Home Blog Page 3074

করোনা–সতর্কতায় ভক্তদের উদ্দেশে যা বললেন তাহসান

0

করোনা নিয়ে সতর্ক হলিউড, বলিউডসহ দেশে তারকারা। নিজেরা সতর্ক থেকে ভক্তদের সতর্ক করছেন ঘরে বসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকারের নির্দেশনা মেনে সতর্কবার্তার কথা বললেন তাহসান খান। এ মাসের প্রথম দিক থেকেই করোনা নিয়ে সতর্ক আছেন এই অভিনেতা ও গায়ক। ঘরে বসেই মুঠোফোনে পেয়েছেন সরকারি বার্তা। সেটা মনোযোগ দিয়ে পড়ছেন তিনি। কোনোভাবেই সরকারি এই সতর্কবার্তাকে এড়িয়ে না যাওয়ার পরামর্শ দিলেন সবাইকে।

সরকার সবার কাছে যে বার্তা পৌঁছে দিচ্ছে, সেটা অবশ্যই মূল্যবান উল্লেখ করে তাহসান বলেন, ‘মাসের প্রথম দিক থেকেই সরকারি মেসেজ আমার মুঠোফোনে পাচ্ছি। বেশির ভাগ যেটা হয়, সবাই এই মেসেজ ইগনোর করি। এটাকে কেউ এড়িয়ে যাবেন না। কারণ, এই মেসেজগুলো আমাদের সচেতন করার জন্য পাঠানো হচ্ছে। ফোনে যখন আসে তখন আমরা যেন পড়ে মেনে চলি। তাহলে যতটা দুশ্চিন্তা করা উচিত, ততটা হবে না। এটা সরকার সবাইকে সচেতন করার জন্য দিচ্ছে। নিজেও এটা পড়ুন, পারলে অন্যকে পড়তে বলুন।’

ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, ‘বেশি প্যানিক হওয়া যাবে না। সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়ে পাশ্চাত্যের দেশগুলো টিস্যু পেপারের জন্য মারামারি করেছে। কিন্তু এভাবে একটা পরিস্থিতি তৈরি করে লাভ নেই। এখানে সবাইকে সতর্ক থাকতে হবে। এমন দুর্যোগ এর আগেও এসেছে। এটা কিছুদিন থাকবে, আবার চলে যাবে। তত দিন সবাইকে বলব, একটু ধৈর্য নিয়ে ঘরে বসে থাকবেন। এই মুহূর্তে যাঁদের চিকিৎসার প্রয়োজন, তাঁরাই শুধু হাসপাতালে যাবেন। অল্প জ্বর–কাশি নিয়ে যদি সবাই হাসপাতালে যাওয়া শুরু করেন, তাহলে পরিস্থিতি উল্টো হবে। চিকিৎসক ও রোগী সবার জন্য পরিস্থিতি সামাল দেওয়াই কঠিন হবে। তা ছাড়া আমরা যদি প্রয়োজনীয় সব বেশি বেশি কিনে বাসায় ভর্তি করে রাখি, তাহলে যাঁদের সময়মতো প্রয়োজন, তাঁরাও দরকারি সময়ে সেই জিনিসটা পাবেন না। সবার মধ্যে অতিরিক্ত নয়, পরিমিতি বোধটা যেন থাকে। যেটুকু দরকার, সেটুকু কিনুন। সবার মধ্যে সহানুভূতি, সহমর্মিতা বোধটা জরুরি। আমরা যেন চিন্তা করি, এ সমস্যায় সবাইকে মুখোমুখি হওয়া লাগতে পারে। সে জন্য এ সময়টা আমাদের একসঙ্গে সহযোগী মনোভাব নিয়ে পার করতে হবে। করোনা একটি প্রাকৃতিক ব্যাপার। আমরা যদি শক্ত থাকি ও সাবধানতা অবলম্বন করি, তাহলে এটা মোকাবিলা করতে পারব।’

করোনা নিয়ে ব্যক্তিগত সতর্কতার কথা উল্লেখ করে তাহসান বলেন, ‘ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইনে অনুসরণ করছি। মুখে হাত দিচ্ছি না। সাবান দিয়ে হাত ধুচ্ছি। মাস্ক পরছি, যেন মুখে হাত না যায়। বাইরে খুব বেশি বের হচ্ছি না। গ্লাভস পরার চেষ্টা করছি।’ তাহসানের এই সতর্কতা নিয়ে সবাই ভাবছে হয়তো তিনি একটু বেশি সতর্ক। এই প্রসঙ্গে তাহসান বলেন, ‘হয়তো সবাই আমার সতর্কতা নিয়ে ভাবছেন, একটু বেশি বেশি করছি। কিন্তু আমি চেয়েছি আমাকে দেখে যেন মানুষ সতর্ক হয়।’

মাসের প্রথম দিক থেকেই তাহসান দেশের বাইরে তাঁর গানের কনসার্ট এবং দেশে সব রকমের শুটিং বন্ধ করে দেন। গত সপ্তাহ থেকেই সিদ্ধান্ত নেন নাটকের শুটিং করবেন না। করোনা–সতর্কতায় এত আগে থেকেই শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত খুব বেশি তারকাকে নিতে দেখা যায়নি। পূর্বসতর্কতার জন্য তাহসানকে শুনতে হয়েছেন আপনি বেশি বেশি করছেন। এই প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমি যখন নাটকের শুটিং বন্ধ করি, তখন অনেকেই বলছেন আপনি ক্যানসেল করছেন, আপনি কিন্তু বেশি বেশি করছেন। এখনো তো বাংলাদেশে কিছু হয়নি।’ এই প্রসঙ্গে তাহসানের যুক্তি ছিল হওয়ার পরে সতর্ক থাকার চেয়ে আগে থেকে সতর্কতা অবলম্বন করা ভালো। তাহসান বলেন, ‘এই কারণে আমি আগে স্ট্যাটাস দিয়ে আমার প্রযোজকদের সব কাজ ক্যানসেল করতে অনুরোধ করেছি।’

