Home Blog Page 3052

নিজের ৭ মাসের বেতন দুস্থদের দিয়ে দিলেন এরদোগান

0

করোনার ভয়াল আঘাত ভেঙেচুরে তছনছ করে দিচ্ছে বিশ্ব। বাদ যায়নি এরদোগানের দেশ তুরস্কও। দেশটিতে ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। মৃত্যু হয়েছে ১৬৮ জনের। ইউরোপের দেশ হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একটি তহবিল গঠন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। নিম্নআয়ের ও দুস্থ মানুষকে সাহায্যের জন্য গঠিত ‘ন্যাশনাল সলিডারিটি ক্যাম্পেইন’ নামে ওই তহবিলের কার্যক্রম তিনি শুরু করেছেন নিজের সাত মাসের বেতনের অর্থ দিয়ে।

গতকাল সোমবার (৩০ মার্চ) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এরদোয়ান এই তহবিল গঠনের ঘোষণা দেন।

এই ভাইরাসের কারণে সারাবিশ্বের মতো তুরস্কের অর্থনৈতিক কর্মকাণ্ডও স্থবির হয়ে পড়েছে। ফলে সবচেয়ে বেশি বিপদে পড়েছে নিম্নআয়ের মানুষ। এদের সহায়তায় ওই তহবিল গঠনের ঘোষণা দিয়ে এরদোগান বলেন, নিজে সাত মাসের বেতনের অর্থ দিয়ে আমি আজ এই ক্যাম্পেইন শুরু করলাম। এই ক্যাম্পেইনে মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা ৫২ লাখ লিরার বেশি অনুদান দিয়েছেন।

তিনি জানান, করোনাভাইরাসের বিস্তাররোধে নেয়া কার্যক্রমে যে নিম্নআয়ের মানুষেরা সবচেয়ে বেশি ভুগছেন তাদের সাহায্য-সহযোগিতার জন্য এই তহবিল গঠন করা হয়েছে।

করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য তুরস্কের চিকিৎসাবিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে এরদোগান বলেন, অন্য দেশের তুলনায় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো। আমাদের বিজ্ঞানী-গবেষকরা এই ভাইরাসের প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বছর শেষেই একটি ফল পাবো বলে আমরা আশাবাদী।

এসময় করোনার বিস্তাররোধে সরকারের নানা কার্যক্রমের কথা জাতির উদ্দেশে তুলে ধরেন এরদোগান।
সূত্র- হুরিয়াত ডেইলি নিউজ।

চীন-রাশিয়া-উত্তর কোরিয়ার করোনা চিত্রে ধাঁধায় মার্কিন গোয়েন্দারা

0

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মারাত্মক করোনাভাইরাসের উৎপত্তি হয়েছিল চীনে। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার পর ভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে চীনে। এরই মধ্যে আক্রান্তের সংখ্যায় চীনকে টপকে গেছে যুক্তরাষ্ট্র। মৃত্যুপুরীতে পরিনত হয়েছে ইতালি,স্পেন ও যুক্তরাষ্ট্র। তবে চীনের মিত্র দেশ বলে পরিচিত উত্তর কোরিয়া ও রাশিয়ায় তুলনামূলক করোনার সংক্রমণ কম। এটা কেন এবং কিভাবে ঘটছে সেটা নিয়ে ধন্দে পড়েছেন মার্কিন গোয়েন্দারা। তারা এই ঘটনার রহস্য কিছুতেই উদঘাটন করতে পারছেন না।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি বিশ্বের করোনভাইরাস প্রাদুর্ভাবের সঠিক কারণ ও চিত্র  উদঘাটনের করার চেষ্টা করছেন। গোয়েন্দা প্রতিবেদনের সাথে যুক্ত মার্কিন সরকারের পাঁচ সূত্রে জানা গেছে, তারা চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার পরিস্থিতি মূল্যায়নের দক্ষতার ক্ষেত্রে গুরুতর অসামঞ্জস্যতা খুঁজে পেয়েছেন।

দু’টি সূত্র জানিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলি ইরানের মহামারিটির প্রভাব সম্পর্কেও সীমিত অন্তর্দৃষ্টি রেখেছেন। যদিও সেখানে জনসাধারণের পাশাপাশি সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদেরও সংক্রমণ ও মৃত্যুর বেশ কিছু ঘটনা ঘটেছে।

