Home Blog Page 3049

সরকারি তহবিলে ১৬ লাখ টাকা দিল কোস্ট ট্রাস্ট

0

করোনাভাইরাস মোকাবেলায় দরিদ্র মানুষদের জন্য উপকূলীয় আটটি জেলার স্থানীয় প্রশাসনের হাতে ১৬ লাখ টাকা তুলে দিল বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্ট।

চট্টগ্রাম, ভোলা, লক্ষ্মীপুর, ঝালকাঠি, পটুয়াখালি, বরিশাল, কক্সবাজার এবং ফেনী জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যথাক্রমে ৫০ হাজার এবং ২৫ হাজার টাকা করে মোট ১৬ লাখ টাকা করোনা ভাইরাস মোকবেলায় সরকারি তহবিলে দেওয়া হয়। তবে বিশেষ করে ভোলা জেলায় ১ লাখ এবং চরফ্যাশন ও কুতুবদিয়া উপজেলায় যথাক্রমে ৫০ হাজার এবং ২ লাখ টাকা দেওয়া হয়।

কোস্ট ট্রাস্টের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সার্ভিস চার্জ থেকে সরকারি তহবিলে টাকা দেওয়া হয়েছে। এই টাকা দরিদ্র মানুষদের চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে খরচ করা হবে। এ ছাড়া করোনাভাইরাসে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে কোস্ট ট্রাস্ট।

বিমানের চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়ছেন জাপানি নাগরিকরা

0

করেনাভাইরাস মহামারির মধ্যে বাংলাদেশে অবস্থানরত প্রায় ৩২৫ জন জাপানি নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে কাল বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন। জাপান দূতাবাসের মাধ্যমে তাদের নিজ দেশে ফিরে যেতে এ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার সকাল ১০টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার কালের কণ্ঠকে বলেন, ‘ঢাকা থেকে নারিতা যাবে বিমানের ৭৭৭-৩০০ ইআর মডেলের উড়োজাহাজ। বিজি ৪০০১ ফ্রাইটটি সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। এতে আসন সংখ্যা ৪১৯, এখন পর্যন্ত ৩২৫ জন চুড়ান্ত করেছেন। রাতে এই সংখ্যা আরো বাড়তে পারে।’

আমেরিকায় দ্বিতীয় ফ্লাইটের প্রস্তুতি: এদিকে সোমবার কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ মার্কিন নাগরিক ও তাদের পোষা ৭টি কুকুর ছিল। এখন দ্বিতীয় আরেকটি ফ্লাইটের যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছে। কাল বৃহস্পতিবারের মধ্যে আগ্রহীদের ঢাকাস্থ মার্কিন দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

ইতালিতে ২৪ ঘণ্টায় আরো ৭২৭ জনের মৃত্যু

0

গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতশ ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার একশ ৫৫ জনে। ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ ইতালিতে প্রায় সবকিছু বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে।

চীনের পর করোনা সবচেয়ে ভয়াল থাবা বসিয়েছে ইতালিতে। এই মারণ ভাইরাসের কালো থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। প্রতিদিনই দেশটিতে শত শত মানুষ মারা যাচ্ছেন। আক্রান্তও হচ্ছেন হাজার হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার সাতশ ৮২ জন। আর মোট আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার পাঁচশ ৭৪ জনে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ১৬ হাজার আটশ ৪৭ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। বুধবার জানানো হয় যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৮ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে প্রায় চার হাজার তিনশ ৬৫ জন মানুষ। যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্র নিউইয়র্ক শহর। তবে নিউ অরলিন্স, শিকাগো ও ডেট্রয়েটে দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে সেসব অঞ্চলের মেয়র জানিয়েছেন।

করোনা সতর্কতা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, বলেছিলেন তাবলিগ নেতারা

0

সরকারি নির্দেশ উপেক্ষা করে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে তাবলিগ জামাতের বড় জমায়েত হয়েছিল। সেখানে বহু বিদেশি মেহমান এসেছিলেন। সেখান থেকে করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। নিজামুদ্দিনের ওই মসজিদে যোগ দেওয়ার পর মোট সাতজন মারা গেছেন। এরই মধ্যে মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছে। বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাবলিগ জামাতের প্রধান মাওলানা সাদ কান্দলভিসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।

