Home Blog Page 3039

রাজধানীর যে ২৯ স্থানে ৫২ জন করোনা শনাক্ত হয়েছে

0

করোনাভাইরাসে আজ রবিবার (৫ এপ্রিল) পর্যন্ত সারা দেশে ৮৮ জন ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার ২৯টি স্থানের ৫২ জন ব্যক্তি শনাক্ত হয়েছেন বলে তথ্য প্রকাশ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

করোনাভাইরাস শনাক্ত ব্যক্তিদের জেলার নাম বলা হয়েছে। এর মধ্যে রাজধানীর ৫২ জনসহ ঢাকা জেলায় ৫৪ জন আক্রান্তের তথ্য দিয়েছে আইইডিসিআর। তবে সুনির্দিষ্টভাবে ৫২ জন আক্রান্ত ব্যক্তি কোথায় থাকতেন সেই এলাকার নাম বললেও দুইজন আক্রান্তের এলাকার নাম দেওয়া হয়নি।

রাজধানীর যে ২৯টি স্থানে ৫২ জন করোনা শনাক্ত হয়েছে : বাসাবোয় ৯ জন; মিরপুরের টোলারবাগ ৬ জন; পুরান ঢাকার শোয়ারিঘাট ৩ জন; বসুন্ধরা ২ জন; ধানমন্ডি ২ জন; যাত্রাবাড়ী ২ জন; মিরপুর-১০ ২ জন; মোহাম্মদপুর ২ জন; পুরোনো পল্টন ২ জন; শাহ আলী বাগ ২ জন; উত্তরা ২ জন।

রাজধানীর বাকি ১৮টি স্থানে একজন করে করোনা রোগী পাওয়া গেছে। এসব স্থানগুলো হলো, বুয়েট এলাকা, সেন্ট্রাল রোড, ইস্কাটন, গুলশান, গ্রিনরোড, হাজারীবাগ, জিগাতলা, মিরপুর কাজীপাড়া, মিরপুর-১১, লালবাগ, মগবাজার, মহাখালী, নিকুঞ্জ, রামপুরা, শাহবাগ, উর্দু রোড ও ওয়ারি।

‘গার্মেন্ট শ্রমিকদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে’

0

গার্মেন্ট শ্রমিকদের সাথে প্রহসন, হয়রানি ও মালিকদের স্বেচ্ছাচারিতার নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল রবিবার এক বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেছেন, একদিকে করোনা সংক্রমণের আতংক, অন্যদিকে গার্মেন্টস মালিকদের স্বেচ্ছাচারিতার কারণে গার্মেন্ট শ্রমিকদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে।

বিবৃততিতে নেতৃবৃন্দ বলেন, ২৫ মার্চ সাধারণ ছুটি ঘোষণার ফলে মাসের শেষে শূন্য হাতে শ্রমিকদের বাড়ি ফিরতে হয়েছিল। আবার কারখানা চালু হওয়ার কথা শুনে এপ্রিলের শুরুতে পরিবহণ বন্ধ থাকা সত্ত্বেও অবর্ণনীয় কষ্ট সহ্য করে কারখানায় ফিরতে হয়েছে। এক্ষেত্রে নিরাপদ দূরত্ব রক্ষা দূরের কথা, স্বাভাবিক দূরত্বও রক্ষা করা সম্ভব হয়নি। জীবনের ঝুঁকি ও করোনাভাইরাস সংক্রমণের আশংকা নিয়ে শ্রমিকরা কারখানায় এসেছেন বেতনের আশায় ও চাকরি হারানোর আশংকায়। অথচ এখন বলা হচ্ছে, ১১ এপ্রিলের পর কারখানা খুলবে। এই অবস্থায় চরম অনিশ্চয়তায় পড়েছেন গার্মেন্ট শ্রমিকরা।

বিবৃতিতে শ্রমিকদের জীবন, জীবিকা ও নিরাপদ দূরত্ব রক্ষার নিয়ম নিয়ে এই ছিনিমিনি খেলাকে অমানবিক বলে আখ্যায়িত করে এজন্য দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে। এ জন্য ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

