Home Blog Page 3066

হ্যান্ড স্যানিটাইজার বিতরণ খেলাঘরের

0

‘মানুষ মানুষের জন্য’ এই শ্লোগান নিয়ে প্রাণঘাতি ভাইরাস করোনার সংক্রমণ প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সোমবার সংগঠনের সিদ্ধেশ্বরী কেন্দ্রীয় প্রশিক্ষণ কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে স্যানিটাইজার উৎপানে খেলাঘর সংগঠক ও ভাইবোনরা যোগ দেন।

সংগঠকরা জানিয়েছেন, উৎপাদিত সেনিটাইজার ঢাকা সহ বিভিন্ন জেলায় সুবিধাবঞ্চিত মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নিয়মিতভাবে বিতরণ করা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন আঞ্চলিক, মহানগর, জেলা ও শাখা আসরগুলোকে সাধারণ মানুষের মধ্যে করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার সহ প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে বিতরণের জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে।

স্যানিটাইজার উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু। এ সময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা বলেন, বিজ্ঞানের উপর ভরসা রাখতে হবে, কারণ বিজ্ঞানই পারে এই মহামারী থেকে মুক্ত করতে।

উপস্থিত ছিলেন সভাপতিমন্ডলির সদস্য আব্দুল মতিন ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক সুনীল সরকার, সাহাবুল ইসলাম বাবু, সম্পাদকমন্ডলীর সদস্য অশোকেশ রায়, অনিকেত আচার্য, আসমা আব্বাসী উর্মি, সুজন মজুমদার। সদস্য ফখরুল ইসলাম, এম আই চৌধুরী, সামিনা জাহান প্রমুখ।

বিনামূল্যে মাস্ক বিতরণে স্বাস্থ্য অধিদপ্তরের আহ্বান

0

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে বিনামূল্যে মাস্ক বিতরণের জন্য দেশের গণ্যমান্য ব্যক্তি, ধনাট্য ব্যক্তি, সমাজসেবীসহ সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া ভালো। ঘরের বাইরে গেলে অন্যের কাছ থেকে  তিন ফুট দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে। বাজারে মাস্কের সংকট থাকলে নতুন বা পুরনো কাপড় ব্যবহার করে মাস্ক বানিয়ে পরতে হবে।

স্বেচ্ছাসেবীদের বিনামূল্যে খাবার সরবরাহ করছে ফুডপাণ্ডা

0

কোভিড-১৯ মোকাবেলায় প্রথমে এগিয়ে আসা স্বাস্থ্যসেবা কর্মী ও তাদের সাথে কাজ করতে আগ্রহী স্বেচ্ছাসেবীদের বিনামূল্যে ২০ হাজার খাবারের প্যাকেট সরবরাহ করছে ফুডপান্ডা। ফুডপান্ডা তাদের পার্টনারদের জন্য একটি যোগাযোগ ব্যবস্থা ও তথ্য শেয়ারিং কৌশল নিয়ে এসেছে। এছাড়া রেস্টুরেন্টগুলোতে বিতরণ করার জন্য কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধমূলক পোস্টারসহ ফেসমাস্ক ও মিনি লাইফবয় হ্যান্ড ওয়াশ সমন্বিত কেয়ার প্যাকেজ প্রস্তুত করা হয়েছে।

বিশ্বব্যাপী চলছে করোনা ভাইরাসের প্রকোপ, সম্প্রতি যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এই ভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে অনলাইন ভিত্তিক খাবার অর্ডার এবং ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সচেতনতার বার্তা। গ্রাহক, রেস্টুরেন্ট পার্টনার ও রাইডারদের স্বাস্থ্যসুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