এই চারটি দেশ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির ‘কঠোর লক্ষ্য’ হিসাবে পরিচিত, কারণ এসব দেশের তথ্যের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল এবং সাধারণ সময়ে এমনকি তাদের বন্দি নেতৃত্বের বিষয়েও তথ্য জানা কঠিন। ফলে খুব সতর্কতার সঙ্গে এসব দেশের তথ্য জোগাড়ে নেমেছে মার্কিন গোয়েন্দারা।

বিশেষজ্ঞরা বলছেন, এই দেশগুলির প্রাদুর্ভাবের সঠিক মূল্যায়ন মার্কিন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোভিড-১৯ এর মানবিক ও অর্থনৈতিক ক্ষতিগুলি কমিয়ে আনতে এটা আন্তর্জাতিক প্রচেষ্টাকে সহায়তা করবে।

গোয়েন্দা সংস্থাগুলি কেবল সঠিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাই অনুসন্ধান করছে না, বরং সংকটটি কিভাবে সেসব দেশে মোকাবেলা করা হচ্ছে সেটার দিকেও গভীর নজর রাখা হচ্ছে।

মার্কিন ফরেন ডিজেস্টার অ্যাসিসট্যান্ট ও সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট এর নেতৃত্বদানকারী থিঙ্কট্যাঙ্কের বিশেষজ্ঞ জেরেমি কোয়ানডিক বলেছেন, ‘বিশ্বজুড়ে এই মহামারি ছড়িয়ে পড়ার মূল হটস্পটগুলি কোথায় এবং সেগুলি কিভাবে বিকশিত হচ্ছে সে সম্পর্কে আমরা যথাযথ এবং রিয়েল-টাইম তথ্য পেতে চাই। পৃথিবী এই ভয়ঙ্কর জিনিস থেকে যতক্ষণ মুক্তি পাবে না ততক্ষণ আমরা এই প্রচেষ্টা সর্বত্র চালিয়ে যাবো।’

নাম প্রকাশ না করার শর্তে একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি সর্বপ্রথম জানুয়ারিতে করোনাভাইরাস সম্পর্কে রিপোর্টিং শুরু করে এবং চীনের প্রাদুর্ভাব সম্পর্কে মার্কিন আইনজীবীদের প্রথম দিকে সতর্কবার্তা সরবরাহ করেছিল। যেখানে এটি গত বছরের শেষ দিকে উহান শহরে উদ্ভূত হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের পরিসংখ্যানে দেখা গেছে, প্রায় ২০০ টি দেশ ও অঞ্চলে মহামারিটি ছড়িয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় ৭ লক্ষাধিক মানুষ। শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৪ হাজার। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৭৩ জনের।

ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭ টি গোয়েন্দা সংস্থাকে তদারকি করে তারা এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

চীনের সীমান্ত লাগোয়া দেশ উত্তর কোরিয়া দাবি করেছে সেখানে করোনায় একজনও আক্রান্ত হয়নি। যদিও কিম জং উনের দেশটি আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলিকে মুখোশ ও টেস্ট কিটের মতো প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের জন্য বলেছে।

কোয়ানডিক বলছিলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সূত্র বলেছে, সম্পূর্ণভাবে রুদ্ধ দেশটিতে আসলে সত্যিই কী ঘটেছে সে সম্পর্কে আমরা কিছুই জানি না। এটি একটি পারমাণবিক-সজ্জিত দেশ, যেখানে সরকারকে অস্থিতিশীল করতে পারে এমন বিষয়গুলি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত সংবেদশীল হবে।’

রাশিয়ান কর্তৃপক্ষ দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে। সেখানে এখন পর্যন্ত মোট ১ হাজার ৮৩৬ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং ৯ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রাশিয়ার করোনভাইরাস ছড়িয়ে পড়ার সম্পূর্ণ ব্যাপ্তি জানা গুরুত্বপূর্ণ, কারণ অন্যান্য ১৪ টি দেশের সঙ্গে দেশটির সীমান্ত রয়েছে এবং এটি বাণিজ্য ও ভ্রমণের কেন্দ্রস্থল।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও গত সপ্তাহে রাশিয়া ও ইরানের সম্পর্কে সঠিক তথ্যের ঘাটতির বিষয়ে ইঙ্গিত করেছেন এবং বেইজিংয়ের বিরুদ্ধে তথ্য লুকানোর মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন।

