Home Blog Page 3079

করোনাভাইরাস: আতঙ্ক নয়, হাঁচি-কাশির নিয়ম মানা জরুরি

0

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে হাত ধোয়া ও হাঁচি-কাশির শিষ্টাচার মানা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে, আপনজন ও সমাজের অন্যদের নিরাপদ রাখার স্বার্থেই এটি করতে হবে। বিষয়গুলো কিন্তু নতুন করে বলা হচ্ছে না। এর আগে যখন সার্স ও সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়েছিল, তখনো এসব বলা হয়েছে। মানুষকে ইতিবাচক বার্তা দিয়ে উদ্দীপ্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো কারণে বাংলাদেশে এমন বার্তায় কাজ হয় না। ভয়ের সংস্কৃতি বা লাঠির বাড়িতে আমাদের দেশের মানুষ তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখায়। করোনার ভয়ে দোকান থেকে হ্যান্ড স্যানিটাইজার উধাও হওয়া এর একটি উদাহরণ। ঢাকা শহরে হ্যান্ড স্যানিটাইজার উধাও হবে, সেটি আমরা চিন্তাও করিনি। কারণ, স্যানিটাইজারকে বিলাসিতার সামগ্রী হিসেবেই ভাবা হতো। বাজারে তরল বা অন্য সাবানেরও চাহিদা বেড়েছে। এই সুযোগে কিছু ভেজাল জিনিসও বিক্রি হচ্ছে। মনে রাখতে হবে, সাবান-পানিই করোনাভাইরাস প্রতিরোধে সবচেয়ে বেশি কার্যকর। কারণ, এই ভাইরাসের আবরণ চর্বিযুক্ত, সাবান-পানিতে এটি খুব দ্রুত গলে যায়। এ ছাড়া ৭০ শতাংশ অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে। তবে সাবান-পানিতেই আমরা বেশি গুরুত্ব দিই। যেকোনো ব্র্যান্ডের সাবান (কাপড় ধোয়া বা গোসলের)–পানিই করোনা প্রতিরোধে কার্যকর।

তবে হাত ধোয়ার ক্ষেত্রে অবশ্যই যথাযথ প্রক্রিয়া মানতে হবে। ৮-১০ বছর আগে আইসিডিডিআরবি একটি সমীক্ষা করেছিল। সমীক্ষায় অংশগ্রহণকারীদের ঘরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেকে এটি করা হয়েছিল। সমীক্ষার ফলাফল বলছে, আমরা যা বলি আর যা করি, তার মধ্যে বিরাট পার্থক্য আছে। জিজ্ঞেস করলে মানুষ বলে খাওয়ার আগে হাত ধুই, প্রক্রিয়া মেনে হাত ধুই—কিন্তু বাস্তবে ২০ শতাংশের বেশি মানুষ প্রক্রিয়া মেনে হাত ধোয় না। করোনা প্রতিরোধের জন্য ২০ সেকেন্ড হাত সাবান দিয়ে ঘষতে হবে। আঙুলের ফাঁক, নখ ও এক হাত দিয়ে আরেক হাত কচলিয়ে হাত ধুতে হবে।

এর বাইরে আরেকটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। হাঁচি-কাশি দেওয়ার সময় টিস্যু বা রুমাল দিয়ে মুখ ঢেকে নেওয়া কিংবা কিছুই না থাকলে কনুই ভাঁজ করে হাতের আস্তিন দিয়ে নাক-মুখ ঢাকতে হবে। এটি খুবই সাধারণ শিষ্টাচারের বিষয়। আপনি যখন একজনের সঙ্গে কথা বলবেন, তখন আপনার কথার সঙ্গে থুতু ছিটে যাচ্ছে কি-না, হাঁচি-কাশির ছিটা অন্যের শরীরে বা কাপড়ে লাগছে কি না, তা লক্ষ রাখতে হবে। অবশ্য এই শিষ্টাচারের শিক্ষা মানুষ পরিবার থেকেই পায়। যেখানে সেখানে থুতু না ফেলাও এই শিষ্টাচারের অংশ।

