Home Blog Page 3058

চোখ দেখেই বোঝা যাচ্ছে কেউ করোনায় আক্রান্ত কি না!

0

চোখ আমার-আপনার ভেতরের আয়না। মুখে না-বলা অনেক কথা চোখ বলে দেয়। চোখ দেখে রোগ ধরা, বহু প্রাচীন রীতি। জন্ডিস ও টাইফয়েডের মতো অনেক অসুখ, চোখের রং দেখে বলে দেওয়া যায়।

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও গবেষকদের পর্যবেক্ষণ বলছে, শরীরে এই ভাইরাসের সংক্রমণ হলে, ধীরে ধীরে চোখের রং বদলায়। সেই পরিবর্তন দেখেও করোনা আক্রান্তদের চিহ্নিত করা যায়। এমন অনেকের চোখে এই পরিবর্তন দেখে, করোনার পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। প্রতিটি ক্ষেত্রে রিপোর্ট এসেছে পজিটিভ। এর পরেই ডাক্তার-গবেষকরা রক্তচক্ষুর কথা বলছেন।

করোনা সংক্রমণে চোখ লালবর্ণ ধারণ করে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, চোখ তো ঠাণ্ডা লাগলেও লাল হয়। কনজাংটিভিটিস সংক্রমণেও হয়। তা হলে, করোনার সংক্রমণকে আলাদা করে চিহ্নিত করা সম্ভব কী করে। জন্ডিস, টাইফয়েড বা অন্যান্য রোগের ক্ষেত্রে চোখের সাদা অংশের রং পরিবর্তন হয়। করোনাভাইরাসের ক্ষেত্রে চোখের বাইরের চারপাশ ক্রমে লাল হয়ে যায়।

ডাক্তার-গবেষকদের কথায়, রোগীর চোখের দিকে তাকালে মনে হবে, আইশ্যাডো লাগানো রয়েছে। আমেরিকায় করোনায় আক্রান্তদের পরীক্ষা করতে গিয়ে, এক নার্স প্রথম বিষয়টি পর্যবেক্ষণ করেন। চোখের অ্যালার্জি হিসেবে তিনি উল্লেখ করেন। পরে আরও করোনা আক্রান্তদেরও একই লক্ষণ দেখা যায়। এর পরই কারও মধ্যে এ ধরনের পরিবর্তন লক্ষ্য করলে, করোনার পরীক্ষা করানোর আগেই তাদের আইসোলেশনে পাঠিয়ে হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস বিভিন্ন ভাবে রোগীকে আক্রমণ করতে পারে। একজনের সঙ্গে অপরজনের সংক্রমণের ধরন মেলে না। কিন্তু, তারা চোখের বাইরের এই রং পরিবর্তনের ক্ষেত্রে মিল খুঁজে পেয়েছেন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিজারভেশন (সিডিসি) জানাচ্ছে, করোনাভাইরাসের কমন লক্ষণ হল, কফ, জ্বর ও শ্বাসকষ্ট। ক্রমে বুকে চাপ অনুভব করা। বুকে ব্যথা। ঠোঁটে নীলচে ভাব।

আমেরিকান অ্যাকাডেমি অব অফথ্যালমোলজির গবেষকরা জানাচ্ছেন, কংজাংটিভিটিস বা অ্যালার্জির মতোও চোখ লাল হতে পারে।

করোনায় আরও একটি পরিবর্তনের কথা বলা হয়েছে, আমেরিকার Academy of Otolaryngology-র ঘাড়-মাথা সার্জারি বিভাগের ওয়েবসাইটে। আক্রান্তদের উপর পরীক্ষা চালিয়ে গবেষকরা জানাচ্ছেন, করোনা সংক্রমণে ঘ্রাণশক্তির লোপ পায় (anosmia)। সেইসঙ্গে মুখের স্বাদও চলে যায়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে, dysgeusia । তারা আরও জানাচ্ছেন, ষাটোর্ধ্ব যাদের বয়স, ইমিউনিটি দুর্বল, ফুসফুস বা হার্টের অসুখ রয়েছে, যারা অতিরিক্ত মোটা বিএমআই ৪০ এর ওপর, অটোইমিউন ডিজঅর্ডার রয়েছে, দেখা যাচ্ছে তাদের মধ্যে এই ভাইরাসে সংক্রমণের ঝুঁকি বেশি।