তাহসান আমেরিকা ও অস্ট্রেলিয়ার কনসার্ট বাতিল হওয়ার পর সিদ্ধান্ত নেন করোনাভাইরাস প্রতিরোধে সচেতন থাকতে হবে। তারপর থেকে তিনি বেশির ভাগ বাসায় সময় কাটাচ্ছেন। করোনা পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেবেন পরবর্তী কাজের।

করোনায় বিচ্ছিন্ন কাতারের সানাইয়া, কোয়ারেন্টিনে দেড় হাজার বাংলাদেশি

0

কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে এই সপ্তাহের শুক্রবার জুমার নামাজ অনুষ্ঠিত হয়নি। এই অঞ্চলের প্রবীণ ও মধ্যবয়সীরা বলছেন, স্মরণকালে যুদ্ধাবস্থায়ও এই অঞ্চলে তাঁরা এমন নিস্তব্ধ সময় পার করেননি।

কাতার কর্তৃপক্ষ বলছে, ‘আমরা ২০১৭ সালে প্রতিবেশী দেশগুলোর আকস্মিক চাপিয়ে দেওয়া অবরোধের দুঃসময় মোকাবিলা করতে পেরেছি, বর্তমানের এই সাময়িক দুর্যোগও আমরা ঐক্যবদ্ধভাবে কাটিয়ে উঠব।’

এই অঞ্চলে ইরানের পর করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতার। ২০ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদিন নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭০। এ পর্যন্ত কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ১০ জন। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজারের বেশি মানুষের।

প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা। ফলে করোনাভাইরাসের সম্ভাব্য বিস্তার ও সংক্রমণ ঠেকাতে কাতারজুড়ে প্রতিনিয়ত নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। ১৮ মার্চ থেকে কাতারে কেবল কাতারের নাগরিক ছাড়া সবার প্রবেশ বন্ধ রাখা হয়েছে। তবে পণ্যবাহী ও ট্রানজিটের ফ্লাইট আগমন অব্যাহত রয়েছে।

কাতারজুড়ে কয়েক দিন ধরে বন্ধ রয়েছে একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়, মসজিদ, আদালত, পাবলিক পরিবহন, সব পাইকারি ও খুচরা বিক্রয়কেন্দ্র, হাটবাজার, শপিং মল, সিনেমা হল, নাট্যশালা, ব্যায়ামাগারসহ নানা স্থাপনা। তবে ওষুধ ও প্রয়োজনীয় নিত্যপণ্যের দোকান খোলা থাকবে। এ ছাড়া বাসায় বসে দাপ্তরিক কাজ করার নিয়ম কার্যকর করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে। পাশাপাশি ২২ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে দূরশিক্ষণ কার্যক্রমের আওতায় শুরু হচ্ছে ঘরে বসে পাঠদান। সে জন্য শিক্ষার্থীদের মধ্যে যাদের কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ নেই, তাদের নানা রকম সহায়তা দিচ্ছে কাতার চ্যারিটি ও শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান।

সর্বশেষ এক সরকারি আদেশে ২২ মার্চ থেকে সব সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে ২০ ভাগ কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি রেখে বাকি ৮০ ভাগকে ঘরে বসে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নগদ অর্থের পরিবর্তে কার্ড দিয়ে লেনদেনের আহ্বান জানানো হচ্ছে। ১৫ মার্চ থেকে কাতারজুড়ে সব রেস্তোরাঁ ও কফি শপে বসে খাওয়াদাওয়া নিষিদ্ধ করে কেবল বাইরে অর্ডার সরবরাহের সুযোগ রাখা হয়েছে।

কাতারে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জনসাধারণকে জানানোর আগে দুর্যোগ ব্যবস্থাপনা–সম্পর্কিত সর্বোচ্চ কমিটি বৈঠক করে। কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির মুখপাত্র লুলুয়া বিনতে খাতের প্রতিদিনের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।

বিদেশ থেকে সদ্য ফেরত কাতারের নাগরিকদের কাতারজুড়ে বিভিন্ন পাঁচতারকা হোটেলে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া গেছে, সেই এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন রাখা হয়েছে।

কাতারের শিল্পাঞ্চল সানাইয়ার কথা এখানে বিশেষভাবে উল্লেখ্য। ১৭ মার্চ থেকে সানাইয়ার পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ প্রান্তজুড়ে প্রতিটি প্রবেশ ও বহির্গমন পথে পুলিশি পাহারা বসানো হয়েছে। দুই সপ্তাহের জন্য এই সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয় সংবাদমাধ্যমে। ফলে সানাইয়া এখন দেশের অন্যান্য অংশ থেকে এখন এক রকম বিচ্ছিন্ন।
কাতারের এই বিচ্ছিন্ন নগরীতে বাংলাদেশিসহ বিপুলসংখ্যক শ্রমিক বসবাস করেন। তাঁদের বেশ কয়েকজন জানান, সরকারিভাবে সেখানে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে। যেসব শ্রমিক এ অবস্থায় কাজে যেতে পারছেন না, মাস শেষে তাঁরা সবাই পুরো মাসের বেতন পাবেন বলে আশ্বস্ত করেছেন শ্রম মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০ মার্চ থেকে কাতারজুড়ে সব ধরনের ফল, শাকসবজি ও তরকারির কাঁচা পণ্য এবং মাছের দাম বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে স্যানিটাইজারের দামও বেঁধে দেওয়া হয়। কাতারের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিভিন্ন ভবন, আবাসিক হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকেরা তাঁদের নিজস্ব স্থাপনায় বিনা মূল্যে সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

করোনাভাইরাসের এই দুঃসময়ে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি বিবেচনায় নিয়ে কাতারে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসায়ীদের জন্য নানা সুবিধা ও ছাড়ের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে তিন থেকে ছয় মাস পর্যন্ত ভাড়া না নেওয়ার ঘোষণা, পানি ও বিদ্যুৎ বিল মওকুফসহ নানা সহায়তামূলক ব্যবস্থা। পাশাপাশি কাতারে আমদানি করা মেডিকেল ও খাদ্যপণ্যে কোনো রকম শুল্ক না নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।

