Home Blog Page 3080

করোনার কারণে তৈরি পোশাকের ২ কোটি ডলারের ক্রয়াদেশ বাতিল

0

বাতিলের পাশাপাশি ২০ কারখানার ১৩ লাখ ডলারের ক্রয়াদেশ স্থগিতাদেশ দিয়েছে ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান।
করোনাভাইরাসের কারণে কয়েক দিন ধরে তৈরি পোশাকের অনেক চলমান ক্রয়াদেশের ওপর স্থগিতাদেশ আসছিল। তাই এ শিল্পের উদ্যোক্তারা আশঙ্কা করছিলেন, স্থগিতাদেশের পরের ধাপে বাতিলের সিদ্ধান্ত নেবে ক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ড। শেষ পর্যন্ত সেটিই সত্য হলো। ২০টি পোশাক কারখানার ১ কোটি ৭২ লাখ ডলার বা ১৪৬ কোটি টাকা সমমূল্যের ক্রয়াদেশ বাতিল হয়েছে।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয় গতকাল মঙ্গলবার চার ঘণ্টার ব্যবধানে এই কারখানাগুলোর কাছ থেকে ক্রয়াদেশ বাতিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানতে পেরেছে। অবশ্য কেবল বাতিল নয়, পাশাপাশি কারখানাগুলোর ১৩ লাখ ৩৮ হাজার ডলারের ক্রয়াদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে বেশ কয়েকটি ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান।

বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, ইতালি, কানাডায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স ও ইতালিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া অন্যান্য দোকানপাট ও প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গ্যাপ, নাইকি, ইন্ডিটেক্স, কলাম্বিয়া স্পোর্টসওয়্যার, রিফোরমেশনের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড ঘোষণা দিয়ে বিভিন্ন দেশে তাদের বিক্রয়কেন্দ্র বন্ধ করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, এসকোয়্যার নিট কম্পোজিটের ২২ লাখ ডলারের ক্রয়াদেশ বাতিল ও স্থগিত করেছে দুটি ক্রেতা প্রতিষ্ঠান। বিটপী গ্রুপের ৪ লাখ ৬৬ হাজার ডলারের ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হয়েছে। বাতিল ও স্থগিতাদেশের মধ্যে পড়েছে অ্যাপেক্স হোল্ডিংসের ৪০ লাখ পিস পোশাক। আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইনের ১ লাখ ১৩ হাজার ডলার মূল্যের ৩৯ হাজার পিস পোশাকের ক্রয়াদেশ বাতিল হয়েছে। আমান নিটিংয়ের ১ লাখ ৯৭ হাজার ডলারের ৪৪ হাজার ৭২৬ পিসের ক্রয়াদেশ স্থগিত হয়েছে। স্কাইলাইন গার্মেন্টসের ৮ লাখ ৫০ হাজার ডলারের ক্রয়াদেশ বাতিল হয়েছে। রুমানা ফ্যাশনের ৯০ হাজার পিস পোশাকের ক্রয়াদেশ স্থগিত করেছে দুই ক্রেতা।

জানতে চাইলে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক গতকাল বলেন, প্রতিনিয়ত ক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের কাছ থেকে চলমান ক্রয়াদেশ স্থগিত ও বাতিলের খবর আসছে। নতুন ক্রয়াদেশের বিষয়ে ক্রেতারা বলছেন, বিক্রয়কেন্দ্র বন্ধ। কারখানাগুলোকে নতুন ক্রয়াদেশ এখন দেবে না। ক্রয়াদেশের আগের পরিকল্পনা নিয়ে তারা নতুন করে ভাবছে।

রুবানা হক আরও বলেন, ক্রেতাদের বিবেক কোথায়? মানবাধিকারের কথা বলে তাঁরা আমাদের সব সময়ই চাপ দেন। তখন তাঁরা আর কিছু চিন্তা করেন না। করোনাভাইরাসের কারণে বৈশ্বিক বিপর্যয়ের সময় তাঁরা শুধু ব্যবসার কথা ভাবছেন। শ্রমিকদের কথা একদণ্ড চিন্তা করছেন না। এটা তো হতে পারে না। এভাবে যদি ক্রয়াদেশ স্থগিত ও বাতিল হতে থাকে, তাহলে পোশাকশিল্পের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে বলতে পারছি না। সামনে ঈদ। ফলে সামনে ভয়াবহ বিপর্যয় আসছে।

পোশাকশিল্পের কয়েকজন উদ্যোক্তা গতকাল প্রথম আলোকে জানান, পোশাকের চলমান ক্রয়াদেশ স্থগিত ও বাতিল করার তালিকায় রয়েছে বড় ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান। তার মধ্যে সিঅ্যান্ডএ, জারা, পুল অ্যান্ড বেয়ার, বেবি শপ, ব্ল্যাকবেরি, প্রাইমার্ক উল্লেখযোগ্য।

বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পোশাক কেনে এমন ক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে এইচঅ্যান্ডএম। সুইডেনভিত্তিক এই খুচরা বিক্রেতা ব্র্যান্ডের বাংলাদেশ, পাকিস্তান ও ইথিওপিয়ার আঞ্চলিক প্রধান জিয়াউর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা চলমান ক্রয়াদেশ বাতিল বা স্থগিত করিনি। তবে সামনের দিনগুলোতে যেসব ক্রয়াদেশ দেওয়ার কথা ছিল, সেখানে আমরা পরিবর্তন আনছি। পরিমাণ কমাচ্ছি। কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মানুষ ঘর থেকে বের হচ্ছে না। ব্র্যান্ডগুলোর আউটলেটে বিক্রি নেই।’

জিয়াউর রহমান আরও বলেন, সপ্তাহ দুয়েক ধরে ইউরোপে করোনাভাইরাস আঘাত হেনেছে। চীনের পরিস্থিতি বিশ্লেষণ করলে বলা যায়, মাস দুয়েকের মধ্যে অবস্থার উন্নতি না–ও হতে পারে। সেটি হলে পোশাক রপ্তানিতে ভয়াবহ প্রভাব পড়বে। এই বিপর্যয় কাটাতে হলে সরকার, ব্র্যান্ড, বিজিএমইএ ও ট্রেড ইউনিয়নগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

ফিলিপাইনে সূচকের পতন ঠেকাতে পুঁজিবাজার বন্ধ

0

করোনাভাইরাসের আতঙ্কে পুঁজিবাজারে পতন ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে ফিলিপাইনে স্টক এক্সচেঞ্জের লেনদেন। গতকাল মঙ্গলবার থেকে দেশটির শেয়ারবাজারে লেনদেন বন্ধ আছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষ প্রথমে অনির্দিষ্টকালের জন্য লেনদেন বন্ধ করে। তবে পরে জানানো হয়, কাল বৃহস্পতিবার থেকে আবার লেনদেন শুরু হবে। বন্ড মার্কেটে আজ থেকেই লেনদেন শুরু হয়েছে।

করোনার আতঙ্কে অনেক দেশের শেয়ারবাজারেই সূচক কমে সার্কিট ব্রেকার স্পর্শ করে ফেলছে। কিছুক্ষণ লেনদেন বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে। তবে ফিলিপাইনই প্রথম দেশ, যারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিল।

করোনার আতঙ্কে গত কয়েক দিন বিশ্বপুঁজিবাজারের পাশাপাশি ফিলিপাইনের শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। গত সোমবার দেশটির প্রধান সূচক পিএসইআই প্রায় ৮ শতাংশ কমে যায়। নেমে আসে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। ধারণা করা হচ্ছে, করোনার বিস্তার ঠেকানোর পাশাপাশি বড় ধসের ঝুঁকি এড়াতে শেয়ারবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিলিপাইন।

এর আগে গত সোমবার ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তে পুরো দেশে এক মাসের জন্য ‘লকডাউন’ ঘোষণা করেন।

মন্দা শুরু হয়ে গেছে

0

করোনাভাইরাসে প্রাদুর্ভাব মোকাবিলায় লন্ডন থেকে শুরু হয়ে নিউইয়র্ক, প্যারিস—সবখানেই হোটেল, রেস্তোরাঁ, বিমান পরিবহন বন্ধ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে অর্থনীতিবিদেরা বলছেন, বৈশ্বিক মন্দা এখন আর আবছা হুমকি নয়, মন্দা শুরু হয়ে গেছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে চীনের অর্থনীতি সব সূচকেই নিম্নগামী। তারা শিগগিরই ক্ষতি কাটিয়ে উঠবে, তেমন সম্ভাবনাও কম।

ইউরোপ ও উত্তর আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকগুলো করোনা মহামারি ঠেকাতে অত্যন্ত কঠোর ব্যবস্থা নিচ্ছে। এশিয়া এখনো উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন করছে। বিশ্বজুড়েই আর্থিক বাজারে ধস নেমেছে। এই পরিস্থিতিতে অনেক বিশেষজ্ঞই বলছেন, বৈশ্বিক অর্থনীতির সংকোচন শুরু হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গবেষণা ও পরিসংখ্যান বিভাগের সাবেক প্রধান ডেভিড উইলকক্স ‘সিএনএন বিজনেস’কে বলেছেন, ‘১০ দিন আগে যৌক্তিক কারণেই এই অনিশ্চয়তা ছিল যে বৈশ্বিক অর্থনীতি মন্দার দিকে ধাবিত হচ্ছে কি না। ১০ দিন পর এ নিয়ে প্রশ্নই নেই যে পরিস্থিতি সে দিকেই যাচ্ছে।’

গত এক সপ্তাহে পরিস্থিতির দ্রুত পরিবর্তন হয়েছে। প্রতিদিনই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে। অনেক দেশেই প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গণপরিসর বন্ধ করে দেওয়া হয়েছে। এসব পদক্ষেপ অর্থনীতির জন্য ব্যাপক অভিঘাত। বিশেষ করে চীনা অর্থনীতির ওপর প্রভাব যখন পরিষ্কার হচ্ছে, তখন সব ক্ষেত্রেই ব্যাপারটা পরিষ্কার হতে শুরু করেছে।

কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় চীনা অর্থনীতির সব খাতেই প্রভাব পড়েছে। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে দেশটির খুচরা বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ কমেছে। শিল্পোৎপাদন কমেছে ১৩ দশমিক ৫ শতাংশ। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ কমেছে ২৫ শতাংশ। দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস এই তথ্য দিয়েছে। শিল্পোৎপাদন হ্রাসের হার দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

রোববার মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস মার্কিন প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে। এর পেছনে তারা ব্যয় হ্রাস, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ও কোয়ারেন্টিনকে কারণ হিসেবে দেখিয়েছে। তারা মনে করছে, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মার্কিন অর্থনীতি ৫ শতাংশ সংকুচিত হবে। যেখানে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রবৃদ্ধির হার দাঁড়াবে শূন্য শতাংশ। আর পুরো বছরের প্রবৃদ্ধির হার দাঁড়াবে শূন্য দশমিক ৪ শতাংশ থেকে ১ দশমিক ২ শতাংশ।

অন্যদিকে আইএনজির অর্থনীতিবিদেরা রোববার বলেছেন, তাঁরা মনে করছেন, দ্বিতীয় প্রান্তিকে মার্কিন অর্থনীতি ৮ শতাংশ সংকুচিত হবে। ২০০৮ সালের আর্থিক সংকটের পর যেমনটা হয়েছিল। মন্দার সংজ্ঞা হলো, পরপর দুই প্রান্তিকে প্রবৃদ্ধির হার হ্রাস পাওয়া। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে সেই মন্দা শুরু হবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশেই শেয়ারবাজারে ধস নেমেছে। সোমবার ডাও সূচক নেমে যায় ১২ দশমিক ৯ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, গত তিন দশকে অর্থনীতিতে এমন ধস নজিরবিহীন।

বিশেষজ্ঞরা বলছেন, গত দুই থেকে তিন সপ্তাহে বিনিয়োগকারীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, করোনাভাইরাসের জেরে মন্দার গ্রাসে চলে যেতে পারে অর্থনীতি।

ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার পুঁজিবাজার

0

করোনাভাইরাস মহামারির প্রভাব থেকে অর্থনীতিকে রক্ষা করতে ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়ে বড় অর্থনীতির দেশগুলো। এর প্রভাবে আজ বুধবার এশিয়ার শেয়ারবাজার কিছুটা শান্ত হয়েছে। বাড়তে দেখা যাচ্ছে বেশ কয়েকটি সূচক। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত সোমবার ভয়াবহ দরপতনের পর গতকাল মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার। করোনার প্রভাব মোকাবিলা করতে ট্রাম্প প্রশাসনের এক লাখ কোটি ডলারের প্রণোদনা তহবিলের ঘোষণায় গতকাল ওয়ালস্ট্রিটের সূচকগুলো ৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর প্রভাবে আজ সকাল থেকেই ইতিবাচক এশিয়ার শেয়ারবাজারও।

লেনদেনের শুরুতে জাপানের নিকেই ২২৫ বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। হংকংয়ের হ্যাংসেং সূচক বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ, চীনের সাংহাই কম্পোজিট বেড়েছে ১ দশমিক ২ শতাংশ।

গতকাল কমলেও আজ সকাল থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেশ স্থির আছে।

করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্প প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে এক লাখ কোটি ডলারের প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে ২৫ হাজার কোটি ডলার নাগরিকদের সরাসরি অর্থ প্রদানের জন্য ব্যবহৃত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা চালাচ্ছে হোয়াইট হাউস। কী পরিমাণ অর্থের চেক একজন পাবেন, কার অগ্রাধিকার—এসব বিষয়েও আলোচনা চলছে। আর এর প্রভাবই পড়েছে শেয়ারবাজারে।

৩ মিনিটে বাড়ল ১০০ পয়েন্ট

0

পতনে পতনে জেরবার হয়ে আজ সূচক কিছুটা বাড়তে দেখা যাচ্ছে শেয়ারবাজারে। আজ বুধবার লেনদেনের প্রথম তিন মিনিটেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০০ পয়েন্ট। তবে বেলা ১১টায় সূচকটি ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩ হাজার ৭৮৫ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮৪ পয়েন্ট।

ডিএসইতে বেলা ১১টার নাগাদ লেনদেন হয়েছে মাত্র ৯০ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৮৬টির দর, কমেছে ৮৭টির দর। অপরিবর্তিত আছে ৪৮টির দর।

গত কার্যদিবস সোমবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ১৯৬ পয়েন্ট।

অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৭টির দর কমেছে। ৬২টির বেড়েছে। অপরিবর্তিত আছে ১০টির দর।

ট্রাম্প সরকার ঘরে ঘরে চেক তুলে দেবে

0

প্রাণঘাতী করোনাভাইরাসে টালমাটাল যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাজ্যের এক গবেষক দল জানায়, এই মহামারিতে যুক্তরাষ্ট্রের ২২ লাখ মানুষের মৃত্যু হতে পারে—এমনই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দেশটি। এই ভাইরাস এর মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে। মৃত মানুষের সংখ্যাও শতের কোঠা পার করেছে।

করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এক লাখ কোটি ডলারের প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে ২৫ হাজার কোটি ডলার নাগরিকদের সরাসরি অর্থ প্রদানের জন্য ব্যবহৃত হওয়ার কথা। এ বিষয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা চালাচ্ছে হোয়াইট হাউস। কী পরিমাণ অর্থের চেক একজন পাবেন, কারা অগ্রাধিকার পাবেন, এসব বিষয়েও আলোচনা চলছে।

গতকাল মঙ্গলবার মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানচিন বলেছেন, করোনভাইরাসজনিত অর্থনৈতিক সংকট রোধ করার লক্ষ্যে এই প্রণোদনা তহবিলের অংশ হিসেবে মার্কিন নাগরিকদের সরাসরি অর্থ প্রেরণকে সমর্থন করছেন তিনি। মানচিন আশা করছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে এই চেক প্রদান শুরু করা সম্ভব হবে।

মানচিন বলেন, ‘নাগরিকদের এখন নগদ প্রয়োজন এবং প্রেসিডেন্টও নগদ দিতে চান এবং আমি আশা করছি, তা আগামী দুই সপ্তাহের মধ্যেই দেওয়া হবে।’

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে প্রথম রোগীর মৃত্যু হয়। এরপর এই ভাইরাস দেশটিতে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে করোনার থাবায় নিউইয়র্ক, নিউজার্সিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজসহ ধর্মীয় স্থান, রেস্তোরাঁ-বার। আক্রান্ত শহরগুলোয় স্বেচ্ছায় গৃহবন্দী লাখ লাখ কর্মজীবী মানুষ। কাজ হারানোর ভয়ে বিপর্যস্ত জনজীবন।