আমেরিকান অ্যাকাডেমি অব অফথ্যালমোলজির গবেষকরা সম্প্রতি আর একটি পরীক্ষা করে জানিয়েছেন, হাঁচি-কাশি ছাড়াও বডি-ফ্লুইড থেকে করোনার সংক্রমণ ছড়ালেও, আক্রান্তের চোখের পানি থেকে ভাইরাস ছাড়ানোর আশঙ্কা নেই। ২০ দিন ধরে নানা সময়ে আক্রান্তদের চোখের পানি নিয়ে, পরীক্ষা চালিয়ে তাতে ভাইরাস খুঁজে পাননি গবেষকরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসের লক্ষণের যে গাইডলাইন দিয়েছে, সেখানে অনেক উপসর্গের উল্লেখ থাকলেও, করোনায় চোখে যে পরিবর্তন হয়, তার উল্লেখ নেই।

সূত্র : এই সময়

চরিত্র বদলাচ্ছে করোনা, চীনে সুস্থ হওয়া ৩ থেকে ১০ শতাংশ ফের আক্রান্ত!

0

সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা। একের পর এক দেশে মহামারির মতো অবস্থা। ভয়াল হচ্ছে মৃত্যু মিছিল। যদিও যে শহর থেকে করোনাভাইরাস ছড়িয়েছিল সেখানে পরিস্থিতি স্বাভাবিক দাবি করা হচ্ছে। কিন্তু বিভিন্ন সূত্র বলছে নতুন করে উদ্বেগ বাড়ছে চীনের। চীনে করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীদের তিন থেকে ১০ শতাংশ ফের করোনা পজিটিভ ধরা পড়ছে। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর পরীক্ষা করে তাদের শরীরে করোনার জীবাণু পাওয়া যাচ্ছে। আর তা এখন যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

চীনের উহান শহর ছিল করোনা ভাইরাসের মূল কেন্দ্রবিন্দু। শহরটির টোংজি হাসপাতালের চিকিৎসকরা খুব কাছ থেকে দেখেছেন করোনা জীবাণুর চরিত্র বদল। টোংজি হাসপাতাল জানিয়েছে, নিউক্লিয়ার অ্যাসিড টেস্টে দেখা যাচ্ছে, ১৪৭ জন রোগীর মধ্যে পাঁচজন; অর্থাৎ তিন থেকে পাঁচ শতাংশ সেরে ওঠা রোগী ফের করোনা সংক্রমিত হয়েছেন। যদিও তাদের শরীরে কোনো উপসর্গ ছিল না, তাদের সংস্পর্শে থাকা কারো শরীরে এই রোগ ছড়ায়নি এখনো পর্যন্ত। তাও সবাইকে সাবধানে থাকতে বলা হয়েছে।

চীনে করোনা আক্রান্তের সংখ্যা ৮১ হাজার পেরিয়েছে, মৃতের সংখ্যা তিন হাজারেরও বেশি। সংক্রমিত ৯০ শতাংশের বেশি রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। চার হাজার তিনশর মতো রোগীর এখনো চিকিৎসা চলছে। কিন্তু এই পরিস্থতিতে নতুন করে সংক্রমণ ভাবাচ্ছে দেশাটর স্বাস্থ্য কর্মকর্তা।

তবে এই মুহূর্তে গোটা বিশ্বে করোনাভাইরাস নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা চলছে। গবেষকরা খতিয়ে দেখছেন যে, করোনা রোগীরা সেরে ওঠার পর ফের তাদের থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা আছে। টোংজি হাসপাতালের চিকিৎসকরাই প্রথম কোভিড-১৯ সংক্রমণ চিহ্নিত করেন। অন্য দেশের তুলনায় চীনে রোগীরা অনেক বেশি সংখ্যায় সেরে ওঠায় তাদের গবেষণা নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে।

হাসপাতালটির প্রেসিডেন্ট ওয়াং বলেছেন, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার এক মাস পর ৮০ থেকে ৯০ শতাংশ রোগীর শরীরে করোনা সংক্রমণ মেলেনি। যদিও তার মতে, খুব অল্প কয়েকজনের মধ্যে পরীক্ষা চলেছে, তাই তাদের অনুসন্ধান চূড়ান্ত কি-না তা বোঝার সময় এখনো হয়ে ওঠেনি। ইউহানের অন্যান্য হাসপাতাল জানিয়েছে, তাদের ৫ থেকে ১০ শতাংশ রোগী সেরে ওঠার পরেও ফের করোনা আক্রান্ত হয়েছেন।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর।

