Home Blog Page 3046

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫, মৃত্যুর ঘটনা নেই

0

দেশে গত ২৪ ঘণ্টার মধ্যে ৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। কোনো মৃত্যুর ঘটনা নেই। এ নিয়ে মোট ৬১ জনের সংক্রমণ ধরা পড়ল। আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরেরকরোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়। ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আইইডিসিআর এর করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়েছিল, দেশে নতুন করে আরো দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে গতকাল ব্রিফিং পর্যন্ত মোট ৫৬ জনের সংক্রমণ ধরা পড়ে।

নতুন করে কোনো মৃত্যুর ঘটনা নেই। গতকাল বলা হয়েছিল, যে দুইজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে। আক্রান্ত দুজনই পুরুষ। ১৪১ জনের মধ্যে নমুনা পরীক্ষা করে এ দুজনের শরীরে করোনা শনাক্ত হয়।

বাড়ি ভাড়া মওকুফ, লোন ও বিদ্যুৎ বিল স্থগিতের সিদ্ধান্ত নেয়নি সরকার

0

প্রাণঘাতী করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ দফা নির্দেশনা প্রদান করেছেন। তবে বাড়ি ভাড়া, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল স্থগিতের সিদ্ধান্ত নেয়নি সরকার।

বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত, সকল অফিসে এক মাসের ছুটি সংক্রান্ত যে গুজবটি ফেসবুকে ভাইরাল করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, যারা অপপ্রচার চালাচ্ছেন তা অপরাধের পর্যায়ে পড়ে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গৃহীত পদক্ষেপ নিজেই অথবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল স্থগিতের সিদ্ধান্ত নেয়নি সরকার

0

বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত করা, সব অফিসে এক মাসের ছুটির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার। বিষয়গুলোকে গুজব হিসেবে উল্লেখ করে এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত, সকল অফিসে এক মাসের ছুটি সংক্রান্ত যে গুজবটি ফেসবুকে ভাইরাল করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। যারা অপপ্রচার চালাচ্ছেন তা অপরাধের পর্যায়ে পরে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এতে বলা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গৃহীত পদক্ষেপ নিজেই অথবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাবেন।

করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

0

করোনাভাইরা‌সের কার‌ণে সৃষ্ট পরিস্থিতি থে‌কে উত্তর‌ণের জন্য ৩১ নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী‌ শেখ হাসিনা। এর ম‌ধ্যে কেউ আক্রান্ত হ‌লে তা‌কে লু‌কোচু‌রি না ক‌রে অবশ্যই চি‌কিৎস‌কের কা‌ছে যাওয়ার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন তি‌নি। এছাড়া ব্য‌ক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পি‌পিই) সাধারণ মানুষ‌কে না প‌রে শুধুমাত্র চি‌কিৎসক ও চি‌কিৎসা সং‌শ্লিষ্ট‌দের পরার ব্যাপা‌রে গুরুত্বারোপ ক‌রে‌ছেন তি‌নি।

বৃহস্প‌তিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং‌য়ের ফেসবুক পে‌জে এই নি‌র্দেশনাগু‌লো দেওয়া হ‌য়ে‌ছে। নি‌র্দেশনাগু‌লো হ‌চ্ছে:

১) করোনাভাইরাস সম্পর্কে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ভাইরাস সম্পর্কিত সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

২) লুকোচুরির দরকার নেই, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হন।

৩) পিপিই সাধারণভাবে সকলের পরার দরকার নেই। চিকিৎসা সংশ্লিষ্ট সকলের জন্য পিপিই নিশ্চিত করতে হবে। এই রোগ চিকিৎসায় ব্যবহৃত পিপিই, মাস্কসহ সকল চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা এবং বর্জ্য অপসারণের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।

৪) কোভিড-১৯ রোগের চিকিৎসায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান, পরিচ্ছন্নতাকর্মী, অ্যাম্বুলেন্স চালকসহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অগ্রাধিকার প্রদান করতে হবে।