গত রোববার মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস মার্কিন প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে। এর পেছনে তারা ব্যয় হ্রাস, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ও কোয়ারেন্টিনকে কারণ হিসেবে দেখিয়েছে। তারা মনে করছে, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মার্কিন অর্থনীতি ৫ শতাংশ সংকুচিত হবে। যেখানে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রবৃদ্ধির হার দাঁড়াবে শূন্য শতাংশ। আর পুরো বছরের প্রবৃদ্ধির হার দাঁড়াবে শূন্য দশমিক ৪ শতাংশ থেকে ১ দশমিক ২ শতাংশ।

যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্যে করোনা নিয়ে নতুন আশঙ্কার কথা জানাল সমীক্ষা

0

করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ হলে যুক্তরাজ্যে লাখো মানুষ মারা যেতে পারে—সমীক্ষার নিরিখে এমন এক প্রতিবেদন প্রকাশের পর ব্রিটিশ সরকার কোভিড-১৯ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে।

সমীক্ষায় বলা হয়, ভাইরাসটি সবচেয়ে খারাপ মাত্রায় ছড়ালে ৫ লাখের বেশি মানুষ মারা যেতে পারে। এ ছাড়া মারাত্মক অসুস্থ রোগীতে উপচে পড়বে জাতীয় স্বাস্থ্যসেবা। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মারা যেতে পারে ২২ লাখ মানুষ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কঠোর পদক্ষেপের অংশ হিসেবে বরিস সরকার যুক্তরাজ্যের জীবনযাপনে সব সামাজিকতা নিষিদ্ধ করেছে। ৭০ বছরের বেশি বয়সী লোকজনকে আলাদা করে রাখার পরামর্শ দিয়েছে। ক্যাফে, পাবে, সিনেমা হলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

গাণিতিক জীববিজ্ঞানের অধ্যাপক নিল ফার্গুসন ও তাঁর দল সম্প্রতি এই গবেষণা করে। ওই গবেষণা তৈরিতে ইতালি থেকে সংগৃহীত নতুন তথ্য ব্যবহার করা হয়েছে। ইতালিতে এই ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

১৯১৮ সালের এক ফ্লুর সঙ্গে এই পরিস্থিতির তুলনা করে ফার্গুসনের গবেষকেরা বলছেন, কোনো নিবারণ পদ্ধতি এখনো পাওয়া যায়নি। এই মহামারিতে যুক্তরাজ্যে ৫ লাখের বেশি মানুষ এবং যুক্তরাষ্ট্রে ২২ লাখ মানুষ মারা যেতে পারে।

মানুষে মানুষে সামাজিক দূরত্ব চূড়ান্তভাবে বজায় রাখা এবং ক্লাব, থিয়েটার পুরোপুরি এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন গবেষকেরা।

ফার্গুসনের গবেষণা দলের অন্যতম গবেষক আজরা ঘানি বলেন, ‘এটি সামাজিক ও অর্থনৈতিকভাবে আমাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে চলেছে।’

আরেক গবেষক বলেন, কঠিন সময় আসছে। এই ফলাফল খুবই আশঙ্কাজনক

পশ্চিমবঙ্গেও চলে এসেছে করোনা

0

এবার পশ্চিমবঙ্গেও চলে এসেছে করোনাভাইরাস। গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, লন্ডন থেকে মুম্বাই হয়ে কলকাতায় আসা স্থানীয় এক বাসিন্দার শরীরে মিলেছে করোনাভাইরাস।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, কলকাতার ওই বাসিন্দার করোনা পরীক্ষার প্রতিবেদন গতকাল রাতে হাতে আসে। প্রতিবেদনে করোনা পজিটিভ আসে।

আক্রান্ত ব্যক্তি বয়সে তরুণ। তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তাঁর বাবা, মা ও গাড়িচালককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিকর্তা জানান, ওই তরুণের সংস্পর্শে আরও কেউ এসেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিমানে ওই তরুণের পাশে ও সামনে-পেছনের সিটে কারা বসেছিলেন, তার খোঁজ নেওয়া শুরু হয়েছে।

কলকাতার এই তরুণের করোনায় আক্রান্ত হওয়ার পর প্রশ্ন উঠেছে, তিনি কীভাবে পরীক্ষায় শনাক্ত না হয়ে লন্ডন থেকে মুম্বাই হয়ে কলকাতায় এসেছেন।

পশ্চিমবঙ্গ নিয়ে এখন ভারতের ১৪টি রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলল। আর ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন তিনজন। গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩৭ জন।

করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে আগেই প্রস্তুতি নেওয়া শুরু হয়। রাজ্যের বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যে ১৮টি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। বাড়িতে নজরদারিতে রাখা হয়েছে ১১ হাজার ৯৭৮ জনকে

সব দেশকে একটিই বার্তা—পরীক্ষা পরীক্ষা পরীক্ষা

0

করোনাভাইরাসে মহামারির প্রকোপ কমিয়ে আনতে সন্দেহভাজন রোগীদের পরীক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে সংকট কাটাতে প্রয়োজনীয় চিকিৎসাসরঞ্জামের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা। সুইজারল্যান্ডের জেনেভায় গত সোমবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস। এদিকে বাংলাদেশসহ দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সে কারণে এ অঞ্চলের দেশগুলোকে জরুরি ভিত্তিতে এবং আগ্রাসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ‘সব দেশের প্রতি আমাদের খুব সাধারণ একটি বার্তা, তা হলো—পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। সব দেশেরই উচিত সন্দেহজনক সব রোগীকে পরীক্ষা করা। চোখ বন্ধ করে থাকলে দেশগুলো এই মহামারির সঙ্গে লড়াই করতে পারবে না।’ তিনি আরও বলেন, পরীক্ষা ছাড়া সন্দেহভাজন রোগী শনাক্ত করা যাবে না, সংক্রমণের শৃঙ্খল ভাঙা যাবে না।

চীনের উহান থেকে গত ডিসেম্বরে ছড়িয়ে পড়ার পর গতকাল মঙ্গলবার পর্যন্ত বিশ্বের ১৬০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আক্রান্ত হয়েছে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ। মারা গেছে ৭ হাজারের বেশি। গত ৩০ জানুয়ারি এই সংক্রমণকে বৈশ্বিক স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর প্রায় দেড় মাস পর ১১ মার্চ করোনাভাইরাসের সংক্রমণকে বৈশ্বিক মহামারি ঘোষণা করা হয়।

টেড্রোস বলেন, উন্নত চিকিৎসাব্যবস্থা যেসব দেশের রয়েছে, তারাও করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। কাজেই নিম্ন আয়ের দেশগুলো নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। কারণ, এসব দেশের মানুষকে এরই মধ্যে অপুষ্টি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করতে হচ্ছে। তিনি বলেন, কাজেই করোনাভাইরাস মোকাবিলার সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে সংক্রমিত রোগী শনাক্ত করে দ্রুত তাদের আইসোলেশন করা। এই উপায়ে চীন, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর সফলতা পেয়েছে।

অনেক দেশেই পরীক্ষার উপকরণের ঘাটতি রয়েছে। কোনো কোনো দেশে খুব কম উপসর্গ নিয়ে আসা সন্দেহভাজন রোগীদের পরীক্ষা করা হচ্ছে না। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, সরঞ্জামের ঘাটতি কাটিয়ে উঠতে তাঁর সংস্থা বেসরকারি খাতের সঙ্গে কাজ করছে। চলমান এই ঘাটতিকে তিনি ‘বাজার ব্যর্থতা’ বলে অভিহিত করেন।

বাংলাদেশে পদক্ষেপ জোরদারের আহ্বান
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে জরুরি ভিত্তিতে আগ্রাসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল সংস্থাটির নিজস্ব ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং বলেছেন, ‘পরিস্থিতি দ্রুতই বদলে যাচ্ছে। ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে আমাদের তাৎক্ষণিকভাবে সব ধরনের প্রচেষ্টা জোরদার করতে হবে।’

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে ১৭৭ জন, ইন্দোনেশিয়ায় ১৩৪, ভারতে ১৪২, শ্রীলঙ্কায় ১৯, মালদ্বীপে ১৩, বাংলাদেশে ১০, নেপাল ও ভুটানে ১ জন করে রোগী শনাক্ত হয়েছে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক বলেন, কয়েকটি দেশ পরিষ্কারভাবে সামাজিকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার দিকে অগ্রসর হচ্ছে। এটা প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে সবচেয়ে জরুরি সন্দেহভাজন রোগী শনাক্ত করা, পরীক্ষা করা, আলাদা করা, চিকিৎসা করা এবং রোগীর সংস্পর্শে যারা এসেছিল, তাদের শনাক্ত করা।

