Home Blog Page 3070

জরুরি প্রয়োজন ছাড়া দশ দিন বাড়ির বাইরে আসবেন না

0

করোনাভাইরাসের বিস্তৃতি রোধকল্পে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত টানা দশ দিন বাড়ির বাইরে না আসার অনুরোধ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী ২৬ মার্চের সরকারি ছুটি এবং ২৭-২৮ মার্চের সাপ্তাহিক ছুটির সাথে ২৯ মার্চ হতে ০২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ০৩ ও ০৪ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন এই বন্ধের সাথে সংযুক্ত থাকবে। কাঁচাবাজার, খাবার এবং ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবার জন্য এই ব্যবস্থা প্রযোজ্য হবে না।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জনসাধারণকে অনুরোধ করা যাচ্ছে তারা যেন এ সময় জরুরি প্রয়োজন ব্যতীত (খাদ্য দ্রব্য, ওষুধ ক্রয়, চিকিৎসা, মৃতদেহের সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে না আসেন। এই সময়ে বিভিন্ন অফিস আদালতের প্রয়োজনীয় কার্যাবলী অনলাইনে সম্পাদন করতে হবে। সরকারি অফিসসমূহের মধ্যে যারা প্রয়োজন মনে করবে তারা অফিস খোলা রাখবে।

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ছুটি

0

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার, ফলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে দেশের সব অফিস-আদালতে।

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই ঘোষণা দেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, হাসপাতালসহ জরুরি সেবা সংস্থাগুলো এই ছুটির আওতায় থাকবে না। ছুটির সময় গণপরিবহন সীমিত আকারে চলাচল করবে।

অলিম্পিকে দল পাঠাবে না কানাডা

0

করোনাভাইরাসের কারণে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করেছে কানাডিয়ান অলিম্পিক কমিটি।
টোকিও অলিম্পিক পূর্বনির্ধারিত সময়ে শুরু হবে না পিছিয়ে যাবে তা নিয়ে এখনো সংশয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চার সপ্তাহের সময় নিয়েছে সংস্থাটি। তবে এ সব সংশয়ের ধারেকাছে দিয়েও গেল না কানাডা। দেশটির অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি আইওসিকে জানিয়ে দিয়েছে জুলাইয়ের অলিম্পিকে কানাডা অংশ নেবে না। কারণ হিসেবে দেশটি বলেছে করোনাভাইরাসের এই সময়ে অ্যাথলেটদের অনুশীলন চালিয়ে যাওয়া সম্ভব নয়।

কানাডার এই সিদ্ধান্তের কিছু সময় পরেই জাপানের পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে প্রথমবারের সংশয় প্রকাশ করেছেন গেমস সময়মতো হবে কি না তা নিয়ে। অস্ট্রেলিয়ার অলিম্পিক কমিটিও বলেছে এটা পরিষ্কার যে অলিম্পিক সময় মতো হবে না। গেমস শুরু হওয়ার কথা ২৪ জুলাই থেকে।

এক যৌথ বিবৃতিতে কানাডার অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি নাম প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেছে, ‘এই গেমসকে সামনে রেখে অনুশীলন চালিয়ে যাওয়া আমাদের অ্যাথলেটদের জন্য নিরাপদ নয়। এই সময়ে অনুশীলন চালিয়ে যাওয়া মানে তাঁদের পরিবার ও কানাডার বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা। সব কানাডীয়কে যে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে সেটিরও বিরুদ্ধে যায় এটি (অনুশীলন চালিয়ে যাওয়া)। স্থগিত করার কী জটিলতা তা আমরা বুঝি, তবে আমাদের অ্যাথলেট ও সারা বিশ্বের সব মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার চেয়ে আর কিছু অগ্রাধিকার পেতে পারে না।’

কানাডীয়রা পরে নিজেদের টুইটার পেজে একটি মেসেজও টুইট করে। যেখানে লেখা, ‘আজ স্থগিত। কাল বিশ্বজয়।’

এদিকে জাপানের পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছে গেমস স্থগিত হওয়ার সম্ভাবনা থাকলেও একেবারে বাতিল হয়ে যাবে না বলেই তাঁর বিশ্বাস। বিশ্বযুদ্ধ ছাড়া আর কখনোই গ্রীষ্মকালীন অলিম্পিক বাতিল হয়নি। অলিম্পিক সর্বশেষ বাতিল হয়েছে ১৯৪০ সালে। সেই বারও অলিম্পিকের ভেন্যু ছিল টোকিও, পরে ভেন্যু পাল্টালেও আয়োজন করা যায়নি সেই অলিম্পিক।