কোভিড-১৯ প্রতিরোধে গ্রাহকদের সুরক্ষার্থে ইতোমধ্যে ফুডপান্ডা তাদের রাইডারদের কাছে এই সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে। একইসাথে সংস্পর্শ কমিয়ে আনতে তারা ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট অপশনগুলো ব্যবহারের জন্য অর্থাৎ ক্যাশবিহীন পেমেন্ট সুবিধা ব্যবহারে গ্রাহকদের উদ্বুদ্ধ করছে। এছাড়া গ্রাহকদের সুরক্ষায় সংস্পর্শবিহীন খাবার ডেলিভারির জন্য অর্ডার করা খাবার বাসা কিংবা অফিসের সামনে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কোভিড-১৯ প্রতিরোধে ফুডপান্ডার সকল রাইডারদেরকে ফেসমাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে। পাশাপাশি বাসা এবং কর্মস্থলে প্রতিনিয়ত সঠিক নিয়মে হাত ধোয়া নিশ্চিত করতে ফুডপান্ডা সম্প্রতি লাইফবয়ের সাথে একটি চুক্তি সম্পাদন করেছে, যার অধীনে ফুডপান্ডার সকল রাইডার এবং রেস্টুরেন্ট পার্টনারদের লাইফবয় হ্যান্ড ওয়াশ প্রদান করা হবে বলে জানান ফুডপান্ডা বাংলাদেশ-এর সিইও আম্বারিন রেজা।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মাবলী অবলম্বনের বিষয়ে আমরা আমাদের তালিকাভুক্ত রেস্টুরেন্টগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। সেই সাথে সাধারণ খাদ্য ও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়ে যাচ্ছি। ফুডপান্ডা তাদের অংশীদারদের সুস্থতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সেই সাথে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকবে এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।’

লক্ষাধিক দোকানদারকে হাত ধোয়ায় উদ্বুদ্ধ করেছে ডেটল

0

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় দোকানদারদের সচেতন করতে এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে একটি হাইজিন ক্যাম্পেইন পরিচালনা করছে অ্যান্টিসেপটিক সাবানের জনপ্রিয় ব্র্যান্ড ডেটল। ক্যাম্পেইনের অংশ হিসেবে ডেটল প্রতিনিধিদের মাধ্যমে দেশে বিভিন্ন এলাকার দোকানদারদেরকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করছে এবং হাত ধোয়ার বিষয়ে উৎসাহিত করে চলেছে। সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করার পাশাপাশি করোনা পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবিলায় বিনামূল্যে ডেটল সাবান সরবরাহ করছে। এ পর্যন্ত লক্ষাধিক দোকানদারকে এই সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেককে ডেটল দিয়ে হাত পরিস্কার করানো হয়েছে।

জানতে চাইলে ডেটল বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ফারনাজ করিম বলেন, ‘একটি দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে আমাদের এই সময়ে সকলের পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। দুর্যোগময় এই মুহূর্তে সকলের ভেতর যেন আতঙ্ক ছড়িয়ে না পরে এবং সকলে যেন করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা মেনে চলে সেই লক্ষ্যে ডেটল কাজ করে যাচ্ছে, করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব শুরুর লগ্ন থেকে।’

তিনি আরও বলেন, এই ভাইরাসকে কীভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে আমরা টিভি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছি। তারই অংশ হিসেবে আমরা ব্যবসায়িক অংশীদারদের সঠিক নিয়ম মেনে কিভাবে হাত ধুতে হয় সেই বিষয়ে সরাসরি প্রশিক্ষণ দিচ্ছি। সকলের প্রতি একটাই আহ্বান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের দেওয়া নির্দেশনাগুলো মেনে চলুন।

বাস, ট্রেন, বিমান ও নৌযান চলাচল বন্ধ

0

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় আজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ট্রেন, বিমান ও নৌযান চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২৬ মার্চ থেকে বাস চলাচল বন্ধ হবে।

আজ মঙ্গলবার দুপুরে রেলভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেন, করোনাভাইরাস সংক্রমন রোধে আজ সন্ধ্যার পর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ সময় মালবাহী ও তেলবাহী ট্রেন সীমিত পরিসরে চলাচল করবে।

এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিও বার্তায় গণপরিবহন বন্ধের ঘোষণা দেন।

বার্তায় তিনি বলেন, দেশের মানুষ, যাত্রীসাধারণ, গাড়ির মালিক শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহনে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনও যাত্রী পরিবহন করা যাবে না।

এছাড়াও করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার থেকে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সীমিত আকারে ফেরি চলাচল করবে।

আজ মঙ্গলবার সচিবালয়স্থ অফিস থেকে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় লঞ্চসহ যাত্রীবাহি নৌযান চলাচল করবে না। নিত্যপ্রয়োজনীয় পণ্য কার্গোর মাধ্যমে পরিবহন করা হবে। অ্যাম্বুলেন্স বা প্রয়োজনীয় যান পারাপারের জন্য ফেরি সীমিত আকারে চলাচল করবে। ফেরিতে সাধারণ মানুষ পারাপারের ক্ষেত্রে নিষধাজ্ঞা থাকবে।

এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে আজ মধ্যরাত থেকে দেশের অভ্যন্তরীণ রুটে বিমানের সব ফ্লাইটও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

পুনর্ব্যবহার উপযোগী মাস্ক উৎপাদন করছে ব্র্যাক

0

নভেল করোনাভাইরাস প্রতিরোধে ব্র্যাক স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় দুই লাখের বেশি পুনর্ব্যবহারযোগ্য মাস্ক উৎপাদন শুরু করেছে। এছাড়া সংস্থাটি ইতিমধ্যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা সুরক্ষা পোশাক তৈরির বিষয়টিও পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। খুব শীঘ্রই এর উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে জানা গেছে। ব্রাকের হেড অফ মিডিয়া অ্যান্ড এক্সটার্নাল রিলেশন্স কমিউনিকেশনস রাফে সাদনান আদেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

ইতিমধ্যে ব্র্যাকের ৫০ হাজারেরও বেশি মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী দেশের ৬১ জেলায় তৃণমূল মানুষের কাছে কোভিড-১৯ সংক্রমণ মোকাবেলার লক্ষ্যে প্রয়োজনীয় স্বাস্থ্যবার্তা ও স্বাস্থ্যসুরক্ষা উপকরণ পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি, ব্র্যাক তার ঋণকর্মসূচির কিস্তি জমাদান ২৪শে মার্চ থেকে ২রা এপ্রিল পর্যন্ত স্থগিত রেখেছে এবং সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যেও সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবার্তা ও সাবানসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হচ্ছে।

এ পর্যন্ত ব্র্যাকের ৮ হাজার ৫০০ কর্মীকে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে করণীয় সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাঁরা তৃণমূল পর্যায়ে ব্র্যাকের সচেতনতা অভিযানে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ব্র্যাকের স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও গ্লাভসের মতো প্রায় ১৮ হাজার সুরক্ষা পরিধেয় বিতরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, কোভিড-১৯ এর ঝুঁকি মোকাবেলায় ব্র্যাক অতি দ্রুত তার সামর্থ্য বৃদ্ধির সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। লাখ লাখ মানুষের কাছে স্বাস্থ্যবার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসম্মত উপায়ে মাস্ক তৈরি করতে শুরু করেছি আমরা।

তিনি আরো বলেন, এখন আমরা দেশেই পিপিই বা সুরক্ষা পোশাক তৈরির বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছি। কোভিড-১৯ সংক্রমণের বিপুল বিস্তারের ফলে শিল্পোন্নত দেশগুলোতেও সুরক্ষা পোশাকের ঘাটতি দেখা দিয়েছে ফলে তা আমদানি করাও কঠিন হয়ে পড়েছে। আমরা আশা করছি পরীক্ষা-নিরীক্ষায় সফল হয়ে অচিরেই আমরা এর উৎপাদনে যেতে পারব। এতে বিজিএমইএসহ সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন এবং বাংলাদেশ সরকারের তত্ত্ববধানে এর উৎপাদন ও বিতরণ নিশ্চিত করা সম্ভব হবে।

ছুটিতে সরকারি চাকরিজীবীদের পোস্টিং এলাকায় অবস্থান করার নির্দেশ

0

করোনাভাইরাস মোকাবেলার জরুরি পরিস্থিতিতে ঘোষিত সাধারণ ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই নিজ নিজ পোস্টিং এলাকায় অবস্থান করতে হবে।

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সোমবার পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ফলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকছে দেশের সব অফিস-আদালতে।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটি বা বন্ধকালীন অবশ্যই নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, টানা ছুটি পেয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ অনেকেই গ্রামের বাড়ি যেতে চাইছেন। তাই সরকারি কর্মকর্তাদের কর্মস্থল অর্থাৎ যার যে অঞ্চলে পোস্টিং সেখানেই অবস্থান করতে নির্দেশনা দেওয়া হল।

ওষুধ বা খাদ্য প্রস্তুত, ক্রয়-বিক্রয়সহ অন্যান্য শিল্প কারখানা, প্রতিষ্ঠান, বাজার, দোকানপাট নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, গণপরিবহন ব্যতীত অন্যান্য জরুরি পরিবহন যেমন, ট্রাক, কার্গো, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রবাহী গাড়ি ইত্যাদি যথারীতি চলবে।

