Home Blog Page 3050

ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

0

দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিশেষ ছুটি আরো ৭ দিন বাড়ানো হয়েছে। আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে আজ বুধবার (০১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশে বলা হয়, আগের ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ৫ এপ্রিল হতে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এর সঙ্গে ১০ এবং ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও যুক্ত থাকবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, বিদ্যুৎ-পানি-গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেটের মতো জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে। কৃষি পণ্য, সার, কীটনাশক, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জাম, জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান এবং হাসপাতালও এ ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি প্রয়াজনে অফিস খোলা রাখা যাবে। প্রয়োজনে ওষুধ শিল্প, উৎপাদন ও রফতানিমুখী শিল্প কারখানা চালু রাখা যাবে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, মানুষের জীবন-জীবিকার স্বার্থে রিকশা, ভ্যানসহ যানবাহন, রেল, বাস পর্যায়ক্রমে চালু করা হবে। জনগণের প্রয়োজন বিবেচনায় সাধারণ ‍ছুটির সময়েও বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

উল্লেখ্য, আগের সিদ্ধান্তে ছুটি ঘোষণা করা হয়েছিল ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। নতুন ঘোষণার পর দেশে টানা ১৭ দিনের ছুটির কবলে পড়ছে।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ৫ থেকে ৯ এপ্রিল ছুটি ঘোষণা করে আদেশ জারি করা হচ্ছে বলে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সাংবাদিকদের করোনা নিরাপত্তা সরঞ্জাম দিল আওয়ামী লীগ

0

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার জন্য সাংবাদিকদের নিরাপত্তা সরঞ্জাম দিয়েছে সরকারি দল আওয়ামী লীগ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ এ সকল সরঞ্জাম গ্রহণ করেছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরঞ্জামগুলো গ্রহণ করেন বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ ও ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

এ সময় ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এ সব সামগ্রী সাংবাদিক নেতাদের হাতে তুলে দেন।

ডিইউজে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বুধবার জানান, স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামের মধ্যে দেড় হাজার অ্যান্টিস্যাপটিক সাবান, হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক রয়েছে। যা ইউনিয়নের সদস্যরা ব্যবহার করবেন। এই পরিস্থিতিতে করণীয় নিয়ে তারা তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলেও তিনি জানান।

মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে চায় স্থানীয় সরকার

0

ডেঙ্গুর আগাম মোকাবেলায় ঢাকা সিটিতে এবার মশার উৎপত্তিস্থল ধ্বংস করার উদ্যোগ নিচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ বুধবার ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ পরিকল্পনার কথা জানিয়েছে মন্ত্রণালয়টি।

মঙ্গলবার ভিডিও কনফারেন্সে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তর সিটির মেয়রকে উদ্দেশ্য করে মশার উপদ্রুপ নিয়ে উদ্বেগ প্রকাশ করার প্রেক্ষিতে জরুরি ভিত্ততে এ বৈঠকের আয়োজন করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ে বেলা ১১টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তারা ছাড়াও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী তাজুল ইসলাম  জানান, ঢাকায় ডেঙ্গু মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে এবার শুধু ঘরের মশা নয়, পরিত্যক্ত যেসব জায়গা বা জিনিসে মশার উৎপত্তি হয় সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। এজন্য এরইমধ্যে দুই সিটি করপোরেশনকে ৩ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, মশা নিধনের বিষয়ে আরো পরিকল্পনা গ্রহণের জন্য বৃহস্পতিবার রাজউক, গণপূর্ত অধিদপ্তর ও পিডব্লিইডির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হবে। এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ গ্রহণ করা হবে।

মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের কিন্তু আরও সতর্ক থাকবে হবে, যেহেতু মেয়র সাহেব আছেন সেখানে, আমি বলছি, কালকে যখন ঘুমাতে গেলাম তখন মাঝে মাঝেই দেখলাম মশারা সংগীতচর্চা করছে। মশার গান শুনলাম। গুনগুন করে কানের কাছে বেশ গান গাচ্ছিল। অর্থাৎ মশার প্রাদুর্ভাবটা কিন্তু আস্তে আস্তে শুরু হবে। তারপর আসবে ডেঙ্গু। এ ব্যাপারগুলো আমাদের এখন থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। নির্বাচিত প্রতিনিধিরা তো আছেনই, সে সাথে যারা এর সাথে, মশার হাত থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য এখন থেকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

বেশি ঘোরাফেরা করে অন্যদের ঝুঁকির মধ্যে ফেলবেন না : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঢাকা থেকে যারা গ্রামে গেছেন তারাই বেশি ঘোরাফেরা করছেন। আপনার ঘোরাফেরা করবেন না। নিজেরা সচেতন হোন। অন্যদের জন্য ঝুঁকির কারণ হবেন না। করোনাভাইরাস সন্দেহ হলেই বেশি বেশি পরীক্ষা করুন, নিজেরা সুরক্ষিত থাকুন।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রান্ত সরঞ্জাম পিপিই, মাস্ক এর সংখ্যা বাড়িয়েছি। এগুলো সঠিক ব্যবহার যেন হয়। আমরাদের সরকারি হাসপাতালে ভেন্টিলেটর স্থাপনার কার্যক্রম চলছে।

