Home Blog Page 3056

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের বেতন দিল সশস্ত্র বাহিনী

0

করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমে সরকারের গৃহীত পদক্ষেপ অধিকতর বেগবান এবং কার্যকরী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এই তহবিলে বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবীর সদস্যদের এক দিনের বেতনের পাশাপাশি সেনা কল্যাণ সংস্থা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে মোট ২৫ কোটি টাকা প্রদান করা হয়েছে।

একই ধারাবাহিকতায় সকল নৌ সদস্যদের এক দিনের বেতন এবং নৌকল্যাণ ফাউন্ডেশন, খুলনা শিপইয়ার্ড, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড ও চট্টগ্রাম ড্রাই ডক হতে সর্বমোট ৪ কোটি ৫০ লাখ টাকা এবং সকল বিমান সেনাদের এক দিনের বেতন বাবদ ১ কোটি ২০ লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে।

করোনায় সৌদি আরবে রেকর্ড ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৯

0

সৌদি আরবে মারাত্মক আকার ধারণ করছে মহামারি করোনাভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৯৬ জন আক্রান্ত হয়েছেন,মৃত্যু হয়েছে চার জনের। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৯৯ জনে। সব মিলিয়ে মৃত্যু হয়েছে আট জনের।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মধ্যপ্রচ্যভিত্তিক গণমাধ্যম আল-অ্যারাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র সৌদি আরব করোনায় নতুন করে চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো আটজনে।

মুখপাত্র নতুন করে ৯৬ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়ে বলেন সৌদিতে এখন পর্যন্ত ১২৯৯ জনের মাঝে নিশ্চিত করোনার সংক্রমণ পাওয়া গেছে। ১২ জন বর্তমানে গুরুতর অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রয়েছেন। ৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় ভাইরাসটির বিস্তার রোধে সরকার কর্তৃক জারি করা করোনাভাইরাস সাবধানতা মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া স্বাস্থ্য নির্দেশিকা যেমন- হাত ধোয়া এবং করমর্দন না করা এবং শ্বাসতন্ত্রের অসুস্থতার লক্ষণগুলির দেখা দেওয়ার সাথে সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বন্ধ করার উপর জোর দিয়েছেন। জাতীয় দুর্যোগের এই সময়ে জনগণকে অবশ্যই আইসোলেশন এবং কোয়ারেন্টিনের নির্দেশাবলী মেনে চলতে হবে।

কারফিউয়ের সময় বৃদ্ধি করে বিকাল ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত করা হয়েছে।

এর আগে, করোনাভাইরাস সংক্রমণ রোধে গত সোমবার (২৩ মার্চ) থেকে সৌদি আরবজুড়ে ২১ দিনের কারফিউ জারি করেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত এ কারফিউ কার্যকর করা হচ্ছে।

কারফিউ লঙ্ঘনকারীদের ১০ হাজার সৌদি রিয়াল (২ লাখ ২৭ হাজার ৫৯ টাকা) জরিমানার ব্যবস্থা করা হয়েছে এবং দ্বিতীয়বার কেউ কারফিউ লঙ্ঘন করলে তাকে দ্বিগুন জরিমানা করা হচ্ছে।

এছাড়াও ভাইরাস সংক্রমণ রোধে দেশটিতে এর আগে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদসহ সব মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, রেস্টুরেন্টসহ জনসমাগমের সব স্থান বন্ধ করে দেওয়া হয়েছে।

হোম কোয়ারেন্টিনে থাকাকালে যে নির্দেশনা মানতে হবে

0

বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকাকালে সরকারি নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ এক সরকারি তথ্যবিবরণীতে এ নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, বিদেশফেরতদের বাড়ির অন্য সদস্যদের থেকে আলাদা থাকতে হবে। সম্ভব না হলে, অন্যদের থেকে অন্তত ১ মিটার (৩ ফুট) দূরে থাকতে হবে এবং ঘুমানোর জন্য পৃথক বিছানা ব্যবহার করতে হবে। অন্য সদস্যদের থেকে আলাদা আলো বাতাসের সুব্যবস্থা সম্পন্ন ঘরে থাকতে হবে। যদি সম্ভব হয় তাহলে আলাদা গোসলখানা এবং টয়লেট ব্যবহার করতে হবে। সম্ভব না হলে, অন্যদের সাথে ব্যবহার করতে হয় এমন স্থানের সংখ্যা কমাতে হবে ও ওই স্থানগুলোতে জানালা খুলে রেখে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা করতে হবে।

বুকের দুধ খাওয়ান এমন মা শিশুকে বুকের দুধ খাওয়া অব্যাহত রাখবেন। শিশুর কাছে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। আপনার সাথে কোনো পশু অথবা পাখি রাখবেন না।

