Home Blog Page 3033

দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলেন মাজেদ

0

প্রাণভিক্ষার জন্য কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন আবদুল মাজেদ। বুধবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন মাজেদ।

আজ বুধবার (০৮ এপ্রিল) রাতে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তিনি প্রাণভিক্ষার একটি আবেদন দিয়েছেন। আমরা সন্ধ্যার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এখন পরবর্তী আদেশের অপেক্ষায় আছি। আদেশ যাই হোক, আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি।

এর আগে বুধবার দুপুরে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম হেলাল উদ্দিন চৌধুরী মৃত্যু পরোয়ানা জারি করেন।

এনআইডি না থাকলে জন্মসনদের ভিত্তিতে বেতন-ভাতা পাবেন শ্রমিকরা

0

রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্মরত যেসব শ্রমিক কর্মচারীদের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) নেই বিশেষ বিবেচনায় তাদের জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে বেতন ভাতা প্রদানের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে এ তহবিল হতে প্রদত্ত ঋণের বিপরীতে প্রতিটি ব্যাংক তাদের প্রধান কার্যালয় তত্ত্বাবধানে একটি ডাটাবেজ প্রস্তুত করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া যে প্রতিষ্ঠান যে ব্যাংকের মাধ্যমে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করেন, সেই ব্যাংকের মাধ্যমে তাদের আবেদন করতে বলা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

গত ২ এপ্রিল রপ্তানিমুখী শিল্প খাতের শ্রমিকদের বেতন-ভাতা দিতে ৫০০০ কোটি টাকার তহবিল গঠন করে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

ওই সার্কুলার অনুযায়ী, এ তহবিল থেকে কেবল সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের মালিকরা ঋণ পাবেন। এজন্য তাদের এককালীন গুনতে হবে দুই শতাংশ সার্ভিস চার্জ। ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ এই ঋণের টাকা পরিশোধে সময় পাবে ২ বছর। এ তহবিল হতে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে তাদের জাতীয় পরিচয়পত্র ব্যাংক কর্তৃক বাধ্যতামূলকভাবে গ্রহণপূর্বকপূর্বক পরীক্ষা করার শর্ত আরোপ করা হয়েছিল। এ ছাড়া একের অধিক ব্যাংকের সাথে রপ্তানি কার্যক্রম পরিচালিত হলেও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যেকোনো একটি ব্যাংক বাংলাদেশ ব্যাংক ঋণের জন্য আবেদন পত্র দাখিল করতে পারবে বলে নির্দেশনা প্রদান করা হয়েছিল।

এটি উল্লেখ করে বুধবারের সার্কুলারে বলা হয়, শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা প্রদান কার্যক্রম সহজতর করার লক্ষ্যে এবং আয়কর যোগ্য শ্রমিক-কর্মচারীদের আয়কর ও প্রযোজ্য ক্ষেত্রে ভবিষ্য তহবিল নিয়ে ভবিষ্যতে যাতে কোনো জটিলতা সৃষ্টি না হয় সে লক্ষ্যে কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে যেসব শ্রমিক-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র নেই বিশেষ বিবেচনায় তাদের জন্ম নিবন্ধন সনদ বেতন-ভাতা প্রদান করা যাবে। ঋণ গ্রহণে শিল্পপ্রতিষ্ঠান যে ব্যাংকের মাধ্যমে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করে থাকে সে ব্যাংকের নিকট আবেদন করতে পারবে। কোন প্রতিষ্ঠান একাধিক ব্যাংকের মাধ্যমে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করলে সেক্ষেত্রে উক্ত বেতন-ভাতার বিপরীতে একাধিক ব্যাংক আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠান চাইলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সমন্বয় সিন্ডিকেট ঋণ গ্রহণের আবেদন করতে পারবে।

