Home Blog Page 3055

৮০ বছরের বৃদ্ধসহ সুস্থ আরো ৪

0

দেশে গত ২৪ ঘণ্টায় আরো চারজন করোনা রোগী সুস্থ হয়েছেন। এঁদের মধ্যে একজনের বয়স ৮০ বছর। এ ছাড়া সুস্থদের মধ্যে দুজন রয়েছেন যাঁদের বয়স ষাটোর্ধ। আর নতুন করে একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

আজ সোমবার (৩০ মার্চ) করোনাভাইরাসসংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে করা ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ফ্লোরা বলেন, যাঁরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে শনাক্ত করা হয়েছিল গত ২৪ ঘণ্টায় তাঁদের মধ্যে আরো চারজন করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। এ পর্যন্ত সর্বমোট করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন ১৯ জন। যে চারজন সর্বশেষ করোনামুক্ত বা সুস্থ হয়েছেন তাঁদের একজনের বয়স ৮০ বছর। আর দুইজন আছেন ষাটোর্ধ। অর্থাৎ সবাইকে মনে রাখতে হবে বয়োজ্যেষ্ঠ মানেই ঝুঁকিপূর্ণ নয়। তবে বয়োজ্যেষ্ঠদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

আইইডিসিআর পরিচালক বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় আরো একজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। নতুন এই করোনা রোগী একজন নারী। তাঁর পূর্ণাঙ্গ তথ্য পরে জানানো হবে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা আইডিসিআর-এর হটলাইনে মোট কল পেয়েছি চার হাজার ৭২৫টি। এর সবই কোভিড-১৯ সংক্রান্ত পরামর্শের জন্য। গত ২৪ ঘণ্টায় আমরা ১৫১টি নমুনা পরীক্ষা করেছি। এর মধ্যে তিন হাজার ৯৯৭টি কোভিড ১৯ সংক্রান্ত। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি ১৫৩টি। এর মধ্যে অন্যান্য যেসব জায়গায় সম্প্রসারণ করা হয়েছে সেসব ল্যাবরেটরিও অন্তর্ভুক্ত রয়েছে। সর্বমোট এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১৩৩৮টি। এর মধ্যে আমরা এ পর্যন্ত রোগীর করোনা সংক্রমণ নিশ্চিত করেছি ৪৯টি। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আরো একজনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

আইইডিসিআর পরিচালক আরো বলেন, নমুনা সংগ্রহ করে যেসব পরীক্ষা করা হয়েছে তাতে আইইডিসিআর, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান এবং চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড  ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি)-এর তথ্য সংযোজিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, যে ৩৬ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন গতকাল পরীক্ষা-নিরীক্ষা শেষে করোনা সংক্রমণ না থাকায় তাঁদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এখন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৩২ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে গেছেন ছয়জন। বর্তমানে আইসোলেশনে আছেন মোট ৬২ জন। এ পর্যন্ত সর্বমোট ২৮৩ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে।

হাসপাতালে বিনামূল্যে পিপিই দেবে ইউএস-বাংলা

0

চিকিৎসক ও নার্সসহ চিকিৎসা সেবায় নিয়োজিতদের সুরক্ষায় দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দূর না হওয়া পর্যন্ত বিনামূল্যে পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) সরবরাহের উদ্যোগ নিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

চীন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী তৈরী পিপিই নিয়ে আসবে ইউএস-বাংলার নিজস্ব বিমানে। দেশের সকল সরকারী-বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকরা হটলাইন নাম্বার ফোন দিয়ে পিপিই-র চাহিদা জানালে ইউএস-বাংলা এয়ারলাইন্স সরবরাহ করবে।

এ প্রসঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, “করোনাভাইরাস ঝড়ে কাঁপছে পুরো বিশ্ব। বর্তমান প্রেক্ষাপটে চিকিৎসক ও নার্সদের পর্যাপ্ত সুরক্ষার মাধ্যমে এই সঙ্কটময় পরিস্থিতিতে রোগীর সেবা দেয়া খুবই জরুরী। এ অবস্থায় আমরা পিপিই সরবরাহের মাধ্যমে চিকিৎসা সেবায় নিয়োজিতদের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি বলেন, “গত জানুয়ারী থেকে এখন পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আমদানিকৃত করোনাভাইরাসের আক্রমণ থেকে রক্ষার জন্য মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার, ইনফ্রারেড থার্মোমিটারসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী বাংলাদেশ থেকে চায়নায় ফ্লাইট চালানোর একমাত্র অনুমতিপ্রাপ্ত এয়ারলাইন্স ইউএস-বাংলা চায়না থেকে আসা ফ্লাইটে সাধারন কার্গোর পরিবর্তে বিনামূল্যে পরিবহন করেছি ।”

