Home Blog Page 3072

করোনাভাইরাস নিয়ে যা বললেন সজিব ওয়াজেদ জয়

0

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সজিব ওয়াজেদ জয়। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো…

“আপনারা জানেন নভেল করোনা ভাইরাস বা কোভিড ১৯ একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকট হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় ১৮০টি দেশে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। যেহেতু এই ভাইরাসের কোনো ওষুধ বা প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি, তাই ভাইরাসটিকে ছড়িয়ে পড়া থেকে রোধ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

৪টি বাদে বাংলাদেশে আসা সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে। বিদেশ ফেরতদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। যাদের বাসায় থাকতে বলা হয়েছে, তাদের ব্যাপারে সজাগ আছে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনস্বার্থে আমরা মুজিববর্ষের কার্যক্রম সীমিত করেছি। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সকল সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজনে আরও পদক্ষেপ নিতেও আমরা প্রস্তুত আছি।

আমাদের চিকিৎসা সেবা কর্মীদের সুরক্ষিত রাখার বিষয়ে আমরা তৎপর আছি। ভাইরাসটি পরীক্ষা করার সক্ষমতাও আমরা বাড়াচ্ছি। আইইডিসিআর ব্যাতিত আরও তিনটি হাসপাতলে বর্তমানে চিকিৎসার সুবিধা আছে। অন্যান্য সরকারি হাসপাতালেও এই ভাইরাসের উপসর্গসহ রোগীদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে।

যার যার জায়গা থেকেও আমাদের অনেক কিছু করার আছে। বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল নির্দেশনা মেনে চলতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। অসুস্থ বোধ করলে বাসায় থাকতে হবে। নিয়মিত সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে অথবা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। নাকে, মুখে ও চোখে হাত দেয়া থেকে বিরত থাকতে হবে। হাঁচি, কাশি দেয়ার সময় মুখ ঢেকে নিতে হবে। হাত মেলানো ও আলিঙ্গন থেকে বিরত থাকতে হবে। সম্ভব হলে গণপরিবহনে মাস্ক ব্যবহার করতে হবে। ব্যক্তিগতভাবে ভূমিকা রাখার সবচেয়ে কার্যকর দুটি উপায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সামাজিকভাবে দূরত্ব বজায় চলা।

বাঙালী জাতি সহনশীল ও সাহসী। অনেক বড় দুর্যোগও সফলভাবে মোকাবেলার করার অভিজ্ঞতা আমাদের আছে। সব নির্দেশনা মেনে চললে, এই সংকটও আমরা সফলভাবে মোকাবেলা করতে পারবো। এই মুহূর্তে গুজব থেকেও আমাদের সাবধান থাকতে হবে। সকল তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিদিনই সরকারের পক্ষ থেকে ব্রিফিং এর আয়োজন করা হচ্ছে।

আপনাদের আশ্বস্ত করতে চাই আমাদের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকার আপনাদের পাশেই আছে। আতংকিত হবেন না, সতর্ক থাকুন। সবার সম্মিলিত প্রচেষ্টায় জয় আমাদের হবেই।

জয় বাংলা।”

ন্যায্যমূল্য নিশ্চিতে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

0

চলমান করোনাভাইরাস উদ্বেগকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে বিক্রি করছে। ফলে সাধারণ জনগণের ভোগান্তি নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।

আজ রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে উত্তরার বিভিন্ন সেক্টরের বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মূল্যতালিকার অধিক মূল্য চাওয়ার কারণে ২ জন বিক্রেতাকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ও ভোক্তা অধিকার আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া এ বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয় এবং প্রতিটি মার্কেটে হাত ধোয়ার ব্যবস্থা গ্রহণের বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

মিরপুরে আরও ৪০টি ভবন লকডাউন

0

রাজধানীর মিরপুর-১ এর উত্তর টোলারবাগের আরও ৪০টি ভবন লকডাউন করা হয়েছে। পুলিশের সহায়তায় স্থানীয়রা এই উদ্যোগ নিয়েছেন।

