Home Blog Page 3042

স্পেনে কমছে মৃত ও আক্রান্তের সংখ্যা; লকডাউনের সুফল?

0

করোনা ভয়াল থাবা বসিয়েছে স্পেনে। প্রতিদিনই দেশটিতে শত শত মানুষ আক্রান্ত হচ্ছেন। এই মারণ রোগে আক্রান্ত হয়ে মারাও যাচ্ছেন শত শত মানুষ। তবে আশার কথা হচ্ছে, দেশটিতে কমছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনায় আক্রান্ত হয়ে মারা যান পাঁচশ ৪৬ জন মানুষ। কিন্তু গতকাল (৩ এপ্রিল) মারা যান আটশ ৫০ জন। আর বৃহস্পতিবার (২ এপ্রিল) মারা যান নয়শ ৬১ জন। ওই দিন থেকে শুক্রবারও মৃতের সংখ্যা কমেছে।

করোনায় আক্রান্তের সংখ্যাও প্রতিদিনই কমছে। বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হন সাত হাজার নয়শ ৪৭ জন। আর শুক্রবার আক্রান্ত হন সাত হাজার একশ ৩৪ জন। আজ শনিবারও কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এদিন আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার পাঁচশ ৩৭ জন। মনে করা হচ্ছে, লকডাউনের সুফল পেতে শুরু করেছে স্পেন।

ইতালির পর ইউরোপের এই দেশটিতে করোনা সবচেয়ে ভয়াল থাবা বসিয়েছে। তিন সপ্তাহ ধরে লকডাউনে রয়েছে পুরো দেশটি। তৃতীয় সপ্তাহে এসে কমতে শুরু করেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ চিন্তা করছেন লকডাউন আরো বাড়ানোর কথা।

করোনায় আক্রান্ত ও মৃতের দিক দিয়ে বিশ্বের দুই নম্বরে আছে ইউরোপের দেশ স্পেন। দেশটিতে মোট এক লাখ ২৪ হাজার সাতশ ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার সাতশ ৪৪ জন। চিকিৎসাসেবা নিয়ে সুস্থও হয়েছেন অনেকেই। দেশটির ৩৪ হাজার দু’শ ১৯ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ইঁদুরে আশ্চর্য ফল, কোভিড-১৯ সারাবে ‘সেবোটিরাম’!

0

করোনার ভয়াল আঘাতে মৃত্যুপুরী হয়ে উঠছে বিশ্বের একের পর এক দেশ। এরই মধ্যে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৬১ হাজার। আক্রান্ত প্রায় ১২ লাখ। যেন ভেঙেচুরে তছনছ করে দিচ্ছে পৃথিবী। একে রুখার উপায় অজানা। মহামারির মৃত্যুগ্রাসে অসহায় বন্দি মানুষ। যেন মৃত্যুর অপেক্ষায় বেঁচে থাকা। এর শেষ কোথায়? এমন প্রশ্ন এখন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানীদেরও।

নোভেল করোনাভাইরাস সাধারণ কোন ফ্লু ভাইরাস নয়, জিনের গঠন বদলে প্রতিনিয়ত এই ভাইরাস নিজের চরিত্রই বদলে ফেলছে। সংক্রমণ রোখার ভ্যাকসিন তৈরির প্রক্রিয়াও তাই বিলম্বিত হচ্ছে। আপাতত কিভাবে এটার সংক্রমণ রুখা যায় সেটার সন্ধান করতেই ব্যস্ত ডাক্তাররা। বিভিন্ন রকম ওষুধ দিয়ে ঠেকানোর চেষ্টা চলছে।

কয়েক বছর আগে, যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির ফুসফুস বিশেষজ্ঞ ডা. নাফতলি কামিনস্কি ফুসফুসের ফাইব্রোসিসের জন্য একটি ড্রাগ তৈরি শুরু করেছিলেন, যা এখন কোভিড-১৯-এর নির্দিষ্ট জীবন-হুমকির প্রভাবগুলির বিরুদ্ধে কার্যকর বলে মনে হচ্ছে। সোবেটিরোম নামক ওষুধটি ক্ষতচিহ্নকে নিরাময় করে এবং ফুসফুসে কোষের কার্যকারিতা উন্নত করে।

