্রযুক্তিতে বানানো সেন্সর এবং ফ্লো-কন্ট্রোলার দিয়ে অনেক কম খরচে ভেন্টিলেটর বানাতে পারবেন দেশীয় প্রস্তুতকারকরা। কারণ, আমরা যে প্রযুক্তিতে ভেন্টিলেটরের এই উপাদানগুলি বানাচ্ছি, তার খরচ সামান্য। আর তা আন্তর্জাতিক ভাবেও স্বীকৃত।’

ভেন্টিলেটরের মধ্যে মূলত থাকে সেন্সর ও অ্যাকচুয়েটর। রোগীদের দেওয়ার আগে চিকিৎসকেরা এদের মাধ্যমেই বায়ু ও অক্সিজেনের চাপ এবং আয়তন মেপে নেন।

আইআইএসসি-র গবেষকরা ওয়াটার পিউরিফায়ারের সেডিমেন্টেশন ট্যাঙ্ককেই একটু অন্য ভাবে ব্যবহার করেছেন ভেন্টিলেটরে বায়ু ও অক্সিজেনকে মজুত রাখা এবং তাদের চাপ ও আয়তনকে কাঙ্খিত মাত্রায় রাখার জন্য। আর গাড়ির চাকায় আমরা হাওয়া ভরি যে ভাবে, সেই পদ্ধতিতেই ভেন্টিলেটরের সেন্সর বানানোর পথ দেখিয়েছেন তারা।

সূত্র- আনন্দবাজার।

এবার উবার চালকের মৃত্যু, নারী যাত্রী থেকে সংক্রমণ?

0

শারীরিক অবস্থা গুরুতর না হওয়ার পরেও একজন উবার চালক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জানা গেছে, ট্যাক্সিতে উঠে একজন নারী যাত্রী একনাগাড়ে কাশি দেওয়ার জেরে ওই চালক আক্রান্ত হয়েছিলেন।।

দক্ষিণ লন্ডনের ৩৩ বছর বয়সী আইয়ুব আখতার গত শুক্রবার মারা যান। তার দিন কয়েক আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। আইয়ুবের ভাই ইয়াসের বলেন, কাশি দেওয়া ওই নারী যাত্রীকে বহনের পর আমার ভাই করোনা আক্রান্ত হয়।

তিনি আরো বলেন, ভাই আমাদের বলেছিল- একজন যাত্রী ট্যাক্সিতে উঠে একনাগাড়ে কাশি দিয়েছে। সেই ঘটনার জেরে তার ভয় হচ্ছে। এর কয়েকদিন পর তারও কাশি শুরু হয়। এমনকি রাতের বেলা আমার ঘর থেকে তার হৃদয় বিদারক কাশির শব্দ শুনতাম। ওই সময় সে শ্বাস নিতেও কষ্ট পেত।

তিনি আরো বলেন, একপর্যায়ে ভাইয়ের পরিস্থিতি খারাপ হলে আমরা অ্যাম্বুলেন্স ডাকি। প্রথমে ক্রাইডনের মেডে হসপিটালে ভর্তি করা হয়। পরে ভাইকে স্থানান্তর করা হয় সেন্ট জর্জ’স হসপিটালে।

মুঠোফোনে এক বার্তায় নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে সে আমাদের জানায়, আমি সত্যিই ভয়ে আছি। আমার জন্য তোমরা দোয়া করো। তার কয়েকদিন পরই সে মারা গেল।

তিনি আরো বলেন, আমরা ভাইকে দেখতে যেতেও পারিনি। কিন্তু আমরা জানি, সে খুব খারাপ অবস্থার মধ্যে ছিল। কারণ, আমরা তাকে বার্তা পাঠালেও সে পাল্টা বার্তা দিতে একদিনেরও বেশি সময় নিত।

ইয়াসের বলেন, ভাই আমাদের কাছে বার্তা পাঠিয়েছিল- সে খুব ভয়ে আছে। কারণ ডাক্তাররা তাকে শ্বাস-প্রশ্বাস চালিয়ে যেতে বলেছে। কিন্তু সে নিজের ফুসফুস দিয়ে শ্বাস টেনে নিতে পারছে না। সবকিছু খুব অল্প সময়ের মধ্যে ঘটছিল। শেষ পর্যন্ত তার খারাপ পরিণতি হলো।

