Home Blog Page 3085

করোনাভাইরাস: ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ

0

করোনাভাইরাসের আতঙ্কে বিনোদন–দুনিয়া স্থবির হতে চলেছে। বিনোদন–বিশ্বের পর করোনার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের চলচ্চিত্র অঙ্গনে। বড় আঘাত এসেছে কনসার্টের ওপর। গানের মৌসুমে বাতিল হয়ে গেছে বহু কনসার্ট। বিদেশে স্টেজ শোতে যাওয়া হয়নি অনেক শিল্পীর। বেশ কিছু ছবির মুক্তি পিছিয়ে গেছে। সিনেমা হলে কমে গেছে দর্শক। এ অবস্থায় শুটিং থেমে নেই। নাটক, সিনেমার শুটিং স্পটে আতঙ্ক থাকলেও কাজ বন্ধের খবর মেলেনি। তবে সে রকম খবরও আসতে পারে অচিরেই। প্রথমেই এসেছে সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত।

দর্শক কমে যাওয়ায় এবং স্বাস্থ্যঝুঁকির কারণে সিনেমা হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ প্রথম আলোকে জানিয়েছেন, হল বন্ধ রাখার ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত হয়ে গেছে। ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব সিনেমা হল। তবে সিনেপ্লেক্সগুলো এর আওতার বাইরে থাকবে।

শোবিজের সংগঠনগুলো করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। শুটিং, ডাবিংয়ের অবাধ গতিকে টেনে ধরা হবে কি না, তা নিয়ে ভাবছেন সংগঠনের কর্তাব্যক্তিরা। নিজেদের মধ্যে কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল। এবার তার একটা সাংগঠনিক রূপদেখা দিতে পারে।

চলচ্চিত্র প্রযোজক পরিচালক সমিতির সভাপতি খোরশেদ আলমের কাছে জানতে চাওয়া হয়, করোনা নিয়ে তাঁর ভাবনার কথা। তিনি জানান, কালকের (মঙ্গলবার) পর চলচ্চিত্রের সব সংগঠনকে নিয়ে তাঁরা বসবেন। প্রাথমিকভাবে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। এবার একটি বৈঠক ডেকে সবাই বসে সিদ্ধান্ত নেবেন, কী করা যেতে পারে। খসরু বলেন, ‘বহু দেশের সিনেমা হল বন্ধ হয়ে গেছে। বড় বড় লিগের খেলা বন্ধ হয়ে গেছে। আমাদের হল খোলা রেখে লাভ কী?’

ভারতের মুম্বাইয়ের ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে অল ইন্ডিয়া প্রডিউসারস অ্যাসোসিয়েশন (ইমপা)। মাত্র তিন দিনের মধ্যে বকেয়া কাজ শেষ করে ১৯ তারিখ থেকে শুটিং বন্ধের বিজ্ঞপ্তি দেয় সংগঠনটি। এ রকম কোনো নির্দেশনা দেশের শোবিজ সংগঠনগুলো দেবে কি?

করোনাকে কারণ দেখিয়ে ১৩ মার্চের ছবি মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘উনপঞ্চাশ বাতাস’ পিছিয়ে গেছে। পিছিয়ে গেছে ২০ মার্চর দুটি ছবি দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ও সুজন বড়ুয়া পরিচালিত ‘বান্ধব’। ২৭ মার্চের ছবি চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ নিয়েও আছে শঙ্কা। সব মিলিয়ে করোনায় স্থবির হওয়ার পথে শোবিজ।

৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

0

করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণে আগামীকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। আজ সোমবার শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী
এ তথ্য জানান।

এদিকে পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে শিক্ষা কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়েছে। ৩৬ জন শিক্ষকের অভিমতের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমন আতঙ্কে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি কমে আসছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ক্লাস বর্জন শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষকেরাও বিবৃতি দিয়ে ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় এত দিন বলে আসছিল এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। কিন্তু গতকাল রোববার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে নাকি বন্ধ রাখা হবে, সেটা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা মত দিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত বন্ধ করে দেওয়া উচিত। ইতিমধ্যে করোনা–আতঙ্কে স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বড় অংশ ক্লাসে যাওয়া থেকে বিরত থাকছেন।

গতকালও রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি কম ছিল। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম গতকাল তাঁর প্রতিষ্ঠানে ৫০ থেকে ৬০ শতাংশ উপস্থিতির কথা জানান। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়া বলেন, গতকাল চতুর্থ শ্রেণির প্রভাতি শাখায় উপস্থিতি কম ছিল। আর দিবা শাখায় উপস্থিতি ছিল ৫০ শতাংশের বেশি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯৬টি বিভাগ ও ইনস্টিটিউটের মধ্যে অন্তত ৪০টির শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। বুয়েটের শিক্ষার্থীরা আগের দিনের মতো গতকালও কোনো ক্লাস করেননি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্যাম্পাস বন্ধের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সব বর্ষের শিক্ষার্থীরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (রুয়েট) শিক্ষার্থী উপস্থিতি কমেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ থেকে ক্লাস পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষার্থীরাও ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

৩ মাসে আন্তর্জাতিক ফ্লাইট কমেছে ২৩৭

0

করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে যেমন প্রাণহানি ঘটছে, ঠিক তেমনি যোগাযোগব্যবস্থাও অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বড় প্রভাব পড়েছে আকাশপথে। বাংলাদেশের এভিয়েশন খাতে বড় ধরনের আঘাত এসে পড়েছে।