মেডিকেল কলেজ হাসপাতালগুলোর পরিচালকরা হটলাইনে যোগাযোগ করলে চাহিদামত পিপিই দ্রুত সরবরাহ করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। হটলাইন নম্বর : ০১৯২৯ ৪১৭৩০৬।

মঙ্গলবার ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর

0

করোনাভাইরাস প্রতিরোধে আগামীকাল মঙ্গলবার ভিডিও কনফারেন্সে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হবেন।

করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষে বিভিন্ন নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

করোনায় বন্ধ স্কুল, টিভিতে মাধ্যমিকের ৮ ক্লাস আজ

0

করোনাভাইরাসের কারণে বন্ধ স্কুল। শিক্ষার্থীদের জন্য এ অবস্থায় চালু করা হয়েছে  ‘আমার ঘরে আমার স্কুল’ নামে সংসদ বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শিক্ষামূলক অনুষ্ঠান। অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ।

আজ সোমবার ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বিভিন্ন বিষয়ের ৮টি ক্লাস করানো হবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে এসব ক্লাস।

দেশে করোনা ভাইরাসের কারণে আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ লক্ষ্যে ‘আমার ঘরে আমার স্কুল’ এই শিরোনামে মাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) শিক্ষার্থীদের জন্য সংসদ বাংলাদেশ টেলিভিশনে ক্লাসের আয়োজন করা হয়েছে।

শিক্ষামূলক অনুষ্ঠানে দুপুর ১২টা পর্যন্ত আটটি বিষয়ের ক্লাস প্রচার করা হবে। প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার হবে, তার সঙ্গে প্রতিদিনের শিক্ষার্থীদের জন্য হোম ওয়ার্ক (বাসার কাজ) দেয়া হবে। পরদিন টেলিভিশনের স্ক্রিনে সঠিক উত্তরগুলো দেখানো হবে। সেদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রচার হওয়া ক্লাসগুলো পুনঃপ্রচার করা হবে।

অনুষ্ঠানগুলো অনলাইনেও প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। টেলিভিশনে প্রচার হওয়া সকল ক্লাস কিশোর বাতায়নে দেয়া হবে। শিক্ষার্থীরা যেকোনো সময়ে তা দেখতে পারবে। সেখানে নানা ধরণের কুইজের মাধ্যমেও শিক্ষার্থীরা খেলার ছলে শিখতে পারবে।

আজ সোমবার ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে শ্রেণি কার্যক্রম চলবে ৯টা ৫ মিনিট থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শ্রেণি কার্যক্রম চলবে ৯টা ২৫ থেকে পৌনে ১০টা পর্যন্ত। সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। আর বিজ্ঞান বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে সকাল ১০টা ১০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।

এছাড়া এতে করোনা ভাইরাস সর্ম্পকে সর্তকর্তা ও করণীয় প্রচার করা হবে।

করোনা : প্রধানমন্ত্রীর তহবিলে সাড়ে ১২ কোটি টাকা দিল বিজিবি

0

করোনাভাইরাসের মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১২ কোটি ৫২ লাখ ২ হাজার ৮০০ টাকা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রবিবার ওই টাকার চেক হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, গতকাল বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ভিডিও  কনফারেন্সের মাধ্যমে বিজিবি’র সকল স্তরের সদস্যদের পক্ষ থেকে এক দিনের বেতনের সমপরিমাণ ২ কোটি ৫২ লাখ ০২ হাজার ৮০৩ টাকা এবং বিজিবি’র কল্যাণ তহবিল থেকে ১০ কোটি টাকাসহ সর্বমোট ১২ কোটি ৫২ লাখ ২ হাজার ৮০৩ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে  প্রদান করেন।