কাতার ফাউন্ডেশন, সাংস্কৃতিক নগরী কাতারা, মুশায়রিব, বারওয়া, হাছাদ, কাতারের দিয়ার, মানাতেকসহ বড় বড় রাষ্ট্রীয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এমন ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

কাতার ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষও ক্ষুদ্র ব্যবসায়ী ও ঋণগ্রহীতাদের কাছ থেকে কিস্তি আদায় তিন থেকে ছয় মাস পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক বৈঠকে বেসরকারি খাতের সহায়তায় ৭৫ বিলিয়ন রিয়ালের আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি সব ধরনের শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ভাড়া ও বিল মওকুফের সিদ্ধান্ত জানিয়ে দেন।
কাতারে সবাইকে নিজ নিজ ঘরে অবস্থানের জন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছে। ঘরবন্দী এই সময়টুকুকে আনন্দময় করে রাখতে বাড়তি মূল্য ছাড়া ইন্টারনেট গতি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে মোবাইল ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া ইন্টারনেট দুনিয়ায় বিভিন্ন মন্ত্রণালয় ও শিক্ষা গবেষণামূলক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে অনলাইনে প্রতিযোগিতার আয়োজন চলছে।
কাতারে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিকও সরকারি তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে আছেন। আছেন অনেক বাংলাদেশিও। তবে ভবিষ্যতে যেকোনো সংখ্যক আক্রান্তের জন্য নিরাপদ কোয়ারেন্টিন নিশ্চিত করতে আলখোরসহ দূরবর্তী এলাকায় অস্থায়ীভাবে ক্যাম্প নির্মাণ করছে সরকার।

৭ মার্চ থেকে কোয়ারেন্টিনে থাকা বাংলাদেশি কর্মী সায়মন প্রথম আলোকে বলেন, ‘সবজি মার্কেট এলাকা থেকে আমিসহ ৩০-৪০ জন বাংলাদেশিকে চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়। আমাদের মধ্যে একজনের তাপমাত্রা বেশি থাকায় সতর্কতামূলক আমাদেরও কোয়ারেন্টিনে রাখা হয়।’
সায়মন বলেন, ‘আমাদের জন্য প্রতিদিন তিন বেলা ভালো মানের খাবার সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া তোয়ালে, প্যান্ট, টুথপেস্টসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার উপকরণ দেওয়া হচ্ছে। প্রতিদিন দুই দফা তাপমাত্রা চেক করছেন স্বাস্থ্যকর্মীরা। প্রতি রুমে একজন করে দুই তলায় মোট আটজন থাকেন এক ভবনে। এমন অনেকগুলো ভবনে প্রায় দেড় হাজারের মতো বাংলাদেশি কর্মী আছেন।’

১৯ মার্চ সংবাদ সম্মেলনে দুর্যোগ কমিটির মুখপাত্র লুলুয়া বলেন, ভবিষ্যতে করোনাভাইরাসের বিস্তার রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এরপরও কাতারের নাগরিক ও অভিবাসীদের একটাই চাওয়া, সব প্রতিকূলতা মেনে নিয়েও সবাই সুস্থ থাকুক।

পৃথিবীর কোটি মানুষের কাছে এই মুহূর্তে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেয়ে মূল্যবান আর কোনো স্বপ্ন নেই। কয়েক দিন আগেও কি মানুষ এমন অদ্ভুত এক পরিস্থিতিতে পড়ার মতো দুঃস্বপ্নের কথা ভেবেছিল!

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

0

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসমাগম পরিহার করার জন্য জনস্বার্থে মুজিববর্ষ উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মুজিববর্ষ উপলক্ষে কাল রোববার ও পরদিন সোমবার দুদিন জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসার কথা ছিল। এই অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি প্রস্তাব নেওয়ার কথা ছিল।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আজ পর্যন্ত দুজন মারা গেছেন। এ ছাড়া নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন।

বাংলাদেশে ৮ মার্চ প্রথম তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। আর ১৮ মার্চ একজনের মৃত্যুর খবর জানানো হয়।

মিরপুরে করোনায় মৃত ব্যক্তির পরিবারের কেউ বিদেশফেরত নন

0

মিরপুরের করোনায় আক্রান্ত মৃত ব্যক্তি নিজে কিংবা তাঁর পরিবারের কেউ বিদেশফেরত ছিলেন না। আজ শনিবার তাঁর মৃত্যুর পর তিনি ওই হাসপাতাল–সংলগ্ন যে বাসায় থাকেন, সেটি কোয়ারেন্টিন করা হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশে বাসাটিকে কোয়ারেন্টিন করা হয় বলে জানা গেছে।

এ ঘটনার পর বন্ধ রাখা হয়েছে ওই হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। কোয়ারেন্টিনে আছেন আইসিইউর চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়রা। এ বিষয়ে হাসপাতাল বা আইইডিসিআরের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে ওই হাসপাতালের একজন চিকিৎসক প্রথম আলোকে বলেন, রোগী গত মঙ্গলবার কল্যাণপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন। তাঁর হৃদযন্ত্রের বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার পরও রোগ ধরা পড়েনি। সেখানে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ১৭ মার্চ পৌনে পাঁচটার দিকে কল্যাণপুরের ওই হাসপাতাল থেকে থেকে তাঁকে মিরপুরের হাসপাতালটিতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাঁর শ্বাস–প্রশ্বাস নিতে অসুবিধা হওয়ায় তাঁকে একজন বক্ষব্যাধি চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করেন। তিনিই প্রথম আশঙ্কা করেন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

