Home Blog Page 3057

করোনায় মোবাইল ব্যাংকিং লেনদেন নেমেছে অর্ধেকে

0

করোনাভাইরাসের প্রভাব পড়েছে মোবাইল ব্যাংকিং লেনদেনে। স্বাভাবিক সময়ের চেয়ে মোবাইল ব্যাংকিংয়ের দৈনিক লেনদেন এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে। ক্যাশ ইন, ক্যাশ আউট, ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে অর্থ প্রেরণ, মার্চেন্ট পেমেন্ট এবং রেমিট্যান্সের অর্থ প্রেরণ সবই কমে গেছে। মোবাইল ব্যাংকিং এজেন্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

এ খাতের উদ্যোক্তারা বলছেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশেষ পরিস্থিতির মধ্যেও দৈনন্দিন ও জরুরি লেনদেনে মোবাইল ব্যাংকিংয়ে (এমএফএস) আস্থা রাখছেন মানুষ। কোথাও না গিয়ে ঘরে বসেই বিদ্যুৎ ও গ্যাসের বিল প্রদান, মোবাইল রিচার্জ, সেন্ডমানি, অ্যাডমানি এবং পেমেন্টের মতো সেবাগুলো পাচ্ছেন গ্রাহকরা।

করোনার সংক্রমণ প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে ব্যাংকিং লেনদেনও ৬ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টায় নামিয়ে আনা হয়েছে।

সাধারণ ছুটির কারণে দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি অনেক জায়গায় মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট আউটলেটও বন্ধ রয়েছে। আবার যেগুলো খোলা রয়েছে, সেখানে লেনলেন হচ্ছে কম। কারণ জরুরি লেনদেন ব্যতিত মানুষজন বের হচ্ছে না।

মাদারটেকের বিকাশ ও ডাচ বাংল ব্যাংকের মোবাইল ব্যাংকিং এজেন্ট এনামুল হক সুজন কালের কণ্ঠকে বলেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন ক্যাশ ইন ও ক্যাশ আউট মিলে ৫০ হাজার টাকার লেনদেন হতো। এখন সেই লেনদেন ২০ থেকে ২৫ হাজার টাকা নেমে এসেছে। শুধু মোবাইল ব্যাংকিং লেনদেনই নয়, মোবাইল রিচার্জও কমেছে উলে­খযোগ্যহারে। আগে দৈনিক ৮ হাজার টাকার রিচার্জ হলেও এখন হয় মাত্র ২ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা। এটাও হতো না, যদি আমার আশপাশের দোকান খোলা থাকতো। করোনার কারণে অনেক দোকানই এখন বন্ধ রাখা হচ্ছে।

দক্ষিণ গোরানোর মোবাইল ব্যাংকিং এজেন্ট সাইফুল হক বলেন, করোনার কারণে খুব প্রয়োজন ছাড়া লোকজন বাসা থেকে বের হচ্ছে না। এর প্রভাব পড়েছে মোবাইল ব্যাংকিং লেনদেনেও। আমার দোকানে স্বাভাবিক সময়ের চেয়ে লেনদেন কমেছে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ।

জানা গেছে, বর্তমানে ১৫টি ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে। ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ এ সেবায় সবার শীর্ষে রয়েছে। এ প্রতিষ্ঠান হেড অব কর্পোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিমও করোনার কারণে লেনদেন কমার কথা স্বীকার করেন।

তিনি কালের কণ্ঠকে বলেন, করোনার কারণে মোবাইল ব্যাংকিং লেনদেন কিছুটা কম হবে। দেখেন স্বাভাবিক সময়ে যখন লেনদেন হয় তখন অফিস-আদালত মার্কেট প্লেস সবকিছুই খোলা থাকে। মানুষ ঘরের বাইরে বের হন। ফলে সেই সময় লেনদেন এমনিতেই বেশি থাকে। কিন্তু এখন সমস্ত কিছু বন্ধ থাকার পরও লোকজন ঘরে বসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করছেন। গত কয়েকদিন লেনদেনের যে ট্রেন্ড সেটা কিন্তু একেবারের কম না, ভালো। অর্থাৎ মানুষ লেনদেনের মাধ্যম হিসেবে এমএফএসকে ব্যবহার করছেন, এমএমএসের উপরই বেশি ভরসা রাখছেন।