সার্কুলারে আরো বলা হয়, শিল্প প্রতিষ্ঠান নামে ঋণ মঞ্জুর হওয়ার পর ঋণ প্রদানকারী ব্যাংক কর্তব্য আয়কর ও ভবিষ্য তহবিলের চাঁদা বাদ দিয়ে অবশিষ্ট বেতন-ভাতা শ্রমিক-কর্মচারীদের ব্যাংক হিসাব বা এমএমএস হিসাবে সরাসরি স্থানীয় করবে। ব্যাংক নিজ উদ্যোগে কর্তনযোগ্য আয়কর নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা করবে। এ তহবিল হতে কোনোভাবেই শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বেতন ভাতা প্রদান করা যাবে না।

শেরেবাংলা নগরের মোতাহার বস্তি লকডাউন

0

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার মোতাহার বস্তিতে একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় বস্তিটি লকডাউন করে ঘিরে রেখেছে পুলিশ।

আজ বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় মোতাহার বস্তি লকডাউন করা হয়েছে।

বুধবার বিকালে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ওই বস্তিতে একজন রোগীর মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে। সেখান থেকে করোনা সংক্রমণ যেন আশপাশে ছড়িয়ে না পড়ে, সেজন্য আইইডিসিআরের নির্দেশে বস্তিটি লকডাউন করা হয়েছে।

প্রতি জেলায় তিনটি যানবাহন প্রস্তুত রাখার নির্দেশ

0

প্রতিটি জেলায় করোনাভাইরাস রোগীর নমুনা সংগ্রহের জন্য কমপক্ষে দুটি যানবাহন এবং রোগী পরিবহনের জন্য একটি যানবাহন প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দিয়ে সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবেলায় দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসককে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি করোনা মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখ্য, আক্রান্ত রোগী শনাক্তকরণের লক্ষ্যে ইতোমধ্যে ঢাকাসহ বিভিন্ন বিভাগে কয়েকটি টেস্ট ল্যাব স্থাপন করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এ প্রেক্ষাপটে প্রতিটি জেলায় নমুনা সংগ্রহের জন্য কমপক্ষে দুটি যানবাহন এবং রোগী পরিবহনের জন্য একটি যানবাহন (মাইক্রোবাস) প্রস্তুত রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন।

বৈশাখ উদযাপনের টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছে ঢাবি

0

করোনাভাইরাসের কারণে এবার নববর্ষের প্রথমদিন পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে না। হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রাও। আর এই করোনার কারণে হলগুলোতে আপ্যায়নের জন্য বরাদ্দ ৫৪ লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এবার বৈশাখ উদযাপন না হওয়ায় আপ্যায়ন ও ব্যয়ের টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিতে অনুরোধ জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা। আজ বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে দীর্ঘ ২৮ বছর পর ডাকসুর অভিষেকের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল প্রশাসন। কিন্তু অভিষেকের এই অর্থ এখনো ব্যয় হয়নি। ইতিমধ্যে ডাকসুর এক বছর মেয়াদ শেষ হয়েছে। নতুন নির্বাচন না হওয়ায় এখন আরো তিন মাস মেয়াদ রয়েছে ডাকসুর। কিন্তু করোনার কারণে দেশের অস্বাভাবিক পরিস্থিতিতে অভিষেকের অর্থ ত্রাণ তহবিলে জমা দেওয়ার দাবিও উঠেছে।

ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ডাকসুর আহ্বানের পরিপ্রেক্ষিতে নববর্ষে হলগুলোতে আপ্যায়ন বাবদ বরাদ্দ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অর্থ সহায়তা থেকে অসহায় মানুষের কল্যাণে ব্যয় হবে।

তিনি বলেন, করোনায় বৈশ্বিক এই সংকট মোকাবেলা করছি। এই অবস্থায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর নৈতিক দায়বদ্ধতা। সে জন্য নববর্ষে আমাদের হলগুলোর জন্য আপ্যায়ন বাবদ যে টাকা বরাদ্দ দেওয়া হয় সেটা যেন অসহায় মানুষদের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে ব্যয় করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই টাকা দেওয়ার সিদ্দান্ত হয়েছে। খুব শিগগিরই এটা হস্তান্তর করা হবে।

