Home Blog Page 3048

শ্রমিকদের বেতন-ভাতার তহবিলে ১ শতাংশ সুদ!

0

রপ্তানিমুখী শিল্প খাতের শ্রমিকদের বেতন-ভাতা দিতে প্রস্তাবিত তহবিলের সুদ নির্ধারণ প্রক্রিয়া আরো শিথিল করার সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২ শতাংশ হারে একবারই সুদ আরোপ করা হবে। অর্থাৎ সরল সুদের ফর্মুলা বাদ দিয়ে ২ শতাংশ ফি হিসেবে একবারে যে সুদ আসবে সেটা ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ ১৮ মাসের কিস্তিতে ভাগ করে আদায় করা হবে। এতে সরল সুদে দুই বছরে যে সুদ আসত, সেটা একবার আরোপের ফলে তা অর্ধেকে নেমে আসবে। উদ্যোক্তাদের চাপ কিছুটা লাঘবে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাস পরিস্থিতিতে ২৫ মার্চ জাতির উদ্দেশে এক ভাষণে রপ্তানিমুখী শিল্প খাতের শ্রমিকদের বেতন-ভাতা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল গঠনের ঘোষণা দেন। সেই তহবিল নিয়ে কয়েক দিন ধরে বিভিন্ন মহলে নানা জল্পনা চলছে। এরই মধ্যে সরকার থেকে জানানো হয়েছে, এই তহবিল থেকে অর্থ পেতে গুনতে হবে ২ শতাংশ সরল সুদ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ২ শতাংশ সরল সুদে ৫০০০ কোটি টাকার ওপর দুই বছরে ২০০ কোটি টাকা সুদ হয়। কিন্তু সেটা ওয়ান টাইম বা একবারই আরোপ করা হলে তা ১০০ কোটিতে নেমে আসবে। তবে যেহেতু এই সুদ-আসল ফেরত দিতে মালিকরা সময় পাবেন দুই বছর, ফলে প্রকৃতপক্ষে সুদের হার হবে ১ শতাংশ। অর্থাৎ ১ শতাংশ সরল সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা। এ তহবিল গঠনের বিষয়ে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতেও ২ শতাংশ সরল সুদ আরোপের প্রস্তাব করা হয়। তবে গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে দেশের অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় করণীয় শীর্ষক আন্ত মন্ত্রণালয় বৈঠকে এ তহবিলের ঋণে ২ শতাংশ সুদ একবারই আরোপের সিদ্ধান্ত হয়েছে, যা সার্ভিস চার্জ হিসেবে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের মালিকদের বাণিজ্যিক ব্যাংকগুলোকে দিতে হবে। আন্ত মন্ত্রণালয়ের ওই বৈঠকে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, বাণিজ্যসচিব ড. জাফর উদ্দীন, তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হকসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজকের মধ্যে এ তহবিল গঠনের সংশোধিত চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। ওই চিঠি আসার পর তহবিল গঠনের কার্যক্রম শুরু করবে বাংলাদেশ ব্যাংক।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘প্রথমে ২ শতাংশ সরল সুদের কথা বলা হয়েছিল। কিন্তু সরল সুদ বললে দুই বছরের জন্য সুদারোপ করতে হবে। তাই বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব ছিল, ২ শতাংশ দিলে এটা একটু বেশি হয়ে যায়। তাই ১ শতাংশ করা যেতে পারে। কিন্তু সেটা এখন আর করা যাবে না, কারণ প্রধানমন্ত্রীর অনুমোদন হয়ে গেছে। তাহলে যেটা ২ শতাংশ ছিল সেটা ওয়ান টাইম ফি হিসেবে নেওয়া যেতে পারে। তাহলে তা ১০০ কোটি টাকা হয়ে যাবে। এর উদ্দেশ্য হলো, মালিকদের ওপর চাপ কমানো।’