এর আগে শনিবার দুপুরে একই এলাকার একটি ভবন লকডাউন করেছিল স্থানীয়রা। ওই ভবনে একজন করোনা রোগী মারা যাওয়ায় সে ভবনটি লকডাউন করা হয়েছিল। কিন্তু সন্ধ্যার পর ওই এলাকায় স্থানীয়দের মাঝে নানান শঙ্কা দেখা দেয়। রাত সাড়ে ১১টার দিকে ওই ভবনটির আশপাশের ৪০টি ভবন লকডাউন করা হয়েছে।

এর আগে স্থানীয় আবাসিক কল্যাণ সমিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাতে বৈঠক হয় আইইডিসিআর এর। হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাশিষ বিশ্বাস জানান, সন্ধ্যায় বৈঠক হয়েছে। টোলারবাগের ৪০টি বাড়ি লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ যে ব্যক্তি মারা গেছেন, তিনি কার কাছ থেকে ভাইরাস বহন করেছিলেন, সেটি চিহ্নিত করা যায়নি। আইইডিসিআর জানিয়েছে, সেখানে আরও আক্রান্ত থাকতে পারেন।

পুলিশে মিরপুর বিভাগের এসি মিজানুর রহমান বলেন, আমরা প্রত্যেক বাসায় বাসায় গিয়ে ওই এলাকার মানুষকে সচেতন করে দিয়ে এসেছি। তারা যেন বাসা থেকে বের না হন। তাছাড়া ওই এলাকায় চলাচল সীমিত রাখার কথাও বলা হয়েছে।

মানুষের যেন ক্ষতি না হয় সেটা দেখা আমাদের দায়িত্ব : আইনমন্ত্রী

0

দেশের সকল অধঃস্থন (নিম্ন) আদালতে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ছাড়া অন্যান্য মামলার বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবির নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে রবিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধান বিচারপতির সঙ্গে রবিবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পৃথকভাবে সাক্ষাতের পর এ প্রজ্ঞাপন জারি করা হয়। এই সাক্ষাতের সময় আপিল বিভাগের অপরাপর বিচারপতিরা উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী চলে যাবার পর এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত করেন।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, করোনাভাইরাস উদ্ভূদ পরিস্থিতিতে এখন দেশের মানুষ যাতে আক্রান্ত না হয়, মানুষের যাতে ক্ষতি না হয় সেটা আমাদের দেখা দায়িত্ব।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা করতে প্রধান বিচারপতি আসতে বলেছিলেন। বৈঠকে আপিল বিভাগের সিনিয়র বিচারপতিবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সকলেই পরিস্থিতির ব্যাপারে সারাক্ষণ মনিটরিং করব এবং এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, আমরা দেখেছি নিম্ন আদালতে লোক সমাগম অনেক হয়। ডব্লিউএইচও এবং সরকারও লোকসমাগম থেকে দূরে থাকতে বলেছে। একারণে প্রধান বিচারপতি হয়তো নিম্ন আদালত সমূহকে নির্দেশনা দেবেন। তিনি বলেন, আদালত হয়তো বন্ধ করা হবে না। কিন্তু জরুরি বিষয় ছাড়া লোক সমাগম এড়ানো যায় সে ব্যবস্থা হবে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে। আগামী ২৬ মার্চের আগেই প্রধান বিচারপতি অপরাপর সহকর্মীদের (বিচারপতি) নিয়ে বসবেন। সরকার কি পদক্ষেপ নেয় তা দেখে ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

প্রজ্ঞাপণে বলা হয়, ‘করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের অধঃস্থন (নিম্ন) আদালতসমূহে অধিক সংখ্যক জনসমাগম পরিহার করা প্রয়োজন। এজন্য দেশের অধঃস্থন আদালতসমূহে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ব্যতিত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি করা আবশ্যক। এমতাবস্থায়, দেশের অধঃস্থন আদালতসমূহে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ব্যতিত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি করার জন্য নির্দেশ প্রদান করা হলো। প্রধান বিচারপতির আদেশক্রমে জারিকৃত এই সার্কূলার অবিলম্বে কার্যকর হবে।’

