Home Blog Page 3064

ভয়াবহ সরঞ্জাম সঙ্কটে অস্ট্রেলিয়া, ডাক্তাররা নিজেরাই সেলাই করছেন নিজেদের পিপিই

0

অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দুই হাজার সাতশ ৯৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১২৩ জন। জানা গেছে, মোট ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং গুরুতর অবস্থায় রয়েছে ১১ জন।

করোনা আক্রান্তদের চিকিৎসা জীবনের ঝুঁকি নিয়ে করছেন চিকিৎসকরা। এরই মধ্যে দেশটিতে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) ঘাটতি দেখা দিয়েছে। রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে এবং নিজেদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে নিজেরাই পিপিই (পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট) সেলাই করছেন ডাক্তাররা।

তাদের সেবার মানসিকতা যথেষ্ট প্রশংসিত হচ্ছে। তবে এটিই যথেষ্ট নয়। কারণ, আরো চার সপ্তাহ আগে সে দেশের চিকিৎসকরা পিপিই’র চাহিদার কথা জানিয়েছিলেন। তবে, সরকারিভাবে পিপিই সরবরাহ করা সম্ভব হয়নি।

চার সপ্তাহ আগের চাহিদার ভিত্তিতে মাত্র একশ সুরক্ষা স্যুট দেওয়া হয়েছে ক্যানবেরা হাসপাতালে। সেটি শেষ হয়ে গেছে আরো দুই সপ্তাহ আগে। অন্যান্য হাসপাতালগুলোতেও সঙ্কট চরমে।

সুরক্ষা স্যুটগুলো ধুয়ে বারবার ব্যবহার করছেন ডাক্তাররা। বাধ্য হয়ে নিজেদের থেকেই সেগুলো সেলাই করে ব্যবহার করছেন। রাজধানী ছাড়াও ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ডে সঙ্কট প্রকট। সবগুলো হাসপাতাল থেকেই স্বাস্থ্যমন্ত্রীর কাছে পিপিই’র জন্য আবেদন করা হচ্ছে।

পিপিই সঙ্কটের পাশাপাশি অক্সিজেন দিতেও হিশশিম খাচ্ছেন ডাক্তাররা। করোনাভাইরাসে আক্রান্তদের অনেককেই অক্সিজেন দিতে হচ্ছে, বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।

কমিউনিটি ক্লিনিকের ডাক্তার আক্রান্ত, ৮০০ জন কোয়ারেন্টিনে

0

কমিউনিটি ক্লিনিকের ডাক্তারের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ার পর পরীক্ষা করা হয়। এতে করোনা পজিটিভ ধরা পড়েছে। ফলে তার সংস্পর্শে যাওয়া আটশ জনকে হোম-কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে।

জানা গেছে, গত ১২ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত যারা ওই ডাক্তারের সংস্পর্শে গেছেন, তাদের সবাইকে আজ থেকে ১৫ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকার কথা বলা হয়েছে। ওই ডাক্তারের সংস্পর্শে যাওয়া কারো মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে স্থানীয় সরকারকে জানাতে বলেছেন শাহদারা এলাকার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট।

দিল্লির স্বাস্থ্য কর্মকর্তারা এরই মধ্যে একটি বিবৃতি দিয়েছেন। তাতে বলা হয়েছে, কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক গোপাল ঝা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই ক্লিনিক বন্ধ করে দিয়ে জীবাণুনাশক ছেঁটানো হয়েছে। ওই হাসপাতালে ১২ মার্চ থেকে ১৮ মার্চের মধ্যে যাওয়া কেউ আক্রান্ত হওয়ার শঙ্কা থাকলে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বুয়েটে শিক্ষকদের কোয়ার্টার ‘লাল ভবন’ লকডাউন

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকদের কোয়ার্টার ‘লাল ভবন’টি লকডাউন করেছে বুয়েট প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

গতকাল বুধবার রাতে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার। তিনি জানান, বুয়েট শিক্ষকের মা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ওই শিক্ষকদের কোয়ার্টার লাল ভবনটি লকডাউন করেছে বুয়েট কর্তৃপক্ষ। বুয়েট শিক্ষকের মা সম্প্রতি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে সেখান থেকেই তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন।