ওই হাসপাতাল এ বিষয়ে আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করলেও তারা নমুনা সংগ্রহ করতে অস্বীকৃতি জানায়। বলা হয়, ওই ব্যক্তি বিদেশফেরত নন, তিনি বিদেশফেরত কারও সংস্পর্শেও আসেননি। কিটের স্বল্পতা আছে। ওই চিকিৎসক আরও বলেন, রোগী হাসপাতালে ভর্তির পর তাঁর ব্যাপারে সরকারের উচ্চপদস্থ লোকজন খোঁজখবর করেন। তাঁদের তদবিরেই পরে পরীক্ষা করা হয়। গতকাল মিরপুরের ওই হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত হয় রোগী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ প্রথম আলোকে একটি বাড়ি কোয়ারেন্টিনের তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, টোলারবাগের ওই বাসার এক সদস্যের মৃত্যু হলে তাঁরা আইইডিসিআরের নির্দেশে বাসাটিকে কোয়ারেন্টিন করেন। বাসাটি যে ভবনে, সেটির বাসিন্দারাও সতর্কতার অংশ হিসেবে বের হচ্ছেন না। আইইডিসিআরের নির্দেশনা মেনে মৃত ব্যক্তিকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত ব্যক্তি নিজে বা তাঁর পরিবারের কেউ বিদেশ থেকে এসেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো খবর তাঁদের জানা নেই। মৃত ব্যক্তি অবসরপ্রাপ্ত ছিলেন, তাঁর বয়স ৭৩।

পর্যাপ্ত খাদ্য মজুত আছে, অতিরিক্ত পণ্য কেনার দরকার নেই: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দেশে পর্যাপ্ত খাদ্যশস্যের মজুত রয়েছে।

তিনি বলেন, অযথা আতঙ্কিত হয়ে বেশি করে পণ্য কিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গর্হিত কাজ। সবাইকে এ ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকতে হবে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সুযোগ নিয়ে কেউ যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত করতে না পারে, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জনগণকে নজরদারি বাড়াতে হবে।

প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা-১০ আসনে জাতীয় সংসদ উপনির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্র ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করছি যে আতঙ্কিত হয়ে কিছু লোক অতিরিক্ত মাত্রায় খাদ্যদ্রব্য কিনে সংরক্ষণ করছে। তবে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের কোনো খাদ্য সমস্যা নেই। আমাদের পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য কেনার দরকার নেই।’

তিনি বলেন, তিনি ইতিমধ্যে এ বিষয়ে অর্থমন্ত্রী, অর্থসচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যে রিজার্ভ রয়েছে, তা দিয়ে আগামী এক বছরের জন্য প্রয়োজনীয় খাদ্য কেনার সক্ষমতা আমাদের রয়েছে। সুতরাং এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’
শেখ হাসিনা বলেন, সরকারি গুদামগুলোয় সাড়ে তিন লাখ মেট্রিক টন গম ছাড়াও ১৭ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর পাশাপাশি, বেসরকারি রাইস মিলগুলোতে প্রচুর পরিমাণে খাদ্যশস্য রয়েছে। তিনি বলেন, ‘তাই, আমি সকলকে যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকু খাদ্যদ্রব্য কিনতে অনুরোধ জানাই।’

শেখ হাসিনা বলেন, ভোক্তারা অতিরিক্ত নিত্যপণ্য কিনলে বাজারে চাপ সৃষ্টি হয়। ফলে প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। তিনি বলেন, যাদের পর্যাপ্ত অর্থ আছে, তারা একসঙ্গে অনেক পণ্য কিনতে পারে। কিন্তু সাধারণ ও সীমিত আয়ের মানুষদের একসঙ্গে এত পণ্য কেনার মতো সামর্থ্য নেই।
প্রধানমন্ত্রী বলেন, ‘কাজেই অন্যের কষ্ট বাড়ানোর কোনো অধিকার কারও নেই।’
একটি উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি টেলিভিশনে দেখলাম যে একজন বলছেন, তিনি ৩০ কেজি লবণ কিনেছেন। আমি জানি না তিনি এই লবণ কত দিনে খাবেন।’
শেখ হাসিনা বলেন, এর আগে অনেকেই বিপুল পরিমাণ পেঁয়াজ কিনেছিল। তখন এর দাম বেড়ে গিয়েছিল।
তিনি আরও বলেন, কিন্তু পেঁয়াজ পচনশীল হওয়ায় সেগুলো তাদের আবর্জনার স্তূপে ফেলতে হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি জনগণকেও সতর্ক থাকতে হবে, যাতে কেউ করোনার প্রাদুর্ভাবের অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করতে না পারে।
শেখ হাসিনা বলেন, অতিরিক্ত পণ্য কিনে বাজারের ওপর চাপ সৃষ্টি করা ঠিক হবে না।
তিনি আরও বলেন, ‘আমরা চাই সবাই স্বাভাবিক জীবন যাপন করুক। আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের মাটি আছে, আমাদের সব আছে।’
প্রধানমন্ত্রী বলেন, দেশকে প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, ‘চীনে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পরপরই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। আমরা তখন চীন থেকে ৩১৫ জন শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে আনি এবং কোয়ারেন্টাইনে ১৪ দিন রাখার পর তাদের ছেড়ে দেই।’
শেখ হাসিনা বলেন, বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে বিদেশ থেকে আগতদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
তিনি বলেন, যদি কাউকে এই ভাইরাসে সংক্রমণ বলে সন্দেহ করা হয়, তবে তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা বিদেশ থেকে দেশে ফিরছেন, তাঁদের পরিবারের সদস্য ও অন্যদের নিরাপত্তার জন্য অবশ্যই অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ ও আইইডিসিআর সতর্ক আছে এবং দেশে প্রাণঘাতী ভাইরাসটিকে নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, ‘আমরা এই সব পদক্ষেপ নিচ্ছি, যাতে মানুষ সতর্ক থাকে এবং এ ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অপেক্ষাকৃত ভালো।’
সরকারপ্রধান বলেন, সরকার করোনাভাইরাস সংক্রমিত রোগীদের জন্য বেশ কয়েকটি বিশেষায়িত হাসপাতাল করেছে।

