Home Blog Page 3028

সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বের হওয়া যাবে না

0

করোনাকালীন সরকারি ছুটির দিনগুলোতে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া যাবে না। বৃস্পতিবার রাত ৯টার দিকে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন কালের কণ্ঠকে এ তথ্য জানান। বৃহস্পতিবার দুপুরে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সন্ধ্যা ছয়টার পর বের হলে আইনি ব্যবস্থা নেওয়া কথা বলা হয়েছে। কিন্তু সন্ধ্যা ছয়টা থেকে কয়টা পর্যন্ত বের হওয়া যাবে না তা উল্লেখ করা হয়নি। অন্যদিকে সাংবাদিকদের বিষয়েও একটি অস্পষ্টতা আছে জারি করা প্রজ্ঞাপনে।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জানান, প্রজ্ঞাপনে দুইটি বিষয়ে অস্পষ্টতা আছে। এর মধ্যে সন্ধ্যা ৬টা থেকে কয়টা পর্যন্ত বের হওয়া যাবে না তা উল্লেখ করে পরিষ্কার করা হবে, অর্থ্যাৎ ‘সকাল ছয়টা পর্যন্ত’ যোগ করা হবে। অন্যদিকে জনপ্রশাসনের প্রজ্ঞাপনে সাংবাদিকদের বিষয়ে শুধু ‘সংবাদপত্র’ উল্লেখ করা হয়েছে। এখানে ‘গণমাধ্যম’ শব্দটি যোগ করা হবে। যাতে প্রিন্ট ও ইলেকট্রনিক সব গণমাধ্যমকেই বুঝানো হবে। সচিব বলেন, আগামিকাল শনিবার সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

উল্লেখ্য, করোনাকালীন পরিস্থিতি সামাল দিতে গত ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী টানা ছুটি চলছে। এর মধ্যে তিন দফা ছুটি বাড়ানো হয়েছে। এর আগের ছুটির প্রজ্ঞাপনগুলোতে বিভিন্ন দিকনির্দেশনা থাকলেও ঘর থেকে বের হলে আইনী ব্যবস্থার কথা উল্লেখ করা হয়নি। কিন্তু বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে সন্ধ্যা ছয়টার পর কেউ যদি বাইরের রাস্তায় বের হন সে ক্ষেত্রে আইনী ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া সরকারি কর্মচারিদের সকলকে ছুটিকালীন সময়ে নিজ নিজ কর্মএলাকায় অবস্থান করার নির্দেশসহ পাঁচদফা নির্দেশনা দিয়েছে সরকার।

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

0

করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র‍্যাব রাজধানী জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরো জোরদার করেছে। এ ছাড়া করোনাভাইরাস বিস্তার রোধে যেকোনো ধরনের গুজব প্রতিরোধে আরো কঠোর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সঠিক কিনা তা যাচাই না করে অর্থাৎ না বুঝে লাইক শেয়ার দিলে তাকে গ্রেপ্তার করবে র‍্যাব ও পুলিশের সাইবার ইউনিট।

এ কারণে সবাইকে এ বিষয়ে আরো সতর্ক হতে অনুরোধ জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাভাইরাস বিস্তার ঠেকাতে সবাইকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহবান জানানো হয়েছে। তবে সহযোগিতা না করে কেউ যদি এই নিয়ে গুজব ছড়ায় তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে। পুলিশ ও র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত এরই মধ্যে গত কয়েকদিনে ফর ছেড়ে রাস্তায় অহেতুক ঘোরাফেরা করা শতাধিক লোকজনকে জরিমানা করেছে। প্রতিদিনই এ অভিযান চলবে।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে প্রয়োজনীয় কাজ ছাড়া যারাই রাস্তায় থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে ফেসবুক ইন্টারনেটে এই নিয়ে গুজব ছড়ালে তাদেরকে গ্রেপ্তার করা হবে।