বাড়ির অন্য সদস্যদের সঙ্গে একই ঘরে অবস্থান করলে, বিশেষ করে এক মিটারের মধ্যে আসার সময় মাস্ক ব্যবহার করা উচিত। প্রয়োজনে বাড়ি থেকে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে।

মাস্ক পরে থাকাকালীন এটি হাত দিয়ে ধরা থেকে বিরত থাকুন। মাস্ক ব্যবহারের সময় প্রদাহের (সর্দি, থুতু, কাশি, বমি ইত্যাদি) সংস্পর্শে আসলে সঙ্গে সঙ্গে মাস্ক খুলে ফেলুন এবং নতুন মাস্ক ব্যবহার করুন। মাস্ক ব্যবহারের পর ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলুন এবং সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন।

টিস্যু পেপার ও মেডিক্যাল মাস্ক ব্যবহারের পর ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন। ব্যক্তিগত ব্যবহার সামগ্রী অন্য কারো সাথে ভাগাভাগি করে ব্যবহার করবেন না।

আপনার খাওয়ার বাসনপত্র- থালা, গ্লাস, কাপ ইত্যাদি, তোয়ালে, বিছানার চাদর অন্য কারো সাথে ভাগাভাগি করে ব্যবহার করবেন না। এসব জিনিসপত্র ব্যবহারের পর সাবান-পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেলুন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার কোয়ারেন্টাইন শেষ হবে। চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী একজন হতে অন্যজনের কোয়ারেন্টাইনের সময়সীমা আলাদা হতে পারে। তবে, এ পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে এ সময়সীমা ১৪ দিন।

কোয়ারেন্টাইনকালে সকলের সাথে ফোন অথবা মোবাইল বা ইন্টারনেটের সাহায্যে যোগাযোগ রাখুন।

শিশুকে তার জন্য প্রযোজ্যভাবে বোঝান। তাদের পর্যাপ্ত খেলার সামগ্রী দিন এবং খেলনাগুলো খেলার পরে জীবাণুমুক্ত করুন। আপনার দৈনন্দিন রুটিন, যেমন- খাওয়া, হালকা ব্যায়াম ইত্যাদি মেনে চলুন। সম্ভব হলে বাসা থেকে অফিসের কাজ করতে থাকুন। বইপড়া, গান শোনা, সিনেমা দেখা অথবা উপযুক্ত নিয়মগুলোর সাথে পরিপন্থী নয় এমন যেকোনো বিনোদনমূলক কাজে নিজেকে ব্যস্ত রাখুন।

পরিবারের সদস্য যারা সুস্থ আছেন এবং যাদের দীর্ঘমেয়াদি রোগসমূহ (যেমন : ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যানসার, অ্যাজমা প্রভৃতি) নেই, এমন একজন নির্দিষ্ট ব্যক্তি পরিচর্যাকারী হিসেবে নিয়োজিত হতে পারেন। তিনি ঐ ঘরে বা পাশের ঘরে থাকবেন, অবস্থান বদল করবেন না। কোয়ারেন্টাইনে আছেন এমন ব্যক্তির সাথে কোনো অতিথিকে দেখা করতে দিবেন না।

পরিচর্যাকারী খালি হাতে ঐ ঘরের কোনো কিছু স্পর্শ করবেন না।

কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংস্পর্শে এলে বাতাস ঘরে ঢুকলে; খাবার তৈরির আগে ও পরে এবং খাবারের আগে ও টয়লেট ব্যবহারের পরে, গ্লাভস পরার আগে ও খোলার পরে, হাত দেখে নোংরা মনে হলে প্রতিবার দুই হাত পরিষ্কার করবেন।

কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির ব্যবহৃত বা তার পরিচর্যায় ব্যবহৃত মাস্ক, গ্লাভস, টিস্যু ইত্যাদি অথবা অন্য আবর্জনা ঢাকনাযুক্ত ময়লার পাত্রে রাখুন। এসব আবর্জনা উন্মুক্ত স্থানে না ফেলে পুড়িয়ে ফেলুন।

ঘরের মেঝে, আসবাবপত্রের সকল পৃষ্ঠতল, টয়লেট ও বাথরুম প্রতিদিন অন্তত একবার পরিষ্কার করতে হবে। পরিষ্কারের জন্য ১ লিটার পানির মধ্যে ২০ গ্রাম (২ টেবিল চামচ পরিমাণ) ব্লিচিং পাউডার মিশিয়ে দ্রবণ তৈরি করতে হবে। এই দ্রবণ দিয়ে সকল স্থান ভালোভাবে মুছতে হবে। তৈরিকৃত দ্রবণ সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিকে নিজের কাপড়, বিছানার চাদর, তোয়ালে ইত্যাদি ব্যবহৃত কাপড় গুঁড়া সাবান অথবা কাপড় কাচা সাবান ও পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে বলুন এবং ভালোভাবে শুকিয়ে ফেলুন।

