Home Blog Page 3034

করোনার ওষুধ বানাবেন সাজাপ্রাপ্ত আসামি, ল্যাবে কাজ করার সুযোগ চেয়ে আবেদন

0

তিনি মার্টিন শেকরেলি, আমেরিকায় ‘ফার্মা ব্রো’ হিসেবে সবার কাছে সমাধিক পরিচিত। শুরুতে কুখ্যাতি অর্জন করেন এইচআইভির ওষুধের দাম ৫ হাজার গুণ বাড়িয়ে। প্রতিটি ট্যাবলেটের দাম ১৩.৫০ ডলার থেকে বাড়িয়ে করেছিলেন ৭৫০ ডলার। ৩৭ বছরের এ কর্মকর্তা হেজ ফান্ড নিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার দায়ে ২০১৮ সালে সাতবছরের সাজাপ্রাপ্ত হয়ে জেল খাটছেন।

এ সপ্তাহে তার আইনজীবী বেন ব্রাফম্যান বলেন, শেকরেলি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তাকে তিনমাসের জন্য মুক্তি দিতে, যাতে তিনি করোনার ওষুধ তৈরীতে ল্যাবে কাজ করতে পারেন। এ ক্ষেত্রে সরকারের কড়া নজরদারি থাকতে পারে। ব্রাফম্যান এক বিবৃতিতে বলেন, আমি আগে থেকেই বলে আসছি যদি তাকে ল্যাবে কাজ করার সুযোগ দেয়া হয় তবে ক্যান্সারের ওষুধও আবিষ্কার করতে পারেন তিনি। করোনাভাইরাসের ওষুধ উদ্ভাবনেও তিনি বিজ্ঞানীদের অনেক ভালো সহযোগিতা দিতে পারেন।

মার্টিন শেকরেলি দাবি করেছেন, করোনা মহামারি প্রতিরোধে ফার্মাসিউটিক্যাল কম্পানিগুলো যে প্রচেষ্টা করছে তা যথেষ্ট নয়। তিনি বলেন, কভিড-১৯ এর ওষুধ আবিষ্কার হওয়া পর্যন্ত কম্পানিগুলোকে অবশ্যই ল্যাবে পড়ে থাকতে হবে।

তিনি বলেন, ‘বহু ওষুধ কম্পানির সঙ্গে আমি কাজ করেছি, অনেক নতুন নতুন ওষুধ উদ্ভাবন করেছি। এমনকি আমি গুটিকয় নির্বাহীর অন্যতম, ওষুধ উদ্ভাবনের সব ধরনের দিক নিয়ে যার অভিজ্ঞতা রয়েছে। ফলে মহামারি ঠেকাতে বড় ভূমিকা রাখতে পারি আমি’

সূত্র: এনবিসি নিউজ।

করোনা নিয়ন্ত্রণে নজির রাখল ভারতের এই শহর

0

করোনাভাইরাস থাবা বসিয়েছে পুরো বিশ্বে।এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারতে। দেশটিতে প্রতি দশ লাখ মানুষের মধ্যে মাত্র ১৮ জনের করোনা স্ক্রিনিং টেস্ট করা হচ্ছে। এই পরিসংখ্যান বিতর্ক সৃষ্টি করেছে। তবে স্ক্রিনিং পরীক্ষার অভূতপূর্ব নজির গড়ল রাজস্থানে টেক্সটাইলের শহর ভিলওয়াড়া।

ভিলওয়াড়া শহরে ১৯ মার্চ প্রথম করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে ১৪ দিনের মধ্যে প্রায় ২৮ লক্ষের বেশি শহরবাসীর করোনা স্ক্রিনিং টেস্টের আয়োজন করা হয়। এটা করেছে এই শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ।এর মধ্য দিয়ে এই শহর এখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অন্যান্য করোনা সংক্রামিত অঞ্চলের ‘মডেল’ হিসাবে প্রশংসা পাচ্ছে।

