Home Blog Page 3037

পরীক্ষামূলক ওষুধ তৈরি হচ্ছে দেশেই

0

করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) এখন পর্যন্ত নিশ্চিত কোনো ওষুধ নেই। তবে থেমে নেই চিকিৎসক ও গবেষকেরা। ধনী-গরিব সব দেশ হন্যে হয়ে করোনার ওষুধ খুঁজছে। নিরন্তর গবেষণা হচ্ছে কার্যকর ওষুধ তৈরির জন্য। পরীক্ষামূলক ওষুধ তৈরিও হচ্ছে।

এ থেকে পিছিয়ে নেই বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোও। এদের মধ্যে আছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, জিসকা ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস প্রভৃতি। ঔষধ প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিভিন্ন দেশে করোনাভাইরাসের চিকিৎসায় যেসব ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে, সেসব ওষুধই তৈরি করছে দেশীয় ওষুধ কোম্পানিগুলো। জানা গেছে, ঔষধ প্রশাসন অধিদপ্তর দেশীয় কোম্পানিগুলোকে বেশ কয়েকটি ওষুধ তৈরির অনুমোদন দিয়েছে। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল গাইডলাইন ফর কোভিড-১৯ বেশ কিছু ওষুধ তাদের নীতিমালায় অন্তর্ভুক্ত করেছে।
করোনাভাইরাসজনিত রোগের চিকিৎসা ও ব্যবস্থাপনায় একাধিক ওষুধ নিয়ে কাজ করছে দেশের প্রতিষ্ঠিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস। এ ব্যাপারে এসকেএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন বলেন, ‘দেশের এই সংকটময় মুহূর্তে আমাদের জনগণের জন্য কার্যকরী ওষুধ সরবরাহ রাখতে আমরা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এবং বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে কাজ করে আসছি। ইতিমধ্যে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন প্রস্তুত করেছি। অতিসত্বর আমরা ফ্যাভিপিরাভির, ওসেল্টামিভির ও ইভারমেকটিন প্রস্তুত করতে যাচ্ছি। আমরা চাই, উন্নত বিশ্বে যেসব ওষুধ কোভিড-১৯-এর চিকিৎসায় কার্যকরভাবে ব্যবহৃত হবে, তার সব কটি এ দেশের মানুষের জন্য এসকেএফ প্রস্তুত করবে।’

জানা গেছে, ফ্যাভিপিরাভির ওষুধটি জাপানি কোম্পানি ফুজির অঙ্গপ্রতিষ্ঠান তোয়ামা কেমিক্যাল তৈরি করেছিল ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার জন্য। গত শনিবার ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়, চীনের ন্যাশনাল সেন্টার ফল বায়োটেকনোলজি ডেভেলপমেন্টের পরিচালক ঝ্যাং জিনমিন বলেছেন, দেশটির দুটি মেডিকেল ইনস্টিটিউশন ফ্যাভিপিরাভির প্রয়োগ করে দেখেছে, এটি করোনাভাইরাসজনিত কিছু লক্ষণ কমাতে কার্যকর। এর মধ্যে রয়েছে নিউমোনিয়া। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ লিখেছে, দক্ষিণ কোরিয়ার খাদ্য ও নিরাপদ ওষুধবিষয়ক মন্ত্রণালয় ফ্যাভিপিরাভিরের বদলে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির তৈরি রেমডেসিভির নামের একটি ওষুধ করোনা চিকিৎসায় পরীক্ষামূলক ব্যবহারের অনুমোদন দিয়েছে। এটি ইবোলা ভাইরাস চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল। তৈরি করেছিল যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি জাইলিড সায়েন্স। জাপানে ফুজির তৈরি ফ্যাভিপিরাভির ওষুধটির ব্র্যান্ড নাম অ্যাভিগান। এটি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ করতে পারে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করছে জাপান।