৫) যারা হোম কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে আছেন, তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে।

৬) নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

৭) নদীবেষ্টিত জেলাসমূহে নৌ-অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে।

৮) অন্যান্য রোগে আক্রান্তদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসাসেবা অব্যাহত রাখতে হবে।

৯) পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হ‌বে। সারাদেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদকে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম আরও জোরদার করতে হবে।

১০) আইন-শৃঙ্খলা বিষয়ে দৃষ্টি দিতে হবে। জাতীয় এ দুর্যোগে স্বাস্থ্যসেবা বিভাগ, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনীসহ সকল সরকারি কর্মকর্তাগণ যথাযথ ও সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন- এ ধারা অব্যাহত রাখতে হবে।

১১) ত্রাণকাজে কোনও ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।

১২) দিনমজুর, শ্রমিক, কৃষক যেন অভুক্ত না থাকে। তাদের সাহায্য করতে হবে। খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠির জন্য অতিরিক্ত তালিকা তৈরি করতে হবে।

১৩) সোশ্যাল সেফটিনেস কার্যক্রম অব্যাহত থাকবে।

১৪) অর্থনৈতিক কর্মকাণ্ড যেন স্থবির না হয়, সে বিষয়ে যথাযথ নজর দিতে হবে।

১৫) খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে, অধিক প্রকার ফসল উৎপাদন করতে হবে। খাদ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার করতে হবে। কোন জমি যেন পতিত না থাকে।

১৬) সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে হবে। যাতে বাজার চালু থাকে।

১৭) সাধারণ কার্যক্রম অব্যাহত থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে।

১৮) জনস্বার্থে বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান বন্ধ রাখতে হবে যাতে জনসমাগম না হয়। ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতে নববর্ষ উদযাপন করতে হবে।

১৯) স্থানীয় জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের সকল স্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। প্রশাসন সকলকে নিয়ে কাজ করবে।

২০) সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সমন্বয় করে ত্রাণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবেন।

২১) জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন ওয়ার্ডভিত্তিক তালিকা প্রণয়ন করে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন।

২২) সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন: কৃষি শ্রমিক, দিনমজুর, রিক্সা/ভ্যান চালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু, স্বামী পরিত্যক্তা/বিধবা নারী এবং হিজড়া সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর রাখাসহ ত্রাণ সহায়তা প্রদান নিশ্চিত করতে হবে।

২৩) প্রবীণ নাগরিক ও শিশুদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২৪) দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি) যথাযথভাবে প্রতিপালনের জন্য সকল সরকারি কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে।

২৫) নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন, সরবরাহ ও নিয়মিত বাজারজাতকরণ প্রক্রিয়া মনিটরিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সং‌শ্লিষ্ট‌দের কাজ করতে হবে।

২৬) আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য ক্রয় করবেন না। খাদ্যশস্যসহ প্রয়োজনীয় সকল পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে।

২৭) কৃষকগণ নিয়মিত চাষাবাদ চালিয়ে যাবেন। এক্ষেত্রে সরকারি প্রণোদনা অব্যাহত থাকবে।

২৮) সকল শিল্প মালিক, ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ে নিজ নিজ শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়ি-ঘর পরিষ্কার রাখবেন।

২৯) শিল্প মালিকগণ শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে উৎপাদন অব্যাহত রাখবেন।

৩০) গণমাধ্যমকর্মীরা জনসচেতনতা সৃষ্টিতে যথাযথ ভূমিকা পালন করে চলেছেন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের গুজব ও অসত্য তথ্য যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

৩১) গুজব রটানো বন্ধ করতে হবে। ডিজিটাল প্লাটফর্মে নানা গুজব রটানো হচ্ছে। গুজবে কান দেবেন না এবং গুজবে বিচলিত হবেন না।