তবে বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমও হাঁচি-কাশির শিষ্টাচার শেখাতে পারে, বিশেষ করে টেলিভিশন চ্যানেল। কিছু চ্যানেল ভিডিওর মাধ্যমে হাঁচি-কাশির শিষ্টাচার জানাচ্ছে—এটি ইতিবাচক। গণমাধ্যমের এই প্রচারণায় দেশীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো (এনজিও) আধেয় তৈরি করে সহযোগিতা করতে পারে। আর প্রচারের সঙ্গে সঙ্গে এর ব্যাখ্যাও দিতে হবে। না হলে মানুষ এর গুরুত্ব বোঝে না। প্রচারের মাধ্যমে বলতে হবে, আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের সঙ্গে যে ড্রপলেট (তরল কণা) যায়, সেখান থেকে করোনাভাইরাস ছড়ায়। তাই আপনি যদি মুখ না ঢেকে হাঁচি-কাশি দেন, যেখানে সেখানে থুতু ফেলেন, তবে এই রোগ অন্যের মধ্যে ছড়াতে পারে।

সাধারণত এসব বিষয় মানুষকে শেখাতে অনেক দিন সময় লাগে। কিন্তু এখন করোনা–ঝুঁকির কারণে মানুষ হয়তো দ্রুত বিষয়টি আয়ত্ত করবে। তবে দীর্ঘ মেয়াদে সেটি মেনে চলবে কি-না, সেটি সময়ই বলে দেবে।

করোনায় নিজেদের নিরাপত্তা চেয়ে রামেক ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে

0

করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় নিজেদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে গেছেন। ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডাকে আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে তাঁরা কর্মবিরতিতে যান। তাঁদের অভিযোগ, চিকিৎসকদের জন্য ন্যূনতম নিরাপত্তার কোনোব্যবস্থা করা হয়নি। তাই তাঁরা কর্মবিরতি পালন করছেন।

পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হাসান বলেন, হাসপাতালে ২০০ ইন্টার্ন চিকিৎসক আছেন। তাঁদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ব্যক্তিগত নিরাপত্তার কোনো ব্যবস্থা করেনি। হাঁচি-কাশিসহ সব ধরনের সংক্রমণ নিয়ে রোগীরা হাসপাতালে ঢুকছেন। তাঁদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হাসপাতালে ভর্তি করা হচ্ছে। নূন্যতম নিরাপত্তাহীন অবস্থায় চিকিৎসকদের ওই রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। তিনি আরও বলেন, নৈতিক কারণে তাঁরা ডেঙ্গু পরিস্থিতির সময় দায়িত্ব পালন করেছেন। তখনো একই অবস্থা ছিল। এবারও একই পরিস্থিতি থাকায় ২০০ ইন্টার্ন চিকিৎসকের কথা চিন্তা করে গতকাল তাঁরা হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করেছেন। তাঁদের দাবিদাওয়া শুনে পরিচালক বলেছেন, তিনি মন্ত্রণালয়ে কথা বলবেন। কিন্তু চিকিৎসাসেবা চালিয়ে নিতে হলে এই সমস্যার তাৎক্ষণিক সমাধান দরকার বলে তিনি মন্তব্য করেন।

সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় আজ সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান।

এ ব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। একটু খোঁজ নিয়ে পরে জানাবেন।

করোনার বিরুদ্ধে অভূতপূর্ব যুদ্ধে ফ্রান্স

0

এক অদ্ভুত আঁধার নেমে এসেছে পুরো পৃথিবীতে। ইউরোপ মোটামুটি কেঁপে উঠেছে ইতিমধ্যে। নড়েচড়ে বসেছে প্রতিটি দেশের সরকার। জনগণকে নিরাপদ রাখার সম্ভাব্য সব উপায়ের খোঁজ চলছে। ফ্রান্সও এর বাইরে নয়।