এদিকে ভারতে তাবলিগ জামাতের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তা খতিয়ে দেখছে সে দেশের পুলিশ। ওই বার্তায় সমবেতদের মুসল্লিদের উদ্দেশে বক্তা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে যে সামাজিক শিষ্টাচার মানার কথা বলা হচ্ছে, তা মুসলমানদের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র।

দিল্লি মারকাজ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ওই ভিডিও ফুটেজ দেখা গেছে, বক্তারা সমবেতদের সরকারের সোশ্যাল ডিস্টেন্সিংয়ের আদেশ উপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন। করোনাভাইরাস সতর্কতাকে ‘মুসলিম ভাইদের থেকে মুসলমানদের দূরে রাখার ষড়যন্ত্র’ আখ্যা দিতে শোনা গেছে ওই বক্তাকে।

ভিডিওতে বলতে শোনা যায়, ‘মৃত্যু থেকে কোথায় পালাবেন? মৃত্যু আপনার সামনে… এটা আল্লাহর কাছে মাফ চাওয়ার সময়। ডাক্তারের কথা শুনে নামাজ বন্ধ করে, পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ বন্ধ করে থাকার সময় নয়। হ্যাঁ, ভাইরাস আছে। কিন্তু আমার সঙ্গে ৭০ হাজার ফেরেশতাও আছে। তারা যদি আমাকে রক্ষা করতে না পারেন, তাহলে কে পারবেন? এখন এই ধরনের জমায়েত আরও বেশি করে করার সময়, পরস্পরকে এড়িয়ে চলার সময় নয়। আমরা একত্রিত হলে রোগ ছড়াবে, কে বলেছে?’ অনেকেই বলছেন, ভিডিওটির বক্তা মাওলানা সাদ কান্দলভি নিজেই।

গত ১ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে মুসলিম ধর্মাবলম্বীদের সংগঠন তাবলিগ জামাতের একটি ধর্মীয় সমাবেশ শুরু হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও কিরগিজস্তানের প্রতিনিধিসহ প্রায় দুই হাজার মানুষ ওই আয়োজনে অংশ নেন। ১৫ মার্চ অনুষ্ঠান শেষ হওয়ার পরও অনেকে সেখানে থেকে যান। গত তিন দিনে সেখান থেকে প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ওই অনুষ্ঠানে যোগ দেওয়া অন্তত ১২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া এসব মানুষের কাছ থেকে আরও করোনা আক্রান্ত শনাক্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র- হিন্দুস্তান টাইমস।

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৬৩ জনের মৃত্যু

0

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড পাঁচশ ৬৩ জনের মৃত্যু হয়েছে। আর মারণ ভাইরাস করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার তিনশ ২৪ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার চারশ ৭৪ জনে। আর মোট মৃত্যু হয়েছে দুই হাজার তিনশ ৫২ জনের। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একশ ৩৫ জন।

এর আগে একদিনে সবচেয়ে বেশি মারা যান ৩১ মার্চ। ৩৮১ জন মারা যান গতকাল। আর করোনা ভাইরাসে সংক্রমিত হন তিন হাজার ৯ জন। গতকালকের চেয়ে দেশটিতে আজ সংক্রমণ এবং প্রাণহানি বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বরিস জনসনও। রোগ শনাক্ত হওয়ার পর থেকে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। প্রয়োজন হলে আরও কড়া বিধিনিষেধ আরোপ করা হবে বলেও জানান তিনি। কয়েকদিন আগেই করোনাভাইরাস সঙ্কট আরো খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের সব বাড়িতে পাঠানো এক খোলা চিঠিতে এ হুঁশিয়ারি জানান তিনি।

২০১৯ সালে ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো নতুন করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এখন বিশ্বের দুই শতাধিক দেশে তা ছড়িয়েছে। বিশ্বজুড়ে বর্তমানে করোনায় আক্রন্ত মানুষের সংখ্যা আট লাখ ৮৫ হাজার নয়শ ২৪ এবং মারা গেছেন ৪৪ হাজার দু’শ ৬৯ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এক লাখ ৮৫ হাজার দুশ ৬৯ জন।

করোনা মানবকোষে প্রবেশের আগেই আটকে দেবে যে ওষুধ

0

করোনাভাইরাস ঠেকাতে বিশ্বজুড়ে ওষুধ তৈরীর প্রতিযোগিতা চলছে। সেই প্রতিযোগিতায় এবার প্রাথমিক সফলতার কথা জানিয়েছেন চীনা বিজ্ঞানীরা।

