Home Blog Page 3075

আশার আলো দেখাচ্ছে উহান: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0

চীনের হুবেই প্রদেশের উহান শহর বিশ্বের বাকি দেশগুলোকে আশার আলো দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস। শুক্রবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
তিন জানান, প্রথমবারের মতো উহানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি।

ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন, ‘বিশ্বের অন্য দেশগুলোর জন্য আশা দেখাচ্ছে উহান। এমনকি এই জটিল পরিস্থিতিতেও আমরা ঘুরে দাঁড়াতে পারি।’ তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলব। এই পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। কিন্তু উহানের মতো দু-একটি শহরের ঘুরে দাঁড়ানো আশার আলো দেখাচ্ছে।’

সংবাদ সম্মেলনে তরুণদের আরও সতর্ক থাকার আহ্বান করেন টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস। তিন বলেন, মহামারি মোকাবিলায় তরুণেরা ‘অজেয় নয়’। তরুণদের নিয়ন্ত্রিত চলাফেরা বৃদ্ধদের জীবন বাঁচাতে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস তরুণদের উদ্দেশে বলেন, ‘তরুণদের জন্য আমার একটি বার্তা আছে: তোমরা “অজেয় নও”। এই ভাইরাস তোমাদের কয়েক সপ্তাহের জন্য হাসপাতালে পাঠাতে পারে। এমনকি মৃত্যুর মুখেও ঠেলে দিতে পারে। হয়তো তোমাদের অসুখ হবে না। কিন্তু তোমাদের অনিয়ন্ত্রিত চলাফেরা আরেকজনকে জীবন-মরণের সন্ধিক্ষণে ঠেলে দিতে পারে।’

বিশ্বে করোনাভাইরাসে মৃত মানুষের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে এই ভাইরাসের আক্রমণ দেখা যায়। করোনাভাইরাসের নতুন কেন্দ্রস্থল ইউরোপ। এই ভাইরাসে টালমাটাল ইতালি। গত ২৪ ঘণ্টায় ইতালিতে সর্বোচ্চ ৬২৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন মৃত মানুষের সংখ্যা ৪ হাজার ৩২।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ‘লকডাউন’

0

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ককে ‘লকডাউন’ করা হয়েছে। ওষুধের দোকান, মুদির দোকানের মতো জরুরি ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ থাকবে। কর্মচারীদের প্রয়োজনে ঘর থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিউইয়র্কে করোনাভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা ৭ হাজার ১০০ ছাড়িয়েছে। প্রতিমুহূর্তে এ সংখ্যা বাড়ছে। ২০ মার্চ (শুক্রবার) সকাল পর্যন্ত নিউইয়র্কে মৃত মানুষের সংখ্যা ৩৫।

শুক্রবার সকালে নিউইয়র্কের রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো লকডাউনের নির্দেশ ঘোষণা দেন। এ নির্দেশনা স্থানীয় সময় রোববার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। আদেশ লঙ্ঘনকারীদের জরিমানা গুনতে হবে।

রাজ্য গভর্নর তাঁর ঘোষণা দিয়ে বলেন, ‘সাধ্যের সবকিছু আমরা করেছি। একটা জীবনও যদি বাঁচাতে পারি, তাহলে খুশি হব। রাজ্যজুড়ে গ্রোসারি স্টোর, ফার্মেসি ছাড়া একান্ত জরুরি ব্যবসা-বাণিজ্য খোলা থাকবে। সব ধরনের আউটডোর কার্যক্রম, স্পোর্টস বন্ধ থাকবে। সরকারি, বেসরকারি কর্মচারীদের মধ্যে যারা জরুরি কাজে নিয়োজিত নয়, তাদের ঘর থেকে কাজ চালিয়ে যেতে হবে। লন্ড্রেমেট, রেস্টুরেন্টে শুধু ডেলিভারি, পেট্রল পাম্প এবং সীমিত গণপরিবহন চালু থকবে।’
গভর্নর কুমো আশপাশের রাজ্যেও এমন ঘোষণা প্রত্যাশা করছেন। বলেন, ‘আমি সব দায়িত্ব নিজে গ্রহণ করছি। কেউ আমাকে দোষারোপ করলে করুক।’ তিনি আরও বলেন, ‘আমরা নাজুক পরিস্থিতির আশঙ্কা করছি, তবে প্রত্যাশা করছি ভালো কিছুর।’ এসব উদ্যোগ কেবলই জীবন রক্ষার জন্য বলে উল্লেখ করেন উদ্বিগ্ন রাজ্য গভর্নর।

নিউইয়র্ক নগরীতে থমথমে অবস্থা বিরাজ করছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের রাসায়নিক নিরাপত্তায় কর্মরত এক বাংলাদেশি প্রথম আলোকে জানিয়েছেন, তাঁদের বিশেষ পাস ইস্যু করে রাখা হয়েছে। নগরীতে যেকোনো সময় কারফিউ জারি হতে পারে। নিউইয়র্কের মেয়র ডি ব্লাজিও ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন।
এর মধ্যে নিউইয়র্কে বার মালিকদের তিন মাসের মর্টগেজ মওকুফ ঘোষণায় কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মর্টগেজ পরিশোধ আপাতত স্থগিত করা হয়েছে। ভাড়াটে ও কর্মজীবীরা তাঁদের প্রণোদনা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। রাজ্য ও ফেডারেল সরকার মিলে আগামী সপ্তাহের মধ্যেই প্রণোদনার আরও বিস্তারিত জানতে পারবেন বলে মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে।