করোনা রোগীদের জন্য খালি করা হচ্ছে ঢামেকের বার্ন ইউনিট

0

করোনা সংক্রমণের ফলে সৃষ্ট সংকটে রোগীদের সেবা দেওয়ার জন্য ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট জরুরি ভিত্তিতে খালি করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ঢাকা মহানগরীতে কোভিড-১৯ হাসপাতাল সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে নির্ধারিত করা অপরিহার্য হয়ে পড়েছে। এমতাবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বর্তমান রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নবনির্মিত ভবনে স্থানান্তর করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে বার্ন ইউনিটের সব রোগীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

প্রস্তুত ১০ জল্লাদ, চলছে ফাঁসির ট্রায়াল

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন তার স্বজনরা।

আজ শুক্রবার সন্ধ্যায় মাজেদের স্ত্রী সালেহা বেগমসহ চারজন কারা কর্তৃপক্ষের ডাকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। কারা কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা সূত্র জানায়, কেরানীগঞ্জ-এ ঢাকা কেন্দ্রীয় কারাগারের মঞ্চ তৈরির পর এখন পর্যন্ত কোনো আসামির ফাঁসি কার্যকর হয়নি। বঙ্গবন্ধুর খুনীর ফাঁসির মধ্য দিয়ে নতুন এই ফাঁসির মঞ্চে ফাঁসির কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করতে জল্লাদ শাহজাহানের নেতৃত্বে মো. আবুল, তরিকুল ও সোহেলসহ ১০ জন জল্লাদের একটি দল তেরি করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। জল্লাদদের দল এরই মধ্যে কারাগারে ফাঁসির ট্রায়াল সম্পন্ন করেছে। তবে কারা কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তাকে ফোন করেও ফাঁসির সময় জানা যায়নি।

কারা সূত্র জানায়, যেকোনো সময় ক্যাপ্টেন মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। এর আগে যেসব আনুষ্ঠানিকতা রয়েছে তা মেনে সব কিছু প্রস্তুত করা হচ্ছে। আজ এরই মধ্যে তার স্বজনদের সাক্ষাৎ করতে ডেকে নিল কারা কর্তৃপক্ষ।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আবদুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি। তার প্রাণভিক্ষার আবেদন বাতিল হয়ে যাওয়ায় ফাঁসির আদেশ কার্যকরে আর কোনো বাধা থাকল না। এখন পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে তার ফাঁসির দণ্ড কার্যকর করা হবে।

এদিকে আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করতে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চটি সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত রয়েছে জল্লাদের একটি দল। যেকোনো সময় কার্যকর হতে পারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের মৃত্যুদণ্ড। কাল শনিবার অথবা রবিবার ফাঁসি কার্যকরের সম্ভাবনা বেশি বলে কারা সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু হত্যায় জড়িত মাজেদ ২৩ বছর ধরে পলাতক ছিলেন। এরই মধ্যে গত ৬ এপ্রিল মধ্যরাতে রিকশায় ঘোরাঘুরির সময় তাকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সিটিটিসি। এরপর মাজেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এরপর গত ৮ এপ্রিল মৃত্যুর পরোয়ানা পড়ে শোনানোর পর সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান আবদুল মাজেদ। তবে তার প্রাণভিক্ষার আবেদনটি নাকচ করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এদিকে প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি বাতিল করে দেয়ার পর সেই চিঠিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। কারাবিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে।

গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদকর্মীদের সুরক্ষা নিশ্চিত করুন

0

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির পটভূমিতে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে গণমাধ্যমের স্বাধীনতা জোটের নির্বাহী গ্রুপের সদস্য ছয় দেশ। গত সপ্তাহে এক যৌথ বিবৃতিতে ওই দেশগুলো ওই আহ্বান জানায়।