ডাকসুর সদস্য নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, গত বছরের ২৩ মার্চ ডাকসুর অভিষেক হয়। তবে কোনো অভিষেক অনুষ্ঠান করা সম্ভব হয়নি। পরবর্তীতে নবীনবরণ অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মেয়াদ শেষের পথে থাকায় নবীনবরণ করা হয়তো সম্ভব হবে না। কারণ করোনার কারণে দেশের পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হচ্ছে না। কাজেই অভিষেকের ৩০ লাখ টাকাও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিতে হবে। এই সংকটময় মূহুর্তে অসহায় মানুষকে সহায়তায় দিতে হবে।

করোনায় মৃতদের জানাজা-দাফন দিতে প্রস্তুত ৪০ নাগরিক

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যেসব ব্যক্তি মারা যাচ্ছেন তাদের ইসলামী শরীয়া অনুযায়ী জানাজা ও দাফন করতে এগিয়ে এসেছেন সমাজে সুপ্রতিষ্ঠিত ৪০ নাগরিক। বিচারক, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক, মুফতি, মাওলানা, হাফেজ, আইনজীবী, ব্যবসায়ী, ব্যাংকার, শিল্পী, খেলোয়াড় রয়েছেন এই ৪০ জনের টিমে। প্রয়োজনীয় সরঞ্জামাদির মাধ্যমে নিজেদের সুরক্ষিত রেখে ওইসব নাগরিকেরা করোনায় মুত ব্যক্তির জানাজা ও দাফনের ব্যবস্থা করেছে। ‘রহমতে আলম সমাজ সেবা সংস্থা’ নামের একটি সংগঠনের ব্যানারে এ কার্যক্রম হাতে নিয়েছেন তারা। এমনকি মৃত ব্যক্তির নিকটাত্মীয়রাও যদি জানাজা ও দাফন কাজে অংশ নিতে চান সে ব্যবস্থাও করেছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।

সংগঠনটির চেয়ারম্যান সাবেক জেলা জজ এবং নিম্ন আদালতের বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশেনের সাবেক মহাসচিব মো. আতাউর রহমান এবং যুগ্ম সম্পাদক আইনজীবী জারিফ কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।

ইসলামী শরীয়া অনুযায়ী জানাজা ও দাফন দিতে ইচ্ছুক ব্যক্তিদের এই সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ করার ঠিকানা-বাড়ি নম্বর-২/১, দ্বিতীয় তলা, ফ্ল্যাট নম্বর-২০৩, রোড-৮, বারিধারা ডিপ্লোমেটিক জোন। হটলাইন-০১৭০৫০৬৬৭২৮।

সংগঠনটির চেয়ারম্যান মো. আতাউর রহমান জানান, সংবাদ মাধ্যমে জানতে পারছি যে, অধিকাংশ ক্ষেত্রেই করোনা ভাইরাসে আক্রান্ত মুসলিম ব্যক্তির জানাজা হচ্ছে না। ঠিকমতো দাফন হচ্ছেনা। মৃত ব্যক্তির নিকটাত্মীয়রা কাছে যেতে পারছেন না। এসব সংবাদ জানার পর আমরা করোনায় আক্রান্ত ব্যক্তির ইসলামী শরীয়া অনুযায়ী যথাযথভাবে জানাজা ও দাফন করার ব্যবস্থা করেছি।

তিনি বলেন, আমাদের সঙ্গে সংশ্লিষ্ট যেকেউ যোগাযোগ করলে আমরা তাদের সবধরণের সহযোগিতা দিতে প্রস্তুত আছি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসে মৃত ব্যক্তির ইসলামী শরীয়া মোতাবেক জানাযা ও দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ কাজে অংশগ্রহণকারী ব্যক্তিরা যাতে ভাইরাসে আক্রান্ত না হয়, সে জন্য তিন মিটার দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সকলেই উন্নত মানের পিপিই, হ্যান্ডগ্লাভস, সার্জিকাল মাস্ক, চোখে চশমা, জুতার কভার, মাথার ক্যাপ পরিধান করে। এছাড়া সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে লাশ ও সেবাদানকারী সকলকে ভাইরাস মুক্ত রাখার জন্য জীবাণুনাশক স্প্রেসহ যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে।