নিউইয়র্কে হোটেল হয়ে যাচ্ছে হাসপাতাল

0

মাসখানেক আগেও নিউইয়র্ক শহরের অন্যতম জমজমাট হোটেল ছিল হিলটন ইন্টারন্যাশনাল। গুরুত্বপূর্ণ স্থান ম্যানহাটনের কেন্দ্রস্থলে অবস্থিত হোটেলটি এখন একটি পুরোপুরি হাসপাতালে রূপান্তরিত। যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ওই শহরের হোটেলগুলোকে এভাবে পর্যায়ক্রমে হাসপাতালে পরিণত করার উদ্যোগ নিয়েছে স্থানীয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এর মধ্যে তারা দেড় হাজার কক্ষ ভাড়া নিয়ে হাসপাতালের শয্যা তৈরির জন্য হোটেলমালিকদের সঙ্গে চুক্তি করেছে।

এসব হোটেলে আপাতত করোনোভাইরাসে আক্রান্ত রোগীদের রাখা হচ্ছে না। অন্য হাসপাতালে চিকিৎসা নেওয়া ও নতুন ভর্তি হওয়া রোগীদের সেখানে রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল, নিউইয়র্ক টাইমস, ডেইলি নিউজ ও স্পেকট্রাম নিউজ এই তথ্য জানাচ্ছে।

নিউইয়র্ক সিটি করপোরেশনের মেয়র অ্যান্ড্রু কুয়োমো বাংলাদেশ সময় শুক্রবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শহরে প্রতিদিন নতুন করে কমপক্ষে দুই হাজার মানুষ করোনোভাইরাসে আক্রান্ত হচ্ছে। শহরের হাসপাতালগুলোতে শয্যা আছে মাত্র ৩৭ হাজার। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে শহরে ১ লাখ ১০ হাজার শয্যার দরকার হতে পারে। তাই এখন থেকেই হোটেলগুলোকে হাসপাতালে রূপান্তর করা শুরু হয়েছে।

বাংলাদেশ সরকার এর মধ্যে সেনাবাহিনীর সহায়তায় উত্তরা ফ্ল্যাট প্রকল্পসহ কয়েকটি স্থানে প্রবাসীসহ অনেককে কোয়ারেন্টিনে রাখার পরিকল্পনা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক পরিচালক ডা. মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, যারা করোনায় আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে, এসব রোগী আলাদা করা উচিত। আবাসিক হোটেলে কী কী সুযোগ-সুবিধা আছে, এর একটি দ্রুত সমীক্ষা করা দরকার। যাতে বিদেশ থেকে আসা সচ্ছল ব্যক্তিদের কোয়ারেন্টিন করে রাখার জন্য অর্থের বিনিময়ে হোটেলে রাখা যেতে পারে। একই সঙ্গে সাধারণ রোগ ও সমস্যা নিয়ে যারা হাসপাতালে আসছে, তাদেরও এসব স্থানে সরিয়ে নেওয়া যেতে পারে। তবে যাদের করোনার লক্ষণ দেখা দিচ্ছে, তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া উচিত। সবার আগে জরুরি যেসব চিকিৎসক ও নার্সরা সেবা দিচ্ছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা।

চীনের পথে নিউইয়র্ক
হোটেলগুলোকে হাসপাতালে পরিণত করার এই পথ অবশ্য দেখিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী চীন। দেশটির করোনা ছড়িয়ে পড়ার প্রধান কেন্দ্র উহান শহরে শুরু থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। শহরটির সব হোটেলকে সরকার হাসপাতালে পরিণত করে। সেখানে চিকিৎসা সরঞ্জাম ও চিকিৎসকদের নিয়োগ দিয়ে হাসপাতালে পরিণত করা হয়। পরবর্তী সময়ে স্পেনের মাদ্রিদ, যুক্তরাজ্যের লন্ডনসহ বড় শহরগুলো ও পর্তুগালের লিসবন শহরে একই উদ্যোগ নেওয়া হয়। তবে এসব শহরের হোটেলগুলো বাণিজ্যিকভাবে ভাড়া নিয়ে হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

শহরের হোটেলগুলোকে হাসপাতালে পরিণত করার এই সিদ্ধান্তের বিপক্ষে অবশ্য জোরালো অবস্থান নিয়েছে হোটেল অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক। সংগঠনটির সভাপতি বিজয় দন্ডপানি স্পেকট্রাম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, হোটেলগুলোকে হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত এই শিল্পের পায়ে কুঠারাঘাত করার শামিল। এই ক্ষতি কাটিয়ে উঠতে তাদের কমপক্ষে এক বছর সময় লাগবে।

নিউইয়র্ক সিটি করপোরেশনের এই পথে অবশ্য মাদ্রিদ ও লন্ডনের মতো বড় শহরগুলো হাঁটতে চেয়েছিল। তবে সেখানকার বেশির ভাগ হোটেল কর্তৃপক্ষ সহযোগিতা করেনি। তারা তাদের মালিকানাধীন হোটেলগুলোকে হোটেলে পরিণত করতে দিতে রাজি হচ্ছে। গত সপ্তাহে বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর মালিকানাধীন দুটি হোটেলকে হাসপাতালে পরিণত করার জন্য দেশটির সরকার থেকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু রোনালদো তাতে রাজি হননি।

তবে নিউইয়র্কে এরই মধ্যে তিনটি হোটেলের ২৫০টি কক্ষকে হাসপাতালের শয্যায় পরিণত করেছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যে দেশটির ফেডারেল সরকারের কাছে করোনো মোকাবিলার জন্য সহযোগিতা চেয়েছে। তারা আগামী এপ্রিলের মধ্যে ৩০ লাখ স্থায়ী মাস্ক, ৫ কোটি সার্জিক্যাল মাস্ক, ৫০ হাজার কৃত্রিম নিশ্বাস নেওয়ার যন্ত্র ও আড়াই লাখ হাতের গ্লাভস দরকার বলে জানিয়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র নৌবাহিনী থেকে শহরের উপকণ্ঠে সাগরের তীরে এক হাজার শয্যার একটি হাসপাতালসহ জাহাজ এসে ভিড়েছে। সেখানেও রোগী ভর্তি করা হচ্ছে।