তিনি বলেন, ঢাকায় ইতোমধ্যে কুমিটোলা জেনারেল হাসপাতাল, গ্যাস্টোলিভার হাসপাতাল করোনাভাইরাসের জন্য প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতালসহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে।

জাহিদ মালেক বলেন, ঢাকা বাইরে রংপুর, রাজশাহীতে, ময়মনসিংহ, পর্যায়ক্রমে প্রতিটি মেডিকেলে করোনা পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে ৫৪ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ জন বলেও জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, আইপিএইচের ভাইরোলজিস্ট বিশেষজ্ঞ ডা. খন্দকার মাহবুবা জামিল।

পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত

0

করোনাভাইরাসের ঝুঁকির কারণে জনসমাগম এড়াতে বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে জনসমাগম এড়ানোর লক্ষ্যে আসন্ন ১ বৈশাখ ১৪২৭ তারিখ বা এ সময়ে সকল ধরনের অনুষ্ঠান/কার্যক্রম (তিন পার্বত্য জেলার বৈসাবিসহ) স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের প্রভাতি আয়োজন শুরু ১৯৬৭ সাল থেকে। এরপর ১৯৭১ সাল ছাড়া প্রতি বছরই অনুষ্ঠিত হয়েছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। ২০০১ সালে ভয়ংকর সিরিজ বোমা হামলার পরের বছরও যে আয়োজন বন্ধ হয়নি। কিন্তু এবার করোনাভাইরাসের মোকাবিলা করতে স্থগিত করা হলো ছায়ানটের বর্ষবরণের আয়োজন।

করোনায় বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬, আক্রান্ত ৫৪

0

করোনাভাইরাসে সংক্রমিত আরও একজনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ছয়জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে।

আজ বুধবার ভিডিও কনফারেন্সে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা কিছুটা অমান্য হচ্ছে। অনেক জায়গায় লোকজন ঘোরাফেরা করছেন। গ্রামের বাড়িতে যাঁরা গেছেন, তাঁরা বেশি ঘোরাফেরা করছেন।

তিনি বলেন, আমরা দেশকে ঝুঁকির মধ্যে নিতে পারি না। আপনারা বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকুন।

করোনাকে পুঁজি করে বিভেদের রাজনীতি করছে বিএনপি : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের সংকটকে পুঁজি করে বিভেদের রাজনীতি করছে বিএনপি। বিএনপি নেতাদের বলব, এই দুঃসময়ে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতা থেকে বিরত থাকুন। জনগণের পাশে থেকে দেশের সংকটময় পরিস্থিতি মোকাবেলা করুন।

আজ বুধবার (০১ এপ্রিল) নিজের সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দেশের এই সংকট মুহূর্তে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও জনগণের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিকভাবে ফয়দা লোটার চেষ্টা করছে।

কাদের বলেন, প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সারাবিশ্ব আজ উদ্বিগ্ন এবং এক নজিরবিহীন পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়ে। আজকের এই সংকটময় মুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়ে সরকার এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা যেখানে নিরলস কাজ করে যাচ্ছে, সেখানে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে না দাঁড়িয়ে এই পরিস্থিতি থেকে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত।

সংবাদ সম্মেলনে পদ্মা সেতুর কাজের সর্বশেষ অগ্রগতি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, মূল সেতুর কাজ ৮৬ দশমিক ৭৫ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৭৮.৫ শতাংশ।

