Home Blog Page 3081

অতিরিক্ত কেনাকাটা করবেন না: বাণিজ্যমন্ত্রী

0

জনগণকে স্বাভাবিক কেনাকাটার পরিবর্তে বাজারে গিয়ে অতিরিক্ত কেনাকাটা না করার অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী বলেন, ‘বাজারে নিত্যপণ্যের যে জোগান আছে, তাতে আমাদের কোনো অবস্থান থেকেই কোনো সমস্যা হওয়া কথা না। তাই কেউ যেন স্বাভাবিক কেনাকাটার চেয়ে অতিরিক্ত কেনাকাটা না করে।’

আজ বুধবার দুপুরে রাজধানীর সচিবালয়ে দ্রব্যমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গতকাল রাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকেই এ বিষয়ে সংবাদ সম্মেলন করব। কারণ, খুচরা বাজারে ইতিমধ্যে বিক্রিতে কিছুটা প্রভাব পড়েছে। গতকালই আমরা এ খবর পেয়েছি।’ তিনি বলেন, ‘একশ্রেণির মানুষ আছে, তারা বাজারে হুমড়ি খেয়ে পড়েছে। আমাদের সমস্যা হওয়ার কথা না। তাই কেউ যেন স্বাভাবিক কেনাকাটার চেয়ে অতিরিক্ত কেনাকাটা না করে।’

মন্ত্রী বলেন, চাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ভালো আছে। তিনি জানান, রোজা উপলক্ষে বাজার দরের চেয়ে কম দামে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে টিসিবি।

সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মো. জাফরউদ্দীন বলেন, ‘ভোক্তা অধিকারের সাতটি দল বাজারে কাজ করছে। কোনো ভোক্তার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

যেখানে প্রয়োজন, সেখানে শাটডাউন: কাদের

0

করোনাভাইরাসের কারণে অন্যান্য দেশের মতো যেখানে যেখানে প্রয়োজন, সেখানে ‘শাটডাউন’ করা হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শাটডাউন প্রয়োজন হলে করা হবে, যেখানে যেখানে প্রয়োজন। কারণ, এখানে সবার আগে মানুষকে বাঁচাতে হবে।’

ওবায়দুল কাদের রাজনৈতিক ও গোষ্ঠীচিন্তার ঊর্ধ্বে উঠে করোনা মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘করোনা আমাদের অভিন্ন শত্রু।’

বিভিন্ন জমায়েত হচ্ছে—এ ব্যাপারে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা–সমাবেশে যাব না। যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের উৎসব অনুষ্ঠান সীমিত করা হয়েছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ আতঙ্ক সামনের দিনে যাতে আরও বাড়তে না পারে, সে ব্যাপারে যথেষ্ট সতর্কতার সঙ্গে মোকাবিলা করা হবে।

করোনায় বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তার বয়স ৭০ বছর।

আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মীরজাদী সেব্রিনা জানান, দেশে এখন পর্যন্ত ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত তিনজনের দুজন ইতালি ফেরত অন্যজন কুয়েত থেকে এসেছেন।

আইইডিসিআরের পরিচালক বলেন, আমাদের জন্য একটি দুঃসংবাদ আছে। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭০ বছর। তিনি করোনা রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। এছাড়া তিনি ডায়েবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। আজ বুধবার তিনি মৃত্যুবরণ করেন।

তিনি বলেন, আমরা বারবার বয়স্কদের বিশেষ নিরাপত্তার জন্য বলছি।

করোনাকে ‘সংক্রামক ব্যাধি’ ঘোষণা করে আজই গেজেট প্রকাশের নির্দেশ

0

করোনাভাইরাসকে সংক্রামক ব্যাধি হিসেবে ঘোষণা করে গেজেট জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সম্ভব হলে আজ রাতের মধ্যেই গেজেট প্রকাশ করতে বলা হয়েছে। এ ছাড়া কোয়ারেন্টাইন ও আইসোলেশন নিয়ে সরকারের নেওয়া পদক্ষেপ আগামীকাল বৃহস্পতিবার জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

এ সময় আদালত জানান, আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রিট বিষয়ে আদেশ দেওয়া হবে।

করোনা নিয়ে সরকার লুকোচুরি করছে না : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনাভাইরাস নিয়ে সরকার কোনো লুকোচুরি করছে না। অনেকেই বলছে- করোনাভাইরাস নিয়ে সরকার লুকোচুরি করছে। কিন্তু ব্যাপারটা তা নয়। বরং সরকার প্রতিদিন আপডেট জানাতে প্রেস কনফারেন্সের মাধ্যমে সকলকে তথ্য জানাচ্ছে।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের এই সংকটময় সময়ে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে বরং বিষোদ্গার করছে। কিছু লিফলেট ছাপিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা চাইব, এমন সময় বিষোদ্গারের রাজনীতি না করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সকলে সম্মিলিতভাবে কাজ করতে।

কাজের ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা অনেক এগিয়ে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, হিসেব করলে দেখা যাবে, পৃথিবীর প্রায় ৭০ ভাগ কাজ নারীরা করেন। কর্মজীবী নারীরা একদিকে যেমন অফিস সামলান, তেমনই অন্যদিকে ঘরে ফিরে সংসার সামলান। পৃথিবীর উন্নয়নে তাদের ভূমিকা অগ্রগণ্য।

অনুষ্ঠানে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, কোষাধ্যক্ষ আক্তার জাহানসহ সংগঠনের সদস্য নারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দেশে নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত

0

দেশে নতুন করে আরো ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ জনে।

এ ছাড়া আইসোলেশনে আছেন ১৬ জন। তবে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারেন বলেও জানিয়েছেন তিনি।

ঢামেকের চার চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে

0

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চার চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ছাড়া হাসপাতালের আরো কয়েকজনের ক্ষেত্রে সম্ভাবনা দেখা দিয়েছে হোম কোয়ারেন্টাইনে রাখার।

আজ বুধবার (১৮ মার্চ) ঢামেক অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক আজাদ বলেন, বিদেশ থেকে আসা অনেকে তথ্য গোপন করে ঢামেক চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। তাদের অনেককে পাঠানো হয়েছে করোনা আক্রান্তদের জন্য সরকার নির্ধারিত হাসপাতালে। ওইসব রোগীদের পরামর্শ দিয়েছেন এমন চিকিৎসকদের চারজনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।

অধ্যাপক আজাদ আরো বলেন, বাংলাদেশে কয়েকজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে ঢামেক হাসপাতালে প্রতিদিন নিউমোনিয়া, জ্বর, ঠাণ্ডা, কাশি নিয়ে অনেক রোগী আসছে। এসব রোগীর ভেতর থেকে যাদেরকে সরকার নির্ধারিত হাসপাতালে পাঠানো হয়, সেখানে তাদের কয়েকজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

যে চারজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাঁরা সবাই ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক বলে জানান অধ্যাপক আজাদ।

আজ বুধবার সকালে সরেজমিনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, কেবল জরুরি বিভাগে চিকিৎসকরা মাস্ক ব্যবহার করছেন। হাসপাতালের নার্স ওয়ার্ডবয়, আয়া, পরিচ্ছন্নতাকর্মীসহ স্টাফদের মুখে মাস্ক নেই। তাঁদের অনেকে বলেছেন, হাসপাতাল থেকে এ ব্যাপারে তাঁদের কোনো সহযোগিতা দেওয়া হচ্ছে না। পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই তাদেরকে কাজ করতে হচ্ছে।

তুমি ঘুমাও পিতা শান্তিতে, আমরা জেগে রইব: প্রধানমন্ত্রী

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করতে পারাকে জীবনের বড় একটি পাওয়া বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জাতির পিতাকে উদ্দেশ করে বলেন, ‘তুমি ঘুমাও পিতা শান্তিতে। তোমার বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা জেগে রইব তোমার আদর্শ বুকে নিয়ে।’