১৮ মার্চ ভিলওয়াড়ার একটি বেসরকারি হাসপাতালের একজন চিকিৎসক প্রথম করোনা আক্রান্তও হন। তখনই তাঁর সংস্পর্শে আসা সমস্ত স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগীর স্ক্রিনিং হয় এবং কোয়ারেন্টিনে পাঠানো হয়। তারপর স্বাস্থ্য দপ্তর এমন বিপুল স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত নেয়। ২৮ লাখ মানুষের স্ক্রিনিংয়ের মাধ্যমে ২৮১৬ জনের স্যাম্পল নেওয়ার পর শেষমেশ ২৭ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এর ফলে, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুবিধা হয় কর্তৃপক্ষের। এছাড়াও, যেহেতু এই শহরের প্রথম করোনা পজিটিভের ঘটনার নির্দিষ্ট কোনও সংক্রমণের অতীত মিলছিল না, তাই কর্তৃপক্ষ আরও কঠোর পদক্ষেপ নেয়।

শহরের সীমান্ত বন্ধ করা এবং সীমান্ত প্রহরার কড়াকড়ি, শহর জুড়ে ‘নো মুভমেন্ট জোন’ তৈরি করা হয়। প্রথম পর্যায়ে শহরে জরুরি পরিষেবামূলক দোকানপাট খোলা থাকলেও দ্বিতীয় পর্যায়ে সম্পূর্ণ লকডাউন মোতায়েন করে শহরের কর্তৃপক্ষ। বন্ধ করা হয় সমস্ত রকম যানবাহন চলাচল। জরুরি তৎপরতার সঙ্গে শহরের হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বেসরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড গড়ে তোলা হয়, গড়ে তোলা হয় কোয়ারেন্টিন সেন্টারও। ২৭টি হোটেলে প্রায় ১৬০০টি কোয়ারেন্টিন বেড, ২২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং হোস্টেলে প্রায় ১২ হাজার এবং জেলা হাসপাতালগুলিতে ২০০ থেকে প্রায় ৫০০ বেডের ব্যবস্থা করা হয় ঝড়ের গতিতে।

তৃতীয় পর্যায়ে ঘরে ঘরে গিয়ে ২৮ লক্ষ জনের স্ক্রিনিং টেস্ট করা হয়। যার জন্য ২০০০ স্বাস্থ্যকর্মীর টিম তৈরি করা হয়।

প্রথম ওই করোনা পজিটিভ চিকিৎসকের প্রত্যক্ষ ও পরোক্ষ সংস্পর্শে আসা প্রায় ১৭ জন স্বাস্থ্যকর্মী এবং তাঁদের পরিবারের প্রত্যেককে কোয়ারেন্টিনের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এর ফলে ওই বেসরকারি হাসপাতালের প্রায় ৭০০০ জন রোগীর করোনা নেগেটিভ সুনিশ্চিত করা সম্ভব হয়।

ভিলওয়াড়ায় বর্তমানে করোনা সংক্রমণের নিয়ন্ত্রণ প্রায় হাতের মুঠোয় আনা গিয়েছে। ইতিমধ্যে ২ জনের মৃত্যু হলেও সংক্রমণের তেমন কোনও খবর নেই।

ক্যাবিনেট সচিব রাজীব গৌবা বলেন, ভারতের অন‌্য করোনা-বিপর্যস্ত শহর ও রাজ্যগুলি ভিলওয়াড়াকে ‘মডেল’ হিসেবে গ্রহণ করুক।

ঢাকায় আরো ৩৯ জনের করোনা শনাক্ত

0

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে রাজধানী ঢাকার অধিবাসী ৩৯ জন। গতকাল ঢাকায় ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল এবং তার আগের দিন পর্যন্ত ঢাকার ৬৪ জনের দেহে করোনা শনাক্ত হওয়ার তথ্য জানা গিয়েছিল। ফলে আজকের সর্বশেষ ৩৯ জনের তথ্য যোগ করে ঢাকায় ১২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেল।

বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড ১৯) নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে আজ বুধবার বেলা আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন অন্যদের মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে ঢাকা মহানগরীর বাইরে ঢাকা জেলার একটি উপজেলার একজনের করোনা সংক্রমণের তথ্যও পাওয়া গেছে।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ২১৮ জন রোগী শনাক্ত হলো।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কেউ সুস্থ হয়ে ওঠেনি।

গত ২৪ ঘণ্টায় ৯৮১ জনকে পরীক্ষা করে এ তথ্য জানা গেছে। এ পর্যন্ত মোট পাঁচ হাজার ১৬৪ জনকে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

বাংলাদেশে করোনা শনাক্তের এক মাস পূর্ণ হলো আজ

0

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের ঘোষণা আসে গত ৮ মার্চ। আজ বুধবার করোনা আক্রান্তের একমাস পূর্ণ হলো বাংলাদেশে। সরকারের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ১৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৭ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ৩৩ জন বাড়ি ফিরে গেছেন।

করোনা আক্রান্ত শনাক্তের দুই সপ্তাহের মাথায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। গত ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছুটি চলছে। সেই সঙ্গে দেশের বেশি আক্রান্ত শহর ও এলাকগুলো কঠোর লকডাউনে নেওয়া হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ঢাকা, নারায়ণঞ্জ, মাদারীরপুর, গাইবান্দা।

এদিকে, সরকারের পক্ষ থেকে পরীক্ষাগারের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা শনাক্ত হচ্ছে বেশি। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সরকারের পক্ষ থেকে মধ্য এপ্রিলকে করোনা সংক্রমনের সবচেয়ে বেশি আশঙ্কার সময় বলে অভিহিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার মাঠ প্রশাসনের সঙ্গে করা ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বলেছেন, ‘এপ্রিল মাসটি নিয়ে চিন্তায় আছি’।

এদিকে, দেশব্যাপী বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী নামানো হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, আনসারসহ সরকারের সকল প্রচেষ্টা সত্বেও সাধারণ মানুষকে ঘরে রাখা কঠিন হচ্ছে। তবে, কিছু কিছু এলাকায় স্থানীয়দের নিজস্ব ব্যবস্থাপনায় কড়া লকডাউনের খবরও পাওয়া যাচ্ছে। কিন্তু ঢাকার কাঁচাবাজার ও গ্রাম এলাকার ছোট ছোট বাজারগুলোতে মানুষের ভীড় নিয়ন্ত্রণে আনতে হিমশিম অবস্থা সংশ্লিষ্টদের।

লকডাউন এলাকায় কোয়ারেন্টিনে বাধ্য করছে পুলিশ

0

‘বাধ্য হয়ে বের হই। ভয় লাগছে। আশপাশের অনেক এলাকায় নাকি পাওয়া যাচ্ছে। গোটা মিরপুরেই হয়তো ছড়িয়ে গেছে!’ কথাগুলো বলছিলেন মিরপুরের আহম্মেগনগরের বাসিন্দা আব্দুল মোমেন। গতকাল মসঙ্গলবার দুপুরে ডিম কিনে বাজারে বের হন তিনি। এলাকার অবস্থা জানতে চাইলে রাস্তার উল্টোদিকে উত্তর টোলারবাগ মহল্লার গেট থেকেই বলেন, ‘দেখেন আমাদের এখানে পাওয়া যায়নি, তাও আমরা ভয়ে আছি। আর ওই এলাকার লোকজন কেমন চলাফেরা করে। টিভিতেও দেখছি। ওরা ভয়ই পায় না। লোকগুলা হোম কোয়ারেন্টিন মানলো না!’