ওসি আরো জানান, ভারত থেকে চিকিৎসা শেষে ওই শিক্ষকের মা নারায়ণগঞ্জে ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়। পরে ওই শিক্ষক তার মা ও বোনকে কোয়াটার ‘লাল ভবনে রাখেন। পরে তাদের করোনাভাইরাস উপসর্গ দেখা দিলে দুজনের নমুনা সংগ্রহ করে  রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হলে শুধু ওই শিক্ষাকের মায়ের করোনাভাইরাস পজিটিভ আসে। এ কারণেই শিক্ষকদের লাল ভবনটি লকডাউন করা হয়। ওই ভবনে অবস্থানকারীদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আক্রান্ত ওই শিক্ষকের মায়ের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো আছে বলেও জানান তিনি।

করোনা সতর্কতায় রাজধানী ফাঁকা

0

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে ছুটি ভোগ করছে সরকারি-বেসরকারি অফিসে কর্মরতরা। চলবে ৪ এপ্রিল পর্যন্ত। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে সাধারণ ছুটি।

মানুষের স্থানান্তর বন্ধ রাখতে বাস, ট্রেন, নৌযান, অভ্যন্তরীণ ফ্লাইট, শিক্ষাপ্রতিষ্ঠান, বিপণিবিতান বন্ধ রাখা হয়েছে। তবে প্রয়োজন অনুসারে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, কাঁচাবাজার, ওষুধের দোকান, হাসপাতাল, ফায়ার সার্ভিসসহ অন্যান্য জরুরি সেবাপ্রতিষ্ঠান খোলা থাকবে। সীমিত পরিসরে প্রতিদিন দুই ঘণ্টা ব্যাংকও খোলা।

এমনিতেই কয়েক দিন ধরে রাজধানী অনেকটা ফাঁকা। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। গণপরিবহনও অনেকটাই কম। এই অবস্থা আজ আরো প্রকটভাবে দৃশ্যমান। প্রয়োজনীয় কাজ ছাড়া ব্যক্তিগত যানবাহন নিয়েও কেউ বের হচ্ছেন না। এরপর সেনাবাহিনী মাঠে নামায় মানুষের স্থানান্তর আরো অনেকটা কমে এসেছে। ঢাকার বাইরেও সেনাবাহিনীর টহলে মানুষ অনেকটাই ঘরমুখী।

তবে গতকালও ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ার ভিড় ছিল। সরাসরি বাস চলাচল অনেকটাই বন্ধ থাকায় অনেককেই লোকাল গাড়িতে ঢাকা ছাড়তে দেখা যায়। দূরপাল্লার যানবাহন না পেয়ে রিকশা-ভ্যান, পিকআপ অথবা পায়ে হেঁটেও অনেকে রওনা দেন। গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

যদিও ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।

মহান স্বাধীনতা দিবস আজ

0

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত হামলা চালালে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। যে ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়।

স্বাধীনতার এই ৪৯তম বার্ষিকীতে জাতি মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবে। তবে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে সাভার জাতীয় স্মৃতি সৌধ ও ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোসহ সকল জাতীয় কর্মসূচি বাতিল করা হয়েছে। আওয়ামী লীগও এর আগে স্বাধীনতা দিবসের সকল কর্মসূচি বাতিল ঘোষণা করে।

১৯৭০-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করা সত্ত্বেও বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পাকিস্তনি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সেনারা বাঙালি বেসামরিক লোকজনের ওপর গণহত্যা শুরু করে। তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল সকল রাজনৈতিক নেতা-কর্মী এবং সকল সচেতন নাগরিককে নির্বিচারে হত্যা করা।

সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে তাঁর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে বঙ্গবন্ধু ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যেকোনো মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মুহূর্তের মধ্যেই বঙ্গবন্ধুর এ ঘোষণা ওয়্যারলেসের মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে দেওয়া হয়।

সেই সময় বাস্তবতা ও নিরাপত্তাজনিত কারণে বঙ্গবন্ধুর স্বাধীনতার এই ঘোষণা নথি সংরক্ষণ করা সম্ভব ছিল না। পরবর্তী সময়ে সংবিধানের ষষ্ঠ তফসিলে বঙ্গবন্ধুর ঘোষণাটি অন্তর্ভুক্ত করা হয়।