ফ্যাভিপিরাভির তৈরি করেছে বিকন ফার্মা। ক্যানসারের ওষুধ তৈরির জন্য সুপরিচিত বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বলেন, ‘কার্যকারিতা পাওয়া গেলে ওষুধটির বাণিজ্যিক উৎপাদন করা যাবে। ওষুধটি মূলত ইবোলা ভাইরাসের চিকিৎসার জন্য জাপানের ফুজি তৈরি করেছিল। পরে চীন করোনা ঠেকাতে এটি প্রয়োগ করে সুফল পায়। তাই আমরা চীন থেকে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট (এপিআই) এনেছি।’

বেক্সিমকো ফার্মাও বলছে, তারাও ওষুধ তৈরি করে মজুত রাখছে, যাতে সরকার চাইলে সরবরাহ করতে পারে। প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা বলেন, ‘বিভিন্ন দেশ বিভিন্ন ওষুধ পরীক্ষা করছে। আমরা রেমডেসিভির বাদে সবগুলোই তৈরি করে মজুত করছি যাতে যেকোনো একটি কার্যকর প্রমাণিত হলে এবং অনুমোদন দেওয়া হলে আমরা সরকারকে সরবরাহ করতে পারি।’

করোনাভাইরাসের চিকিৎসা নিয়ে বড় দেশগুলোর পাশাপাশি ছোট ছোট দেশও কাজ করছে। অস্ট্রেলিয়ার এবিসি নিউজ গত শনিবার তাদের এক প্রতিবেদনে বলেছে, মোনাশ বায়োমেডিসিন ডিসকভারি ইনস্টিটিউট ও ডোহার্টি ইনস্টিটিউটের এক গবেষণায় জানানো হয়েছে, আইভারমেকটিন শরীরে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পারে। যদিও বিষয়টি একেবারেই পরীক্ষার পর্যায়ে রয়েছে।

করোনার সম্ভাব্য ওষুধ তৈরির বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংস্থাটির সাবেক পরিচালক গোলাম কিবরিয়া বলেন, দেশের ওষুধ নিয়ন্ত্রণ কমিটি নানা পরীক্ষা-নিরীক্ষার পর নতুন কোনো ওষুধের অনুমোদন দেয়। দেশে কোনো ওষুধ বাণিজ্যিকভাবে বাজারজাত করতে হলে এ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তবে সুবিধার দিক হচ্ছে, এলডিসি হিসেবে বাংলাদেশ ওষুধের মেধাস্বত্ব কেনা ছাড়াই ওষুধ তৈরি করতে পারে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন হাসপাতালে

0

করোনাভাইরাস শনাক্ত হওয়ার ১০ দিনের মাথায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, জ্বরসহ অন্যান্য উপসর্গ অব্যাহত থাকায় রোববার সন্ধ্যায় বরিস জনসনকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকের পরামর্শে সতর্কতার অংশ হিসেবে বরিস জনসন হাসপাতালে ভর্তি হন বলে জানানো হয়েছে।

হাসপাতালে ভর্তি হলেও বরিস জনসন সরকার পরিচালনার দায়িত্ব চালিয়ে যাবেন। তবে সোমবার সকালে অনুষ্ঠেয় করোনাভাইরাস-সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

বরিস জনসনকে রাতে হাসপাতালেই থাকতে হতে পারে। সেখানে তাঁকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাগুলো করতে হবে।

ডাউনিং স্ট্রিটের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, চিকিৎসকের পরামর্শে বরিস জনসনকে হাসপাতালে নেওয়া হয়েছে। যেহেতু তাঁর করোনাভাইরাস শনাক্ত হওয়ার ১০ দিন পরও উপসর্গগুলো রয়ে গেছে, তাই সতর্কতার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, অবিশ্বাস্য রকমের কঠোর পরিশ্রমের জন্য এনএইচএসের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জনগণকে সরকারের পরামর্শ মেনে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বরিস জনসনের জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘গোটা আমেরিকা বরিস জনসনের জন্য প্রার্থনা করছে। তিনি (বরিস জনসন) আমার ভালো বন্ধু, সজ্জন মানুষ ও বড় নেতা।’

ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী বরিস জনসন দ্রুতই সেরে উঠবেন। কারণ, তিনি শক্তিশালী মানুষ।

চিকিৎসক সারাহ জারভিস বিবিসিকে বলেছেন, বরিস জনসনের বুকের এক্স–রে হবে। ফুসফুসেরও পরীক্ষা হবে। তাঁর শ্বাসকষ্ট হচ্ছে কি না, বুঝতে এই পরীক্ষা দুটি করার কথা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে হৃদযন্ত্র ঠিকঠাক কাজ করছে কি না, দেখতে ইলেকট্রোকার্ডিওগ্রাম করার কথা আছে। তা ছাড়া অক্সিজেনের মাত্রা, শ্বেতকণিকার পরিমাণ, লিভার ও কিডনি পরীক্ষা করে দেখা হবে।

গত ২৭ মার্চ করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে বরিস জনসন বাসায় থেকে কাজ করছিলেন। সবশেষ তাঁকে জনসমক্ষে দেখা গেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায়। ডাউনিং স্ট্রিটের বাসভবন থেকে এনএইচএসের কর্মীদের ওই দিন তিনি প্রশংসা করেন। এর পরদিন করোনাভাইরাস নিয়ে একটি বৈঠকে দূর থেকে সভাপতিত্ব করেন তিনি। শুক্রবার টুইটারে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, এখনো তাঁর উপসর্গগুলো রয়ে গেছে।

বরিস জনসনের বান্ধবী ক্যারি সিমন্ডস অন্তঃসত্ত্বা। তাঁর মধ্যেও করোনার উপসর্গ দেখা দিয়েছে। তবে উপসর্গ থাকা সত্ত্বেও তিনি পরীক্ষা করে তা নিশ্চিত হতে চান না। তা ছাড়া তাঁর করোনার কী কী লক্ষণ বা উপসর্গ রয়েছে, এ বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ও সরকারের প্রধান স্বাস্থ্য পরামর্শকের মধ্যে উপসর্গ দেখা দেওয়ার পর তাঁরা সেলফ আইসোলেশনে রয়েছেন।

কোভিড-১৯ মোকাবিলায় তহবিল গঠন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

0

স্ট্যান্ডার্ড চার্টার্ড বিশ্বব্যাপী কর্মী, গ্রাহক ও কমিউনিটিকে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় কোম্পানি অর্থায়নের জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার এবং ৫০ মিলিয়ন মার্কিন ডলার কমিউনিটি সহায়তা তহবিল গঠন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রুপ সম্প্রতি কোভিড-১৯ মোকাবিলায় তার গ্রাহক, কমিউনিটি ও কর্মচারীদের বর্তমান এবং দীর্ঘমেয়াদি প্রয়োজনগুলো মেটানোর জন্য বিশ্বব্যাপী বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিল উইন্টারস বলেন, ‘আমি আমার সহকর্মীদের ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাদের কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বীরত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে এই চ্যালেঞ্জিং সময়ে আমাদের প্রতি গ্রাহকদের অগাধ বিশ্বাসের জন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ। এ ছাড়া যে কমিউনিটিগুলো থেকে আমরা সব সময় সমর্থন পেয়ে এসেছি তাদের জন্য ধন্যবাদ এবং আমরা আগামী দিন, সপ্তাহ এবং মাসগুলোতে এ সমর্থন ফিরিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর।’

ঘোষিত সহায়তা ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে—

• কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য যাঁরা বিভিন্ন পণ্য এবং সেবা সরবরাহ করছেন এবং যাঁরা এ মহামারির কারণে সর্বোচ্চ চাহিদা থাকা পণ্য তৈরির পরিকল্পনা করছেন, এমন প্রতিষ্ঠানগুলোর জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি।