তিনি উল্লেখ করেন, এখন সেন্ড মানি বেশি হচ্ছে। অর্থাৎ মানুষ পরিবার-পরিজনের কাছে বেশি টাকা পাঠাচ্ছেন। অনলাইনে পণ্য কেনাকাটা করছেন অনেকেই।

বিকাশ সূত্রে জানা যায়, ২৬ মার্চ বিশেষ পরিস্থিতি শুরু হওয়ার পর ২৬, ২৭ ও ২৮ মার্চ এই তিন দিনে গ্রাহক বিকাশেই প্রায় ১ কোটি ৭০ লাখ লেনদেন করেছেন। অর্থ্যাৎ বন্ধের সময় গড়ে প্রতিদিন ৫৫ লাখের বেশি লেনদেন হচ্ছে বিকাশ অ্যাপে। এর মধ্যে গত ২৪ মার্চ একদিনেই সারাদেশের সবগুলো বিদ্যুৎ বিতরণ কম্পানির প্রায় দেড় লাখ বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করেছেন গ্রাহক।

সেই সঙ্গে এই বিশেষ সময়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রতিপালনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও ঔষধ ক্রয়ের ক্ষেত্রে নির্দিষ্ট অংকের পি-টু-পি লেনদেনে চার্জ নিচ্ছে না বিকাশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে মোবাইল ব্যাংকিংয়ে মোট লেনদেন হয়েছে ৪১ হাজার ৩৩৪ কোটি টাকা। আজকের মাস জানুয়ারিতে লেনদেনের পরিমাণ ছিল ৪২ হাজার ১০৩ কোটি টাকা। সেই হিসাবে মোট লেনদেন কমেছে ১ দশমিক ৮৩ শতাংশ। তবে ফেব্রুয়ারিতে দৈনিক লেনদেন প্রায় ৫ শতাংশ বেড়েছিল।

করোনার সঙ্গে লড়াই করার সক্ষমতা বাংলাদেশের আছে

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার সঙ্গে লড়াই করার সক্ষমতা বাংলাদেশের আছে এবং সংক্রমণ রোধে প্রয়োজনে অন্য দেশকেও সহায়তা করতে প্রস্তুত আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের খাদ্যে কোনো সমস্যা হবে না। আমরা আমাদের চালাতে পারব, পাশাপাশি আমরা অনেককে সহযোগিতা করতে পারব।

আজ রবিবার (২৯ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক অনির্ধারিত অনুষ্ঠানে বক্তৃতায় এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, আমরা বিজয়ী জাতি, কাউকে ঘাবড়ানো চলবে না। এই পরিস্থিতি মোকাবিলার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমাদের এমনভাবে প্রস্তুত থাকতে হবে যেন দেশের প্রতিটি জনগণকে সুরক্ষিত রাখতে পারি।

তিনি বলেন, আমাদের কাছে বন্ধুপ্রতীম দেশ, যারা সহযোগিতা চেয়েছে আমরা তাদের সহযোগিতা করতে পারব। সেই সক্ষমতা আমাদের আছে। মানবিক কারণেই আমরা সেটা করব। শুধু নিজের দেশই নয়, অন্যদেরও যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমরা সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেব।

এ সময় অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিলে অর্থ ও ২০ হাজার পিস পিপিই তুলে দেওয়া হয়।

তিনশ পিপিই ও দুই হাজার মাস্ক দিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ

0

করোনা ভাইরাস প্রতিরোধে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পরিচালক ডা. আব্দুল গণি মোল্লার কাছে হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ হতে ৩০০ পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও ২০০০ মাস্ক হস্তান্তর করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস.এম মান্নান কচি।