মুক্তিযুদ্ধে কূটনীতিবিদ শিহাবুদ্দিন ও আমজাদুলের অবদান স্মরণ করলেন পররাষ্ট্রমন্ত্রী

0

১৯৭১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে অসাধারণ ঘটনার জন্ম দিয়েছিলেন তৎকালীন দু’জন তরুণ বাঙালি কুটনীতিক-নয়াদিল্লিস্থ পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেত্রেটারি কে. এম. শিহাবুদ্দিন এবং এসিস্টেন্ট প্রেস এটাচি আমজাদুল হক। তাঁরা তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনীর গণহত্যার প্রতিবাদে সর্বপ্রথম কুটনীতিকের পদ ছেড়ে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের প্রতি আনুগত্য স্বীকার করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন গতকাল কে.এম. শিহাবুদ্দিনের অসুস্থ স্ত্রীর সাথে কথা বলেন, খোঁজখবর নেন এবং মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের কথা তুলে ধরেন। এসময় ড. মোমেন বাংলাদেশের স্বাধীনতার প্রতি কে.এম. শিহাবুদ্দিনের স্ত্রী বুলবুলের অসাধারণ অঙ্গীকারের কথা স্মরণ করেন।

মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হওয়ার পূবের্ই কে. এম. শিহাবুদ্দিন ও আমজাদুল হকের নয়াদিল্লিতে এক প্রেস কনফারেন্স করে স্ত্রী, সন্তান ও পরিবারের কথা চিন্তা না করে লোভনীয় কূটনীতিকের পদ ছেড়ে দেন এবং পাকিস্তান সরকারের অন্যায় অত্যাচারের তীব্র নিন্দা জানান, যা সমগ্র পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল। তাঁদের অনুসরণ করে সে সময় ১৯টি দূতাবাসের ১১৫ জন বাঙালি কূটনীতিক বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ ও মুজিবনগরে গঠিত বাংলাদেশের প্রথম সরকারের প্রতি আনুগত্য স্বীকার করেন। কে এম শিহাবুদ্দিন ৫ বছর পূর্বে মারা গেছেন এবং আমজাদুল হক বর্তমানে অসুস্থ। ইতিপূর্বে কে. এম. শিহাবুদ্দিনকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার এবং আমজাদুল হককে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে।

ভারত ওষুধ পাঠাবে বলায় মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

0

করোনাভাইরাস থাবা বসিয়েছে পুরো বিশ্বে।এই ভাইরাসে বেসামাল মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনসহ বহু দেশ। দু’দিন আগে অনেকটা হুমকির সুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হাইড্রোক্সিক্লোরোক্যুইন না পাঠালে ভারতকে দেখে নেবে যুক্তরাষ্ট্র।হঠাৎ সুর পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প।
ভারত হাইড্রোক্সিক্লোরোক্যুইন রপ্তানি করবে এই ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মোদি সত্যিই একজন দুর্দান্ত ব্যক্তি। এমন তারিফের পাশাপাশি ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক বোঝাপড়া যে কতটা ভালো তাও বোঝানোর চেষ্টা করলেন তিনি।

সম্প্রতি করোনার চিকিৎসায় ব্যবহৃত ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোক্যুইনের রপ্তানির উপরে থাকা বিধিনিষেধ সরিয়ে নিতে ভারতকে অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প। সেই আবেদনে সাড়া দেয় ভারত।

করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর মধ্যে কিছু দেশে হাইড্রোক্সিক্লোরোক্যুইন রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

এরপরেই এই বিষয়ে নিজেদের সন্তোষ প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র।