• বিশ্বব্যাপী কোভিড-১৯ দ্বারা ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোকে সহায়তা দিতে ৫০ মিলিয়ন মার্কিন ডলার গ্লোবাল তহবিল গঠন। গ্রুপটি তার সর্বাধিক ক্ষতিগ্রস্ত বাজারগুলোতে জরুরি ত্রাণ সহায়তা করার জন্য অবিলম্বে ২৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে। বাকি ২৫ মিলিয়ন মার্কিন ডলার কোভিড-১৯-এর প্রাদুর্ভাবে অর্থনৈতিক প্রভাব থেকে মুক্তি পেতে কমিউনিটিগুলোকে মধ্যম মেয়াদে সহায়তা হিসেবে দেওয়া হবে।

• ব্যাংকের ব্যবস্থাপনা পরিষদ তাদের কর্মীদের সুরক্ষা এবং সুস্বাস্থ্য রক্ষার জন্য দূরবর্তী স্থান থেকে কাজের ব্যবস্থাও চালু করেছে। সব কর্মীকে তাঁর সুবিধার্থে ভার্চুয়াল লার্নিংয়ের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য উৎসাহিত করা হচ্ছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের করপোরেট, বাণিজ্যিক ও ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের সিইও সাইমন কুপার ১ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তার বিষয়ে বলেন, এই মহামারির কারণে সর্বোচ্চ চাহিদা থাকা পণ্য তৈরিতে যাঁরা উদ্যোগী হয়ে তাদের উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন করছেন, সেখানে নিঃসন্দেহে বিপুল পরিমাণ অর্থব্যয় রয়েছে, তাই এটি এমন একটি ক্ষেত্র যেখানে আমরা সহায়তা করতে পারি যেন তারা দ্রুত উৎপাদনে যেতে পারে। একই সঙ্গে আমরা নিশ্চিত করতে চাই যে বিদ্যমান নির্মাতারা এবং পরিষেবা সরবরাহকারীরাও তাঁদের প্রয়োজনীয় সহায়তা যেন পান।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, বিশ্বব্যাপী জরুরি পরিস্থিতিতে যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের সবার জন্য আমাদের গভীর চিন্তা ও সমবেদনা রয়েছে। এই চরম স্বাস্থ্য হুমকি মোকাবিলায় স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের যথাসাধ্য চেষ্টা এবং লড়াই চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসা ও সব পরিবারের জন্য বর্তমান সময়টি খুবই কঠিন এক সময় এবং এই ঝড়কে আমাদের একসঙ্গে মোকাবিলা করতে হবে যাতে করে কোভিড-১৯ পরাজিত হয়ে গেলে আমাদের অর্থনীতি তার বিকাশের পথ ধরে রাখতে পারে।

গত সপ্তাহে ব্যাংকটি বাংলাদেশে তার গ্রাহকদের সহায়তা করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগের ঘোষণা করেছে। বিজ্ঞপ্তি

প্রগতি ইন্ডাস্ট্রিজের এক কোটি টাকা অনুদান

0

দেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন শিল্প প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল)।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল রোববার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের কাছে শিল্পসচিব মো. আবদুল হালিম চেকটি তুলে দেন। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানায় শিল্প মন্ত্রণালয়।

বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মো. রইছ উদ্দিন ও প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুজ্জামান এই সময় উপস্থিত ছিলেন।
প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের একটি অটোমোবাইলস সংযোজনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৬৬ সাল থেকে বাস, ট্রাক, জিপ, পিক-আপ, অ্যাম্বুলেন্স সংযোজন ও বাজারজাত করে আসছে। সম্প্রতি দেশে ডাবলকেবিন পিক-আপের চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে জাপানের মিতসুবিশি করপোরেশনের কারিগরি সহযোগিতায় প্রগতি ইন্ডাস্ট্রিজ ডাবলকেবিন পিক-আপ সংযোজন শুরু করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের মিতসুবিশি কোম্পানির প্রতিনিধি এবং শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে ডাবলকেবিন পিক-আপ সংযোজনের এই স্বয়ংসম্পূর্ণ লাইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড পূর্ণ সক্ষমতায় ডাবলকেবিন পিক-আপ সংযোজন ও বাজারজাত করবে বলে আশা করা

