Home Blog Page 3041

৫ প্যাকেজে ৭৩ হাজার কোটি টাকা দেবে সরকার : প্রধানমন্ত্রী

0

করোনাভাইরাসের প্রভাব থেকে অর্থনীতিকে বাঁচাতে মোট পাঁচটি প্যাকেজে প্রায় ৭৩ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে এসব কর্মপরিকল্পনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। কর্মপরিকল্পনার আর্থিক সহায়তা প্যাকেজের আওতায় এ টাকা দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। নতুন ৪টিসহ মোট ৫টি প্যাকেজে আর্থিক সহায়তার পরিমাণ হবে ৭২ হাজার ৭৫০ কোটি টাকা যা জিডিপি’র প্রায় ২.৫২ শতাংশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্যাকেজসমূহ দ্রুত বাস্তবায়িত হলে আমাদের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে এবং আমরা কাক্সিক্ষত অর্থনৈতিক প্রবৃদ্ধির কাছাকাছি পৌঁছতে পারবো, ইনশাআল্লাহ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সম্ভাব্য এই বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক সংকট হতে উত্তরণের জন্য রপ্তানি খাতের পাশাপাশি দেশীয় পণ্যের প্রতি আমাদের বিশেষ নজর দিতে হবে। এক্ষেত্রে আমি সকলকে দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির জন্য আহ্বান জানাচ্ছি।’

সকল প্রতিকূলতা মোকাবেলা বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে সক্ষম মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষের রয়েছে আশ্চর্য এক সহনশীল ক্ষমতা এবং ঘাত-প্রতিঘাত সহ্য করে দ্রুত ঘুরে দাঁড়ানোর সক্ষমতা। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে যে জাতি মাত্র ৯ মাসে স্বাধীনতা ছিনিয়ে এনেছে – সে জাতিকে কোন কিছুই দাবিয়ে রাখতে পারবে না।’

প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তা প্যাকেজগুলো হলো-

প্যাকেজ-১: ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানগুলোর জন্য ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা দেওয়া, ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্পসুদে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার লক্ষ্যে ৩০ হাজার কোটি টাকার একটি ঋণ সুবিধা প্রণয়ন করা হবে। ব্যাংক-ক্লায়েন্ট রিলেশনসের ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শিল্প/ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব তহবিল হতে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ দেওয়া।

এ ঋণ সুবিধার সুদের হার হবে ৯ শতাংশ। প্রদত্ত ঋণের সুদের অর্ধেক অর্থাৎ ৪ দশমিক ৫০ শতাংশ ঋণ গ্রহিতা শিল্প/ব্যবসা প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট ৪ দশমিক ৫০ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংককে দেবে।

প্যাকেজ-২: ক্ষুদ্র (কুটির শিল্পসহ) ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদান: ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্পসুদে ওয়ার্কিং ক্যাপিটাল প্রদানের লক্ষ্যে ২০ হাজার কোটি টাকার একটি ঋণ সুবিধা প্রণয়ন করা হবে। ব্যাংক-ক্লায়েন্ট রিলেশনসের ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংকসমূহ সংশ্লিষ্ট ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব তহবিল হতে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ দেবে।

এ ঋণ সুবিধার সুদের হারও হবে ৯ শতাংশ। ঋণের ৪ শতাংশ সুদ ঋণ গ্রহিতা শিল্প প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসাবে সংশ্লিষ্ট ব্যাংককে দেবে।

প্যাকেজ-৩: বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত এক্সপোর্ট ডেভলপমেন্ট ফান্ডের (ইডিএফ) সুবিধা বাড়ানো: ব্লক টু ব্লক এলসির আওতায় কাঁচামাল আমদানি সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ইডিএফের বর্তমান আকার ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার হতে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে। ফলে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের সমপরিমাণ অতিরিক্ত ১২ হাজার ৭৫০ কোটি টাকা ইডিএফ তহবিলে যুক্ত হবে। ইডিএফ-এর বর্তমান সুদের হার LIBOR + ১.৫ শতাংশ (যা প্রকৃত পক্ষে ২.৭৩%) হতে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হবে।