চীন যে ৮১ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল এবং ৩ হাজারেও বেশি মারা গেছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেটাও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। চীন যে বর্তমানে সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় শূন্যে নেমে আসার দাবি করছে এবং নতুন আক্রান্তদের প্রায় সবাই বিদেশফেরত বলছে সেটাও বিশ্বাসযোগ্য নয়।

একটি সূত্র অনুসারে, নতুন কোনও ঘরোয়া সংক্রমণ না হওয়ার বিষয়ে চীনাদের যে দাবি সে সম্পর্কে মার্কিন দৃষ্টিভঙ্গি হল-এর কয়েকটি সত্য হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা চীনাদের এই ভাইরাস নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সন্দেহ পোষণ করে।

কোয়ানডিক বলেছেন, বেইজিং প্রাথমিক প্রাদুর্ভাবের তীব্রতা গোপন করেছে এবং এখনও সেখানে সঠিক চিকিৎসা করা হচ্ছে বলে মনে হয় না। চীন অত্যন্ত বড় জনসংখ্যার একটি দেশ হয়েও যেভাবে অতিদ্রুত মহামারি করোনার বিকাশ রোধ করতে সক্ষম হয়েছে সেটা নিঃসন্দেহে তাদের তাদের বড় সফলতা। যদি তাদের সংক্রমণ ও মৃত্যুর দাবি সঠিক হয়। সারা বিশ্বের জন্য সত্যটা জানা খুব জরুরি। চীন কিভাবে এই মহারিকে নিয়ন্ত্রণ করলো এবং এর সঙ্গে খাপ খাইয়ে নিল সেই রহস্য জানা সত্যিই গুরুত্বপূর্ণ।’

সূত্র- রয়টার্স।

শিগগিরই করোনার মহামারি থেকে মুক্ত হচ্ছে ইতালি!

0

করোনায় কাঁপছে ইতালি। দেশটির হাজার হাজার মানুষ প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন শত শত মানুষ। ইউরোপের এই দেশটিতে মহমারি আকারে দেখা দিয়েছে করোনা। কিন্তু আশার বাণী শোনাচ্ছে ইতালির রোমভিত্তিক ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সবিষয়ক ইনস্টিটিউট আইনাডি। তারা বলছে, মে মাসের ৫ তারিখের দিকে করোনার মহামারি শেষ হবে ইতালিতে।

ইনস্টিটিউটটি মহামারি সংক্রান্ত সব ধরনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি অ্যালগরিদমের ওপর ভিত্তি করে এই পূর্বাভাস দিয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা, হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা, সুস্থ ও মারা যাওয়ার সংখ্যা বিবেচনা করে তারা এই ধরনের পূর্বাভাস দিয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, মহামারির তীব্র পর্যায়টি এপ্রিলের মাঝামাঝি নাগাদ শেষ হয়ে যাবে।

ইতালির ট্রেন্তিনো-দক্ষিণ টাইরোলের উত্তরাঞ্চলটিতে এপ্রিল ৬ তারিখে জরুরি অবস্থা শেষ হবে। আশা করা হচ্ছে, এরপরে বেসিলিকাটা, লিগুরিয়া ও আম্বরিয়ার মধ্য অঞ্চলগুলোর জরুরি অবস্থা শেষ হবে এপ্রিলের ৭ তারিখে। লাজিও অঞ্চলে করোনা নতুন করে আক্রান্তের সংখ্যা শেষ হবে ১৬ এপ্রিলের মধ্যে। ভেনেটো ও পাইডমন্টের উত্তর অঞ্চলগুলোতে, যেখানে করোনা রোগী প্রথম সনাক্ত হয়; সেখানে ১৪ ও ১৫ এপ্রিলের মধ্যে করোনার প্রাদুর্ভাব শেষ হবে বলে আশা করা হচ্ছে সংস্থাটির পক্ষ থেকে।