প্রতিকূল অবস্থায়ও ১৯% আয় বেড়েছে হুয়াওয়ের

0

প্রতিকূল পরিস্থিতিতেও হুয়াওয়ের আয় বেড়েছে প্রায় ১৯.১ শতাংশ। আমেরিকার সঙ্গে বাণিজ্যযুদ্ধে নানা নিষেধাজ্ঞার মধ্যেও ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে চীনভিত্তিক বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে বিশ্বব্যাপী কম্পানিটির আয়ের পরিমাণ ১২৩ বিলিয়ন মার্কিন ডলার।

চীনের শেনঝেনে গত মঙ্গলবার এক অনলাইন সংবাদ সম্মেলনে ২০১৯ সালের আর্থিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেন হুয়াওয়ের কর্মকর্তারা। তাতে বলা হয়, গত বছর হুয়াওয়ের মোট মুনাফার পরিমাণ প্রায় ৮.৮৩ বিলিয়ন ইউএস ডলার ছুঁয়েছে।

এছাড়া পরিচালন কার্যক্রমে প্রতিষ্ঠানটির অর্থ লেনদেনের পরিমাণ সর্বোচ্চ ১২.৮৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, অন্যান্য বছরের চেয়ে যা প্রায় ২২.৪% বেশি। প্রযুক্তিগত উদ্ভাবন ও গবেষণার লক্ষ্যে চলমান কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে, ২০১৯ সালে অর্জিত রাজস্বের প্রায় ১৫.৩% হুয়াওয়ে বিনিয়োগ করেছে গবেষণা ও উন্নয়ন খাতে যার পরিমাণ ১৮.৫ বিলিয়ন ডলার।

হুয়াওয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরিক যু বলেন, ‘বাইরের নানা চাপ থাকা সত্ত্বেও আমাদের কর্মীরা কেবল গ্রাহকদের জন্য ভালোমানের নতুন পণ্য ও সেবা তৈরির প্রতিই অধিক মনোযোগ দিয়েছে। তাদের শ্রদ্ধা ও আস্থা অর্জনে আমরা এবং সারা বিশ্বে আমাদের অন্যান্য অংশীদারেরা কঠোর পরিশ্রম করেছি। ফলশ্রুতিতে ব্যবসাও ভালো হয়েছে।’

২০১৯ সালে হুয়াওয়ের ক্যারিয়ার ব্যবসা ৫জি নেটওয়ার্কের বাণিজ্যিক সম্প্রসারণে নেতৃত্ব দিয়েছে। ৫জি’র অধিক বাণিজ্যিক গ্রহণ এবং এর অ্যাপ্লিকেশনগুলোতে নতুন উদ্ভাবন বাড়াতে কম্পানিটি বিশ্বের অন্যান্য ক্যারিয়ারগুলোর সাথে মিলে সম্মিলিতভাবে ৫জি উদ্ভাবন কেন্দ্র স্থাপন করেছে।

হুয়াওয়ের রুরালস্টার বেজ স্টেশন সমাধানগুলো প্রত্যন্ত অঞ্চলের নেটওয়ার্ক সমস্যারও কার্যকর সমাধান করতে পারে। এই সমাধানগুলো বর্তমানে ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে ব্যবহৃত হচ্ছে, যা প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত সারা বিশ্বের চার কোটিরও বেশি মানুষের কাছে মোবাইল ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছে। ২০১৯ সালে হুয়াওয়ের ক্যারিয়ার ব্যবসার বিক্রয় আয়ের পরিমাণ প্রায় ২৯৬.৭ বিলিয়ন ইউয়ানে (৪২.৫ বিলিয়ন মার্কিন ডলার) পৌঁছেছে, অন্যান্য বছরের তুলনায় যা প্রায় ৩.৮% বেশি।

২০১৯ সালে নিজস্ব কম্পিউটিং কৌশলের অংশ হিসাবে, কম্পানিটি বিশ্বের দ্রুততম এআই প্রসেসর ‘অ্যাসেন্ড ৯১০’ এবং এআই প্রশিক্ষণ ক্লাস্টার ‘অ্যাটলাস ৯০০’ চালু করে। ২০১৯ সালে হুয়াওয়ের এন্টারপ্রাইজ ব্যবসা থেকে বিক্রয় আয় প্রায় ৮৯.৭ বিলিয়ন ইউয়ান (১২.৮ বিলিয়ন মার্কিন ডলার) ছুঁয়েছে, অন্যান্য বছরের চেয়ে যা প্রায় ৮.৬% বেশি।

