Home Blog Page 3027

গণপরিবহন বন্ধ ২৫ এপ্রিল পর্যন্ত

0

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার রাজধানীর সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত বাড়ানো হলো।

করোনা নামক এ অদৃশ্য শক্তিকে পরাজিত করতে আমাদের সবাইকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে বলেও তিনি জানান।

নতুন করোনা শনাক্তদের মধ্যে কোন এলাকার কয়জন

0

বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়ছে ৫৮ জন। যাদের মধ্যে ১৪ জন ঢাকা শহরের। নারায়ণগঞ্জের ৮ জন। অন্যান্য জেলায় ৩৬ জন।

আজ শনিবার আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

ফ্লোরা বলেন, নতুন আক্রান্তের মধ্যে ৪৮ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে রয়েছেন ১৭ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে আছেন ১৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে।

গত পাঁচ দিনে দেশে করোনা রোগী সুস্থ হয়নি কেউ, শনাক্ত বেড়েছে ৩৩৬

0

বাংলাদেশে গত পাঁচ দিনে কোনো করোনা শনাক্ত রোগী সুস্থ হয়নি। গত ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশে একজনও সুস্থ হয়নি। গত ৫ এপ্রিল তিন জন সুস্থ হওয়ায় মোট ৩৩ জন সুস্থ হয়। এরপর থেকে থমকে থাকে সুস্থ হওয়ার তালিকা। তবে আজ ১১ এপ্রিল তিন জন সুস্থ হয়েছেন।

কিন্তু দেশে এই পাঁচ দিনে করোনা শনাক্ত বেড়েছে ৩৩৬ জন। ১০ এপ্রিল পর্যন্ত দেশে মোট করোনা রোগী ছিল ৪২৪ জন। গত ৫ এপ্রিল শনাক্ত রোগীর সংখ্যা ছিলো ৮৮ জন। দেখা যায় পাঁচ দিনে দিনে ৩৩৬ জন রোগী শনাক্ত হলেও কেউ সুস্থ হয়নি।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান পাওয়া যায়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো তিনজন মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। সুস্থ হয়েছেন তিনজন।

এনিয়ে দেশে করোনায় মোট শনাক্ত হয়েছে ৪২৮ জন। আর মারা গেছেন মোট ৩০ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৫৪টি।

‘নারায়ণগঞ্জ, মিরপুর ও বাসাবোর করোনা পরিস্থিতি উদ্বেগজনক’

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণে আরো তিনজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৮ জনের দেহে। তাদের মধ্যে রাজধানী ঢাকার অধিবাসী ১৪ জন এবং নারায়ণগঞ্জের অধিবাসী আট জন। অন্যরা দেশের বিভিন্ন জেলার। এছাড়া নারায়ণগঞ্জ, মিরপুর ও বাসাবোর করোনা পরিস্থিতি উদ্বেগজনক বলে জানানো হয়।

আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান। এতে যুক্ত হন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

দেশে করোনায় আক্রান্তদের মধ্যে শতকরা ৫২ জন ঢাকার অধিবাসী বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে নারায়ণগঞ্জ জেলা ছাড়াও ঢাকার মিরপুর ও বাসাবোয় করোনা পরিস্থিতি উদ্বেগজনক বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, করোনাভাইরাসটি বেশ কয়েকটি জায়গায় বিস্তার লাভ করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি নারায়ণগঞ্জ, মিরপুর এবং বাসাবোয়। ‘

তিনি বলেন, ‘আমাদের অন্যান্য জেলাতেও করোনা ছড়িয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি নারায়ণগঞ্জ জেলা থেকে বেশ কিছু লোক অন্যান্য জেলায় চলে গিয়েছে এবং সেখানে আক্রান্ত করেছে।’

তিনি বলেন, ‘এ বিষয়টি উদ্বেগজনক। এ বিষয়টিকে আমাদের আরো কঠিনভাবে দেখতে হবে এবং বন্ধ করতে হবে।’