গত তিন দিন টালারবাগ, উত্তর টোলারবাগ, শাহআলী বাগ, মনিপুর, সেনপাড়া পর্বতা, মিরপুর ১০ ও মিরপুর ১১ নম্বরসহ নয়টি এলাকায় ঘুরে লোকজনের চোখেমুখে আতঙ্কের ছাপ দেখা গেছে। আইইডিসিআর এর তথ্যমতে, সোমবার পর্যন্ত মিরপুর অঞ্চলের সাতটি মহল্লার ১১ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে টোলারবাগারেই মিলেছে ছয়জন। এ মহল্লায় গত ২১ ও ২২ মার্চ দুই বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর স্থানীয়দের উদ্যোগে লকডাউন ঘোষণা করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ভেতরের বস্তিবাসী ও কিছু ভাড়াটিয়া হোম কোয়ারেন্টিন মানেননি। অনেকে এলাকা ছেড়ে চলেও গেছেন। এদিকে রবিবার থেকে মিরপুর ১ নম্বরের শাহআলীবাগে একই পরিবারের দুজন করোনা রোগী শনাক্ত হওয়ায় ওই ভবন ও একটি টিনসেড বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এলাকাসীর এমন সিদ্ধান্তের পর পুলিশও সেখানে পাহারা বসিয়েছে।

অন্যদিকে মনিপুর, সেনাপাড়া, কাজী পাড়ার একটি অংশ, মিরপুর ১৩ ডেসকো কোয়ার্টার, মিরপুর ১০ নম্বর রোডের ৭ নম্বর গলি ও ১১ নম্বর এলাকায় করোনা রোগী পাওয়া গেছে এমন খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এসব মহল্লায় পুলিশ বেশ কিছু পরিবারকে হোম কোয়ারেন্টিন মানতে বাধ্য করছে।

উত্তর টোলারবাগের বাসিন্দা রহমত আলী মোবাইল ফোনে জানান, তিনি নির্দেশনা মেনে কোয়ারেন্টিনে আছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা বলেন, ‘রোগী পাওয়ার পরই মাইকিং করে সতর্ক করা হয়েছে। এরপরও কিছু লোক মসজিদে নামাজ পড়েছেন। লোকজন নিয়োমিত ঘোরাঘুরি করেন। কেউ মানছেন আর কেউ মানছেন না। এতে লাভ কতটুকু?’ পাশের টোলারবাগ মহল্লার বাসিন্দারাও বলেন, তাদের এলাকাটি লকডাউন ঘোষণা করা হয়েছে। মসজিদ বন্ধ করা হয়েছে। তবে অনেকেইে তা মেনে চলছেন না।

উত্তর টোলারবাগ বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘আমরা মাইকিং করে সবাইকে ঘরে থাকতে বলছি। কতজন রোগী পাওয়া গেছে কি অবস্থা এটাও বলছি। এরপরও অনেকে শোনে না। বেশি সমস্যা রুপালী ব্যাংকের জায়গার বস্তির বাসিন্দারা।’

মিরপুর থানার পেছনের মনিপুর রোড ও ১০০ ফুট রাস্তায় লোকজনের চলাচল কম। তবে গলির মধ্যে দোকানের সামনে বাসার সামনে অনেক মানুষকে দাঁড়িয়ে আড্ডা দিতে দেখা গেছে। দোকানের সামনে জড়ো হওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেলো, তারা এলাকাটি ঝুঁকিপূর্ণ শুনেছেন। তবে ঘরেই সবসময় থাকতে পারছেন না। অনেকে বাইরে কাজ আছে বলে দাবি করেন। ১০০ ফুটের রাস্তায় পুলিশের মাইকিং শোনা গেলো। এর পাশেই হাঁটছিলেন কিছু পথচারী।

সরেজমিনে দেখা যায়, মিরপুর-১ নম্বর ওভারব্রিজের পাশের গলির শাহআলীবাগের তিনটি বাড়ি লকডাউন করেছে এলাকাবাসী। সেখানে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। মাইকিং করে পুরো এলাকায় সতর্ক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। লকডাউন করা ওই তিন বাড়িতে ২৫টি পরিবারের বসবাস।

মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, একটি পরিবারের দুজন সদস্য জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ায় আক্রান্ত দুজন কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন। এরপর দুইটি বহুতল ভবন ও একটি টিনশেড বাড়ি লকডাউন করেছেন এলাকাবাসী। পুলিশ সেটি কার্যকর করছে বলে জানান ওসি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হটলাইনের মেয়াদ বৃদ্ধি

