Home Blog Page 3071

কোয়ারেন্টিনে না থেকে আড্ডা, ২০ হাজার টাকা জরিমানা

0

নেত্রকোনার কলমাকান্দা সদরের এক ব্যক্তি (৪২) গত বৃহস্পতিবার গ্রিস থেকে দেশে আসেন। এরপর তিনি নিজের শরীরে করোনাভাইরাসের জীবাণু নেই দাবি করে বাড়িতে কোয়ারেন্টিনে না থেকে এলাকায় হাট-বাজারে মানুষের সঙ্গে মেলামেশা শুরু করেন।

খবর পেয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা গত রোববার সন্ধ্যায় পুলিশ নিয়ে ওই এলাকায় যান। এ সময় ওই ব্যক্তি স্থানীয় একটি চায়ের দোকানে লোকজন নিয়ে বসে গল্প করছিলেন।

পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসান। আদালতের কাছে ওই ব্যক্তি নিজের দোষ স্বীকার জানান, বিমানবন্দর থেকে তাঁকে ১৪ দিনের হোম (বাড়িতে) কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। কিন্তু জরুরি কাজ থাকায় বাইরে এসেছেন। এ সময় আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি যাঁরা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন, সবার তালিকা করে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা-পুলিশকে বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রীকে উত্ত্যক্ত: বাকৃবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

0

ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক শিক্ষার্থীকে আজীবন ও তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত শিক্ষাবিষয়ক শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ছাত্র-শৃঙ্খলা ভঙ্গের দায়ে তদন্ত কমিটির সুপারিশে তাঁদের ওই শাস্তি প্রদান করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এর আগে গত ৪ মার্চ শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে ছাত্র-শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী নাসির উদ্দিন, ভেটেরিনারি অনুষদের মোবাশ্বের হোসের ও একই অনুষদের পঞ্চম বর্ষের শিক্ষার্থী শামীম রেজা এবং কৃষি অনুষদের তৃতীয় বর্ষের সাফায়েতুল ইসলাম। বিজ্ঞপ্তিতে প্রথম দুজনের শিক্ষাবর্ষ উল্লেখ নেই। এঁদের মধ্যে নাসির উদ্দিনকে আজীবন এবং বাকি তিনজনকে ছয় মাসের (জানুয়ারি-জুন, ২০২০ সেমিস্টার) জন্য বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উদীচী কার্যালয় সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে জব্বারের মোড়ে আসতে এক ছাত্রীর পিছু নেন ওই চার শিক্ষার্থী। তাঁরা বিভিন্নভাবে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকেন। তখন ওই ছাত্রী তাঁর পরিচিত শিক্ষার্থী হাসিবুল হাসানকে বিষয়টি জানান। হাসিবুল বিশ্ববিদ্যালয়ের ঈসা খাঁ হলের আবাসিক শিক্ষার্থী ও হল ইউনিট ছাত্রলীগের সহসভাপতি। হাসিবুল ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে হলে পাঠিয়ে দেন। পরে অভিযুক্ত চারজনের সঙ্গে হাসিবুলের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে হাসিবুলকে বেধড়ক মারধর করেন বহিষ্কৃত চার শিক্ষার্থী।

ভৈরবে ইতালিফেরত এক ব্যক্তির মৃত্যু

0

কিশোরগঞ্জের ভৈরবে ইতালি থেকে আসা এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজনের সন্দেহ, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

এ ঘটনায় উপজেলা প্রশাসন মৃত ব্যক্তির চারপাশের ১০টি ঘর এবং দুটি বেসরকারি হাসপাতালের মানুষের চলাচল সীমিত করেছে। ঘটনার রাতে দুই হাসপাতালে যাঁরা কর্মরত ছিলেন, তাঁদের হাসপাতালের ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে মৃত ব্যক্তির বাড়ির চারপাশেও।