এছাড়া গত ২৪ ঘণ্টায় তিনজন মৃতের মধ্যে দুজন ঢাকার বাইরের এবং একজন ঢাকার। গত ২৪ ঘণ্টায় আরও ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও তিনজন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও তিনজন, ফলে মোট সুস্থ হয়েছেন ৩৬ জন।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সুস্থ হওয়ার তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। তাদের বয়স যথাক্রমে ২৬, ৫৭ ও ৫৫ বছর।

করোনা নিল আরো তিনজনের প্রাণ, শনাক্ত ৫৮

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো তিনজনের মৃত্যু হয়েছে। আর নতুন শনাক্ত হয়েছে ৫৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩০ জনের। আর করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে মোট ৪৮২ জনের শরীরে।

আজ শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। ব্রিফ করেন
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। ব্রিফিংয়ে অনলাইনে সরাসরি যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত পাওয়া গেছে ৫৮ জনকে। এ ছাড়া একই সময় মৃত্যুবরণ করেছেন তিনজন। এ নিয়ে এ পর্যন্ত মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, নতুন করে তিনটি প্রতিষ্ঠানকে করোনা আক্রান্তদের জন্য সুসজ্জিত করা হচ্ছে। এই তিনটি প্রতিষ্ঠানের মধ্যে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারকে দুই হাজার শয্যার হাসপাতালে পরিণত করা হচ্ছে।

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরাও উপস্থিত ছিলেন।

ফ্লোরা বলেন, সর্বশেষ আক্রান্ত ৫৮ জনকে নিয়ে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৮২। আক্রান্তরা সবচেয়ে বেশি রয়েছেন ঢাকার মিরপুর ও বাসাবো এবং নারায়ণগঞ্জে। কিন্তু দুঃখের বিষয় এই সময়ে আমরা আরো তিনজনকে হারিয়েছি। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩০। তিনি জানান, যে তিনজন মৃত্যুবরণ করেছেন তাঁদের একজন ঢাকা শহরের এবং দুজন ঢাকার বাইরের। তাঁদের বয়স ৩৮, ৫৫ এবং ৭৪ বছর। আর যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তাদের দুজন পুরুষ এবং একজন নারী। তাঁদের বয়স ২৬, ৫৭ এবং ৫৫ বছর।

ফ্লোরা জানান, সর্বশেষ আক্রান্তদের ৪৮ জন পুরুষ এবং ১০ জন নারী। এদের ১৪ জন ঢাকার এবং আটজন নারায়ণগঞ্জের। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হিসেবে ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ১৭ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৫ জন। তিনি জানান, পরপর দুটি পরীক্ষায় কারো মধ্যে করোনার উপস্থিতি নেই- এমন পাওয়া গেলে তাকে সুস্থ বলে ধরে নেওয়া হয়। গত ২৪ ঘণ্টায় এমন আরো তিনজনকে পাওয়া গেছে। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ জন।

এ পর্যন্ত মোট আক্রান্তদের সম্পর্কে বলতে গিয়ে ফ্লোরা বলেন, যে ৪৮২ জন আক্রান্ত হয়েছেন তাঁদের ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে রয়েছেন সর্বোচ্চ সংখ্যক ২২ শতাংশ। এর পরে রয়েছেন ২১ থেকে ৩০ শতকরা ১৯ ভাগ এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ১৯ শতাংশ। নারী-পুরুষ বিশ্লেষণে দেখা যাচ্ছে, আক্রান্তদের শতকরা ৭০ ভাগ পুরুষ এবং শতকরা ৩০ ভাগ নারী। এ পর্যন্ত আক্রান্তদের শতকরা ৫২ ভাগই ঢাকা শহরের বলে জানান ফ্লোরা।

ভারতে এই প্রথম একদিনে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল, মৃত বেড়ে ২৩৯