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো কানাডা, জার্মানি, লাটভিয়া, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বিবৃতিতে ওই দেশগুলো জানায়, ‘এই সংকটকে (কভিড-১৯) ব্যবহার করে কিছু রাষ্ট্রের স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের ওপর অযৌক্তিক বিধি নিষেধ আরোপ করার চেষ্টায় আমরা উদ্বিগ্ন। এ ধরনের কর্মকান্ড সমাজকে রোগের বিস্তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া থেকে বঞ্চিত একং দায়িত্বশীল সরকারের প্রতি আস্থাকে অবমূল্যায়ন করবে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘গণমাধ্যমের স্বাধীনতার সুরক্ষায় উদ্যোগ নেয় এমন সরকারগুলোকে সহযোগিতার ব্যাপারে আমরা অঙ্গীকারাবদ্ধ। কভিড-১৯ বিস্তারের বিরূদ্ধে লড়াইয়ের সময় গণমাধ্যমের ওপর অযৌক্তিক বিধি নিষেধ আরোপ থেকে বিরত থাকার এবং স্বাধীন ও মুÍ গণমাধ্যমের সুরক্ষা, সাংবাদিক ও অন্যান্য গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে আমরা সরকারগুলোর প্রতি আহ্বান জানাই

সুখবর, করোনার ওষুধ ‘অ্যাভিগান’ এবার তৈরি হচ্ছে বাংলাদেশেই!

0

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানবসভ্যতার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে এসেছে নোভেল করোনাভাইরাস। হুমকির মুখে মানব জাতির অস্তিত্ব। দেশে দেশে চলছে লকডাউন, ঘরে বন্দি মানুষ। তবুও প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। আক্রান্ত বাড়ছে প্রতি মিনিটে। এরই মধ্যে বিশ্বজুড়ে মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ১৬ লাখেরও বেশি মানুষ। মৃত্যুর সংখ্যা প্রায় লাখ ছুঁই ছুঁই। কার্যকর কোন ওষুধ নেই, নেই কোন প্রতিষেধক। এ যেন নিশ্চিত মৃত্যুর অপেক্ষায় বেঁচে থাকা। তবে গবেষকরা এবার দাবি করলেন, করোনাকে কাবু করার সবচেয়ে কার্যকরী অস্ত্র তৈরি করে ফেলেছেন। করোনা থেকে রক্ষা পেতে গবেষকরা নতুন ওষুধ আবিষ্কার করেছেন জাপানের বিজ্ঞানীরা। সুখবর হচ্ছে এটি এখন বাংলা‌দে‌শেও তৈ‌রি হ‌চ্ছে।

জাপানের ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লি. তৈরি করল ফ্যাভিপিরাভির ‘অ্যাভিগান’ নামে ট্যাবলেট। যা কি-না করোনাভাইরাসকে কার্যকরভাবে মেরে ফেলা সম্ভব। এরই মধ্যে অন্তত ডজনখানেক ওষুধ যেমন- ফ্যাভিপিরাভির, রেমডেসিভির, ইন্টারফেরন আলফা টুবি, রিবাভিরিন, ক্লোরোনকুইনিন, লোপিনাভির এবং আরবিডল কভিড-১৯ চিকিৎসার সারিতে জমা হয়েছে। সরাসরি নভেল করোনাভাইরাসের জন্য তৈরি না হলেও অন্য ভাইরাসের বিরুদ্ধে কাজ করা ড্রাগ করোনাভাইরাস ঠেকাতে পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হয়েছে।

করোনাভাইরাসের চিকিৎসায় ট্যাবলেট অ্যাভিগান জাপানের ফুজি ফিল্ম কোম্পানির সাবসিডিয়ারি ওষুধ কোম্পানি তয়োমা কেমিক্যাল। ট্যাবলেটটির জেনেরিক নাম ফ্লাভিপাইরাভির। ওষুধটি এখন বাংলাদেশের বেক্সিমকো ও বিকন ফার্মাসিউটিক্যালস তৈরি শুরু করছে।

বিকন ফার্মাসিউটিক্যালস আগামী রবিবার ওষুধটি স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসনে হস্তান্তর করবে। ওষুধ‌টি সরকারকে সরবরাহ করার পাশাপাশি যে সমস্ত হাসপাতালে করোনা রোগী আছে সেখানেও সরবরাহ করা হবে। তবে এখনই ফার্মেসিতে সরবরাহ করা হবে না। ম্যাটেরিয়াল স্বল্পতার কারণে এখন মাত্র ১০০ রোগীর জন্য ওষুধটি তৈরি হবে, তবে এ মাসের মধ্যেই ওষুধটি উৎপাদন বাড়াতে পারবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস যে সমস্ত হাসপাতালে করোনা রোগী ভর্তি আছে সেখানে ওষুধটি পৌঁছে দেবে। প্রতিটি ট্যাবলেটের দাম ৪০০ টাকা হলেও এখন এটি বিনামূল্যে আক্রান্ত রোগীদের সরবরাহ করা হবে।