গতকাল শনিবার ঢাকা মহনগর উত্তর আওয়ামী লীগের এ আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস.এম মান্নান কচি, নগর আওয়ামী লীগের সাবেক নেতা আজিজুল হক রানা এবং হাসপাতালের কর্মকর্তারা।

গত ২৪ ঘণ্টায় নতুন কোনো আক্রান্ত নেই

0

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

আজ রবিবার (২৯ মার্চ) করোনাভাইরাসসংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে করা ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা আইডিসিআর-এ মোট কল পেয়েছি দুই হাজার ৭২৬টি। এর সবই কোভিড-১৯ সংক্রান্ত পরামর্শের জন্য। গত ২৪ ঘণ্টায় আমরা ১০৯টি নমুনা পরীক্ষা করেছি। এর মধ্যে কারো শরীরেই কনোনা সংক্রমণ পাওয়া যায়নি। তার মানে সর্বমোট সংক্রমিত রোগীর সংখ্যা ৪৮। এর মধ্যে ১৫ জন সংক্রমণ থেকে মুক্ত এবং তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

আইইডিসিআর পরিচালক বলেন, যে ১০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে আইইডিসিআর, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান এবং চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড  ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি)-এর তথ্য সংযোজিত হয়েছে।

আইইডিসিআর পরিচালক আরো বলেন, এ পর্যন্তু আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আদেশ-নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন সময় জনস্বার্থে যে আদেশ ও নির্দেশনা দেওয়া হয়, সেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। এরইমধ্যে আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন। কাশি শিষ্টাচার মেনে চলুন। হাঁচি-কাশির সময় বাহু কাপড় টিসু ইত্যাদি ব্যবহার করুন। সাবান পানিতে কিছুক্ষণ পরপর দুই হাত ধুতে হবে। অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করবেন না। অবশ্যই ঘরের ভেতর থাকবেন। কারো সঙ্গে হাত মেলানো, কোলাকুলি করা থেকে বিরত থাকবেন। যাঁদের বয়স ষাটের বেশি, যাদের শরীরে দীর্ঘ মেয়াদি রোগ রয়েছে তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস পরিচালক বলেন, এরইমধ্যে আমরা ৭১০ জন চিকিৎসক এবং ৪৩ জন নার্সকে প্রশিক্ষণ দিয়েছি কোভিড ১৯ বিষয়ে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দেশের ৬৪টি জেলার সদর ও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার এবং ঢাকার যেসব হাসপাতালকে আমরা সংযুক্ত করেছি সেসব হাসপাতালের চিকিৎসকরা। এ ছাড়া এরইমধ্যে দেশের প্রত্যেকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মেডিক্যাল টেকনোলজিস্টদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এমআইএস পরিচালক আরো বলেন, গতকাল আমরা প্রশিক্ষণ সমাপ্ত করেছি। আমরা আশা করছি, আজ থেকে এসব প্রশিক্ষণপ্রাপ্ত মেডিক্যাল টেকনোলজিস্টরা তাঁদের নিজ নিজ স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং যেখানে সন্দেহভাজন  কোভিড ১৯  রোগী পাওয়া যাবে, তাদের বাড়িতে যাবেন এবং  নমুনা সংগ্রহ করবেন। আমাদের অনুরোধ, সন্দেহভাজন রোগীরা যেন হাসপাতালে চলে না আসেন। তারা আমাদের হটলাইনে যোগাযোগ করলে আমরা ওই এলাকার স্বাস্থ্য প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের কাছে যাবো।

রাজধানীর বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করল নৌবাহিনী

0

দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় রাজধানীর মিরপুর ১৪ নম্বর, ইব্রাহিমপুর, কচুক্ষেত, ভাষানটেক ও তৎসংলগ্ন এলাকার  প্রধান সড়ক, ফুটপাত, স্থানীয় বাজার, মসজিদসহ আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে নৌবাহিনীর তত্ত্বাবধানে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হয়। গতকাল শনিবার নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করে। এসময়  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে নৌসদস্যরা রাজধানীর বনানী ও গুলশানের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক পানি ছেটানো কার্যক্রম পরিচালনা করে।

এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, মংলা এবং কাপ্তাইয়ে নৌবাহিনীর দ্বায়িত্বপূর্ণ এলাকাগুলোতে দিনব্যাপী জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হয়। নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়। সেইসাথে তারা করোনা প্রতিরোধে সচেতনতা তৈরি করতে স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণসহ স্থানীয় ঈমামদের নানা পরামর্শ প্রদান করে।

পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় গরীব, দুঃস্থ ও আসহায় মানুষদের মাঝে জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসনের সাথে একাত্ম হয়ে নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখ্য, দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম চলমান থাকবে।

আজ থেকে সীমিত সময়ের জন্য ব্যাংক চালু

0

করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় দেশের ব্যাংকিং ব্যবস্থার কর্মঘণ্টা কমিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের শাখায় লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা।

আজ রবিবার থেকে সর্বসাধারণের প্রয়োজনীয়তায় ব্যাংক খোলা থাকলেও সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত কর্মঘণ্টা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার, ফলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে দেশের সব অফিস-আদালত।

সাধারণ ছুটির এই সময়ে ব্যাংকগুলো খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। তবে লেনদেনর সময় আরো সীমিত। লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

গত ২৪ মার্চ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, গ্রাহকের লেনদেনের সুবিধার্থে রোববার (২৯ মার্চ) থেকে বৃহস্প‌তিবার (২ এপ্রিল) পর্যন্ত সাধারণ ছুটি সময় ৫ দিন সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে।

লকডাউনে বাড়ি ফিরতে ২০০ কিলোমিটার হাঁটার পর সড়কেই মৃত্যু

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস ছড়িয়ে যাওয়া থামাতে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণার জেরে অন্যদের মতো হেঁটে বাড়ি যাচ্ছিলেন রণবীর সিং। দিল্লি থেকে ২০০ কিলোমিটার হেঁটে মধ্যপ্রদেশে যাওয়ার পথেই মারা যান এই ডেলিভারি অ্যাজেন্ট।

মধ্যপ্রদেশের মরেনা জেলার নিজ গ্রামে ফেরার জন্য দিল্লি থেকে ৩২৬ কিলোমিটার হাঁটার সিদ্ধান্ত নেন রণবীর। কিন্তু ২০০ কিলোমিটার গিয়ে তিনি আর পেরে ওঠেননি।

উত্তরপ্রদেশের আগ্রায় গিয়ে মহাসড়কেই ঢলে পড়েন তিনি। ওই সময় স্থানীয় এক দোকানি তাকে বিস্কুট এবং চা খেতে বলেন। তার কিছুক্ষণের মধ্যেই হার্ট অ্যাটাক করে মারা যান ৩৮ বছর বয়সী ওই যুবক।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার বিকেলে হাজার হাজার শ্রমিক বাড়ি ফেরার জন্য দিল্লির বাস টার্মিনালগুলোতে ভিড় জমিয়েছে। তবে বাস না পেয়ে বহু মানুষ হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছে।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রায় তিনমাস পরেও লকডাউনে গিয়ে ভারত সরকার ব্যাপক সমালোচনার শিকার। অনেকেই বলছেন, বহির্বিশ্বে করোনার প্রকোপ দেখেও প্রস্তুত হতে পারেনি সরকার। কোনো পরিকল্পনা ছাড়াই লকডাউন করা হরো বলেও মনে করছেন অনেকে।

সকাল ৯টায় টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শুরু

0

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে পাঠদানের ধারাবাহিকতা ধরে রাখতে আজ রবিবার সকাল থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দেখানো শুরু করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, জাতীয় সংগীত ও করোনা সচেতনতা দিয়ে সকাল ৯টায় সংসদ টিভিতে ক্লাস শুরু হবে। বেলা ১২টা পর্যন্ত আটটি বিষয়ের ক্লাস হবে। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওইসব ক্লাস পুনঃপ্রচার করা হবে।