প্যাকেজ-৪: প্রি-শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্স স্কিম (Pre-shipment Credit Refinance Scheme) নামে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকার একটি নতুন ঋণ সুবিধা চালু করবে। এ ঋণ সুবিধার সুদের হার হবে ৭ শতাংশ।

প্যাকেজ-৫: আগেই রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রমিক-কর্মচারীদের বেতন/ভাতা পরিশোধ করার জন্য ৫ হাজার কোটি টাকার একটি আপৎকালীন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ৪ কার্যক্রম ঘোষণা

0

করোনাভাইরাস প্রাদুর্ভাবের সম্ভাব্য বিরূপ প্রভাব উত্তরণে ৪টি কার্যক্রম নিয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আওতায় তাৎক্ষণিক, স্বল্প এবং দীর্ঘ-মেয়াদী এ তিন পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে ৪টি কার্যক্রম নিয়ে এ কর্মপরিকল্পনা নিয়েছে সরকার।

আজ রবিবার সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মপরিকল্পনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ঘোষিত ৪টি কার্যক্রম-

১. সরকারি ব্যয় বৃদ্ধি করা: সরকরি ব্যয়ের ক্ষেত্রে ‘কর্মসৃজনকে’মূলত প্রাধান্য দেওয়া হবে। বিদেশ ভ্রমণ এবং বিলাসী ব্যয় নিরুৎসাহিত করা হবে। আমাদের ঋণের স্থিতি-জিডিপি’র অনুপাত অত্যন্ত কম (৩৪ শতাংশ) বিধায় অধিকতর সরকারি ব্যয় সামষ্টিক অর্থনীতির ওপর কোনো চাপ সৃষ্টি করবে না।

২. আর্থিক সহায়তার প্যাকেজ: ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ঋণ সুবিধা প্রবর্তন করা হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, শ্রমিক-কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুন্ন রাখাই হলো আর্থিক সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য।

৩. সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি: দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগণ, দিনমজুর এবং অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত জনসাধারণের মৌলিক চাহিদা পূরণে বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বাড়ানো।

প্রধানমন্ত্রী বলেন, এর মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো- বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ, ১০ টাকা কেজি দরে চাউল বিক্রয়, লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠির মাঝে নগদ অর্থ বিতরণ, ‘বয়স্ক ভাতা’এবং ‘বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের জন্য ভাতা’ কর্মসূচির আওতা সর্বাধিক দারিদ্র্যপ্রবণ ১০০টি উপজেলায় শতভাগে উন্নীত করা এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত অন্যতম কার্যক্রম গৃহহীন মানুষদের জন্য গৃহ নির্মাণ কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা ইত্যাদি।

৪. মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা: অর্থনীতির বিরূপ প্রভাব উত্তরণে মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সিআরআর এবং রেপোর হার কমিয়ে মুদ্রা সরবরাহ বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করেছে, যা আগামীতেও প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে। তবে এ ক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকবে যেন মুদ্রা সরবরাহজনিত কারণে মুদ্রাস্ফীতি না ঘটে।

এবারের সংবাদ সম্মেলনে অন্যবারের মতো সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব থাকছে না।

সংবাদ সম্মেলনটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও সরাসরি সম্প্রচার করছে।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

0

করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে দেশের অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় সংবাদ সম্মেলন শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

গণভবন সূত্রে জানা গেছে, আজ রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়েছে। এবারের সংবাদ সম্মেলনে অন্যবারের মতো সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব থাকছে না।

সংবাদ সম্মেলনটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও সরাসরি সম্প্রচার করছে।