দেশি-বিদেশি মিলিয়ে বাংলাদেশ থেকে ২৮টি বিমান সংস্থা প্রতি সপ্তাহে ৬০৬টি ফ্লাইট পরিচালনা করত। সেই সংখ্যা এখন ৩৬৯–এ নেমে এসেছে। সব মিলিয়ে গত আড়াই মাসে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বিভিন্ন রুটের ২৩৭টি ফ্লাইট কমে গেছে।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি মিলিয়ে মোট ২৮টি বিমান সংস্থা যাত্রী পরিবহন করে থাকে। এর মধ্যে দেশীয় বিমান সংস্থা রয়েছে চারটি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে এই ২৮টি বিমান সংস্থার প্রতি সপ্তাহে বাংলাদেশ থেকে মোট ৬০৬টি ফ্লাইট ছেড়ে যেত। কিন্তু তিন মাসের ব্যবধানে এই সংখ্যা বর্তমানে ৩৬৯–এ নেমে এসেছে। অর্থাৎ, ২৮টি বিমান সংস্থা গত জানুয়ারি মাস থেকে ১৫ মার্চ পর্যন্ত আড়াই মাসে ফ্লাইটের সংখ্যা ২৩৭টি কমিয়ে দিয়েছে। সেই হিসাবে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বিভিন্ন রুটে ৩৩ দশমিক ৫৭ শতাংশ ফ্লাইট কমে গেছে।

দেশি-বিদেশি বিমান সংস্থাগুলোর মধ্যে এই ফ্লাইট কমে যাওয়ায় তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের চারটি বিমান সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইনস, নভোএয়ার, ইউএস-বাংলা এয়ারলাইনস এবং রিজেন্ট এয়ারওয়েজ।

চারটি বিমান সংস্থা প্রতি সপ্তাহে সর্বমোট ৩০১টি ফ্লাইট বাংলাদেশ থেকে পরিচালনা করত। এগুলোর মধ্যে বিমানের প্রতি সপ্তাহে আন্তর্জাতিক ফ্লাইট ছিল ২১৮টি। করোনাভাইরাসের কারণে যাত্রী কমে যাওয়ায় বিমান বর্তমানে ৮৩টি ফ্লাইট পরিচালনা করছে। তাদের ১৭টি আন্তর্জাতিক রুটের মধ্যে বর্তমানে মাত্র ৮টি রুট চালু রয়েছে। বিমানের সাপ্তাহিক ১৩৪টি ফ্লাইট বাতিল করে দিয়েছে।

দেশের তিনটি বেসরকারি বিমান সংস্থার মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস মধ্যপ্রাচ্য এবং প্রাচ্যের বিভিন্ন দেশে প্রতি সপ্তাহে বাংলাদেশ থেকে ৪৯টি ফ্লাইট পরিচালনা করত। এটি বর্তমানে ২৮টিতে নেমে এসেছে। ইউএস-বাংলার সাপ্তাহিক ফ্লাইট কমে গিয়েছে ২১টি।

চারটি দেশীয় বিমান সংস্থার প্রতি সপ্তাহে আন্তর্জাতিক ফ্লাইট ছিল ৩০১টি, বর্তমানে চলছে ১৭৬টি
২৪ বিদেশি বিমান সংস্থার মধ্যে ১৫টির সাপ্তাহিক ফ্লাইট কমেছে
২৪টি বিদেশি বিমান সংস্থার প্রতি সপ্তাহে মোট ফ্লাইট ছিল ৩০৫টি, ১১২টি ফ্লাইট কমে এই সংখ্যা বর্তমানে ১৯৩

আরেকটি বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে ২৭টি ফ্লাইট পরিচালনা করত। এর মধ্যে ভারতের কলকাতায় তাদের সাপ্তাহিক ফ্লাইট ছিল ১৪টি। ভারত ভ্রমণ ভিসা বাতিল ও স্থগিত করায় রিজেন্ট এয়ারওয়েজ বর্তমানে ওমানের মাস্কাট, মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং সিঙ্গাপুর রুটে প্রতি সপ্তাহে ১৩টি ফ্লাইট পরিচালনা করছে। অন্যদিকে নভোএয়ার শুধু কলকাতায় প্রতি সপ্তাহে সাতটি আন্তর্জাতিক ফ্লাইট চালাত। তাদের এসব ফ্লাইট এখন বন্ধ রয়েছে।

বিদেশি ২৪টি বিমান সংস্থার মধ্যে এয়ার অ্যারাবিয়ার প্রতি সপ্তাহে ফ্লাইট ছিল ২৮টি, এখন চলছে ১৪টি। এভাবে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইট ১০টি থেকে ৮টি হয়েছে। কুয়েত এয়ারওয়েজের ১২টি ফ্লাইট এখন বন্ধ। কাতার এয়ারওয়েজের ফ্লাইট ২৮ থেকে ১৪, ভুটানের ড্রুক এয়ারলাইনসের ৩টি ফ্লাইট এখন বন্ধ রয়েছে। এমিরেটস এয়ারলাইনস বাংলাদেশ প্রতি সপ্তাহে ২৮টি ফ্লাইট পরিচালনা করত। এখন সেটি ২১–এ নেমে গেছে। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ঢাকায় তাদের সাপ্তাহিক ২৮টি ফ্লাইট বন্ধ করে দিয়েছে। থাই এয়ারওয়েজের ফ্লাইট ১৪ থেকে কমে এখন ৫টি। চায়না সাউদার্ন এয়ারলাইন ঢাকা থেকে সপ্তাহে সাতটি ফ্লাইট চালাত। করোনাভাইরাসের কারণে যাত্রী হারিয়ে বিমান সংস্থাটি গত ১৫ দিনে ১১টি ফ্লাইট চালিয়েছে। চায়না ইস্টার্ন এয়ারলাইনস সাতটির বদলে ঢাকা থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট চালাচ্ছে। সব মিলিয়ে ২৪টি বিদেশি বিমান সংস্থার প্রতি সপ্তাহে বাংলাদেশ থেকে ছেড়ে যেত ৩০৫টি ফ্লাইট। সেই সংখ্যা কমে বর্তমানে ১৯৩–এ এসে দাঁড়িয়েছে।