বিশ্ববিদ্যালয়ের ১৩৫০০ শিক্ষককে এগিয়ে আসার আহ্বান

0

করোনাভাইরাস উদ্ভুত পরিস্থিতিতে আর্থিক, সামাজিক, স্বাস্থ্যসেবা উন্নয়নে মানবিক সহযোগিতায় জন্য ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৩৫০০ জন শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। শিক্ষকদের এক কিংবা দুইদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল ও মহাসচিব ড. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারীর রূপ নিয়েছে। ইতোমধ্যে ২০০টি দেশের জনগণ এই ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশও এর বাইরে নেই। এখানেও করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। ইতিমধ্যে কমিউনিটি পর্যায়ে এর প্রসারও ঘটেছে। এই প্রেক্ষাপটে স্বাস্থ্যসংক্রান্ত সতর্কতার অংশ হিসেবে জনসমাগম, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বব্যাপী এই ভাইরাসটি আরো ছড়িয়ে পড়ার আশংকা করছেন অনেকেই। ফলে, স্বাস্থ্যসেবায় অধিক আর্থিক বরাদ্দ যেমন প্রয়োজন হবে, তেমনি বৈশ্বিক অর্থনীতির মন্দার প্রভাবসহ আমাদের আর্থিক ও সামাজিকব্যবস্থা হুমকির মুখে পড়ার বিরুদ্ধেও আমাদের সজাগ থাকতে হবে। বর্তমানে দৈনিক খেটে-খাওয়া হতদরিদ্র শ্রেণি-পেশার মানুষের ওপর এর প্রভাব ইতোমধ্যে পড়তে আরম্ভ করেছে। ভবিষ্যতে এর ফল হবে সুদূরপ্রসারী। সরকার হতদরিদ্র, প্রান্তিকজনগোষ্ঠী ও খেটেখাওয়া মানুষের খাদ্যনিরাপত্তা প্রদানের লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে। অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকেও এগিয়ে আসার সংবাদ পাওয়া যাচ্ছে। সমাজের অগ্রসর মানুষ হিসেবে এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের জন্য আমাদেরও জোরালো ভূমিকা নেয়ার আজ প্রয়োজন দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১ (এক) বা ২ (দুই) দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার জন্য বিনীত আহ্বান জানাই। চারিদিকে যখন আমরা সবাই গৃহাভ্যন্তরে কাল কাটাচ্ছি, এ সময় এই মানবিক সহযোগিতার সঠিক প্রয়োগ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলে প্রদান করাই যুক্তিযুক্ত হবে বলে আমরা মনে করি।

দেশের সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলা হয়, দেশের সকল শ্রেণি-পেশার মানুষ, সক্ষম ও ধনাঢ্য ব্যক্তিবর্গকে সর্বোচ্চ ত্যাগস্বীকার করে মানবিক সহযোগিতায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই। করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে স্বাস্থ্যবিধি তথা সামাজিক দূরত্ব, হোম কোয়ারেন্টাইন, হাঁচি-কাশি-সর্দি সংক্রান্ত শুদ্ধাচার ও পরিস্কার-পরিচ্ছন্নতার নির্ভুল দিকনির্দেশনা স্ব স্ব অবস্থান থেকে সাধারণ জনগোষ্ঠীর নিকট পৌঁছে দেওয়ার জন্য ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৩, ৫০০ জন শিক্ষকের কাছে আমাদের আহ্বান রইল। বৈশ্বিক বিপর্যয়কালে এই মানবিক সহযোগিতা প্রদানের মাধ্যমে আমরা সংবেদনশীলতার সঙ্গে একথাই প্রকাশ করতে চাই, বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে শিক্ষকসমাজ আছে এবং ভবিষ্যতেও থাকবে।

ত্রাণ দেওয়ার আগে পুলিশকে জানানোর অনুরোধ

0

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ছুটি ও অঘোষিত লকডাউনের সময় অসহায় মানুষকে ত্রাণ সহায়তা দিতে হলে আগে পুলিশকে জানানোর অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর। ত্রাণ বিতরণের মাধ্যমে ঝুঁকি ছড়িয়ে পড়া এবং বিশঙ্খলা এড়াতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আজ বৃহস্পতিবার পুলিশ দপ্তরের এক প্রেসনোটের মাধ্যমে এ আহ্বান জানানো হয়।