করোনা থেকে পোশাকশ্রমিকদের জীবন ও শিল্প খাত রক্ষার দাবি

0

করোনাভাইরাসের সংক্রমণ থেকে পোশাক কারখানার শ্রমিকের জীবন ও শিল্প খাত রক্ষার দাবি জানিয়েছেন শ্রমিকনেতারা। সব পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে শ্রমিকদের জন্য রেশনিংসহ অন্যান্য ব্যবস্থা নেওয়ারও জরুরি আহ্বান জানান তাঁরা।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি থেকে দেওয়া বিবৃতিতে সংগঠনটির সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক জুলহাস নাইন ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান।

নেতারা বলেন, এর মধ্যে দেশে ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, ১ জনের মৃত্যু হয়েছে এবং একজন আইসিইউতে রয়েছে। বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধর ঘোষণা হয়েছে, এসেছে হল খালির নির্দেশ, সভা–সমাবেশ নিষিদ্ধ, ক্রিকেট টুর্নামেন্ট বন্ধসহ লোকসমাগমের যেকোনো আয়োজন। মাদারীপুরসহ বিভিন্ন জেলায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, রাজধানী শহরেও থমথমে অবস্থা। অথচ এই বিশেষ পরিস্থিতিতে রপ্তানি আয়ের শীর্ষে অবস্থান করা পোশাক খাতের ৪০ লাখ শ্রমিকের বিশেষ নিরাপত্তায় মালিক বা সরকারের কোনো ঘোষণা আসেনি।

শ্রমিকনেতারা বলেন, শ্রমিকেরা হাজারো মানুষের সমাগমে কাজ করেন, যা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য বিপজ্জনক পরিবেশ। অথচ এই অবস্থায় সরকার ও মালিকপক্ষ থেকে কারখানা বন্ধের বিশেষ ঘোষণা না আসার সমালোচনা করেন তাঁরা। তাঁরা উদ্বেগ প্রকাশ করেন, শ্রমিকের জীবন ও শিল্প খাতের ভবিষ্যৎ রক্ষায় দ্রুত কারখানা সাময়িকভাবে বন্ধ করে সবেতন ছুটি নিশ্চিত করতে সরকার এবং মালিককে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

শ্রমিকনেতারা বলেন, ৪০ লাখ শ্রমিকের বেশির ভাগ কারখানায় নিরাপদে হাত ধোয়া, পয়োনিষ্কাশন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা বা বেশি বেশি পানি খাওয়াসহ হাইজিন রক্ষার যাবতীয় নিয়ম পালন করার সুযোগ নেই। শ্রমিকেরা অপরিচ্ছন্ন হাতে মেশিন ও অন্যান্য দ্রব্য স্পর্শ করছেন এবং প্রতিদিন হাজার হাজার মানুষের মধ্যে আতঙ্ক নিয়ে কাজ করছেন। এই পরিবেশ সাম্প্রতিক করোনার জরুরি অবস্থায় অত্যন্ত বিপজ্জনক। মহামারির আতঙ্কে বাজারেও সংকট দেখা যাচ্ছে।

এ পরিস্থিতিতে তাঁরা কারখানা বন্ধের পর শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সুস্বাস্থ্যের জন্য দ্রব্য মজুত বা বাসাভাড়া বৃদ্ধিও ফলে শ্রমিকেরা যাতে বিপর্যয়ের না পড়েন, এ জন্য বাসাভাড়া ও বাজার কঠোরভাবে নিয়ন্ত্রণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন নেতারা।

নেতারা বলেন, এর মধ্যে ইউরোপ ও আমেরিকার অনেক ব্র্যান্ড তাদের অর্ডারের পরিমাণ কমাচ্ছে, কোথাও কোথাও বাতিল করছে। এই পরিস্থিতিতে কারখানায় শ্রমিকদের মধ্যে করোনা সংক্রামিত হলে ভবিষ্যতে রপ্তানি আয়ের শীর্ষে থাকা এই খাত আরও হুমকি ও বিপদের মধ্যে পড়বে। করোনা শ্রমিকদের মধ্যে ছড়ালে বায়াররা ভবিষ্যতেও বাংলাদেশে অর্ডার দেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত হবে, যা অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনবে। নেতৃবৃন্দ বলেন, আপাতত বিশেষ পরিস্থিতিতে কারখানা বন্ধ রাখলে সাময়িকভাবে অর্থনীতির ওপর চাপ তৈরি হলেও ভবিষ্যতের বিপদ দূর হবে। আর এই সাময়িক চাপ দূর করতে সরকারকে এই খাতে প্রয়োজনে কম সুদে আর্থিক সহায়তা ও সার্বিক নিরাপত্তা দিতে হবে। নেতৃবৃন্দ এই পরিস্থিতিতে একই সঙ্গে শ্রমিক ভাইবোনদের স্বাস্থ্য বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলার আহ্বান জানান।

করোনায় পেঁয়াজের দামে ফের ঝাঁজ, নিয়ন্ত্রণে চলছে অভিযান

0

বাজারে হুট করে পেঁয়াজের দাম বেড়েছে। খুচরা বাজারে ২০০ টাকা কেজির পেঁয়াজের দাম কমতে কমতে যখন ৩৫ থেকে ৫০ টাকার মধ্যে এসেছে, ক্রেতারাও একটু স্বস্তির নিশ্বাস ফেলতে শুরু করেছেন। এ সময় আবার ঝাঁজ ছড়াতে শুরু করেছে পেঁয়াজ। তিন দিনে ধাঁ ধাঁ করে পেঁয়াজের দাম বেড়ে খুচরা বাজারে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায় গিয়ে ঠেকেছে। এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