করোনায় বাংলাদেশির মৃত্যুতে কাতার সরকারের সমবেদনা

0

কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে সমবেদনা জানিয়েছে কাতার সরকার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, তিনি করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকে নানা রোগে ভুগছিলেন। ১৬ মার্চ তাঁকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছিল।

তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে কাতার সরকারের পক্ষ থেকে।

রবিবার কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদকে ডেকে নিয়ে গিয়ে এই সমবেদনা জানান কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোলওয়াহ বিনতে রশিদ আল খাতর।

বাংলাদেশি নাগরিক মারা যাওয়ায় তার পরিবার, বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ সরকারের কাছে সমবেদনা জানান সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

বিজিএমইএ’র পিপিই পাবেন স্বাস্থ্যকর্মীরা

0

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কর্মীদের বিনামূল্যে ২০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেবে দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

গতকাল রবিবার (২৯ মার্চ) রাতে বিজিএমইএ’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিজিএমইএ’কে পিপিই সরবরাহের অনুরোধ করেছে। এ মুহূর্তে বিতরণের উদ্দেশ্যে প্রাথমিক পর্যায়ে ২০ হাজার পিপিই পোশাক তৈরির উদ্যোগ নিয়েছে বিজিএমইএ। এগুলো প্রথম স্তরের পিপিই (লেভেল-১) এর পরিপূরক হিসেবে প্রস্তুত করা হচ্ছে। তবে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসারত ডাক্তার ও কর্মীদের প্রয়োজন লেভেল ৩/৪ পিপিই।

পিপিই এর ফেব্রিক্স ও আনুষঙ্গিক বিষয়ে ইতো্মেধ্যে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) কাছ থেকে অনুমোদন নিয়েছে বিজিএমইএ।

বিজিএমইএ’র প্রস্তাবিত পিপিই-কে লেভেল-১ পরিপূরক হিসেবে অনুমোদন দিয়েছে ডিজিএইচএস। বর্তমানে বিজিএমইএ’র অনেক সদস্য প্রতিষ্ঠান ফেব্রিক্স দানে এগিয়ে এসেছে। এছাড়া অনেক প্রতিষ্ঠান তাদের স্ব স্ব কারখানায় বিনামূল্যে পিপিই তৈরি করার বিষয়ে বিজিএমইএ’কে প্রস্তাবনাও দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে এসব ফেবিক্স কেনার  জন্য একটি তহবিল গঠন করার বিষয়ে পরিকল্পনা নিয়েছে বিজিএমইএ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পিপিই-এর জন্য ফেব্রিক্স মূলত চীন থেকে আমদানি করতে হয়। আবার, পিপিই পোশাক প্রস্ততের জন্য কারখানাগুলোকে বিশেষ ধরনের সরঞ্জামাদি ব্যবহার করতে হবে। কারখানায় জীবাণুমুক্ত পরিবেশে উৎপাদন কাজ চালাতে হবে। এসবের জন্য প্রশিক্ষণও দরকার। সব মিলিয়ে বাংলাদেশের কারখানায় পিপিই তৈরি করার জন্য অন্তত ছয়  মাস অথবা এর বেশি সময় লাগবে।

শুধুই করোনার কারণে মৃত্যুহার ১ শতাংশেরও নিচে

0

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হচ্ছে তাদের মধ্যে আগে থেকে অন্য কোনো রোগ নেই এমন মানুষের মৃত্যুহার ১ শতাংশের নিচে (০.৯)। আর সর্বোচ্চ মৃত্যু হচ্ছে তাদেরই যাদের বয়স ৮০ বছরের উপরে এবং তাদের মধ্যে যারা আগে থেকেই বিভিন্ন রোগের জটিলতা ভুগছেন। অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরনো হৃদরোগী ছিলেন সর্বোচ্চ। চাইনিজ কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিসিডিসি) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউ এইচ ও) সমন্বিত গবেষণার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