ঘরে আটকা বাচ্চাদের জন্য স্টোকসের রুটিন

0

করোনার কারণে ঘরে আটকে থাকা বাচ্চাদের জন্য দৈনন্দিন সূচি তৈরি করেছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস।

সারা বিশ্বেই জীবনযাত্রা স্থবির করে দিয়েছে করোনাভাইরাস। স্কুল-কলেজে পাঠ বন্ধ, বন্ধ মাঠের খেলা। নিদারুণ এই সময়ে ঘরে থাকাটাই সবচেয়ে নিরাপদ। কিন্তু বাচ্চা-কাচ্চাদের কতটা সময়ই বা আটকে রাখা যায়। তাদের পড়ালেখারই বা কী হবে। এ সব ভেবে অভিভাবকদের দুশ্চিন্তা কম হচ্ছে না।

দুশ্চিন্তাগ্রস্ত সেই সব অভিভাবকদের চিন্তা কিছুটা কমাতে এগিয়ে এলেন বেন স্টোকস। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার করোনার সময়ে বাচ্চাদের জন্য দৈনন্দিন সূচি তৈরি করেছেন। এরপর তা নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেছেন ইংল্যান্ডকে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতানো এই ক্রিকেটার।

সারা দিনে বাচ্চারা কী কী করতে পারে, কোন কাজটা কতক্ষণ করবে তা বিস্তারিত লিখেছেন স্টোকস। স্টোকস দিনের পুরো সূচি সাজিয়েছেন পড়াশোনা, সৃজনশীল কর্মকাণ্ড, গেমস, শরীরচর্চা, বিনোদন, খাওয়াদাওয়া ও কখন ঘুমাতে যেত হবে তা নিয়ে। (ছবি : Stokes2)

ইনস্টাগ্রামে দুটি ছবি দিয়ে স্টোকস ক্যাপশনে স্ত্রী ক্লেয়ারকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘ক্লেয়ার স্কুল বন্ধের এই সময়ে আমাদের বাচ্চাদের পড়াশোনা ও শরীরচর্চা চালিয়ে যেতে দিতে হবে। আশা করছি এই দুঃসময়ে এই সূচি অন্য বাবা-মাকে যারা আমাদের মতো সন্তানদের নিয়ে চিন্তিত তাঁদেরও সাহায্য করতে পারবে।’

স্টোকসের দৈনন্দিন সূচি শুরু হয়েছে সকাল ৯টা থেকে। দিনে তিন বার বাচ্চাদের পড়াতে বলেছেন স্টোকস। এর ফাঁকে ফাঁকে খেলাধুলা, শরীরচর্চা, খাওয়াদাওয়া, গেমস খেলা, সিনেমা কিংবা টেলিভিশন দেখা ও বাড়ির খুঁটিনাটি কাজে বাবা-মাকে সাহায্য করার কথাও লিখেছেন স্টোকস।

ধোনিকে বল করতে ভয় পান এই কিউই তারকা

0

কত যে বোলারের রাতের ঘুম হারাম করেছেন, সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজেও হয়তো সেটা জানেন না। মুখে না স্বীকার করলেও, ধোনির মুখোমুখি অনেকেই হয়তো হতে চান না। সেটাই অবশেষে স্বীকার করলেন কিউই পেস বোলার মিচেল ম্যাকলেনাহান

জাতীয় দলে খেলছেন সেই ২০১২ সাল থেকে। আইপিএলেও দেখা যায় নিউজিল্যান্ডের পেসার মিচেল ম্যাকলেনাহানকে। কিন্তু তিনি নিজেকে দুর্ভাগাই ভাবেন, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে এখনো খেলা হয়নি ম্যাকলেনাহানের। পাঁচ বছর ধরে খেলছেন রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। এই ম্যাকলেনাহান কিন্তু প্রচণ্ড সমীহ করেন ধোনিকে। রীতিমতো ভয়ই পান তাঁর বিপক্ষে বোলিং করতে।