প্রেসনোটে সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় সেবা ও সাহায্য নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। দাঁড়াচ্ছে সেবাধর্মী অনেক প্রতিষ্ঠানও। খাদ্য ও সেবা বিতরণ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই লোক সমাগমের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং সোশ্যাল ডিসটেন্সিং এর নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না যা বর্তমান প্রেক্ষিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই, যে কোনো প্রকার ত্রাণ ও সেবা বিতরণমূলক কাজের ক্ষেত্রে আগেভাগেই প্রশাসন ও পুলিশকে অবগত করে প্রয়োজনীয় সহযোগিতা নিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।

এবার হজের আশা দেখছেন না বিশ্লেষকেরা,ফিরে আসছে ১৭৯৮!

0

সৌদি আরবে ভয়াবহ আকার ধারণ করছে প্রাণঘাতী করোনাভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৬৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৫ জনে।  মৃত্যু হয়েছে ২১ জনের। লকডাউন করা হয়েছে মক্কা-মদিনাসহ পুরো দেশ। জারি হয়েছে ২৪ ঘণ্টার কারফিউ। এমন পরিস্থিতিতে চলতি বছরের মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় জমায়েত পবিত্র হজ অনুষ্ঠিত হবে কি-না সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সৌদি কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে এবছর হজ বাতিল হতে পারে। ইসলামের ইতিহাসে অবশ্য হজ বাতিলের ঘটনা আগেও ঘটেছে। তবে আধুনিক ইতিহাসে এটা বিরলতম ঘটনা। সর্বশেষ প্রায় ২০০ বছর আগে ১৭৯৮ সালে হজ বাতিল করা হয়েছিল।

সৌদি কর্তৃপক্ষ তীর্থযাত্রীদের জুলাইয়ের শেষ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছে। এ থেকে অনুমান করা হচ্ছে চলতি বছর হজ অনুষ্ঠিত নাও হতে পারে। জুলাই মাসের শেষের দিকে শুরু হওয়ার কথা এ বছরের হজের আনুষ্ঠানিকতা। তবে হজের নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমদের হজে অংশগ্রহণের বিষয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মক্কা ও মদিনা মুসলিম কাছে সবচেয়ে পবিত্র দুটি শহর, যা তীর্থযাত্রার কেন্দ্রবিন্দু। করোনার কারণে দুটি শহরই গত এক মাস ধরে দর্শকদের জন্য বন্ধ রয়েছে। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারির সময়ও এই দুটি শহর বন্ধ করা হয়নি। সৌদি কর্মকর্তারা বিদেশের জন্য দেশের সীমানা সিল করে দিয়েছে এবং আংশিকভাবে হজের আগে এই ভাইরাসটি নির্মূল করার আশায় মক্কা ও মদিনার অভ্যন্তরে চলাচলে ব্যাপক নিষেধাজ্ঞা জারি করেছে।

বুধবার সৌদি আরবের হজ ও ওমরাহর মন্ত্রী মুহাম্মদ সালেহ বিন তাহের বান্তেন রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘সৌদি আরব সমস্ত মুসলিম ও নাগরিকের সুরক্ষার জন্য প্রস্তুত। এ কারণেই আমরা পরিষ্কার ধারণা না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হজের বিষয়ে কোন চুক্তি স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বের সমস্ত মুসলিমদের কাছে এই মূহূর্তে কোনও চুক্তি স্বাক্ষর না করার জন্য অনুরোধ করেছি।’

মন্ত্রী বলেন, ‘হজের প্রস্তুতি নিয়ে এবার তাড়াহুড়ো না করতে মুসলিম দেশগুলোকে অনুরোধ করা হয়েছে। মহামারির গতিপ্রকৃতির ওপর নির্ভর করবে সিদ্ধান্ত। বেশি গুরুত্ব পাবে জনস্বাস্থ্যের বিষয়টি।’