করোনাভাইরাসের আতঙ্কে চিত্তচাঞ্চল্যে দুলছে মানুষ। খাদ্যসংকটের দুর্ভাবনায় চলছে নিত্যপণ্য মজুত। এরই ধারায় ক্রেতাসাধারণের পেঁয়াজ কেনাও গেছে বেড়ে। অথচ পেঁয়াজের সরবরাহে এখন কোনা ঘাটতি নেই। বাজারে দেশে উৎপাদিত নতুন পেঁয়াজ আসছে, ভারত থেকেও চলছে আমদানি। উৎপাদিত পেঁয়াজের বড় অংশ এখন ব্যবসায়ীদের গুদামে। সরবরাহ ঠিক রাখার জন্য যা যথেষ্ট। এরপরও ব্যবসায়ীরা তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়িয়ে দ্বিগুণ করেছেন। ৩৫ টাকা কেজি পেঁয়াজ বাজারে বিক্রি শুরু হয়েছে ৬০ থেকে ৮০ টাকায়। শুধু পেঁয়াজ নয়, দাম বেড়েছে রসুনেরও। প্রতি কেজি রসুন ৭০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা হয়েছে।

এ পরিস্থিতিতে আজ শনিবার সকাল ছয়টা থেকে রাজধানীর যাত্রাবাড়ীর পেঁয়াজের আড়তে অভিযান চালিয়েছে র‌্যাব। এতে ওই বাজারে পেঁয়াজের কেজি ৪০ টাকায় নেমে এসেছে। রসুনের দামও ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। তবে রাজধানীর বড় পাইকারি বাজার কারওয়ান বাজার ও মিরপুর এক নম্বর কাঁচাবাজার এবং অন্যান্য খুচরো বাজারে পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। রাজধানীর সব কটি সুপার স্টোর ও মুদি দোকানেও পেঁয়াজের কেজি একই দামে বিক্রি হতে দেখা গেছে।

আজ সকাল ছয়টা থেকে যাত্রাবাড়ীর পেঁয়াজের আড়তে চলা র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সকাল নয়টার মধ্যে একজন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরও কয়েকজন ব্যবসায়ীকে র‌্যাব থেকে জিজ্ঞাসাবাদ চলছিল। তাঁদের বিরুদ্ধে বেশি দামে পেঁয়াজ বিক্রির প্রমাণ পেয়েছে র‌্যাব। ৬৫ টাকা কেজি দরে তাঁরা যে পেঁয়াজ বিক্রি করছিলেন, তা কত টাকায় কেনা হয়েছে, সেই কাগজ দেখাতে বললে ওই ব্যবসায়ীরা তা দেখাতে পারেননি।

এ ব্যাপারে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা একে একে সব বাজারে অভিযান চালাব। যারাই বর্তমান পরিস্থিতিকে ব্যবহার করে বেশি দামে পণ্য বিক্রি করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

করোনা নিয়ে বাজারে আতঙ্ক তৈরি হওয়ার পর গত বুধবার থেকে বাজারে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যেতে থাকে। গত বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে দাম এক লাফে দ্বিগুণ হয়ে যায়। সরকারের বিভিন্ন পর্যায় থেকে ‘দেশে যথেষ্ট খাদ্যপণ্যের মজুত আছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই’—এমন বক্তব্য দেওয়া হলেও তা বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখতে পারছে না; বরং প্রতিদিনই বেশির ভাগ পণ্যের দাম টানা বেড়েই যাচ্ছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে দেশের বেশির ভাগ নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণ করা হয়। সংস্থাটির গতকালের হিসাব অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের কেজি ৪০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা ও আমদানি করা পেঁয়াজের দাম ৫০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার করোনাভাইরাসকে কেন্দ্র করে সুনামগঞ্জে পেঁয়াজ মজুত ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জেলার দুই উপজেলায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তাঁরা নয়টি দোকানে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেন। একই দিনে কিশোরগঞ্জের ভৈরব বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত ৬ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। করোনার কারণে পেঁয়াজের দাম বাড়বে না। আগামী তিন বছরের মধ্যে দেশের চাহিদা মিটিয়ে পেঁয়াজ রপ্তানি করা সম্ভব হবে। পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এর উপযুক্ত মূল্য নিশ্চিতকরণ ও পেঁয়াজ সংরক্ষণের বিষয়ে সরকার চিন্তা করছে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, প্রতিবছর দেশের চাহিদা মেটাতে ৮ থেকে ৯ লাখ মেট্রিক টন পেঁয়াজ প্রতিবেশী ভারত থেকে আমদানি করা হতো। এ বছর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার কারণে সমস্যা হয়েছে। মিয়ানমার, মিসর, তুরস্ক, পাকিস্তান ও চীন থেকে পেঁয়াজ আমদানি করে চাহিদা পূরণ করছে বাংলাদেশ। এখনো পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আমদানি করা পেঁয়াজের ১০ থেকে ১৫ শতাংশ চীন থেকে আমদানি করা হয়। বর্তমানে দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে পর্যাপ্ত রয়েছে। বর্তমান পরিস্থিতি পেঁয়াজের ওপর কোনো প্রভাব ফেলবে না।

করোনায় বিমান কোম্পানির ব্যবসা লাটে ওঠার জোগাড়

0

করোনাভাইরাস ঠেকাতে প্রায় সব দেশেই বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে সারা পৃথিবীতেই বিপাকে পড়েছে বেসামরিক বিমান পরিবহন। বহু আন্তর্জাতিক উড়ান বাতিল, দেশীয় উড়ান কমানো, যাত্রী কমে যাওয়ার মতো সমস্যায় কার্যত ধুঁকছে অধিকাংশ কোম্পানি। ব্রিটেনের ইজি জেট ও লুফথানসা বলেছে, করোনাভাইরাসের প্রভাব দীর্ঘমেয়াদি হলে সরকারের সহযোগিতা ছাড়া তাদের পক্ষে টিকে থাকাই কঠিন হয়ে উঠতে পারে। বিবিসি সূত্রে এ খবর পাওয়া গেছে।