শবেবরাতের নামাজ বাড়িতে পড়ার আহ্বান

0

আগামী ৯ এপ্রিল পবিত্র শবেবরাতের রাতে মসজিদের পরিবর্তে নিজ নিজ বাসা-বাড়িতে নামাজ আদায়সহ দোয়া করতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট সংকটের প্রেক্ষাপটে গতকাল শনিবার (৪ এপ্রিল) প্রতিষ্ঠানটির মহাপরিচালক আনিস মাহমুদ এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সব সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে। জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সব ধরনের জনসমাগমে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও মসজিদে জুমা ও পাঁচ ওয়াক্তের ফরজ নামাজে মুসল্লিদের অংশগ্রহণ সীমিত রাখার আহ্বান জানানো হয়েছে। এই সংকটকালীন পরিস্থিতিতে মুসল্লিদের নিজ নিজ বাসস্থানে পবিত্র শবেবরাতের ইবাদত করতে আহ্বান জানানো হচ্ছে।

নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্য এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ঘোষিত স্বাস্থ্যবিধি অনুযায়ী এ আহ্বান জানানো হলো বলে বিবৃতিতে বলা হয়েছে।

নিয়ম অগ্রাহ্য করলে করোনা প্রতিরোধ কঠিন হবে : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বারবার অনুরোধ করার পরও মানুষ জনসমাগম পরিহার করতে চাচ্ছে না। জুমার নামাজে মসজিদ ঘর ভর্তি হয়েও রাস্তা পর্যন্ত লোক দাঁড়িয়ে যাচ্ছেন। এ মুহূর্তে এটি খুবই অনাকাঙ্ক্ষিত ব্যাপার। সৌদি আরব, কুয়েত, ইরানের মতো মুসলিম দেশ যেখানে এই সময়ে মসজিদে গিয়ে নামাজে নিষেধাজ্ঞা জারি করেছে, সেখানে আমাদের দেশে এটি কোনভাবেই মানছে না। এভাবে নিয়ম অগ্রাহ্য করলে করোনা ভাইরাস প্রতিরোধ করা কঠিন হয়ে যাবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন শেষে একথা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব বেসরকারি হাসপাতালে কর্তৃপক্ষ তালা ঝুলিয়ে রাখছে, তাদের লাইসেন্স দেওয়ার শর্ত বিবেচনা করবে সরকার। বেসরকারি হাসপাতালগুলো যেন করোনার চিকিৎসা করে এটা আমরা চাচ্ছি। যারা হাসপাতালে তালা মেরে রাখবে তাদের তালিকা করা হচ্ছে।

পরিদর্শনকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক, বাংলাদেশ মেডিসিন সোসাইটির সাধারণ সম্পাদক আহমেদুল কবীরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লকডাউনে থাকা ভাসান চরে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

0

দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলার অংশ হিসেবে ভাসান চরে নৌবাহিনীর কন্টিনজেন্ট আজ শনিবার নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় দরিদ্র জেলে, রাখাল ও শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

আইএসপিআর জানায়, করোনার প্রকোপ থেকে ভসান চরকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে গত ২৪ মার্চ থেকে ভাসান চরকে লকডাউন করা হয়। এ চরের অভ্যন্তরীণ সুরক্ষা বজায় রাখার জন্য নৌবাহিনীর সদস্যরা প্রকল্পের কাজে নিয়োজিত প্রকৌশলী, শ্রমজীবী মানুষ এবং স্থানীয় জেলে ও রাখালদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলার প্রয়োজনীয় পরামর্শ এবং যথাসম্ভব জনসমাগম পরিহার করে সকলের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা দেয়।

এ ছাড়া নৌবাহিনীর পক্ষ থেকে ভাসান চরে অবস্থানরত সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

চট্টগ্রামে চিকিৎসক, পুলিশসহ ১৯ জন হোম কোয়ারেন্টিনে

0

করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত এক রোগীর প্রাথমিক চিকিৎসাসেবার সঙ্গে নিয়োজিত থাকা নগরের একটি বেসরকারি হাসপাতালে তিন চিকিৎসকসহ ১৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গত শুক্রবার রাতে নগরের দামপাড়া এলাকার ৬৭ বছর বয়সী ওই ব্যক্তির করোনাভাইরাস শনাক্তের পর তাঁদের কোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।