চিকিৎসক-কর্মীদের বেতনের পুরোটাই দেয়া হবে : ল্যাবএইডের এমডি ডা. শামীম

0

করোনাভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট মহামারির প্রকোপ চলছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও কভিড ১৯ রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে দেশের সরকারি-বেসরকারি সব ধরণের হাসপাতালে সাধারণ চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। চিকিৎসকগণও তাদের ব্যক্তিগত চেম্বার বন্ধ করে দিয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালেও রোগী কমে গেছে রেকর্ড পরিমাণ।

উদ্ভূত পরিস্থিতিতে বেসরকারি ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মার্চ মাসের বেতন অর্ধেক দিয়েছে কর্তৃপক্ষ। চলতি এপ্রিল মাসে অনেককে বাধ্যতামূলক ছুটিতেও পাঠানো হয়েছে-এমন একটি সংবাদ রবিবার দিনব্যাপী সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

বিষয়টির সত্যতা জানতে ল্যাবএইড গ্রুপের এমডি ডা. এ এম শামীমের সঙ্গে কথা হয়। তিনি বিষয়টিকে শ্রেফ গুজব হিসেবে আখ্যায়িত করে বলেন, এই নিয়ে অহেতুক একটা ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

ডা. এ এম শামীম বলেন, আমরা মার্চ মাসের ১৫ দিনের বেতন ২০ মার্চে প্রদান করেছি। বাকী ১৫ দিনের বেতন শিগগিরই প্রদান করা হবে। কোন বেতন কর্তন করা হবে না।

কিন্তু অতীতে মাসের বেতন এভাবে অর্ধেক দেয়ার রেকর্ড আছে কি? নাকি সংবাদটি ভাইরাল হওয়ায় আপনারা সিদ্ধান্ত পাল্টিয়েছেন?

এমন প্রশ্নের উত্তরে ডা. এম এ শামীম বলেন, আগে তো এক মাসের বেতন পরের মাসে দেয়া হতো। সে হিসেবে মার্চ মাসের বেতন দেবার কথা ছিলো এপ্রিল মাসে। কিন্তু সার্বিক অবস্থা চিন্তা করে আমরা বরং ১৫ দিনের অগ্রিম বেতন দিয়েছি মার্চ মাসেই। যাতে সবার হাতে কিছু টাকা থাকে। অথচ সম্পূর্ণ ভুলভাবে বিষয়টি তুলে ধরা হচ্ছে যা দুঃখজনক।

আইপিএলের জন্য এবার এশিয়া কাপ বাতিলের চেষ্টায় ভারত!

0

সময়ের সঙ্গে সঙ্গে আরও ভয়ংকর হয়ে উঠছে করোনাভাইরাস, বাড়ছে মৃত্যুর মিছিল। অনিশ্চয়তার মুখে পড়ে গেছে এই বছরের আইপিএল। আদৌ এই টুর্নামেন্ট এবার আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে চিন্তিত বিসিসিআই। বিশ্বের সবচেয়ে ধনী এই ক্রিকেট বোর্ড এখন সমাধানের রাস্তা খুঁজে বের করতে অন্যান্য বোর্ডের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। ভারতীয় মিডিয়াগুলো জানিয়েছে, তলে তলে এশিয়া কাপ পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বিসিসিআই!

গত ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের প্রকোপের জন্য ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। কিন্তু করোনার জন্য পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মে মাসেও এই টুর্নামেন্টের ১৩তম আসর আয়োজন করা সম্ভব হবে কিনা তা অনিশ্চিত। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মে মাসে ভারতে করোনার প্রভাব আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই উদ্ভুত পরিস্থিতিতে তিনরকমের ভাবনা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

প্রথমত, চলতি বছরের জুলাই-অগাস্ট মাসে আইপিএল করার কথা ভাবছেন বোর্ডের কিছু কর্মকর্তা। দ্বিতীয়ত, অক্টোবর মাসে অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাসের জন্য যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যায় তা হলে সেই সময় আইপিএল করার কথা ভাবছেন বিসিসিআইয়ের একাংশ। তৃতীয়ত, যদি সেপ্টেম্বরে এশিয়া কাপ না হয় তাহলে ওই সময় আইপিএল আয়োজন করা যেতে পারে।