তিনি আরো বলেন, আমরা তাকে দেখার অনুমতি পাইনি। তার শেষকৃত্য কখন করা হবে, সে ব্যাপারেও জানি না। অথচ আমাদের ধর্মে শেষকৃত্য করা হয় মারা যাওয়ার এক বা দুইদিনের মধ্যে।

সূত্র : গার্ডিয়ান।

অর্ধেক বেতন কম নিচ্ছেন নেইমার-এমবাপ্পেরা

0

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ফরাসি লিগ বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়বে ক্লাবগুলো। তবে অন্যান্যদের মত এখনো খেলোয়াড়দের বেতন কর্তন নিয়ে কিছুই জানায়নি ফরাসি লিগের ক্লাবগুলো। কিন্তু নিজেরাই বেতনের ৫০ শতাংশ কম নিতে রাজি হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) খেলোয়াড়রা।

বার্সেলোনার খেলোয়াড়রা ৭০ শতাংশ বেতন কম নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্য বড় ক্লাবগুলোর খেলোয়াড়রাও বেতন কাটার ব্যাপারে সম্মত হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো কোন সিদ্বান্ত না নিলেও, খেলোয়াড়রা নিজ উদ্যোগে বড় অঙ্কের তহবিল গঠন করছে।এবার নিজ ক্লাব পিএসজির জন্য কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনায় বসেছিল লিগ ফুটবল প্রফেশনাল (এলএফপি) এবং ন্যাশনাল ইউনিয়ন অব প্রফেশনাল ফুটবলারস (ইউএনএফপি)। দুই সংগঠনের আলোচনার পর ঐক্যমত্যের ভিত্তিতে বেতন কম রাখার সিদ্ধান্ত জানান পিএসজি তারকারা।

লে প্যারিসিয়ানের রিপোর্ট অনুযায়ী, সবার সম্মতি অনুযায়ী ৫০ শতাংশ বেতন কেটে রাখার ব্যাপারে রাজি পিএসজি তারকারা। তবে ৫০ শতাংশ বেতন কাটার সিদ্ধান্তটি প্রযোজ্য হবে সে সব খেলোয়াড়ের ক্ষেত্রে যারা প্রতি মাসে কমপক্ষে ১ লাখ ইউরো আয় করেন। লিগ ওয়ানে খেলেন এমন সর্বোচ্চ ৫০ জন খেলোয়াড় পাওয়া যাবে যারা এই বিশাল অঙ্কের অর্থ আয় করেন। এরমধ্যে বেশিরভাগই পিএসজিতে খেলেন।

যেসব খেলোয়াড় প্রতি মাসে ৫০ হাজার থেকে ১ লাখ ইউরোর নিচে আয় করেন তাদের ক্ষেত্রে ৪০ শতাংশ বেতন কেটে রাখার সিদ্বান্ত হয়। আর যারা ২০ হাজার থেকে ৫০ হাজার ইউরো আয় করেন তাদের ৩০ শতাংশ বেতন কর্তন হবে। ফরাসি সংবাদমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী, কোভিড-১৯ মহামারির প্রভাবে পিএসজি’র আর্থিক ক্ষতি হবে প্রায় ৩০০ মিলিয়ন ইউরো। ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখের বেশি। মৃত্যুর সংখ্যা ১২ হাজারের বেশি।

লকডাউন এলাকায় খোলা থাকবে সরকারি ৬ ব্যাংকের শাখা

0

লকডাউন ঘোষিত এলাকাতেও সীমিত আকারে সরকারি ৬টি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো- সোনালী, জনতা, অগ্রণী, রুপালী, বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। ট্রেজারি কার্যক্রম, সরকারি ভাতা ও অনুদান বিতরণ এবং জনসাধারণের অতি জরুরি আর্থিক লেনদেনর জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ শনিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলার বলা হয়, ট্রেজারি কার্যক্রম, সরকারি ভাতা ও অনুদান বিতরণ এবং জনসাধারণের অতি জরুরি আর্থিক প্রয়োজন মেটানোর জন্য সরকার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে লকডাউন ঘোষিত এলাকাতেও সীমিত আকারে ব্যাংকিং চালু রাখতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত লকডাউন ঘোষিত এলাকায় ব্যাংকের সকল শাখায় রবিবার থেকে দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি হবে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। তবে আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। শাখাগুলোতে সরকারি চালান গ্রহণ, পে অর্ডার ইস্যু, জরুরি বৈদেশিক লেনদেন, টাকা জমা, উত্তোলন এবং সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন ভাতা ও অনুদান বিতরণ কার্যক্রম সম্পাদন করতে হবে। এক্ষেত্রে সকল শাখায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত শাখাগুলোতে ব্যাংকের কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের যাতায়াতের সুবিধার জন্য বাহনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৬ চিকিৎসক বরখাস্ত