যাত্রী আসা কমেছে
বাংলাদেশ থেকে আকাশপথে ফ্লাইটসংখ্যা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীও কম আসছে। করোনাভাইরাসের কারণে গত ২১ জানুয়ারি থেকে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়। সতর্কতা জারির আগে ২০১৯ সালের তথ্যানুযায়ী, প্রতিদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে গড়ে ১০ হাজার যাত্রী দেশে প্রবেশ করতেন। বিশেষ সতর্কতা জারির পর বিদেশফেরত সব যাত্রীকে থার্মাল স্ক্যানার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। ১৩ মার্চ সকাল ৮টা থেকে ১৪ মার্চ সকাল ৮টা পর্যন্ত ৪ হাজার ৬১২ জন বিদেশফেরত যাত্রীকে স্ক্যান করানো হয়। এই সংখ্যা ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৬ মার্চ সকাল ৮টা পর্যন্ত কমে হয়েছে ২ হাজার ৩২৪ জন।

এভিয়েশন–সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, আকাশপথে বাংলাদেশ থেকে চলাচল আরও কমে যেতে পারে। গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সাংবাদিকদের বলেন, গতকাল রোববার দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য কোনো দেশ থেকে যাত্রীদের বিদেশি বিমান সংস্থাগুলো বাংলাদেশে আনতে পারবে না। যদি তারা যাত্রী নিয়ে আসে, তাহলে এয়ারলাইনগুলোকে নিজ খরচে সেই যাত্রীদের ফিরিয়ে নিয়ে যেতে হবে। এ–সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট বিমান সংস্থা এবং ওই সব দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।

এ অবস্থায় প্রতিদিন এভিয়েশন খাতে ৩৫ লাখ টাকা রাজস্ব আয় কম হচ্ছে বলে জানান বেবিচক চেয়ারম্যান।

বিদেশি ও দেশের বেসরকারি বিমান সংস্থাগুলো লাভ-ক্ষতির হিসাব দেয় না। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও মোকাব্বির হোসেন জানান, এ অবস্থা চলতে থাকলে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বিমানে আর্থিক ক্ষতি হতে পারে ২৭০ কোটি টাকা।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী কাল, দেশে–বিদেশে হবে উদ্‌যাপন

0

করাচির কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন থেকে দিল্লি হয়ে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন বিকেলে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে উড়োজাহাজ থেকে বঙ্গবন্ধু নামার পর পূর্ণতা পেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭২ সালের ১০ জানুয়ারি এক উৎসবমুখর পরিবেশে লাখো মানুষ বরণ করে নিয়েছিলের তাঁদের প্রিয় নেতাকে। ঐতিহাসিক সেই দিনকে বেছে নেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতার রূপকারের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা হিসেবে। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। বছরব্যাপী দিনটি দেশে–বিদেশে উদ্‌যাপন করা হবে।

২০১৯ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের যৌথ সভায় মুজিব বর্ষ উদ্‌যাপনের সিদ্ধান্ত হয়েছিল। ওই সভায় সিদ্ধান্ত হয়েছিল, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সরকার মুজিব বর্ষ উদ্‌যাপন করবে। দেশের ভেতর ছাড়াও বাইরে উদ্‌যাপিত হবে জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষের আনন্দ আয়োজন।

জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ১৭ মার্চ। বড় পরিসরে অনুষ্ঠানটি করার কথা থাকলেও করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় এখন ছোট পরিসরে অনুষ্ঠানটি উদ্‌যাপন করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রাত ৮টায় বঙ্গবন্ধুর জন্মসময় অনুযায়ী আতশবাজির আয়োজন থাকবে। তবে কর্মসূচিগুলোতে জনসমাগম এড়িয়ে চলা হবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘যেখানেই বাংলাদেশের মিশন আছে, সেখানে আমরা মুজিব বর্ষ উদ্‌যাপন করব। মুজিব বর্ষের অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের নতুন ব্র্যান্ডিং করতে চাই। বাংলাদেশকে বিশ্বের কাছে একটি সম্ভাবনার দেশ হিসেবে তুলে ধরতে চাই। বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই বঙ্গবন্ধুর আত্মত্যাগ।’

বিশ্বব্যাপী বছরটি নানা আয়োজনে বিভিন্ন দেশে উদ্‌যাপন করার সিদ্ধান্ত থাকলেও করোনাভাইরাসের কারণে দিনক্ষণে কিছুটা পরিবর্তন আসবে। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম ভারত সফরে গিয়েছিলেন। ১৯৭৪ সালে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন বাংলায়। এবার ভারত ও জাতিসংঘে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন করা হবে।

ইউনেসকোর সদর দপ্তর প্যারিসে অনুষ্ঠিত ইউনেসকোর ৪০তম সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে ইউনেসকোভুক্ত বিশ্বের ১৯৫টি দেশে উদ্‌যাপন করা হবে জাতির জনকের জন্মশতবার্ষিকী। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিব বর্ষের বিশ্বস্বীকৃতি দেয় ইউনেসকো। এর ফলে ইউনেসকো বা এর ১৯৫ সদস্যরাষ্ট্রের সঙ্গে যৌথ বা দ্বিপক্ষীয়ভাবে এই দিবসটি উদ্‌যাপন করতে পারবে বাংলাদেশ।

বঙ্গবন্ধুর সঙ্গে স্মৃতি জড়িয়ে আছে—এমন শহর ছাড়াও বাংলাদেশিরা বসবাস করেন যেসব শহরে, সেসব শহরেও নানা আয়োজন করা হবে। এর মধ্যে দিল্লি, কলকাতা, আগরতলা, নিউইয়র্ক, ওয়াশিংটন, লন্ডন, সিডনি শহরে উৎসবের প্রস্তুতি আছে।