এই পরিস্থিতিতে অন্যদের মতো বিমান কোম্পানিগুলোকে বাঁচাতে পুনরুজ্জীবন প্যাকেজের পরিকল্পনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার। ১১ হাজার ৯০০ কোটি রুপির এই প্যাকেজ নিয়ে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা।

গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক বিমান কোম্পানিগুলোর মধ্যে সর্বশেষ অস্ট্রেলীয় জাতীয় পতাকাবাহী বিমান কোম্পানি কানতাস আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

কানতাসের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালান জয়েস বলেছেন, ‘চাহিদা একদম নেই বললেই চলে। অধিকাংশ মানুষের করার মতো কাজ নেই। এই পরিস্থিতিতে জাতীয় পতাকাবাহী বিমান কোম্পানির ভবিষ্যৎ নির্ধারণে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’

এদিকে ভারতীয় পত্রিকাগুলো জানাচ্ছে, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাব খতিয়ে দেখছে তারা। বিমান পরিবহন সংস্থাগুলোর অধিকাংশ ক্ষেত্রে সাময়িকভাবে কর ছাড় দেওয়া হতে পারে। অর্থাৎ, যত দিন না করোনার সংক্রমণ কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সংস্থাগুলো, তত দিন ওই কর দিতে হবে না। একই বন্দোবস্ত করা হতে পারে বিমানের জ্বালানি করের ক্ষেত্রেও। এই পুরো পর্বে অংশ নেওয়া কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের পদস্থ একটি সূত্রের বক্তব্য, করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসা এবং কোম্পানিগুলোর ঘুরে দাঁড়ানো পর্যন্ত এই কর ছাড়ের ব্যবস্থা করা হতে পারে।

ব্রিটেনের ইজি জেট ও লুফথানসা বলেছে, করোনার প্রভাব দীর্ঘমেয়াদি হলে সরকারের সহযোগিতা ছাড়া টিকে থাকাই কঠিন হয়ে উঠতে পারে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মৃতের সংখ্যা ৯ হাজার অতিক্রম করেছে। আক্রান্ত ২ লাখ ২০ হাজারের বেশি মানুষ। ছড়িয়ে পড়েছে ১৬০টির বেশি দেশে। বাংলাদেশে আক্রান্ত ১৭ জন। ভারতে আক্রান্ত হয়েছেন ১৬৯ জন। পুরো এই পরিস্থিতির জেরে ভারতীয় অনেক বিমান কোম্পানি আন্তর্জাতিক উড়ান বাতিল করেছে। দেশীয় উড়ানও কমিয়ে দিতে হয়েছে তাদের।

সিঙ্গাপুর এয়ারলাইনস ও ভারতের টাটা গোষ্ঠীর যৌথ কোম্পানি ভিস্তারা তাদের আন্তর্জাতিক সব উড়ান বাতিল করে দিয়েছে। একই পথে হাঁটতে বাধ্য হয়েছে গোএয়ার। দেশের সবচেয়ে বড় বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো বহু আন্তর্জাতিক উড়ান বন্ধ রেখেছে। দেশীয় উড়ানের সংখ্যাও কমিয়ে দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তারা। আবার যেসব বিমান চলছে, তাতেও যাত্রীসংখ্যা খুবই কম। ফলে আর্থিক সংকটে পড়েছে প্রায় কোম্পানি।

বিশেষজ্ঞদের মতে, প্রতিবছরই মার্চের পর থেকে যাত্রী বাড়ে ১৬-২৩ শতাংশ। কিন্তু এবার যাঁরা আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন, তাঁদের সিংহভাগ বাতিল করছেন। পরিস্থিতির চাপে সামান্য টাকা কেটে বাকিটা ফেরত দিতে বাধ্য হচ্ছে কোম্পানিগুলো। ফলে লোকসান বাড়ছে।

কোয়ারেন্টিনের নিয়ম জানতেন না ইয়োভিচ

0

২৮ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার কথা রিয়াল মাদ্রিদের সার্বিয়ান স্ট্রাইকার লুকা ইয়োভিচের। কিন্তু দুই দিন না যেতেই গত বুধবার বাইরে বেরিয়ে আসেন তিনি। প্রেমিকার জন্মদিন উদ্‌যাপন করতেই রাস্তায় বেরিয়েছিলেন। কিন্তু ধরা পড়ে যাওয়ায় এখন আছেন পুলিশের কড়া নজরদারিতে। এ ছাড়া কোয়ারেন্টিন শেষ না করে বাইরে বেরোনোর জন্য চারদিকে সমালোচনার তিরও ধেয়ে আসছে রিয়াল স্ট্রাইকারের দিকে।

এমনিতে করোনাভাইরাস পরীক্ষায় তাঁর ফল নেগেটিভ এসেছে। রিয়াল মাদ্রিদ থেকে ছুটি নিয়ে তাই সার্বিয়াতে ফিরেছেন। সার্বিয়ার নিয়ম অনুযায়ী তাঁকে ২৮ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার কথা। এই নিয়ম ভাঙার জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন ইয়োভিচ। একই সঙ্গে তিনি বলেছেন, কোয়ারেন্টিনের নিয়মটা আসলে জানতেনই না ভালো করে।

ইয়োভিচ ঘর থেকে বেরোনোর ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘নিয়মটা আমি ভালো করে জানতাম না বলেই ঘর থেকে বেরিয়েছি। জানি এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু আমি সত্যি কথাই বলছি যে নিয়মটা জানতাম না।’ নিয়মের কোন অংশটি জানতেন না সেই ব্যাখ্যাও দিয়েছেন ইয়োভিচ, ‘আমি যে দেশ (স্পেন) থেকে এসেছি, এমনকি ইতালিতেও কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা দিনে একবার ময়লা ফেলতে বাইরে যেতে পারে অথবা ফার্মেসি বা দোকানে প্রয়োজনীয় জিনিস কিনতে যেতে পারে। ইন্টারনেটে তো এগুলো দেখি আমরা।’