এছাড়া শনাক্তের আগে ওই ব্যক্তির বাসায় খোঁজ-খবর নিতে যাওয়া এক পুলিশ কর্মকর্তাকেও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সবমিলে চট্টগ্রামে প্রথমবারের মতো এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্তের পর শনিবার পর্যন্ত ১৯ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ ও পুলিশ সূত্র জানান।

নগরের মেহেদিবাগ সড়কের বেসরকারি ন্যাশনাল হাসপাতালের এসব চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও ওয়ার্ডবয়দের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।

জানতে চাইলে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর গতকাল শনিবার দুপুরে কালের কন্ঠকে বলেন, নগরের বেসরকারি ন্যাশনাল হাসপাতালের তিন চিকিৎসক, তিন নার্সসহ হাসপাতালের বিভিন্ন পদে কর্তরত ১৮ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বেসরকারি ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ কালের কন্ঠকে বলেন, গত ১ এপ্রিল বিকেলে আমাদের হাসপাতালের পাশ্ববর্তী (দামপাড়া এলাকা) এক বাসিন্দা (পুরুষ) সর্দি, কাশি ও নিউমোনিয়া নিয়ে আসেন জরুরী বিভাগে। আমরা উপসর্গ দেখে সন্দেহ করলেও রোগী করোনার বিষয়টি এড়িয়ে যান। তাঁরা (রোগীর পরিবার) এসময় এক চিকিৎসককে দেখানোর কথা বলে কেবিনে ভর্তি হন। ওই দিন বিকালে এ চিকিৎসক কেবিনে দেখতে আসেন। চিকিৎসক এসে একটু দূর থেকে তাঁকে (রোগী) দেখেন এবং কথা বলে করোনাভাইরাসের উপসর্গ নিশ্চিত হন। এসময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে (করোনাভাইরাসের চিকিৎসালয়) যেতে বলেন। পরে শুনেছি ওই রোগী অপর একটি বেসরকারি হাসপাতাল হয়ে পরে জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষার পর শুক্রবার রাতে ওই রোগীর করোনাভাইরাস শনাক্তের বিষয়টি জানাজানি হয়।

তিনি আরও বলেন, ৬৭ বছর বয়সী ওই রোগীর করোনাভাইরাস শনাক্তের পর আমাদের এখানে থাকাকালীন (ন্যাশনাল হাসপাতাল) তাঁর আশেপাশে যারা ছিলেন তাদের সবাইকে (১৮ জন) হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। তবে ওই সময় আমাদের এখানে তাঁর আশেপাশে যারা গিয়েছিলেন (চিকিৎসাসেবায়) তাঁদের সবার গাউন, মাস্কসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী ছিল। আমাদের এখানে ২/৩ ঘন্টা ছিল।

নগরের চকবাজার থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, ওই পরিবারে (করোনাভাইরাস আক্রান্ত) সৌদিআরব ফেরত সদস্যের উপস্থিতির কথা জানার পর গত বৃহস্পতিবার থানার একজন উপ-পরিদর্শককে সেখানে পাঠানো হয়েছিল। আক্রান্ত ব্যক্তির জামাতা সৌদিআরব প্রবাসী। মেয়ে ও তার শাশুড়ি ওমরা হজ্ব পালন শেষে গত ১২ মার্চ চট্টগ্রাম শাহআমানত বিমানবন্দর দিয়ে বাবার (ওই ব্যক্তি) বাসায় তারা আসেন। সেখান থেকে শাশুরি তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া চলে যান। আমাদের উপ-পরিদর্শককে ওই ব্যক্তির পরিবার কোনো সহযোগিতা করেনি। জেনারেল হাসপাতালে ভর্তির পর ওই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তার বাসায় তদন্তে যাওয়া আমাদের এক উপ-পরিদর্শককেও হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীর গত শুক্রবার করোনাভাইরাস শনাক্তের পর থেকে আক্রান্ত ওই ব্যক্তি যেখানে থাকতেন সেই ভবনসহ আশেপাশের আরও কয়েকটি ভবন এদিন রাত থেকে লকডাউন করেছে প্রশাসন। একই সঙ্গে সাতকানিয়ার বাড়িও লকডাউন করা হয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম নগরে ছয় বাড়ি লকডাউন