উল্লেখ্য, এর আগে গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতি প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে কারাবন্দি আসামিকে কারাগার থেকে আদালতে হাজির না করতে দেশের সকল অধস্তন আদালতের প্রতি নির্দেশ দেন। একইসঙ্গে আসামিদের কারাগারে রেখেই জামিন শুনানি করার নির্দেশ দেওয়া হয়।

করোনায় বিদেশে কোনো প্রবাসী মারা গেলে সেখানেই দাফন করুন

0

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক মারা গেলে গেলে আমরা অনুরোধ করব সেখানেই দাফন করুন। বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ হওয়ায় মরদেহ সহজেই দেশে আনা সম্ভব নয়। এ ছাড়া মরদেহ আনতে খরচও অনেক বাড়বে।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় ১০ হাজার কিট, ১০ হাজার পিপিআই ও ১০ হাজার অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম যেকোনো সময় চীন থেকে আসছে। এজন্য আমরা চীনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এই সরঞ্জামগুলো আনার জন্য আমরা চার্টার্ড বিমান খুঁজছি।

মন্ত্রী আরো বলেন, প্রবাসীরা যারা এখনো দেশের বাইরে আছেন, তারা ওখানেই থাকেন। আর যারা দেশে ফিরেছেন তারা অপেক্ষা করুন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফেরত যেতে পারবেন। ভিসার মেয়াদ শেষ হলেও সমস্যা নেই। মেয়াদ বাড়ানো হবে।

তিনি বলেন, বাংলাদেশে থাকা ইউরোপের নাগরিকরা চাইলে চার্টার ফ্লাইটে যেতে পারবেন। আমরা ঢাকার ইউরোপীয় মিশনগুলোর রাষ্ট্রদূতদের জানিয়েছি, তারা চাইলে চার্টার ফ্লাইটে তাদের এ নাগরিকদের পাঠাতে পারবেন। আমরা সেই অনুমতি দেব বলেও তিনি জানান।

জার্মানিতে করোনার বিস্ফোরণ, দুদিনেই অসুস্থ ৭ হাজার!

0

জার্মানিতে করোনাভাইরাসের বিস্ফোরণ ঘটেছে। শনিবার একদিনেই ৪ হাজার ৫২৮ জন আর রবিবার একদিনেই দেশটিতে ২ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ফলে সেখানে এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৩৬৪ জনে দাঁড়িয়েছে। আর মৃতের সংখ্যা ৮৪ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়েছে মাত্র ২০৯।

করোনা ভাইরাস ঠেকাতে এমন সব পদক্ষেপ নিচ্ছে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও দেশটির জনগণ যেগুলোর মুখোমুখি হয়নি। আর এতে মানুষের জীবনযাত্রাও বদলে গেছে রাতারাতি।

গত শুক্রবারও করোনা আক্রান্তের সংখ্যায় ইরানের পেছনে ছিল স্পেন ও জার্মানি। কিন্তু এরপর ২৪ ঘণ্টার ব্যবধানে দেশ দু’টিতে কয়েক হাজার নতুন রোগী শনাক্ত হওয়ায় এখন সর্বোচ্চ আক্রান্তের তালিকায় তিন ও চার নম্বরে উঠে এসেছে তারা।

আক্রান্তের সংখ্যা কম হলেও স্পেন-জার্মানির চেয়ে ইরানে সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেক বেশি।

আজ গণকার্ফুর সাড়া দেখে আরো কঠোর পদক্ষেপ নিতে পারে ভারত

0

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে আজ রবিবার গোটা ভারতজুড়ে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত পালন হতে যাচ্ছে গণকার্ফু।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীর কাছে সময় চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম পর্যায়ে ১৪ ঘণ্টা। গত বৃহস্পতিবার এ ভাইরাসের সংক্রমণ এড়াতে জনতার কাছে স্বেচ্ছায় ঘরবন্দি থাকার আবেদন জানিয়েছিলেন মোদি। বলেছিলেন, সামাজিক দূরত্ব তৈরি করতেই মানুষের স্বার্থে ওই জনতা কার্ফু ডাকা হয়েছে।