গ্রাহক ব্যবসায় বড় অঙ্কের প্রবৃদ্ধি অর্জন অব্যাহত রেখেছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি বছরব্যাপী মোট প্রায় ২৪ কোটি স্মার্টফোন বিক্রি করেছে। ২০১৯ সালে হুয়াওয়ের গ্রাহক ব্যবসা থেকে বিক্রয় আয় ৬৬.৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, অন্যান্য বছরের চেয়ে যা প্রায় ৩৪% বেশি।

প্রতিবেদন অনুযায়ী, অঞ্চলভিত্তিক আয়ের ক্ষেত্রে ২০১৯ সালে হুয়াওয়ে সবচেয়ে বেশি ব্যবসা করেছে চীনে। দেশটির বাজার থেকে আয় হয়েছে প্রায় ৭২.৬ বিলিয়ন ডলার, অন্য বছরের চেয়ে যা প্রায় ৩৬.২% বেশি। এর পরেই রয়েছে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চল। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে গতবছর আয় হয়েছে ১০.১ বিলিয়ন মার্কিন ডলার।

অন্য বছরের তুলনায় এটি ১৩.৯% বেশি, বছরভিত্তিক আয় বৃদ্ধির হারে যা দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া গতবছর আমেরিকা অঞ্চল থেকে আয় হয়েছে ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার, আর্থিক হিসেবে যা অন্য বছরের চেয়ে ৯.৬% বেশি।

সিঙ্গাপুরে বাড়ির দাম কমালো করোনা

0

বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর সিঙ্গাপুর। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সে দেশটিতে কমে যাচ্ছে বাড়ির দাম। একদশকের মধ্যে সবচেয়ে বড় সংকোচনের মুখে পড়েছে অর্থনীতি। আজ বুধবার দেশটির আরবান ডেভেলপমেন্ট অথোরিটি প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়, মার্চে শেষ হওয়া প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) দেশটিতে বাড়ির দাম কমেছে ১.২ শতাংশ। আগের প্রান্তিকে বাড়ির দাম ০.৫ শতাংশ বেড়েছিলো।

করোনাভাইরাস ঠেকাতে দেশটির সরকার নতুন সামাজিক দূরত্ব আইন প্রয়োগ করেছে। এর ফলে দশজনের বেশি মানুষ কোথাও জমায়েত হতে পারে না। এতে অনেক খাতেই কেনাকাটা কমেছে। বিশেষকরে বাড়ি বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা ও এজেন্টের যোগাযোগ এখন সিমীত হয়ে পড়েছে। অনেকেই মুখোমুখি আলোচনায় বসতে চাইছেনা করোনা সংক্রমনের আশঙ্কায়।
১৯৬৫ সালে সিঙ্গাপুরের স্বাধীনতার পর এটিকে দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক সংকোচন মনেকরছেন বিশ্লেষকরা। গত সপ্তাহে দেশটির সরকার দ্বিতীয় দফায় অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা করেছে। আশা করা হচ্ছে এতে জিডিপি ১১ শতাংশ সহায়তা পাবে। ব্লুমবার্গ।

আরো দুজন আক্রান্ত, নতুন কোনো মৃত্যু নেই

0

দেশে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ৫৬ জনের সংক্রমণ ধরা পড়ল। এ ২৪ ঘণ্টায় দেশে কোনো মৃত্যু নেই। যে দুইজন ধরা পড়েছে তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে। আক্রান্ত দুজনই পুরুষ। ১৪১ জনের মধ্যে নমুনা পরীক্ষা করে এ দুজনের শরীরে করোনা শনাক্ত হয়।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) করোনাভাইরাসসংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তের করা ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