0

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।ভারতে এতদিন পর্যন্ত ২৪ ঘণ্টার নিরিখে করোনাভাইরাসে সর্বাধিক আক্রান্তের সংখ্যা ছিল ৮৯৬। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা ছাপিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ল ১০৩৫। মৃতের সংখ্যা এখন ২৩৯ জন।

জানা গেছে, মহারাষ্ট্রেই নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন। তার ফলে সারা ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৪৭ জন।

চিকিৎসকদের অভিমত, ভারতজুড়ে করোনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। তার ফলে নতুন আক্রান্তরা সামনে আসছেন। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের মৃত্যুও হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা এখন ২৩৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১১৬। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের হিসাব অনুযায়ী অবশ্য এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮৯।

মহারাষ্ট্র যেন করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে। সেখানকার যে ছবি উঠে আসছে তা যথেষ্টই উদ্বেগজনক। ওই রাজ্যে মোট ১৫৭৪ জন করোনা আক্রান্ত ধরা পড়েছেন।সেখানে মৃত্যুও হয়েছে ১১০ জনের। মহারাষ্ট্রের পরেই রয়েছে দিল্লি। সেখানে ৯০৩ জন আক্রান্ত হয়েছেন। মধ্যপ্রদেশেও আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৭৬ জন বেড়ে এখন হয়েছে ৪৩৫।জম্মু-কাশ্মীরেও করোনা আক্রান্তের সংখ্যা এখন ২০৭।

কেরালায় কিছুটা সংক্রমণে রাশ টানা গিয়েছে। এখনও পর্যন্ত সে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৬৪। যদিও এর মধ্যে কিছুটা ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে সিকিম, মেঘালয় ও নাগাল্যান্ডে। সেখানে এখনও পর্যন্ত কোনও করোনা আক্রান্ত ধরা পড়েনি।

অরুণাচল প্রদেশে অবশ্য এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।

রাতেই কার্যকর হচ্ছে মাজেদের ফাঁসি

0

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসির জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ প্রস্তুত। আজ শনিবার (১১ এপ্রিল) রাতেই তার ফাঁসি কার্যকর হচ্ছে।

কারা সূত্র জানায়, কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ তৈরির পর এখন পর্যন্ত কোনো আসামির ফাঁসি কার্যকর হয়নি। বঙ্গবন্ধুর খুনির ফাঁসির মধ্য দিয়ে নতুন এই মঞ্চে ফাঁসির কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

এরইমধ্যে মঞ্চটি ধোয়া-মোছা করে তৈরি রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফাঁসির সময় নির্ধারণ করে আদেশ দেওয়ার পর মঞ্চটিতে মহড়া করা হবে। এরই মধ্যে কোন কোন জল্লাদ ফাঁসির কাজে অংশ নেবেন, তাও প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে বলে জানা গেছে।

কারা সূত্র আরো জানায়, গতকাল মাজেদের স্ত্রী সালেহা বেগমসহ পরিবারের পাঁচ সদস্য তাঁর সঙ্গে দেখা করেছেন।

গত বুধবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো প্রাণভিক্ষা খারিজের চিঠি পৌঁছায় কারাগারে। তখনই ফাঁসি কার্যকরের ব্যবস্থা নিতে শুরু করে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

পরেরদিন বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আবদুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি। প্রাণভিক্ষার আবেদন বাতিল হয়ে যাওয়ায় ফাঁসির আদেশ কার্যকরে আর কোনো বাধা থাকল না। এখন পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে তাঁর ফাঁসির দণ্ড কার্যকর করা হবে।

এর আগে ২৩ বছর ধরে পলাতক আবদুল মাজেদকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বাংলা বর্ষবরণের পোস্টার প্রকাশ ক‌রল চারুকলা