করোনাভাইরাসে গোটা বিশ্বে লাখ লাখ মানুষ আক্রান্ত। তাই সমস্ত সম্ভাবনা মাথায় রেখে কীভাবে আইপিএল এই বছরেই আয়োজন করা যায়, তা নিয়ে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বিসিসিআইয়ের। কারণ আইপিএল বন্ধ হয়ে গেলে বিসিসিআই বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে।

আজ দিব্যা ভারতীর ‘রহস্যময়’ মৃত্যুর ২৭ বছর

0

নব্বইয়ের দশকে বলিউডে পরিবর্তনের একটি হাওয়া বয়ে গিয়েছিল। এই সময় নতুন প্রতিভাবান মুখগুলো মানুষের পছন্দ হয়ে উঠছিল। এই মুখগুলোর মধ্যে একটি ছিল দিব্যা ভারতী। ’৯০-এর দশকের দিব্যা ভারতীর ‘সাত সমুদ্র পার…’ গান এখনও মানুষের মনে রয়েছে। মনে রয়েছে দিওয়ানা ছবির প্রত্যেকটি গানের কথা। শাহরুখের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল দিব্যা ভারতীর বিপরীতে দিওয়ানা ছবি দিয়ে।

দিব্যা ভারতী এমন একজন অভিনেত্রী ছিলেন যিনি খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিলেন। মাত্র ১৬ বছর বয়সে তামিল সিনেমা ববি রাজায় কাজ করেন। এরপর তিনি আর পেছন ফিরে তাকাননি। সেই সময় শোলা অর শাবনাম, দিল আসান হে, দিওয়ানার মতো সুপারহিট সিনেমার মাধ্যমে সফলতা পেয়েছেন। কিন্তু মাত্র ১৯ বছর বয়সে রহস্যময়ভাবে তাঁর মৃত্যু হয়।

৫ এপ্রিল, ১৯৯৩ সালের রাতটি ছিল দিব্যা ভারতীর শেষ রাত। দিব্যার মৃত্যু মুম্বাইয়ের বারসোভার পাঁচ তলা বিল্ডিং থেকে পড়ে যাওয়ার ফলে হয়। কয়েকজন মনে করেন এটা আত্মহত্যা। আবার অনেকের মতে ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলা হয়েছে। তবে মুম্বাই পুলিশ এই ক্ষেত্রে প্রমাণ সংগ্রহ করতে সফল হননি। ১৯৯৮ সালে এই মামলা বন্ধ করে দেওয়া হয়। আজ ২৫ হলো কিনারা হয়নি এই মৃত্যুর।

যারা পুরো বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখেছিলেন তাদের মতে স্বামী সাজিদ নাদিয়াডওয়ালার ওপর আঙুল তুলছিল। আন্ডারওয়াল্ডের সাথে মামলাটি জুড়ে দেখা হচ্ছিল। যদিও অন্য তত্ত্ব হলো সাজিদ নাদিয়াডওয়ালার সাথে দিব্যার সম্পর্ক এবং ফিল্মে অপ্রত্যাশিত সাফল্য তাঁকে তাঁর মা-বাবার থেকে দূরে নিয়ে গিয়েছিল। এই কারণে তিনি হতাশ হয়ে আত্মহত্যা করে নেন। দিব্যা ভারতীর মৃত্যুর বিষয়টি এখনও রহস্য।

বলা হয়, যে রাতে এই ঘটনা হয়েছিল সেই দিন দিব্যা ভারতী নিজের জন্য একটি ফ্ল্যাট কিনেছিলেন। একদিন আগে, তিনি চেন্নাই শুটিং শেষ করে ফিরে আসেন। কিন্তু ফ্ল্যাট কেনার কারণে সেইদিন শ্যুটিং বাতিল করে দেন। এটাও বলা হয় যে পায়ের চোটের কারণে তিনি শুটিং করেননি। রিপোর্ট অনুযায়ী সেই দিন দিব্যা ভারতী ডিজাইনার নীতা লুল্লা এবং তার স্বামীর সাথে ভার্সোভার ফ্লাটে সাক্ষাত্ করতেন।