ওষুধটি প্রস্তুতের পেটেন্ট জাপানের হলেও অনুন্নত দেশ হিসেবে তারা বাংলাদেশকে ২০৩৩ সাল পর্যন্ত ওষুধটি প্রস্তুতের অনুমোদন দিয়েছে।

ফ্লাভিপাইরাভির ওষুধটি কভিভ-১৯ রোগের সুনিশ্চিত চিকিৎসা নয়, তবে ১২০ জন রোগীর ওপরে পরীক্ষা করে সাফল্য পাওয়া গেছে। আক্রান্ত তরুণ রোগীদের ওপর ওষুধটি ব্যবহার করে সাত দিনে এবং বয়স্কদের ওপর ব্যবহার করে নয় দিনে কোভিড-১৯ নেগেটিভ হয়েছে। ফ্লাভিপাইরাভির ওষুধটির সাথে ওরভেসকো নামক আরও একটি ওষুধ মিলিয়ে ট্রায়ালগুলো করা হয়েছে।

জাপান, তুরস্ক এবং চায়না ওষুধটি ব্যবহার করছে। কোভিড-১৯ রোগে আক্রান্তের তিনটি পর্যায়- সাধারণ, মাঝারি ও মারাত্মক। এই তিন ক্ষেত্রেই ওষুধটি কার্যকর। গর্ভস্থ শিশুর ওপর ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া আছে।

এখন পর্যন্ত এই ভাইরাস দমনে কার্যকর প্রমাণিত কোনো ওষুধ বের হয়নি। হয়নি আবিষ্কারের কোনো ভ্যাকসিন বা টিকা। তবে এরই মধ্যে অন্তত ডজনখানেক ওষুধ যেমন ফ্যাভিপিরাভির, রেমডেসিভির, ইন্টারফেরন আলফা টুবি, রিবাভিরিন, ক্লোরোনকুইনিন, লোপিনাভির এবং আরবিডল কভিড-১৯ চিকিৎসার সারিতে জমা হয়েছে। সরাসরি নভেল করোনাভাইরাসের জন্য তৈরি না হলেও অন্য ভাইরাসের বিরুদ্ধে কাজ করা ড্রাগ কোভিড-১৯ ঠেকাতে পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল অসম্পাদিত ‘মেডিকেল আর্কাইভ’ নামে এক প্রি-প্রিন্ট জার্নালে প্রকাশিত চীনের উহান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিংহুয়ান ওয়াং-এর নেতৃত্বে এক গবেষণা প্রবন্ধে বলা হয়, ক্লিনিকাল ট্রায়ালে অ্যাভিগান জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট আর এক ওষুধ আরবিডলের সাথে তুলনায় কার্যকরী যা করোনাভাইসের চিকিৎসা হিসেবে ব্যবহার করা যাবে।

তাদের গবেষণা বলছে, অ্যাভিগান ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য গত ২০ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত চীনের উহান বিশ্ববিদ্যালয়ের জংগান হাসপাতাল উহান লেসেশান হাসপাতাল এবং হুবেই প্রদেশের আর একটি হাসপাতালে ২৩৬ জন কোভিড-১৯ আক্রান্ত মাত্র সাত দিনের মধ্যে অন্তত ৬১ শতাংশ রোগী ৭ দিনে জ্বর, কাশি থেকে মুক্ত হোন। এছাড়া এইসব রোগীদের জন্য শ্বাস-প্রশ্বাসের জন্য কৃত্রিম অক্সিজেন সরবরাহ করার প্রয়োজন পড়েনি।

অধিকাংশ কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ডায়াবেটিস, কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ এবং শ্বসনতন্ত্রের সমস্যা ছিল। অ্যাভিগান এইসব রোগীর শরীরে ভালভাবে কাজ করেছে বলে এই গবেষকরা দাবি করছে।