মিথিলার বিয়ের ভিডিও প্রকাশ

0

গত ৬ ডিসেম্বর হুট করেই বিয়ের পিঁড়িতে বসেন তারা। বলছি, রাফিয়াথ রশিদ মিথিলা ও সৃজিত মুখার্জির কথা। বিয়ের পর শুরু হয়, এই নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে আলোচনা। মিথিলার এতে খুব একটা আগ্রহ না থাকলেও গত ২৯ ফেব্রুয়ারি কলকাতায় এর আয়োজন করেন সৃজিত মুখার্জি। তাদের বিয়ের স্থিরচিত্রের মতো বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানেরও কিছু ছবি তখন প্রকাশ্যে আসে। এবার মিথিলা নিজেই প্রকাশ করলেন এই অনুষ্ঠানের ভিডিও।

প্রকাশিত ভিডিওর শুরুতে পাখিদের কলকাকলির শব্দ। কলকাতার পিচঢালা পথে ঘোড়ার গাড়ির ছুটে চলা। এরপর নেপথ্য কণ্ঠে সৃজিতকে বলতে শোনা যায়—বসন্ত এসে গেছে। ‘আমাকে আমার মতো থাকতে দাও’ বলার দিন এবার শেষ। নৌকার পালে চোখ রেখে দিন কাটানোর আশায় বিয়েটা করেই নিলাম। তাই আপাতত মিথিলা আর সৃজিত এক রাস্তায় ট্রামলাইন, এক কবিতায় কাপলেট।

এ অনুষ্ঠানে কলকাতার একঝাঁক তারকা হাজির হয়েছিলেন। তাদের উচ্ছ্বাস, সৃজিত-মিথিলার অদেখা অনেক মুহূর্ত নিয়েই ৪ মিনিট ৪১ সেকেন্ড দৈর্ঘ্যের এ ভিডিওটি তৈরি করা হয়েছে। ক্যাপশনে মিথিলা লিখেছেন—বসন্ত এসেছিল…। এ ভিডিওটি প্রকাশের আগে বিয়ের একটি ছবি পোস্ট করে মিথিলা লিখেন, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।

করোনার সংকটকালে মিথিলা-সৃজিত আলাদা দিনযাপন করছেন। দুজন এখন দুই দেশে। আর সাময়িক এই বিচ্ছেদের সুর যেন এই দুটি ক্যাপশনের কথায় মৃদু তরঙ্গের মতো বয়ে যাচ্ছে।

১ লাখ পরিবারের দায়িত্ব নিলেন অমিতাভ বচ্চন

0

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন। এবার আর কোনো মন্তব্য নয় করোনা মোকাবেলায় নিজেকে সামিল করলেন বিগবি।

অল ইন্ডিয়া ফিল্ম ইমপ্লোয়িসের আওতায় দৈনিক আয়ের ভিত্তিতে কাজ করা ১ লক্ষ কর্মীর পরিবারের দায়িত্ব নিলেন অমিতাভ বচ্চন। সব সময় মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় অমিতাভকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার অমিতাভের সঙ্গে এই উদ্যোগে যোগ দিয়েছে সনি পিকচার্স নেটওয়ার্ক ও কল্যাণ জুয়েলার্স।