বেশ অনেকবারই ধোনির মুখোমুখি হতে হয়েছে ম্যাকলেনাহানকে। ধোনি-ঝড়ের সামনেও পড়তে হয়েছে তাঁকে। ‘ভয়ংকর’ সে অভিজ্ঞতার কথাই এতদিন পর জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসের জের ধরে প্রায় সকল ক্রীড়াবিদই এখন গৃহবন্দী জীবনযাপন করছেন। একঘেয়েমি কাটাতে সেস ফ্যাব্রিগাসের মতো কেউ টিভি সিরিজ দেখে সময় পার করছেন। লিওনেল মেসি, জামাল ভূঁইয়া, মার্সেলো কিংবা সার্জিও রামোসের মতো কেউ কেউ আবার টয়লেট রোল জাগল করার খেলায় মেতেছেন। অ্যালিসন বেকার হাত ধোয়া নিয়ে প্রচারণায় নেমেছেন। নিজের প্রাসাদসম বাড়িতে পরিবার নিয়ে কোয়ারেন্টিনে আছেন রোনালদো, বাচ্চাদের শেখাচ্ছেন পরিচ্ছন্ন থাকার গুরুত্ব। এদিকে ম্যাকলেনাহান সময় কাটানোর জন্য বেছে নিয়েছেন টুইটারকে।

কিছুদিন আগে করাচি কিংসের হয়ে পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়েছিলেন এই পেসার। করোনার আক্রমণে সে টুর্নামেন্ট এখন স্থগিত। দেশে ফিরেই তাড়াতাড়ি ঢুকে পড়েছেন কোয়ারেন্টিনে। সেখানেই সময় কাটানোর জন্য টুইটারে নিজের অনুসারীদের সঙ্গে ‘প্রশ্নোত্তর’ খেলায় মেতেছেন ম্যাকলেনাহান। সেখানেই এক ভক্ত ধোনিকে নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন কিউই তারকাকে।

ভক্তটি ছিলেন ভারতীয়। প্রশ্ন করেছিলেন, ‘ধোনি সম্পর্কে কিছু বলুন।’ জবাবে ম্যাকলেনাহান যা বলেছেন, তা যথেষ্ট হাস্যরসের জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বোঝা গেল, ধোনি ব্যাটসম্যান হিসেবে ঠিক স্বস্তি দিতেন না এই কিউই তারকাকে। ভক্তের জবাবে ম্যাকলেনাহান বলেন, ‘ওকে বল না করতে না পারলেই খুশি হবো।’

গত বিশ্বকাপের পর ভারতের সাবেক এই অধিনায়ক এক রকম স্বেচ্ছাবসরেই আছেন। এবারের আইপিএলের মধ্য দিয়ে আবারও মাঠে নামবেন, এমনটা শোনা গেলেও করোনাভাইরাসের কারণে সে আইপিএলের আয়োজন নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। ফলে ধোনিকে আবার কবে মাঠে দেখা যাবে, কেউ জানে না। আর ধোনি যত দিন পর্যন্ত না মাঠে নামছেন, ম্যাকলেনাহানদের তো স্বস্তিই!

করোনার কারণে স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল

0

করোনাভাইরাসের কারণে স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তৃণমূলের জনপ্রতিনিধিদের করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করার আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে খাদ্য সংকট নেই। কেউ খাদ্য মজুদ করলে সরকার ব্যবস্থা নেবে।

এর আগে গত শনিবার করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সরকার ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করে। সেই সঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে গণ অভ্যর্থনা এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানও বাতিল করা হয়।

বাবুগঞ্জের ইউএনও বাসায় কোয়ারেন্টিনে

0

দুই মাস চিকিৎসাজনিত ছুটি কাটিয়ে ভারত থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টিনে আছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত হাওলাদার। তিনি বাবুগঞ্জ উপজেলার সরকারি বাসভবনে কোয়ারেন্টিনে আছেন। গত শনিবার তিনি দেশে ফেরেন।

ইউএনওর কার্যালয় থেকে জানা যায়, দেশে ফিরলেও ইউএনও তাঁর দায়িত্ব বুঝে নেননি। গতকাল রোববার থেকে শুরু করেছেন ১৪ দিনের হোম কোয়ারেন্টিন। তাঁর অবর্তমানে দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) নুসরাত জাহান খান।

সহকারী কমিশনার (এসি ল্যান্ড) নুসরাত জাহান খান জানান, ৩০ মার্চ ইউএনওর ছুটি শেষ হওয়ার কথা। তবে পরিস্থিতি বিবেচনায় এর আগেই দেশে ফেরেন তিনি। পরে সরকারের নিয়ম মেনে নিজ বাসভবনে কোয়ারেন্টিনে আছেন।

ইউএনও সুজিত হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসাজনিত কারণে দুই মাসের ছুটি নিয়ে সপরিবারে ভারতে গিয়েছিলেন তিনি। যদিও করোনাভাইরাসে আক্রান্তের কোনো উপসর্গ শরীরে নেই, তবুও সরকারি সিদ্ধান্ত মেনে কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

সরকারি অফিস ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ হতে পারে

0

আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারের অফিস-আদালত বন্ধ হয়ে যাচ্ছে। এ সময় পুলিশ ও হাসপাতাল ছাড়া সব ধরনের সরকারি সেবা বন্ধ থাকবে।

আজ সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব এই বিষয়ে ব্রিফিং করে বিস্তারিত ঘোষণা দেবেন।

সরকারের দুজন মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।

সরকারের সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণ স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এটা ঠিক লকডাউন না। অর্থাৎ মানুষের কাজ থাকবে না। সরকারের পক্ষ থেকে বাসা থেকে বের না হয়ে ঘরে থাকার অনুরোধ জানানো হবে। এতে কার্যত লকডাউনের মতোই পরিস্থিতি তৈরি হবে। তবে যানবাহন চলাচল ঘোষণা দিয়ে বন্ধ করা হবে না। মানুষ বের না হলে এমনিতেই যানবাহন ও নৌযান চলাচল কমে যাবে। আর রেল চলাচল কমিয়ে আনতে কাজ করছে রেল কর্তৃপক্ষ।

এই বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বিস্তারিত বলতে চাননি। তবে তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব ও তথ্যসচিব আজ একটা সংবাদ সম্মেলন করার কথা। সেখানে একটা ঘোষণা আসবে।

জর্ডানে করোনায় সৃষ্ট রোগে ম্যালেরিয়ার ওষুধ ব্যবহারের অনুমতি

0

জর্ডানের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) করোনাভাইরাসে সৃষ্ট রোগ কোভিড-১৯-এর চিকিৎসায় চিকিৎসকদের ম্যালেরিয়া রোগের ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি দিয়েছে। এ রোগে আক্রান্ত রোগীদের অগ্রবর্তী অবস্থায় অন্যান্য অ্যান্টিভাইরালের সঙ্গে এই ওষুধ দেওয়া যাবে।

সম্প্রতি ফ্রান্সের গবেষণায় দেখা গেছে, ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যান্টিভাইরালের সঙ্গে ব্যবহার করলে সেটি করোনাভাইরাসের সংক্রমণ রোধে কার্যকর হতে পারে। কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশে ম্যালেরিয়া রোগের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করা হয়।

জর্ডানের এফডিএর প্রধান চিকিৎসক হায়েল ওবেদাত আল-জাজিরাকে বলেছেন, তাঁর প্রতিষ্ঠান গতকাল রোববার হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা উদ্ধৃত করে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের আইনি বৈধতা নিশ্চিত করা হয়েছে।

হায়েল ওবেদাত বলেন, চিকিৎসকদের তত্ত্বাবধানে অন্যান্য অ্যান্টিভাইরাল চিকিৎসার সঙ্গেই কেবল হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করা যাবে। তিনি আরও বলেন, কোভিড-১৯-এ আক্রান্ত স্টেজ-২-এর রোগীরা অথবা যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের ক্ষেত্রেই এই ওষুধ ব্যবহার করতে হবে।

ওবেদাত বলেন, তিনি বিভিন্ন ওষুধের দোকানে হাইড্রোক্সিক্লোরোকুইনের বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন, যাতে যেসব রোগীর এই ওষুধ নিতান্ত প্রয়োজন, তাঁরা তা পেতে পারেন। ওবেদাত বলেন, কোভিড-১৯-এর চিকিৎসায় সবার ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের প্রয়োজন নেই।

জর্ডানের স্বাস্থ্যমন্ত্রী সাদ জাবের গতকাল রাতে টেলিভিশনে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, করোনাভাইরাসে আরও ১৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১১২। জর্ডানের রাজধানী আম্মান ও ডেড সি এলাকার হোটেলগুলোয় পাঁচ হাজার মানুষকে সরকারিভাবে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত বৃহস্পতিবার জর্ডান সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটিতে গত শনিবার কারফিউ জারি করা হয়েছে।

জর্ডানের নামকরা হাসপাতাল কিং হোসেন ক্যানসার সেন্টারের প্রধান চিকিৎসক আসেম মনসুর বলেন, ফ্রান্সের গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাস চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকারিতা পুরোপুরি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যা-ই হোক, একেবারে শেষ উপায় হিসেবে রোগীর ক্ষেত্রে এই চিকিৎসা দেওয়া যেতে পারে।