মাত্র দুদিনের ব্যবধানে ফ্রান্সের প্রেসিডেন্টের দুবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘটনা বিরল। কিন্তু এ ঘটনা ঘটেছে। ১৪ মার্চের পর ১৬ মার্চ মাত্র কুড়ি মিনিটের বক্তৃতায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ চারবার উচ্চারণ করেছেন ‘যুদ্ধ’ শব্দটি। বিভিন্ন টিভি চ্যানেল এবং রেডিওতে তাঁর ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়েছে সমগ্র দেশে। অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা প্রত্যক্ষ করেছেন এবং তা শুনেছেন ৩ কোটি ৫০ লাখ মানুষ। এ সংখ্যাটা ফ্রান্সের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি।

ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা এখন যুদ্ধকালীন পরিস্থিতিতে কঠিন সময়ের মুখোমুখি, কোনো অবস্থাতেই পিছু হটা চলবে না।’ এমন অল্প সময়ের ব্যবধানে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর জনসমক্ষে আসা যেমন বিরল, তেমনি বিরল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগের মহামারিতে উদ্ভূত এমন অদ্ভুত পরিস্থিতি। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৪ মার্চ থেকে ফ্রান্স সরকার প্রস্তুতিমূলক সতর্কতাকে তৃতীয় ধাপে উন্নীত করেছে। ফলে সেদিন মধ্যরাত থেকে সব রেস্তোরাঁ, সিনেমা হল, ক্যাফে, পানশালা, নাট্যশালা, জাদুঘর ও ক্লাব অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য অপ্রয়োজনীয় জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অত্যাবশ্যকীয় প্রতিষ্ঠানগুলো, যেমন: বাজার, মুদি দোকান, মাছ-মাংসের দোকান, রুটির দোকান, ফার্মেসি, গ্যাস স্টেশন, ব্যাংক, সংবাদপত্র ও সিগারেটের দোকান খোলা থাকবে।

Lifebuoy Soap
১৬ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য। ছাত্রছাত্রীসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নাগরিক সম্পৃক্ত। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, তাই করোনার সংক্রমণ রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে ফরাসি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কর্মকর্তারা মনে করেন। স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত পেশাজীবী, ছাত্রছাত্রী, এমনকি যাঁরা ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন, তাঁদেরও সরকার আহ্বান করেছে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসার জন্য। হাসপাতালগুলোয় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসাধারণকে বারবারই অনুরোধ করা হচ্ছে আতঙ্কিত বা উদ্বিগ্ন না হয়ে ঠান্ডা মাথায় নির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য।

এ দেশের মানুষ সচরাচর রাস্তাঘাটে কফ, থুতু ফেলে না। তারপরও একে অন্যের থেকে এক মিটার দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতালি, দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বিশেষজ্ঞদের পরামর্শে ১৭ মার্চ দুপুর ১২টার পর থেকে দেশের সবাইকে অন্তত দুই সপ্তাহ নিজ নিজ আবাসে থাকতে অনুরোধ নয়, কঠোর আদেশ জারি করেছে ফরাসি কর্তৃপক্ষ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। একান্ত প্রয়োজনে যাদের বাইরে বের হতে হবে, তাদের সে প্রয়োজনের কারণ দেখিয়ে নির্দিষ্ট ফরম পূর্ণ করে বা সাদা কাগজে হাতে লেখা হলফনামা সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এ ফরমে তারিখ লিখতে ভুলে গেলে চলবে না। তা না হলে ৩৮ থেকে ১৩৫ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক লাখ সদস্য সরকারি আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাস্তায় নেমেছে। ১৭ মার্চ দুপুরের পর যেন সবকিছু থেমে গেছে। অধিকাংশ লোক তাঁদের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। অদ্ভুত আঁধার নেমেছে চারদিকে; সব আছে, তবু কোথাও কেউ নেই—এমন একটা থমথমে পরিস্থিতি।

সাধারণ মানুষের কথা মাথায় রেখে তাদের পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদির বিল পরিশোধে তাগাদা না দেওয়ার কথা বলেছে ফরাসি কর্তৃপক্ষ। সরকার সব পেশাজীবীকে নিয়মিত বেতন, ভাতা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান যাতে তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারে, এ জন্য বিভিন্ন সুবিধা দেওয়ার পাশাপাশি ৩০ হাজার কোটি ইউরো ঋণ দেওয়ার ঘোষণা করেছে ফ্রান্সের সরকার।