তবে সে ক্ষেত্রে ১৪ ঘণ্টা যথেষ্ট নয় বলেই জানাচ্ছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অনেকেরই মতে, সিঙ্গাপুরের মতো দেশ যেমন টানা লকডাউনের পথে হেঁটে সাফল্য পেয়েছে, সে পথই বেছে নিতে হবে ভারতকে। দরকারে পরপর কয়েক দিন ধারাবাহিক লকডাউনের পথে হাঁটতে হবে ভারতকে। আইসিএমআরের কর্তা রমন গঙ্গাখেদকরের কথায়, ‘‘আগামীকালের(রবিবার) জনতা কার্ফুর ফলাফল বিশ্লেষণ করলে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। বোঝা যাবে, কোথায় ঘাটতি থেকে যাচ্ছে। কোন ক্ষেত্রে আরো বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন।’’

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ভবিষ্যতে এক সঙ্গে পরপর টানা কয়েক দিন লকডাউনের সিদ্ধান্ত আজকের পরে নেওয়া হতে পারে। কারণ ভারতের মতো জনঘনত্বের দেশে সম্পূর্ণ লকডাউন না হলে ওই সংক্রমণ কখনই এড়ানো সম্ভব হবে না।

এদিকে বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনতা কার্ফুর সিদ্ধান্ত একটি কার্যকরি পদক্ষেপ। অনেকের মতে, এই সিদ্ধান্ত আরো আগেই নেওয়া উচিত ছিল।

এ ব্যাপারে স্বাস্থ্য কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, এই প্রয়োগের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আরো বড় মাপের লকডাউনের পথে হাঁটতে পারে ভারত সরকার।

জনতা কার্ফু প্রসঙ্গে আজ রবিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘সতর্ক থাকুন। আতঙ্কিত নয়। বাড়িতে থাকাই কেবল গুরুত্বপূর্ণ নয়, আপনি যে শহরে রয়েছেন সেখানেই থাকুন। অহেতুক সফরে আপনার বা অন্যদের কারো লাভ হবে না। এই সময়ে আমাদের প্রতিটি ছোট পদক্ষেপও বড় মাপের প্রভাব ফেলতে পারে।’’

জানা গেছে, জনতা কার্ফুর কথা মাথায় রেখে রবিবারের সমস্ত ধর্মীয় জমায়েত বাতিল করা হয়েছে। গোয়ার বিজেপি সরকার ইতিমধ্যেই সে রাজ্যে যেকোনো জমায়েত রুখতে ১৪৪ ধারা জারি করেছে। দিল্লির একাধিক চার্চ রবিবারের উপাসনা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আজ বন্ধ থাকছে দেওবন্দের দারুল উলেমা। এছাড়া জম্মু-কাশ্মীরের ওয়াকফ বোর্ড উপত্যকার সমস্ত মসজিদে ও মাদ্রাসায় আজ নামাজ পড়া বাতিল করেছে। তাছাড়া দিল্লিসহ গোটা দেশে বন্ধ থাকছে ছোট-বড় গুরুত্বপূর্ণ মন্দিরগুলি।

নরেন্দ্র মোদির ডাকা ওই লকডাউনের সিদ্ধান্তকে বিজেপি শাসিত রাজ্য ছাড়াও সমর্থন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, পঞ্জাবের অমরেন্দ্র সিংহ বা বিহারের নীতীশ কুমারেরা।

এ প্রসঙ্গে আজ রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, দিল্লি সরকার কেন্দ্রের ওই সিদ্ধান্তকে সমর্থন করে। রবিবার যারা জরুরি কারণে বাড়ির বাইরে বেরোবেন, তাঁদের কথা ভেবে কিছু বাস চালানো হবে। তবে অধিকাংশ ট্যাক্সি ও অটো ইউনিয়ন আজকের কার্ফুকে সমর্থন করেছে। বিহারে আজ বাস পরিষেবা বন্ধ থাকছে।
সূত্র : আনন্দবাজার