স্থানীয় কয়েকজন জানান, ওই ব্যক্তি দেড় যুগ আগে ইতালিতে যান। তাঁর দুই ছেলে বর্তমানে ইতালিতে আছেন। ইতালির পরিস্থিতি নাজুক পর্যায়ে যাওয়ার পর সিদ্ধান্ত নেন তিনি বাড়ি ফিরে আসবেন এবং ২৮ ফেব্রুয়ারি তিনি দেশে আসেন। তবে ওই ব্যক্তি ইতালি থেকে ফেরার বিষয়টি উপজেলা করোনা প্রতিরোধ কমিটির নজরে আনেননি। এমনকি স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো হাসপাতালেও যাননি এবং এলাকায় স্বাভাবিক চলাফেরা করছিলেন। প্রতিবেশীরা এই নিয়ে শঙ্কিত থাকলেও তিনি লোকলজ্জার কারণে সরাসরি কিছু বলেননি। শনিবার থেকে ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে রাত নয়টার দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ থাকার পর চিকিৎসকেরা তাঁর পরিবারের সদস্যদের তাঁকে হৃদ্‌রোগের চিকিৎসা করাতে পরামর্শ দেন। এ অবস্থায় ওই হাসপাতাল থেকে তাঁকে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

হাসপাতালে না গিয়ে স্বাভাবিক জীবন যাপন করলেও ওই ব্যক্তিকে হাসপাতালে যেতে কিংবা বাড়িতে কোয়ারেন্টিন করতে বলা হয়েছিল কি না, তা জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর বলেন, তিনি তো এসেছেন ২৪ দিন আগে। তখন তো এই সমস্যা ছিল না। এই কারণে তেমন কিছু বলা হয়নি। ওই জনপ্রতিনিধি জানান, ওই ব্যক্তি নিয়মিত মসজিদে নামাজ পড়েছেন এবং প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ‘ওই ব্যক্তি আমাদের তালিকার বাইরে ছিলেন। জেনেছি, তিনি নিজে হোম কোয়ারেন্টিনে ছিলেন। পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি, তাঁর জ্বর ও শ্বাসকষ্ট ছিল। নমুনা সংগ্রহের জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়েছে। তারা আসছে। যে নিয়মে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়, এই মৃত ব্যক্তির ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে।’

নিউইয়র্কে করোনার বিস্ফোরণ, ২৪ ঘন্টায় অসুস্থ ৪,৮০০

0

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত একদিনেই ৪ হাজার ৮০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১৬৮ জনে পৌঁছেছে। নিউইয়র্কে এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছেন ১১৪ জন।

স্থানীয় সময় রবিবার সকালে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুউমো এই তথ্য দিয়েছেন। শহরটির মেয়র বিল ডে ব্ল্যাসিও একে গত কয়েক দশকে সবচেয়ে বড় জাতীয় সংকট বলে বর্ণনা করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সি জানিয়েছে, ‘ব্ল্যাসিও বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে যদি আমরা প্রচুর পরিমাণে ভেন্টিলেটর বা কৃত্রিম শ্বাসযন্ত্র না পাই তাহলে এমন মানুষকেও মরতে হবে যাদের মরার কথা ছিলো না।’

পুরো যুক্তরাষ্ট্রেজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৩৯ জন। মারা গেছেন ৩৮৮ জন।

করোনার ২০টি টিকা আবিষ্কারের কাজ প্রায় শেষ

0

করোনাভাইরাসের আক্রমণ শুরু হওয়ার পরপরই বিজ্ঞানীরা এর টিকা আবিষ্কারের কাজ শুরু করে দিয়েছিলেন। তাদের লক্ষ্য ছিলো যারা এই ভাইরাসে আক্রান্ত হয়নি তাদেরকে রক্ষা করা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীদের এমন প্রায় ২০টি প্রকল্পের কাজ প্রায় শেষের পথে। তবে অনুমোদন পেয়ে বাজারে আসতে আরো ১৮ মাস সময় লেগে যেতে পারে। কেননা টিকাগুলো মানুষের জন্য নিরাপদ কিনা তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে বেশ সময় লেগে যায়।