একটি নতুন গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন যে, সোবেটিরোম তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ সিনড্রোম (এআরডিএস) প্রতিরোধ ও চিকিৎসা করার ক্ষেত্রেও কার্যকর। প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাস ফুসফুসে ফুটো করে দেয়, ফলে তরল বেরিয়ে আসে। আর এ কারণে রোগীদের শ্বাসকষ্ট দেখা দেয়, বিশেষত কোভিড-১৯ আক্রান্ত বয়স্ক রোগীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়।

ডা. নাফতালি কামিনস্কি বলেছিলেন, ‘ইঁদুরের ওপর চালানো পরীক্ষায় সোবেটিরোম কার্যকারিতা অবাক করার মতো ছিল। ইঁদুরগুলির মাঝে আমরা উল্লেখযোগ্য উন্নতি দেখেছি। ওষুধটি এখনও মানুষের এআরডিএসের জন্য পরীক্ষা করা হয়নি। তবে প্রয়োজনীয় তহবিল পেলে দ্রুত এটিকে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে। ইয়েল-নিউ হ্যাভেন হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ২০-৩০ জন রোগী রয়েছে, যে কোন দিন তাদের ওপর পরীক্ষা চালানো হতে পারে।’

রোগীদের শ্বাসকষ্ট, অক্সিজেনের মাত্রা হ্রাস এবং শ্বাস প্রশ্বাসের ব্যর্থতা অনুভব করা শুরু করার আগে কোভিড -১৯ এর একটি” লুকানো সময়কাল থাকে। অভ্যন্তরীণভাবে, শরীরে যা ঘটছে তা ‘সাইটোকাইন ঝড়’ হিসাবে পরিচিত। বিজ্ঞানীরা শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা প্রচুর পরিমাণে বাড়াতে পরামর্শ দিয়েছেন। যা ফুসফুসে প্রতিরোধক কোষ এবং তরল বৃদ্ধি করে কোভিড-১৯ ভাইরাসকে পরাজিত করতে পারে। সোবেটিরোম ফুসফুসের ক্ষত সারিয়ে সেই তরল বৃদ্ধিতে কাজ করে। ফলে রোগী সুস্থ হয়ে ওঠে।

আমরা যদি কোভিড-১৯ এর প্রাথমিক উপসর্গ নিয়ে লুকোচুরি না করি তাহলে সহজেই এই প্রাণঘাতী রোগের হাত থেকে বাঁচতে পারি। প্রাথমিকভাবে সনাক্ত করা সম্ভব হলে ফুসফুসের ক্ষতিড়গ্রস্থ কোষ মেরামত করে করোনা প্রতিরোধ করতে পারি। সেবোটিরোম এরই মধ্যে মানুষের উপর পরীক্ষা করা হয়েছে এবং সম্পূর্ণ নিরাপদ হিসাবে প্রমাণিত হয়েছে।

কামিনস্কির মতে, এটি কোভিড-১৯ চিকিৎসার জন্য ড্রাগ হিসাবে অনুমোদন পেলে অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারবে।

স্বামীর জন্য রাঁধুনী হলেন গৃহবন্দি দীপিকা

0

ভারতে চলা লকডাউনে নিজের নায়িকা পরিচয় পাল্টে হয়ে গেছেন শেফ। নিয়মিত সময় দিচ্ছেন হেঁসেলে। দক্ষিণ মুম্বাইয়ের নিজেদের বাড়িতে স্বামী রণবীর সিংয়ের জন্য একের এক ডিস রান্না করে যাচ্ছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। রণবীরও কম যান না, তিনি ইন্সটাগ্রামে একের পর এক পোস্ট করেছেন বউয়ের রান্নার ভিডিও। এই শুক্রবার রাতেও স্বামীকে খুশি করার জন্য দীপিকা বেছে নিয়েছিলেন ‘থাই কুইজিন’। মেনুতে ছিল থাই স্যালাড, থাই গ্রিন কারি, ভাত, ভেজিটেবল, টম ইয়াম সুপ। না, এখানেই থেমে যাননি দীপিকা। রণবীরের সাহায্য নিয়ে তৈরি করেছেন কেকও। শুধুই কেক? দীপিকা অত্যন্ত যত্ন নিয়ে সেই কেকের ওপর আইস্ক্রিম, হরেক রকমের বাদাম আর তাঁদের প্রিয় ‘নিউটেলা’ ঢেলে শুক্রবার ডিনারের ডেসার্ট-কে দিয়েছেন এক অন্য মাত্রা।
এর আগে ‘বাজিরাও মাস্তানি’ তারকা দীপিকা বলেছিলেন,”রণবীরের সঙ্গে লকডাউন কাটানো সব থেকে সোজা। কেননা দিনে ২০ ঘণ্টার মত ঘুমোয় ও, এই সময়টা যা ইচ্ছে তাই করা যায়।”