বেইজিংয়ে বিজ্ঞানীদের একটি দল বেশকিছু এন্টিবডি (ক্ষতিকর জীবাণু ধ্বংসকারী পদার্থ) আলাদা করে দাবি করেছেন নতুন করোনা ভাইরাস ঠেকাতে এটি ‘অত্যন্ত কার্যকর’ হবে। বিজ্ঞানীদের দাবি করোনা ভাইরাস মানবসেল বা কোষে প্রবেশের আগেই আটকে দেবে এ ওষুধ। সব পরীক্ষা ঠিকঠাক হলে কভিড-১৯ চিকিৎসায় এ ওষুধ যুগান্তকারী ভূমিকা রাখবে।
জ্যাংগ লিংকির নেতৃত্বাদীন গবেষক দলটি জানায়, গত জানুয়ারিতে সেনঝেনের একটি হাসপাতালে এ নিয়ে গবেষণা শুরু হয়। কভিড-১৯ চিকিৎসায় সুস্থ হওয়া ব্যক্তিদের শরীর থেকে রক্ত নিয়ে সেখান থেকে এন্ডিবডি বিশ্লেষণ করা হয়। তা থেকে আলাদা করা বেশিকিছু এন্ডিবডি এ রোগের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণিত হয়।

জ্যাংগ বলেন, ‘২০ টি এন্টিবডি পরীক্ষা করা হয়, সেখান থেকে চারটি এন্টিবডি ভাইরাসকে সেলে প্রবেশের আগে আটকে দেয়। যা একটি দারুণ সফলতা। সব ঠিক থাকলে প্রাথমিকভাবে এ ওষুধ প্রাণীদেহে পরীক্ষা করা হবে, তারপর মানব দেহে। এ ক্ষেত্রে আরো ছয়মাস লাগবে। এরপর দ্রুত এটি বাজারে আনার চেষ্টা করা হবে, যদিও এ প্রক্রিয়ায়ও কিছু সময় লাগবে।

সূত্র: রয়টার্স।

জরুরি নম্বরে ফোন করে সমুচা চাওয়ায় করতে হলো ড্রেন পরিস্কার

0

করোনাভাইরাসের কারণে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। মানুষের ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ। এই সময়ে ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে একটি জরুরি হেল্পলাইন চালু করেছে উত্তর প্রদেশের সরকার। অনেকেই নিজেদের প্রয়োজনের কথা জানিয়ে রাজ্য সরকারের এই নম্বরে ফোন করে সহায়তা চেয়ে পেয়েছেন। কিন্তু সব মানুষের বিবেকবোধ একরকম থাকে না। সেরকইমই এক ব্যক্তি বারবার জরুরি নাম্বারে ফোন করে বাসায় সমুচা দিয়ে যেতে বলছিলেন। তারপর যা ঘটল, তা সত্যিই অভিনব।

রামপুর জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনেয়া কুমার সিং নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ঘটনার বিস্তারিত জানিয়েছেন। ওই ব্যক্তি সমুচা চেয়ে ফোন করলে তাকে মানা করা হয়। কিন্তু তিনি ফোনের পর ফোন করে যেতে থাকেন। আর বারবারই তাকে সমুচা দেওয়ার জন্য বলতে থাকেন। এতে হেল্পলাইনে চাপ পড়ায় অনেকেই জরুরি প্রয়োজনে লাইন পাচ্ছিলেন না। বারবার সতর্ক করার পরও তিনি থামেননি, তখন সংশ্লিষ্টরা ঠিক করেন ওই ব্যক্তির কাছে তারা সমুচা পৌঁছে দেবেন। সঙ্গে কঠিন একটা শিক্ষাও দেবেন, যাতে এমন জরুরি পরিস্থিতিতে তিনি বিবেকহীনের মতো কাজ না করেন।

সেইমতো ওই ব্যক্তির বাড়িতে সমুচা নিয়ে পৌঁছে যায় পুলিশ। তবে শাস্তি হিসেবে ওই ব্যক্তিকে বাসার পাশের ড্রেন পরিষ্কার করতে হয়। এসময় তার মুখে মাস্ক পরা ছিল। সেই ড্রেন পরিস্কারের ছবিসহ সোশ্যাল সাইটে আসতেই ভাইরাল হয়ে যায়। এই টুইট সমর্থন করে লাইক বাটনে ক্লিক করেন প্রায় ২০ হাজার মানুষ। প্রায় সবাই পুলিশের এই ভূমিকা আর শাস্তি প্রদানের প্রদানের প্রশংসা করেন। টুইটে  দুর্যোগের সময় সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেন রামপুর জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনেয়া কুমার সিং।

করোনার কার্যকরি ভ্যাকসিন পেয়ে গেছে সিএসআইআরও’র বিজ্ঞানীরা!