ইতিমধ্যেই গত সোমবার যুক্তরাষ্ট্রে একটি টিকার মানবদেহে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। যার ফলাফল আসতে আরো ১২ মাস সময় লাগবে।

২৫ মার্চ থেকে সারা দেশে মার্কেট, শপিংমল বন্ধ

0

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ওষুধ, নিত্যপণ্য, কাঁচা বাজার ও সুপারশপ ব্যতীত দেশের সকল মার্কেট ও শপিংমল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় দোকান মালিক সমিতি।

আপাতত শিল্প-কলকারখানা বন্ধ হবে না : শ্রম প্রতিমন্ত্রী

0

আপাতত শিল্প-কলকারখানা বন্ধ হবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, তবে পরবর্তী পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

আজ রবিবার বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় শ্রম ভবনের সম্মেলন কক্ষে ‘শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক’ শেষে তিনি এ কথা বলেন।

মন্নুজান সুফিয়ান বলেন, শিল্প-কলকারখানা আমরা আপাতত বন্ধ করব না। তবে সার্বিক বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সবাইকে সচেতন হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে করোনা ভাইরাসকে মোকাবিলা করব।

সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমসচিব কে এম আলী আজম, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা প্রমুখ।

অতি বয়স্করা ঘরের মধ্যে থাকুন : আইইডিসিআর

0

অতি বয়স্ক ব্যক্তিদের ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আজ রবিবার বিকেলে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, অতি বয়স্করা ঘরের মধ্যে থাকুন। প্রয়োজন না হলে বাইরে বের হবেন না। ভিড় এড়িয়ে চলুন এবং অপরিচিত কেউ যদি বাসায় আসে বা বাইরে থেকে কেউ এসেছেন এমন কারও কাছ থেকে দূরত্ব বজায় রাখুন। ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন এমন রোগীর সংস্পর্শ এড়িয়ে চলুন।

আইইডিসিআরের পরিচালক বলেন, শিষ্টাচার মেনে চলুন, অসুস্থ হলে ঘরে থাকুন। বাইরে যাওয়া যদি অত্যাবশ্যক হয় সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করুন, কারও সাথে করমর্দন, কোলাকুলি করা থেকে বিরত থাকুন।

করোনাভাইরাসে বাংলাদেশে নতুন করে আরো তিনজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে দুজন বিদেশ থেকে এসেছেন আর অন্যজন বিদেশ ফেরতদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন। আজ রবিবার রাজধানীর মহাখালীর বিসিপিএস অডিটোরিয়ামে ব্রিফিং করেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিচালক (উন্নয়ন) ডা. ইকবাল কবির উপস্থিত ছিলেন। আইইডিসিআর পরিচালক বলেন, দেশে সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৭ জন। দুজন মারা গেছেন। পাঁচজন সুস্থ হয়েছেন এবং ২০ জন চিকিৎসাধীন।

0

করোনাভাইরাসের কারণে আসন্ন এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এপ্রিল মাসের প্রথম দিকে এইচএসসির পরিবর্তিত সময়সূচি জানানো হবে বলে জানানো হয়েছে।

আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

করোনায় নতুন আক্রান্ত আরো তিনজন

0

করোনাভাইরাসে বাংলাদেশে নতুন করে আরো তিনজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে দুজন বিদেশ থেকে এসেছেন আর অন্যজন বিদেশ ফেরতদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন।

আজ রবিবার রাজধানীর মহাখালীর বিসিপিএস অডিটোরিয়ামে ব্রিফিং করেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিচালক (উন্নয়ন) ডা. ইকবাল কবির উপস্থিত ছিলেন।

আইইডিসিআর পরিচালক বলেন, দেশে সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৭ জন। দুজন মারা গেছেন। পাঁচজন সুস্থ হয়েছেন এবং ২০ জন চিকিৎসাধীন।