কিংস কলেজ লন্ডনের ওয়ার স্ট্যাডিজ বিভাগের প্রভাষক সিরাজ মাহের বলেছিলেন,’হজ বাতিল হওয়ার সম্ভাবনা নিয়ে সৌদি কর্তৃপক্ষ মুসলিমদের মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত করছে। তারা অতীতকাল থেকে ঐতিহাসিক দৃষ্টান্ত তুলে ধরেতে শুরু করেছে, যেখানে বিপর্যয় ও যুদ্ধ সহ বিভিন্ন কারণে হজকে স্থগিত করতে হয়েছিল। আমি মনে করি এটি মানুষকে আশ্বস্ত করার বিস্তৃত প্রয়াসের একটি অংশ। যদি হজ সত্যিই বাতিল হয় তবে সেটা কোন নজিরবিহীন ঘটনা হবে না।’

ইসলামী বিশ্বাস অনুযায়ী সব মুসলিমই তাদের জীবদ্দশায় একবারে হলেও হজ পালন করতে আগ্রহী। সামর্থ্যবানদের জন্য এটা ফরজ করা হয়েছে। ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের অন্যতম এটি। প্রতিবছর কয়েক লাখ মানুষ হজ পালন করতে মক্কা-মদিনায় জড়ো হয়।

সূত্র- দ্য গার্ডিয়ান।

ইন্দোনেশিয়ায় মৃত্যুর রেকর্ড, ছাড়া পেল ১৮ হাজার কয়েদি

0

দেশজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের গতি থামাতে নানা উদ্যোগ নিচ্ছে ইন্দোনেশিয়া  সরকার। এরই অংশ হিসেবে ১৮ হাজার কারাবন্দিকে মুক্তি দেয়া হয়েছে। দেশটির কারাগারগুলোতে কয়েদির সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ইন্দোনেশিয়ায় চীনের পর এশিয়ার সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে আজ বৃহস্প্রতিবার।

এর আগে সরকারের পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়েছিলো জেলখানাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ এবং কয়েদিরা গাদাগাদি অবস্থায় আছে। এসব কারাবন্দিরা করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে। তাই ৩০ হাজার কয়েদিকে ছেড়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার সংশোধন কেন্দ্রের মুখপাত্র রিকা অপ্রিয়ন্তি বলেন, ‘আমাদের লক্ষ্য ৩০ হাজার কারাবন্দিকে মুক্তি দেয়া। কিন্তু এ সংখ্যা আরো বাড়তে পারে।’ এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি, তবে সরকারের আরেক ঘোষণায় বলা হয়েছিলো, কিশোর অপরাধী এবং যে সব আসামী তাদের হাজতবাসের দুইতৃতীয়াংশ সময় পূর্ণ করেছে তাদের ছেড়ে দেয়া হবে। মুক্তির পর কয়েদিদের সেল্ফ কোয়ারিন্টিনে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

আজ বৃহস্প্রতিবার ইন্দোনেশিয়ায় একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭০ জন। এর মধ্যদিয়ে দেশটি দক্ষিণ কোরিয়াকে অতিক্রম করেছে। চীনের পর এশিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দক্ষিণ কোরিয়ার ছিলো। ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ১ হাজার ৭৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ৭ হাজার ১৯৩ জনের পরীক্ষা করা হয়েছে।

জাতিসংঘের পক্ষ থেকে ঝুঁকিতে থাকা কারাবন্দিদের মুক্তি দেয়ার আহবান জানানো হয়েছিলো। গত সপ্তাহে আফগানিস্তান ঘোষণা করেছে তারা ১০ হাজার কারাবন্দিকে মুক্তি দেবে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

যুক্তরাজ্যে করোনার ভয়াল থাবা, ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৬৯ জনের মৃত্যু