জনগণকে ২.২ লাখ কোটি ডলার দিলেন ট্রাম্প

0

করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে আমেরিকানদের জন্য ২.২ ট্রিলিয়ন মার্কিন ডলারের (২ লাখ ২০ হাজার কোটি ডলার) অভূতপূর্ব ‘উদ্ধার প্যাকেজে’ স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে আমেরিকান পরিবার, ব্যবসা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার সহায়তা করার লক্ষ্যে শুক্রবার বিকেলে মার্কিন কংগ্রেস বিলটির পক্ষে ভোট দেন ট্রাম্প।

বিশ্লেষকরা বলছেন, ৯/১১-এর হামলার পর এমন একতা আর দেখা যায়নি। করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা সবকিছু বন্ধের মধ্যে দিয়ে মার্কিন জনজীবনে স্থবিরতার সময় আবারও এমন একতা দেখা গেল।

তবে ওভাল অফিসে উদ্ধার প্যাকেজে সম্পর্কে ট্রাম্প যখন বলেন, ‘এটি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করবে’ তখন শুধু রিপাবলিকান আইন প্রণেতারাই তাঁকে ঘিরে ছিলেন। অবশ্য ট্রাম্প এ সময় ‘আমেরিকান প্রথম’ নীতিতে সমর্থনের জন্য উভয় পার্টিকেই ধন্যবাদ জানান।

ট্রাম্পের স্বাক্ষরিত উদ্ধার প্যাকেজের মধ্যে অন্যতম হলো আমেরিকার জনগণকে সহায়তা করা, অর্থাৎ আমেরিকান পরিবারগুলো সরাসরি নগদ টাকা পাবেন।

প্রাপ্তবয়স্ক প্রতি ব্যক্তি একবারে পাবেন এক হাজার ২০০ মার্কিন ডলার এবং পর্যায়ক্রমে বছরে পাবেন ৭৫ হাজার ডলার।

আর একটি বিবাহিত দম্পতি একবারে পাবেন দুই হাজার ৪০০ মার্কিন ডলার এবং বছরে পাবেন এক লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

সেই সঙ্গে প্রতিটি শিশু ৫০০ মার্কিন ডলার অতিরিক্ত পাবে।

আগামী তিন সপ্তাহের মধ্যে মার্কিন নাগরিকরা এ অর্থ পাবেন বলে আশা প্রকাশ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর তহবিলে ১০ কোটি টাকা দিচ্ছে বসুন্ধরা

0

করোনাভাইরাস সারা বিশ্বের মতো বাংলাদেশের জন্যও হুমকি হয়ে এসেছে। প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এরইমধ্যে দেশে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশাল এই চ্যালেঞ্জ মোকাবেলায় বসুন্ধরা গ্রুপও এগিয়ে এসেছে। দেশের বৃহত্তম এই শিল্পগোষ্ঠী প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান দিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামীকাল রবিবার বিকালে প্রধানমন্ত্রীর হাতে অনুদানের চেক তুলে দেবেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

জার্মানিতে পাঁচ বাংলাদেশি করোনায় আক্রান্ত

0

জার্মানিতে বসবাসরত অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বার্লিনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। আক্রান্তদের মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আজ শনিবার বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেন, আক্রান্ত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য, যারা বার্লিনের বাসিন্দা। বাকি দু’জনের একজন মিউনিখ এবং অন্যজন ম্যুন্সটার শহরের বাসিন্দা।

রাষ্ট্রদূত বলেন, বার্লিনে করোনা আক্রান্ত পরিবারের এক পুরুষ সদস্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে, সেই পরিবারের অন্য সদস্যদের অবস্থা উন্নতির দিকে। মিউনিখে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, তবে এখন তার অবস্থা উন্নতির দিকে। আর মুন্সটারে আক্রান্ত ব্যক্তি ‘হোম কোয়ারান্টিনে’ রয়েছেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে দু’জনের বয়স চল্লিশের কোঠায় আর বাকি তিনজনের বয়স ত্রিশের নীচে।

জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সরকারি হিসেবে দেশটিতে শুক্রবার অবধি আক্রান্তের সংখ্যা অন্তত ৪২,২৮৮ জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে মারা গেছেন অন্তত ২৫৩ জন। দেশটিতে এই ভাইরাসে মৃতের হার বর্তমান শুণ্য দশমিক ছয় শতাংশ।