এ প্রসঙ্গে সনি নেটওয়ার্কের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে পরিস্থিতিতে জনাব বচ্চন যে উদ্যোগ নিয়েছেন আমরা তার সঙ্গে আছি। ‘উই আর ওয়ান’-এর সহযোগিতায় থাকবে সনি পিকচার্স ও কল্যাণ জুয়েলার্স, আমাদের পক্ষ থেকে দেশের ১ লক্ষ পরিবারকে মাসের রেশন দেওয়া হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রথম সারির হাইপারমার্কেট ও গ্রোসারি স্টোরের সঙ্গে বাণিজ্যিক চুক্তি এবং অল ইন্ডিয়া ফিল্ম ইমপ্লোয়িস কনফেডারেশনের তালিকাভুক্ত কর্মীদের মধ্যে বারকোড সমৃদ্ধ ডিজিটাল কুপন বিতরণ করা হয়েছে, যার মাধ্যমে তারা রেশন নিতে পারবে।’

আলিয়ার বিয়ের খবর জানেন না কাছের বান্ধবী

0

সম্প্রতি গুঞ্জন ওঠে, বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। এদিকে এই জুটির বিয়ে অথচ আলিয়ার ঘনিষ্ঠ বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরই নাকি বিষয়টি জানেন না। এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি জানি না, এমনকি আমিও এই গুঞ্জন শুনছি।’

এর আগে গুঞ্জন চাউর হয়, আগামী ডিসেম্বরেই বাজবে রণবীর ও আলিয়ার বিয়ের সানাই। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে মুম্বাইয়েই হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘প্রথমে পরিকল্পনা হয়েছিল ভারতের বাহিরে কোথাও বিয়ে হবে। কিন্তু এখন দুই পরিবার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাইয়ে হবে বিয়ের আনুষ্ঠানিকতা, আর তা ডিসেম্বরের শেষ ২০ দিনের মধ্যে। এখন ঋষি কাপুরের শারীরিক অবস্থা অনেকটাই ভালো, তাই এই আয়োজনের পরিকল্পনা করছে দুই পরিবার। ২১ ডিসেম্বর থেকে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর সম্ভাবনা রয়েছে এবং তা চার দিন ব্যাপী চলবে। তবে বর্তমান পরিস্থিতির জন্য বিয়ের তারিখ এখনো পাকা হয়নি।’

যদিও বলিউডের এই লাভ বার্ডের বিয়ের গুঞ্জন এবারই প্রথম নয়। এর আগে বেশ কয়েকবার তাদের বিয়ের তারিখ ও স্থান নিয়ে ভারতীয় মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। তবে শেষ পর্যন্ত তা গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে।

রণবীর-আলিয়ার পরবর্তী সিনেমা ব্রহ্মাস্ত্র। এতে প্রথমবার জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন তারা। আয়ান মুখার্জি পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রয় প্রমুখ। এছাড়া অতিথি চরিত্রে শাহরুখ খান ও ডিম্পল কাপাডিয়াকে দেখা যাবে। আগামী ৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

১০ হাজার কেজি চাল আর ৭০০ কেজি আলু দিলেন পাঠান ব্রাদার্স

0

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসছেন বিশ্বের খ্যাতিমান ক্রীড়াবিদরা। তারা সাধ্যমতো অনুদান দিয়ে যাচ্ছেন। এবার এলেন ভারতীয় ক্রিকেটের দুই সাবেক তারকা ইউসুফ ও ইরফান পাঠান। গরিবদের সাহায্যে ১০ হাজার কেজি চাল ও ৭০০ কেজি আলু দিয়েছেন দুই ভাই।

নিজেদের অনুদানের খবর জানিয়ে সোশ্যাল সাইটে ইউসুফ ও ইরফান বলেছেন, ‘এই কঠিন সময়ে আমরা সম্ভাব্য সব রকম উপায়ে সরকারের পাশে আছি। আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের সমস্ত নাগরিককে আমরা ঘরে থাকার আবেদন করছি। নিজেদের ও আশপাশের সবার শরীরের দিকে খেয়াল রাখুন।’

ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেশটির অনেক ক্রীড়াবিদই বড় অংকের অর্থ দান করেছেন। রোহিত শর্মা দিয়েছেন ৮০ লাখ রুপি। শচীন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলী দিয়েছেন ৫০ লাখ রুপি করে। বর্তমান অধিনায়ক বিরাট কোহলি এবং তার সহধর্মীনী আনুশকা শর্মা দিয়েছেন ৩ কোটি রুপি। এর আগে স্থানীয়দের মধ্যে মাস্ক বিতরণ করতে দেখা গিয়েছিল পাঠান ভাইদের।

ইউসুফ ও ইরফান বলেছেন, ‘এই কঠিন সময়ে আমরা সম্ভাব্য সব রকম উপায়ে সরকারের পাশে আছি। আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের সমস্ত নাগরিককে আমরা ঘরে থাকার আবেদন করছি। নিজেদের ও আশপাশের সবার শরীরের দিকে খেয়াল রাখুন।’

দরিদ্রদের ১০ টন খাবার দিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক

0

অসাধারণ নেতৃত্বে ব্রাজিলকে এনে দিয়েছিলেন চার নম্বর বিশ্বকাপ। ১৯৯৪ বিশ্বকাপ ফাইনালের পর ব্রাজিল অধিনায়ক দুঙ্গার ট্রফি হাতে গোটা মাঠ প্রদক্ষিণের দৃশ্য ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। বিশ্বকাপজয়ী এই অধিনায়ক ২০১০ সালের বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন। সেবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। এবার এই খ্যাতিমান ফুটবলার নেমেছেন করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে।

গোটা বিশ্বের মতো ব্রাজিলেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দেশটিতে এ পর্যন্ত ৩৫৯ জন মারা গেছে বলে জানা গেছে। এই প্রাণঘাতী ভাইরাস থেকে বাঁচতে গোটা ব্রাজিল এখন লকডাউন হয়ে পড়েছে। ফলে সবচেয়ে বেশি বিপদে পড়েছে দেশটির দরিদ্র জনগোষ্ঠী আর খেটে খাওয়া মানুষেরা। কাজ হারিয়ে তাদের এখন হাড়ি চড়ে না। এসব মানুষের পাশেই এবার দাঁড়িয়েছেন ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার দুঙ্গা। তাদের জন্য দিয়েছেন ১০ টন খাদ্য। শিশুদের জন্য দিয়েছেন ২ হাজার ডায়াপার।

সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে দুঙ্গা এক ভিডিও বার্তায় বলেছেন, ‘বাধ্য হয়ে আমাদের অনেককে এখন এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অনেক কিছু এখন করতে হচ্ছে, যা কল্পনাও করিনি আগে। মানুষের জীবন এখন হুমকির মুখে। সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে আমরা। এখন আমাদের মানবিক হতে হবে। মানুষকে সহযোগিতা করতে হবে। আমি আপনাদের সবাইকে চ্যালেঞ্জ জানাচ্ছি। আমরা ইতিমধ্যে দশ হাজার কেজি খাদ্য (এগারো টনেরও বেশি) সংগ্রহ করেছি। আমরা এই লড়াই চালিয়ে যাব। এখন কোনো সময় নেই নষ্ট করার মতো। এটা হেরে যাওয়ার সময় না।’

সন্ধ্যা ৬টার পর সব ধরনের দোকানপাট বন্ধ

0

ওষুধের দোকান ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপসহ সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব ইউনিটকে এই নির্দেশনা দেওয়া হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মাসুদুর রহমান বলেন, সুপারশপ ও স্বীকৃত কাঁচাবাজারগুলো ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু রাখা যাবে। পাড়ামহল্লার মুদি দোকানগুলো খোলা থাকবে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত। চালু থাকবে শুধুমাত্র ওষুধের দোকান।