নোংরা কাপড় একটি লন্ড্রি ব্যাগে আলাদা রাখুন। মল-মূত্র বা নোংরা লাগা কাপড় ঝাঁকাবেন না এবং নিজের শরীর বা কাপড়ে যেন না লাগে তা খেয়াল করুন।

কোয়ারেন্টাইনে থাকার সময় কোনো উপসর্গ দেখা দিলে (১০০ ডিগ্রি ফারেনহাইট এর বেশি জ্বর, কাশি, সর্দি, গলাব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি), অতি দ্রুত আইইডিসিআর-এর হটলাইন নম্বরে অবশ্যই যোগাযোগ করে পরবর্তী করণীয় জেনে নিতে নির্দেশনায় বলা হয়েছে।

করোনায় বিদ্যুৎ চাহিদা বেড়েছে আবাসিকে, কমেছে শিল্পে

0

করোনাভাইরাসের প্রভাবে শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ায় বিদ্যুতের চাহিদা ও উৎপাদন দুটিই কমেছে। শিল্প প্রতিষ্ঠানগুলো খোলা থাকলে বিদ্যুতের চাহিদা থাকে ১৩-১৪ হাজার মেগাওয়াট। বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমানো হয়েছে। এদিকে অফিস আদালত বন্ধ হওয়ার কারণে বাণিজ্যের বিদ্যুৎ লোডের চাপ কমে গিয়ে আবাসিক লোডের চাপ বেড়ে গেছে। বাণিজ্যে বিদ্যুতের চাহিদাটা এখন আবাসিক চাহিদায় রূপান্তরিত হয়েছে।

পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন কালের কণ্ঠকে জানান, করোনাভাইরাস সম্পর্কিত কারণে অফিস আদালত বন্ধ হয়ে যাওয়ায় বাণিজ্য এলাকায় বিদ্যুতের লোড কমে গিয়ে আবাসিক এলাকায় লোড বেড়ে গেছে। যারা আগে দিনে অফিসে থাকতেন তারা এখন বাসায় অবস্থান নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছেন। সে কারণে বাণিজ্য চাহিদাটা আবাসিক চাহিদায় রূপান্তরিত হয়েছে।

তিনি আরো জানান, শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদা অনেক কমে গেছে। এখন শিল্প প্রতিষ্ঠানগুলো খোলা থাকলে হয়তো চাহিদা থাকতো ১৩-১৪ হাজার মেগাওয়াট। কারণ শিল্প প্রতিষ্ঠানগুলো ২৪ ঘণ্টায় চালু থাকে। সাধারণত আমাদের প্রতিদিন পরিকল্পনা করা হয়। আমাদের পরিকল্পনা থাকে সম্ভাব্য চাহিদা কত হবে সে অনুযায়ী আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোর তালিকা থাকে। গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতের চাহিদা ছিল সাড়ে ৭ হাজার মেগাওয়াট।

রবিবার দুপুরে চাহিদা ৭ হাজার ৮০০ মেগাওয়াট আমরা ধরে নিয়েছি ৮ হাজার মেগাওয়াট হবে। ৮ হাজার মেগাওয়াট হলে কোনো কোনো বিদ্যুৎ কেন্দ্রগুলো চলবে। সবচেয়ে কম খরচের বিদ্যুৎ কেন্দ্র কোনটা সেটা চলু রাখার চেষ্টা করি। এভাবেই আমাদের তালিকা করা হয়েছে, বিদ্যুতের চাহিদার ওপর ভিত্তি করেই তালিকা অনুযায়ী কেন্দ্রগুলো চলে এবং বন্ধ হয়। শিল্প প্রতিষ্ঠানগুলো খোলা থাকলে যখন বিদ্যুতের চাহিদা বাড়ে তখন তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু রাখা হতো। এখন যেহেতু শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ তাই বেশি খরচের বিদ্যুতের কেন্দ্র তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়। তবে সবসময় রাতের বেলা চাহিদাটা বেড়ে যায় কারণ রাস্তার লাইটিংগুলো চালু করা হয়। তাই আমাদের সবসময় চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি। কারণ চাহিদা সময়ের সাথে সাথে অনেক বাড়ে কমে।

দুই দফা সময় বাড়িয়েও হজের নিবন্ধন ৩০ শতাংশ

0

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই থেকে শুরু হবে পবিত্র হজ। আর ২৩ জুন বাংলাদেশে থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা। কিন্তু করোনাভাইরাস আতঙ্কের কারণে সৌদি আরবে হজ পালন হওয়া নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। এর নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের হজ যাত্রী নিবন্ধনেও।