0

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পদায়ন করা চিকিৎসকদের মধ্যে ছয়জন কর্মস্থলে অনুপস্থিত থাকার তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় ওই ছয় চিকিৎসককে বরখাস্ত করা হয়। ওই চিকিৎসকদের সবাই রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের টেলিফোনিক নির্দেশনায় ওই ছয় চিকিৎসককে বরখাস্ত করা হয়। আজ শনিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

ওই ছয় চিকিৎসক করোনাভাইরাসে আক্রা রোগীদের চিকিৎসা কেন্দ্রে সেবা দিচ্ছেন না জানিয়ে গত ৯ এপ্রিল কুয়েত-মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে চিঠি পাঠানোর পর এই ব্যবস্থা নেয়া হল।

বরখাস্ত হওয়া চিকিৎসকরা হলেন জুনিয়র কনসালট্যান্ট (এনেসথেসিয়া) ডা. হীরস্ব চন্দ্র রায়, মেডিক্যাল অফিসার ডা. ফারহানা হাসানাত, মেডিক্যাল অফিসার ডা. উর্মি পারভীন ও মেডিক্যাল অফিসার ডা. কাওসার উল্লাহ। জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. শারমিন হোসেন ও আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ ফজলুল হককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দেশের সকল ইপিজেড ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে

0

সরকারি সিদ্ধান্তের সাথে সমন্বয় রেখে বেপজা নিয়ন্ত্রিত দেশের ৮ ইপিজেড আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েবাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। আজ শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বেপজার মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর কালের কণ্ঠকে বলেন, ‘বেপজা এবং ইপিজেডের বিনিয়োকারীদের সংগঠনের নেতৃবৃন্দের যৌথ আলোচনায় সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে জরুরি শিপমেন্ট, সেবা ও পিপিইপ্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্যতীত ইপিজেডের অন্যান্য কারখানাগুলো ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘

জানা গেছে, দেশের ৮ ইপিজেডের ৪৪৭টি কারখানার মধ্যে ৩০৮টির শ্রমিকরা তাদের মার্চ মাসের বেতন-ভাতা পেয়ে গেছেন। ৩৪টি কারখানা আগামীকাল রবিবার বেতন পরিশোধ করবেন। বাকী কারখানাগুলো আগামী ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের মার্চমাসের বেতন পরিশোধ করবেন বলে বেপজা মহাব্যবস্থাপক জানান।

প্রসঙ্গত, দেশের ৮ ইপিজেডে বর্তমানে বাংলাদেশসহ ৩৮ দেশের ৪৪৭ কারখানায় প্রায় ৫ লাখ শ্রমিক কর্মরত।

ত্রাণ বিতরণে অনিয়ম হলে ফৌজদারি মামলা : এলজিআরডি মন্ত্রী

0

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন করোনাভাইরাস জনিত কারণে উদ্ভূত পরিস্থিতিতে ত্রাণ বিতরণ কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে বরখাস্ত ও ফৌজদারি মামলা দায়ের করা হবে।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ হতে এ সংক্রান্ত জিও তথা অফিস আদেশ জারি করা হয়েছে।

আজ শনিবার রাজধানীর মিন্টো রোডে নিজ সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশও করোনাভাইরাস জনিত প্রতিকূল অবস্থা মোকাবেলা করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা সকলে একযোগে কাজ করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আমি আশা করি।

এদিকে শনিবার স্থানীয় সরকার বিভাগ হতে জারিকৃত অফিস আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশে করোনাভাইরাসের কারণে শহর ও গ্রামে বিপুল সংখ্যক মানুষের আয়-রোজগারের পথ বদ্ধ হয়ে পড়েছে। উদ্ভুত পরিস্থিতিতে সকল ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য সহায়তা হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/ দপ্তর/সংস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ নিজস্ব অর্থায়নে ত্রাণ কার্যক্রম যেমন- চাল, নগদ অর্থ, শিশু খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করছে। প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা/অনুশাসনের আলোকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের জনপ্রতিনিধি এবং কর্মকর্তা/কর্মচারীগণ তৃণমূল পর্যায়ে ত্রাণ সামগ্রী বিতরণ কাজে সরাসরি সম্পৃক্ত হয়েছেন। কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্র-পত্রিকার মাধ্যমে জানা যায় যে, কোথাও কোথাও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি ও কর্মকর্তা/কর্মচারীগণ ত্রাণ বিতরণে অনিয়ম/দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।