অদৃশ্য শত্রুর বিরুদ্ধে শুরু হয়েছে কৌশলী লড়াই। এ লড়াইতে পরাজিত হওয়া চলবে না। পরাজিত হলে পরাজয় ঘটবে মানবতার। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের দেশ ফ্রান্সে দীর্ঘদিন পর যথেচ্ছ ভ্রমণ, সামাজিকতা, মেলামেশায় খানিকটা স্বাধীনতা খর্ব করা হলেও ফরাসি জাতি এই ক্রান্তিলগ্নে ভেদাভেদ ভুলে প্রস্তুত করোনাভাইরাসের বিরুদ্ধে ঘোষণা করা এ যুদ্ধে অংশ নেবার জন্য।

করোনাভাইরাস: চিকিৎসকদের সাবধানতাও জরুরি

0

সমগ্র পৃথিবীতে নতুন করোনাভাইরাসে আক্রান্ত মানুুষের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে করোনা মোকাবিলার ক্ষেত্রে চিকিৎসকদের সাবধান হওয়া জরুরি। চিকিৎসার কাজে নিয়োজিত ব্যক্তিদের রক্ষা করা অত্যন্ত প্রয়োজনীয়।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে চিকিৎসাসংশ্লিষ্ট কর্মীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। চীনের উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সময় প্রথম দিকে (জানুয়ারি মাস) চিকিৎসক ও নার্সদের পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা ছিল না। কারণ, রোগের ধরন এবং কীভাবে তা ছড়ায়, সেগুলো জানা ছিল না। পিকিং ইউনিয়ন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক উ দং মনে করেন, চীনের মতো একই ভুল ইউরোপও করছে। সবাইকে বুঝতে হবে যে চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তিদের রক্ষা করা খুব প্রয়োজন।

চীনের উহানে গত জানুয়ারিতে কোভিড-১৯ ছড়িয়ে পড়তে শুরু করে। ওই সময় হাজার হাজার স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছিলেন। এর মধ্যে কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়।

উ দং বলেন, ‘আমাদের ইউরোপীয় সহকর্মীরা তাঁদের নিয়মিত প্র্যাকটিসের অংশ হিসেবেই নতুন করোনাভাইরাসের সংস্পর্শে আসছেন। পরিস্থিতিটা ঠিক উহানের প্রথম দিককার মতোই। আমাদের স্বাস্থ্যকর্মীদের রক্ষা করার প্রয়োজন আছে।’

এখন ইউরোপে নতুন করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই মহামারির কেন্দ্রস্থল হিসেবে ইউরোপকে বিবেচনা করা হচ্ছে। কিন্তু এই রোগের সংক্রমণ থেকে বাঁচার জন্য ইউরোপ-আমেরিকাজুড়ে বিভিন্ন হাসপাতালে সুরক্ষাবস্তুর অভাব প্রকট হচ্ছে। পাওয়া যাচ্ছে না মাস্কসহ নানা জিনিস। ফলে রোগটি আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। যেমন উহানে নাক, কান, গলা ও চোখের বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা বেশি দেখা গেছে।

পিকিং ইউনিয়ন মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) পরিচালক দু বিন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, রোগীদের সবচেয়ে কাছাকাছি যাচ্ছেন এই চিকিৎসকেরা। এ কারণেই তাঁরা খুব সহজেই আক্রান্ত হচ্ছেন। তাই চিকিৎসকদের রক্ষা করতে, তাঁদের এ বিষয়ে জানানো প্রয়োজন এবং প্রশিক্ষণ দেওয়া দরকার।’