১৫ কোটি টাকার পিপিই দিচ্ছে বেক্সিমকো ফার্মা

0

বিশ্বব্যাপী কভিড-১৯ মহামারির দরুণ ব্যাপক প্রাণহানি ঘটছে ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর অত্যধিক চাপ সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশে যে সকল স্বাস্থ্যসেবা কর্মী সরাসরি কভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত আছেন, তাদের সুরক্ষায় পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট), ওষুধ ও টেস্ট কিট সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কর্পোরেট খাতের অন্যতম প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ।

বেক্সিমকো গ্রুপের ফার্মাসিউটিক্যাল বিভাগ বেক্সিমকো ফার্মা ইতিমধ্যেই দেশজুড়ে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা শুরু করেছে। এই উদ্যোগে সহায়তা দিতে বেক্সিমকো গ্রুপ ১৫ কোটি টাকা বা ১.৮ মিলিয়ন মার্কিন ইউএস ডলার প্রদান করেছে।

বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান আজ শনিবার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও কভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিত্সায় সরকার নির্ধারিত হাসপাতালগুলোর প্রতিনিধিদের কাছে প্রথম ধাপের উপকরণ হস্তান্তর করেন।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো, আইসিডিডিআরবি’র সংক্রমণশীল রোগ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক অধ্যাপক অ্যালেন রস, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ডা. বর্দন জং রানা, সিডিসি’র কান্ট্রি ডিরেক্টর ডা. মাইকেল ফ্রিডম্যান, আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদা সাব্রিনা ফ্লোরা ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আহমেদুল কবির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান বলেন, ‘যেকোনো ধরণের জাতীয় দুর্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিতে বেক্সিমকো গ্রুপ সবসময়ই বদ্ধপরিকর। কভিড-১৯ রোগের বিস্তারের সাথে সাথে যখন বিশ্বের প্রায় প্রতিটি দেশই আক্রান্ত হচ্ছে, তখন এই মহামারির প্রভাব মোকাবিলায় আমরাও এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে।’

তিনি আরো বলেন, পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট প্রাপ্তি নিশ্চিত করা এই মুহূর্তে একটি অন্যতম প্রধান অগ্রাধিকার। আর বাংলাদেশের স্বাস্থ্যসেবা পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিতের এই প্রয়োজনের সময় সাড়া দিতে পেরে আমরা গর্বিত। দায়িত্বশীল ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে আমরা এই সাংঘাতিক সংকট মোকাবিলায় সরকারকে আন্তরিকভাবে সহায়তা প্রদান করা অব্যাহত রাখবো।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বাংলাদেশের কর্পোরেট খাত তাদের সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে ভীষণভাবে সচেতন। এ ধরণের যেকোনো সংকট মোকাবিলায় তারা সবসময়ই জাতীয় উদ্যোগে সামিল হয়েছে। আমি বিশ্বাস করি বেক্সিমকো গ্রুপের এই উদ্যোগ অন্যান্য ছোটবড় প্রতিষ্ঠানগুলোকেও তাদের সাধ্যমত এই সংকট মোকাবিলায় সরকারের সহায়তায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে।’

নাজমুল হাসান বলেন, ডাক্তার, নার্স ও রোগীদের নিরাপত্তা নিশ্চিতে এবং হাসপাতালের কর্মকাণ্ড যতদূর সম্ভব স্বাভাবিক রাখতে পিপিই সরবরাহ অব্যাহত রাখবে বেক্সিমকো। এ ছাড়া কভিড-১৯ রোগের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বিভিন্ন উদ্যোগ ও সহায়তা কর্মসূচিতে বেক্সিমকো ফার্মা সম্পৃক্ত থেকেছে।