১৯৮২ সালে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র তৃতীয় খন্ডে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের এই ঘোষণা উল্লেখ করা হয়। এতে বলা হয় ২৫ মার্চ মধ্য রাতের পর অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে এ ঘোষণা দেন তিনি। যা তৎকালীন ইপিআর এর ট্রান্সমিটারের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পরে। পরে চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ২৬ ও ২৭ মার্চ বেশ কয়েকজন শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।

বঙ্গবন্ধুর ঘোষণার মূল্যবান দলিলটি সেখানে লিপিবদ্ধ হয়েছে এভাবে, ‘ইহাই হয়তো আমাদের শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে, যে যেখানে আছে, যাহার যাহা কিছু আছে, তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও। শেখ মুজিবুর রহমান। ২৬ মার্চ, ১৯৭১।’

২০১৬ সালে প্রকাশিত বাংলাদেশের সংবিধানের উপক্রমণিকায় এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘অসহযোগ আন্দোলন চলাকালে ১৯৭১ সালের ৭ মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় রেসকোর্স ময়দানে বাংলার ইতিহাসে সর্ববৃহৎ জনসভায় এক রাজনৈতিক প্রেক্ষাপট বর্ণনা করিয়া স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হইবার ডাক দেন এবং ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’

উপক্রমণিকায় আরো বলা হয়েছে, রক্তপাতহীন স্বাধীনতা প্রাপ্তির প্রত্যাশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সামরিক জান্তা এবং রাজনৈতিক নেতাদের সহিত ঢাকায় আলোচনায় বসেন। কিন্তু ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাত্রিতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত হামলা চালিয়ে নির্বিচারে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংঘটন করতে থাকে। এমতাবস্থায় ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। এই ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়।’

অন্যদিকে বঙ্গবন্ধু স্বকণ্ঠে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এমন তথ্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিবন্ধ প্রকাশিত হয়েছে। এরকম একটি নিবন্ধে বলা হয়েছে, একাত্তর সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি আর্মি ঢাকা রেডিও’র দখল নিলেও, গোপন তিনটি ট্রান্সমিটার আগে থেকে প্রস্তুত রেখেছিলেন বঙ্গবন্ধু। সেগুলোতে টেলিফোনে নিজের ঘোষণা রেকর্ড করান তিনি। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বার্তা প্রচারের ব্যবস্থা করেন। নিবন্ধে আরো বলা হয়, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র চালু হওয়ার অন্তত ১৮ ঘণ্টা আগে গোপন রেডিও মনিটর করে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার সংবাদ প্রকাশ করে বিশ্ব গণমাধ্যম।

লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান এবং লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজীর জনসংযোগ অফিসারের দায়িত্ব পালনকারী সিদ্দিক সালিক-এর ‘উইটনেস টু সারেন্ডার’ গ্রন্থেও এ সংক্রান্ত একটি বিবরণেও এর সত্যতা পাওয়া যায়। সিদ্দিক সালিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জেনারেল নিয়াজীর পাশেই ছিলেন।

বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অনুগত পাকিস্তানি হিসাবে পাক সামরিক জান্তার চক্রান্ত তিনি খুব কাছে থেকেই দেখেছেন। ২৫ মার্চ, অপারেশন সার্চ লাইট শুরুর মুহূর্ত নিয়ে তিনি ‘উইটনেস টু সারেন্ডার’ গ্রন্থে লিখেন ‘এভাবে নির্দিষ্ট সময়ের আগেই সামরিক কার্যক্রম শুরু হয়ে যায়। এমন আঘাত হানার নির্ধারিত মুহূর্ত (এইচ-আওয়ার) পর্যন্ত স্থির থাকার চিহ্ন বিলুপ্ত হয়ে গেল। নরকের দরজা উন্মুক্ত হয়ে গেল। যখন প্রথম গুলিটি বর্ষিত হলো, ঠিক সেই মুহূর্তে পাকিস্তান রেডিও’র সরকারি তরঙ্গের (ওয়েব লেংনথ) কাছাকাছি একটি তরঙ্গ থেকে শেখ মুজিবুর রহমানের ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো। ওই কন্ঠের বাণী মনে হলো আগেই রেকর্ড করে রাখা হয়েছিল। তাতে শেখ মুজিব পূর্ব পাকিস্তানকে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ হিসেবে ঘোষণা করলেন।’