ইতালির লম্বার্ডি এবং এর প্রশাসনিক কেন্দ্র মিলানোতে সবচেয়ে ভয়াবহ থাবা বসিয়েছে করোনা। তবে এপ্রিলের ২২ তারিখের মধ্যে করোনার নতুন করে আক্রান্তের সংখ্যা শেষ হবে সেখানে। এমিলিয়া-রোমগনার সংলগ্ন অঞ্চল, যেখানে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী পাওয়া যায়, সেখানে ২৮ এপ্রিলের পর নতুন কোনো করোনা রোগী পাওয়া যাবে না। আর মে মাসের ৫ তারিখে করোনা মুক্ত হবে ইতালির তস্ক্যানা নামক অঞ্চল। ইতালির স্বাস্থ্যবিষয়ক উপমন্ত্রী পিয়েরপাওলো সিলারিকেও করোনা ধরে বসে। কিন্তু বর্তমানে তিনি সুস্থ। তিনি জানান, সাত থেকে ১০ দিনের মধ্যেই ইতালিতে করোনার আক্রান্তের সংখ্যা কমে যাবে।

ইতালির সিভিল প্রটেকশন ডিপার্টমেন্টের তথ্য মতে, গতকাল সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আটশ ১২ জন মারা গেছেন। আর নতুন করে করোনা সনাক্ত করা হয়েছে এক হাজার ছয়শ ৪৮ জনের শরীরে। মহামারি শুরু হওয়ার পর থেকেই সবচেয়ে বেশি কম রোগী পাওয়া গেছে গতকাল। তবে মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এক লাখ এক হাজার সাতশ ৩৯ জন বর্তমানে করোনা আক্রান্ত।

করোনা মোকাবেলায় ‘টাইগার ফোর্স’ গড়বে পাকিস্তান

0

করোনার ভয়াল আঘাত ভেঙেচুরে তছনছ করে দিচ্ছে বিশ্ব। বাদ যায়নি ইমরান খানের দেশ পাকিস্তানও। বরং দেশটির অবস্থা আরও ভয়ের, কারণ সেখানে সংক্রমণ ঠিক কতটা ছড়িয়েছে সে ব্যাপারে স্পষ্ট অনুমানও করতে পারছে না প্রশাসন। জনগণ কোয়ারেন্টিন মানেন না, রাস্তাঘাটে ঘুরছেন। মসজিদগুলো বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির ইসলামপন্থীরা।

এই পরিস্থিতিতে সোমবার রাতে বাংলাদেশ সময়ের সাড়ে ১০ টা নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী ইমরান খান। সংক্ষিপ্ত বক্তৃতায় ইমরান বলেন, করোনা সংক্রমণের মোকাবেলায় আমেরিকা বা উন্নত দেশগুলি যে পরিমাণ অর্থ খরচ করছে তেমন সাধ্য ও সংস্থান ইসলামাবাদের নেই। কিন্তু ইসলামাবাদের যা রয়েছে আবার অনেকেরই নেই। তা হল, ইমান অর্থাৎ স্বাভিমান ও যুবশক্তি। করোনা সংক্রমণের মোকাবেলায় এই দুই শক্তিকেই কাজে লাগাতে চায় তাঁর সরকার। সেই জন্যই গঠন করা হচ্ছে ‘টাইগার ফোর্স’।

কারা থাকবে টাইগার ফোর্সে?

ইমরান খান বলেন, এটা কোনও সামরিক বাহিনীর অংশ নয়। বরং স্বেচ্ছায় যারা দেশের সেবা করতে চান এই বাহিনীতে তারা যোগ দিতে পারেন। সরকার ও সামরিক বাহিনীর পরামর্শমতো তারা কাজ করবেন। কোনও প্রদেশে লকডাউন ঘোষণা করা হলে এরাই গরিব ও প্রান্তিক মানুষের কাছে রেশন ও ওষুধ পৌঁছে দেবেন। সেই সঙ্গে মানুষকে বোঝাবেন কোয়ারেন্টাইনে থাকা কেন জরুরি। ইমরান বলেন, অল্পবয়সী ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, ছাত্র সবাই এই বাহিনীতে যোগ দিতে পারেন।

এদিন বক্তৃতার সময় ইমরান বারবার ইসলামিক আদর্শ ও মূল্যবোধের প্রসঙ্গ তুলে আনেন। বলেন, ইসলামের দর্শনই হল গরিবের সেবা করা। সেই সঙ্গে ইমানদারির সঙ্গে জীবনযাপন করা। যারা এই দুর্দিনের সুযোগ নিয়ে খাবার মজুতদারি করবেন, যাদের কারণে গরিব মানুষের খাবারের সঙ্কট হতে পারে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