0

চট্টগ্রাম নগরে প্রথম করোনাভাইরাস আক্রান্ত এক ব্যক্তি শনাক্তের পর ৬টি ভবন লকডাউন করা হয়েছে। গত শুক্রবার রাত থেকে দামপাড়া এক নম্বর গলির এসব ভবন লকডাউন করা হয়। এসব ভবনে বসবাসকারী ২০টি পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। এছাড়া ওই গলির প্রবেশমুখে শনিবার থেকে পুলিশ প্রহরা আরও বাড়ানো হয়েছে। সেখানে লোকজনের যাতায়াত সীমিত করা হয়েছে।

এদিকে নগরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত ৬৭ বছর বয়সী ওই ব্যক্তির স্বজনদের মধ্যে কয়েকজনের বাসা-বাড়িও লকডাউন করা হয়েছে। এরমধ্যে নগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এবং জেলার সাতকানিয়া উপজেলায় একাধিক বাসা-বাড়ি রয়েছে।

নগরের বাগমনিরাম ওয়ার্ডের আওতাধীন দামপাড়া ১ নম্বর গলি। ওই গলির একটি অংশে ওই ৬টি বাড়ি লকডাউনের পর আশপাশের মানুষের মাঝেও একধরনের আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানান। সেখানে অতি প্রয়োজন না হলে কেউ বাসা-বাড়ি থেকে বের হচ্ছেন না।

ওই ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন গতকাল শনিবার বিকালে কালের কণ্ঠকে বলেন, যে ব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন তাঁর নিজস্ব দ্বিতল একটি বাড়ি রয়েছে। ওই ব্যক্তি বাড়ির দ্বিতলায় থাকতেন। একই কম্পাউন্ডে তার ভাইয়ের একটি একতলা বাড়ি রয়েছে। ওই দুইটিসহ আশপাশের আরও চারটি ভবন লকডাউন করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে লকডাউনকৃত এসব ভবনে থাকা লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমি দুপুরে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য খাবার দিয়ে আসছি।

তিনি আরও বলেন, লকডাউনের আগে প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা আসেন। ওই এলাকায় যাতায়াতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

করোনায় মসজিদে নামাজ পড়া ইসলামি শরীয়তের লঙ্ঘন

0

মহামারির প্রাদুর্ভাবের সময়ে মসজিদে জামাতে নামাজ আদায় করা ইসলামি শরীয়তের নির্দেশনা লঙ্ঘন বলে মত দিয়েছেন মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফতোয়া বোর্ড। করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাওয়ায় গুরুত্বপূর্ণ এ ফতোয়াটি জারি করা হয়েছে। এর আগে করোনার প্রাদুর্ভাবে মসজিদে নামাজের জামাত ও জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ রাখা যাবে বলে মত দিয়েছিলেন তারা।

শুক্রবার আল-আজহারের সিনিয়র ধর্মীয় স্কলার কাউন্সিল একমত পোষণ করেছেন যে, এমনকি নামাজের উদ্দেশ্যেও মহামারির প্রাদুর্ভাবের সময় যে কোন সমাবেশ অনুষ্ঠিত হলে সেটা ইসলামি শরিয়াহ আইনের লঙ্ঘন হবে।

এটি কোভিড-১৯ সম্পর্কিত তাঁদের দ্বিতীয় ফতোয়া। ফতোয়াটি তারা আরবী ভাষায় লেখা একটা বিবৃতির মাধ্যমে তাদের ফেসবুক পেজে পোস্ট করেছে।