নিবন্ধন বাড়াতে বাংলাদেশ সরকার নিবন্ধনে দুইদফা সময় বাড়িয়েছে হজ বাতিল হলে টাকা ফেরত দেয়ার আশ্বাসও দিয়েছে কিন্তু উদ্বেগ কমেনি। সেই নিবন্ধনে সাড়া মিলছে না। মন্ত্রণালয়ের হিসাবে গত ২৫ মার্চ পর্যন্ত সারাদেশে হজ নিবন্ধন করেছেন মাত্র ৪১ হাজার ৮৫৪ জন, যা মোট লক্ষমাত্রার ৩০ শতাংশ। বর্ধিত সীমা অনুযায়ী ৮ এপ্রিলের মধ্যেই সবার নিবন্ধন সম্পন্ন করতে হবে। এই অবস্থায় লক্ষমাত্রার তুলনায় কত শতাংশ যাত্রী হজ করতে যাবেন কিংবা আদৌ হজে যেতে পারবেন কিনা তা নিয়ে চরম উদ্বিগ্ন দেশের লাখো মুসলিম।

জানতে চাইলে চট্টগ্রাম হজ এসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শাহ আলম কালের কণ্ঠকে বলেন, করোনাভাইরাসের আতঙ্কের কারণে যাত্রীদের মধ্যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে এতে কোন সন্দেহ নেই। আমরাও সৌদি আরব সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। হজের জন্য সময় এখনো অনেক বাকি কিন্তু হঠাৎ করে দেখা গেলো সৌদি সরকার হজের অনুমতি দিয়েছে তখন তো আমরা বিপাকে পড়বো। এজন্যই আমরা নিবন্ধনের প্রক্রিয়াগুলো এগিয়ে রাখছি।

তিনি বলেন, রমজানের সময়ে আমরা যাত্রীদের জন্য বাড়ি ভাড়া দিয়ে থাকি। তাই যারাহজে যাবেন মনস্থির করেছেন তারা এখনই নিবন্ধন করুন। আর যারা নিবন্ধন করে যেতে পারবেন না, তাদের কোন জরিমানা বা ফি কেটে রাখা হবে না। একই পরিমান টাকা তারা ফেরত পাবেন। আর চাইলে পরবর্তী বছরও তারা যেতে পারবেন। মন্ত্রী মহোদয়ও বিষয়টি স্পষ্ট বলে দিয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ থেকে এবার সরকারী ও বেসরকারী পর্যায়ে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন যাত্রী হজ করতে যাবেন। এরমধ্যে ব্যাংকে টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন মাত্র ৪১ হাজার ৮৫৪ জন। লক্ষমাত্রার তুলনায় যা ৩০ শতাংশের মতো। স্বাভাবিক সময়ে সব নিবন্ধন কার্যক্রম এই সময়েই সম্পন্ন হয়ে যায়। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরব সরকার ইতোমধ্যে সেই দেশে ২১ দিনের কারফিউ জারি করেছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতিমধ্যে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সিনেমা, শপিং মল, রেস্তোরাঁ বন্ধ করা করেছে। দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা স্থগিত করেছে সৌদি আরব। ২১ দিন অনুযায়ী আগামী ১৪ এপ্রিল সৌদি আরবের সেই কারফিউর মেয়াদ শেষ হবে। এরইমধ্যে পরিস্থিতির উন্নতি হলে হজ করার সিদ্ধান্ত আসতে পারে। গত ২৩ মার্চ বাংলাদেশ সরকারের কাছে পাঠানো সৌদি সরকারের চিঠিতে হজ নিয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থাকতে বলেছে।

এই অবস্থায় নিবন্ধন কার্যক্রমে সাড়া মিলছে না। হজ প্যাকেজ ঘোষণার পর চুড়ান্ত নিবন্ধনের জন্য প্রথম দফায় ১৫ মার্চ সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। সাড়া না পাওয়ায় সময় বাড়িয়ে ২৫ মার্চ করা হয়। এরপর তৃতীয় দফা বাড়িয়ে ৮ এপ্রিল পর্যন্ত করা হয়। কিন্তু এই সময়ের মধ্যেও খুব একটা সাড়া মিলবে বলে মনে হচ্ছে না। কারণ নিবন্ধনের জন্য টাকা জমা দিতে হবে ব্যাংকে গিয়ে কিন্তু ব্যাংক জরুরি কাজের জন্য খোলা থাকছে কেবল সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা। এই সময়ের মধ্যে শহরে লোকজন বাসা-বাড়ি থেকে বের হচ্ছে না।

এদিকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি সাধারণ ছুটি এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে অফিস খুলবে আগামী ৫ এপ্রিল থেকে। ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের সময় পাবেন যাত্রীরা। এরপর ৮ এপ্রিল শবেবরাতের সরকারি ছুটি। ফলে উক্ত তিনদিনে কেমন নিবন্ধন হবে তা বলা মুশকিল। এরপর আরেক দফা সময় বাড়ালেও খুব বেশি সাড়া মিলবে বলে মনে হচ্ছে না।