0

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের নিয়োজিত হটলাইন নাম্বারের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আজ বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, ‘করোনা পরিস্থিতিতে চালুকৃত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের (হটলাইন নম্বর-০২ ৯১২২৫৫৭) সময়সীমা ১৪ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ. ম রেজাউল করিম সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ সংক্রান্ত প্রয়োজনীয় জরুরী তথ্য জানতে উলি­খিত নাম্বারের যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

আব্দুল মোমেনের সঙ্গে কথা বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

0

কভিড-১৯ পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে কথা বলেছেন চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীন সরকারের পাঠানো মেডিক্যাল সরঞ্জাম নিয়ে আজ বুধবার কথা হয় তাঁদের মধ্যে।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, চিকিৎসা সরঞ্জামের একটি ব্যাচ বাংলাদেশে পাঠানো হয়েছে। প্রয়োজনে আরো সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন চাইনিজ প্রতিষ্ঠানকে সংহত করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশ তার সীমান্ত বন্ধ করেছে। চীন পরবর্তিতে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত। অভিজ্ঞতা ও ভাইরাস সংক্রান্ত তথ্য-উপাত্ত ছাড়াও বাংলাদেশের স্থানীয় চিকিৎসকদের সহায়তার জন্য নিজেদের চিকিৎসক দিতে প্রস্তুত চীন, যোগ করেন ওয়াং ই। সেইসঙ্গে
বাংলাদেশের সরকারকে যত দ্রুত সম্ভব সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, আব্দুল মোমেন চীনের কাছ থেকে আরো বেশি মাস্ক এবং ভেন্টিলেটর চেয়েছেন। করোনাভাইরাস মোকাবেলায় চীনের এমন সহায়তাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে আস্থাভাজন বন্ধ এবং সহযোগী চীন।

ফেব্রুয়ারিতে, চীনের দুঃসময়ে গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ক্যাপ এবং সুরক্ষা স্যুট দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ।

এনবিআরের আয়ে ৫০০ কোটি টাকার ধাক্কা

0

করোনাভাইরাসের অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন চারটি প্যাকেজ ঘোষণা করেছেন। এর মধ্যে দু’টি প্যাকেজ আমদানি সহায়তা সংশ্লিষ্ট। ব্যবসায়ীরা বিদেশ থেকে জিনিস আমদানি করলে কিছু সুবিধা পাবে। মূলত সুদ হারে সুবিধা ভোগ করবে ব্যবসায়ীরা। শুধুমাত্র এই হ্রাসকৃত সুদ হারের কারণেই রাজস্ব আয়ে ভুগতে থাকা জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) করের ক্ষেত্রে অন্তত ৫০০ কোটি টাকার ধাক্কা খাবে। সবমিলিয়ে করোনা পরিস্থিতিতে রাজস্ব ঘাটতি লাখ টাকা ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে অর্থমন্ত্রণালয়। অর্থমন্ত্রণালয় এবং এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রণোদনা প্যাকেজে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ‘রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) আকার বাড়ানো হয়েছে। এই প্যাকেজের মাধ্যমে ‘ব্যাক-টু-ব্যাক’ এলসির আওতায় কাঁচামাল আমদানি সুবিধা বৃদ্ধির জন্য ইডিএফের বর্তমান আকার ৩৫০ কোটি মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৫০০ কোটি মার্কিন ডলারের উন্নীত করা হয়েছে। এর ফলে ইডিএফ তহবিলে ১৫০ কোটি ডলারের সমপরিমান ১২ হাজার ৭৫০ কোটি টাকা নতুন করে যুক্ত হবে। ইডিএফ’র বর্তমান সুদের হার হচ্ছে লন্ডন আন্তব্যাংক সুদের হার (লাইবর) এবং এর সাথে ১ দশমিক ৫ শতাংশের যোগফল। ফলে এই সুদের হার হবে ২ দশমিক ৭৩ শতাংশ।

