Home Blog Page 3030

নবাবগঞ্জে করোনায় আক্রান্ত আরো একজন

0

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আরো একজন। এ নিয়ে এই উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুইজনে।

নতুন করে আক্রান্ত ওই ব্যক্তি উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোট তাশুল্লা গ্রামের বাসিন্দা। সম্প্রতি তিনি চিল্লা থেকে নিজ গ্রামে ফিরেছেন বলে জানা গেছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ। তিনি জানান, বৃহস্পতিবার রাত একটার দিকে তাশুল্লা গ্রামের এই বাসিন্দার আক্রান্ত হওয়ার খবর পান তারা।

ডা. অনুপ বলেন, তাবলিগ জামাতের এই সদস্য সম্প্রতি চিল্লা থেকে ফিরেছেন। উপসর্গ দেখা দিলে বুধবার ওই এলাকার তিনজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠান তারা। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে জানিয়ে এই মেডিক্যাল অফিসার বলেন, আক্রান্তের পরিবারের সঙ্গে কথা বলে এলাকাটি পর্যবেক্ষণ করা হবে। তার পরিবারসহ আশপাশের কয়েকটি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখার দরকার হতে পারে। এছাড়া এলাকাটি অবরুদ্ধ করা হবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ৩১ মার্চ নবাবগঞ্জ উপজেলায় ব্রাহ্রা ইউনিয়নে সৌদি আরব থেকে আসা ৪৭ বছর বয়সী এক প্রবাসীর শরীরে করোনা ধরা পড়ে। পরে আক্রান্তের পরিবারসহ আরো ১২টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।

করোনায় সৌদি আরবে আরো ২ বাংলাদেশির মৃত্যু

0

করোনাভাইরাসে সৌদি আরবে আরও দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের নিয়ে সৌদিতে করোনায় সাত বাংলাদেশি মারা গেলেন।

গত ৭ এপ্রিল মদিনায় মারা যান তারা।

তাঁদের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম।

মৃতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার বোরোগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে খোকা মিয়া ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পলিগ্রামের ফয়েজ উল্লাহর ছেলে মোহাম্মদ রহিম উল্লাহ।

চলে গেলেন ভাষাসৈনিক অধ্যাপক সুফিয়া আহমেদ

0

চলে গেলেন ভাষা আন্দোলনের অগ্রসেনানী এবং দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

উল্লেখ্য, ভাষার অধিকার প্রতিষ্ঠায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা ভেঙে যে মিছিল বের হয়, তার অগ্রসেনানী ছিলেন এই নারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য আইন জারির প্রতিবাদে নারীদের যে মিছিল বের হয়েছিল সেখানেও সামনের সারিতে ছিলেন তিনি। এছাড়া ১৯৬১ সালে নিজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। এর পর ১৯৮৩ সালে একই বিভাগের অধ্যাপক হন তিনি।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুফিয়া আহমেদ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তার মৃত্যুতে শোক এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

করোনায় আক্রান্ত বিএসএমএমইউ’র অধ্যাপক ও তাঁর মেয়ে

0

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন অধ্যাপক ও তাঁর মেয়ে।

এ বিষয়ে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অধ্যাপকের শরীরে কোভিড-১৯ পজিটিভ আসার পরে তার স্ত্রী ও মেয়ের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। পরীক্ষায় অধ্যাপকের মেয়ের কোভিড-১৯ পজিটিভ এলেও স্ত্রীর নেগেটিভ এসেছে।

এ ব্যাপারে বিএসএমএমইউ উপচার্য গণমাধ্যমকে বলেন, ওই অধ্যাপকের সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বিভাগে জীবানুনাশক ছিটানো হয়েছে।

চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

0

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার ঢাকার চীনা দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, চিঠিতে করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে চীনের পক্ষ থেকে টেস্ট কিট, মাস্ক, পিপিই ও থার্মোমিটার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পাশাপাশি করোনা মোকাবিলায় চিকিৎসা সামগ্রী দেওয়ায় জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী চিঠিতে করোনাভাইরাস মোকাবিলায় চীনের সাফল্যের অভিজ্ঞতা বাংলাদেশ ও বিশ্বের সামনে উদাহরণ হিসেবে উল্লেখ করেন। বিশ্বে করোনাভাইরাস প্রতিরোধে চীনা প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন শেখ হাসিনা।

বিমান বাহিনীর হেলিকপ্টারে দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা

0

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ১০ জন স্বাস্থ্যকার্মীকে খাগড়াছড়ি জেলার মারিশা থেকে নিউ থাংনাং পাড়ায় পৌঁছে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খাগড়াছড়ি জেলার সাজেক ইউনিয়ন এর দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সেখানে প্রায় ১১৫০০ শিশুকে টিকা দেওয়ার জন্য এই দলটি গমন করে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দেশের এই জরুরি অবস্থাতেও গত ২৫ মার্চ রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের শেয়ালদহে হামে আক্রান্ত ৫ শিশুকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে চট্টগ্রামে আনা হয়েছিল।

রিয়ার এডমিরাল পদে পদোন্নতি পেলেন কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক

0

বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক কমডোর এম শাহজাহান (এনবিপি, এনডিসি, পিএসসি) রিয়ার এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন।

গতকাল বুধবার (৮ এপ্রিল) তিনি এই রিয়ার এডমিরাল পদে পদোন্নতি পান।

এম শাহজাহান ২৪ জুলাই ১৯৮৪ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং ২৪ জুলাই ১৯৮৭ সালে কমিশন্ড প্রাপ্ত হন। সুদীর্ঘ চাকরিজীবনে তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি গত ১১ মার্চ ২০১৯ সালে বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং অত্যন্ত সফলতার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছিলেন।

রিয়ার এডমিরাল এম শাহজাহান, এনবিপি, এনডিসি, পিএসসি পদোন্নতি প্রাপ্ত হয়ে চেয়ারম্যান মংলা বন্দর কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

শবেবরাতের ইবাদত ঘরে করার আহ্বান রাষ্ট্রপতির

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই আসুন, আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে করোনা মোকাবেলা করি। পবিত্র শবেবরাতের রাতে নিজ নিজ ঘরে বসে আল্লাহর ইবাদত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আসুন আমরা প্রার্থনা করি পরম করুণাময় মহান আল্লাহ যেন বিশ্ববাসীকে এ মহামারি থেকে রক্ষা করেন।

পবিত্র শবেবরাত উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি একথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, পবিত্র শবেবরাত মুসলমানদের জন্য মহিমান্বিত ও বরকতময় এক রজনী। এ উপলক্ষে আমি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক মোবারকবাদ।

তিনি বলেন, মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বারতা নিয়ে পবিত্র লায়লাতুল বরাত আমাদের মাঝে সমাগত। উপমহাদেশে শবে বরাত প্রধানত সৌভাগ্য রজনী হিসেবে পালিত হয়। মানবজাতিকে এই পবিত্র রজনী আল্লাহ্ তা’য়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়।

মো. আবদুল হামিদ বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবে বরাতের এই পবিত্র রজনীতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই। সৌভাগ্যমন্ডিত পবিত্র শবেবরাতের পূর্ণ ফজিলত আমাদের উপর বর্ষিত হোক।

রাষ্ট্রপতি সারাবিশ্ব এখন করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত উল্লেখ করে বলেন, বিশ্বব্যাপী প্রতিদিন হাজার হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। বাংলাদেশও এই ভাইরাসের আক্রমণের শিকার। তাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশ ও দেশের জনগণকে করোনার ছোবল থেকে রক্ষা করা। আর এজন্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকার ইতোমধ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, পবিত্র শবেবরাত সকলের জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক, মহান আল্লাহর দরবারে এ কামনা করি। মহান আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন।

করোনা চিকিৎসায় কাজ করছে এইডসের ওষুধ ‘ক্যালেট্রা’, পরীক্ষায় মিলল প্রমাণ

0

কোভিড-১৯ নামের প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিজ্ঞানীরা মরিয়া হয়ে ভয়ানক এই ভাইরাসের উপযুক্ত চিকিৎসা খুঁজছেন। এবার তাদের সেই প্রচেষ্ঠায় আশা আলো দেখা দিয়েছে। কোভিড-১৯ এর চিকিৎসায় এইচআইভি বা এইডসের ওষুধ কার্যকর হতে পারে বলে গবেষণায় প্রমাণ মিলেছে।

চীনের উহান শহরের গুরুতর করোনভাইরাস রোগীদের চিকিৎসায় এইডসের ওষুধ ‘ক্যালেট্রা’ ব্যবহার করে সফলতা পেয়েছেন বলে দাবি করেছিলেন দেশটির চিকিৎসকরা। তাদের এই দাবি নিয়ে অনেকে সংশয়ে থাকলেও এবার ক্লিনিক্যাল ট্রায়ালে তাদের সেই দাবির সত্যতা মিলেছে।