ওই তথ্য অনুসারে, চীনে কভিড-১৯ এ নিশ্চিত আক্রান্ত, সন্দেহজনক আক্রান্ত ও উপসর্গধারী-এই তিন ধরনের রোগীদের মৃত্যু পর্যালোচনা করে দেখানো হয়েছে মাত্র ০.৯ শতাংশ মারা গেছেন যাদের আগে কোনোধরনের রোগযুক্ত (কমোরবিডিটিস) ছিল না। মৃত বাকিদের মধ্যে উল্লেখযোগ্য হার ছিল-হৃদরোগ ১৩.২ শতাংশ, ডায়াবেটিস ৯.২%, শ্বাসতন্ত্রের সমস্যা ৮% ক্যান্সার ৭.৬% উচ্চ রক্তচাপ ৮.৪%।

একই তথ্য সূত্র অনুসারে, ল্যাবরেটরি টেস্ট নিশ্চিত হওয়া করোনাভাইরাসে মৃতদের মধ্যে ৮০ বছরের বেশি বয়স্ক মানুষ ছিলেন ২১ দশমিক ৯ শতাংশ আর করোনাভাইরাস জনিত সব ধরনের মৃত্যুর মধ্যে (নিশ্চিত আক্রান্ত, সন্দেহজনক আক্রান্ত ও উপসর্গধারী) ১৪ দশমিক ৮ শতাংশ মানুষের বয়স ছিল ৮০ বছরের উপরে, ৮শতাংশের বয়স ৭০ -৭৯ বছর, ৩ দশমিক ৬ শতাংশের বয়স ৬০-৬৯ , এক দশমিক ৩ শতাংশের বয়স ছিল ৫০-৫৯ বছর। ৪০-৪৯ বছরের মানুষ ছিলেন দশমিক ৪ শতাংশ, এর পরের স্তরে ৩০-৩৯,২০-২৯ ও ১০-১৯ বছরের মানুষ ছিলেন দশমিক ২% করে। এই তথ্য তথ্য প্রকাশ পর্যন্ত ১০ বছরের নিচে কারো মৃত্যু হয়নি। সর্বশেষ গতকাল রবিবার যুক্তরাষ্ট্রে এক বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু ঘটেছে বলে বিভিন্ন সূত্রে প্রকাশ পেয়েছে।

এমন তথ্য উপাত্তের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বয়স্ক জনগোষ্ঠী ও আগে থেকে যাদের জটিল কোনো অসংক্রামক রোগের সমস্যা রয়েছে তাদের প্রতি সর্বোচ্চ সতর্কতায় জারি করেছে। করোনাভাইরাস মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার যত ধরনের নির্দেশনা তৈরি হয়েছে তার বেশির ভাগই এই দুই শ্রেণীর মানুষের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ সম্বলিত।

যে কারণে বাংলাদেশের বিশেষজ্ঞ পর্যায়ের চিকিত্সকরা বারবার সতর্ক করছেন দেশের বয়স্ক ও অন্যান্য রোগে ভুগতে থাকা মানুষদের প্রতি। এক্ষেত্রে এই ২ শ্রেণীর মানুষ যেসব পরিবারে আছে তাদেরকে নিজের প্রতি সতর্কতার পাশাপাশি ওই সদস্যদের জন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা তাগিদ দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মুজাহেরুল হক কালের কণ্ঠকে বলেন, করোনা ভাইরাস এর ধরন ধরণ অনুসারে এখন পর্যন্ত যতটুকু জানা যায় তাতে বয়স্ক জনগোষ্ঠী ও অন্যান্য অসংক্রামক রোগ যাদের রয়েছে তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। ফলে সব পরিবারের এদিকে নজর রাখা খুবই গুরুত্বপূর্ণ।

আইইডিসিআর এর পরিচালক ডক্টর মীরজাদী সেবরিনা ফ্লোরা বলেন,আমাদের দেশে এখন পর্যন্ত ল্যাবরেটরি টেস্ট অনুসারে যে কয়জনের করোনা ভাইরাসজনিত মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে – তাদের সবার যেমন বয়স ছিল ৭০ বছরের উপরে বা কাছাকাছি আবার তাদের প্রত্যেকেরই আগে থেকেই বিভিন্ন ধরনের অসংক্রামক রোগের জটিলতা ছিল। এমনকি এখন যারা হাসপাতলে আছেন যাঁদের কয়েকজন এই দুই ক্যাটাগরিতে আছেন। যদিও যে ১৫ জন সুস্থ হয়ে গেছেন তাদের মধ্যেও কয়েকজনের আগে থেকে অন্য রোগের জটিলতা ছিল। তারা এখন করোনাভাইরাস মুক্ত, তবে তাদেরকে আগের রোগের নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে বলা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে ৬৪ জেলায় কাজ করছে রেড ক্রিসেন্ট