এ ব্যাপারে মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ক্লাস দেখে শিক্ষার্থীরা বাড়ির কাজ করে স্কুল খোলার পর তা সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিতে হবে। বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

এতে আরো বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময় ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদে টেলিভিশনে বিষয়ভিত্তিক ক্লাস পরিচালনার কর্মসূচি নেওয়া হয়েছে।

‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ক্লাস রুটিন প্রকাশ করে মাউশি বলছে, পরের সপ্তাহের রুটিন আগামী ১ এপ্রিল প্রকাশ করা হবে।

এদিকে প্রাণঘাতী এ ভাইরাসের প্রকোপ না কমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

করোনার বিষয়ে তথ্য গোপন করেছে সৌদি!

0

করোনাভাইরাস হানা দিয়েছে বিশ্বের প্রায় ২০০ দেশে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব এর বাইরে নয়।এদিকে পবিত্র ওমরাহ পালনকারীদের মধ্যে কোভিড-১৯ দেখা দেয়ার তথ্য রিয়াদ গোপন করেছে বলে অভিযোগ উঠেছে। এ  অভিযোগ এনে তুরস্ক বলেছে, ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে ফিরে আসা তুর্কি নাগরিকদের মধ্যেই প্রথম করোনা ধরা পড়েছে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সইলু এ কথা বলেছেন।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা শরিফ থেকে পবিত্র ওমরাহ পালন করে ফিরে আসা তুরস্কের নাগরিকদের মধ্যে প্রথম করোনা আক্রান্ত রোগীদের পাওয়া গেছে।

তিনি বলেন, ওমরাহের সময়ে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়ার বিষয় তুরস্ক বা বিশ্বকে কিছুই জানায় নি সৌদি আরব। ওমরাহ পালন শেষে ফিরে আসা তুর্কি নাগরিকদের মধ্যে করোনা দেখা দেয়ার সাথে সাথেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করে এবং তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করে রাখা হয়।

উল্লেখ্য, করোনার বিস্তার ঠেকাতে সৌদি আরব থেকে ওমরাহ শেষে ফিরে আসা প্রায় ১০ হাজার ব্যক্তিকে কোয়ারেন্টিন করে রাখে তুরস্ক।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত ৭ হাজার দুইশ ৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

সৌদি আরবে করোনায় আক্রান্ত ১২০৩ জন, মৃত্যু ৪

0

সৌদি আরবে মারাত্মক আকার ধারণ করছে ছোঁয়াচে করোনাভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন,মৃত্যু হয়েছে এক জনের। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২০৩ জনে। মৃত্যু হয়েছে চার জনের।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মধ্যপ্রচ্যভিত্তিক গণমাধ্যম আল-অ্যারাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আক্রান্ত হওয়া ৯৯ জনের অধিকাংশই রিয়াদের। এছাড়া মদিনায় ২৫ জন এবং আল-কাতিফে ১২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। জেদ্দায় ১০, দাম্মামে ৪, ধাহরানে ২ এবং বুরেদাহে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ রোধে গত সোমবার (২৩ মার্চ) থেকে সৌদি আরবজুড়ে ২১ দিনের কারফিউ জারি করেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত এ কারফিউ কার্যকর করা হচ্ছে।

কারফিউ লঙ্ঘনকারীদের ১০ হাজার সৌদি রিয়াল (২ লাখ ২৭ হাজার ৫৯ টাকা) জরিমানার ব্যবস্থা করা হয়েছে এবং দ্বিতীয়বার কেউ কারফিউ লঙ্ঘন করলে তাকে দ্বিগুন জরিমানা করা হচ্ছে।

এছাড়াও ভাইরাস সংক্রমণ রোধে দেশটিতে এর আগে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদসহ সব মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, রেস্টুরেন্টসহ জনসমাগমের সব স্থান বন্ধ করে দেওয়া হয়েছে।