ইসরায়েলে করোনাভাইরাস ঠেকাতে গোয়েন্দা

0

ইসরায়েল সরকার সন্দেহভাজন করোনাভাইরাসযুক্ত ব্যক্তিদের মোবাইল ফোনের ডেটাতে নজরদারি করতে নিরাপত্তা সংস্থাগুলোর জন্য জরুরি ব্যবস্থা অনুমোদন করেছে। এ সক্ষমতা কাজে লাগিয়ে নিরাপত্তা সংস্থাগুলো করোনায় আক্রান্ত ব্যক্তিদের কোয়ারেন্টিনে বাধ্য করবে। যারা সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে আসতে পারে, তাদের সতর্ক করতে ব্যবহার করবে। সংসদীয় অনুমোদনের বাইরে মন্ত্রিসভার রাতারাতি বৈঠকে অস্থায়ী এ আইন পাস করা হয়।

ইসরায়েলে সিভিল রাইটস অ্যাসোসিয়েশন এই পদক্ষেপকে ‘একটি বিপজ্জনক নজির’ বলে মন্তব্য করেছে। এ–জাতীয় ক্ষমতা সাধারণত সন্ত্রাসবাদবিরোধী অভিযানের জন্য সংরক্ষিত থাকে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাইবার মনিটরিং’ কীভাবে কাজ করবে, এ ব্যাপারে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট টেলিকমিউনিকেশন কোম্পানির কাছ থেকে অবস্থানগত তথ্য সংগ্রহ করবে এবং তা স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বিনিময় করবে।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, যখন কোনো ব্যক্তি করোনাভাইরাসের সম্ভাব্য রোগী হিসেবে চিহ্নিত হবে, তখন তিনি কোয়ারেন্টিনের নিয়ম মানছেন কি না, তা ট্র্যাক বরতে পারবে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। কোনো উপসর্গ দেখা দেওয়ার আগেই কোনো ব্যক্তি যদি সম্ভাব্য করোনা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসেন, তবে তাঁকে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে।

ইসরায়েলে করোনা এখনো মহামারির প্রাথমিক অবস্থায়। অনেক সাধারণ ইসরায়েলি তাদের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত এ ধরনের পদক্ষেপ মেনে চলতে অভ্যস্ত। তবে এবার জনস্বাস্থ্যের হুমকি, কোনো নিরাপত্তাবিষয়ক হুমকি নয়। এতে করোনাভাইরাস ছড়ানো এতে ঠেকানো যাবে কি না, এ বিষয়ে নজরদারি সংস্থাগুলোর ক্ষমতা জোরদার করার চূড়ান্ত পরীক্ষা হবে এটি।

ইসরায়েল এর মধ্যে ৩০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর প্রাদুর্ভাব ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশটি। স্কুল, শপিং সেন্টার, রেস্তোরাঁসহ বিনোদনের সব জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে। একসঙ্গে ১০ জনের বেশি জড়ো হওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিরাপত্তা সংস্থাকে মাত্র ৩০ দিনের জন্য এ ক্ষমতা দেওয়া হয়েছে। তারা অসুস্থকে শনাক্ত করা ও ভাইরাস প্রতিরোধে ভূমিকা রাখবে।

ইসরায়েল ছাড়াও এ ধরনের নজরদারি করার ক্ষেত্রে চীনের নাম আসে। চীনের নজরদারি ব্যবস্থায় অসুস্থ ব্যক্তিকে সব সময় লক্ষ রাখা হয়। এ ক্ষেত্রে দেশটির জনপ্রিয় মেসেজিং অ্যাপ উইচ্যাটের নির্মাতা টেনসেন্ট কিউআর কোডভিত্তিক ট্র্যাকিং ফিচার চালু করেছে। ক্লোজ কন্টাক্ট ডিটেক্টর অ্যাপ ব্যবহারকারীকে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর কাছে গেলে নোটিফিকেশন দেখাবে এবং কোয়ারেন্টিনে যেতে বলবে।

দক্ষিণ কোরিয়াতেও এ ধরনের প্রযুক্তি প্রাইভেসির ওপর আক্রমণ বলে সমালোচনার মুখে পড়েছে। কিছু লোকের অবস্থানের তথ্য জানাজানি হওয়ায় তাদের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি ফাঁস হয়ে যায়