তিনি বলেন, ‘আমরা চিকিৎসক ও নার্সসহ হাসপাতালগুলোতে কর্মরত অন্যান্যদের নিরাপত্তাও নিশ্চিত করেছি। আমরা চিকিৎসক ও নার্সদের মাস্ক ও পারসোনাল প্রোটেকটিভ ইকুয়েপমেন্ট (পিপিই) আমদানি ও তৈরি করছি।’
প্রধানমন্ত্রী বলেন, সরকার টেলিভিশন, বেতার ও অন্যান্য গণমাধ্যমে প্রাণঘাতী ভাইরাস সম্পর্কে মানুষকে সতর্ক করতে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘আমি আশা করি দেশবাসী সরকারের নির্দেশনা মেনে চলবেন।’
শেখ হাসিনা বলেন, সরকার জনগণকে প্রাণঘাতী এই ভাইরাস থেকে রক্ষা করতে এক স্থানে কয়েকজনের সমাগমকে নিষিদ্ধ করেছে।
তিনি আরও বলেন, ‘আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনেক অনুষ্ঠান বাতিল করেছি এবং এর মধ্য দিয়ে আপনারা বুঝতেই পারছেন যে আমরা জনগণের নিরাপত্তা ও স্বাস্থ্যের প্রতি কতটা গুরুত্ব দিচ্ছি।’

করোনায় মৃত ব্যক্তিকে যেভাবে দাফন করা হবে

0

শুধু করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি নন, আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির শরীর থেকেও এই ভাইরাস ছড়িয়ে পড়ে। তাই এই রোগে মৃত ব্যক্তিকে পরিষ্কার করা বা ধোয়া যাবে না, নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়া ছোঁয়াও যাবে না।

করোনা রোগে মৃত ব্যক্তির দাফন বা সৎকারসংক্রান্ত সরকারি নির্দেশনায় এমন সতর্কতার কথা বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল অনুযায়ী নির্দেশনাটি তৈরি করা হয়েছে। মৃতদেহ থেকে অতিরিক্ত ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে নির্দেশনাটি তৈরি করা হয়েছে উল্লেখ করে এতে হাসপাতাল বা বাড়ি থেকে মৃতদেহ সংগ্রহ, পরিবহন, দাফনসহ প্রতিটি পর্যায়ের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে বা সন্দেহভাজন কেউ মারা গেলে মৃতদেহ সরানো, সৎকার বা দাফন শুরুর আগে অবশ্যই সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানাতে হবে। প্রতিষ্ঠানটির নির্দেশনা অনুযায়ী, চার সদস্যের একটি দল সম্পূর্ণ সুরক্ষা পোশাক পরে মৃতদেহ সৎকার বা দাফনের জন্য প্রস্তুত করবে। মৃত্যুর স্থানেই মৃতদেহ প্লাস্টিকের কাভার দিয়ে মুড়িয়ে রাখতে হবে। দলের নেতা মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করে তাঁদের নির্দিষ্ট কোনো অনুরোধ থাকলে তা জেনে নেবেন। কোথায় কবর দেওয়া হবে, সেটিও ঠিক করে রাখতে হবে।

ভাইরাস ছড়িয়ে পড়া রোধে মরদেহ গোসল করানো যাবে না উল্লেখ করে নির্দেশনায় বলা হয়েছে, পরিবারের অনুরোধ থাকলে মরদেহ গোসলের পরিবর্তে তায়াম্মুম বা পানি ছাড়া অজু করানো যাবে। আর পরিবারের পক্ষ থেকে কাফনের কাপড়ের জন্য অনুরোধ থাকলে সেলাইবিহীন সাদা সুতির কাপড় কাফনের কাপড় হিসেবে ব্যবহার করা যাবে। কাফনের কাপড় প্লাস্টিকের ব্যাগে রেখে তার ওপর মরদেহ রাখতে হবে এবং দ্রুত ব্যাগের জিপার বন্ধ করতে হবে। ব্যাগে কাফনের কাপড় দেওয়ার সময় যারা মরদেহ উঁচু করে ধরবেন, তাঁদের অবশ্যই সুরক্ষা পোশাক পরে থাকতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মৃতদেহ সৎকারের জন্য মৃতদেহের সব ছিদ্রপথ (নাক, কান, পায়ুপথ ইত্যাদি) তুলা দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে কোনো তরল গড়িয়ে না পড়ে। এরপর সংক্ষিপ্ত রুটে দ্রুততম সময়ের মধ্যে মৃতদেহ সমাধিস্থলে নিয়ে যেতে হবে।

পরিবহনে ব্যবহৃত গাড়ি সম্পর্কে বলা হয়েছে, যাত্রাকালীন সুরক্ষা নিশ্চিত করতে মৃতদেহটি দাফন পরিচালনাকারী দলের কাছে হস্তান্তর করতে হবে। পরিবহনে ব্যবহৃত গাড়িতে দুটি অংশ থাকতে হবে, যাতে চালক ও পরিবহন কামরার মধ্যে প্রতিরক্ষামূলক কাচ বা প্লাস্টিকের আবরণ থাকে। পরিবহনের পর ব্যবহৃত বাহনটি জীবাণুমুক্ত করে নিতে হবে। এ সময় জীবাণুমুক্ত করার কাজে নিয়োজিত ব্যক্তিকে অবশ্যই প্রতিরক্ষামূলক পোশাক পরতে হবে। দাফনের সময় মৃতদেহ বহনকারী ব্যাগটি কখনোই খোলা যাবে না।

দাফনের পর কবর বা সমাধিস্থানটি ১০ থেকে ১৫ সেন্টিমিটার গভীর মাটির স্তর দিয়ে ঢাকার পাশাপাশি দাফন করা স্থানের আশপাশ উপযুক্ত জীবাণুনাশক দিয়ে পরিষ্কারও করতে বলা হয়েছে নির্দেশনায়। এ ছাড়া মৃত ব্যক্তি যে স্থানে মারা গেছেন, সেই স্থানটিও যত দ্রুত সম্ভব জীবাণুমুক্ত করা এবং মৃতদেহ দাফনের পর সেই স্থান ভালোভাবে ঘিরে রাখতে বলা হয়েছে।

অন্যদিকে নির্দেশনা অনুযায়ী, করোনায় সন্দেহভাজন কারও মৃত্যু হলেও সমান সতর্কতা অবলম্বন করতে হবে। আইইডিসিআরে যোগাযোগ করলে সেখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা এসে মৃত ব্যক্তির মুখের লালার নমুনা নিয়ে নিশ্চিত করবেন যে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কি না।