উহানের জিনিন্টান হাসপাতালের প্রেসিডেন্ট ডা. ঝাং ডিঙ্গ্যু বলেছেন, ‘তারা করোনা রোগীদের চিকিৎসায় অ্যাবভি কম্পানির উৎপাদিত এইডসের ওষুধ লোপিনাভির/রিটোনাভিয়ারের অফ পেটেন্ট সংস্করণ ক্যালেট্রা এবং একই সাথে দ্বিতীয় ওষুধ হিসাবে বিসমাউথ পটাসিয়াম সাইট্রেট লিখছেন। এতে দারুণ সুফলও মিলেছে।’

বৃহস্পতিবার ক্যালেট্রা প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন,’আমরা বিশ্বাস করি যে এই ওষুধ গ্রহণ করা উপকারী। অনেক রোগী এই ওষুধ ব্যবহারে সেরে উঠেছেন। এটা ক্লিনিক্যালি প্রমাণিত।’

তিনি বলেছিলেন, জিনিন্টন হাসপাতালের চিকিৎসকরা ৬ জানুয়ারি থেকে করোনা রোগীদের জন্য এই দুটি ওষুধের কথা লেখা শুরু করেছিলেন। ডিসেম্বরে উহানে করোনভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর প্রথম যে হাসপাতালগুলিতে চিকিৎসা দেওয়া শুরু হয়েছিল তার মধ্যে এটি একটি।’

জিনিন্টানের এই হাসপাতালে মহামারিটির সর্বোচ্চ প্রাদুর্ভাবের সময় ৫০০ করোনা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালটিতে এখনও ১২৩ জন রোগী চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তিনি।

গত মাসে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, চীনের উহানের গবেষকরা করোনাভাইরাস আক্রান্ত রোগীদের ওপর ‘লোপিনাভির’ ও ‘রিটোনাভির’ নামক দুটি এইডসের ওষুধের প্রভাব পরীক্ষা করেছেন, যার ফলাফল হতাশাজনক হয়েছে।

তবে গত মাসে ইসরায়েল করোনার চিকিৎসায় এইডসের ওষুধ ‘ক্যালেট্রা’ ব্যবহারের অনুমোদন দিয়েছে জানিয়ে ডা.ঝাং বলেছিলেন, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত গবেষণার মাধ্যমে যে তথ্য নির্ধারণ করা হয়েছে তাতে সেসব রোগীদের অন্তর্ভুক্ত করা হয়েছিল যারা মারা যাওয়ার আগে ওষুধ নেননি এবং অন্য যারা ছিল তাদের ডাক্তাররা এটির ব্যবহারের নির্দেশ দেননি।’

তিনি বলেছিলেন, ‘যে তিনজন চিকিৎসা কর্মী ভাইরাসের লক্ষণ প্রকাশিত হওয়ার ২-৩ দিনের মধ্যে ‘ক্যালেট্রা’গ্রহণ শুরু করেছিলেন। তারা সবাই সুস্থ হয়েছেন। ওষুধটি খাওয়ার শেষের দিকে তাদের ফুসফুসের যে পরিবর্তনগুলি হয়েছিল তা সত্যিই দুর্দান্ত ছিল।’

সূত্র- মিরর ইউকে।

পলিথিন পরে রোগীদের সেবা দেওয়া সেই তিন নার্স করোনায় আক্রান্ত!

0

করোনার মৃত্যুপুরী হয়ে ওঠা যুক্তরাজ্যে পিপিই’র (পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) অভাবে ময়লা ফেলার পলিথিন পরে করোনা রোগীদের সেবা দেওয়া সেই সেই তিন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ঘটনার মধ্যে দিয়েই ইনটেনসিভ কেয়ার ইউনিটের স্বাস্থ্যকর্মীদের কাজের পরিবেশ ও সরঞ্জামের শোচনীয় অবস্থার কথা প্রকাশ পেয়েছে উন্নত দেশ ব্রিটেনে।

মাত্র এক সপ্তাহ আগে তাদের পলিথিনের ব্যাগ পরে রোগীদের সেবা দেয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই সময় তারা লন্ডনের হ্যারো অঞ্চলের নর্থউইক পার্ক হাসপাতালে করোনা রোগীদের সেবা দেয়ার জন্য যথাযথ মাস্ক, গাউন ও গ্লোভসের ঘাটতির কথা জানান।