জানতে চাইলে হজ প্রাক নিবন্ধনকারী চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা শফিউল আজম ও জান্নাতুল মোস্তফা কালের কণ্ঠকে বলেন, এখানে নিবন্ধন সময় বাড়ালে কী হবে। সৌদি আরবে আদৌ হজ হবে কিনা কিংবা হলেও সীমিত পরিসরে হবে কিনা তা জানার অপেক্ষায় আছি আমরা। সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমার মতো অনেকেই হয়তো আগ্রহী হবেন না চুড়ান্ত নিবন্ধন করতে। আমি স্ত্রীসহ এবার হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।

মার্কিন নাগরিকরা নিজেদের ইচ্ছেতেই দেশে ফিরে যাচ্ছেন : দূতাবাস

0

মার্কিন দূতাবাস বলেছে, কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে যেসব মর্কিন নাগরিক আগামীকাল একটি বিশেষ বিমানে করে ঢাকা থেকে আমেরিকার উদ্দেশে রওনা হচ্ছেন তারা তাদের ব্যক্তিগত ইচ্ছাতেই দেশে ফিরে যাচ্ছেন।

আজ এখানে মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার কাউকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে জোর করছে না, এটি হচ্ছে, পরিস্থিতি সম্পর্কে তারা (প্রত্যাবাসীরা) যা জানে এবং যে পরিস্থিতিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে তার উপর ভিত্তি করে তাদের ব্যক্তিগত ইচ্ছায়।’

বিশ্বব্যাপী করোনাভাইরাস বিস্তারের কারণে আটকা পড়া যুক্তরাষ্ট্রের নাগরিক যারা ওয়াশিংটন ডিসিতে ফিরে যেতে চাচ্ছে তাদের জন্য আগামীকাল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাসের কর্মকর্তা বলেন, এই ধরণের ব্যবস্থা কেবল বাংলাদেশে হচ্ছে শুধু তাই নয়। ইউএস স্টেট ডিপার্টমেন্ট বিশ্বের ২৮টি দেশ থেকে প্রায় ১০ হাজার মার্কিন নাগরিককে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিতে বিশেষ বিমানের ব্যবস্থা করেছে।

তিনি বলেন, ‘এটা শুধু বাংলাদেশেই ঘটছে না এবং এটি বাংলাদেশের জন্য নতুন করা হয়নি।’

কিছু কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যরা আগামীকাল বিশেষ বিমানের যাত্রীর তালিকায় রয়েছেন উল্লেখ তিনি জানান, যে কূটনীতিকরা যাচ্ছেন, তারা তাদের ব্যক্তিগত পারিবারিক সমস্যার জন্য যাচ্ছেন এবং এটি মার্কিন দূতাবাসের রুটিন কাজকে বাধাগ্রস্ত করবে না।

এটি অস্থায়ী ব্যবস্থা এবং বিশ্বব্যাপী পরিস্থিতির উন্নতি হলে তারা আবার বাংলাদেশে ফিরে আসবে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে দূতাবাসের অপর এক কর্মকর্তা বলেন, ‘আমি আপনাকে জানতে চাচ্ছি, যে গুজব ছড়িয়ে পড়েছে, তবে সেগুলো সত্য নয়। এখানে বাণিজ্যিক বা সাধারণ কাজের সময়টাতে মার্কিন দূতাবাস উন্মুক্ত থাকছে।’

তিনি বলেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার ঢাকায় অবস্থান করছেন এবং এখানে মার্কিন দূতাবাসের দলকে নেতৃত্ব দিচ্ছেন।

তিনি আরো বলেন, ‘আমাদের কাছে প্রথম অগ্রাধিকার হল আমেরিকান নাগরিকদের নিরাপত্তা দেয়া। তাই তারা যেখানেই থাকুক না কেন আমরা তাদের জন্য সব ধরণের সেবা প্রদান অব্যাহত রেখেছি।’

মোট যাত্রীর সংখ্যা নিশ্চিত না করে মুখপাত্র বলেন, বিমানটি পরিপূর্ণ হবে। যুক্তরাষ্ট্র থেকে আরও চার্টার্ড বিমান আসার আর কোনও পরিকল্পনা আছে কিনা তাও তিনি নিশ্চিত করেনি।

বর্তমানে, সবচেয়ে বেশি সংখ্যক কোভিড-১৯ সংক্রামিত মানুষ রয়েছেন যুক্তরাষ্ট্রে, আক্রান্তের সংখ্যা ১১৫,৫৪৭ জন এবং এদের মধ্যে এখন পর্যন্ত ১,৮৯১ জন মারা গেছে

করোনাভাইরাস মোকাবেলায় যে চারটি পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ করোনাভাইরাস মোকাবেলায় পরামর্শ ও আহ্বান সংবলিত চারটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বার্তাগুলো প্রচারের জন্য অনুরোধ জানান।

প্রধানমন্ত্রীর পরামর্শ ও বার্তাগুলো হচ্ছে নিম্নরূপ:

করোনাভাইরাস মোকাবিলায় আপনার করণীয়
প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বাইরে বের হলে মানুষের ভিড় এড়িয়ে চলুন। যারা করোনাভাইরাস-আক্রান্ত হয়ে বিদেশ থেকে ফিরেছেন, তারা ১৪ দিন সম্পূর্ণ আলাদা থাকুন। ঘনঘন সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে নিন। যেখানে-সেখানে কফ-থুথু ফেলবেন না। করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন। মুসলমান ভাইয়েরা ঘরেই নামাজ আদায় করুন। অন্যান্য ধর্মাবলম্বীরাও ঘরে বসে প্রার্থনা করুন। পরিবার, পাড়াপ্রতিবেশি এবং দেশের মানুষের জীবন রক্ষার্থে এসব পরামর্শ মেনে চলা প্রয়োজন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

সুরক্ষা ও চিকিৎসা সামগ্রির ঘাটতি নেই
স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। পিপিই-সহ পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। করোনাভাইরাস পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট মজুদ রয়েছে।

ঢাকায় ৪টি স্থানে এবং চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অন্য ৬টি বিভাগে করোনাভাইরাস পরীক্ষাগার স্থাপনের কাজ চলছে। কেউ গুজব ছড়াবেন না। গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনা ভাইরাসে ভীত হবেন না
করোনাবাইরাস দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখলেও ততটা প্রাণঘাতী নয়। এই ভাইরাসে আক্রান্ত সিংহভাগ মানুষই কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠে। নানা রোগে আক্রান্ত এবং বয়স্ক মানুষদের জন্য এই ভাইরাস বেশ প্রাণ-সংহারী হয়ে উঠেছে। আপনার পরিবারের সংবেদনশীল মানুষটির প্রতি বেশি নজর দিন। আতঙ্কিত হবেন না। আতঙ্ক মানুষের যৌক্তিক চিন্তাভাবনার বিলোপ ঘটায়। আপনি, পরিবারের সদস্যগণ এবং প্রতিবেশীরা যেন সংক্রমিত না হন, সে বিষয়ে সতর্ক থাকুন। আপনার সচেতনতা আপনাকে, আপনার পরিবারকে এবং সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে।

সহনশীল ও সংবেদনশীল হোন
করোনাভাইরাসের কারণে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব এক সঙ্কটময় সময় অতিক্রম করছে। এ সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে। বাজারে কোন পণ্যের ঘাটতি নেই। দেশের অভ্যন্তরে এবং বাইরের সঙ্গে সরবরাহ চেইন অটুট রয়েছে। অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না। যতটুকু না হলে নয়, তার অতিরিক্ত কোন ভোগ্যপণ্য কিনবেন না। সীমিত আয়ের মানুষকে কেনার সুযোগ দিন। অসহায় মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।

পানির দামে দুধ বিক্রি, হুমকির মুখে দুগ্ধ শিল্প

0

করোনাভাইরাসের কারণে ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে দেশের দুগ্ধ খামারিরা। বর্তমানে দেশের সকল মিষ্টিজাতীয় দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রান্তিক পর্যায়ের খামারিরা দুধ বিক্রিতে বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বাধ্য হয়ে দেশের বিভিন্ন এলাকার খামারিদের পানির দামে দুধ বিক্রি করতে হচ্ছে ১৫-২০ টাকা লিটার। আবার অনেক খামারি দুধ বিক্রিও করতে পারছেন না।

বর্তমানে দেশে প্রায় সাড়ে তিন লাখ দুগ্ধ খামার রয়েছে, যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ যাদের জীবন জীবিকা এই দুগ্ধ শিল্পের উপর নির্ভর করে। বর্তমানে দেশে বার্ষিক প্রায় ৯৯ লাখ মেট্রিক টন দুধ উৎপাদন হচ্ছে, যা মোট চাহিদার প্রায় ৭০ শতাংশ। দেশের এ পরিস্থিতিতে প্রতিদিন ১৫০ লাখ লিটার দুধ অবিক্রীত থেকে যাচ্ছে। এতে খামারিদের দিনে প্রায় ৫৭ কোটি টাকার ক্ষতি হচ্ছে। সরকার ও দেশের দুগ্ধ প্রক্রিয়াজাতের কম্পানিগুলোর সহযোগিতা না পেলে অচিরেই প্রায় ৫০ শতাংশ খামার বন্ধ হয়ে যাতে পারে।

কুষ্টিয়া জেলা ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি ও লিয়াকত আলী ডেইরি ফার্মের মালিক মো. জাকিরুল ইসলাম জানান, আমার ফার্মে বর্তমানে ৫০টি গাভী রয়েছে। দৈনিক সাড়ে ৩ শত লিটার দুধ উৎপাদন হয়। আগে পাইকারিভাবে মিষ্টির দোকানে ৫০-৬০ টাকা লিটার দরে দুধ বিক্রি হতো। গত কয়েকদিন ধরে সারা দেশের মিষ্টির দোকানগুলো বন্ধ করে দেওয়ায় আমরা মারাত্মক ক্ষতির মধ্যে রয়েছি।