মুজিব বর্ষ উপলক্ষে ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি (মরণোত্তর) প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে এ ডিগ্রি প্রদান করা হবে। সংসদে বিশেষ অধিবেশন বসবে। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে বছরজুড়ে চলবে নানা আয়োজন।

৭৭ মিশনে ২৬১ অনুষ্ঠান
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিভিন্ন দেশে অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পাশাপাশি দেশে সারা বছর যেসব অনুষ্ঠান হবে, তাতে বিভিন্ন দেশের রাজনীতিবিদসহ বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়া বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ প্রকাশ ও প্রচার, বঙ্গবন্ধুর বিদেশ সফরের ওপর প্রামাণ্যচিত্র তৈরি এবং সমুদ্র বিজয়ের ওপর একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশের ৭৭টি দূতাবাসে ২৬১টি অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আন্তর্জাতিক ব্যক্তিত্বের উপস্থিতি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে জানান, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরজুড়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে এ পর্যন্ত বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধান সম্মতি জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের রাজা জিগমে খেশার নামগেল ওয়াংচুক, সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ জায়েদ আল নাহিয়ান, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, ভারতের কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ প্রমুখ।

এ ছাড়া কেনেডি পরিবারের কোনো সদস্য এবং জোসেফ স্টিগলিৎজ বা জেফরি স্যাকসের মতো ব্যক্তিদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ আশা করা হচ্ছে।

বিভিন্ন অনুষ্ঠান

মুজিব বর্ষে ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যে জাতীয় সংসদে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠান, জুলি ও কুরি পদকপ্রাপ্তি দিবস উদ্‌যাপন, সেপ্টেম্বরে জাতিসংঘে বঙ্গবন্ধুকে নিয়ে বড় আকারে একটি অনুষ্ঠান এবং ১৯৭১ সালে যেসব ভারতীয় যোদ্ধা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন, তাঁদের মধ্য থেকে একটি প্রতিনিধিদলকে ঢাকায় আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ছাড়া দিল্লি, কলকাতা, মস্কো, ওয়াশিংটনসহ ১২টি গুরুত্বপূর্ণ স্থানে চিত্র প্রদর্শনীর আয়োজন, লন্ডনের সংসদে একটি অনুষ্ঠান, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণসহ অন্যান্য অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের।

দূতাবাসগুলো কী ধরনের অনুষ্ঠান করবে, সে ব্যাপারে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লি, কলকাতা, লন্ডন, ভুটান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জনগণের বিশেষ ভূমিকার কারণে ওই স্থানগুলোতে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। ওই অনুষ্ঠানগুলোতে সেই দেশগুলোর বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণের ওপর জোর দেওয়া হচ্ছে।

ইউনেসকো পুরস্কার ও বঙ্গবন্ধু চেয়ার

প্যারিসে বাংলাদেশের কূটনীতিকেরা এই প্রতিবেদককে জানান, বঙ্গবন্ধুর নামে একটি পুরস্কার প্রবর্তনের জন্য ইউনেসকোকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। ২০১৯ সালের জুনে ইউনেসকো বাংলাদেশের প্রস্তাবটি গ্রহণ করেছে। পুরস্কার প্রবর্তনের পুরো প্রক্রিয়া শেষ হতে বছর দুয়েক সময় প্রয়োজন। বাংলাদেশ চাইছে, আগামী বছরের মধ্যে বঙ্গবন্ধুর নামে ইউনেসকোর পুরস্কারটি চালু হোক।

বঙ্গবন্ধুর বিষয়ে গবেষণার জন্য এরই মধ্যে ভারত, থাইল্যান্ড ও পোল্যান্ডে বঙ্গবন্ধু চেয়ার আছে। এ ছাড়া যুক্তরাজ্যের কেমব্রিজ ও কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু সেন্টার স্থাপনের আলোচনা চলছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপল‌ক্ষে ইসলামিক ফাউন্ডেশন দেশের সব মসজিদে দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে।

প্রবাসী আয়েই মিলছে ‘রেমিট্যান্স ঋণ’

0

প্রবাসীর পাঠানো রেমিট্যান্সই ঋণ পাওয়ার মূল মাপকাঠি। আর প্রবাসীর মনোনীত ব্যক্তি পাচ্ছেন সেই ঋণ। এ জন্য কোনো ট্রেড লাইসেন্সও লাগছে না। এমন ধারণা নিয়ে নতুন ধারার ঋণপণ্য চালু করেছে বেসরকারি খাতের দি সিটি ব্যাংক। এর নাম দেওয়া হয়েছে ‘রেমিট্যান্স ঋণ’। শুধু সিটি ব্যাংকের মাধ্যমে আয় পাঠানো প্রবাসী নন, অন্য ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় গ্রহণ করা স্বজনেরাও এ ঋণ পাচ্ছেন।

সিটি ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক বিশেষ এ ঋণপণ্য চালুর অনুমোদন দেয়। এর ফলে ব্যাংকটি প্রবাসী আয়ের ওপর নির্ভর করে তার মনোনীত প্রতিনিধিকে গৃহপালিত পশু ক্রয়, কৃষি উন্নয়ন ও কৃষি যন্ত্রপাতি ক্রয়, গৃহ নির্মাণ ও মেরামতের জন্য ঋণ দেওয়া শুরু করেছে। প্রবাসী আয় বাড়াতে ব্যাংকটি গত ফেব্রুয়ারিতে এমন নতুন ঋণপণ্য চালু করেছে।