জানা যায়, বিদেশ থেকে আমদানিকৃত খুবই উচ্চমানের ‘টিওয়াইভিইকে প্রোটেকটিভ কাভারঅল’, মুখ বন্ধনী, গ্লাভস, প্রোটেকটিভ গগলসসহ এই পিপিই দুই ধাপে বিতরণ করবে বেক্সিমকো ফার্মা। প্রথম দফায় দুই পরীক্ষা কেন্দ্র অর্থাৎ আইইডিসিআর ও আইসিডিডিআরবি এবং কভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিত্সায় সরকার নির্ধারিত হাসপাতাল অর্থাৎ কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কমলাপুর বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল, নয়াবাজার মহানগর জেনারেল হাসপাতাল, মিরপুর বিএভিএস মেটারনিটি হাসপাতাল, কামরাঙ্গিচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, জিঞ্জিরা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় এসব পিপিই সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপে সারা দেশজুড়ে ১৫০ টিরও বেশি শীর্ষস্থানীয় হাসপাতালে এই পিপিই সরবরাহ করবে বেক্সিমকো ফার্মা।

করোনা মোকাবেলায় জিডিপির ১০ শতাংশ বিশেষ তহবিল চায় টিআইবি

0

করোনাভাইরাস-উদ্ভূত সংকট মোকাবেলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি জাতীয় কৌশল প্রণয়ন, জিডিপির অন্তত ১০ শতাংশের সমপরিমাণ বিশেষ তহবিল গঠন এবং এই কৌশল বাস্তবায়ন ও তহবিল ব্যবহারে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে, করোনা বা কোভিড-১৯ এর ঝুঁকি ও এর বহুমুখী প্রভাব কোনো তাৎক্ষণিক সমাধানযোগ্য সমস্যা নয়, বরং এই জাতীয় দুর্যোগ মোকাবেলায় এখনই স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাসহ একটি সমন্বিত জাতীয় কৌশল প্রণয়ন অপরিহার্য বলে মনে করছে টিআইবি।

একইসাথে অভূতপূর্ব এই দুর্যোগ মোকাবেলায় সকল প্রকার আর্থিক লেনদেনসহ প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে টিআইবি।

২৫ মার্চ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ হিসেবে আখ্যায়িত করে সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলার যে ডাক দিয়েছেন। তার প্রতি একাত্মতা জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, হোম-কোয়ারেন্টিনে দেশবাসীকে পাঠিয়ে নিতান্তই অপ্রতুল ও বিক্ষিপ্ত কিছু প্রতিরোধমূলক কার্যক্রমের ওপর নির্ভর করে হাতগুটিয়ে বসে থাকার সময় নেই। এখনই সংশ্লিষ্ট দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে একটি সমন্বিত স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা সম্বলিত জাতীয় কৌশল চূড়ান্ত করতে হবে এবং একইসঙ্গে তার বাস্তবায়নের জন্য জিডিপির অন্তত ১০ শতাংশের সমপরিমাণ অর্থের যোগানের পাশাপাশি বহুমুখী উদ্যোগ চালিয়ে যেতে হবে। করোনাভাইরাসের সংক্রমণ চিহ্নিত করা ও চিকিৎসার সক্ষমতা বাড়াতে হবে এবং সারা দেশে ছড়িয়ে দিতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ও তাদের অমূল্য অবদানের উপযুক্ত সম্মান দিতে হবে।

রপ্তানি সংশ্লিষ্টখাতের শ্রমিক ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য যে উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তাকে সাধুবাদ জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, কীভাবে এর বাস্তবায়ন হবে, বরাদ্দকৃত অর্থ কোন প্রক্রিয়ায় শ্রমিকদের হাতে যাবে এবং এক্ষেত্রে কীভাবে স্বচ্ছতা নিশ্চিত করা হবে, তার সুনির্দিষ্ট প্রক্রিয়া এখনই নির্ধারণ করতে হবে। এই সহায়তার আওতা দেশের হতদরিদ্রদের জন্য সমভাবে সম্প্রসারিত করতে হবে। একইভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন, স্বল্প বেতনের কর্মজীবী মানুষ, দিনমজুর, শ্রমিক, কৃষক, রিকশাচালক, গৃহকর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের অনেকেই ইতোমধ্যে বেকার হয়ে পড়েছেন বা হবেন তাদেরকেও এর আওতায় আনতে হবে।

নির্বাহী পরিচালক বলেন, সংকট চলাকালীন সময়ে খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ-লাইন প্রাধান্যের সাথে সচল রাখতে হবে, তা না হলে কোভিড-১৯ এর পাশাপাশি কোয়ারেন্টিনই মানুষের ক্ষুধা ও মৃত্যুর কারণ হবে। সামাজিক দূরত্ব নিশ্চিতে নিয়োজিত পুলিশের একাংশের বিভ্রান্ত ও অশোভন বলপ্রয়োগ সংকট ঘনীভূত করছে, যা বন্ধ করতে হবে।