যুক্তরাষ্ট্রও বাংলাদেশের কাছে মেডিক্যাল ইকুইপমেন্ট চেয়েছে

0

মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের দেশে মেডিক্যাল ইকুইপমেন্ট পাঠানোর জন্য আমাদের কাছে অনুরোধ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী আকার নিয়েছে। প্রত্যেক দেশেই করোনাভাইরাস সংক্রান্ত মেডিক্যাল ইকুইপমেন্টের চাহিদা খুব বেড়েছে। কয়েকটি দেশ তাদের দেশে এই মেডিক্যাল ইকুইপমেন্ট দেওয়ার জন্য আমাদের অনুরোধ করেছে। এমনকি স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের দেশে পাঠানোর জন্য আমাদের কাছে অনুরোধ করেছে। আমাদের ব্যবসায়িক মহল তাদের অনুরোধ বিবেচনা করছে। সৌভাগ্যের বিষয় এই যে, আমাদের দেশে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান এগুলো তৈরির কাজে প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, আমাদের স্বাধীনতার দিন অর্থাৎ ২৬ মার্চ চীন সরকার তাদের প্রতিশ্রুত দশ হাজার টেস্টিং কিট এবং দশ হাজার প্রটেকটিভ গাউন এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার আমাদের গিফটের সাথে হস্তান্তর করবে। এবং দুই দিন পর আরো ১৫ হাজার এন ৯৫ মাস্ক হস্তান্তর করবে।

উল্লেখ্য, করোনাভাইরাস পরীক্ষায় বাংলাদেশে পর্যাপ্ত সংখ্যক ‘টেস্ট কিট’ নেই। সম্প্রতি বসরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চীনের কাছে টেস্ট কিটসহ চিকিৎসা সরঞ্জাম সহায়তা চায়। পরদিন চীন এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। চীন করোনাভাইরাস মোকাবেলায় ইতালিসহ অন্যান্য দেশকেও সহায়তা করছে। এরই অংশ হিসেবে আগামী ২৬ মার্চ টেস্ট কিট ও পিপিই চীন থেকে ঢাকায় আসছে।

বাংলাদেশে করোনার চিকিৎসায় ভালো ফল পাওয়া যাচ্ছে যে ওষুধে

0

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ ভালো কাজ করছে বলে গণমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর।

তারা বলছেন, করোনাভাইরাস ধরা পড়েছে এমন ব্যক্তিদের শরীরে এ ওষুধ প্রয়োগ করে ভালো ফল পাওয়া যাচ্ছে।

আমেরিকার সরকারি রোগ নিয়ন্ত্রণ বিভাগের গবেষণার তথ্য দিয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানিয়েছেন, দেশে এখন এ গ্রুপের ওষুধ মজুদ আছে। যেগুলো করোনার চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তর ও সিএমএইচে দেয়া হবে। তবে কেউ এটি বাজারজাত করতে পারবে না। হাইড্রক্সিক্লোরোকুইন যে কেউ যত্রতত্র ব্যবহারের দরকার নেই। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ ওষুধ গ্রহণ করতে হবে।

তিনি আরও জানিয়েছেন, দেশে ২০ হাজার রোগীকে চিকিৎসা দেয়ার মতো ওষুধ তাদের কাছে মজুদ আছে।

যুক্তরাষ্ট্র, ইরান, চীনসহ বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমিত ব্যক্তিদের ওপর এ জাতীয় ওষুধ প্রয়োগ করে ভালো ফল পাওয়া গেছে।

স্পেনে করোনায় ৩২ বাংলাদেশি আক্রান্ত

0

বিশ্ব আজ করোনা আতঙ্কে আতংকিত।প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা,লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল! পৃথিবীর করোনা সংক্রমণের দিক থেকে চতুর্থ অবস্থানে স্পেন।

স্পেনে বাংলাদেশি বৈধ এবং অবৈধদের সংখ্যা প্রায় ৩০০০০। করোনায় স্পেনে আক্রান্ত হয়েছেন ৩৯৬৭৩ এবং মারা গেছেন ২৬৯৬ জন। এর মধ্যে বাংলাদেশি আক্রান্ত হয়েছেন কতজন এ বিষয় জানতে দূতাবাসের হট লাইনে কল করা হলে ৩২ জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে মাদ্রিদে ২৭ জন এবং বার্সেলোনায় ৫ জন। স্পেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন রায়হান জানান, স্পেনে এখন ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে, কেউ বাসা থেকে বের হচ্ছে না।

করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে প্রবাসী বাংলাদেশিরাও। ইতিমধ্যে ৩২ জন বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন বলে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা আমাকে নিশ্চিত করেন।