নীতা লুল্লা তার স্বামীর সাথে রাত ১০টায় দিব্যার ফ্ল্যাটে পৌছান। নীতা বসার ঘরে বসে ছিলেন এবং কথা বলছিলেন। তখন দিব্যা রান্নাঘরে চলে যান। সেই সময় নিতা এবং তার স্বামী টিভিতে একটি ভিডিও দেখতে ব্যস্ত হয়ে যান।

দিব্যার বসার ঘরে কোনও বারান্দা ছিল না। শুধুমাত্র একটি বড় জানালা ছিল। দুর্ভাগ্যবশত এই জানলাতে কোনও গ্রিল ছিল না এবং নীচে গাড়ি পার্কিং এর জায়গা ছিল। বলা হয় যে রান্নাঘর থকে আসার পর দিব্যা সেই জানলার পাতলা দেওয়ালের ওপর বসে পড়েন। কিন্তু ভারসাম্য হারানোর কারণে তিনি পড়ে যান।

এত উঁচু থেকে পড়ে যাওয়ার পর রক্তাক্ত অবস্হায় পার্কিং এলাকায় পড়েছিলেন। দ্রুত তাকে মুম্বাইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনায় ক্রেডিট কার্ডের গ্রাহকরা পাচ্ছেন বিশেষ ছাড়

0

করোনাভাইরাসের কারণে ক্রেডিট কার্ড গ্রাহকদের বিশেষ ছাড় দিল বাংলাদেশ ব্যাংক। আগামী ৩১ মে পর্যন্ত ক্রেডিট কার্ডের গ্রাহকদের সব ধরনের জরিমানা মওকুফের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে গত ১৫ মার্চ থেকে যাদের বিল বকেয়া হয়েছে ও এর বিপরীতে জরিমানা আরোপ বা আদায় করা হয়েছে সেটিও ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গ্রাহকদের আর্থিক সামর্থ্য ও চলমান অন্যান্য সীমাবদ্ধতা বিবেচনায় বিলম্ব ফি বা জরিমানা মওকুফের সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে যেসব ক্রেডিট কার্ড গ্রাহকের বকেয়া বিল পরিশোধের শেষ সময় ১৫ মার্চ বা তার পরে, সেসব ক্ষেত্রে বিল নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পারলে কোনো ধরনের বিলম্ব ফি নেওয়া হবে না।

সৌদি আরবে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৪, আক্রান্ত ২৩৮৫

0

সৌদি আরবে ভয়াবহ আকার ধারণ করছে প্রাণঘাতী করোনাভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৫ জনে। মৃত্যু হয়েছে ৩৪ জনের।

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে বলেও জানান মন্ত্রী।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধে পবিত্র নগরী মক্কার ছয়টি জেলায় দিনরাত ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় সোমবার বিকেল ৩টা থেকেই কার্যকর হয়েছে এ নির্দেশনা। ২৪ ঘণ্টার কারফিউ জারি করা জেলাগুলো হলো- আজইয়াদ, আল মাসাফি, মিসফালাহ, আল হুজুন, নাকাসা ও হোশ বকর।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এসব এলাকায় প্রবেশ বা বহির্গমন নিষিদ্ধ থাকবে। কারফিউ চলাকালীন সকাল ৬টা থেকে বিকেল ৩টার মধ্যে শুধু চিকিৎসা ও নিত্যপণ্য কেনাকাটায় বাইরে যাওয়া যাবে।

এর আগে, গত ২৬ মার্চ থেকে সৌদি আরবের ব্যস্ততম এলাকা মক্কা, মদিনা ও রাজধানী রিয়াদে বিকেল ৩টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি হয়। ২৩ মার্চ থেকে দেশটিতে ২১ দিনের আংশিক কারফিউ শুরু হয়। তখন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউয়ের সময় ঘোষণা করা হয়েছিল। পরে মক্কা, মদিনা, রিয়াদ ও জেদ্দায় এর সময়সীমা বাড়ানো হয়েছে।

সৌদি আরবের সকল করোনাভাইরাস রোগীদের সরকারি ও বেসরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। দেশটির স্থায়ী ও অস্থায়ীসহ সব ধরণের বাসিন্দারা এ সেবা পাবেন।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ভাইরাসটির বিস্তার রোধে সরকার কর্তৃক জারি করা করোনাভাইরাস সাবধানতা মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

এছাড়া স্বাস্থ্য নির্দেশিকা যেমন- হাতধোয়া এবং করমর্দন না করা এবং শ্বাসতন্ত্রের অসুস্থতার লক্ষণগুলো দেখা দেয়ার সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বন্ধ করার ওপর জোর দিয়েছে। জাতীয় দুর্যোগের এ সময়ে জনগণকে অবশ্যই আইসোলেশন এবং কোয়ারেন্টিনের নির্দেশাবলী মেনে চলতে বলা হয়েছে।

সূত্র- আল আরাবিয়া।

নিজামুদ্দিন মসজিদে যাওয়া ৮ মালয়েশিয়ার নাগরিক আটক দিল্লিতে

0

নিজামুদ্দিন মসজিদে তাবলিগ জামাতে যাওয়া আট মালয়েশিয়ার নাগরিককে আটক করল দিল্লি বিমানবন্দর। গত মাসেই দিল্লির নিজামুদ্দিনে এই সমাবেশে এসেছিলেন তারা। রবিবার ভারত থেকে বিশেষ বিমানে করে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা যায়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা বিবৃতি অনুসারে, কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের নেপথ্যে রয়েছে ৩৩ শতাংশ জামাত-যোগ। প্রসঙ্গত, মার্চের প্রথম সপ্তাহ থেকে শত শত কর্মীরা দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজামুদ্দিন সদর দপ্তরে একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য জড়ো হয়েছিল। কিন্তু করোনা সংক্রমণ বাড়তে থাকায় সেই জমায়েতকে নিষিদ্ধ ঘোষণা করে মোইদ সরকার। দু’হাজারের বেশি অংশগ্রহণকারীরা ছিলেন বিদেশি।

সমাবেশের মাঝে প্রায় ৮০০ জন বিদেশি ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। রিপোর্ট অনুযায়ী, ৩০৭২টি করোনা পজিটিভ কেসের মধ্যে ১০২৩ জন ছিলেন ওই সমাবেশের অংশগ্রহণকারী। বৃহস্পতিবার ভিসা বিধি লঙ্ঘনের জন্য তাবলিগ জামাতের সাথে যুক্ত ১,৩২০ বিদেশিকে ব্ল্যাক লিস্টেড করা হয়।

মাত্র ৬ মিনিটের ব্যবধানে স্বামী-স্ত্রীর প্রাণ নিল করোনা!

0

৫১ বছর ধরে একসঙ্গে আছেন তারা। একজনের বয়স ৭০ অন্যজন ৭২। এতদিন পর্যন্ত কোনও জটিল রোগও ছুঁতে পারেনি তাদের। সম্পর্কে খুনসুটি-ঝগড়া ছিল বটে, তবে তার মেয়াদ বেশিদিন নয়। অবশেষে করোনার ছোবলেই প্রাণ হারাতে হলো হাফ-সেঞ্চুরি পেরনো এই রোমান্টিক এই দম্পতির। মাত্র ৬ মিনিটের ব্যবধানেই ওপারে চলে গেলেন স্বামী-স্ত্রী!

কোভিড-১৯ সংক্রমণে মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়েন স্বামী-স্ত্রী দু’জনেই। শেষ পর্যন্ত মারাও গিয়েছেন দু’জনেই। তবে অন্তরের টান বোধহয় একেই বলে, কারণ মাত্র ৬ মিনিটের ব্যবধানে মৃত্যু হয়েছে এই ‘লাভবার্ডস’ দম্পতির। গত ২৯ মার্চ ফ্লোরিডায় মৃত্যু হয়েছে আদ্রিয়ান বেকার এবং তার স্ত্রী স্টুয়ার্টের।

টুইটারে বাবা-মায়ের মৃত্যুর খবর শেয়ার করেছেন এই দম্পতির একমাত্র ছেলে বাডি বেকার। তিনি জানিয়েছেন, অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে গিয়েছিলেন তার মা-বাবা। সাধারণ ওষুধপত্র দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেন ওই ডাক্তার। বলেন হোম কোয়ারেন্টিনে থাকতে। এরপর সপ্তাহ তিনেক কেটে গেলেও শারীরিক অবস্থার উন্নতির বদলে আরও অবনতি হতে থাকে ওই বৃদ্ধা-বৃদ্ধার। লক্ষণ দেখে বিষয়টা ভাল লাগেনি ডাক্তারের। এবার দম্পতিকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন তিনি।

বাডি জানিয়েছেন, ১৯ মার্চ তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়। তীব্র শ্বাসকষ্ট এবং জ্বর ছিল তার। সেসময় আদ্রিয়ানের জ্বর না থাকায় তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হলেও পরে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শও দেওয়া হয় আদ্রিয়ানকে। কিন্তু স্টুয়ার্টের শরীর ক্রমাগত খারাপ হতে থাকে। শরীরে কমতে থাকে অক্সিজেনের মাত্রা। সিভিয়ার অ্যাজমা রোগী ছিলেন তিনি। এরই মধ্যে টেস্টের রিপোর্ট এলে জানা যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্টুয়ার্ট। আদ্রিয়ানের শরীরেও পাওয়া যায় কোভিড-১৯ সংক্রমণের নমুনা।

২৪ মার্চ স্টুয়ার্ট এবং আদ্রিয়ানের কোভিড ১৯ পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তাদের সুস্থ করার সমস্ত চেষ্টাই করেছেন চিকিৎসকরা। তবে কোনও ওষুধেই আর কাজ হয়নি। শেষ পর্যন্ত ২৯ মার্চ মারা যান দুজনেই। মাত্র ৬ মিনিটের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুর ঘটনা দেখে হতবাক চিকিৎসকরাও।

সূত্র- ইন্ডিয়া টুডে।

অবশেষে মৃত্যু কমে আসছে স্পেন-ফ্রান্স-ইতালিতে

0

চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। মারণ থাবা বাসাতে থাকে একের পর এক দেশে। তবে সবচেয়ে ভয়াল থাবা বসায় ইউরোপে। ইতালি, ফ্রান্স ও স্পেনে সবচেয়ে বেশি মানুষ মারা যান করোনায় আক্রান্ত হয়ে। করোনার কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি। তবে লকডাউন আর সামাজিক দূরত্ব মেনে চলে রুখা যায় করোনা।

করোনায় আক্রান্ত হয়ে ১২ হাজার চারশ মানুষ মারা গেছেন স্পেনে। তবে গত কয়েক সপ্তাহ ধরে লকডাউন থাকায় করোনার সংক্রমণ কমেছে। আবার মৃত্যুর সংখ্যাও তৃতীয় দিনের মতো কমেছে স্পেনে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শনিবার বলেছেন, আমরা টানেলের শেষে আলো দেখতে শুরু করছি।

চলা-ফেরায় কড়া নিয়ম চালু থাকায় ইউরোপের আরো দুই দেশ, ফ্রান্স ও ইতালিতেও মৃত্যুর সংখ্যাটি কমে এসেছে। ইতালিতেও মৃত্যুর সংখ্যা কমেছে। শুক্রবার দেশটিতে মারা যান সাতশ ৬৬ জন মানুষ। আর শনিবার মারা যান ছয়শ ৮১ জন মানুষ।

করোনার মারণ থাবায় স্পেনে ১২ হাজার চারশ ১৮ জন মানুষ মারা যান। ইতালিতে মোট মারা গেছেন ১৫ হাজার তিনশ ৬২ জন। আর ফ্রান্সে মারা গেছেন সাত হাজার পাঁচশ ৬০ জন। ধারণা করা হচ্ছে, লকডাউনের কারণেই তিন দেশে কমেছে মৃ্ত্যুর সংখ্যা। তাই কড়াকাড়ি বিধি-নিষেধ আরো বাড়ানো হতে পারে বলে জানিয়েছে দেশ তিনটির কর্তৃপক্ষ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ১৬ এপ্রিল পর্যন্ত লকডাউন আরো বাড়ানো চিন্তা করছেন।

এদিকে, করোনা ঠেকাতে কড়া বিধি-নিষেধ আরো কড়া হয়েছে ইতালিতে। তাই করোনার সংক্রমণ কমে এসেছে। বিজ্ঞানীরা আশা করছেন, মহামারির তীব্র পর্যায়টি এপ্রিলের মাঝামাঝি নাগাদ শেষ হয়ে যাবে।

ইতালির ট্রেন্তিনো-দক্ষিণ টাইরোলের উত্তরাঞ্চলটিতে এপ্রিল ৬ তারিখে জরুরি অবস্থা শেষ হবে। বেসিলিকাটা, লিগুরিয়া ও আম্বরিয়ার মধ্য অঞ্চলগুলোর জরুরি অবস্থা শেষ হবে এপ্রিলের ৭ তারিখে। লাজিও অঞ্চলে করোনা নতুন করে আক্রান্তের সংখ্যা শেষ হবে ১৬ এপ্রিলের মধ্যে। ভেনেটো ও পাইডমন্টের উত্তর অঞ্চলগুলোতে, যেখানে করোনা রোগী প্রথম সনাক্ত হয়; সেখানে ১৪ ও ১৫ এপ্রিলের মধ্যে করোনার প্রাদুর্ভাব শেষ হবে বলে আশা করা হচ্ছে।

ইতালির লম্বার্ডি এবং এর প্রশাসনিক কেন্দ্র মিলানোতে সবচেয়ে ভয়াবহ থাবা বসিয়েছে করোনা। তবে এপ্রিলের ২২ তারিখের মধ্যে করোনার নতুন করে আক্রান্তের সংখ্যা শেষ হবে সেখানে। এমিলিয়া-রোমগনার সংলগ্ন অঞ্চল, যেখানে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী পাওয়া যায়, সেখানে ২৮ এপ্রিলের পর নতুন কোনো করোনা রোগী পাওয়া যাবে না। আর মে মাসের ৫ তারিখে করোনা মুক্ত হবে ইতালির তস্ক্যানা নামক অঞ্চল।

দেশটির একটি ইনস্টিটিউটটি মহামারি সংক্রান্ত সব ধরনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি অ্যালগরিদমের ওপর ভিত্তি করে এই পূর্বাভাস দিয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা, হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা, সুস্থ ও মারা যাওয়ার সংখ্যা বিবেচনা করে তারা এই ধরনের পূর্বাভাস দিয়েছে।

তবে ইতালির কোনো বাসিন্দা যদি বাড়ির বাইরে বের হন; তাহলে ফেসমাস্ক পরে বাড়ির বাইরে যেতে হয়। কোনো বাজারে যেতে হলেও নিরাপত্তার কথা ভেবে মাস্ক পরে যেতে বলা হয়েছে দেশটির পক্ষ থেকে। তবে দেশটিতে এখনো লকডাউন রয়েছে। জরুরি কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারে না

ফ্রান্সেও করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে। শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ২৩ হাজার ৬০ জন। আর শনিবার দেশটিতে করোনায় আক্রান্ত হলেন সাত হাজার সাতশ ৮৮ জন। মৃতের সংখ্যাও কমেছে। শুক্রবার দেশটিতে এক হাজার একশ ২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। আর শনিবার মারা যান এক হাজার ৫৩ জন। ফ্রান্সের কেন্দ্রীয় কর্তৃপক্ষ জীবন বাঁচানোর জন্য অসাধারণ উদ্যোগ গ্রহণ করেছে। আর কয়েক সপ্তাহ ধরে লকডাউনে রয়েছে দেশটি।

সূত্র: স্কাই নিউজ, ওয়ার্ল্ডোমিটার।