শামসুর রহমান শরীফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

সাবেক মন্ত্রী, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা‌ শামসুর রহমান শরীফ ডিলু, এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা এক শোকবার্তায় ‘৭৫-এর ১৫ই আগস্টের পর দলের দুঃসময়ে তাঁর ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি আরও বলেন, ভাষা সৈনিক এই ত্যাগী ও জনবান্ধব রাজনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হলো।

প্রধানমন্ত্রী তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

আজ থেকে কঠোর অবস্থানে সেনাবাহিনী

0

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেখানে যাচ্ছেন, সেখানে তৎক্ষণাৎ ভিড় কমে যাচ্ছে ঠিকই, তবে তারা চলে যাওয়ার পর আবার জনসমাগম বাড়ছে।

এরই মধ্যে সাধারণ ছুটির মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ অবস্থায় লম্বা এই সময় মানুষকে ঘরে রাখতে শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী।

গতকাল বুধবার (১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে জানানো হয়, বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী দেশের সব স্থানে সামাজিক দূরুত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকারের দেয়া নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অকারণে মানুষের বাইরে বেরোনো বন্ধে গতকাল সকাল থেকে সড়কে সড়কে টহল বাড়িয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে বেড়েছে সেনাবাহিনীর টহলও।

গতকাল বিকেল ৩টার দিকে দেখা যায়, বিজয় সরণির মোড় ও জাহাঙ্গীর গেটের মোড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তায় নামা মানুষজনকে জিজ্ঞাসাবাদ করছেন। তবে ঘুরেফিরে সবাই বাইরে বেরোনোর কারণ হিসেবে বাজার করা, ওষুধ কেনা, হাসপাতাল বা ব্যাংকে যাওয়ার কথাই বলছেন। রাইড শেয়ারিংয়ে যাত্রী পরিবহনও করতে দেখা গেছে।

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করলেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানিরা

0

 

অস্ট্রেলিয়ার গবেষকরা গবেষণাগারে করোনাভাইরাসের দু’টি ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেই দু’টি ভ্যাকসিন প্রাণীর ওপর প্রয়োগের অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। জানা গেছে, ওই দু’টি ভ্যাকসিন আবিষ্কার করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং মার্কিন কম্পানি
ইনোভিও ফার্মাসিউটিক্যাল।

ভ্যাকসিনগুলো করোনাভাইরাসের চিকিৎসায় কার্যকর হয় কিনা এবং সেসব ভ্যাকসিন মানুষের জন্য নিরাপদ কিনা তা মূল্যায়ন করবে অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা।

এদিকে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানিরা। তবে এখন পর্যন্ত করোনা চিকিৎসার কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। গবেষকরা বলছেন, কবে নাগাদ ভ্যাকসিন বাজারে আসবে তা এখনই নিশ্চিতভাবে জানানো যাচ্ছে না। তবে অন্তত এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।

পাকিস্তানে তাবলিগ জামায়াতের আরও ১৪ জন করোনায় আক্রান্ত

0

পাকিস্তানের রায়ওয়াইন্ড তাবলিগি মারকাজে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪১ এ পৌঁছেছে। সেখানে আরও ১৪ জনকে পরীক্ষা-নিরীক্ষার পরে তাদের টেস্ট পজিটিভ হয়েছে।

প্রাদেশিক রাজধানীর অন্যান্য অংশে গত ২৪ ঘন্টার মধ্যে ১৫ ১৪ জনকে পরীক্ষার পরে টেস্ট পজিটিভ হয়েছে বলে জানা গেছে।

পাঞ্জাব স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত করোনাভাইরাস সম্পর্কিত দৈনিক পরিস্থিতি-প্রতিবেদন বলছে, রাওয়ালপিন্ডির বেনজির ভুট্টো হাসপাতালে একজন প্রবীণ লোক (করোনা) ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

৮৩ বছর বয়সী এই বৃদ্ধ সম্প্রতি ইংল্যান্ড থেকে এসেছিলেন।

পাঞ্জাবে এখন পর্যন্ত মোট ১০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এর মধ্যে লাহোর ও রাওয়ালপিন্ডিতে চারজন এবং ফয়সালাবাদ ও রহিম ইয়ার খানে একজন করে  আক্রান্ত হয়েছেন।