বর্তমানে চীনে করোনাভাইরাসের সংক্রমণের হার ধীর হয়ে এসেছে। তবে ইউরোপ ও আমেরিকায় এর সংক্রমণ বাড়ছে। চীনের পর ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেশি। সে দেশে করোনাভাইরাসে মৃত মানুষের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত মানুষের সংখ্যা এখন পর্যন্ত আট হাজারের বেশি। ইউরোপে পর্যটক ঢোকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ–পূর্ব এশিয়ায় করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি ভিত্তিতে আগ্রাসী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

জাপানের ওষুধ করোনা সারাতে ‘নিশ্চিতভাবে কার্যকর’, দাবি চীনের

0

চীনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগীদের জন্য জাপানে ব্যবহৃত এক ধরনের ওষুধ করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে চীনে কার্যকর হয়েছে। জাপানের গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা ঝাং শিনমিন বলেছেন, জাপানের ফুজিফ্লিম কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান টয়ামা কেমিক্যাল ওই ওষুধটির উৎপাদনকারী। তাদের এই ওষুধটি উহান ও শেনজেন শহরে করোনায় সংক্রমিত ৩৪০ জন রোগীর ওপর প্রয়োগ করে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানেই গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। এখন এ ভাইরাস বিশ্বের ১৬৫টি দেশে ছড়িয়েছে। বুধবার পর্যন্ত মারা গেছে আট হাজারের বেশি মানুষ। আক্রান্ত মানুষের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে।

চীনের কর্মকর্তা ঝাং শিনমিন বলেন, ‘ওষুধটি যথেষ্ট নিরাপদ এবং রোগ সারাতে নিশ্চিতভাবে এটি কার্যকর।’ শেনজেনে যেসব রোগীকে জাপানের এ ওষুধ দেওয়া হয়েছে, তাঁদের সবাই চার দিনের মধ্যেই সেরে উঠেছেন। আর যাঁদের এ ওষুধ দেওয়া হয়নি, তাঁরা সারতে ১১ দিন সময় নিয়েছেন। এর পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি যাঁরা এ ওষুধ পেয়েছেন, তাঁদের ফুসফুসের অবস্থাও ৯১ ভাগ সেরে উঠেছে। আর যাঁদের এ ওষুধ দেওয়া হয়নি, তাঁদের ফুসফুসের অবস্থার ৬২ শতাংশ উন্নতি ঘটেছে।

তবে ওষুধটির এ কার্যকারিতার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি উৎপাদনকারী প্রতিষ্ঠান টয়ামা কেমিক্যাল।

হালকা ও মাঝারি মাত্রায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে জাপানের চিকিৎসকেরাও এ ওষুধ প্রয়োগ করছেন। এটি দেওয়ার পর রোগীর পরিস্থিতি আর খারাপের দিকে যাবে না, এই আশাতেই ওষুধটি প্রয়োগ হচ্ছে। তবে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, যেসব রোগীর অবস্থা জটিল, তাঁদের জন্য এ ওষুধটি কার্যকর নয়।

সিলেটে করোনা সন্দেহে কিশোর কোয়ারেন্টিনে

0

সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক কিশোরকে (১৫) করোনা আক্রান্ত সন্দেহে চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে। তার করোনার প্রাথমিক উপসর্গ রয়েছে। এই হাসপাতালকে কোয়ারেন্টিন হিসেবে সিলেটে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার রাত আটটার দিকে ওই কিশোরকে গোয়াইনঘাট থেকে সিলেটে পাঠানো হয়। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব।

ইউএনও জানান, ওই কিশোরের এক নিকটাত্মীয় প্রায় ২০ দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে এসেছিলেন। তিনি ফিরে যাওয়ার পর কিশোরের জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। খবর পেয়ে চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণের পর কিশোরকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাত আটটার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরের পরবর্তী চিকিৎসা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করবেন।