নতুন ধরনের এ ঋণপণ্য চালুর প্রয়োজনীয়তা নিয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রথম আলোকে বলেন, ‘শ্রীলঙ্কা ও ফিলিপাইনে প্রবাসী আয়ের ওপর নির্ভর করে ঋণ দেওয়া হয়। এ জন্য আমরাও এমন পণ্য চালু করেছি। এতে দেশে থাকা প্রবাসীর স্বজনদের ঋণ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আশা করছি, এর ফলে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়বে।’

মাসরুর আরেফিন বলেন, ‘বিভিন্ন তথ্যভান্ডার থেকে প্রবাসীর তথ্য যাচাই করা যায়। এর ভিত্তিতে ঋণ দেওয়া হচ্ছে। সিটি ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসলে ঋণের সুদ ২ শতাংশ কম নেওয়া হচ্ছে। সিটি ব্যাংকের এজেন্ট পয়েন্ট ও এসএমই শাখা থেকে এ ঋণ মিলছে।’

উল্লেখ্য, সিটি ব্যাংকের ২২৯টি এজেন্টের ৩৩০টি আউটলেট রয়েছে। আর ব্যাংকটির এসএমই শাখা রয়েছে ১০টির বেশি।

সিটি ব্যাংক সূত্র জানায়, ইতিমধ্যে প্রায় ৫০ গ্রাহককে রেমিট্যান্স ঋণ প্রদান করা হয়েছে। ঋণের আকার সর্বোচ্চ ১০ লাখ। চলতি মাসের মধ্যে আরও ১০০ জনকে এ ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে ব্যাংকটি। এর মাধ্যমে প্রবাসী আয় বাড়াতে চায় সিটি ব্যাংক।

কারা ঋণ পাবেন
*প্রবাসীর মনোনীত প্রতিনিধি
*প্রবাসী আয়ের ওপর নির্ভর করে ঋণ দেওয়া হবে
কোন খাতে ঋণ দেওয়া যাবে
*গৃহপালিত পশু ক্রয়
*কৃষি উন্নয়ন ও কৃষি যন্ত্রপাতি ক্রয়,
*গৃহ নির্মাণ ও মেরামত কোথায় মিলছে ঋণ
কোথায় মিলছে ঋণ
*সিটি ব্যাংকের সব এজেন্ট পয়েন্ট
*এসএমই শাখা
ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, অনেক সময় আমদানি দায় পরিশোধের জন্য বাজার থেকে ডলার কিনতে হয়। এতে প্রতি ডলারে ১ টাকার বেশি লোকসান হয়। প্রবাসী আয় বেশি এলে ডলার বিক্রি করেও ভালো আয় করা সম্ভব। এ জন্য নতুন এ কৌশল নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গত বছরের ২৪ মার্চ নতুন এ সেবা চালুর জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন জমা দেয় সিটি ব্যাংক। এতে ট্রেড লাইসেন্স ছাড়াই প্রবাসীদের ভিসা ও ওয়ার্ক পারমিটের ভিত্তিতে রেমিট্যান্স ঋণ চালুর অনুমোদন চাওয়া হয়। শুধু নিজেদের ব্যাংক নয়, অন্য ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসে এমন সুবিধাভোগীদেরও ঋণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এ নিয়ে কয়েক দফায় ব্যাংকটির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চিঠি চালাচালি হয়।

ব্যাংকটি জানায়, বৈধ চ্যানেলে প্রবাসী আয় আসার তথ্য যেকোনো ব্যাংক থেকে পাওয়া যাবে। ভিসার সত্যতা ও ওয়ার্ক পারমিটের বিষয়গুলো জনশক্তি কর্মসংস্থান ব্যুরো ও সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। যে ঋণ দেওয়া হবে, তা এসএমই ও কৃষিঋণ এবং গৃহঋণের আওতাভুক্ত হবে। এ জন্য ২০১৯ সালের ৩১ জুলাই সিটি ব্যাংক তাদের সেবাপণ্য নীতিমালায় পরিবর্তন আনে।

গত ডিসেম্বর সিটি ব্যাংকের এমডির কাছে পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, রেমিট্যান্স প্রেরণের ওপর ভিত্তি করে প্রবাসীদের মনোনীত ব্যক্তিকে রেমিট্যান্স ঋণ প্রদানের প্রস্তাব অনুমোদন করা হলো। ঋণ বিতরণ ও আদায়ে ব্যাংক কর্তৃপক্ষকে দক্ষ ও উপযুক্ত কর্মকর্তা নিয়োগসহ তদারকি জোরদার করতে হবে। বার্ষিক ভিত্তিতে ঋণ বিতরণ ও আদায়ের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে, একই সঙ্গে ওই গ্রাহকের যে পরিমাণ প্রবাসী আয় আসছে, তা–ও জানাতে হবে। রেমিট্যান্স ঋণের সুদহার বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ও বিদ্যমান সুদহারের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করতে হবে।

দেশের শীর্ষস্থানীয় ২৩ কোম্পানি

0

দেশের অর্থনীতির নেতৃত্ব দিচ্ছে ব্যক্তি খাত। এই বেসরকারি খাত নানাধর্মী উপখাতে জড়িত। তবে তারা বেশির ভাগই উৎপাদন ও সেবা খাতের সঙ্গে সংশ্লিষ্ট। তবে দেশের বৃহৎ কোম্পানিগুলো মূলত উৎপাদন খাতেই বেশি সক্রিয়। পারিবারিক ব্যবসা থেকেই বৃহৎ কোম্পানিগুলোর উত্থান। আর তারা বৈচিত্র্যপূর্ণ পণ্য উৎপাদনও করে আসছে।

বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটির নাম ‘বাংলাদেশস জার্নি টু মিডল-ইনকাম স্ট্যাটাস: দ্য রোল অব দ্য প্রাইভেট সেক্টর’। প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রবৃদ্ধি, আনুষ্ঠানিক কর্মসংস্থান, মজুরি বৃদ্ধি ও দারিদ্র্য নিরসন—সবই হচ্ছে ব্যক্তি খাতের হাত ধরে। মোট শ্রমশক্তির ৯৫ শতাংশ বা ৫ কোটি ৭০ লাখ কর্মসংস্থান হয় ব্যক্তি খাতে। এ ছাড়া দেশের মোট রাজস্বের ৮ শতাংশেরই জোগান দিচ্ছে শীর্ষ ১০ করদাতা প্রতিষ্ঠান।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ১০০–এর বেশি পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে পরিচালিত বড় শিল্প গ্রুপ আছে। তবে এর মাত্র ১০ শতাংশ শেয়ারবাজারে তালিকাভুক্ত। দেশের এই বেসরকারি খাতকে নানা স্তরের মধ্য দিয়ে যেতে হয়েছে। যেমন, প্রথম স্তরের সময়কাল ছিল ১৯৭১ থেকে ১৯৮০–এর দশকের মাঝামাঝি পর্যন্ত। পাকিস্তানিরা তখন বিদায় নিয়েছে। এরপর শিল্প খাতে বাংলাদেশের উদ্যোক্তারা ধীরে ধীরে হলেও পা রাখতে শুরু করেন। বেসরকারীকরণ প্রক্রিয়ারও শুরু হয়। ১৯৭৫ থেকে ১৯৮১ সালের মধ্যে ২৩টি প্রতিষ্ঠানকে বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হয়। তৈরি পোশাক খাতও সফলতা পেতে শুরু করে এ সময়েই।

দ্বিতীয় স্তরের সময়কাল ১৯৯০–এর দশক থেকে, শেষ ২০১০ সালে। এ সময়টা ছিল বেসরকারি খাতের জন্য স্বর্ণযুগের মতো। অর্থনীতির উদারীকরণ নীতি ও একটি কার্যকর শিল্পনীতির সুফল পুরো মাত্রায় গ্রহণ করে দেশের বেসরকারি খাত। ক্রমবর্ধমান সেবা খাত, বিশেষ করে আর্থিক সেবা খাত এবং ওষুধ ও আবাসন খাতের বিস্তার ঘটে এ সময়। এরপরের স্তর শুরু ২০১০ সালের পর থেকে। এ সময়টা হচ্ছে নিজেদের সুসংহত করার সময়। বেসরকারি খাত এখন সেটাই করছে।

আইএফসির প্রতিবেদনটিতে বেসরকারি খাতের উন্নয়নের জন্য বেশ কিছু সুপারিশও তুলে ধরা হয়। যেমন, এক বছরের মধ্যে ব্যাংকগুলোর সম্পদের মান পর্যালোচনা, খেলাপি ঋণ আদায়ের কৌশল নির্ধারণ, বিদেশি ঋণ ও সুদহারের সীমা উদারীকরণ, ব্যাংক খাতে একীভূত হওয়ার পদক্ষেপ গ্রহণ, করপোরেট বন্ড ছাড়ার প্রক্রিয়া শিথিল, বিদেশি লেনদেনের ওপর নিয়ন্ত্রণ প্রত্যাহার, কাস্টমস ও পরিবহন (লজিস্টিক) ব্যবস্থাপনায় উন্নতি, বিভিন্ন আইনের সংস্কার, অবকাঠামো জোরদার, করকাঠামো সংস্কার, বিদেশি বিনিয়োগ সহজীকরণ, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং করপোরেট সুশাসনে উন্নতি।

প্রতিবেদনটিতে দেশের বেসরকারি খাতের বিশ্লেষণ ছাড়াও আয়ের দিক থেকে নেতৃত্ব দিচ্ছেন এমন শীর্ষ ২৩টি বড় গ্রুপ বা কোম্পানির তালিকা প্রকাশ করেছে। দেখা যাচ্ছে, চট্টগ্রামভিত্তিক এ কে খান গ্রুপ আয়ের দিক থেকে সবচেয়ে বড়। শীর্ষ ১০-এ এরপরেই আছে বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, যমুনা গ্রুপ, স্কয়ার গ্রুপ, টিকে গ্রুপ, আকিজ গ্রুপ, বেক্সিমকো, ইউনাইটেড গ্রুপ ও সিটি গ্রুপ। এদের সবার বার্ষিক আয় ১০০ কোটি ডলার বা তার বেশি। ১০০ কোটি ডলার আয়ের আরও তিন প্রতিষ্ঠান হচ্ছে পিএইচপি গ্রুপ, প্রাণ ও পারটেক্স গ্রুপ। পরের ১১ শীর্ষ গ্রুপের আয় ৫০ থেকে ৯০ কোটি ডলারের মধ্যে। এই তালিকায় আছে নোমান গ্রুপ, বিএসআরএম, কেডিএস গ্রুপ, হা-মীম, এসিআই লিমিটেড, ট্রান্সকম, ভিয়েলাটেক্স, প্যাসিফিক জিনস, কনফিডেন্স গ্রুপ ও ওয়ালটন।

পারফিউমের জায়গায় স্যানিটাইজার তৈরি করবে বিখ্যাত ব্র্যান্ড

0

রোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে হ্যান্ড স্যানিটাইজার তৈরির ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম দামি ব্র্যান্ড লুইস ভুইটনের প্রতিষ্ঠাতা ফ্রান্সের বহুজাতিক বিলাসবহুল পণ্য কোম্পানি এলভিএমএইচ। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, তারা তাদের সুগন্ধি উৎপাদনব্যবস্থাকে এবার হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে কাজে লাগাবে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিলাসবহুল পণ্য প্রস্তুতকারক এই সংস্থা বলছে যে তারা ফ্রান্সজুড়ে অ্যান্টিভাইরাল পণ্যগুলোর ঘাটতি মোকাবিলায় সহায়তা করতে চায়। কোম্পানিটির পক্ষ থেকে আরও বলা হয়, যত দিন প্রয়োজন হবে, তত দিন পর্যন্ত উৎপাদন অব্যাহত রাখবে তারা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে ১২০ জনের মৃত্যু হয়েছে।