হাসপাতালটির আইসিইউ শয্যা রোগীতে পরিপূর্ণ হয়ে যাওয়ার পর কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই হাসপাতালের একটি ওয়ার্ডের ৫০ শতাংশের বেশি কর্মীর শরীরে চলতি সপ্তাহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে বলে ব্রিটিশ দৈনিক দ্য মিরর এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই তিন নার্স মিররকে জানিয়েছেন, হাসপাতালে পিপিইর ব্যাপক ঘাটতি দেখা দেয়ায় তারা ময়লা ফেলার পলিথিনের ব্যাগ পরে করোনা রোগীদের সেবা দেয়ার উদ্যোগ নিয়েছিলেন। এছাড়া তাদের কাছে আর কোনো বিকল্প উপায় ছিল না।

তারা বলেন, হাসপাতালে পিপিই নেই। আমাদের সহকর্মীরা যথাযথ পিপিই ছাড়া সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। এটা আমরা জানতাম। আমরাও করোনায় আক্রান্ত হতে পারি সেটাও জানতাম। পিপিই আমাদের জন্য খুবই দরকার। কিন্তু পাওয়া যাচ্ছে না। সে কারণে পলিথিন পরেই রোগীদের সেবা দিতে হয়েছে।

নর্থউইক পার্ক হাসপাতালের এক নার্স বলেন, এখানে করোনায় আক্রান্ত অনেক তরুণ-তরুণী ভ্যান্টিলেশনে আছেন। তাদের অনেকের অ্যাজমা অথবা ডায়াবেটিস আছে। তারা কাশি থামাতে পারছে না। প্রতিনিয়ত কাশি দিচ্ছে। তাদেরকে সহায়তা করারও কোনো উপায় নেই। তবে আমরা তাদের ভেন্টিলেশনে নিয়ে তাদের শ্বাস-প্রশ্বাস নিতে সামান্য সহায়তা করতে পারি।

নার্সদের এমন দুরাবস্থার কথা বর্ণনা করে তিনি বলেন, ‘এক সময় তাদের শরীর আর পেরে ওঠে না এবং মারা যান। আমরা তাদের বাঁচাতে পারি না। তবে সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে, মৃত্যুর সময় আমরা তাদের স্বজনদেরও শেষ বিদায়টুকু জানাতে কাছে আসতেও দিতে পারি না।’

করোনা রোগীদের সেবা দেয়ার সময় নার্সরা সবসময় সাহসের হাসি ধরে রাখেন। কিন্তু ভেতরে ভেতরে তারা ভয়াবহ ভীতির মধ্যে থাকেন। পরিবারের সদস্যদের মাঝে করোনা ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কায় নার্সদের অনেকেই হাসপাতাল থেকে বাসায় যান না। হাসপাতালের সোফা কিংবা টেবিলেই শুয়ে পড়েন।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, করোনাভাইরাসের কারণে দেশের ৫ দশমিক ৭ শতাংশ চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু ব্রিটেনের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানসের (আরসিপি) একটি জরিপ বলছে, দেশটিতে এই মুহূর্তে করোনায় আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ১৪ দশমিক ৬ শতাংশ।

বিশেষজ্ঞদের ধারণা, ১৪ থেকে ১৫ এপ্রিলের মধ্যে ব্রিটেনে বড় আঘাত হানবে করোনাভাইরাস। এই সময়টাকেই বিশ্লেষকদের ভাষায় বলা হচ্ছে ‘পিক টাইম’। আর চিকিৎসা কর্মীরা এখনই হাড়ে হাড়ে টের পাচ্ছেন, কী তীব্র সংকটময় সময় আসছে সামনে। এখনই এক-এক জন চিকিৎসককে ১৩-১৪ ঘণ্টা করে কাজ করছেন প্রতিদিন। সেটাও করতে হচ্ছে ময়লা ফেলার পলিথিন, প্লাস্টিকের এপ্রন ও স্কিইং করার চশমা পরে। কোনও রকমে কাজ চালিয়ে নিচ্ছেন তারা।

ব্রিটেনে এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছুঁয়েছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। একের পর এক মানুষের প্রাণও কেড়ে নিচ্ছে সংক্রমণ। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজারেরও বেশি মানুষের।

সূত্র- মিরর ইউকে।