এরূপ অনিয়ম/দুর্নীতিতে জড়িত জনপ্রতিনিধি ও কর্মকর্তা/কর্মচারীগণকে সাময়িক বরখাস্তকরণ, তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রুজুসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণকে অনিয়ম/দুর্নীতির বিষয়ে সুনিদিষ্ট তথ্য-প্রমাণসহ প্রতিবেদন তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ জন্যও অনুরোধ করা হয়।

সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণ চেয়ে সরকারকে আইনি নোটিশ

0

সেনাবাহিনীর মাধ্যমে সারা দেশে ত্রাণ কাজ পরিচালনার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। পরিকল্পনা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার, দুর্যোগ ব্যবস্থাপনা ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালকে ই-মেইলের মাধ্যমে আজ শনিবার এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ পাওয়ার এক সপ্তাহের মধ্যে সারা দেশে অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর তালিকা তৈরি করে তাদের মধ্যে খাদ্য এবয় ওষুধ সামগ্রী সরবরাহ কার্যক্রম সেনাবাহিনীর মাধ্যমে পরিচালনা করতে বলা হয়েছে।

আইনি নোটিশে বলা হয়েছে, করোনাভাইরাসের সামাজিক সংক্রমণের পরিপ্রেক্ষিতে এই মূহুর্তে অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি আতঙ্ক এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সল্প আয়ের মানুষ, দিন মজুর, রিকশা চালক থেকে শুরু করে নানা পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেক মধ্যবিত্ত পরিবার লজ্জায় মুখ ফুটে সাহায্য চাইতে পারছে না। এ সমস্থ পরিবারে নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং ঔষধের অভাব কিংবা ঘাটতি দেখা দিয়েছে। এই অবস্থায় সরকারের দায়িত্ব অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ এসব জনগোষ্ঠীর তালিকা তৈরি করে তাদের কাছে খাদ্য ও ঔষধ সামগ্রী পৌঁছে দেওয়া। যথাযথভাবে এই খাদ্যের সরবরাহ এবং বিতরণ নিশ্চিত করতে না পারলে ভয়াবহ সমস্যা দেখা দিতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে দেশে খাদ্য সঙ্কট নেই। তথাপি করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হলে এই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অন্তত খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় ওষুধের নিশ্চয়তা সরকারকে দিতে হবে।

নোটিশে সেনাবাহিনীকে এ কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়ার দাবি জানিয়ে বলা হয়েছে, অতীতে নানা দুর্যোগে সেনাবাহিনী সাফল্যের সঙ্গে সরকারকে সহায়তা করেছে এবং জনসাধারণের আস্থা অর্জন করেছে। ইতিমধ্যে ত্রাণ কাজে বিভিন্ন অনিয়ম, নির্বাচিত প্রতিনিধি কর্তৃক চাল চুরি ও মজুদ এবং সমন্নয়হীনতা লক্ষ্য করা গেছে। এই পর্যায়ে একমাত্র সেনাবাহিনীর মাধ্যমে এই ত্রাণ বিতরণ এবং সরবরাহের কাজ যথাযথভাবে পরিচালনা সম্ভব।

আজ রাতেই ফাঁসি, জেনেছেন খুনি মাজেদ

0

শনিবার রাতে ফাঁসি কার্যকর হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন বরখাস্ত আব্দুল মাজেদের। এরইমধ্যে তার ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ। জল্লাদ প্রস্তুত। এরই মধ্যে ফাঁসির মঞ্চে মহড়া করা হয়েছে।

কারাসূত্র জানিয়েছে, চিকিৎসক তার পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তার প্রেসার স্বাভাবিক রয়েছে। তাকে জানানো হয়েছে ফাঁসির মঞ্চে ফাঁসি কার্যকর করার বিষয়ে। আজ শনিবার মধ্যরাতে সেই ফাঁসি কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে গতকাল শুক্রবার সন্ধ্যায় শেষ দেখা করেছেন কারা কর্তৃপক্ষ।