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বাংলাদেশ ডকুমেন্টস-এ ওই ঘোষণার পূর্ণ বিবরণ প্রকাশিত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘ঘোষণায় বলা হয়, এই-ই হয়তো আপনাদের জন্য আমার শেষ বাণী হতে পারে। আজকে থেকে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি- যে যেখানেই খাকুন, যে অবস্থাতেই থাকুন এবং হাতে যার যা আছে তাই নিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলুন। ততদিন পর্যন্ত লড়াই চালিয়ে যান- যতদিন না দখলদার পাকিস্তানি বাহিনীর শেষ সৈনিকটি বাংলাদেশের মাটি থেকে বহিষ্কৃত হচ্ছে এবং চূড়ান্ত বিজয় অর্জিত হচ্ছে।’ খবর বাসস’র।

বিশেষ ফ্লাইটে মালয়েশিয়া ও ভুটান ফিরলেন ৩৬৩ বিদেশি নাগরিক

0

করোনাভাইরাস পরিস্থিতিতে অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে নিজ নিজ দেশে ফিরে গেছেন মালয়েশিয়া ও ভুটান দূতাবাসের বেশ কয়েকজন কর্মী ও সে দেশের নাগরিক।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় মালয়েশিয়া এবং আজ বৃহস্পতিবার সকালে ভুটানের বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এমন তৌহিদ উল আহসান‌ কালের কণ্ঠকে এ তথ্য জানান।

তিনি বলেন, রাত ১২টায় মালয়েশিয়ান একটি বিশেষ ফ্লাইটে দুতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এবং মালয়েশিয়ার নাগরিক মোট ২২৪ জন দেশে ফিরে গেছেন। এছাড়া রাতেই ভুটানের ড্রাক এয়ারের একটি স্পেশাল ফ্লাইটে আজ সকালে ১৩৯ জন যাত্রী ও দূতাবাসের লোকজন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

এদিকে, নভেল করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে বিদেশিরা বাংলাদেশ ছাড়তে চাইলে ‘চার্টার’ (বিশেষ) ফ্লাইটযোগে তাঁদের ফিরে যাওয়ার সুযোগ আছে বলে জানিয়েছিল সরকার। এ ক্ষেত্রে বিশেষ ফ্লাইট আসার এবং যাত্রী নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবেই বিবেচনার ইঙ্গিত দিয়েছে কূটনৈতিক মিশনগুলোকে।

করোনায় মৃত্যু হয়েছে ইরানের যে ১৭ শীর্ষ কর্মকর্তার

0

করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানে প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত ১৭ জন শীর্ষ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন অন্তত ১২ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলির বরাতে এ খবর দিয়েছে মধ্যপ্রচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়া।

বুধবার পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে ২৭ হাজার ১৭ জন। করোনার ছোবলে ইরানের যে ১৭ জন শীর্ষ কর্মকর্তা মারা গেছেন তাঁরা হলেন-

হাবিব বারজেগারি: মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর প্রতিষ্ঠাতা সদস্য হাবিব বারজেগারি করোনাভাইরাসে মারা গেছেন।

হামিদ কাহরাম: প্রাক্তন আইনজীবি হামিদ কাহরামও করোনাভাইরাসে মারা গেছেন বলে ১৯ মার্চ রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়েছে। কাহরাম ২০১৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনের সময় খুজেস্তান প্রদেশে ইরানের বর্তমান রাষ্ট্রপতি হাসান রুহানির প্রচার টিমের প্রধান ছিলেন।

আয়াতুল্লাহ হাশেম বাথেই-গোলপাইজানি:  ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য আয়াতুল্লাহ হাশেম বাথেইও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ১৬ মার্চ তিনি মারা যান বলে ইরনা নিউজে বলা হয়েছে। ইরানের বিশেষজ্ঞ পরিষদ একটি ধর্মীয় সংস্থা যা সংসদ সদস্যদের তত্ত্বাবধান করে, নিয়োগ দেয় এবং তাত্ত্বিকভাবে সর্বোচ্চ নেতাকে বরখাস্ত করতে পারে।

হাশেম বাথেই মৃত্যুর আগে গত ২২ ফেব্রুয়ারি করোনভাইরাস প্রাদুর্ভাব ছড়িয়ে দেওয়ার জন্য আমেরিকাকে দোষারোপ করেছিলেন। তিনি বলেছিলেন,’আমার মতে আমেরিকা করোনাভাইরাসের উৎস। আমেরিকান সৈন্যরা চীনে ভাইরাস তৈরি করেছিল এবং ছড়িয়ে দিয়েছে।