এন্টিভাইরাল ওষুধের মধ্যে অন্যতম জাপানের ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লি.-এর তৈরি ফ্যাভিপিরাভির অ্যাভিগান। যেটি ২০১৪ সাল থেকে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার জন্য তৈরি করা হয়। চীন উহানে কোভিড-১৯ ব্যাপক প্রাণহানির পর সেই দেশের সরকার গত মার্চে দাবি করে, এভিগান ওষুধ ‘কোভিড-১৯’ প্রতিরোধে ভাল কাজ দিয়েছে। চীনের দাবির এক মাসের মধ্যে জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রী কাতসুনোবু কাতো ইঙ্গিত দেন যে ‘এভিগান’ কোভিড -১৯-এর বিরুদ্ধে পরীক্ষা করার পরিকল্পনা করছে।

আর এরপরই মূলত কোভিড-১৯ জন্য অ্যাভিগানকে প্রস্তুত করতে উঠে পড়ে লাগে জাপান। এর মধ্যে গত ৩১ মার্চ ফুজিফিল্মর প্রেসিডেন্ট জুনিজি ওকাদা এক বিবৃতিতে, ফ্যাভিপিরাভিরের জেনরিকের অ্যাভিগান তৃতীয় ধাপে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে দাবি করেন। কোভিড-১৯ মহামারি রুখতে বিশ্বের অন্যন্য দেশের চাহিদা অনুযায়ী জাপান সরকারের পরামর্শক্রমে তারা এই ওষুধ সরবরাহ করবে জানান।

আমেরিকার খাদ্য ও ঔষধ প্রশাসন এখনও কোভিভ-১৯ রোগের চিকিৎসার জন্য কোনো ঔষধকে অনুমোদন দেয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য দপ্তর এবং অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দপ্তর ফ্লাভিপাইরাভির ওষুধটিকে এখনও অনুমোদন দেয়নি। ইতালিতে ট্রায়ালে ভালো ফল পাওয়া গেছে তবে সরকারিভাবে এখনও অনুমোদন দেয়নি। বর্তমানে বিশ্বের ২০টি দেশে ওষুধটির ট্রায়াল চলছে। অ্যাভিগান সত্যি যদি করোনাভাইরাসকে প্রতিরোধ করতে পারে, তাহলে এটি হবে এই শতকের সবচেয়ে বড় অর্জন।

ভিড় এড়াতে সুপারশপগুলোতে আরো কাউন্টার খোলার নির্দেশ

0

ঢাকার সুপারশপগুলোতে ক্রেতাদের লম্বা লাইন এড়াতে অতিরিক্ত কাউন্টার খেলার নির্দেশ দিয়েছে ঢাকার জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে পরিচালিত ভ্রাম্যমান আদালত থেকে আজ শুক্রবার এ নির্দেশ দওয়া হয়।

এ ছাড়া ঢাকা মহানগরীসহ জেলার সব উপজেলায় লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আজও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অভিযান অব্যাহত রাখেন।

এ ছাড়া শুক্রবার ঢাকার জেলা প্রশাসনের উদ্যোগে ৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসনের কন্ট্রোল রুম (ফোন-০২৪৭১১০৮৯১, মোবাইল-০১৯৮৭৮৫২০০৮) থেকে পাওয়া ফোন কলের ভিত্তিতে সিটি কর্পোরেশন এলাকাসহ ঢাকা জেলায় বিভিন্ন এলাকায় মোট ৩০১টি দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিকশাওয়ালা, ভ্যানচালক, বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

২৫ এপ্রিল পর্যন্ত দেশের সব শপিং মল বন্ধ

0

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

আজ শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সকল বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয়েছিল। সরকারের নির্দেশনা অনুযায়ী ২৫ এপ্রিল পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সমিতির সভাপতি তৌফিক এহসান।

করোনা মহামারির এ সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্যে ধারণের আহ্বান জানিয়ে তৌফিক এহসান সকল দোকান মালিক, ব্যবসায়ী ও মার্কেট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