0

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড পাঁচশ ৬৯ জনের মৃত্যু হয়েছে। আর মারণ ভাইরাস করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার দু’শ ৪৪ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার সাতশ ১৮ জনে। আর মোট মৃত্যু হয়েছে দুই হাজার নয়শ ২১ জনের। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একশ ৩৫ জন।

এর আগে একদিনে সবচেয়ে বেশি মারা যান ১ এপ্রিল। পাঁচশ ৬৩ জন মারা যান গতকাল। আর করোনা ভাইরাসে সংক্রমিত হন চার হাজার তিনশ ২৪ জন। গতকালকের চেয়ে দেশটিতে আজ সংক্রমণ কমেছে। কিন্তু প্রাণহানি বৃদ্ধি পেয়েছে।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বরিস জনসনও। রোগ শনাক্ত হওয়ার পর থেকে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। প্রয়োজন হলে আরও কড়া বিধিনিষেধ আরোপ করা হবে বলেও জানান তিনি। কয়েকদিন আগেই করোনাভাইরাস সঙ্কট আরো খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের সব বাড়িতে পাঠানো এক খোলা চিঠিতে এ হুঁশিয়ারি জানান তিনি।

২০১৯ সালে ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো নতুন করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এখন বিশ্বের দুই শতাধিক দেশে তা ছড়িয়েছে। বিশ্বজুড়ে বর্তমানে করোনায় আক্রন্ত মানুষের সংখ্যা নয় লাখ ৫৫ হাজার একশ ৩৬। আর মারা গেছেন ৪৮ হাজার পাঁচশ ৭৬ জন মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ তিন হাজার ১১ জন।

মক্কা-মদিনা লকডাউন, কারফিউ

0

পবিত্র মক্কা ও মদিনা নগরী আজ হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন (২৪ ঘণ্টা ব্যাপী) কারফিউ ও লকডাউনের নির্দেশনা জারি করা হয়েছে। এই দুই নগরী হতে বের হওয়া বা এতে প্রবেশ করা সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে।

সৌদি আরবের গণমাধ্যমে বলা হয়, এসময় এই দুই নগরীতে যার যার বাড়ি হতে বের হওয়া সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। তবে একান্ত জরুরি চিকিৎসা সেবা ও জরুরি খাদ্যদ্রব্য কেনাকাটা ও জরুরি ব্যাংকিং সেবার জন্য যার যার নির্দিষ্ট বসতি এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে (সকাল ছয়টা হতে বিকেল তিনটার মধ্যে) বের হওয়া যাবে। শুধু মাত্র প্রাপ্ত বয়স্করা বের হতে পারবে। বের হতে হলে প্রতি গাড়িতে ড্রাইভারসহ আরেকজন অর্থাৎ মাত্র দুইজন বের হতে পারবে।

শুধুমাত্র গ্রোসারি শপ/ তামউইনাত, ফার্মেসি, ফিলিং স্টেশন ও ব্যাংক ছাড়া সকল প্রকার ব্যবসায়িক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। যত বড় পদধারী ব্যক্তি হোক না কেন কারফিউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জানানো হয়েছে।

একই ভাবে ইতোপূর্বে যাদেরকে কাজের সার্থে কারফিউর আওতার বাইরে রাখা হয়েছিল তারা এসব এলাকায় অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে চলাফেরা করতে পারবে। এই নির্দেশনা জনস্বার্থ বিবেচনায় জারি করা হয়েছে।

এদিকে সৌদিআরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৬৫ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৮৫ জনে। মক্কায় সর্বোচ্চ সংখ্যক ৪৮ জন আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ আরো ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মোট মৃত্যুর সংখ্যা ২১ জন। মৃতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। এদিকে এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে ৩ জন বাংলাদেশির নভেল করোনায় মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় আরো ৬৪ জন মুক্ত হওয়ায় করোনায় আক্রান্ত হয়ে রোগমুক্তির মোট সংখ্যা ৩২৮ জন।