ইয়োভিচ ভেবেছিলেন সব দেশেই হোম কোয়ারেন্টিনের একই নিয়ম। তবে সবকিছুর পরও নিজের ভুলটা স্বীকার করে নিয়েছেন ইয়োভিচ, ‘এটা আমার ভুল যে ভালোভাবে খোঁজ নিইনি। তবে এটাও ঠিক যে কর্তৃপক্ষেরও উচিত শর্তগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়া। বিশেষ করে যারা বিদেশ থেকে আসছে, তাদের বেলায় তো এটা করতেই হবে।’

করোনা ঠেকাতে আবার ডাক্তার হলেন ক্লাব সভাপতি

0

করোনাভাইরাসের প্রকোপে থেকে দেশবাসীকে বাঁচানোর জন্য পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের সভাপতি ও সাবেক চিকিৎসক ফ্রেদেরিকো ভারান্দাস ফুটবল বাদ দিয়ে আবারও চিকিৎসা পেশায় ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন

আগে ডাক্তারই ছিলেন। নোভা ইউনিভার্সিটি অব লিসবন থেকে চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি নেওয়া ফ্রেদেরিকো ভারান্দাস বহুদিন স্পোর্টিং লিসবনের চিকিৎসক দলের প্রধান হিসেবে কাজ করেছেন। ২০১৮ থেকে ডাক্তারি ছেড়ে ক্লাবের সভাপতিও হয়েছেন। কিন্তু করোনাভাইরাসের ভয়াবহতা দেখে আবারও চিকিৎসা পেশায় ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই বিশেষজ্ঞ।

চিকিৎসাবিজ্ঞান ছাড়াও মিলিটারি মেডিসিনে ডিগ্রি নেওয়া স্পোর্টিং লিসবনের বর্তমান সভাপতি পুনর্বাসন গবেষক হিসেবেও প্রসিদ্ধ। পর্তুগিজ সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন বহুদিন। পরে লেফটেন্যান্টও হয়েছেন। ফুটবলের প্রতি ভালোবাসা থাকার কারণে যোগ দিয়েছিলেন স্পোর্টিং লিসবনের বয়সভিত্তিক দলের ডাক্তার হিসেবে। পরে আস্তে আস্তে মূল দলের দায়িত্ব পান ভারান্দাস। মোনাকোর সাবেক কোচ লিওনার্দো জার্ডিম মাঝে বহু চেষ্টা করেছিলেন তাঁকে মূল চিকিৎসক হিসেবে মোনাকোয় আনার জন্য। পারেননি। পরে প্রিয় স্পোর্টিংয়ের সভাপতিও হয়েছেন ভারান্দাস। করোনার কারণে সেই সভাপতির কাজ বাদ দিয়ে এখন আবারও চিকিৎসায় নেমে যেতে চাইছেন এই কুশলী ডাক্তার।

করোনাভাইরাসে ৭৮৫ জন আক্রান্ত হওয়ার পর গতকাল শুক্রবার পর্তুগালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরপরই দেশের সেবায় নিয়োজিত থাকতে চিকিৎসক পেশায় ফেরত যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারান্দাস। ৪০ বছর বয়সী সাবেক এই ডাক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমাদের পূর্বপ্রজন্ম ও বর্তমান প্রজন্মের জন্য সবার কিছু করা উচিত। আরেকটি অর্থনৈতিক সংকটের ভেতর তরুণ প্রজন্মকে ফেলা যাবে না। পর্তুগালের সবার জন্য যে যার জায়গা থেকে আমাদের এগিয়ে আসতে হবে। কেউ অসুস্থদের সেবা করছে, কেউ রুটি বানাচ্ছে, কেউ পর্তুগিজদের সতর্ক করছে, কেউ পর্তুগালের অর্থনীতি সচল রাখতে দিন-রাত খেটে যাচ্ছে।’

সবার সঙ্গে নিজেও করোনায় আক্রান্তদের পুনর্বাসনে সহায়তা করবেন বলে জানিয়েছেন এই ডাক্তার, ‘আমি আমার দেশের সেবায় নিয়োজিত ছিলাম। আজ যখন জরুরি অবস্থা জারি হয়েছে তখন আবার ফিরে যাচ্ছি। যত দিন জরুরি অবস্থা চলবে তত দিন আমি এই পেশায় (চিকিৎসক) থাকব। পর্তুগালের যত দিন আমাকে দরকার হবে, তত দিন আমি পাশে থাকব।’

এমনিতেও করোনাভাইরাসের কারণে বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা স্থগিত আছে, খেলা হচ্ছে না। সভাপতি থেকেও ক্লাবের হয়ে তেমন কিছু করার সুযোগ নেই এখন। সে হিসেবে ভারান্দাসের এই সিদ্ধান্ত প্রশংসার দাবিদার।

শুভ জন্মদিন ‘পাগল’ জাদুকর

0

আচ্ছা, প্যারাগুয়ের জেলখানায় তাঁকে কি মোবাইল নামের ‘জাদুর বাক্স’টি ব্যবহার করতে দেওয়া হচ্ছে! অথবা মোবাইল ফোন যদি ব্যবহার করতে দেওয়া হয়ে থাকে, সেখানে কি অন্তর্জাল আছে? তা না থাকলে তো মোবাইল ফোনটি আর জাদুর বাক্স থাকে না।