এ ছাড়া প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলও ঘোষণা করেছেন পাক প্রধানমন্ত্রী। সেই সঙ্গে জানিয়েছেন, এই তহবিলে কেউ অর্থ দান করলে সরকার জানতেও চাইবে না সেই উপার্জনের উৎস কী। তা ছাড়া কর ছাড়ের সুবিধাও পাওয়া যাবে।

উল্লেখ্য, ওয়ার্ড ওমিটারের দেওয়া তথ্য মতে পাকিস্তানে করোনাভাইরাসে এখন পর্যন্ত (৩১ মার্চ বিকাল) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬৫ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৫ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছে চারজন। আক্রান্ত হয়েছে ১৪৮ জন।

সূত্র- দ্য নিউজ।

বিয়ে পিছিয়ে দিয়ে ‘করোনাযুদ্ধে’ নারী চিকিৎসক

0

করোনায় কাঁপছে ভারত। শত শত মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। এমন অবস্থায় রবিবারই বিয়ে হওয়ার কথা ছিল ভারতের কেরালার কুন্নুরে কর্মরত চিকিত্‍সক সাফির। কিন্তু করোনার রোগীদের সেবা করার জন্যই বিয়েটা পিছিয়ে দিলেন তিনি। মনোযোগ দিয়েছেন চিকিৎসাসেবায়।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সাফির বিয়ে হওয়ার কথা ছিল গত রবিবার। কিন্তু তিনি সেই বিয়ের দিন পিছিয়ে দিলেন। কারণ, তিনি চিকিত্‍সক। দেশের এই পরিস্থিতির মধ্যে বিয়ে করার মতো বিলাসিতা তার জীবনে আর নেই। তার জীবনের যা পেশাগত কর্তব্য, তাই তিনি পালন করলেন। বিয়ের দিনটা পুরোটাই কাটল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। রবিবার চিকিত্‍সক হিসেবে রোগী সেবা করেই দিন কাটালেন তিনি।

সাফির স্বামী দুবাইয়ের ব্যবসায়ী। ২৯ মার্চ বিয়ের জন্যই তিনিও তৈরি ছিলেন। কিন্তু কনে বলে দিল, এখন বিয়ে হবে না। আগে দেশের অবস্থা ভালো হউক। আপাতত চিকিত্‍সক হিসেবে কাজ করতে চান তিনি। তবে এই নিয়ে বিশেষ কথা বলতে চান না সাফি। তিনি বলেন, দেখুন বিয়ে অপেক্ষা করতে পারে, অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি, তারা অপেক্ষা করতে পারবেন না। তাই আমি আমার কর্তব্য পালন করছি মাত্র। এর বাইরে কিছুই নয়। এটা নিযে এতো আলোচনার কোনো প্রয়োজন নেই।

রবিবারই বিয়ের পোশাকে থাকার কথা ছিল তার কিন্তু সেদিনই তিনি হাসপাতালে পরে আছেন পিপিই। তিনি বললেন, ‌বন্ধুরা এই নিয়ে ইয়ার্কি মারছে। বাড়ির লোকেরাও হাসি ঠাট্টা করছে, কিন্তু সবার মানসিক সমর্থন ছাড়া আমি এই সিদ্ধান্ত নিতে পারতাম না। মা বাবা, আমার কথায় একবারে রাজি হয়ে গিয়েছিলেন, আমার হবু স্বামীও রাজি হয়েছেন একবারেই। আমি তাদের কাছেও কৃতজ্ঞ।

সূত্র: নিউজ এইটিন।

স্পেনে লাশ আর লাশ, ২৪ ঘণ্টায় আরও ৮৪৯ জনের মৃত্যু!