বিবৃতি অনুসারে, কাউন্সিল সম্মত হয়েছে যে মহামারির সময়ে জনসাধারণের নামাজসহ যে কোনও প্রকার ধর্মিয় সমাবেশ শরিয়াহ আইনের লঙ্ঘন। কারণ এতে শারীরিক যোগাযোগের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে যেতে পারে। এসময় নামাজ বাড়িতে পড়াই সবচেয়ে উত্তম পন্থা।

আল-আজহারের গ্র্যান্ড ইমাম শেখ আহমদ আল-তায়েবের নেতৃত্বে পাঁচ সদস্যের কাউন্সিলের কোভিড-১৯ সম্পর্কিত এটা দ্বিতীয় ফতোয়া জারি।

এসময়ে অনুমান নির্ভর তথ্য এবং গুজব ছড়িয়ে দেওয়ার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞার কথা বলেছে কাউন্সিল। মহামারি চলাকালীন জনসাধারণকে রক্ষার জন্য মসজিদ বন্ধ করা সহ সরকারের নির্দেশনা মেনে চলা ধর্মীয় দায়িত্ব বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া মহামারি ও বিপর্যয়ের সময়ে পণ্য সামগ্রির একচেটিয়া ব্যবসা ও মূল্যবৃদ্ধি করা ধর্মীয় আইনের চূড়ান্ত লঙ্ঘন বলে মন দিয়েছে কাউন্সিল।

এছাড়া এমন দুর্যোগের সময়ে করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ মানুষকে তাদের যাকাতের প্রাপ্য অগ্রিম দিয়ে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

আল-আজহারের জারি করা ফতোয়ায় বলা হয়, করোনাভাইরাস গোটা পৃথিবীতে খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। পর্যুদস্ত করে দিচ্ছে প্রতিটি দেশকে। অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে এই ভাইরাসে। আক্রান্তের সংখ্যাও কম নয়।

ইসলামী আইনের অন্যতম একটি উদ্দেশ্য হল, মানুষের জীবন বাঁচানো এবং যাবতীয় বিপদাপদ থেকে সবাইকে রক্ষা করা। এই বৃহৎ লক্ষকে সামনে রেখেই প্রতিটি মুসলিম দেশের রাষ্ট্রীয় কর্মকর্তাদের মসজিদে সম্মিলিত নামাজ আদায় এবং জুমার নামাজের ব্যাপারে বিধিনিষেধ আরোপের অনুমতি রয়েছে। ফতোয়ায় আরও বলা হয়, মানবজীবন সুরক্ষার জন্য এই মুহূর্তে সবধরনের সভা- সমাবেশ ও দোয়া অনুষ্ঠান নিষিদ্ধ করা উচিত।

সূত্র-ব্যানারমা।

বিশ্বে খাদ্য সরবরাহ বিপর্যস্ত, গরু খাচ্ছে মানুষের খাবার

0

ভারতের মহারাষ্ট্রের সাতারা জেলা। কৃষকরা তাদের ষাঁড়কে বাঁধাকপি খাওয়াচ্ছেন, কেউবা গরুকে খাওয়াচ্ছেন স্ট্রবেরি। এটি সাধারণত পশুর খাবার নয়, মানুষই খেয়ে থাকে। কিন্তু সেই খাবার কেন গরুকে খাওয়ানো হচ্ছে? কৃষকদের উত্তর- নষ্ট করে ফেলার চেয়ে গরুকে খাওয়ানো উত্তম নয় কি? আর অন্য কৃষকরা তাই করছে, ট্রাকে ট্রাকে তাজা-পঁচা আঙ্গুর ফেলে সার বানানোর চেষ্টা চলছে।