নাসের শাবানী: আইআরজিসির সিনিয়র কমান্ডার নাসের শাবানীও করোনভাইরাসে মারা গেছেন। আইআরজিসি ১৩ মার্চ এক বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। নাসের শাবানীর নির্দেশে ২০১৮ সালের আগস্টে ইয়ামেনের হুথিরা বাব-আল মান্দেবে দুটি সৌদি ট্যাঙ্কার আক্রমণ করে ধ্বংস করে দিয়েছিল।

হোসেইন আসাদোল্লাহী: আইআরজিসির আরেক সিনিয়র কমান্ডার হোসেইন আসাদোল্লাহিও করোনভাইরাসে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। শনিবার বেশ কয়েকটি রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে যে ইরাকের সাথে আট বছরের দীর্ঘ যুদ্ধে (১৯৮০-১৯৮৮) যিনি রাসায়নিক অস্ত্রের আঘাতে আহত হয়েছিলেন সেই আসাদোল্লাহী আজ করোনায় মারা গেছেন।

সরকারী পরিসংখ্যান অনুসারে, ইরাকের সাথে যুদ্ধের সময় ইরানের দেড় লাখেরও বেশি মানুষ রাসায়নিক অস্ত্রের সংস্পর্শে ফুসফুসে আঘাত প্রাপ্ত হয়েছিলেন। এই ব্যক্তিরা করোনভাইরাসে বিশেষত ঝুঁকিপূর্ণ।

ইরানের কর্মকর্তাদের মধ্যে করোনাভাইরাসে মৃত্যু হওয়া অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- সিরিয়ার সাবেক রাষ্ট্রদূত হোসেইন শেইখুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রেজা রাহচামানি, সংসদ সদস্য ফাতেমেহ রাহবার এবং মোহাম্মদ আলী রামেজানী। এক্সপিডেন্সি কাউন্সিলের মোহাম্মদ মির মোহম্মদী,এবং ভ্যাটিকানের সাবেক রাষ্ট্রদূত হাদী খোসরোশাহী।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কমপক্ষে ১২ জন শীর্ষ কর্মকর্তা করোনাভাইরাসে সংক্রামিত হয়েছেন। এদের মধ্যে রয়েছে- ইরানের প্রথম ভাইস-প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি। পর্যটনমন্ত্রী আলী আসগর মৌসান এবং এক্সপিডিসি কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী ইরাভানি।

ভাইরাসটি মহিলা ও পরিবার বিষয়ক উপরাষ্ট্রপতি মাসুমেহ এবেটেকার, উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হরিচি, শিল্পমন্ত্রী রেজা রহমানি, প্রাক্তন বিচারমন্ত্রী মোস্তফা পূর্ণমোহমদীকেও সংক্রামিত করেছে।

এছাড়া, মোজতাবা জোলনূর, জোহরেহ এলাহিয়ান এবং মাসুমেহে আগাপুর আলিশাহী-সহ বেশ কয়েকজন আইনজীবী সংক্রামিত হয়েছেন।

মক্কা-মদিনায় কারফিউ জারি

0

করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সৌদি আরবে আন্তঃপ্রদেশীয় যাতায়াত অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। আর বৃহস্পতিবার (২৭ মার্চ) মক্কা, মদিনা ও রিয়াদে বিকাল ৩ টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

সৌদিতে গত রবিবার সন্ধ্যা ৭টা থেকে চলছে রাত্রিকালীন ২১ দিনের কারফিউ। এ আইন অমান্যকারীদের করা হচ্ছে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা ও গ্রেপ্তার।

এখন পর্যন্ত সাড়ে সাতশ’র বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে সৌদিতে। সেই সঙ্গে প্রথম একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিমানবন্দর থেকে ৬০ লাখ মাস্ক গায়েব

0

জার্মান সেনাবাহিনীর জন্য তৈরি করা ৬০ লাখ মাস্ক কেনিয়ার বিমানবন্দর থেকে গায়েব হয়ে গেছে। জার্মানিতে পাঠানোর উদ্দেশে নাইরোবি বিমানবন্দরে নেয়ার পর সেখান থেকে মাস্কগুলো হারিয়ে যায়।

তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির খবরে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধে ৬০ লাখ মাস্ক তৈরির অর্ডার দিয়েছিল জার্মান সেনাবাহিনী। কিন্তু মাস্কগুলো তৈরি করার পর বিমানবন্দর থেকে সেগুলোর আর হদিস নেই।

এ বিষয়ে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছিল, সেনাদের জন্য ৬০ লাখ মাস্ক জোগাড় করতে। তাদের চাহিদা অনুযায়ী একটি বিদেশি প্রতিষ্ঠানকে মাস্ক তৈরির দায়িত্ব দেয়া হয়। মাস্ক হাতে পৌঁছালেই মূল্য পরিশোধ করা হবে বলে ডিল নির্ধারিত হয়। কিন্তু তার আগেই বিমানবন্দর থেকে মাস্কগুলো হারিয়ে যায়।

লকডাউনে কোথায় যাচ্ছেন? প্রশ্ন করায় পুলিশের গায়ে লিপস্টিক লাগিয়ে দিলেন তরুণী!

0

করোনা ঠেকাতে ভরতে চলছে লকডাউন। কিন্তু এক তরুণী তা না মেনে বাড়ির বাইরে বের হন। বের হওয়ার কারণ জানতে চাইলে পুলিশের গায়ে লিপস্টিক লাগিয়ে দেন তরুণী। পরে পুলিশ ওই তরুণী এবং তার সঙ্গীকে আটক করেছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতা শহরের সল্টলেকের পিএনবি মোড়ে।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা যায়, বুধবার সাড়ে ১২টা নাগাদ সল্টলেকের পিএনবি মোড়ে রুটিন কাজ চালিয়ে যাচ্ছিল স্থানীয় পুলিশ। সেই সময়ে একটি ছোট গাড়ি সল্টলেকের দিকে ঢোকার চেষ্টা করলে পুলিশ গাড়িটি আটকায়। গাড়ির গায়ে উবরের স্টিকার ছিল। ভেতরে ছিলেন এক তরুণী এবং এক যুবক। পুলিশ গাড়িটি আটকে প্রথমে চালককে প্রশ্ন করে, কেন তিনি আরোহীসহ বাইরে বেরিয়েছেন?

পুলিশের দাবি, ওই চালক দাবি করেন গাড়ির আরোহী ওষুধ কেনার জন্য বেরিয়েছেন। অভিযোগ, পুলিশ কর্মীরা গাড়িচালক এবং আরোহীদের কাছ থেকে ওষুধের প্রেসক্রিপশন চাইলে তারা তা দেখাতে পারেননি। এরপরেই গাড়ির আরোহী তরুণীর সঙ্গে পুলিশকর্মীদের তর্ক শুরু হয়।

একপর্যায়ে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। তার মাঝেই হঠাৎ ওই আরোহী তরুণী গাড়ি থেকে নেমে আসেন এবং দায়িত্বে থাকা সাব ইনস্পেক্টর সুমন ভট্টাচার্যের শরীরে ঠোঁটের লিপস্টিকও লাগিয়ে দেন। লিপস্টিকের রঙ লেগে যায় পুলিশ কর্মকর্তার পোশাকে।

এই ঘটনার পর পুলিশকর্মীরা ঘিরে ধরেন ওই তরুণীকে। খবর দেওয়া হয় বিধাননগর উত্তর থানায়। সেখান থেকে নারী পুলিশকর্মীরা এসে ওই তরুণী এবং তার সঙ্গীকে আটক করে নিয়ে যান।

প্রাথমিকভাবে পুলিশকে ওই গাড়িচালক জানিয়েছেন, ওই তরুণীর বাড়ি পিকনিক গার্ডেনে। গাড়িচালকের পরিচিত তিনি। চালকের দাবি, তিনি একটি অ্যাপ-ক্যাব সংস্থার সঙ্গে যুক্ত। কিন্তু, সেই সংস্থা আপাতত গাড়ি পরিষেবা বন্ধ রেখেছে। তিনি বলেন, আমার পরিচিত ওই তরুণী প্রথমে মেডিক্যাল কলেজের দিকে গিয়েছিলেন। সেখান থেকে একটি দোকানে যান খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। বি‌‌ধাননগর পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশকর্মীকে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।