তিনি বলেন, এ ধরনের দুর্যোগে সরকার ও সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বের পাশাপাশি ক্ষমতা বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু এই ক্ষমতার উৎসও জনগণ। সীমা লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহার করা আত্মঘাতী হয়, সরকারকে তা বিবেচনায় রাখতে হবে বলে মনে করে টিআইবি।

নির্বাহী পরিচালক বলেন, নাগরিকের মৌলিক অধিকার, বিশেষ করে জীবন-জীবিকার অধিকারের পাশাপাশি বাকস্বাধীনতা এবং তথ্য ও মতো প্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের সকল সম্ভাবনা প্রতিহত করা সরকারের দায়িত্ব।

তিনি জানান, অর্থনীতির চাকা পুনরায় দ্রুত সচল করার জন্য জিডিপির অন্তত ১০ শতাংশ সমপরিমাণের বিশেষ তহবিল গঠন করার আহ্বান জানাচ্ছে টিআইবি। প্রয়োজনে মেগা-প্রজেক্টগুলোর অর্থায়ন আনুপাতিক হারে কমিয়ে এনে এই খাতে অর্থের যোগান নিশ্চিত করতে হবে। সরকারের বরাদ্দের পাশাপাশি দেশের ধনিকশ্রেণিকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।

তিনি আরো বলেন, জনগণের করের টাকায় ব্যবসায়ী-শিল্পপতিদের একাংশ বিভিন্ন সময়ে বহুমুখী সুবিধা আদায় করে সম্পদের বিকাশ করেছেন। আজ এই ক্রান্তিলগ্নে আমরা বিশ্বাস করতে চাই তাঁরা জনস্বার্থে দায়িত্বশীলতার পরিচয় দেবেন। পাঁচ হাজার কোটি টাকার যে তহবিল প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তার পুরোটাই যোগানোর দায়িত্ব কী এদেশের মহা-ধনীজন অনায়াসে নিতে পারেন না?

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে লিপ্ত বিদেশি ও বহুজাতিক কম্পানি, আন্তর্জাতিক ও আঞ্চলিক উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশ, যারা বাংলাদেশের উন্নয়ন ও আর্থসামাজিক স্থিতিশীলতায় আগ্রহী, অংশীদার এবং অনেকে লাভবান, তাদেরকেও নিজেদের স্বার্থে এই বিশাল চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয়ভাবে অবদান রাখার জন্য আহ্বান জানাচ্ছে টিআইবি।

ড. জামান বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ বিশাল সংকট মোকাবেলায় সফল হতে হলে সর্বোচ্চ স্বচ্ছতার কোনো বিকল্প নেই। তথ্যের স্বচ্ছ ও অবাধ প্রবাহ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সচেষ্ট হবেন বলে আমরা আশা করি। বিশেষ করে কোন খাতে কত বরাদ্দ দেওয়া হচ্ছে, অর্থায়নের উৎস এবং কীভাবে ও কতটা কার্যকরভাবে তা ব্যয় করা হচ্ছে, সে তথ্য নিয়মিত প্রকাশ ও হালনাগাদ করতে হবে। এই সংকটকে পুঁজি করে যেন কোনো ধরনের দুর্নীতি না হয় এবং কেউ যেন অন্যায্য মুনাফা করতে না পারেন, সে ব্যাপারে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। অন্যদিকে, সরকারি প্রতিষ্ঠান প্রদত্ত তথ্যের ব্যাপারে আস্থাহীনতার সুযোগে গুজব ছড়াচ্ছে, যা জনমনে আতঙ্ক আরো বাড়িয়ে দিচ্ছে। সংক্রমণ, প্রাণহানি, চিকিৎসা প্রদান ও সুস্থ হওয়ার সংখ্যাসহ প্রতিরোধ ও প্রতিকারমূলক সকল কার্যক্রমের তথ্য কোনো প্রকার রাখঢাক না করে প্রকাশ করাটা জরুরি। তাতে জনগণ অধিকতর সতর্ক হওয়ার সুযোগ পাবেন। এতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা বাড়বে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

0

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম কভিড-১৯ ভাইরাস পরিস্থিতি অবনতির কারনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