করোনায় এক দিনেই দুই মৃত্যু ভারতে

0

প্রাণঘাতী করোনা ভাইরাসে আরো দুজনের মৃত্যু হয়েছে ভারতে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জনে।
বিহারে মৃত ব্যক্তির বয়স ৩৮ বছর। তিনি কাতার থেকে কলকাতা হয়ে বিহারে ফিরেছিলেন। অন্যদিকে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ বছর বয়সী এক বৃদ্ধ। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মৃত্যু হয় তার।

এবারই প্রথম ভারতে ১ দিনে করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হলো। এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩২ জন মানুষ।

ফ্রান্সে বাড়ছে মৃত্যুর মিছিল

0

করোনার তাণ্ডব চলছে বিশ্বজুড়ে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ফ্রান্সে শনিবার ১১২ জন নতুন করে করোনাভাইরাসে মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬২ জনে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৪৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৫৯ জনে।

দেশটির স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে, ৬ হাজার ১৭২ জন মানুষ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এর মধ্যে ১ হাজার ৫২৫ জনকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে। যার মধ্যে ৫০ শতাংশ মানুষ ৬০ বছরের কম বয়সী।

গেল মঙ্গলবার থেকেই লকডাউন হয়েছে ফ্রান্স। শুধুমাত্র পেশাগত কারণে, পরিবারের জন্য জরুরী কিছু কিনতে বাইরে বের হচ্ছে মানুষ। নিয়ম না মানলে গুনতে হচ্ছে ১৩৫ ইউরো জরিমানা। স্থানীয় সময় শনিবার দুপুর পর্যন্ত নিয়ম না মানায় ৩৮ হাজার ৯৯৪ ইউরো জরিমানা জারি করা হয়েছে ফ্রান্সে।

পরিস্থিতি সামাল দিতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে ফ্রান্স সরকার। স্বাস্থ্য মন্ত্রী অলিভার ভেরান বলছেন, সরকার শুরু থেকেই তৎপর ছিলেন, আমরা দিন রাত কাজ করছি। প্রতি সপ্তাহে ২ কোটি ৪০ লাখ মাস্কের প্রয়োজন হচ্ছে আমাদের।

এরই মধ্যে ফ্রান্সে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য ৭ কোটি মাস্ক দেওয়া হয়েছে। এছাড়া ৮ কোটি ৬০ লাখ স্টক করা আছে, যার মধ্য ৫০ লাখ এফএফপি২ মাস্ক এবং বাকিগুলো সার্জিকাল।

যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে

0

করোনার তাণ্ডবে ভয়াবহ রুপ ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত প্রাণঘাতী করোনায় মারা গেছে ৩৪৮ জন। গেল ২৪ ঘন্টায় ৪৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, নতুন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে ২৬৮১ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৮৮৮।

যুক্তরাষ্ট্রের এ্ই করোনা ঝড়ের মধ্যে ২ কোটি ৭০ লাখ করোনা ভাইরাস পরীক্ষার কিট দেওয়ার আশ্বাস দিয়েছে হোয়াইট হাউস। চলতি মাসের মধ্যেই এই কিটগুলো ব্যবহার করা যাবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

মার্কিন স্বাস্থ্য বিষয়ক উপ সচিব বলছেন, মার্চের শুরুতেই ১ কোটি কিট সরবরাহ করা হয়েছে। বাকি ১ কোটি ৭০ লাখ কিট এ মাসের মধ্যেই পাওয়া যাবে। তবে সব ল্যাবগুলোতে এই কিট ব্যবহার করা যাবে না, আবার প্রতিটির পরীক্ষাও স্বয়ংসম্পূর্ণ হবে না। এখন প্রশ্ন এইটি নয় যে কিট কয়টি আছে বা আসছে, প্রশ্ন হলো যে কিট গুলো আছে তা সব ল্যাবে ব্যবহারোপযোগী হবে কিনা।