0

কোভিড-১৯ বা করোনাভাইরাস নিছক সাধারণ কোন ফ্লু ভাইরাস নয়। বিজ্ঞানীরা বলছেন, জিনের গঠন বদলে প্রতিনিয়ত এই ভাইরাস নিজের চরিত্রই বদলে ফেলছে। এত বেশি নিজেকে বদলাচ্ছে এই ভাইরাস যে এর মতিগতি বোঝাই অসম্ভব হয় পড়ছে বিশ্বের বাঘা বাঘা ভাইরোলজিস্টদের কাছে। সংক্রমণ রুখার ভ্যাকসিন তৈরির প্রক্রিয়াও তাই বিলম্বিত হচ্ছে। তবে আশার আলো এটাই যে, মার্কিন যুক্তরাষ্ট্র, হংকং, অস্ট্রেলিয়া, ইজরায়েলে এই মারণ ভাইরাসকে প্রতিরোধ করার উপায় আবিষ্কারের চেষ্টা করছেন বিজ্ঞানী-গবেষকরা।

এবার অস্ট্রেলিয়ান ন্যাশনাল সায়েন্স এজেন্সি দাবি করেছে, তারা করোনাভাইরাসকে রুখার কার্যকর ভ্যাকসিন তৈরির ফর্মূলা খুঁজে পেয়েছেন। কোভিড -১৯-এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের এটাকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বর্ণনা করা হয়েছে এবং সম্ভাব্য করোনভাইরাস ভ্যাকসিনগুলির পরীক্ষা শুরু করেছে।

কমনওয়েলথ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিচার্স অর্গানাইজেশনের (সিএসআইআরও) বিজ্ঞানীরা জিলংয়ে এজেন্সিটির উচ্চ-মাত্রার বায়োসিকিউরিটি সুবিধায় দুটি ভ্যাকসিন মানবদেহে টেস্ট ট্রায়ালের প্রথম পর্যায়ের কাজ করছেন।

প্রাক-ক্লিনিকাল ট্রায়ালগুলিতে তিন মাস সময় লাগবে বলে আশা করা হচ্ছে। তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইনোভিও ফার্মাসিউটিক্যালস থেকে প্রাপ্ত সম্ভাব্য ভ্যাকসিনগুলি নিরাপদ এবং কার্যকর কিনা তা পরীক্ষা করার জন্য প্রাণীর ব্যবহার করবে।

অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা ২১ জন এবং আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮৬০ জনে পৌঁছানোয় এই ট্রায়ালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার সংস্থাটির উপ-প্রধান মেডিক্যাল অফিসার পল কেলি জানিয়েছেন।

সিএসআইআরওর প্রধান নির্বাহী ড. ল্যারি মার্শাল এই পরীক্ষাটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বর্ণনা করেছেন।

স্বাস্থ্য ও বায়োসিকিউরিটি ডিরেক্টর ডা. রব গ্রেনফেল বলেছেন, ‘ভ্যাকসিন তৈরিতে কর্মীদের অক্লান্ত প্রচেষ্টার ফলে এটা সম্ভব হয়েছে। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আবিষ্কার। সাধারণত এমন একটি ভ্যাকসিন তৈরিতে এক থেকে দু’বছর সময় লাগে। আমরা মাত্র ৮ সপ্তাহের মধ্যে এটি সম্পন্ন করেছি, তাই এটি আসলেই খুব ভাল।’

ভ্যাকসিন প্রার্থীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে পরামর্শক্রমে কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপার্ডনেস ইনোভেশনস দ্বারা সিএসআইআরওর প্রথম পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছিল। তারা সিএসআইআরও পরীক্ষার আশা করে এমন লোকদের মধ্যে প্রথম ছিল।