প্যারাগুয়ের একটা জেলখানা নিয়ে এত খবর জানতে চাওয়ার কারণ? সেখানকার চৌকোনা একটা ঘরে যে বন্দী আছেন একজন, যিনি একটা সময় পুরো বিশ্বকে মোহিত করে রেখেছিলেন তাঁর পায়ের জাদুতে। সেই ফুটবল-জাদুকর রোনালদিনহোর আজ জন্মদিন। কিছু পাগলামির কারণে জাদুকর আজ জেলে থাকতে পারেন, তাই বলে কি ভক্তরা কি তাঁর জন্মদিন ভুলে যেতে পারে! ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম—সামাজিক যোগাযোগমাধ্যমের শাখায় শাখায় তাই প্রিয় তারকার জন্মদিনে ভক্তদের অঞ্জলি-গাঁথা।

‘শুভ জন্মদিন কিংবদন্তি রোনালদিনহো। ফুটবল খেলাটিকে এত সুন্দর করে তোলার জন্য ধন্যবাদ’, ‘মায়েস্ত্রোদের মায়েস্ত্রো, রাজাদের রাজা—আপনাকে জন্মদিনের শুভেচ্ছা’—জন্মদিনে ভক্তদের কাছ থেকে এমন সব শ্রদ্ধাঞ্জলি পাচ্ছেন রোনালদিনহো। প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের জেলে যদি অন্তর্জাল সমৃদ্ধ মোবাইল তাঁর হাতে না থাকে তাহলে এগুলো দেখবেন কী করে আর আপ্লুতই-বা হবেন কী করে!

এক ভক্ত আবার তাঁর একটি ছবি টুইট করেছেন—বার্সেলোনার জার্সি গায়ে ব্যালন ডি’অর ট্রফিটা তাঁর হাতে। ঠোঁটের কোণে চিরাচরিত সেই মৃদু হাসি। ছবির ক্যাপশন দিয়েছেন এ রকম, ‘শুভ জন্মদিন কিংবদন্তি। এই হাসি চিরদিন অম্লান থাকবে। সুন্দর ফুটবল উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’

রোনালদিনহোর ফুটবলের সৌন্দর্য কেমন ছিল তা কি আর কারও অজানা! তবু কিছু উদাহরণ দেওয়ার লোভ সামলানো কঠিন। ‘নো লুক’ পাসের আবিষ্কর্তা তিনি। প্রতিপক্ষের খেলোয়াড়কে নাট-মেগে ঘোল খাওয়ানো অথবা তাঁর বাইসাইকেল কিক বা অচিন্তনীয় সব ফ্রি-কিক আর কারিকুরি দেখে মুগ্ধ হয়েছে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমিক।

বার্সেলোনায় তাঁর শুরুর দিকে লা লিগার একটা ম্যাচে রেফারি কোনো একটা কারণে খেলা থামিয়েছিলেন। একটা বল পড়েছিল মাঠে, এর মধ্যে আরেকটা বল মাঠে চলে আসে। এমন সময়ে বেশির ভাগ খেলোয়াড়ই কি করবেন? বলটি লাথি মেরে মাঠের বাইরে পাঠিয়ে দেবেন। কিন্তু রোনালদিনহো তো আর দশজনের মতো নন। তিনি বলটির দিকে এগিয়ে গেলেন, মুখে সেই চিরপরিচিত হাসি। ডান পায়ের বুট দিয়ে বলটিকে ঘুরিয়ে ওপরে তুললেন, সেটিকে নিলেন বাঁ পায়ে। অ্যাঙ্কেল দিয়ে বলটি ওপরে তুলে ব্যাকহিল করে মাঠের বাইরে পাঠালেন বল।

বলটি ঠিক গিয়ে পড়েছিল বলবয়ের হাতে। বলবয় বলটি হাতে নিয়ে হাসছিলেন, ভাবখানা এমন ছিল যেন মুহূর্তটা তাঁর। ন্যু ক্যাম্পের পুরো গ্যালারি তখন মুখরিত হাততালিতে। রোনালদিনহোর মুখে সেই হাসি। তখন আসলে হাসছিল পুরো বিশ্বের ফুটবলপ্রেমীরাই। মুহূর্তটি যে ফুটবল ভালোবাসা সব মানুষদের জন্যই ছিল অবিস্মরণীয়।

ফুটবল নামের গোলক দিয়ে বিশ্বকে মোহিত করা রোনালদিনহোর গল্পের শুরু ১৯৮০ সালের ২১ মার্চ। এই দিনে পোর্তো আলেগ্রেতে জন্ম তাঁর। সেই সময়ে ব্রাজিল ডুবে ছিল দুর্নীতি আর অপরাধের জালে। তবে রোনালদিনহোদের দিন ভালোই কাটছিল। কিন্তু হঠাৎই সুখী পরিবারটিতে নেমে আসে অন্ধকার। রোনালদিনহোর বাবা জোয়াও একদিন পারিবারিক সুইমিংপুলে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। রোনালদিনহোর সেবিকা মায়ের জন্য সংসার বয়ে বেড়ানোটা কঠিন হয়ে পড়ে।

রোনালদিনহোর বয়স তখন আট বছর। তাঁর বড় ভাই রবার্তোর ১৭। মায়ের কষ্ট লাঘব করতে রবার্তো স্কুল ছেড়ে আয়ের পথে নামেন। আর আয়ের জন্য একটা পথই রবার্তোর জানা ছিল, সেটি ফুটবল খেলা। আক্রমণাত্মক মিডফিল্ডার রবার্তোই ছিলেন রোনালদিনহোর ফুটবল-গুরু। ভাই-ই রোনালদিনহোর কানে পুঁতে দিয়েছিলেন একটি মন্ত্র—ফুটবল শুধু খেলার জন্য খেলো না, ফুটবল একটা বিনোদন। মানুষকে বিনোদিত করতে পারলেই খেলাটা খেলতে এসো!