এক বিবৃতিতে এলভিএমএইচ জানায়, এলভিএমএইচ এখন থেকে স্যানিটাইজার তৈরিতে তার সুগন্ধি এবং প্রসাধনী ব্র্যান্ডের উৎপাদন লাইন ব্যবহার করবে। আজ সোমবার থেকে প্রচুর পরিমাণে হাইড্রো–অ্যালকোহলিক জেল উৎপাদন করবে। এই কারখানা সাধারণত ক্রিশ্চিয়ান ডায়ার এবং গিভেঞ্চির মতো বিলাসবহুল ব্র্যান্ডগুলোর জন্য সুগন্ধি এবং মেকআপসামগ্রী উৎপাদন করে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ১ লাখ ৬২ হাজার মানুষ। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ হাজারেও বেশি মানুষ মারা গেছে। ফ্রান্সেও এর প্রাদুর্ভাব দেখা গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে রেস্টুরেন্ট, ক্যাফে, নিত্যপ্রয়োজনীয় নয় এমন পণ্যের স্টোর। বিশ্বজুড়ে সরকার ও রাষ্ট্রপ্রধানেরা উৎপাদনকারীদের ভাইরাস প্রাদুর্ভাবের সময় সংকট রয়েছে—এমন পণ্য তৈরিতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন আজ যুক্তরাজ্যের প্রকৌশল সংস্থাগুলোকে ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) জন্য ভেন্টিলেটর উৎপাদন করতে বলবেন—এমন আলোচনা চলছে। ফেব্রুয়ারিতে করোনাভাইরাস প্রাদুর্ভাবের শীর্ষ সময়ে চীনে অ্যাপলের চুক্তিভিত্তিক নির্মাতা জায়ান্ট ফক্সকন আইফোনের বদলে সার্জিক্যাল মাস্ক তৈরির কাজে নেমে পড়ে।

আবার ত্বরিত পদক্ষেপ, সুদের হার প্রায় শূন্যে নামিয়ে আনল যুক্তরাষ্ট্র

0

রোনাভাইরাসের প্রভাব থেকে অর্থনীতিকে বাঁচাতে আবারও পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এবার নীতিনির্ধারণী সুদের হার প্রায় শূন্যে নামিয়ে এনেছে ফেড, একই সঙ্গে এই বৈশ্বিক মহামারির প্রভাব থেকে অর্থনীতিকে রক্ষা করার জন্য ৭০০ বিলিয়ন ডলারের তহবিল গঠন করা হয়েছে।

গতকাল রোববার যুক্তরাজ্য, জাপান, ইউরোজোন, কানাডা এবং সুইজারল্যান্ড করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। তারই অংশ হিসেবে পরে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল।

এক সংবাদ সম্মেলনে ফেড চেয়ারম্যান জেরোমি পাওয়েল বলেন, বিশ্বব্যাপী এই মহামারি অর্থনীতিতে একটি ‘গভীর’ প্রভাব ফেলছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই জরুরি পদক্ষেপে তিনি খুবই খুশি।

নতুন পদক্ষেপ অনুযায়ী ফেড নীতিনির্ধারণী সুদের হার নির্ধারণ করেছে ০ থেকে ০.২৫ শতাংশ। এ ছাড়া অর্থনীতিতে সরাসরি তারল্য বাড়াতে বন্ড কিনবে কেন্দ্রীয় ব্যাংক। নতুন ঘোষণার অংশ হিসেবে ফেড বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ডলারের প্রাপ্তি বাড়াতে অন্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সঙ্গে কাজ করবে।

এর আগে ৩ মার্চ জরুরিভাবে সুদহার কমানোর ঘোষণা দেয় ফেডারেল রিজার্ভ (ফেড)। ২০০৮ সালের মন্দার পর প্রথম কোনো ঘোষণা ছাড়াই এমন সিদ্ধান্ত নেয় ফেড। অর্থনীতির ক্ষতি কাটাতে একদফায় ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে নতুন সুদহার করা হয় ১ শতাংশ থেকে ১ দশমিক ২৫ শতাংশ। অর্থনৈতিক পক্ষাঘাতে করপোরেট কোম্পানিগুলো লোকসানে পড়বে এবং বিশ্বব্যাপী মন্দা ছড়াবে—এই আশঙ্কায় সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ধস নামে। তবে ফেডের নতুন এই সিদ্ধান্তে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে—এমনটায় আশা করা হচ্ছিল। তবে যুক্তরাষ্ট্রের স্টকমার্কেট ফিচারের পূর্বাভাস অনুযায়ী আজকে পুঁজিবাজারে সূচক অন্তত ৪ শতাংশ কমবে।

এর আগে গত সপ্তাহে এক জরুরি সভা শেষে পাওয়েল হুঁশিয়ারি করেন, ইতিমধ্যে এটা স্পষ্ট যে করোনাভাইরাস অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। তবে প্রভাব কতটা সুদূরপ্রসারী হবে, তা এখনই বলার সময় আসেনি।

বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টাইন তারকা করোনার কবলে

0

রোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার এজেকিয়েল গ্যারায়। ২০১৪ বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন তিনি

এজেকিয়েল গ্যারায়ের কথা মনে পড়ে?