পোশাক কারখানাও ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ

0

সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে বিজিএমইএ এবং বিকেএমইএ সদস্য কারখানাগুলো কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ শুক্রবার তৈরি পোশাক প্রস্তত ও রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ) ও বিকেএমইএ এক যৌথ বিবৃতে এই তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, মহামারি করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের ছুটির সাথে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠান সমূহ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এ সময়ের মধ্যে বেতন দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সেক্ষেত্রে স্ব স্ব অ্যাসোসিয়েশন (বিজিএমইএ/বিকেএমইএ) এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে।

এদিকে বিজিএমইএ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে উৎপাদন বন্ধ থাকলেও শ্রমিকদের হাতে মার্চ মাসের বেতন তুলে দিয়েছেন ২৭৮টি কারখানার মালিক। আগামী ১২ এপ্রিল বিজিএমইএ’র শীর্ষ নেতাদের কারখানাগুলোর শ্রমিকদের মজুরি হওয়ার কথা রয়েছে। আর আগামী ১৬ এপ্রিলের মধ্যে সবাই যেন বেতন পেতে পারেন, সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজিএমইএ এবং বিকেএমইএ।

জানা গেছে, জরুরি পণ্য, মাস্ক ও চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসহ (পিপিই) করোনা প্রতিরোধের সামগ্রী তৈরি করতে বৃহস্পতিবার পর্যন্ত (৯ এপ্রিল) ২৬টি পোশাক কারখানা খোলা ছিল। বৃহস্পতিবার সাভারের আশুলিয়ায় ৬টি কারখানা খোলা ছিল। গাজীপুরে ১৩টি এবং চট্টগ্রামে খোলা ছিল ৭টি কারখানা।

আটকে আছে ৫০০ জাহাজ!

0

দেশের বিভিন্ন বন্দর ও নৌ বন্দরগুলোতে নির্মাণশিল্প খাতের বিভিন্ন কাঁচামাল নিয়ে আটকা পড়ে আছে বেশ কিছু মাদার ভেসেল ও লাইটার ভেসেল। শিগগিরই এসব ভেসেল খালাস করা না গেলে দেশের প্রয়োজনীয় বা জরুরি মুহূর্তে অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী নদী বা সাগরপথে বহন করার জন্য সংকটের আঙ্ককা করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। গতকাল বুধবার বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রভাবে সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশও স্থবির হয়ে পড়েছে। এই কারণে দেশের বিভিন্ন বন্দর ও নৌবন্দরগুলোতে নির্মাণশিল্প খাতের বিভিন্ন কাঁচামাল নিয়ে আটকে আছে বেশ কিছু মাদার ভেসেল ও পাঁচ শতাধিক লাইটার ভেসেল।

অ্যাসোসিয়েশনের পাঠানো বার্তায় বলা হয়, বিভিন্নমুখী বাধার কারণে এসব মাদার ভেসেল ও লাইটার ভেসেল থেকে কাঁচামালগুলো খালাস করা যাচ্ছে না। একদিকে প্রশাসনিক বাধা, অন্যদিকে খালাসি শ্রমিকের সংকটে এসব মাদার ভেসেল ও লাইটার ভেসেলে অরক্ষিত অবস্থায় পড়ে আছে কয়েক লাখ টন কাঁচামাল।

ভেসেলগুলো খালি না করা গেলে দেশের প্রয়োজনীয় বা জরুরি মুহূর্তে অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী নদী বা সাগরপথে বহন করার জন্য মাদার ভেসেল বা লাইটার ভেসেলের অভাব দেখা দিতে পারে। উদ্যোক্তারা বলছেন, অবিলম্বে এই ভেসেলগুলো থেকে কাঁচামাল খালাস করে এগুলো দেশের প্রয়োজনে জরুরি পণ্যসামগ্রী বহনের জন্য প্রস্তুত রাখা উচিত।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর কবির বলেন, ‘শুধু শিল্পের কথা চিন্তা করে নয়, দেশের প্রয়োজনীয় মুহূর্তে যাতে মাদার ভেসেল ও লাইটার ভেসেলগুলো ব্যবহার করা যায় সে বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষের উচিত আটকে পরা ভেসেলগুলো থেকে কাঁচামাল খালাসের সুযোগ করে দেওয়া।’