ভাইয়ের সেই কথা কখনোই ভোলেননি রোনালদিনহো। যত দিন খেলেছেন, ফুটবল বিশ্বকে বিনোদন দিয়ে গেছেন। এই বিনোদন দিতে দিতেই জিতেছেন একটি বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়নস লিগ আর দুটি লা লিগা শিরোপা। এসি মিলানের হয়ে জিতেছেন সিরি ‘আ’। পিএসজি, বার্সেলোনা, এসি মিলান পর্ব শেষ করে ২০১১ সালে নাম লিখিয়েছিলেন ফ্ল্যামেঙ্গোতে, পরের বছরই চলে যান অ্যাটলেটিকো মিনেইরোতে। তাঁর কারিশমাতেই ২০১৩ সালে ক্লাবটি জিতেছিল কোপা লিবার্তোদোরেস। ব্যক্তিগত অর্জনের ডালিটাও কম পূর্ণ নয় রোনালদিনহোর—জিতেছেন ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা ট্রফি।

আলোকিত এই রোনালদিনহো এখন প্যারাগুয়ের জেলে, সঙ্গে তাঁর ভাই আর ফুটবল-গুরু রবার্তোও। কারণ, দুই ভাইয়ের কাছে প্যারাগুয়ের জাল পাসপোর্ট পেয়েছে সেখানকার পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাকি আরও অভিযোগ আনা হবে। কমপক্ষে ছয় মাস জেলে থাকতে হতে পারে। তাতে কী? রোনালদিনহোর মুখের চিরপরিচিত সেই হাসি ম্লান হয়নি। খসে পড়েনি তাঁর ফুটবল জাদুও। আসুনসিওনের জেলে ফুটসাল খেলেছেন সম্প্রতি। ফাইনাল ম্যাচে নিজের দলকে জেতাতে ৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬ গোল!

জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে গেছেন, জেলে গেছেন। তবু রোনালদিনহো তো রোনালদিনহো-ই। জাল পাসপোর্ট, জেল, তাঁর একটু পাগলামি—এসব কে পাত্তা দেয়! রোনালদিনহো নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সুন্দর ফুটবল, অসাধারণ পায়ের জাদু আর সদা হাস্যোজ্জ্বল ওই মুখ। প্রিয় তারকা, প্রিয় ‘পাগল’ জাদুকর ওই হাসি যেন কোনো দিন ম্লান না হয়—শুভ জন্মদিন!

আইপিএলের টাকার চেয়ে জীবনের দাম বেশি : অ্যারন ফিঞ্চ

0

কোভিড-১৯ এর সংক্রমনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং ঘরোয়া ক্রিকেটে থেমে যাওয়ায় আর্থিক যে ক্ষতির সম্ভাবনা রয়েছে পরিস্থিতির কারণে তা মেনে নিয়ে অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, এই মুহুর্তে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার কমপক্ষে ১৭ ক্রিকেটার আইপিএলের লোভনীয় চুক্তিতে রয়েছে। মাঠের বাইরেও আছেন বেশ কয়েকজন।

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে আইপিএলে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের ছাড়পত্র (এনওসি) প্রদানের বিষয়টি পর্যালোচনা করবে জানিয়েছে। এরপর দেশটির সরকার তাদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে হুমকিতে পড়েছে তাদের ভারতীয় টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ। ইতোমধ্যে অবশ্য পিছিয়ে গেছে আইপিএল শুরুর তারিখ। ২৯ মার্চ টুর্নামেন্টটি শুরুর কথা থাকলেও পিছিয়ে দিয়ে ১৫ এপ্রিল শুরুর তারিখ নির্ধারণ করেছে তারা।

রেডিও এসইএনকে দেয়া সাক্ষাৎকারে ফিঞ্চ বলেন, ‘আপনি অর্থ আয়ের জন্য যেতে চাইলে ঝুঁকিতে পড়তে পারেন। সংস্থা যখন কিছু একটা চায় তখন আমাদের তা মেনে নেয়া উচিৎ। তবে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি নিশ্চিত এক পর্যায়ে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তবে কখন হবে সেটি বলা কঠিন।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা দিয়েছেন, ‘বিদেশ সফরে যাবেন না।’ কারণ কখন কোথায় করোনারভাইরাস লুকিয়ে আছে তা কেউ জানে না।

আইপিএলে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দেয়ার কথা ছিল ফিঞ্চের। তবে বর্তমান পরিস্থিতিতে তার কিছুই করার নেই। অজি অধিনায়ক বলেন, ‘এমন পরিস্থিতি আমরা কখনো দেখিনি। ভ্রমণ নিষেধাজ্ঞা সবকিছুই পাল্টে দিয়েছে। এটি পরিবর্তনের জন্য দুই সপ্তাহও লাগতে পারে, আবার তিন সপ্তাহও লাগতে পারে। এমন অবস্থায় কোনো পরিকল্পনা করা কঠিন। তবে এই মুহূর্তে নিজেকে নিরাপদ রাখাটাই জরুরি হয়ে পড়েছে। ভাইরাসের বিস্তার রোধে আপনাকে যথাসাধ্য সব ধরনের চেষ্টাই করতে হবে।’

এবারের আইপিএলে সর্বোচ্চ মুল্যে চুক্তিবদ্ধ হয়েছেন অজি পেসার প্যাট কামিন্স। নিলামে আকর্ষনীয় বেতনে চুক্তিবদ্ধ হয়েছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলও। এছাড়া দিল্লি ডেয়ার ডেভিলসের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। পুরুষ দলের বর্তমান সহকারী কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড পেয়েছেন রাজস্থান রয়্যালসের দায়িত্ব। এছাড়া সাবেক টেস্ট ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচের দায়িত্ব পেয়েছেন। যেখানে তার সহকারীর দায়িত্ব পেয়েছেন অ্যাডাম গ্রিফিথ।