এদিকে, প্রদেশটিতে কোভিড -১৯ রোগী হিসাবে আরও ৬৪ জনকে সনাক্ত করা হয়েছে। লাহোরে  ১৭৮ জনসহ প্রদেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭৪৮ জন।

লাহোরের পরে গুজরাট করোনাভাইরাসের ফ্ল্যাশপয়েন্টে পরিণত হয়েছে। কারণ, গত ২৪ ঘন্টায় জেলার ২৪ জনের করোনা পরীক্ষা পজিটিভ হয়েছে।

সেখানে নিশ্চিত হওয়া কোভিড -১৯ এর রোগী সংখ্যা ৮৬ জনে দাঁড়িয়েছে।

সূত্র : দ্য ডন

সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরকে পিপিই ও মাস্ক দিল বসুন্ধরা গ্রুপ

0

করোনাভাইরাস সংকট মোকাবেলায় সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরকে পিপিই (পারসোন্যাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট) ও মাস্ক সরবরাহ করল দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। আজ বুধবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনালের মো. ফসিউর রহমানের কাছে এক হাজার পিপিই ও ৫০ হাজার মাস্ক হস্তান্তর করেন।

এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাজভীর ও উপদেষ্টা মেজর জেনারেল মাহবুব হায়দার খান (অব.) উপস্থিত ছিলেন। অপরপক্ষে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. এনায়েত উল্ল্যাহ, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের কনসালটেন্ট  ডেন্টাল সার্জন জেনারেল মেজর জেনারেল গোলাম মহীউদ্দীন চৌধুরী, কনসালটেন্ট সার্জন জেনারেল মো. মাহবুবুর রহমান এবং কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল মেজর জেনারেল মো. আজিজুল ইসলাম।

পিপিই ও মাস্ক হস্তান্তরের সময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক করোনাভাইরাস মোকাবেলায় প্রয়োজন হলে ভবিষ্যতে আরো সহযোগিতা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন।

প্রসঙ্গত, বসুন্ধরা গ্রুপ করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে সহায়তার অংশ হিসেবে পাঁচ হাজার শয্যার হাসাপাতাল তৈরিতে সহযোগিতা করতে যাচ্ছে।

গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এ বিষয়ে একটি লিখিত প্রস্তাব হস্তান্তর করেন। এদিন তিনি প্রধানমন্ত্রীর করোনা মোকাবেলার তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রাজধানীর দুস্থ ও নিম্ন আয়ের অনেক পরিবারকে খাদ্য সহায়তাও দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের লিখিত প্রস্তাবে বলা হয়, রাজধানীর কুড়িলে বসুন্ধরার চারটি কনভেনশন সেন্টার ও একটি ট্রেড সেন্টারে হবে ৫ হাজার শয্যার হাসপাতাল। কনভেনশন সেন্টারগুলোর মধ্যে সবচেয়ে বড়টি ৩০ হাজার বর্গফুটের। বাকি তিনটি প্রতিটি ২০ হাজার বর্গফুটের। আর ট্রেড সেন্টারের আয়তন এক লাখ ৫০ হাজার বর্গফুটের। বসুন্ধরা করভেনশন সেন্টারগুলো বিভিন্ন অবকাঠামো সমৃদ্ধ এবং রাজধানীর মধ্যবর্তী কুড়িল এলাকায় অত্যন্ত পরিচ্ছন্ন ও হাসপাতালের রূপান্তরের অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রী সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করেছেন বলে জানা গেছে এবং সেই প্রস্তাবের ভিত্তিতে হাসপাতালের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্বাস্থ্য অধিদপ্তর এবং সেনাবাহিনীর ১২ ইঞ্জিরিয়ারিং ব্যাটালিয়নের প্রতিনিধি দল ইতোমধ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে।

কাল থেকে কঠোর হবে সেনাবাহিনী

0

আগামীকাল বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিন এর বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে।

আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।