কোয়ারেন্টিন না মানায় ৪ জনকে জরিমানা

0

বিদেশ থেকে এসে কোয়ারেন্টিন না মানায় চট্টগ্রামের চার উপজেলায় চারজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার তাঁদের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজা থেকে চট্টগ্রামের হাটহাজারীতে ফেরা এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ১১ মার্চ শারজা থেকে ফিরে হোম কোয়ারেন্টিন না মেনে ঘুরছিলেন। এ ছাড়া রাউজানে ওমান থেকে আসা একজনকে, আনোয়ারায় মধ্যপ্রাচ্য থেকে আসা একজন এবং পটিয়ায় অপরজনকে জরিমানা করা হয়।

প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় উল্লেখ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফ হোসেন বলেন, কোয়ারেন্টিনে থাকতে বলা হলেও তাঁরা বাইরে বাইরে ঘুরছিলেন। তাই তাঁদের জরিমানা করা হয়।

এদিকে ইতালিফেরত এক যুবককে নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে আটক করে পুনরায় ঘরে পাঠিয়ে দেন সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার।

শিক্ষার্থীদের বাইরে ঘোরার অভিযোগ, নজরদারির অনুরোধ

0

করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষার্থীদের নিজ নিজ বাসায় থাকতে বলেছিল সরকার। কিন্তু এই ছুটিকে অন্য সাধারণ ছুটির মতো নিয়ে অনেকেই কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে উন্মুক্তভাবে ঘুরছেন বলে অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীদের করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এমন অভিযোগ পাওয়ার পর বন্ধকালীন শিক্ষার্থীদের বাড়িতে থাকা নিশ্চিত করার জন্য কঠোর নজরদারির ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও পুলিশসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এক চিঠিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, সব বিভাগীয় কমিশনার, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), দেশের সব মেয়র, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অনুরোধ করেছে।

করোনাভাইরাসের কারণে প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। গত সোমবার মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়।
এরপর থেকেই ঘুরে বেড়ানোর অভিযোগটি সামনে আসে। এ ছাড়া বেশির ভাগ কোচিং সেন্টার বন্ধ করা হলেও কোনো কোনো কোচিং সেন্টার নির্দেশ অমান্য করে কোচিং চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বরিশাল নগরে একটি কোচিং সেন্টারের কার্যক্রম চলায় আজ ভ্রাম্যমাণ আদালত ওই কোচিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। নীলফামারীর সৈয়দপুরেও কোচিং পরিচালনা করায় দুটি কোচিং সেন্টারকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটিকে পাঁচ হাজার টাকা ও আরেকটি এক হাজার টাকা জরিমানা করা হয়।

আজ রাজধানীর মালিবাগ, গ্রিন রোড ও ফার্মগেট এলাকায় ঘুরে দেখা গেছে, বেশির ভাগ কোচিং সেন্টার বন্ধ। তবে ফার্মগেট এলাকায় একটি কোচিং সেন্টার খোলা ছিল। অবশ্য সেখানে শিক্ষার্থী ছিল হাতে গোনা। রাজধানীতে ব্যক্তি পর্যায়ে কোনো কোনো শিক্ষক প্রাইভেট পড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস-পরীক্ষা বন্ধ করা হলেও কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আসতে বলা হয়েছে।

সোনার দাম কাল থেকে প্রতি ভরি ৬০,৩৬১ টাকা

0

করোনাভাইরাসের ডামাডোলে দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। কাল বৃহস্পতিবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ৬০ হাজার ৩৬১ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর বিষয়টি জানিয়েছে। তারা বলেছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। সে জন্য দেশের বাজারেও সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি সর্বশেষ সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। তাতে প্রতি ভরি সোনার দাম হয়েছিল ৬১ হাজার ৫২৮ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

দাম কমানোর ফলে দেশের বাজারে বৃহস্পতিবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৬০ হাজার ৩৬১ টাকা, ২১ ক্যারেট ৫৮ হাজার ২৮ টাকা, ১৮ ক্যারেট ৫৩ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ৪০ হাজার ২৪১ টাকায়। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে, ভরি ৯৩৩ টাকা। বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৬১ হাজার ৫২৮ টাকা, ২১ ক্যারেট ৫৯ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেট ৫৪ হাজার ১৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৪১ হাজার ৪০৭ টাকায়। বৃহস্পতিবার থেকে ২২,২১ ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমছে।