এদিকে আবার গো-খাদ্যের দাম ব্যাপকভাবে বেড়েই চলছে। এক সপ্তাহ আগেও পাইকারি হিসেবে প্রতি লিটার দুধ ৪৫ থেকে ৫০ টাকা বিক্রি হলেও এখন খুচরা বাজারে ২০ থেকে ৩০ টাকা লিটার দরে বিক্রি করছি, তাও মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জোর করে দিতে হচ্ছে। এরপরও আমাদের বিপুল পরিমাণ দুধ অবিক্রীত রয়ে যাচ্ছে। প্রতি মাসে আমার ফার্মে প্রায় ৪ লাখ টাকার গো-খাদ্য লাগে। ৪ জন কর্মচারী রয়েছে তাদের বেতনও দিতে হবে। এ সংকট দ্রুত নিরসন না হলে আমাদের মতো খামারিদের গরু বেচে দিয়ে পথে বসতে হবে।

ফরিদপুর জেলা ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মার্শ এগ্রোর মালিক মীর কাশেম আলী জানান, ফরিদপুরে ছোট-বড় ১ হাজারের ওপরে দুগ্ধ খামার রয়েছে। আমার খামারে বর্তমানে ২০টি গাভী রয়েছে, দৈনিক দুধ উৎপাদন হয় ১২০ লিটার। এ এলাকায় আরও বড় বড় খামার রয়েছে যারা দৈনিক ৫০০-৬০০ লিটার পর্যন্ত দুধ উৎপাদন করে। কোনো উপায় না পেয়ে তাদেরকেও এখন দুধ নিয়ে লোকাল বাজারে বাজারে খুচরাভাবে ১৫-২০ টাকা লিটার দরে বিক্রি করতে হচ্ছে। তাও অর্ধেক দুধ বিক্রি করতে পারছে না খামারিরা। এখন সারা দেশের সব খামারিরই একই অবস্থা বলে জানান তিনি। এভাবে যদি আগামী ৭ দিন চলে তাহলে আমাদের খামারগুলো বন্ধ হয়ে যাবে। এ খামারগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আগামী ২০ বছরেও নতুন করে আর খামার গড়া সম্ভব হবে না। তাই আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদেরকে প্রণোদণার প্যাকেজ ঘোষণা করে আমাদের দেশের খামারিদের বাঁচান।

বরিশাল বিভাগীয় ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও মানিক ডেইরি ফার্মের মালিক কামরুল হাসান খোকন জানান, বরিশাল বিভাগে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ৩ হাজার ২০০ দুগ্ধ খামার রয়েছে। দৈনিক দুধ উৎপাদন হয় ২ হাজার ১৪৮ মেট্রিক টন। এ খামারিদের উৎপাদিত দুধগুলোর বেশি অংশই বিভিন্ন মিষ্টির দোকানে নেওয়া হতো। আর কিছু অংশ দেশের দুগ্ধ প্রসেসর কম্পানিগুলো ও বাসা বাড়িতে নিতেন। এখন খামিরা দুধ বিক্রি করার জন্য মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ২০-২৫ টাকা লিটার দরে দুধ বিক্রি করছেন। তার পরেও অবিক্রিত থেকে যাচ্ছে। অবিক্রিত দুধগুলো না ফেলে বাধ্য হয়ে বিনামূল্যে এলাকার মানুষদের দিয়ে দিতে হচ্ছে। বর্তমানে ১ কেজি গো-খাদ্যের দাম পরে ৩৩ টাকা। আর এখন ১৫-২০ টাকা লিটার দরে দুধ বিক্রি করতে পারছি না।

ময়মনসিংহ বিভাগীয় ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হামিদ সরকার জানান, বর্তমানে ময়মনসিংহ বিভাগে ছোট-বড় মিলিয়ে ৭০০ দুগ্ধ খামার রয়েছে। দৈনিক উৎপাদন হয় দেড় লাখ লিটার দুধ। এ দুধগুলো আগে মিষ্টির দোকানদার ও দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কম্পানি মিল্ক ভিটা নিতেন খামারিদের কাছ থেকে। এখন দেশের মার্কেটগুলো বন্ধ থাকায় মিল্ক ভিটাও নিচ্ছেন না। খামারিরা এখন নামমাত্র মুল্যে মানুষের কাছে বিক্রি করছেন। তার পরেও অবিক্রিত থেকে যাচ্ছে অনেক দুধ। এখন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে খামার চালাতে হচ্ছে। দুধ বিক্রি না হলেও তো গাভীকে খাবার খাওয়াতে হয়।

বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহ এমরান জানান, দেশের দুগ্ধ খামার শিল্পে বর্তমানে সাড়ে ৩ লাখ দুগ্ধ খামার রয়েছে। এখানে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থেকে তাদের জীবিকা নির্বাহ করছেন। বর্তমানে দেশে বার্ষিক প্রায় ৯৯ লাখ মেট্রিক টন দুধ উৎপাদন হয়, যা মোট চাহিদার ৭০ শতাংশ। দেশে প্রতিদিন গড়ে প্রায় ১৫০ লাখ লিটার দুধ অবিক্রিত থেতে যাচ্ছে, এতে খামারিদের দিনে প্রায় ৫৭ কোটি টাকার ক্ষতি হচ্ছে। গত এক সপ্তাহ ধরে দেশের মিষ্টি দোকানগুলো বন্ধ থাকায় প্রান্তিক পর্যায়ে ১জন খামারিদের দুধ বিক্রি করতে চরম অসুবিধা হচ্ছে, কোথাও কোথাও দুধ বিক্রি করতে হচ্ছে ১০ থেকে ১২ টাকা লিটার।

এমত অবস্থায় সরকার ও দেশের দুগ্ধ প্রসেসর কম্পানিগুলো আমাদের সহযোগিতায় না আসলে দেশের দুগ্ধ শিল্প ধংস হয়ে যাবার উপক্রম হবে। আমাদের দেশে ৩ টি বড় কম্পানির প্রতিদিন প্রায় সাড়ে ৩ লক্ষ লিটার দুধ সংগ্রহ করে গুঁড়া দুধ তৈরির সক্ষমতা আছে। পাশাপাশি প্রায় আরো ১০-১২ টি কম্পানির দুধ জাতীয় পণ্য যেমন- ঘি, মাখন, ফ্লেভারড মিল্ক, আইসিক্রিম, ক্রিম তৈরি করার সক্ষমতা আছে। সরকার প্রধান ও দেশের দুগ্ধ প্রসেসর কম্পানিগুলো থেকে এই সহযোগিতা না পেলে অচিরেই গড়ে ওঠা প্রায় ৫০ শতাংশ খামার বন্ধ হয়ে যাবে।

ছুটিতেও খোলা থাকছে জনপ্রশাসন মন্ত্রণালয়

0

করোনাভাইরাস প্রতিরোধে চলমান ছুটির মধ্যেও খোলা থাকছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সমন্বয় করে করোনাভাইরাস পরিস্থিতির ক্ষেত্রে প্রশাসন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব (প্রশাসন-১) এনামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লিখিত সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, সাপ্তাহিক ও সাধারণ ছুটির সব দিনেই জনপ্রশাসনের সাতটি টিম পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবে। প্রতি টিমে তিনজন করে কর্মকর্তা-কর্মচারি রাখা হয়েছে। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখায় কাজ করবেন। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

৫০ হাজার পরিবারকে একমাস খাদ্যসামগ্রী দেবেন সাঈদ খোকন

0

প্রাণঘাতি করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, আমি নির্বাচিত মেয়র হিসেবে সবাইকে আহ্বান করবো সবাই যেন ঘরে থাকেন। আপনারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। সরকার আপনাদের পাশে আছে। সিটি কর্পোরেশন আপনাদের পাশে আছে। আমিও আপনাদের পাশে আছি। যেকোনো সমস্যায় আমাকে আপনারা পাবেন। দয়া করে ঘরে থাকুন।

আজ রবিবার বিকেলে মাসব্যাপী ছিন্নমূল খেটে-খাওয়া মানুষের মাঝে খাদ্যসাগ্রী বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনে মেয়র এ আহ্বান জানান। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে কর্পোরেশনের এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সাঈদ খোকন বলেন, আমরা ৫০ হাজার পরিবারকে এক মাস নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে আমাদের কার্যাক্রম চলমান রয়েছে। আমাদের ওয়ার্ড পর্যায় থেকে তালিকা প্রণয়ন করা হয়েছে। আজ রিকশা চালকসহ অন্যান্যদের মাঝে বিতরণ করা হয়েছে। যেন তারা কর্মহীন অবস্থায় পড়ে খাদ্যসংকটে থাকতে না হয় সে জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি।

মেয়র বলেন, আমরা আনন্দিত হয়েছি যে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অনেক বিত্তবান ও সচ্ছল মানুষ এসব অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটা শুভ লক্ষণ। আপনারা কোনো চিন্তা করবেন না। সরকার আপনাদের পাশে রয়েছে। আমরা যেসব খাদ্যসামগ্রী বিতরণ করছি তাতে করে ৪ থেকে ৫ জনের পরিবারের প্রায় এক মাস চলে যাবে।

এ সময় মেয়র তার সংস্থার প্রধান প্রধান সড়কের পাশাপাশি প্রতিটি অলিতে-গলিতেও জীবাণুনাশক ছিটানো হচ্ছে বলেও জানান।

এ সময় মেয়রের সঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, সচিব মোস্তফা কামাল মজুমদার, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।