২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার সেই দুর্দান্ত রক্ষণভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই গ্যারায়। আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পেছনে মেসি-মাচেরানো-রোমেরোর পাশাপাশি তাঁর ভূমিকা ছিল সবচেয়ে বেশি। সেই গ্যারায় আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। আক্রান্ত হয়েই নাম লিখিয়েছেন একটা অপ্রত্যাশিত ‘রেকর্ডে’—স্পেনে শীর্ষ পর্যায়ে খেলা ফুটবলারদের মধ্যে গ্যারায়ই প্রথম, যার মধ্যে সংক্রমিত হলো করোনাভাইরাস।

স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার রক্ষণভাগের অন্যতম অংশ এই গ্যারায়। স্বাভাবিকভাবেই, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে কোয়ারেন্টিনে রাখা হয়েছে গ্যারায়কে। ভ্যালেন্সিয়াও আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে, ৩৩ বছর বয়সী এজেকিয়েল গ্যারায়সহ ক্লাবটির মোট পাঁচ ফুটবলার ও স্টাফের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে। দলটির ফরাসি ডিফেন্ডার এলিয়াকুইম মাঙ্গালা ও স্প্যানিশ লেফটব্যাক হোসে লুইস গায়াও রয়েছেন এদের মধ্যে। তবে আক্রান্ত খেলোয়াড় ও স্টাফদের সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে ক্লাবটি। তারা নিজ নিজ বাড়িতে ‘হোম কোয়ারেন্টিন’-এ অবস্থান করছেন এবং অন্যদের কাছ থেকে নিজেদের আলাদা করে রেখেছেন।

নিজের শরীরে এই মরণঘাতী ভাইরাসের সংক্রমণের বিষয়টা গ্যারায় নিজেও জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। তিনি লিখেছেন, ‘২০২০ সালের শুরুটা খুব বাজেভাবে হলো। আমার মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। তবে এখন আমি খুব ভালো আছি। আমাকে অবশ্যই স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে এবং আলাদা থাকতে হবে।’

এর আগে রিয়াল মাদ্রিদের এক বাস্কেটবল খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার পর ক্লাবটির সব অনুশীলন বাতিল করে দেওয়া হয়। সেই সঙ্গে কোয়ারেন্টিনে রাখা হয় সব খেলোয়াড়কে। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার লা লিগার ম্যাচ পরবর্তী দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

‘করোনার বিপক্ষে ম্যাচটা খেলতে হবে বাসায় থেকে’

0

করোনাভাইরাসের প্রকোপ ছড়াচ্ছে দেশ-দেশান্তরে। এ অবস্থায় ঘরে চুপচাপ বসে থেকে নিজেকে আলাদা রাখার কোনো বিকল্প নেই। প্রাণে বাঁচতে সবাইকে সেই কাজটা করার আহ্বানই জানিয়েছেন বেশ কিছু খেলোয়াড়

মানবসংস্পর্শ এড়িয়ে চলতে হবে যেকোনো মূল্যে। যেখানে মানুষের জমায়েত, সেখানে যাওয়া যাবে না। কফ, থুতু যত্রতত্র ফেলা যাবে না। হাঁচি-কাশি আসলে মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। করোনাভাইরাস এড়াতে তাই ঘরে বসে থাকার বিকল্প নেই। সেই কাজটা করার জন্যই মানুষকে উদ্বুদ্ধ করা শুরু করেছেন ফুটবল তারকারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা একটা ‘ক্যাম্পেইন’ শুরু করেছেন। মানুষকে ঘরের মধ্যে বসে থাকতে বলা এ ক্যাম্পেইনের নাম ‘হ্যাশট্যাগ স্টে অ্যাট হোম (বাসায় থাকুন)’। এই ক্যাম্পেইনে অংশ নিয়েছেন রিয়াল মাদ্রিদের বেশ কিছু খেলোয়াড়। এদের মধ্যে রয়েছেন দলটির অধিনায়ক সার্জিও রামোস, মার্সেলো, করিম বেনজেমা ও রাফায়েল ভারান।

রিয়াল কিংবদন্তি আলফ্রেড ডি স্টেফানোর একটা উক্তি ধরে মানুষকে বাসায় বসে থাকার জন্য উদ্বুদ্ধ করেছেন রামোস, ‘আমাদের সর্বজনশ্রদ্ধেয় আলফ্রেডো ডি স্টেফানো যা বলতেন, কোনো খেলোয়াড়ই একা একা ভালো হতে পারে না, শুধুমাত্র একটা দলের অংশ হলেই সে ভালো করতে পারে। এই ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমরা সবাই একটা দল। আমাদের সবাইকে একটা দল হয়ে লড়তে হবে করোনাভাইরাসের বিপক্ষে। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। এটা অনেক সহজ একটা কাজ। শুধু বাসায় বসে থাকুন। এটা আমাদের সবার দায়িত্ব। আমিও ঘরে বসে থাকছি।’

রামোসের সঙ্গে সুর মিলিয়েছেন দলের বাকি তিন অভিজ্ঞ সদস্য করিম বেনজেমা, মার্সেলো ও রাফায়েল ভারান। তাঁরা বলেছেন, ‘করোনাভাইরাসের বিপক্ষে এই ম্যাচটা আমাদের বাসায় থেকেই খেলতে হবে। এটা সবার দায়িত্ব। আমি বাসায় থাকছি। আপনিও থাকুন।’

এদিকে ‘স্টে অ্যাট হোম চ্যালেঞ্জ’ করতে গিয়ে মজার ভিডিও বানিয়েছেন আর্সেনালের ডিফেন্ডার শকোদ্রান মুস্তাফি। ভিডিওতে দেখা গেছে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে ধুতে বল নিয়ে জাগলিং করছেন এই জার্মান ডিফেন্ডার। আর তা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে ও আনন্দ করছে মুস্তাফির দুই শিশুসন্তান।