0

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সারাদেশে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়াও কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া মিয়ানমারের জনগোষ্ঠীর মাঝে জনসচেতনতা বৃদ্ধি ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজও করছে সোসাইটি।

রাজধানীর বিভিন্ন হাসপাতাল, মসজিদ, ধর্মীয় উপসানালয়, কাঁচাবাজারসহ ভাইরাস ছড়ানোর ঝুঁকি প্রবণ গুরুত্বপূর্ণ স্থাপনায় জীবাণুনাশক স্প্রে করা, হ্যান্ড স্যানিটাইজার, ও মাস্ক বিতরণ এবং প্রচার-প্রচারণাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে এক প্রেস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

এ ছাড়াও দেশের ৬৪ জেলার ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমেও করোভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি নানা কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ে কর্মরত রেড ক্রিসেন্ট সোসাইটির দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক ও কর্মকর্তারা।

গতকাল ২৯ মার্চ রবিবার বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনসহ রাজধানীর বিভিন্ন স্থানে করোনাভাইরাস প্রতিরোধে জীবণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করে।

রেড ক্রিসেন্টের জেলা পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তা জানান, সারাদেশের ৬৪ জেলার ৬৮টি রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সবকয়টিতে তারা করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

কক্সবাজার জেলায় চলমান পপুলেশন মুভমেন্ট অপারেশনের কমিউনিকেশন সেকশন থেকে থেকে জানানো হয়, করোনাভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে তারা প্রয়োজনীয় নানা উদ্যোগ গ্রহণ করেছে। সবকয়টি ক্যাম্পে দায়িত্বরত ডাক্তার, নার্স, স্বাস্থ্য স্টাফ, কমিউনিটি হেলথ্ ফ্যাসিলিটিটর, হেলথ্ মোবিলাইজার, বিভিন্ন প্রোগ্রামের ফোকাল পয়েন্ট, রেড ক্রিসেন্ট ও সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান এবং তাদের স্বাস্থ্য সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক দেওয়া হয়েছে। এসব প্রশিক্ষিতরা ঘরে ঘরে গিয়ে প্রত্যেকের মাঝে কারোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। এছাড়াও ওয়াশ কার্যক্রমের আওতায় ক্যাম্পে বসবাসরতদেরকে নিয়মিতভাবে হাত ধোয়ার অভ্যাস করাতে হ্যান্ড ওয়াশিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

হোম কোয়ারেন্টিনে বিদেশফেরত এমপি দবিরুল ইসলাম

0

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ সদস্যদের জন্য নির্ধারিত আবাসস্থল ন্যাম ফ্ল্যাটে স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে আছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম। সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন বলে সরকারের নির্দেশনা মেনেই তিনি হোম কোয়ারেন্টিন পালন করছেন।

এ বিষয়ে জানতে চাইলে এমপি দবিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ব্যাংককে গিয়েছিলাম চিকিৎসার জন্য। সেখানে একটি অস্ত্রোপচারের কথা ছিল। সে জন্য হাসপাতালের আইসিইউ প্রয়োজন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ওখানকার হাসপাতালগুলোর আইসিইউ করোনা রোগীদের জন্য রিজার্ভ রাখা হয়েছে। তাই অপারেশন না করেই দেশে ফিরতে হয়েছে। দেশে ফিরে নিজ দায়িত্বেই কোয়ারেন্টিনে আছি। বডিগার্ড ছাড়া আমার সঙ্গে এখন আর কেউ নেই।

উল্লেখ্য, মো. দবিরুল ইসলাম সাতবার নির্বাচিত সংসদ সদস্য। বেশকিছু দিন তার শারীরিক অবস্থা তেমন ভালো নয়। সংসদে গেলে তাকে হুইল চেয়ার ব্যবহার করতে হয়। যে কারণে বিদেশে চিকিৎসা নিচ্ছেন। দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার বিদেশ থেকে আগতদের ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়ায় তা পালন করছেন তিনি।