সরকারি ত্রাণ সামগ্রীতে থাকছে শিশুখাদ্যও

0

ভয়াবহ করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল ও নগদ টাকার পাশাপাশি এবার শিশুখাদ্য বিতরণের উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জেলা প্রশাসকদের মাধ্যমে প্রতি সপ্তাহে দুদিন দরিদ্র পরিবারের শিশুদের জন্য এ শিশু খাদ্য বিতরণ করা হবে। এজন্য এরইমধ্যে দুই দফায় প্রায় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়।

এ ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, বর্তমান করোনাভাইরাসের দুর্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগী বিতরণ করা হচ্ছে। এজন্য নগদ টাকা ও চাল বরাদ্দের পাশাপাশি শিশুখাদ্য বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে দুই দিন তথা সোমবার ও বৃহস্পতিবার এসব খাদ্য বিতরণ করা হবে।

গত ৯ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শাহজাহান স্বাক্ষরিত মন্ত্রণালয়ের ত্রাণ বরাদ্দ সংক্রান্ত এক নোটিশে জানা যায়, সম্ভাব্য করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য দেশের ৬৪টি জেলায় ত্রাণ হিসেবে চাল, নগদ টাকা এবং শিশু খাদ্য ক্রয় বাবদ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর আগে ৬ এপ্রিল আরেক দফা বরাদ্দ দেওয়া হয়।

সূত্র মতে, দুই দফায় ৬৫ হাজার ৯৬৭ মেট্রিক টন চাল, ২৫ কোটি ৩১ লাখ ৭২ হাজার নগদ টাকা এবং শিশু খাদ্য ক্রয় বাবদ ৩ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নির্দেশনায় শিশু খাদ্য ক্রয়ের শর্তাবলীতে বলা হয়- বর্ণিত ক্রয়ের ক্ষেত্রে পিপিআর, ২০০৮ সহ সংশ্লিষ্ট সব বিধি-বিধান ও আর্থিক নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করতে হবে। জিটুজি পদ্ধতিতে ক্রয়পূর্বক মিল্ক ভিটার উৎপাদিত গুড়োদুধ চলমান ত্রাণ কার্যে ত্রাণসামগ্রী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

এ ছাড়া শিশু খাদ্য হিসেবে খেজুর, বিস্কুট, ফর্টিফাইড তেল, ব্রাউন চিনি, সুজি, মশুরির ডাল, সাগু, ফর্টিফাইড চাল, ওয়াটার পিউরিফাইড ট্যাবলেট, বাদাম, মানসম্মত রেডিমেট ফুড ইত্যাদি খাদ্যদ্রব্য স্থানীয়ভাবে ক্রয় করে বিতরণ করতে হবে। বরাদ্দকৃত অর্থ বর্ণিত ক্রয় ব্যতীয় অন্য কোন খাতে ব্যয় করা যাবে না।

নির্দেশনায় আরো বলা হয়, সংশ্লিষ্ট জেলা প্রাশসকগণ আরোপিত শর্তাবলী যথাযথভাবে অনুসরণপূর্বক ছাড়কৃত অর্থে শিশু খাদ্য ক্রয়পূর্বক বিতরণ করবেন এবং নিরীক্ষার জন্য হিসাব সংরক্ষণ করবেন। এ ছাড়া চলতি ২০১৯-২০ অর্থ বছরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে মানবিক সহায়তার বিভিন্ন খাতে এ পর্যন্ত প্রাপ্ত বরাদ্দের ব্যয় বিবরণী জরুরি ভিত্তিতে এ মন্ত্রণালয় প্রেরণের জন্য অনুরোধ করা হয়।

এ বিষয়ে ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল বলেন, ত্রাণ সামগ্রীতে প্রথমবারের মতো এবার শিশু খাদ্য থাকছে। এজন্য এরইমধ্যে দুই দফায় প্রায় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সব জেলায় দরিদ্রতা ও জনসংখ্যার হার অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া শিশু খাদ্যের তালিকায় মিল্প ভিটাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

এদিকে বর্তমান করোনা পরিস্থিতিতে সারা দেশে দুধের চাহিদা ব্যাপক কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন খামারিরা। উদ্ভুত পরিস্থিতিতে সরকারি ত্রাণে শিশু খাদ্যের তালিকায় মিল্ক ভিটার গুড়ো দুধ রাখার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।