নির্দেশনা বলছে, করোনা আক্রান্ত মৃতদেহ কখনোই ময়নাতদন্ত করা যাবে না। আর মৃতদেহ পোড়ালে দেহাবশেষ বা ছাই থেকে করোনাভাইরাস ছড়ায় না।

রাজশাহীতে করোনা সন্দেহে এক নার্স কোয়ারেন্টিনে

0

করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন—এমন সন্দেহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্সকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সরঞ্জাম না থাকার কারণে চিকিৎসকেরা তাঁর পরীক্ষা করতে পারেননি। ঢাকা থেকে বাসে ফেরার সময় তিনি ইতালিফেরত এক প্রবাসীর সহযাত্রী ছিলেন। বাড়ি ফিরেই তাঁর জ্বর আসে। এ জন্য তিনি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, ওই নার্সকে তাঁরা রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠিয়েছিলেন। পরে তিনি নিজের ইচ্ছায় বাড়িতে ‘কোয়ারেন্টিনে’ চলে যান। তিনি তাঁকে সরকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইসিডিআর) হটলাইন নম্বর দিয়েছেন। তিনি আইইডিসিআরে ফোন করে বলে দিয়েছেন। তারাই রোগীর সঙ্গে যোগাযোগ করবে। আর রাজশাহীতে পরীক্ষার জন্য কিট আনতে পাঠানো হয়েছে। বিকেলের মধ্যে কিট চলে আসতে পারে। তখন তাঁরা নিজেই পরীক্ষা করতে পারবেন।

এই কর্মকর্তা আরও বলেন, এই রোগীর গায়ে হামের মতো দানা দানা কিছু দেখা যাচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শরীরে এ রকম হয় না। তারপরও তাঁরা সতর্কতার জন্য তাঁকে কোয়ারেন্টিনে পাঠিয়েছেন।

জানা গেছে, ওই নার্সের ১০২ ডিগ্রি পর্যন্ত জ্বর, গলাব্যথা, শ্বাসকষ্ট হচ্ছে। গতকাল থেকে পাতলা পায়খানা শুরু হয়েছে। আজকেও তাঁর ১০১ ডিগ্রি জ্বর আছে। অবস্থার অবনতি হওয়ায় সকালে তিনি হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকেরা তাঁকে করোনা ইউনিটে পাঠান। সেখান থেকে তাঁকে আইসোলেশন ইউনিটে যাওয়ার জন্য সুপারিশ করা হয়।

রাজশাহীতে সংক্রামক ব্যাধি হাসপাতালকে আইসোলেশন ইউনিট ঘোষণা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই নার্স সেখানে ঢুকে আশপাশের লোকজনকে শুধু বলেছেন, ‘আমার করোনা হতে পারে। আমাকে একটু সাইড দিন।’ এ কথা শোনার সঙ্গে সঙ্গে লোকজন তাঁর কাছ থেকে দৌড়ে দূরে চলে যান। এরপর তিনি চিকিৎসকদের কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়ে ‘হোম কোয়ারেন্টিনে’ চলে যান।

করোনায় আক্রান্ত হওয়ার কথা জানালেন ওয়াসফিয়া নাজরীন

0

এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান। বন্ধুর সাহায্য নিয়ে এই পোস্ট করেছেন বলে জানিয়েছেন তিনি। ওয়াসফিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

ওয়াসফিয়া তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ১২ মার্চ তিনি লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানের মাধ্যমে করোনাভাইরাসে সংক্রমিত হন। ১৩ মার্চ থেকেই তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করে। ১৭ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নিচ্ছেন।

ওয়াসফিয়া আরও লিখেছেন, ‘করোনা সংক্রমণ ঘটলে আতঙ্ক বাদ দিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। লস অ্যাঞ্জেলসে আমি কোয়ারেন্টিনে আছি। অত্যন্ত কঠোর পদক্ষেপ এবং আমার শ্বাসপ্রশ্বাসের ওপর নজর রাখছি। আমাকে এর বিরুদ্ধে লড়তে হবে। প্রতিটি দিনই সংগ্রামের। কয়েক পা হাঁটাও আমার জন্য কষ্টকর।’

ওয়াসফিয়া লিখেছেন, মূলত করোনাভাইরাস নিয়ে কুসংস্কার, ভুল ধারণা ও বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ভুয়া তথ্য ছড়াচ্ছে, তা ঠেকানোর আশায় তিনি এ পোস্ট দিয়েছেন। তিনি মাতৃভূমি বাংলাদেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

ফেসবুক পোস্টে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান ওয়াসফিয়া। করোনাভাইরাস প্রতিরোধে প্রস্তুতি ও সচেতন থাকতেও বলেন তিনি। করোনাভাইরাস মোকাবিলায় সবার আগে শান্ত ও স্থির থাকার পরামর্শ দেন এভারেস্টজয়ী এ নারী।

করোনার গুজবে বাজারে হুড়োহুড়ি, মূল্যবৃদ্ধি

0

করোনাভাইরাসের প্রভাবে পণ্যসংকট হবে—এমন গুজবে দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে ক্রেতারা কেনাকাটা করতে হুমড়ি খেয়ে পড়েছেন। এই সুযোগে কিছু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। কৃত্রিম সংকট সৃষ্টি করতে কিছু ব্যবসায়ী খাদ্য মজুত করেছেন বলেও অভিযোগ উঠেছে। বেশি দাম রাখায় কোনো কোনো ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বরিশাল, পটুয়াখালী, গৌরনদী, সিরাজগঞ্জ, আদমদীঘি, পাবনা ও গুরুদাসপুর প্রতিনিধি বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানিয়েছেন। অনেক বাজারে পণ্যের দাম দ্বিগুণ বেড়েছে। ৪০ টাকা দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

বরিশাল নগরের বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার কেনার হিড়িকের পর এবার শুরু হয়েছে বিপুল পরিমাণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাকাটা। এ সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন। খুচরা বাজারে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৬ থেকে ৮ টাকা পর্যন্ত। আর পেঁয়াজে বেড়েছে খুচরা বাজারে ৪০ টাকা পর্যন্ত।