কৃষক অনিল সালুনখি বলেন, ‘এখানে পর্যটকরা স্ট্রবেরি খেত, এখন তারা নেই বিক্রি করতে পারছি না। আবার বাড়ি থেকে বের হওয়া নিষিদ্ধ হওয়ায় দূরে কোথাও যেতেও পারছি না। ফলে গরুকে খাওয়ানো ছাড়া আর কি করতে পারি।’ আরেক কৃষক প্রভাকর বলেন, ‘ষাঁড়কে বাঁধাকপি খাওয়াচ্ছি কারন হোটেল-রেস্টুরেন্টে এগুলো সরবরাহ করতাম, এখন বন্ধ।’

করোনাভাইরাস প্রতিরোধে ভারতজুড়ে ২১ দিনের দীর্ঘ লকডাউন চলছে। ফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল আর ভোক্তাদের কাছে পৌঁছাতে পারছে না। শুধু ভারত নয়, এমন পরিস্থিতি বিশ্বজুড়ে। এতে মানুষ যেমন চলাচল করতে পারছে না, তেমনি পরিবহন ব্যবস্থাও অনেকটা বন্ধ। ফলে খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা দুটোই বিপর্যস্ত। বাজার সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এর কারণে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দেওয়ার পাশাপাশি পণ্যের দাম বেড়ে যাবে।

বিশ্বে লাখ লাখ কৃষক ফসল ফলাতে পারছে না, সামান্য কিছু পরিবহন খাদ্য সরবরাহ করছে। এছাড়া বিমান ও জাহাজ দুই পরিবহন ব্যবস্থাই অচল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মাঠেই নষ্ট হচ্ছে তরমুজ ও ব্লুবেরি। মেক্সিকোর অভিবাসী শ্রমিক না থাকায় সেগুলো তোলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে ইউরোপে শ্রমিক না পাওয়ায় ফার্মগুলো ফসল আবাদ করতে পারছে না। বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাস বহুমুখী আঘাত হেনেছে। খাদ্য উৎপাদন, সরবরাহ ব্যবস্থা থেকে শুরু করে পুরো অর্থনীতিকে গলাটিপে ধরেছে।

অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের মধ্যে চাল ও গম কিছুটা সরবরাহ করা গেলেও এগুলোর নতুন আবাদ সম্ভব হচ্ছে না, শ্রমিক সংকট ও অন্যান্য লজিস্টিকস সহায়তা না থাকায়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সিনিয়র অর্থনীতিবিদ আব্দুল রেজা আব্বাসি বলেন, ‘ফসল আবাদ বিপর্যস্ত হওয়ায় বিপুল জনসংখ্যার দরিদ্র দেশগুলোই এতে বেশি ক্ষতিগ্রস্থ হবে।’

অন্তারিওভিত্তিক অরবিট ব্রোকার্স এর প্রেসিডেন্ট ক্যা কেসটেলিনো বলেন, ‘এক দেশ থেকে সরবরাহ করতে পারছে না, তাতে আরেক দেশে খাদ্য ঘাটতি তৈরী হচ্ছে। যেমন কানাডায় বিপুল ভারতীয় শাকসবজি আসে। কিন্তু বিমান পরিবহন প্রায় বন্ধ হয়ে পড়ায় শাকসবজি আমদানি ৮০ শতাংশ কমে গেছে। এর মানে এক দেশে খাদ্যের অপচয় হবে অন্য দেশ পাবে না। যা বিশ্বে বড় ধরণের খাদ্য সংকট তৈরী করবে।’

শ্রমিক সংকট, পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত ও মানুষের চলাচল বন্ধ থাকায় ফসল উৎপাদন ও সরবরাহ নিয়ে বিপাকে স্পেন, ইতালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিশ্বের বহুদেশ। আব্বসি বলেন, ‘এ এক ভয়াবহ পরিস্থিতি, আপনি ফসল ফলাবেন, শ্রমিক নেই, বাজারে পণ্য নেবেন, ট্রাক নেই। আবার আরেকজনের হাতে টাকাও নেই যে খাদ্য কিনবে।’

সূত্র: রয়টার্স