0

বাংলা বর্ষবর‌ণের পোস্টার প্রকাশ ক‌রেছে ঢাকা বিশ্ব‌বিদ্যালয় চারুকলা অনুষদ।

কভিড-১৯ ভাইরাস প্রাদুর্ভা‌বের কারণে এ বছর চারুকলা অনুষ‌দের ঐতিহ্যবাহী মঙ্গল ‌শোভাযাত্রাসহ সব অনুষ্ঠান বা‌তিল করা হ‌লেও রী‌তি অনুসা‌রে পোস্টার প্রকাশ করা হ‌য়ে‌ছে।

এবা‌রের বর্ষবর‌ণের মূল প্র‌তিবাদ্য নির্ধারণ করা হ‌য়ে‌ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়’ বাণী‌কে। পোস্টারটি প্রকাশ করা হয়ে‌ছে অনলাইনে।

পোস্টা‌রে মূল প্রতিপাদ্যের পাশাপাশি এবার এর ব্যাখ্যাও যুক্ত করা হ‌য়ে‌ছে। এজন্য আর্নেস্ট হেমিংওয়ের ‘দি ওল্ড ম্যান অ্যান্ড দ্যা সি’ থেকে ‘মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না’- বাক্যটি ব্যবহার করা হয়ে‌ছে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হো‌সেন বলেন, ‘প্রতিবছরই আমরা পোস্টার করি। এবারো করলাম। তবে এবার এটি করা হ‌য়ে‌ছে প্রতিপাদ্যের ব্যাখ্যাসহ। প্রতিবার প্রতিপাদ্যটি আমরা নানা মোটিভের মাধ্যমে তুলে ধরি। এবার সেটি হবে না বলে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে সুইজারল্যান্ড

0

কভিড-১৯ সংকট মোকাবেলায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে সুইজারল্যান্ড বাংলাদেশের পাশে রয়েছে। সুইজারল্যান্ড এই সংকট মোকাবেলায় বাংলাদেশে গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপগুলোতে সহায়তার জন্য ২.৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ২৫ কোটি টাকা প্রদান করবে, যা স্থানীয় ও আন্তর্জাতিক সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে। ঢাকাস্থ সুইস দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কভিড-১৯ ঝুঁকি প্রতিরোধ ও হ্রাস করার জন্য আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, সুইজারল্যান্ড তা বাংলাদেশ সরকার, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং দাতা সংস্থাগুলির সঙ্গে মূল্যায়ন করছে।

এছাড়াও, জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের বৈশ্বিক কভিড-১৯ আবেদনে সুইজারল্যান্ড ১৪.৪ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ১২৬ কোটি টাকা প্রদান করছে।

সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম ঠেকাবে দুদক

0

করোনাভাইরাস পরিস্থিতিতে সংকট মোকাবেলায় হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দ চাল বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দেশের বিভিন্ন স্থান থেকে এসব চাল আত্মসাত ও কালোবাজারে বিক্রির সময় তা উদ্ধার করেছে প্রশাসন।

তবে এখন থেকে এসব দুর্নীতি ঠেকাতে প্রশাসনের পাশাপাশি কাজ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, এরইমধ্যে দুদকের সব বিভাগীয় কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয়কে এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে সরকারের সামাজিক নিরাপত্তামূলক যে কোনো কর্মসূচিতে দুর্নীতির মতো অপরাধ রোধে কাজ করবে কমিশন।

সূত্র আরো জানায়, গোয়েন্দা তথ্য সংগ্রহ ছাড়াও দুদকের প্রত্যেক সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা স্থানীয় জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। কোনো অবস্থাতেই সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে দুর্নীতির ন্যূনতম সুযোগ দেওয়া হবে না। এতে জড়িতদের সময়মতো আইনের আওতায় আনা হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ত্রাণের চাল চুরির ঘটনায় এরইমধ্যে অর্ধশত স্থানীয় জনপ্রতিনিধি তালিকাভুক্ত হয়েছেন। তাদের অনেকে পলাতকও রয়েছেন। অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে। ৩০ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত সারা দেশের বিভিন্ন জায়গায় এ চাল চুরির ঘটনাগুলো ঘটে।