করোনার ৩ মাস : মৃত্যু ৪২ হাজার, আক্রান্ত সাড়ে ৮ লাখ

0

করোনা ভাইরাস আক্রমণের তিন মাস পূরণ হলো আজ। ৩১ ডিসেম্বর, ২০১৯। চীনের উহান শহরে এদিন ধরা পড়েছিল নতুন এক ভাইরাস, পরে যার নাম দেয়া হয় নভেল করোনা ভাইরাস বা এনসিওভি-১৯ বা কভিড-১৯।তখনও হয়তো কেউ ভাবেনি, মাত্র কয়েক মাসের ব্যবধানেই এতটা প্রাণঘাতী হয়ে উঠবে এই ভাইরাস। এই ক’দিনেই বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এতে আক্রান্ত হয়েছেন অন্তত আট লাখ মানুষ, প্রাণ হারিয়েছেন ৪০ হাজারেরও বেশি।করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের হিসাবে, বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৫২৯ জন। মারা গেছেন ৪০ হাজার ৬৭২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ১ লাখ ৭৪ হাজার ৩৫৯ জন।প্রায় দুই মাসের বেশি সময় আক্রান্তের সংখ্যায় সবার ওপর ছিল চীন। তবে গত দু’সপ্তাহেই সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত প্রায় পৌনে দুই লাখ মানুষের শরীরে নভেল করোনভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩ হাজার ৪২৪ জন। সেখানে গত ২৪ ঘণ্টাতেই মারা গেছেন ২৮৩ জন।করোনায় গত এক মাসেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। দেশটিতে এপর্যন্ত ১২ হাজার ৪২৮ জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৭৯২ জন।অনেকটা একই অবস্থা স্পেনেরও। দেশটিতে ৯৪ হাজার ৪১৭ জন আক্রান্ত ও ৮ হাজার ২৬৯ জন মারা গেছেন।চীনে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫১৮ জন, মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৫ জনের।এছাড়া, জার্মানি, ইরান, ফ্রান্স, যুক্তরাজ্যও ভয়াবহ করোনা মহামারিতে ভুগছে।

শরীয়তপুর হাসপাতালে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু

0

শরীয়তপুর সদর হাসপাতালে আইসোলেশনে ভর্তি থাকা ৩৪ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। ওই যুবকের বাড়ি নড়িয়া উপজেলায়। তিনি পেশায় শ্রমিক ছিলেন।শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, শ্বাসকষ্ট, জ্বর ও কাশি থাকায় ওই যুবককে মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে ১৯ মার্চ কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষায় তার যক্ষ্মা ধরা পড়ায় তাকে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা শেষে ২৩ মার্চ তিনি সদর হাসপাতাল থেকে বাড়িতে চলে যান।শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনির আহমেদ খান বলেন, তিনি নড়িয়া এলাকার বাসিন্দা। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। শারীরিক অবস্থা খারাপ ছিল তার। শ্বাসকষ্ট থাকায় তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। চিকিৎসা দেয়া অবস্থায় তিনি মারা যান।শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এসএম আবদুল্লাহ আল মুরাদ বলেন, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে। আইইডিসিআর থেকে ফল পেতে দুই দিন সময় লাগতে পারে। তার পরিবার যে জায়গায় দাফন করতে চায়, স্বাস্থ্যবিধি বজায় রেখে সেখানেই ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা লাশ দাফন করে আসবেন।এদিকে ওই ব্যক্তির আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এ ব্যাপারে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম জানান, ওই যুবক নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তিনি একজন শ্রমিক। দীর্ঘদিন ধরে যক্ষ্মা রোগে ভুগছিলেন। বর্তমান পরিস্থিতি চিন্তা করে তার বাড়ির আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।

বিএসএমএমইউয়ে করোনার পরীক্ষা শুরু, ফল ৪ ঘণ্টায়

0

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের (বেতার ভবনের দ্বিতীয়তলা) ভাইরোলজি বিভাগের তত্ত্বাবধানে ফিভার ক্লিনিক ল্যাবরেটরিতে আজ (বুধবার) থেকে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়েছে। করোনাভাইরাস পরীক্ষার ফল পাওয়া যাবে মাত্র ৪ ঘণ্টায়।বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে মঙ্গলবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন কর্তৃক পিপিই, অ্যান্টিসেপটিক হ্যান্ডরাব সল্যুশনসহ করোনাভাইরাস সংশ্লিষ্ট সুরক্ষা সামগ্রী প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ কথা জানান। রোগীরা সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীরা এ পরীক্ষাটি বিনামূল্যে করাতে পারবেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা রোগীর সঙ্গে কথা বলে লক্ষণ বিচার করবেন। তারা যে ব্যক্তিকে করোনায় আক্রান্ত বলে সন্দেহ করবেন কেবল তাকেই পরীক্ষা করবেন। রোগীর নমুনা সংগ্রহের পর ৪ ঘণ্টার মধ্যে ফল জানা যাবে।বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাংলাদেশ বেতার ভবনের নিচতলায় স্থাপিত ফিভার ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ গ্রহণের পর যেসব রোগী করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার জন্য নির্ধারিত হবেন সেসব রোগীরাই এই পরীক্ষাটি করাতে পারবেন। তিনি বলেন, আমাদের এখানে যে পদ্ধতিতে করোনাভাইরাস শনাক্ত করা হবে, তা হলো পিসিআর পদ্ধতিতে মলিকুলার টেস্ট; এটি রক্তের পরীক্ষা নয়। যে কোনো ব্যক্তি আমাদের হাসপাতালে এসে করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষা করতে পারবেন।বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, সর্দি, কাশি, জ্বরে আক্রান্তদের চিকিৎসার জন্য আমরা ফিভার ক্লিনিক নামে একটি বিভাগ চালু করেছি। যে কেউ আমাদের হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারবেন। আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের মধ্যে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হবে, তাদেরও পরীক্ষা করা হবে।