প্রণোদনা প্যাকেজে এই সুদের হার শূণ্য ৭৩ শতাংশ কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এটির সাথে প্রাক-জাহাজীকরণ পুন: অর্থায়ন কর্মসূচি ঋণ((প্রি-শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্স স্কিম) নামে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকার একটি নতুন ঋণ সুবিধা চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এটি পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক। এই ঋণ সুবিধার সুদের হার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। এখানেও সুদের হার হ্রাস করার কথা বলা হয়েছে। এ দু’টি প্যাকেজেই আমদানির ক্ষেত্রে সুবিধা পাবে ব্যবসায়ীরা। আর এতেই আয় কমবে এনবিআরের।

এ ব্যাপারে অর্থ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, করোনা পরিস্থিতিতে অর্থনীতি ঠিক রাখতে কয়েকটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে দু’টি প্যাকেজে সুদ হার কমানো হয়েছে। এই দুই প্যাকেজের আওতায় ব্যবসায়ীরা কোন জিনিস আমদানি করলে আমদানি ব্যয় কম হবে। ফলে জিনিসের দাম কমবে। আর এ কারণে করও কম দিতে হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এতে অন্তত ৫০০ কোটি টাকা রাজস্ব আয় কম হবে।

তিনি বলেন, গত ৮ মাসে রাজস্ব ঘাটতি হয়েছে ৪৫ হাজার কোটি টাকা। করোনা পরিস্থিতি আরো দীর্ঘ হলে রাজস্ব ঘাটতি লাখ কোটি টাকা ছাড়াতে পারে। আর তা হলে এটি হবে সর্বকালের সবচেয়ে বড় রাজস্ব ঘাটতি।

রবিবার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

0

আগামী রবিবার (১২ এপ্রিল) ভিডিও কনফারেন্সে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন তিনি।

গণভবনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

এর আগে গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সকাল ১০টায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স করেন তিনি।

রমজানে বন্ধ থাকবে মিশরের মসজিদ, হবে না ইফতার-তারাবী

0

মিশর মারাত্মক করোনভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আসন্ন রমজানের সমস্ত কার্যক্রম এবং গ্রুপ ইফতার স্থগিত করার ঘোষণা দিয়েছে দেশটি।

প্রতিরক্ষা মন্ত্রী ড. মুহাম্মাদ মুখতার জাময়া এক বিবৃতিতে বলেছেন, যদি করোনাভাইরাস মহামারী এমনই চলতে থাকে তাহলে তাহলে পবিত্র রমজান মাসেও মসজিদ বন্ধ থাকবে।

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে, তারা এর আগে ইফতারের টেবিল স্থাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। ঐতিহ্য অনুসারে মুসলমানরা পবিত্র রমজান মাসে মসজিদ বা আশেপাশের জায়গাগুলিতে দরিদ্রদের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকে। এবার করোনা পরিস্থিতির কারণে সেটা বন্ধ থাকবে।

এই বছরের ২৩ শে এপ্রিল থেকে শুরু হওয়া রমজানে ঐতিহ্যবাহী মুসলিম সমাবেশ, তারাবীহ নামাজ, ইফতারের সন্ধ্যার খাবার এক সঙ্গে খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব শেষ হওয়ার আগে মসজিদগুলো খোলার কোনও সিদ্ধান্ত নেয়া হবে না। ভাইরাসটি প্রতিরোধ করতে সক্ষম হওয়ার পরই কেবল মসজিদ খোলার অনুমতি দেয়া হবে।

মিশরে রমজান মাসে বিভিন্ন জায়গায় রোজাদার ব্যক্তিদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। পরিস্থিতি মোকাবেলায় মানুষের জমায়েত ঠেকাতে এই বছর সম্মিলিত ইফতারের কোনও ব্যবস্থা করা হবে না বলেও জানান তিনি।

যারা অস্বচ্ছলদের ইফতার করাতে আগ্রহী তাদেরকে ইফতার সামগ্রী নির্দিষ্ট ব্যক্তির বাড়িতে পৌঁছে দেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র- আল আরাবিয়া।