0

করোনার মৃত্যুপুরী স্পেনে লাশ আর লাশ। ইউরোপের দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৪৯ জনের প্রাণ কেড়েছে ভয়ঙ্কর করোনাভাইরাস। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪০০ জনের বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন মোট ৮ হাজার ১৮৯ এবং আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৪১৭ জন।

করোনাভাইরাসে প্রাণহানির এই তথ্য নিশ্চিত করে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশে নতুন করে আরও ৯ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। যা আগের দিনের সংক্রমণের চেয়ে ৩ হাজার বেশি।

করোনা মহামারিতে বিপর্যস্ত স্পেনের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর লক্ষ্যে দেশটিতে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের মাঝেও দেশটির বিভিন্ন প্রান্তে করোনার প্রকোপ ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।

এই মুহূর্তে ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পরই করোনার সর্বোচ্চ প্রকোপ স্পেনে। ইতালিতে প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৭৩৯ এবং মারা গেছেন ১১ হাজার ৫৯১ জন। অন্যদিকে, স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৪১৭ জনে পৌঁছেছে।

এদিকে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটিতে মোট আক্রান্ত প্রায় ১ লাখ ৬৪ হাজার ৩৫৯ জন। আর মৃত্যু বেশি হয়েছে ইতালিতে। দেশটিতে মারা গেছে ১১ হাজার ৫৯১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ৮ লাখ ছুঁই ছুঁই। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৭ লাখ ৯৯ হাজার ৭৪১, মারা গেছেন ৩৮ হাজার ৭২১ এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন।

সূত্র- ইন্ডিপেন্ডেন্ট ইউকে।

সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ল

0

করোনাভাইরাস দেশে ছড়িয়ে পড়া প্রতিরোধে সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন। এবার আসন্ন পহেলা বৈশাখের অনুষ্ঠান না করার কথাও বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ছুটি দিয়েছিলাম, হয়তো আমাদের আরো কয়েকদিন বাড়াতে হতে পারে। কারণ অনেকে গ্রামে চলে গেছেন সেখানে কোনো রকম যেন এ রোগের প্রার্দুভাব দেখা না দেয় সে সময়টা হিসেব করে- আমরা ১০/১২ দিনের ছুটি দিয়েছিলাম। এটা ১৪ দিন করতে হবে। … ৯ তারিখ পর্যন্ত হতে পারে। ছুটিটা সীমিত আকারে আমাদের একটু বাড়াতে হবে।’

শেখ হাসিনা বলেন, করোনা প্রতিরোধে মানুষের করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। আপনারা এসব নির্দেশনা মেনে চলুন। কেননা নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে হবে।

এ সময় সবাইকে ঘরে অবস্থানের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

চলছে মৃদু তাপপ্রবাহ, থাকবে আরো কয়েকদিন

0

টানা পঞ্চম দিনের মতো দেশে চলছে মৃদু তাপপ্রবাহ। গত  শুক্রবার (২৭ মার্চ) দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ শুরু হয়। চলতি মাসের অবশিষ্ট দিনগুলোতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

সাধারণত, ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে একে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আবহাওয়া অফিসের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বরিশাল বিভাগের ছয়টি জেলায় শুক্রবার থেকে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে, যা গতকাল শনিবারও অব্যাহত ছিল। এ ছাড়া ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ চলে।

আবহাওয়াবিদরা বলছেন, সাধারণত মার্চের শেষ সময় থেকে দেশে তাপপ্রবাহ শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এটি চলবে মে মাসের শেষ পর্যন্ত। ক্ষেত্রবিশেষে তা জুন পর্যন্তও যেতে পারে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায় ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। ১৭টি জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে বলা হয় মাঝারি তাপপ্রবাহ আর ৪০ থেকে ওপরে উঠলে বলা হয় তীব্র তাপপ্রবাহ।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, সীতাকুণ্ড, রাঙ্গামাটি ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থেকে বিস্তার লাভ করতে পারে। এ ছাড়া আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের উত্তরাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে।

ফরিদপুরে ৩৬ দশমিক ৩ ডিগ্রি, সীতাকুণ্ডে ৩৬ দশমিক ১ ডিগ্রি, রাঙ্গামাটিতে ৩৭ ডিগি এবং কক্সবাজারে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।

নিজামুদ্দিনের সেই মসজিদে যাওয়া আরো ২৪ জনের করোনা

0

দিল্লিতে একটি মসজিদে হওয়া ধর্মীয় সমাবেশ থেকে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ, যা ঠেকাতে একরকম ব্যর্থ অরবিন্দ কেজরিওয়াল সরকার। তাবলিগ-জামাতের ওই সমাবেশে যোগ দিয়ে বহু মানুষ করোনা আক্রান্ত হয়েছে এবং এরই মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের।