আজ মঙ্গলবার রাত আটটায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী-মুজিব বর্ষ উদযাপনের বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষের উদ্বোধন ঘোষণা করেন।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী দেশের নাগরিক, প্রবাসী ও বিশ্ববাসীকে মুজিব বর্ষের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী ও তাঁর ছোট বোন শেখ রেহানার পক্ষ থেকে কৃতজ্ঞতাও জানান। শেখ হাসিনা বলেন, ‘আজ ১৭ই মার্চ। ১৯২০ সালের আজকের দিনে এই বাংলায় জন্ম নিয়েছিলেন এক মহাপুরুষ। তিনি আমার পিতা, শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ নামের এই দেশটি তিনি উপহার দিয়েছেন। দিয়েছেন বাঙালিকে একটি জাতি হিসেবে আত্মপরিচয়ের মর্যাদা। তাই তো তিনি আমাদের জাতির পিতা।’ তিনি আরও বলেন, দুঃখী মানুষকে ক্ষুধা-দারিদ্র্য থেকে মুক্তি দিতে বঙ্গবন্ধু নিজের জীবনের সব সুখ-আরাম বিসর্জন দিয়ে আজীবন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু বারবার কারারুদ্ধ হয়েছেন। অধিকারহারা দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে তিনি দ্বিধা করেননি। এই বঙ্গভূমির বঙ্গ-সন্তানদের একান্ত আপনজন হয়ে উঠেছিলেন। তাই তিনি ‘বঙ্গবন্ধু’।

প্রধানমন্ত্রী বলেন, আজ ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২০২১ সালের ২৬-এ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ উদ্‌যাপন করা হবে। ২০২১ সালে উদ্‌যাপিত হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। তিনি জানান, বাংলাদেশ ছাড়াও বিভিন্ন বন্ধুপ্রতিম দেশ, ইউনেসকো, ওআইসি-সহ আন্তর্জাতিক সংস্থা মুজিব বর্ষ উদযাপনে অংশীদার হয়েছে। প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেখ হাসিনা বলেন, ‘আমরা মুজিব বর্ষ পালনের সুযোগ পেয়েছি। এ যে আমাদের জীবনে কত বড় পাওয়া, তা ভাষায় বোঝাতে পারব না। আমি গভীর কৃতজ্ঞতা জানাই দেশবাসীর প্রতি, যাঁরা আমার দল, বাংলাদেশ আওয়ামী লীগকে পরপর তিনবার সরকার পরিচালনার দায়িত্ব দিয়ে মুজিব বর্ষ উদযাপনের সুযোগ করে দিয়েছেন।’

বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠানে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বছরব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মুজিব বর্ষ উদযাপন করা হবে। করোনাভাইরাসের কারণে বিদেশি অতিথিদের সফর স্থগিত করা হয়েছে। তবে ভুটানের রাজা জিগমে খেসার নমগেয়েল ওয়াংচুক, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভালারি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ওআইসির মহাসচিব ইউসুফ আল ওথাইমিনসহ বেশ কয়েকজন বিদেশি শুভাকাঙ্ক্ষী ভিডিও বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

জাতির পিতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু অকাতরে বিলিয়ে দিতেন তাঁর জামাকাপড়, বই, ছাতা এবং যার যখন যা প্রয়োজন মনে করতেন, তাকে নিজের জিনিস দিয়ে দিতেন। নিজের খাবারও তিনি ভাগ করে খেতেন। মানুষের জন্য কিছু করতে পারার মধ্যেই তিনি আনন্দ পেতেন। প্রধানমন্ত্রী বলেন, নিজের জীবনের কোনো চাওয়া–পাওয়া ছিল না বঙ্গবন্ধুর। বাংলাদেশের মানুষকে উন্নত, সুন্দর জীবন নিশ্চিত করতে চেয়েছিলেন তিনি। তাঁর সে ত্যাগ বৃথা যায়নি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সারা বিশ্বে মর্যাদার আসনে আসীন। নিজেদের আরও এগিয়ে যেতে হবে। গড়তে হবে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ। শিশু-কিশোর, তরুণ সমাজের কাছে দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসার আবেদন জানিয়ে বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এই স্বাধীনতা। স্বাধীন জাতি হিসেবে বিশ্বসভায় মাথা উঁচু করে চলার উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। ঠিক যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে ভালোবেসেছেন, সেভাবেই ভালোবাসতে হবে। তাঁর আদর্শে নিজেকে গড়ে তুলতে হবে।

জাতির পিতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘পিতা, ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিয়েছে তোমাকে। তোমার দেহ রক্তাক্ত করেছে। তোমার নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে চেষ্টা করেছে। কিন্তু ওরা পারেনি। ঘাতকেরা বুঝতে পারেনি তোমার রক্ত ৩২ নম্বর বাড়ির সিঁড়ি বেয়ে-বেয়ে ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। জন্ম দিয়েছে কোটি কোটি মুজিবের। তাই আজ জেগে উঠেছে বাংলাদেশের মানুষ সত্যের অন্বেষণে। ইতিহাস মুছে ফেলা যায় না। সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। আজ শুধু বাংলাদেশ নয়, তোমার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে বিশ্বব্যাপী। বাংলাদেশকে বিশ্ব চিনে নিয়েছে তোমার ত্যাগের মহিমায়। পিতা, তোমার কাছে আমাদের অঙ্গীকার, তোমার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়বই। আর সেদিন বেশি দূরে নয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তুমি ঘুমিয়ে আছ টুঙ্গিপাড়ার সবুজ ছায়াঘেরা মাটিতে পিতা মাতার কোলের কাছে। তুমি ঘুমাও পিতা শান্তিতে। তোমার বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা জেগে রইব তোমার আদর্শ বুকে নিয়ে। জেগে থাকবে এ দেশের মানুষ প্রজন্মের পর প্রজন্ম তোমার স্বপ্নের সোনার বাংলাদেশে। তোমার দেওয়া পতাকা সমুন্নত থাকবে চিরদিন। কবিগুরুর ভাষায় তাই বলতে চাই—

‘তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি।
তোমার সেবার মহৎ প্রয়াস সহিবারে দাও ভকতি।’

সোহরাওয়ার্দী উদ্যানে আলোর ঝলকানি

0

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভকে ঘিরে আজ মঙ্গলবার রাত ঠিক আটটায় লেজার শো ও আতশবাজির মধ্যে দিয়ে শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূরের কণ্ঠে ধারণ করা জাতির পিতা বঙ্গবন্ধুকে জাতির বিনম্র অভিভাবন জানানোর মধ্যে দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। এরপর ‘শোন একটি মুজিবরের থেকে…বাংলাদেশ, আমার বাংলাদেশ’ গানের সুরে শুরু হয় লেজার শো ও আতশবাজি। অল্প কিছু সময় ধরে চলে এই অনুষ্ঠান। আতশবাজির গুচ্ছ আলোয় উদ্ভাসিত হয় পুরো এলাকা।
করোনাভাইরাসের কারণে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মূল অনুষ্ঠানস্থলে ছিল না কোনো আনুষ্ঠানিকতা। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার। মূল অনুষ্ঠানস্থলে নির্ধারিত লোক ছাড়া বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। তবে অসংখ্য মানুষ কিছু দূরে থেকে এই অনুষ্ঠান দেখেছেন। যখন মূল অনুষ্ঠান শেষ হয়, তখন সোহরাওয়ার্দী উদ্যানে অসংখ্য মানুষকে ঢুকতে দেখা যায়।

যারা জনগণের টাকা মেরে খায়, তারাই ভিক্ষুক: মাশরাফি

0

‘যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে জনগণের টাকা মেরে খায়, তারাই ভিক্ষুক। যারা দরিদ্র মানুষের বরাদ্দে হাত দেয়, তারাই ভিক্ষুক।’

কথাগুলো বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাংসদ মাশরাফি বিন মুর্তজা। তিনি আজ মঙ্গলবার বিকেলে নড়াইলের লোহাগড়ায় ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য উপকরণ দেওয়ার সময়ে এসব কথা বলেন।
মাশরাফি বলেন, দরিদ্র মানুষের জন্য খেজুর আসে, দুম্বা আসে, তা ভিক্ষুকেরা জানে না, দরিদ্র মানুষ জানে না। চেয়ারে যারা আছে, তারা ভাগ–বাঁটোয়ারা করে নেয়। বিধবা ভাতা, বয়স্ক ভাতার তালিকা প্রশাসনকে ঠিকমতো করতে দেওয়া হচ্ছে না। যার যেটা হোক, তাকে সেটা দিতে হবে। যার যা কাজ, তাকে সেটা করতে দিতে হবে।

নড়াইল-২ (লোহাগড়া-নড়াইলের একাংশ) আসনের সাংসদ মাশরাফি আজ উপজেলা পরিষদ মিলনায়তনে পুনর্বাসিত ভিক্ষুকদের মধ্যে ছাগল ও ওজন মাপার যন্ত্রসহ নানা উপকরণ বিতরণ করেন।
এ সময় মাশরাফি বিন মুর্তজা ছাত্রলীগের উদ্দেশে বলেন, ‘আমার পেছনে ঘুরে বেড়ানোর দরকার নেই। যাঁর যাঁর অবস্থান থেকে কাজ করেন। কাজের মাঝ দিয়ে আমার সঙ্গে সম্পর্ক হবে। আমার পেছনে ঘুরে যদি কোনো অপকর্ম করেন, তখন কিন্তু আমি ছাড়ব না। তখন আমার সঙ্গে সম্পর্ক নষ্ট হবে।’

প্রশাসন ও রাজনীতিকদের উদ্দেশে মাশরাফি বলেন, ‘মাদক ব্যবসায়ী ও দুষ্ট লোকদের আশ্রয়-প্রশ্রয় দেবেন না। লোহাগড়ায় একজন সাবেক চেয়ারম্যানকে হত্যা করা হলো। তাঁর পরিবার শেষ হলো। যারা হত্যা করেছে, তারাও শেষ হবে। দলের নেতা-কর্মী সবাইকে আমি সম্মান করি। চেয়ারই কি মুখ্য বিষয়? চেয়ারের জন্য একজনকে খুন করতে হবে? তুচ্ছ ঘটনায় হামলা, সংঘর্ষ এগুলো বন্ধ করতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজগুলোকে সামনে নিয়ে আসেন। হামলা, সংঘর্ষ, খুন—এগুলো চলতে দেওয়া যায় না। মাদক, ধর্ষণ চলবে না। এর প্রতিরোধে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। রাজনীতিকদের এগিয়ে আসতে হবে।’

মাশরাফি বলেন, ‘আল্লাহর রহমতে নড়াইলে এখানো করোনা আক্রান্ত হয়নি। এর প্রস্তুতি নিতে হবে। এ জন্য ১০০ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে। হাসপাতালে ১০ শয্যা প্রস্তুত রয়েছে।

মাশরাফি বিন মুর্তজা ভিক্ষুকদের মধ্যে উপকরণ বিতরণ শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটেন। এরপর তিনি লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন করেন। সেখান থেকে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে যান। সেখানে ছয়তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখানে ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটেন। ৭ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে আধুনিক ভবন হচ্ছে কলেজে। দুই বছরের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে। এরপর লোহাগড়া-ইতনা-রাধানগর সড়ক উদ্বোধন করেন মাশরাফি। পরে সম্প্রতি নিহত সাবেক চেয়ারম্যান বদর খন্দকারের বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন।

এসব কর্মসূচিতে তাঁর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র, লোহাগড়া থানার ওসি মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, পৌর মেয়র আশরাফুল আলমসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের নেতা-কর্মীরা।