চাল ব্যবসায়ীরা বলছেন, মোকামেও চালের ঘাটতি দেখা দিয়েছে। মিলের মালিকেরা ধানের সংকট দেখিয়ে চাল সরবরাহ করতে পারছেন না। বোরো না ওঠা পর্যন্ত চালের বাজার স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখছেন না।

বাজারের দোকানগুলোয় ক্রেতাদের ভিড়ে ঠাসা। কেউ দরদামের তোয়াক্কা করছেন না। সবাই চাইছেন বাড়তি চাল, ডাল, নিত্যপণ্য। দাম যা–ই হোক, তাতে কিছু যায়–আসে না। পরিস্থিতি এমন যেন মহাদুর্যোগকে সামনে রেখে সবাই ব্যস্ত আগামী কয়েক মাসের খাবার কিনে মজুত করতে। দোকানিরাও গলদঘর্ম। দোকানগুলোয় কদিন আগেও এক কেজি আলুর দাম ছিল ছিল ১৫ থেকে ১৮ টাকা। গত বৃহস্পতিবার তা এক লাফে ২০ টাকা হয়ে গেছে। দর-কষাকষির কোনো সুযোগ নেই।

একটি দোকানে দেখা গেল, একজন ক্রেতা আলু–আটার দাম নিয়ে দোকানিকে প্রশ্ন তুলেছেন। দোকানি অনেকটা বিরক্ত হয়ে বললেন, ‘আপনার না পোষালে মাল রেখে যান। অন্য দোকান থেকে কিনুন।’ পাশের দোকানে আবার অনেক ক্রেতা প্রশ্ন ছাড়াই সেসব পণ্য বেশি দামে কিনে নিচ্ছেন। কিনতে পেরে তাঁদের মুখে স্বস্তিও দেখা গেল।

শাহনাজ বেগম নামের এক গৃহবধূ বলেন, ‘ঘরে মাসিক বাজার-সওদা এখনো শেষ হয়নি। পুরো মাস চলবে। কিন্তু করোনাভাইরাসের কারণে বাজারে সরবরাহের ঘাটতি হতে পারে এবং দোকানপাট বন্ধ হয়ে যেতে পারে—এমন আশঙ্কায় অগ্রিম আগামী মাসের বাজার-সওদাও করে রেখেছি। দাম অনেক বাড়তি। সে চিন্তা করার এখন সময় নেই। না খেয়ে তো আর থাকা যাবে না!’

বটতলা বাজারের আকন স্টোরের মালিক মাহতাব হোসেন বলেন, ‘দুদিন ধরে ঘাড় ফেরানোর সময় পাচ্ছি না। ক্রেতাদের ভিড়ে দুপুরের খাবারও খেতে পারছি না। ঈদের আগে যেভাবে বেচাবিক্রির ভিড়ে দম ফেলার সময় পাই না, তেমন হয়েছে।’

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমরা ক্রেতাদের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। গুজবে কান না দিতে পরামর্শ দিচ্ছি। দেশে চাল বা অন্য সব নিত্যপণ্যের কোনো ঘাটতি নেই। প্রয়োজনে এ নিয়ে আমরা মাইকিং করব। ইতিমধ্যে আমরা ভ্রাম্যমাণ আদালতের বেশ কয়েকটি দলকে মাঠে নামিয়েছি। তবে সাধারণ মানুষ সচেতন না হলে এর ফল পাওয়া অসম্ভব।’

পটুয়াখালীতে বাড়তি কেনাকাটার প্রবণতা দেখা দেওয়ার সুযোগে স্থানীয় ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে বিক্রি শুরু করেছেন। এদিকে বাজার নিয়ন্ত্রণ রাখতে পটুয়াখালীর প্রশাসন গতকাল শুক্রবার মাঠে নেমেছে। গতকাল শহরের নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জন ব্যবসায়ী ও ক্রেতাকে ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, বাউফল উপজেলায় অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করার দায়ে চারজন ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুমকি উপজেলায় নিত্যপ্রয়োজনীয় মালামাল নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জিনিসপত্রের দাম বাড়ানোর অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে তিন ব্যবসায়ী ও গৌরনদীর উপজেলার টরকী বন্দরের এক ব্যবসায়ীসহ চার ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

করোনাভাইরাসের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট হতে পারে—এমন গুজবে পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী বাজারসহ বিভিন্ন এলাকায় মুদি দোকানগুলোয় ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের কারণে আলু, পেঁয়াজ, রসুন, লবণসহ বিভিন্ন সামগ্রী ক্রয় করে মজুত রাখার সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা সদর সুবিদখালী বন্দরসহ আশপাশের বাসিন্দারা বাজারে ছুটে আসেন। এ সময় ক্রেতারা ৫ কেজি থেকে শুরু করে ১৫-২০ কেজি পর্যন্ত পেঁয়াজ, আলু, রসুনসহ বিভিন্ন সামগ্রী কিনে নিয়ে বাড়ি ফেরেন। আর এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে ৪০ টাকা মূল্যের পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা, ১৫ টাকার আলু ২৫ টাকাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর ১৫ থেকে ৩০ টাকা বাড়িয়ে বিক্রি করেন। বৃহস্পতিবার রাতেই সুবিদখালী বাজারসহ আশপাশের বাজার পেঁয়াজ ও আলুশূন্য হয়ে যায়।

করোনাভাইরাসের আতঙ্ক ঘিরে বগুড়ার আদমদীঘিতে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজ ও চালের দাম। গতকাল উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রতি কেজি পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা এবং প্রতি কেজি চাল ধরনভেদে বেড়েছে ৩ থেকে ৪ টাকা করে।

পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর চালের মোকাম ও উপজেলা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, করোনাভাইরাসের আতঙ্ক ছড়ানোর পর থেকেই সাধারণ ক্রেতারা অতিরিক্ত চাল কিনে ঘরে মজুত করছেন। অনেকে ২০ কেজির স্থলে ২ থেকে ৩ বস্তা পর্যন্ত চাল কিনছেন। এতে মোকামে চালের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে গেছে। জয়নগর চালের মোকামে স্বর্ণ-৫ জাতের ৩৫ টাকা কেজি দরের চাল ৩৮ টাকা, জিরা জাতের ৪৮ টাকা কেজি দরের চাল ৫১ টাকা, ৫৮ টাকা কেজি দরের কাটারিভোগ ৬০ টাকা এবং ৪৮ টাকা কেজি দরের মিনিকেট ৫১ টাকা কেজিতে বিক্রি হয়েছে। খুচরা বাজারে এই দাম কেজিতে আরও ৩ থেকে ৪ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে আগের তুলনায় খুচরা বাজারে প্রতিকেজি চালের দাম গড়ে ৬ টাকা পর্যন্ত বেড়েছে।

অন্যদিকে, স্থানীয় বাজারগুলোয় ৪০ থেকে ৪৫ টাকার প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা, ৭০ থেকে ৮০ টাকার রসুন ১২০ থেকে ১৩০ টাকা, ১০০ থেকে ১২০ টাকার আদা ১৭০ থেকে ১৮০ টাকা এবং ১৮ থেকে ২০ টাকার আলু ২৫ থেকে ২৮ টাকায় বিক্রি হচ্ছে।

নাটোরের গুরুদাসপুরে জাতভেদে চালের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা। উদ্ভূত পরিস্থিতিতে পণ্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষে গত বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি–পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সভায় ব্যবসায়ীরা পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি।

করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চাল, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন।

অল্প বয়সীরাও ঝুঁকির মধ্যে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0

অল্প বয়সী কিশোর-তরুণ করোনাভাইরাস প্রতিরোধী নয়। অবশ্যই বয়স্ক ও সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সামাজিকতা ও যোগাযোগ এড়িয়ে চলবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ কথা বলে সবাইকে সতর্ক করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেছেন, তরুণদের বেছে নেওয়া সিদ্ধান্ত ‘অন্য কারও জন্য জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য’ তৈরি করতে পারে।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আড়াই লাখ পার হয়ে গেছে।

বয়স্ক রোগীদের মধ্যে ভাইরাসের সংক্রমণের আশঙ্কা বেশি বলে অনেক দেশেই তরুণেরা স্বাস্থ্য সতর্কতা নিয়ে আত্মসন্তুষ্ট। এ নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের মন্তব্যে সে একই বিষয় ফুটে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এখন এ মহামারির কেন্দ্রবিন্দু হচ্ছে ইউরোপ।

ইতালিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। গতকাল শুক্রবার দেশটিতে ৬২৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩২।

অনেক দেশ এবং অঞ্চল শুক্রবারে নতুন করে যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলো হলো:

যুক্তরাজ্য: দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, গতকাল রাত থেকে ক্যাফে, পাব ও রেস্তোরাঁ বন্ধ থাকবে।

যুক্তরাষ্ট্র: মেক্সিকো ও কানাডার সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ককে ‘লকডাউন’ করা হয়েছে। ওষুধের দোকান, মুদির দোকানের মতো জরুরি ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ থাকবে।

কর্মচারীদের প্রয়োজনে ঘর থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৭ হাজার ১০০ ছাড়িয়েছে।

স্পেন: বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করলে সেনাবাহিনীর টহল দল তাকে আটক করবে বলে সতর্ক করেছে দেশটির সরকার।

বাভারিয়া: জার্মানির দ্বিতীয় বৃহত্তম জনবহুল এ অঞ্চল লকডাউন করা হয়েছে। এটাই দেশটিতে প্রথম লকডাউনের ঘটনা।

ফ্রান্স: পুলিশ জানায়, প্যারিস রেলস্টেশনে প্রহরা বসানো হয়েছে, যাতে কেউ সপ্তাহের ছুটিতে বাইরে ভ্রমণে যেতে না পারেন।

ইন্দোনেশিয়া: আগামী সোমবার থেকে জাকার্তায় জরুরি অবস্থা জারি হচ্ছে। বার, সিনেমা হলসহ অন্যান্য ব্যবস্থাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা বলছে
জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে টেড্রস অ্যাডহানম বলেন, যদিও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি আঘাত পান, তবু অল্প বয়স্ক লোকদের এড়ানো যায় না।

তরুণদের উদ্দেশে টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন, ‘তরুণদের জন্য আমার একটি বার্তা আছে: তোমরা “অজেয় নও”। এই ভাইরাস তোমাদের কয়েক সপ্তাহের জন্য হাসপাতালে পাঠাতে পারে। এমনকি মৃত্যুর মুখেও ঠেলে দিতে পারে। হয়তো তোমাদের অসুখ হবে না। কিন্তু তোমাদের অনিয়ন্ত্রিত চলাফেরা আরেকজনকে জীবন-মরণের সন্ধিক্ষণে ঠেলে দিতে পারে।’

চীনের হুবেই প্রদেশের উহান শহর বিশ্বের বাকি দেশগুলোকে আশার আলো দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস।

গবেষণায় দেখা গেছে, সব বয়সী মানুষই করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। তবে তা বিভিন্ন রোগে আক্রান্ত বয়স্কদের ক্ষেত্রে বেশি বিপজ্জনক। ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যাঁরা মারা গেছেন, তাঁদের গড় বয়স ৭৮ দশমিক ৫। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, চীনে যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে ৫০ বছরের নিচে বয়সীর সংখ্যা ১ শতাংশের কম। তবে যাঁদের বয়স ৮০–এর বেশি, তাঁদের ক্ষেত্রে মৃত্যুর হার ১৫ শতাংশের বেশি।

রয়টার্স জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন সামাজিক দূরত্ব বজায় রাখার পরিবর্তে শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ মারিয়া কার্কহোভ বলেন, ‘আমরা চাই মানুষ সংযুক্ত থাকুক। ইন্টারনেট, সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ রেখে মানসিক স্বাস্থ্য ঠিক রাখুন। এটা শরীর সুস্থ রাখার মতোই জরুরি।’