সূত্র : এনডিটিভি

মাস্ক উৎপাদনে নেমেছে এবার গাড়ি কম্পানি

0

বিশ্বজুড়ে করোনাভাইরাসের ব্যাপক বিস্তৃতিতে এবার ফেস মাস্ক উৎপাদনে নেমেছে জার্মান গাড়ি কম্পানি বিএমডব্লিউ। প্রতিষ্ঠানটির সিইও ওলিভার জিপসে বলেন, কর্মীদের সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই আমরা ফেস মাস্ক উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রতিদিন কয়েক লাখ ফেস মাস্ক উৎপাদন করতে পারব।

তিনি বলেন, আমরা ইতিমধ্যে নিজস্ব মজুদ থেকে সরকারকে এক লাখ মাস্ক সরবরাহ করেছি। আজও ৫০ হাজার মাস্কের পাশাপাশি ১০ লাখ মেডিক্যাল গ্লোবস দিচ্ছি। আগামী দুই সপ্তাহে আরো ১০ লাখ মাস্ক দেব। এ কর্মকর্তা আরো জানান, বিএমডব্লিউর গাড়ি উৎপাদন বর্তমানে স্থগিত রয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। প্রসঙ্গত, নামিদামী গাড়ি উৎপাদনে বিশ্বজুড়ে বিএমডব্লিউর ব্যাপক খ্যাতি রয়েছে।

সূত্র: রয়টার্স

করোনায় বড় মন্দার ঘা ফ্রান্সে, ১৯৪৫-এর পর এমন দুঃসময় আর আসেনি

0

১৯৪৫ সালের পর এতোটা খারাপ সময় আর আসেনি ফ্রান্সবাসীর জীবনে। এক দুঃসময় যেন টেনে নিয়ে এলো প্রাণঘাতী করোনাভাইরাস। ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশটি ক্রমেই ভয়াবহ অর্থনৈতিক মন্দার দিকে যাচ্ছে।

দেশটিতে চলতি বছরের প্রথম প্রান্তিকেই (জানুয়ারি-মার্চ) অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশ কমে গেছে। বাণিজ্যে স্থবিরতার কারণে দেশটি এমন পরিস্থিতির কবলে পড়ল। আজ ব্যাংক অব ফ্রান্স এসব তথ্য জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি বলছে, ২০১৯ সালে শেষ তিন মাসে প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে ০.১ শতাংশ এবং চলতি বছরের প্রথম তিন মাসের পুরোটাই ছিল নেতিবাচক। ফলে বলাই যায়, দেশটিতে অর্থনৈতিক মন্দা শুরু হয়ে গেছে।

ফ্রান্সের কেন্দ্রিয় ব্যাংকটির দেওয়া তথ্য মতে, গত মার্চের শেষ দুই সপ্তাহ করোনাভাইরাসের দাপটে দেশটির অর্থনৈতিক কার্যক্রম ৩২ শতাংশ কমেছে। এর আগে ১৯৬৮ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-মে) এমন পরিস্থিতিতে পড়েছিল ফ্রান্স। ওই বছরের মে মাসে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে অর্থনীতিও স্থবির হয়ে পড়ে। ফলে সে বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৩ শতাংশ হ্রাস পায়। যদিও বর্তমান সময়ে তুলনায় সেটা কম।

তবে করোনাভাইরাসে কারণে প্রতি দুই সপ্তাহের লকডাউনে ফ্রান্সের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১.৫ শতাংশ হারে কমছে। এই পরিস্থিতি কতো দূর যেতে পার সেটা এখনই খুব সহজে বলা সম্ভব নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ১৭ মার্চ ফ্রান্সে শুরু হওয়া লকডাউন আগামী ১৫ এপ্রিল পর্যন্ত জারি থাকবে। তবে ভাইরাসের প্রদুর্ভাব থাকলে সেটা আরো দীর্ঘ হতে পারে। সবাই কর্মক্ষেত্র ছেড়ে যার যার ঘরে অবস্থান করছেন। এর মধ্যে নির্মাণ প্রতিষ্ঠান, যাতায়াত, রেস্টুরেন্ট এবং বাড়িওয়ালারা সবচেয়ে বেশি ক্ষতি মুখে পড়েছেন।