ডা. গ্রেনফেল বলেছেন, ভ্যাকসিন প্রার্থীদের একজনকে বিদেশেও পরীক্ষা করা হচ্ছে। যদি উভয় পরীক্ষায় এটি নিরাপদ এবং কার্যকর হিসাবে প্রমাণিত হয় তবে এটা মানবদেহে ব্যবহারের জন্য দ্রুত তৈরি করা হতে পারে। এই ধরণের পরীক্ষা আমাদের মানব অধ্যয়নের দিকে যাওয়ার আত্মবিশ্বাস জোগানোর পক্ষে জরুরি।

সিএসআইআরও’র করোনভাইরাস এবং ভ্যাকসিনের কাজের নেতৃত্বদানকারী অধ্যাপক ট্রেভর ড্র বলেছেন, তারা জানুয়ারি থেকে সার্স কোভি -২ নিয়ে গবেষণা করছেন। এটার কারণেই কোভিড -১৯ রোগ হয়। আমরা বিশ্বব্যাপী এই জনস্বাস্থ্য জরুরি অবস্থার প্রেক্ষিতে ভ্যাকসিন তৈরি ও সেটার সুরক্ষার মাঝে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলেছি।

ডা. গ্রেনফেল কোভিড -১৯-এর বিরুদ্ধে লড়াই এই ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে অত্যন্ত আশাবাদী। তিনি বলছিলেন, পরীক্ষা -নিরীক্ষা শেষে আগামী ১৮ মাসের মধ্যে এটা ব্যবহারের উপযোগী হবে বলে আশা করছি। আমরা যে বৈজ্ঞানিক দক্ষতা ব্যবহার করছি সেটা দেখে বিশ্বের অন্য যারা একই চেষ্টা করছে তারা আবাক হয়েছে।’

সূত্র- ৭ নিউজ।

পর্যায়ক্রমে বাস-রেল চালু করা হবে

0

টানা দশ দিনের ছুটির সঙ্গে আরো সাত দিনের ছুটি যোগ করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ‘জরুরি প্রয়োজনের অফিসসমূহ খোলা রাখা যাবে। প্রয়োজনে ওষুধশিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পকলকারখানা চালু রাখতে পারবে। মানুষের জীবন জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস পর্যায়ক্রমে চালু করা হবে। তবে ঠিক কবে গণপরিবহন চালু হবে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

জানতে চাইলে জনপ্রশাসনের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, জনপ্রশাসনের দায়িত্ব প্রজ্ঞাপন জারি করা। এখন সড়ক ও রেলপথ মন্ত্রণালয় সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে গণপরিবহণ চালুর তারিখ নির্ধারণ করবেন।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (বিধি-৪) সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।  প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ঘোষিত সাধারণ ছুটির ধারাবাহিকতায় আগামী ৫ এপ্রিল হতে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো। ১০ এবং ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে সংযুক্ত থাকবে।’

প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি পরিসেবা-বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ইত্যাদি ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না। কৃষি পণ্য, সার, কীটনাশক, খাদ্য শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহণ এবং কাঁচা বাজার, খাবার, ওষুদের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতাবর্হিভূত থাকবে। এ ছাড়া জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

ঠাণ্ডা বা জ্বর হলে পুলিশ ধরে নিয়ে যাবে, গুজবে কান দেবেন না

0

ঠাণ্ডা লাগলে বা জ্বর হলে পুলিশ ধরে নিয়ে যাবে, থানকুনি পাতা, চা পান, আদা অথবা রসুন দিয়ে গরম পানি খেলে করোনা থেকে মুক্তি পাওয়া যায়- এ সব গুজবে কান না দিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়েছে সরকার। আজ বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে বিভিন্ন বিভ্রান্তিকর ধারণা ও গুজব লক্ষ্য করা যাচ্ছে। এ সব ভ্রান্ত ধারণা বা গুজবের মধ্যে রয়েছে থানকুনি পাতা খেলে, ঘন ঘন চা পান করলে, আদা অথবা রসুন দিয়ে গরম পানি খেলে করোনা থেকে মুক্তি পাওয়া যায়। এ রোগ গরিবদের হয় না, বরং সৃষ্টিকর্তার প্রতি অবিশ্বাসীদের হয়ে থাকে। এছাড়া ঠাণ্ডা লাগলে বা জ্বর হলে পুলিশ ধরে নিয়ে যাবে।

তথ্য বিবরণীতে এ সব ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হয়ে এবং কোনো প্রকার গুজবে কান না দিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

করোনাভাইরাসে সংক্রমণের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ার মধ্যে সরকারের পক্ষ থেকে এমন আহ্বান এসেছে।