করোনামুক্ত হয়ে সাড়ে ৮ কোটি টাকা দানের প্রতিশ্রুতি দিলেন পিঙ্ক

0

দুই সপ্তাহ আগে আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে। আর শুক্রবার ইনস্টাগ্রামে জানালেন করোনাকে পরাস্ত করেছেন। আর সুস্থ হয়েই সাড়ে ৮ কোটি টাকা দান করবেন বলে কথা দিলেন মার্কিন পপ গায়িকা পিঙ্ক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, “দুই সপ্তাহ আগে আমার তিন বছরের ছেলে জেমসন এবং আমার মধ্যে কভিট-১৯ এর লক্ষণগুলো দেখা দিয়েছিলাম। সৌভাগ্যক্রমে, প্রাথমিক পর্যায়েই আমাদের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করতে পেরেছিলেন। আর তাতেই ধরা পড়ে যে আমরা করোনায় আক্রান্ত। এরপর পরিবারসহ একটি বাড়িতে আশ্রয় নেই। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেই। দুই সপ্তাহ ধরে সেসব পালন করায় আজ আমরা করোনামুক্ত।”

করোনা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ না নেওয়ায় মার্কিন সরকারকে একহাত নিয়েছেন ৪০ বছর বয়সী এই পপ তারকা। তিনি আরো বলেন, “আমাদের সরকার হাস্যকর সব পদক্ষেপ নিয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আরো বেশি করে করোনা পরীক্ষার ব্যবস্থা করা দরকার ছিল।এই মারাত্মক অসুখ এবং একই সঙ্গে এটি বাস্তবও বটে। মানুষজনের জানা উচিত এটা তরুণ-বৃদ্ধ, স্বাস্থ্যকর-অস্বাস্থ্যকর, ধনী-দরিদ্রসহ সবাইকে আক্রমণ করতে পারে। আমাদের শিশু, পরিবার, বন্ধু-সবার জন্য করোনা ভাইরাসের পরীক্ষা বিনামূল্য এবং ব্যাপক করার সুযোগ করে দিতে হবে।”
তাঁর দানের সাড়ে ৮ কোটি টাকার অর্ধেক দেওয়া হবে যুক্তরাস্ট্রের ফিলাডেলফিয়ার টেম্পল ইউনিভার্সিটি হাসপাতালের জরুরী তহবিলে আর বাকি অর্ধেক দেওয়া হবে লস অ্যাঞ্জেলেসের মেয়রের জরুরী সংকট তহবিলে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল খেলাধুলা স্থগিত থাকবে : প্রতিমন্ত্রী

0

করোনা ভাইরাসের কারণে সারাবিশ্বের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়নি। এখন প্রশ্ন উঠেছে, আর কতদিন এভাবে খেলা বন্ধ থাকবে? এর জবাব আজ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তিনি বলেছেন, উদ্ভূত পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশের সকল খেলাধুলা আপাতত স্থগিত থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এ সময়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সচেতন থাকতে হবে। জনাসমাগম এড়িয়ে চলতে দেশের জনগণকে সচেতন করতে হবে। যে কোনো পর্যায়ের খেলাধুলাতে জনসমাগম ঘটে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সকল প্রকার খেলাধুলা বন্ধ থাকবে।’

উল্লেখ্য, গত ১৬ মার্চ সচিবালয়ের সভাকক্ষে মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ৩১ শে মার্চ পর্যন্ত সকল প্রকার খেলাধুলা স্থগিতের ঘোষণা দেন। এছাড়াও করোনা মোকাবেলায় ইতিমধ্যে দেশের সকল স্টেডিয়াম বিশেষ করে ইনডোর স্টেডিয়াম ও জিমনেসিয়ামগুলি স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন প্রয়োজনে অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন সেন্টার করতে পারবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

লকডাউন ভঙ্গ : অসুস্থ ছেলেকে দেখতে যাওয়ায় জরিমানা

0

সড়ক দুর্ঘটনায় আহত ছেলেকে দেখতে গিয়ে জরিমানার কবলে পড়েছেন জার্মানি ও বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার জেরোমে বোয়েটেং। গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় সামান্য আহত হন বোয়াটেংয়ের ছেলে। ক্লাবের অনুমতি ছাড়া লকডাউনের মধ্যে মিউনিখ থেকে আরেক শহরে ছেলেকে দেখতে যাওয়ায় বোয়াটেংকে জরিমানা করে তার ক্লাব বায়ার্ন মিউনিখই।

সেখানকার সংবাদমাধ্যম জানিয়েছে, বোয়েটেংয়ের ছেলে মিউনিখের বাইরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। কিন্তু লকডাউনের কঠোর নিয়মকানুন চালু অবস্থায় ছেলে দেখতে গিয়েছেন বোয়েটেং। তাই তাকে জরিমানা করা হয়েছে। দোষ স্বীকার করে বোয়েটেং বলেন, ‘আমি জানি ক্লাবকে না জানিয়ে বের হয়ে আমি ভুল করেছি। তবে ওই সময়ে আমি শুধু ছেলের চিন্তাই করেছি। তার শরীর ভালো ছিল না।’

বায়ার্ন মিউনিখে পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাবের অনুমতি ছাড়াই মিউনিখ শহরের বাইরে গিয়েছিলেন বোয়েটেং। ক্লাবের জারি করা নির্দেশাবলী অমান্য করে অনেক দূরে গিয়েছিলেন তিনি। স্বাস্থ্য বিভাগের পরামর্শে সরকার মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। সেই বিধিনিষেধ অমান্য করায় তাকে জরিমানা করা হয়েছে।’

ফেসবুকে খাবারের ছবি না দিয়ে দরিদ্রদের দিন : সানিয়া মির্জা

0

আধুনিক প্রযুক্তির উপহার সোশ্যাল সাইট মানুষের মনের ভাব প্রকাশ করার বড় মাধ্যম হয়ে উঠেছে। তবে অনেকেই এর সঠিক ব্যবহার জানেন না। কেউ নিজেদের একান্ত কথাও ফেসবুকে প্রকাশ করে দেন। আবার কেউ স্থান-কাল না বুঝেই নিজেদের গল্প শেয়ার করেন। করোনার ভয়ে গৃহবন্দী সাধারণ মানুষ থেকে নামী তারকারাও অনেকে রান্নাবান্না করছেন। সেই রান্নাবান্না করার ও খাবারের ছবি কিংবা ভিডিও পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই বিষয়টি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। সারাবিশ্বে লকডাউনের মাঝে যখন নিম্মবিত্ত-খেটে খাওয়া লোকজন খাদ্যসংকটে পড়েছে, তখন বাসায় রান্না করা খাবারের ছবি দেওয়া তার মতে অযৌক্তিক। সানিয়া বলেছেন, ‘আমরা কবে ক্লান্ত হব? অনেক তো রান্না ও খাবারের ছবি দেওয়া হলো। হাজার হাজার মানুষ খাবারের কষ্টে মারা যাচ্ছে, বিশেষ করে পৃথিবীর এই প্রান্তে। ওরা তো একদিনের খাবার পেলেও নিজেদের ভাগ্যবান মনে করে।’

করোনা মোকাবেলায় ইতিমধ্যেই সোয়া কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছেন পাকিস্তানের ‘বউমা’ সানিয়া। সাধারণ মানুষকে করোনা মোকাবেলায় সচেতন করতে তারকাদের সহায়তা চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিন আগেই মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন টেনিস তারকা সানিয়া, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী ও ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারসহ ভারতের মোট ৪৯ জন শীর্ষস্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব।

ক্রেডিট কার্ডের বিল পরিশোধে বিলম্বে মে পর্যন্ত জরিমানা নয়

0

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের মধ্যে নির্ধারিত তারিখে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করলে তার কাছ থেকে জরিমানা বা বাড়তি চার্জ নিতে পারবে না ব্যাংক। এরইমধ্যে কোনো ব্যাংক চার্জ আরোপ করে থাকলে গ্রাহককে তা ফেরত দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। এ ছাড়া গাড়ি, বাড়ি, ব্যবসাসহ অন্যসব ঋণের মতো ক্রেডিট কার্ডের গ্রাহককেও আগামী মে পর্যন্ত খেলাপি করা যাবে না।