বিশ্ববাজারে ৯ মার্চ প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৬৭৪ মার্কিন ডলার। তার পরদিন থেকেই দাম পড়তির দিকে। গতকাল রাত নয়টায় প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৪৯২ ডলার। তার মানে, ১০ দিনের ব্যবধানে আউন্সপ্রতি দাম কমেছে ১৮২ ডলার। ৫০ ডলার হ্রাস বা বৃদ্ধি হলেই সাধারণ সোনার দাম পরিবর্তন করে জুয়েলার্স সমিতি। সেই হিসাবে সোনার দাম আরও কমানোর সুযোগ থাকলেও সেটি করেননি সমিতির নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববাজারে প্রতিদিন শুরুতে সোনার দাম কমছে, আবার শেষের দিকে বাড়ছে। তার মানে, বাজারে অস্থিরতা চলছে। অন্যদিকে করোনাভাইরাসের কারণে বিদেশ থেকে প্রবাসীদের আসা ব্যাপকভাবে কমে যাওয়ার কারণে পুরান ঢাকার বুলিয়ন মার্কেটে সোনার সরবরাহ তুলনামূলক কম। সে জন্য দাম খুব বেশি কমানোর সুযোগ নেই। তবে বিশ্ববাজারে দাম পড়তির দিকে থাকলে আগামী সপ্তাহে আমরা দেশের বাজারে সোনার দাম আবার সংশোধন করব।’

করোনাভাইরাস থেকে মুক্ত আছি, বলতে পারব না: অর্থমন্ত্রী

0

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘যে করোনাভাইরাস নিয়ে সারা বিশ্ব বিপদে আছে, সেই ভাইরাস থেকে মুক্ত আছি বলতে পারব না।’ করোনা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সচিবালয়ে আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, চীন দুর্যোগ অবস্থা কাটিয়ে উঠেছে। আক্রান্তদের চিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা করেছে তারা। এমনকি অতি অল্পসময়ে আক্রান্তদের জন্য আলাদা অস্থায়ী হাসপাতালও নির্মাণ করেছে। বাংলাদেশেরও আর্থিক সক্ষমতা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি সহায়তার দরকার হয়, তাহলে চীন যে ধরনের হাসপাতাল করেছে, বাংলাদেশও সে ধরনের হাসপাতাল করতে পারবে।

অর্থমন্ত্রী বলেন, ‘সংক্রমণ যাতে কম রাখা যায় সে কাজটি করতে হবে এখন। আমাদের অভিজ্ঞতা হয়েছে। বরং চীন যখন শুরু করেছিল, তখন তাদের অভিজ্ঞতা ছিল না।’

মুস্তফা কামাল আরও বলেন, ‘কম সময়ের মধ্যে হাসপাতাল করার অর্থায়নে আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী “না” করবেন না। তবে সবাইকে সবার জায়গা থেকে বলতে হবে কীভাবে করোনাভাইরাস থেকে মুক্ত থাকা যায়। এটা সবার দায়িত্ব।’

সাংবাদিকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আর্থিক সক্ষমতা নেই, এ কথাটা ঠিক না। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে যখন যা চাইবে তাই দেওয়া হবে। তবে সরকারের একার পক্ষে এই অবস্থা প্রতিরোধ করা সম্ভব নয়। এ জন্য দরকার সম্মিলিত প্রচেষ্টা।’

অর্থমন্ত্রী বলেন, ‘নিজেদের সচেতন হতে হবে। মনে রাখতে হবে, আমি আক্রান্ত হলে পরিবারের অন্য সদস্যরাও আক্রান্ত হবে। আর আমি সুস্থ থাকলে সুস্থ থাকবে সবাই।’

করোনাভাইরাস মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে পাঁচ হাজার কোটি ডলারের অর্থ বরাদ্দ করেছে, তা থেকে বাংলাদেশ কিছু পাবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফ টাকা দিলে অন্যরা যেমন পাবে, আমরাও পাব। তবে আমরা সে অর্থের আশায় বসে থাকব না।’