রংপুর নগরের পশ্চিম খাসবাগ এলাকায় গতকাল শুক্রবার টিসিবির ১৮ বস্তা চিনি, ১০৬ কার্টন সয়াবিন তেল, এক বস্তা ডালসহ তুহিন ট্রেডার্সের মালিক ব্যবসায়ী আব্দুল হালিমকে আটক করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, উদ্ধার করা মালামাল টিসিবির ডিলার আজমল হোসেন ও আনোয়ার হোসেনের। তাঁরা পলাতক। আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে রংপুরের পীরগঞ্জে গত বুধবার রাতে খাদ্যবান্ধব কর্মসূচির ৯০ বস্তা চাল আটকের ঘটনায় গত বৃহস্পতিবার সাতজনকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রশিদ। উপজেলার গুর্জিপাড়া কলেজের সামনে ওই চালের ট্রলি আটক করে ভেণ্ডাবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় ট্রলিচালক, হেলপার ও শ্রমিককে আটক করা হয়।

বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রামে গত বৃহস্পতিবার সকালে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৬০৮ বস্তা সরকারি চালসহ এক নসিমনচালককে আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল আলম সুমন পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে চালের বস্তাগুলো থানায় নিয়ে যান। পরে এর সূত্র ধরে বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কুলসুমা আক্তারের স্বামী আমিরুল ইসলামের কুশলডাঙ্গী গ্রামের মেসার্স ভাই ভাই হাস্কিং মিলে তল্লাশি চালিয়ে আরো চাল জব্দ করেন ইউএনও। এ সময় ওই এলাকায় তাঁর তিনটি চালের গুদাম সিলগালা করে দেওয়া হয়।

নরসিংদীর রায়পুরার মরজাল ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ না করে কালোবাজারে বিক্রির দায়ে মো. মিস্টার মিয়া নামের এক ব্যক্তিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড ও তাঁর ডিলারশিপ বাতিল করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে চালের বস্তাগুলো উদ্ধার করা যায়নি। দণ্ডিত মিস্টার মরজালের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. শফিকুল ইসলাম।

বগুড়ার সোনাতলায় গত বৃহস্পতিবার সন্ধ্যার পর গ্রেপ্তার হওয়া মিঠু মণ্ডল উপজেলার মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।

জামালপুরের মেলান্দহ উপজেলায় গত বৃহস্পতিবার রাতে এবং সদর উপজেলায় গতকাল ভোরে ৩০ বস্তা করে ৬০ বস্তা চাল (তিন টন) জব্দ করা হয়। মেলান্দহে ওই চাল ক্রেতা স্থানীয় মো. আসাদুল ও রফিক পলাতক। সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চিকারপার গ্রামের রাস্তায় তিনটি ইজি বাইকে করে আটা-ময়দা, পোল্ট্রি খাদ্য ও পশুখাদ্যের পলি বস্তায় ভরা ৩০ বস্তা চাল পাচারের সময় গ্রামবাসী আটক করে। খবর পেয়ে সদরের ইউএনও ফরিদা ইয়াছমিন ঘটনাস্থল থেকে চালের বস্তাগুলো জব্দ করেন।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় করোনাভাইরাস পরিস্থিতিতে সংকট মোকাবেলায় হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দ দেওয়া ৬০৮ বস্তার বেশি চাল কালোবাজার থেকে উদ্ধার করেছে প্রশাসন। নরসিংদীর রায়পুরায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ১০ বস্তা চাল কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে জরিমানা ও তাঁর ডিলারশিপ বাতিল করা হয়েছে। বগুড়ার সোনাতলায় খাদ্যবান্ধব কর্মসূচির ও ভিজিডির ৫০ বস্তা চাল কালোবাজারে কেনার অভিযোগে এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামালপুরের দুই উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৬০ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে দুদক কঠোর ভূমিকায় থাকবে বলে জানা গেছে।