জর্ডানের সরকারি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিষয়ের এক অধ্যাপকের আশঙ্কা, দেশটিতে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই অধ্যাপক বলেন, সরকার এখনো করোনাভাইরাস শনাক্তে যথেষ্ট পরীক্ষা করতে পারছে না। তিনি বলেন, জর্ডানে এখন পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি। তবে বয়স্ক যাঁরা এই রোগে আক্রান্ত হয়েছেন, তাঁরা ঝুঁকিতে আছেন।

কিং হোসেন ক্যানসার সেন্টারের প্রধান চিকিৎসক মনসুর বলেন, তাঁর আশা, জর্ডান দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারবে। কারণ, দেশটির বেশির ভাগ জনগোষ্ঠী তরুণ। আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগকেই হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে না।

চীন বাকি বিশ্বের জন্য আশার আলো: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চীন আশার আলো জ্বেলেছ বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে চীনের কৌশল অন্য দেশগুলোয় ব্যবহার করা যায় কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর বেলায়।

এএফপির খবরে জানানো হয়, চীনে গত চার দিনে স্থানীয়ভাবে আক্রান্ত একজন রোগী পাওয়া গেছে। গত বছরের ডিসেম্বরে দেশটির হুবেই প্রদেশের উহান শহর থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়, তা থেকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

যদিও অনেক বিশেষজ্ঞ চীনের আক্রান্ত মানুষের সংখ্যার তথ্য নিয়ে সতর্ক করেছেন, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসুস চীনের সফলতার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, চীনের সফলতা বাকি বিশ্বের জন্য আশার আলো দিচ্ছে।

চীন কেন্দ্রনিয়ন্ত্রিত একদলীয় শাসনব্যবস্থার এমন দেশ, যেখানে ভিন্নমতের স্থান নেই এবং যেকোনো ইস্যুতে বিপুল পরিমাণের সম্পদ, লোকবলে রাতারাতি পরিবর্তন ঘটাতে পারে। চীনের যেসব বিষয় আলোচনা হচ্ছে, তার মধ্যে রয়েছে অবরুদ্ধ ও নিয়ন্ত্রণব্যবস্থা, মাস্ক পরিধান, গণকোয়ারেন্টিন, সংহতি ইত্যাদি।

অবরোধ ও নিয়ন্ত্রণ

গত জানুয়ারি মাসে চীন উহান শহরকে কার্যকরভাবে অবরুদ্ধ করে এবং এর ১ কোটি ১১ লাখ জনসংখ্যাকে কোয়ারেন্টিনে পাঠায়। এই প্রক্রিয়া পরে অনুসরণ করা হয় পুরো হুবেই প্রদেশের জন্য। পাঁচ কোটি মানুষকে গণ–আইসোলেশনে পাঠায়। দেশের অন্যান্য অঞ্চলের মানুষকে কঠোরভাবে বাড়িতে থাকার ব্যাপারে উৎসাহিত করা হয়।

গণসংহতি

পিকিং ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিষয়ের অধ্যাপক ঝেং জিজিই বলেছেন, হুবেই প্রদেশে কমপক্ষে ৪২ হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হুবেই প্রদেশে পাঠানো হয় স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। এ সময় ৩ হাজার ৩০০ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হন এবং ১৩ জন মারা যান।

মাস্ক ও সতর্কতা

শহরগুলোয় মাস্ক পরার প্রয়োজনীয়তা ব্যাপকভাবে দেখা দেয়। অধ্যাপক ঝেংজিজিই বলেন, বিপুলসংখ্যক মানুষের ভাইরাসটি বহনের আশঙ্কার মধ্যে ব্যাপক হারে মাস্ক ব্যবহার ভাইরাসের বিস্তার রোধ করতে পারে।

বার্তা সংস্থা সিনহুয়ার খবর অনুসারে চীন প্রতিদিন ১৬ লাখ মাস্ক উৎপাদন করেছে ওই সময়।

উচ্চপ্রযুক্তির দেশটিতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি যেখানে সীমিত, সেখানে কোনো কোনো স্থানীয় কর্তৃপক্ষ নাগরিকদের জন্য ফোনে কিউআর কোড দেখানোর ব্যবস্থা করে। যেটি ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতির ভিত্তিতে তাদের ‘সবুজ’, ‘হলুদ’ এবং ‘লাল’ চিহ্ন দেখায়। এর মাধ্যমে নাগরিকদের দেখানো হয়, তাঁরা বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় যাচ্ছেন কিনা।