করোনাভাইরাসের কারনে প্রথম দফায় ৩১ মার্চ ও দ্বিতীয় দফায় ৯ এপ্রিল পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে শিক্ষা মন্ত্রনালয়।

সংবাদপত্র কর্মীদের চলাচলে বাধা নেই

0

দেশব্যাপী অন্যান্য জরুরি সেবার পাশাপাশি সংবাদপত্র সংক্রান্ত সকল ধরনের কাজ পরিচালনায় কোনো বাধা নেই। করোনাভাইরাসের প্রতিরোধ চেষ্টার অংশ হিসেবে গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি চলছে। এরমধ্যে হাসপাতাল, পুলিশ, প্রশাসন সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং তাদের গাড়ি চলাচলে বাধা না থাকার কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

‌আজ শনিবার তথ্য সচিব কামরুন নাহার কালের কণ্ঠ’কে বলেন, সংবাদপত্র জরুরি সেবার অন্তর্ভুক্ত। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে। তাই সরকারি ছুটিকালীন সময়ে সংবাদপত্রসহ সকল গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের গাড়ি চলাচলে কোনো সমস্যা নেই।

এদিকে তথ্য মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সংবাদপত্র বন্ধ হয় না। গণমাধ্যমের কার্যক্রম সীমিত বা সংকুচিত করার সুযোগ নেই।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ অনুযায়ী চলমান ছুটির সময় কাঁচাবাজার, খাবারের দোকান, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবার সব প্রতিষ্ঠান খোলা থাকবে। আজ ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকায় অনেকের ঘরে খাবার রান্নার ব্যবস্থা নেই। তাই যারা খাবার কেনা বা অন্য জরুরি কাজের জন্য বাইরে বের হন তাদের যেন হয়রানি করা না হয় সে বিষয়ে পুলিশকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জরুরি কাজে বের হলেও সবাই যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন। তারা আরো বলেছেন, বাসায় রান্নার ব্যবস্থা না থাকলে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে যেতে পারবেন। যদি রেস্টুরেন্টে বসে খেতে চান সে ক্ষেত্রে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হয়েছে।

ধামরাইয়ে গৃহবধূকে হাতুরি পেটা করে হত্যার অভিযোগ

0

ঢাকার ধামরাইয়ে আছিয়া বেগম নামে এক গৃহবধূকে তার স্বামী হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আছিয়া শোলধন গ্রামের আবু সাইদের মেয়ে ও বাথুলী গ্রামের সোহেল হোসেনের দ্বিতীয় স্ত্রী। সোহেল ও তার প্রথম স্ত্রী পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলা সূতিপাড়া ইউনিয়নের বাথুলী গ্রামে।

এলাকাবাসী জানান, আছিয়া বেগমের আগে বিয়ে হয়েছিল হরিদাসপুর গ্রামে। আগের স্বামী বিদেশ থাকাকালীন আছিয়ার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বাথুলী গ্রামের আবদুল জলিলের ছেলে সোহেল (৪০)। এক পর্যায়ে প্রথম স্বামীর বিদেশ থেকে পাঠানো কয়েক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে আসলে সোহেল তাকে বিয়ে করে প্রায় সাড়ে চার বছর আগে। বিয়ের ছয় মাসের পর থেকে সোহেল ও তার প্রথম স্ত্রী কহিনুর বেগম প্রায়ই তাকে মারধর করতো। এরই ধারাবাহিকতায় আজ শনিবার দুপুরে আছিয়ার হাতে, পিঠে, গোপনাঙ্গে হাতুরি পেটা করে সোহেল। স্বামী, সতীন ও পরিবারের মারপিটের অসহ্য যন্ত্রণায় ঘরের ভিতর ফ্যান ঝুলানোর হুকের সঙ্গে রশি বেধে আত্মহত্যা করে আছিয়া। এরপর বাড়ি থেকে পালিয়ে যায় সোহেল ও তার প্রথম স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী তারামন বিবি (৬৫) জানান, সোহেল তার দ্বিতীয় স্ত্রী আছিয়াকে শনিবার দুপুরে হাতুরি দিয়ে মারতে দেখেছেন তিনি।

নিহতের বাবা আবু সাইদ বলেন, তার মেয়েকে স্বামী, সতীন, দেবরসহ পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, লাশের শরীরের বিভিন্ন স্থানে হাতুরি দিয়ে পেটানোর আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা। তবে এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে।