Home Blog Page 3082

মুজিব বর্ষ উপলক্ষে খুলনায় ১৮টি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি শুরু

0

মুজিব বর্ষ উপলক্ষে খুলনা শহরের ১৮টি পয়েন্টে আজ মঙ্গলবার থেকে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই ক্রেতাদের ব্যাপক সাড়া মিলেছে। অনেকেই আবার কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে খালি হাতে ফিরেছেন।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) খুলনা কার্যালয় সূত্র জানায়, প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫০ টাকা, প্রতি লিটার বসুন্ধরা সয়াবিন তেল ৮০ টাকা এবং পেঁয়াজ ৩৫ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। ১৮টি ট্রাকের প্রতিটিতে প্রতিদিন ৬৫০ কেজি চিনি, ১০০ কেজি ডাল, ৫০০ কেজি পেঁয়াজ ও ১ হাজার লিটার তেল নেওয়া হচ্ছে। মুজিব বর্ষ উপলক্ষে টিসিবির নেওয়া এ কর্মসূচি চলবে ৩১ মার্চ পর্যন্ত। এরপর ১ এপ্রিল থেকে পবিত্র রমজান পর্যন্ত কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত বিক্রি চলবে। একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ লিটার সয়াবিন তেল, চার কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

সূত্রটি জানায়, নগরের ময়লাপোতা মোড়, গল্লামারীর মোড়, পাওয়ার হাউস মোড়, রূপসা ট্রাফিক মোড়, টুটপাড়া কবরখানা মোড়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, কেডিএ নিউমার্কেট চত্বর, বয়রা বাজার মোড়, বৈকালী বাজার মোড়, লবণচরা বান্দা বাজার, পিটিআই মোড়, জাতিসংঘ পার্কের কাকলি বাগের সামনে, মহসীন কলেজ মোড়, খালিশপুর জুট মিল চত্বর, দৌলতপুর মীনাক্ষীর সামনে, ফুলবাড়ি গেট মোড়, শিরোমণি বাজার এবং ফুলতলা বাজারে টিসিবির পণ্য বিক্রি চলছে। এ ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত নগরের শিববাড়ি মোড়ে অবস্থিত টিসিবির আঞ্চলিক কার্যালয়ের বিক্রয়কেন্দ্র থেকে এসব পণ্য পাওয়া যাচ্ছে।

বেলা দেড়টার দিকে নগরের জাতিসংঘ পার্কের পাশে কাকলি বাগ এলাকায় গিয়ে দেখা যায়, টিসিবির ট্রাকের সামনে ক্রেতাদের ভিড়। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ টিসিবির পণ্য কিনছেন। ট্রাক থেকে অনেকে বেশি করে তেল কিনছেন। ক্রেতাদের লাইনের বাইরে থেকে পণ্য দেওয়ায় ডিলারের সঙ্গে ক্রেতাদের কথা-কাটাকাটি হতেও দেখা যায়।

নগরের মিস্ত্রিপাড়া এলাকার মশিউর রহমান নামের এক ক্রেতা বলেন, পণ্যের মান খুব ভালো, দামও কম। ৫ লিটার তেল বিক্রি হচ্ছে ৪০০ টাকায়, বাজারে যার দাম কমপক্ষে ৫২০ টাকা। চিনির দামও বাজারের চেয়ে অন্তত ১৫ টাকা এবং মসুর ডালের দাম অন্তত ২০ টাকা কম। তবে ডিলার শৃঙ্খলা মেনে পণ্য দিচ্ছেন না। এ জন্য মাঝেমধ্যে হট্টগোল বাঁধছে।

বেলা দুইটার সময় নগরের ময়লাপোতা মোড় এলাকায় গিয়ে দেখা যায়, ট্রাকে পেঁয়াজ ছাড়া কোনো পণ্য নেই। লোকজন আসছেন, কিন্তু পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন।

সেখানে হাবিবুল্লাহ নামের একজন ক্রেতা বলেন, ‘তেল ও চিনি নিতে এসেছিলাম। দেখছি, কিছুই নেই, শুধু পেঁয়াজ আছে। কিন্তু এখন তো পেঁয়াজের দাম বাজারেই নাগালের মধ্যে আছে। কাল আবার আসতে হবে।’

ময়লাপোতা মোড়ের টিসিবির ডিলার মেসার্স সেলিম ট্রেডার্সের মালিক মো. সেলিম বলেন, পণ্য বিক্রি ভালোই হচ্ছে। ক্রেতাদের আগ্রহও অনেক বেশি। সব পণ্যই বেলা একটার মধ্যে শেষ হয়েছে। ১০০ কেজি ডাল মাত্র এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। ক্রেতাদের সবচেয়ে আগ্রহ তেলে। এবারের টিসিবিতে আসা পোল্যান্ডের পেঁয়াজটা বেশ ভালো। তবে ক্রেতারা পেঁয়াজ একটু কম কিনছেন।

টিসিবি খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল মোর্শেদ প্রথম আলোকে বলেন, এবার তদারকিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সব পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে।

ইশারা ভাষায় ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ

0

বাত্‌ ও শ্রবণপ্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর বহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ ধারণ করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, অপি করিম, তাহসান খান, আরাফাত সুলতানা লতা, বিদ্যা সিনহা মিম, মাসুমা রহমান নাবিলা, মনোজ প্রামাণিক, আফরান নিশো ও গাওসুল আলম শাওনদের মতো মিডিয়া ব্যক্তিত্বকে দিয়ে ইশারার ভাষায় পুরো ভাষণটিকে ধারণ করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, বাংলাদেশের স্বাধীনতার এই অনবদ্য দলিল সব বাঙালিসহ সারা বিশ্বের মানুষের কাছে এক অনুপ্রেরণা হয়ে আছে। সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের লাখো বাব্‌ ও শ্রবণপ্রতিবন্ধীর মধ্যে এই অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার জন্য গ্রামীণফোন একটি ছোট্ট উদ্যোগ নিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে নিয়ে আসতে গ্রামীণফোন সব সময়ই চেষ্টা করে। এই উদ্যোগও এর ব্যতিক্রম নয়।

করোনার প্রভাব: বাংলাদেশে কয়েকটি বহুজাতিকে বাসায় থেকে কাজ

0

কর্মীদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে বাসায় বসে কাজ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশে কর্মরত কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান। এ তালিকায় রয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও নিত্যব্যবহার্য পণ্যের বিক্রেতা ইউনিলিভারের মতো প্রতিষ্ঠান।

বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা ‘অফিস ফ্রম হোম’ বা বাসায় থেকে কাজ করার বিষয়টি চালু করেনি, তারাও করোনাভাইরাস ঠেকাতে বাড়তি প্রস্তুতি ও সুরক্ষা ব্যবস্থা নিয়েছে। যেমন কেউ কেউ পালা করে কার্যালয়ে এসে কাজ করার ব্যবস্থা চালু করেছে, যাতে জনসমাগম কম হয়। কেউ কেউ আপাতত কার্যালয়ে অতিথিদের প্রবেশ নিষিদ্ধ করেছে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান সরবরাহকারী ও ক্রেতাদের সঙ্গে এখন অনলাইন ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করছে।

সব মিলিয়ে করোনাভাইরাসের কারণে দেশের করপোরেট খাতের কার্যক্রমে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। তারা বলছে, এতে পণ্য উৎপাদন ও সরবরাহে কোনো সমস্যা হবে না। কারণ, কেউই উৎপাদন বন্ধ বা সীমিত করার পদক্ষেপ নেয়নি। বিক্রি ও সরবরাহ ব্যবস্থাও সচল রাখা হয়েছে।

করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে গতকাল ১৫টি বহুজাতিক ব্যবসাপ্রতিষ্ঠান, উন্নয়ন–সহযোগী ও বেসরকারি বিদেশি সংস্থার প্রতিনিধির সঙ্গে প্রথম আলোর কথা হয়। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে।

জানতে চাইলে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, করোনার পরিপ্রেক্ষিতে তারা নিরাপত্তার পাশাপাশি মোবাইল সেবা চালু রাখতে একটি পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে যেসব কর্মী সরাসরি গ্রাহকসেবার সঙ্গে যুক্ত নন, তাঁদের বাসায় থেকে কাজ করতে উৎসাহিত করা হচ্ছে। আর যাঁরা সরাসরি গ্রাহকদের সেবা দেবেন, তাঁদের যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিতে বলা হয়েছে।

গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস মুহাম্মদ হাসান বলেন, গ্রামীণফোন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে, যেন সরাসরি যোগাযোগ যথাসম্ভব এড়িয়ে চলা যায়। কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা দেবে।

১৬টি বহুজাতিক প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তারা নানা ধরনের সুরক্ষা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

মোবাইল অপারেটর রবি আজিয়াটা ও বাংলালিংক কর্মীদের বাসায় থেকে কাজ করার নিয়ম চালু করেছে। রবির হেড অব করপোরেট অ্যাফেয়ার্স সাহেদ আলম জানান, তারা আগে থেকেই কর্মীদের ‘হোম অফিস’ সুবিধা দিয়ে আসছে। এখন সেটা আরও উৎসাহিত করছে। এদিকে বাংলালিংক জানিয়েছে, তারা কাল বুধবার থেকে দুই সপ্তাহের জন্য বেশির ভাগ কর্মীকে বাসায় বসে কাজ করতে বলেছে।

বহুজাতিক প্রতিষ্ঠানগুলো অনেকটা তাদের মূল কার্যালয়ের সঙ্গে মিলিয়ে এসব পদক্ষেপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে গতকাল সন্ধ্যা পর্যন্ত করোনা ছড়িয়েছে ১৫৮টি দেশে। আক্রান্তের মোট সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ১১১ জন। মারা গেছে ৬ হাজার ৬৬৪ জন। এর আগে সংস্থাটি গত ১২ মার্চ করোনাভাইরাসকে (কোভিড-১৯) মহামারি হিসেবে ঘোষণা করে।

বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বিশ্বব্যাপী তাদের কর্মীদের করোনার বিষয়ে নির্দেশনা দেয় গত শুক্রবার। এতে কী কী করতে হবে, কী কী করা থেকে বিরত থাকতে হবে, তা বলে দেওয়া হয়। যাঁরা কার্যালয়ে কাজ করেন তাঁদের বাড়িতে থেকে কাজের নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশেও ইউনিলিভার একই নীতি অনুসরণ করছে।

ইউনিলিভার বাংলাদেশের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশনস শামীমা আক্তার বলেন, ‘গত পরশু থেকে (শনিবার) আমরা বাসায় থেকে কাজ করা শুরু করেছি। এতে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হবে না। বাড়তি সুরক্ষা ব্যবস্থা নিয়ে কারখানা চালু রাখা হয়েছে।’

বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের কোম্পানি সচিব হাশিম রেজা বলেন, ‘আমরা কারখানা ও কার্যালয়ে অতিথিদের আগমন আপাতত পুরোপুরি বন্ধ রেখেছি। সরবরাহকারীদের অনলাইনে ভিডিও কনফারেন্সে কথা বলতে বলা হয়েছে। এ ছাড়া কর্মীদের আঙুলের ছাপে হাজিরা দেওয়ার বাধ্যতামূলক নিয়মটি বাতিল করা হয়েছে।’

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের সিনিয়র করপোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার আনোয়ারুল আমিন বলেন, ‘বাসায় থেকে কাজ করার মতো কোনো নির্দেশনা আমরা এখনো পাইনি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’

মার্কস অ্যান্ড স্পেনসারের ঢাকা কার্যালয় জানায়, তারা কর্মীদের পালা করে ঐচ্ছিকভাবে বাসায় থেকে অফিস করার সুযোগ দিয়েছে। এতে তাদের কার্যক্রম স্বাভাবিক আছে।

বাংলাদেশে কতগুলো বহুজাতিক প্রতিষ্ঠান ব্যবসা করে, তার তাৎক্ষণিক কোনো হিসাব পাওয়া যায়নি। তবে এ দেশে কর্মরত বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সদস্যসংখ্যা ১৮৮। অবশ্য বিনিয়োগকারীর সংখ্যা আরও অনেক বেশি। যেমন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) হিসাবে, এখন এ দেশে কাজ করা জাপানি কোম্পানিই ৩১০টি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে গত মাসে জানায়, বাংলাদেশে অন্তত ৪৪টি দেশের প্রায় আড়াই লাখ বিদেশি নাগরিক কাজ করেন। ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালের তথ্য নিয়ে এ গবেষণা চালানো হয়।

জানতে চাইলে ফরেন চেম্বারের সভাপতি রূপালী চৌধুরী বলেন, ‘আমরা করোনার ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছি। কর্মীদের বলা হচ্ছে, কারও সামান্য কোনো সমস্যা হলেও বাসায় থাকতে। কোনো জোর নেই। আমরা উৎপাদন বা সরবরাহ বন্ধ করছি না।’

এদিকে দেশীয় বেসরকারি কিছু প্রতিষ্ঠানের সঙ্গেও কাজের বিষয়ে গতকাল আলাপ হয়। তারা সতর্কতামূলক ব্যবস্থা নিলেও বাসায় থেকে কাজ করানোর মতো কোনো পদক্ষেপের কথা এখনো ভাবছে না বলে জানা গেছে।

উন্নয়ন–সহযোগীরাও সতর্ক

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঢাকা কার্যালয়ের কর্মীরা গতকাল পরীক্ষামূলকভাবে বাসায় অবস্থান করে অফিসের কাজকর্ম সেরেছেন। কর্মীরা অনলাইনে তাৎক্ষণিকভাবে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এডিবির ঢাকা কার্যালয়ের বহিঃসম্পর্ক বিভাগের প্রধান গোবিন্দ বর প্রথম আলোকে বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে এক দিন বাসায় থেকে কাজ করেছি। এভাবে দৈনন্দিন কাজ কতটা সম্পন্ন করা সম্ভব, তা জানতেই উদ্যোগটি নেওয়া হয়েছে। করোনার প্রাদুর্ভাবের মাত্রা বুঝে পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে বিশ্বব্যাংকের বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সব দেশের কার্যালয়ের কর্মীরা গত সপ্তাহে এক দিন বাসায় থেকে কাজ করেন। এতে অংশ নেন ৫৩০ জন কর্মী।

ভলান্টিয়ার সার্ভিসেস ওভারসিজ (ভিএসও) নামের একটি বহুজাতিক বেসরকারি সংস্থাও ‘রোটেশন’ ব্যবস্থা চালু করেছে। তাদের কর্মীরা পালা করে কার্যালয়ে যাচ্ছেন, যাতে সমাগম কম হয়।

ফুটবলেও চ্যাম্পিয়ন ছিলেন বঙ্গবন্ধু

0

তিনি ছিলেন রাজনীতির ময়দানের অবিসংবাদিত ব্যক্তিত্ব। বাঙালি জাতির জনক। পথপ্রদর্শক, মুক্তিদাতা। একজন সফল রাষ্ট্রনায়ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসব পরিচয় ছাপিয়েও ছিলেন বহুমাত্রিক এক ব্যক্তিত্ব। তিনি প্রাঞ্জল ভাষায় লিখেছেন আত্মজীবনী। কারাগারের প্রকোষ্ঠে বসে লিখেছেন গল্প। তাঁর লেখা ভ্রমণকাহিনি তো হার মানিয়ে দেয় অনেক সাহিত্যিককেই। বঙ্গবন্ধুর সাফল্য ছিল খেলার মাঠেও। অধিনায়ক হিসেবে সে সময় দেশের অন্যতম সেরা ফুটবল ক্লাব ঢাকা ওয়ান্ডারার্সকে জিতিয়েছিলেন শিরোপা।

বঙ্গবন্ধুর প্রিয় খেলা ছিল ফুটবল। স্কুলজীবনেই তিনি গোপালগঞ্জ জেলা ফুটবল দলে নাম লিখিয়েছিলেন। মাঠের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে তিনি অল্প দিনের মধ্যেই ওয়ান্ডারার্সে জায়গা করে নেন। সে সময় দেশের সেরা ফুটবলাররাই ওয়ান্ডারার্সে খেলার সুযোগ পেতেন। বঙ্গবন্ধু ১৯৪০ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত টানা আট বছর ঢাকা ওয়ান্ডারার্সের জার্সি গায়ে স্ট্রাইকার পজিশনে খেলেছেন। ১৯৪৩ সালে বগুড়ায় আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে বঙ্গবন্ধুর অধিনায়কত্বে শিরোপা জিতেছিল ওয়ান্ডারার্স।

পুরান ঢাকার কলতাবাজার ও চকবাজারের বাসিন্দারা মিলে ১৯৩৭ সালে গড়ে তোলেন ঢাকা ওয়ান্ডারার্স। অল্প দিনের মধ্যেই এটি দেশের জনপ্রিয় ক্লাবে পরিণত হয়। ফুটবল–হকিতে গঠিত হয় শক্তিশালী দল। এই ক্লাবই ১৯৫০, ১৯৫১, ১৯৫৩, ১৯৫৪, ১৯৫৫, ১৯৫৬ ও ১৯৬০ সালে ঢাকা ফুটবল লিগের শিরোপা জিতেছিল। পঞ্চাশের দশকে ওয়ান্ডারার্সের টানা চারবার লিগ শিরোপা জেতার রেকর্ড আজও দেশের ফুটবলের এক দুর্দান্ত ইতিহাস হয়ে আছে। তখন ক্লাবটির এমন শক্তিশালী হওয়ার পেছনে অগ্রণী ভূমিকা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
বঙ্গবন্ধুর ফুটবলপ্রেম উঠে এসেছে তাঁর লেখা অসমাপ্ত আত্মজীবনীতেও। নিজের ফুটবলস্মৃতি নিয়ে তিনি লিখেছেন, ‘আমার আব্বাও ভালো খেলোয়াড় ছিলেন। তিনি অফিসার্স ক্লাবের সেক্রেটারি ছিলেন। আমি মিশন স্কুলের ক্যাপ্টেন ছিলাম। আব্বার টিম আর আমার টিমের যখন খেলা হতো, তখন জনসাধারণ খুব উপভোগ করত। আমাদের স্কুল টিম খুব ভালো ছিল। মহকুমায় যারা ভালো খেলোয়াড় ছিল, তাদের এনে ভর্তি করতাম এবং বেতন ফ্রি করে দিতাম। ১৯৪০ সালে আব্বার টিমকে আমার স্কুল টিম প্রায় সকল খেলায় পরাজিত করল। অফিসার্স ক্লাবের টাকার অভাব ছিল না। খেলোয়াড়দের বাইরে থেকে আনত। সবাই নামকরা খেলোয়াড়।’
রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ায় বঙ্গবন্ধুর খেলোয়াড়ি জীবনের ইতি ঘটে যায় আপনা–আপনিই। তাঁর বাকি জীবনের কথা তো ইতিহাস। ধীরে ধীরে নিজের মেধা আর যোগ্যতা দিয়ে হয়ে ওঠেন বাঙালির মুক্তির পথপ্রদর্শক, অবিসংবাদিত নেতা। বজ্রকণ্ঠে আওয়াজ তুলে ঘুমন্ত বাঙালিকে তিনিই উদ্বুদ্ধ করেন স্বাধীনতাসংগ্রামে।
ক্রীড়াপাগল বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত, সদ্য স্বাধীন বাংলাদেশেও খেলাধুলাকে ভুলে থাকেননি। ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে গঠন করেন জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা। বাংলাদেশে ঘরোয়া খেলাধুলার শুরু তখন থেকেই। আর্থিক সংকটের মধ্যেও দেশের খেলাধুলার অবকাঠামো উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করে যান বঙ্গবন্ধু। দেশের শীর্ষ ও গুরুত্বপূর্ণ ক্রীড়া ফেডারেশনগুলো তাঁর হাতেই গড়া। ১৯৭৪ সালে তো ফিফার সদস্যপদও পেয়ে যায় বাংলাদেশ।

পাকিস্তানে খেলে করোনার লক্ষণ হেলসের

0

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ পিএসএলে খেলতে গিয়েছিলেন ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস। ইংল্যান্ডে ফেরার পর তাঁর শরীরে দেখা দিয়েছে করোনাভাইরাসের লক্ষণ

করোনা-আতঙ্কে স্থগিত হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এক বিদেশি ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে—এমন একটা তথ্য দিয়েই সেমিফাইনাল শুরুর ঘণ্টাদুয়েক আগে এ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাবেক পাকিস্তানি অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজাও এক সাক্ষাৎকারে সেই ‘বিদেশি ক্রিকেটারে’র নাম জানানোর পর থেকেই শুরু হয়েছে তোলপাড়। রমিজ জানান, ‘সেই বিদেশি ক্রিকেটার খুব সম্ভবত অ্যালেক্স হেলস।’

আজ নিজের টুইটারে ইংলিশ ক্রিকেটার হেলস স্বীকার করেছেন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ আছে তাঁর শরীরে। এ কারণে নিজেকে আলাদা করে রেখেছেন বলেও জানিয়েছেন, ‘শনিবার ভোরে যখন যুক্তরাজ্যে ফিরলাম আমি পুরো সুস্থ ছিলাম। সে সময়ে আমার শরীরে ভাইরাসটির কোনো উপসর্গই ছিল না। যা হোক, রোববার সকালে আমার ঘুম ভাঙে জ্বর নিয়ে। এরপরই সরকারি পরামর্শ অনুযায়ী নিজেকে আলাদা করে রেখেছি। এরপর আমার খুসখুসে কাশিও হচ্ছে। এই মুহূর্তে আমার পরীক্ষা করা সম্ভব হয়নি। তবে আশা করছি দিনের শেষভাগে পরীক্ষা করাতে পারব। এরপরই আমার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাতে পারব।’

এই বিবৃতির আগে হেলসের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিয়ে কাঁদা ছোড়াছুড়ি কম হয়নি। রমিজ তাঁর সাক্ষাৎকারে হেলসের শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়ার কথা বললেও আজমল জামি নামের এক পাকিস্তানি সাংবাদিক হেলসের করোনা হয়েছে বলেই টুইট করেন। হেলস খেপে গিয়ে টুইট করেন, তাঁর করোনা-আক্রান্ত হওয়ার খবরটি ‘ভুয়া’। সেই সাংবাদিকের টুইটের উত্তরে তিনি লেখেন, ‘ভুয়া খবর প্রচার বন্ধ করুন। এটি খুবই বিপজ্জনক আচরণ’। এরপর দুনিয়া নিউজের ওই সাংবাদিক হেলসের কাছে ক্ষমা চেয়ে টুইটটি মুছে দিয়ে দাবি করেন গালফ নিউজের ‘ভুয়া’ খবরে বিভ্রান্ত হয়েছিলেন তিনি। গালফ নিউজও পরে সংশোধন করে খবরটি।

তবে রমিজ টুইট করে জানিয়েছেন, ‘হেলসকে নিয়ে সর্বশেষ খবর হলো তিনি নিজেকে আলাদা করে রেখেছেন। যদিও তাঁর কোনো করোনাপরীক্ষা করা হয়নি। আমি নিজেও করোনা-পরীক্ষার জন্য তৈরি।’

এবারের পিএসএলে করাচি কিংসের হয়ে দুর্দান্ত খেলছিলেন হেলস। দেশে ফেরার আগে ৫৯ গড়ে ২৩৯ রান করেছিলেন তিনি। করোনার ছড়িয়ে পড়ার মুখে তিনি তাঁর স্বদেশি জেসন রয়, জেমস ভিন্স আর টাইমাল মিলসের সঙ্গে দেশে ফিরে যান।

এর আগে পিসিবি জানিয়েছিল, ‘যে বিদেশি ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে, তিনি ইতিমধ্যেই পাকিস্তান ত্যাগ করেছেন। এ কারণে পিএসএল ২০২০ স্থগিত করা হয়েছে। প্রতিটি দিন যাচ্ছে আর অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। পিসিবি পুরো পরিস্থিতির দিকে গভীর দৃষ্টি রাখছে। এবং প্রতিরোধক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোর ইচ্ছে নেই অস্ট্রেলিয়ার

0

করোনাভাইরাসে থমকে আছে ক্রীড়াঙ্গন। আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে গেছে। ঘরোয়া ক্রিকেটও প্রায় সব দেশেই স্থগিত। সবাইকে বিস্মিত করে একমাত্র পাকিস্তান সুপার লিগই চলছিল পুরোদমে। স্টেডিয়াম শূন্য করে ঘরের মাঠে প্রথম পিএসএল আয়োজন সফল করার চেষ্টা আজ সেমিফাইনালেই থামিয়ে দিয়েছে পাকিস্তান। এ অবস্থায় ২০২০ সালের পরবর্তী ক্রিকেট সূচি নিয়ে শঙ্কা জাগাটাই স্বাভাবিক। পরিস্থিতি স্বাভাবিক হলেও সব পূর্বনির্ধারিত সিরিজ আয়োজন কি সম্ভব?

ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য সে আশাই করছে। করোনা পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখনো সে ব্যাপারে কারও কোনো ধারণা নেই। এ বাস্তবতা মেনে নিয়েও অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সঠিক সময়ে আয়োজনের আশা করছে আয়োজক কমিটি। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজন নিয়ে এখনো কোনো দ্বিধা নেই তাঁদের মনে।

আগামী ১৮ থেকে ২৩ অক্টোবর বিশ্বকাপের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখানে অংশ নিয়েই বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যেতে হবে। ১২ দলের দ্বিতীয় পর্ব শুরু হবে ২৪ অক্টোবর। অস্ট্রেলিয়ার জন্য চিন্তার বিষয় হলো, ২৪ তারিখের দুটো ম্যাচের ভেন্যু সিডনি ও পার্থ। এ দুই ভেন্যুতে অস্ট্রেলিয়ান ফুটবলও খেলা হয়। করোনার কারণে অস্ট্রেলিয়ান ফুটবল লিগের খেলা পেছাচ্ছে। ফলে এই লিগের খেলাও অক্টোবরে গড়াতে পারে। সে ক্ষেত্রে ভেন্যু নিয়ে সংকটে পড়ে যাবে সিএ।

রবার্টস অবশ্য আশা করছেন, সময় মতোই সবকিছু হবে, ‘আমরা আশায় আছি, আগামী কয়েক সপ্তাহে বা মাসে আবার সব ধরনের খেলা মাঠে গড়াবে। এমন পরিস্থিতির ব্যাপারে আমাদের কারওই ভালো ধারণা নেই। তাই শুধু আশা করছি অক্টোবর ও নভেম্বরে যখন ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় হবে, তখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এখন আমরা ১৫ নভেম্বর (বিশ্বকাপ ফাইনাল) নিয়ে পরিকল্পনা করছি। আশা করছি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রতিটি আসন ভর্তি থাকবে। কয়েক সপ্তাহ আগে মেয়েদের ক্রিকেটাররা যেভাবে পুরো বিশ্বকে অনুপ্রেরণা দিয়েছে, ছেলেদের ক্রিকেটও তাই করবে।’

রাস্তায় রাস্তায় সিঁথির মাস্ক বিতরণ

0

করোনাভাইরাসের আতঙ্ক এখন বিশ্বজুড়ে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব পড়ছে বিনোদনের ভুবনেও। এবার করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে রাস্তায় নামলেন সংগীতশিল্পী সিঁথি সাহা। ধানমন্ডি, সংসদ ভবন, বাংলামোটর, শাহবাগ ও পল্টন এলাকার রাস্তায় ঘুরে ঘুরে রিকশাওয়ালা, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, ট্রাফিক পুলিশ, পথশিশু ও শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক বিতরণ করলেন তিনি।

মঙ্গলবার বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই শিল্পী তাঁর ছোট ভাইকে সঙ্গে নিয়ে প্রায় সাত শ মাস্ক বিতরণ করেন। এ ব্যাপারে সিঁথি সাহা বলেন, ‘এটি আমার ক্ষুদ্র প্রয়াস। আমি ছোট মানুষ, আমার সামর্থ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব ততটুকু করলাম। সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য কিছু করা বলতে পারেন।’
সিঁথি বলেন, করোনাভাইরাস থেকে বাঁচতে মাস্কটা ব্যবহার করলে সুবিধা হবে। আক্রান্ত মানুষ মাস্ক ব্যবহার করলে তার থেকে এটি ছড়ানোর সুযোগ কম। আবার একজন সুস্থ মানুষের নিরাপত্তার জন্য এটি ব্যবহার করলে ভালো।

সিঁথি আরও বলেন, ‘আমরা যাঁরা মিডিয়াতে কাজ করি, তাঁদের কারও হাজার হাজার, কারও লাখ লাখ অনুসারী আছেন। তাঁদের বিশ্বাসও করেন অনুসারীরা। তাই মিডিয়ার লোকজন এ ধরনের সচেতনতা বৃদ্ধির জন্য পদক্ষেপ নিলে আতঙ্কিত সাধারণ মানুষের উপকার হবে।’
সিঁথি বলেন, অনেক সাধারণ মানুষ মিডিয়ার মানুষকে অনুসরণ করে। তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে বিনোদনের সব ক্ষেত্রের তারকারা কাজ করতে পারেন। যাঁর যাঁর জায়গা থেকে যদি এভাবে কাজ করা হয়, করোনার আতঙ্ক অনেকটাই কেটে যাবে।

দখিন হাওয়ায় কোয়ারেন্টিনে শাওন

0

দশ দিনের জন্য গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। দেশে ফিরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে গেলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। গতকাল বিকেল পাঁচটা থেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন পর্ব শুরু করেছেন তিনি। যা চলবে আগামী ১৩ দিন। আজ দুপুরে তেমনটাই জানালেন অভিনয়শিল্পী শাওন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বইমেলায় অংশ নিতে গত ৫ মার্চ যুক্তরাষ্ট্রে পৌঁছান শাওন। প্রয়োজনীয় কাজ শেষে স্থানীয় সময় ১৫ মার্চ নিউইয়র্ক ছাড়েন তিনি। গতকাল সোমবার তিনি বাংলাদেশে ফিরেছেন। ধানমন্ডির দখিন হাওয়া বাড়িটির একটি কক্ষে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।

শাওন বলেন, ‘এটা আমার একক সিদ্ধান্ত। কেউ আমাকে কিছু বলেনি। দেশে ফেরার সময় কোনো বিমানবন্দর থেকেও কিছু জানায়নি। আমি যখন নিউইয়র্ক থেকে আসছিলাম, বিমানবন্দরে অনেককেই মাস্ক ছাড়া দেখেছি, যদিও আমরা জানি মাস্ক জরুরি কিছু না। তারপরও আমার কাছে মনে হয়েছে, কেউ না কেউ তাদের শরীরে করোনাভাইরাস বহন করতে পারে। আমার কাছে মনে হয়েছে, দেশে আসার সময় বিমানবন্দরে লাগেজের যে ট্রলিটা আমি স্পর্শ করেছি, বিমানের যে আসনে বসেছি, তা আমার আগে কেউ না না কেউ ব্যবহার করেছেন। সেগুলো যতই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হোক না কেন। তারপরও মনের মধ্যে প্রশ্ন থেকে যায়, সঠিকভাবে করেছে কী? আমার সন্তানেরা ছোট, বাবা-মা সিক্সটি আপ, সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে, আমার পরিবারের জন্য, আশপাশের মানুষদের জন্য আমার সচেতন থাকা উচিত। দেশে আসার আগেই সিদ্ধান্ত নিয়েছি, হোম কোয়ারেন্টাইনে যাব। আমার বাবা-মা এবং সন্তানদের তা জানিয়েও দিয়েছি।’

শাওন আরও বলেন, ‘আমার কিন্তু জ্বর, ঠান্ডা, কাশি কিছুই নেই। আশা করছি কিছুই হয়নি। তারপরও বাইরে থেকে যেহেতু এসেছি, দুবাই, ইতালি এবং ইরানের ফ্লাইটও ছিল। সেখানে যে কেউ করোনাভাইরাস বহন করেনি, তা তো নিশ্চিত না। তাই নিজের নিরাপত্তা নিজেই নিচ্ছি। কারও মাধ্যমে যদি আমি করোনা বহন করেও থাকি, তাহলে আমার দ্বারা যেন কেউ সংক্রমিত না হয়।’

এদিকে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে শাওন লেখেন, ‘বেশ আগে প্রতিশ্রুতি দেওয়া একটি বইমেলায় অংশ নিতে আমেরিকায় গিয়েছিলাম। ওয়াশিংটনে প্রকোপ থাকলেও নিউইয়র্কে করোনা প্রকাশ পায়নি তখনো। ভাইরাসটির সংক্রমণ বাড়ার পরপরই আমেরিকার বিভিন্ন স্টেটে সতর্ক বার্তা জারি হয়ে যায়। তারপর ঘর থেকে বের হইনি। এ বছর মে মাসের ৩০ ও ৩১ তারিখে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন ২০২০-এর সংবাদ সম্মেলন বাতিল এবং মূল অনুষ্ঠানের তারিখ স্থগিত করা হয় তৎক্ষণাৎ। প্রতি মুহূর্তের খবর দেখছিলাম আর ভাবছিলাম বাচ্চাদের কাছে ফিরতে পারব তো?’

শাওন আরও লেখেন, ‘পরম করুণাময়ের অশেষ কৃপায় গতকাল দেশে ফিরেছি। ঢাকা এয়ারপোর্টে স্বাস্থ্য বিষয়ক সতর্ক অবস্থান দেখে ভালো লাগলেও দুবাই থেকে ফেরার ফ্লাইটে মধ্যপ্রাচ্যের যাত্রীদের গণ হারে প্যারাসিটামল কিংবা প্যানাডল খেয়ে “জ্বর যেন না ওঠে তাহলে মেশিনে আটকায়ে দেবে” ধরনের আচরণ খুব আশঙ্কাজনক লেগেছে! ‘কোয়ারেন্টাইন’ শব্দটার প্রতি এক অজানা ভীতিতে সবাই। মাত্র ১৪ দিন নিয়ম মেনে আলাদা থাকলে পরিবারের অন্য সদস্যরা করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিমুক্ত থাকবে, এই কথা ৪/৫ জনকে বোঝাবার চেষ্টা করে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি আমি। তবে নিজের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম নিউইয়র্ক থেকে রওনা হওয়ার একদিন আগেই। আব্বু-আম্মুর সঙ্গে কথা বলে রেখেছিলাম, তারা দুজন সায় দিয়েছেন। নিনিত এবং নিষাদ দুজনকেই বুঝিয়ে বলেছেন। পুত্রদ্বয়ও বিষয়টা সুন্দরভাবেই গ্রহণ করেছে। আমি গতকাল থেকে আমার ধানমন্ডির বাসায় সবার থেকে আলাদা (হোম কোয়ারেন্টাইন শব্দটিতে আমারও ভয় লাগে!) আছি। আমার মা’র বাড়িতে থাকা পুত্রদের সঙ্গে ঘণ্টায় ঘণ্টায় ভিডিও কলে কথা হচ্ছে। বাসায় ফেরার পর গতকাল রাতে প্রতিবেশী স্বর্ণা ভাবি জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাতে চাইলে তাঁকে বারণ করেছি। তিনি বুঝতে পেরেছেন এবং ৩/৪ হাত দূরে দাঁড়িয়ে খাবার দিয়ে গেছেন। দখিন হাওয়া’য় আমার বাসার দরজা প্রথমবারের জন্য তালাবন্ধ রাখা হয়েছে! সবাই ভালো থাকবার চেষ্টা করবেন। অন্যদের ব্যাপারেও সচেতন থাকবেন।’

যা বলে সতর্ক করছেন তারকারা

0

আতঙ্ক না ছড়িয়ে সতর্কতার বার্তা ছড়ানোয় এগিয়ে এসেছেন তারকারা। পরিচ্ছন্ন ও নিরাপদ থাকার নানা পরামর্শ দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই তুলে ধরছেন করোনার ভয়াবহতা। নিজে সতর্ক হয়ে অন্যদের সতর্ক করার জন্য নানা পরামর্শ দিয়েছেন সিনেমা, নাটক ও গানের তারকারা।

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা গতকাল ফেসবুকে নিজের পেজে লেখেন, ‘ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস করুন সবাই। সবচেয়ে জরুরি কথা স্যানিটাইজ করুন আপনার মোবাইল ফোনও।’ কীভাবে মোবাইল ফোন স্যানিটাইজ বা জীবাণুমুক্ত করা যায় এবং কীভাবে হাত ধুতে হবে তার একটি ছবি পোস্টে জুড়ে দেন তিনি। অভিনেতা আফরান নিশো লিখেছেন, ‘আমি করোনাকে ভয় করি না। তুমিও কি আমার মতো?’ তার এই পোস্ট শেয়ার করেছেন প্রায় ৩শ ভক্ত-অনুসারী।

শিল্পী তাহসান খান গত ১৪ মার্চ এক পোস্টে লিখেছেন, ‘এখনো বিচলিত হওয়ার মতো কিছু হয়নি। তবুও সবাই সাবধানে থাকি। সঠিক তথ্য প্রচারে সচেষ্ট হই।’ তিনি জানান, যারা চিকিৎসা নিতে যাচ্ছেন, তাঁদের উচিত চিকিৎসকদের সঠিক তথ্য দেওয়া। তা ছাড়া সরকারি অনেক বার্তা মোবাইল ফোনে আসছে, সেগুলো এড়িয়ে যাওয়া চলবে না। মনোযোগ দিয়ে সেগুলো দেখে নিজে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। পড়শি লিখেছেন, ‘আমরা সবাই মিলে চাইলে এই ভাইরাস প্রতিরোধে করতে পারব। সবাই নিরাপদে থাকুন।’ কীভাবে এই ভাইরাস প্রতিরোধ করা যায়, সতর্কতামূলক এমন একটি পোস্ট শেয়ার করেছেন তিনি।

বেশ কিছু পোস্ট ফেসবুকে শেয়ার করেছেন আঁখি আলমগীর। সচেতনতামূলক এক বার্তায় তিনি লিখেছেন, ‘আমরা স্বীকার করি বা না করি, আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা সামনে কতটা ভয়াবহ হবে তা আমরা কেউ জানি না। করোনা, ডেঙ্গু বা যে কোন মহামারির পরবর্তী সংকট হতে পারে বন্যা, খরা এবং দূর্ভিক্ষ।’ অভিনেত্রী আশনা হাবীব ভাবনা করোনাভাইরাস নিয়ে সতর্ক করে লিখেছেন, ‘আমরা সবাই এর মধ্যে আছি। সবাই সচেতন থাকি। কোভিড-১৯ নামের এই ভাইরাস বিস্তার রোধে সবার সাধ্যের মধ্যে যা আছে চেষ্টা করি।’ গত রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা একটি ছবিতে ভাবনাকে দেখা যায় একটি সুপার শপে মুখে মাস্ক পরে কেনাকাটা করছেন।

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সবার উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন ফেসবুকে। তাঁর পোস্টের একটি অংশে তিনি লিখেছেন, ‘আসুন উজ্জীবিত থাকি। বারবার হাত ধুই। সেই সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক এড়িয়ে চলি।’ চলচ্চিত্র অভিনেত্রী নিপুন আক্তারের একটি স্ট্যাটাস প্রায় হাজার খানিক ভক্ত শেয়ার করেছেন। তার স্ট্যাটাসে লেখা ছিল, ‘ফুসফুসে পৌঁছানোর আগে করোনাভাইরাস চার দিনের জন্য গলায় থাকে। এই সময়ে গলায় কাশি শুরু হয় এবং ব্যথা শুরু হয়। তখন প্রচুর পানি পান করুন, গরম পানির সঙ্গে লবণ এবং ভিনেগার মিলিয়ে ভাইরাসটি নির্মূল করা সম্ভব।’

বেশ কিছু পোস্ট শেয়ার করেছেন আঁখি আলমগীর।
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তাঁর লিখেছেন, আরও জানব, আরও মানব। অভিনেতা জোভান শুটিং ইউনিটে একজন ক্যামেরাম্যানের সঙ্গে সচেতনতামূলক একটি ভিডিও দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, তিনি একজন ক্যামেরাম্যানের সঙ্গে হাত মেলাতে গিয়েও হাত সরিয়ে নিচ্ছেন। এই অভিনেতা বলেন, ‘এখন করোনা নিয়ে সবাই সতর্ক। সবার মধ্যে কিছু সচেতনতা দরকার। সেই জায়গা থেকেই ভিডিওটি শুটিং সেঁটে তৈরি করা হয়েছে।’

অভিনেত্রী মৌসুমি হামিদ করোনা নিয়ে ফেসবুক লাইভে আসেন। সেখানে তিনি বলেছেন, করোনা ভাইরাস মারাত্মক। সবাই এ সম্পর্কে জানে। এ জন্য সবার আগে নিজে সতর্ক হোন। নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন হোন। কেউ আতঙ্কিত হবে না। প্রতিদিন ২০ বার হাত ধোন। সতর্কতার সঙ্গে হাঁচি-কাশি দেবেন এবং এই সময় টিস্যু বা কাপড় ব্যবহার করবেন।’

ছোট পর্দার নির্মাতা মাবরুর রশিদ বান্না লিখেছেন, ‘আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে।’ বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। সেগুলোয় দেখা যাচ্ছে, কীভাবে করোনা ভাইরাস ছড়ায়। আরেক নির্মাতা সাজ্জাদ সুমন আজ লিখেছেন, ‘আজ সারা দিন আর করোনা নিউজ দেখব না। এই সময় বই পড়ব। হাত ধোয়ার পাশাপাশি একটা নতুন অভিজ্ঞতা হোক।’

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে বিএনপি কুণ্ঠিত : নাসিম

0

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, যে মহামানব সৃষ্টি না হলে বাংলাদেশে কেউ চিনত না তাকে শ্রদ্ধা জানাতে কুণ্ঠিত। বিএনপি-জামায়াতের তাকে কুণ্ঠিত হবে কেন? ভারত দল নির্বিশেষে সকলেই মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করে। কোনো একটা লোক পাবেন না যে তারা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করে না। কিন্তু বিএনপি এমন একটা পর্যায়ে চলে গিয়েছে শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করেছে খালেদা জিয়া। বাংলাদেশের জনগণ তাদের ধিক্কার জানায়।

আজ মঙ্গলবার ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’ উপলক্ষে অসহায়, এতিম, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য, বস্তু, ও করোনাভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, এতো বড় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে বিএনপি একটি অনুষ্ঠান করতে পারল না। আমরা বলতে চাই বিএনপি কি করল, না করল, তা আমরা দেখতে চাই না, বলতে চাই না।

তিনি বলেন, বিএনপি এখনও ছোট মনের পরিচয় দিয়ে রাজনীতি করে। বঙ্গবন্ধুর জন্মগ্রহণ না করলে কোনো দিনও আমরা স্বাধীন হতে পারতাম না। আমরা কেউ স্বাধীনতাভাবে চলতে পারতাম না। এই মহামানব দুনিয়ার শ্রদ্ধায় মহিমান্বিত হয়েছেন। বিএনপি-জামায়াত গোষ্ঠীর বিরোধিতা দেখে আমি কুণ্ঠিত হয়েছে যাই, আমি বিস্মিত হয়ে যাই।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধ করার জন্য বিশাল উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতেও ডেঙ্গুর বিরুদ্ধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিলেন। ভাইরাসের মতো এতো প্রার্দুভাবের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এতো আজ সারা দুনিয়া আক্রান্ত হয়েছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এই ভাইরাসের প্রাদুর্ভাবকে আমরা প্রতিরোধ করতে পারছি এবং পারব।

ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান এ কে এম রহমত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ আফজাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনিবাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রকৌশলী মো. মোজাফফর হোসেনসহ অনেকে।