এ ঘটনা প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেছে আপ সরকার। নিজামুদ্দিনের ওই মসজিদটি সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। পাশাপাশি দিল্লির পশ্চিম নিজামুদ্দিনে তাবলিগ-ই-জামাতের মসজিদ থেকে কমপক্ষে ৮৫০ জনকে অন্য একটি জায়গায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

তাবলীগ জামাতের সাদপন্থীদের ‘হেড-কোয়ার্টার’ হিসেবে পরিচিত সেই মসজিদে কমপক্ষে ২০০ জনের শরীরের নমুনা সংগ্রহ করে করোনা সংক্রমণ হয়েছে কিনা তার জন্যে পরীক্ষা করতে পাঠানো হয়েছে। এরই মধ্যে ২৪ জনের শরীরে ওই সংক্রমণ হয়েছে বলে প্রমাণও মিলেছে। সংক্রমিতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছে দিল্লি সরকার। এরই মধ্যে ওই মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, গত ১ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির ওই মসজিদে অন্তত ২ হাজার মানুষের সমাগম হয়েছিল। দিল্লিতে ওই মসজিদে শুধু ভারত নয়, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজিস্তান থেকেও মানুষজন এসে ওই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। সেখান থেকেই ব্যাপক হারে মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

এভাবে করোনা ভাইরাস সংক্রমণের ঘটনায় দিল্লির ওই মসজিদের মাওলানার বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে কেজরিওয়াল সরকার।

মারাত্মক করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে যেখানে সমস্ত রকম সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে বারবার অনুরোধ জানাচ্ছে কেন্দ্রীয় সরকার, ঠিক সেই সময় ওই নিয়ম উপেক্ষা করে এই মাসের শুরুর দিকে ১০০ বছরেরও পুরনো ওই মসজিদে একটি ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয়। ১৯২৬ সালে স্থাপিত ওই মসজিদে পৃথিবীর নানা দেশে থেকে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা ওই অনুষ্ঠানে যোগ দেন।

ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর করোনা সংক্রমণের কারণে প্রাণ খোয়াতে হলো তেলেঙ্গানার ৬ বাসিন্দাকে, মারা গেছেন শ্রীনগরেরও এক ব্যক্তি। এদিকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ওই জমায়েতে অংশ নেওয়া ৯ ব্যক্তির মধ্যে করোনা সংক্রমণের প্রমাণ মিলেছে। পাশাপাশি তাঁদের মধ্যে এক ব্যক্তির স্ত্রীর দেহেও মিলেছে ওই মারণ ভাইরাস সংক্রমণের প্রমাণ।

করোনাভাইরাস : একদিনেই ৫৪০ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার যুক্তরাষ্ট্রে মারা গেছেন পাঁচশ ৪০ জন। দেশটিতে করোনা রোগী শনাক্তের পর গতকালই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গেল। এতে করে করোনা আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার একশ ৬৬ জনে।

সে দেশে এখন পর্যন্ত এক লাখ ৬৪ হাজার দু’শ ৫৩ জন আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিন হাজার পাঁচশ ১২ জনের অবস্থা গুরুতর। পরিস্থিতি বিবেচনায় রেখে এক হাজার শয্যাবিশিষ্ট নৌ-বাহিনীর ভাসমান হাসপাতাল আশার আলো দেখাচ্ছে নিউইয়র্কের বাসিন্দাদের।

জানা গেছে, তেলের জাহাজ নতুনভাবে রঙ করে করোনা মোকাবেলার লড়াইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। জাহাজটি ভেসে যাওয়ার সময় নিউইয়র্ক এবং নিউজার্সির বাসিন্দারা হাডসন নদীর তীরে দাঁড়িয়ে উল্লাস করছিল।

মার্কিন নৌ-বাহিনী বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়নি, এমন রোগীদের চিকিৎসা দেওয়া হবে সেই জাহাজে। যাদের সার্জারি দরকার এবং বিশেষ সেবা দরকার, তাদের ঝুঁকিমুক্ত রাখতে হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হবে।

নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, এটি একটি যুদ্ধকালীন পরিস্থিতি এবং আমাদের সবাইকে একসাথে লড়তে হবে।