করোনায় ক্রেডিট কার্ড গ্রাহকদের বিশেষ ছাড়

0

করোনাভাইরাসের কারণে ক্রেডিট কার্ড গ্রাহকদের বিশেষ ছাড় দিল বাংলাদেশ ব্যাংক। আগামী ৩১ মে পর্যন্ত ক্রেডিট কার্ডের গ্রাহকদের সব ধরনের জরিমানা মওকুফের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে গত ১৫ মার্চ থেকে যাদের বিল বকেয়া হয়েছে ও এর বিপরীতে জরিমানা আরোপ বা আদায় করা হয়েছে সেটিও ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সার্কুলারে বলা হয়, বিশ্বের অন্যান্য দেশসহ বাংলাদেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগের বিস্তার ও সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। ফলে জনসাধারণের আয়বর্ধনকারী কর্মকাণ্ডের ওপর নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে, করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাথা নিশ্চিতে সাধারণ ছুটি, গণপরিবহন সীমিত রাখতে এবং জনসাধারণকে জরুরি প্রয়োজন ব্যতিত বাইরে যাওয়া থেকে বিরত থাকার জন্য সরকার থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ প্রেক্ষিতে জরুরি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য সীমিত আকারে ব্যাংক চালু রাখা হয়েছে। তাই অনেক ক্ষেত্রেই ক্রেডিট কার্ড গ্রাহকদের পক্ষে প্রদেয় বিল নির্ধারিত সময়ে পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এ প্রেক্ষিতে গ্রাহকদের আর্থিক সামর্থ্য ও চলমান অন্যান্য সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় বিলম্ব ফি বা জরিমানা মওকুফের সিদ্ধান্ত হয়েছে।

এক্ষেত্রে যেসব ক্রেডিট কার্ড গ্রাহকের বকেয়া বিল পরিশোধের শেষ সময় ১৫ মার্চ বা তার পরে, সেসব ক্ষেত্রে বিল নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পারলে কোনো ধরনের বিলম্ব ফি নেওয়া হবে না। আবার এই সময়ের মধ্যে কেউ বিলম্ব ফি প্রদান করলে, তা সংশ্লিষ্ট গ্রাহককে পরবর্তী সময়ে তার বিলের সঙ্গে সমন্বয় করে দিতে হবে। এ নির্দেশনা ১৫ মার্চ থেকে কার্যকর হবে ও ৩১ মে পর্যন্ত বলবৎ থাকবে। এর ফলে যেসব গ্রাহকের গত ১৫ মার্চ থেকে বিল পরিশোধের সময় শুরু হয়েছে, তারা ৩১ মে পর্যন্ত বিনা জরিমানায় বিল দিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ক্রেডিট কার্ডের গ্রাহক দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ৪৪৮ জন।

স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত সাপেক্ষে শিল্প কলকারখানা চালু রাখা যাবে

0

শ্রমিকদের প্রয়োজনীয় স্বাস্থ নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিতকরণ সাপেক্ষে শিল্প করখানা খোলা রাখা যাবে বলে জানিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। সম্প্রতি শিল্প কলকারখানা চালুকরণ প্রসঙ্গে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে সকল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে আন্তর্জাতিক ক্রয়াদেশ রয়েছে। যারা শিল্প কলকারখানা সচল রাখতে আগ্রহী ও করোনাভাইরাস প্রতিরোধে জরুরি অপরিহার্য পণ্য যেমন- পার্সোনাল প্রটেকটিড ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক, হ্যান্ড ওয়াস/স্যানিটাইজার, ওষধপত্র ইত্যাদি উৎপাদনের কার্যক্রম চলমান রয়েছে শ্রমিকদের প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিতকরণ সাপেক্ষে শিল্প কলকারখানা চালু রাখতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং আইইডিসিআর কর্তৃক জারিকৃত স্বাস্থ্য নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে প্রতিপালন সাপেক্ষে মালিকগণ কলকারখানাসমূহ সচল রাখতে পারবেন। তবে কারখানায় প্রবেশের পূর্বে থার্মাল স্ক্যানার ব্যবহারের মাধ্যমে শ্রমিকের দেহের তাপমাত্রা বাধ্যতামূলকভাবে পরীক্ষা করতে হবে। কোন শ্রমিকের দেহে করোনাভাইরাস সংক্রমণের ন্যূনতম উপসর্গ দেখা দিলে তাকে সংগনিরোধের ব্যবস্থা গ্রহণের পাশাপশি চিকিৎসা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা মালিকগণকে গ্রহণ করতে হবে।

গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন ভাতা প্রদানের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনাসহ তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিতকরণে সকলের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে শিল্প কলকারখানা বন্ধের কোন নির্দেশনা ছিল না।