Home Blog Page 3086

সুন্দরবনে শেষ, এবার ঢাকায়

0

দুই ধাপে প্রায় ৩২ দিনের শুটিং হলো ‘অপারেশন সুন্দরবন’ ছবির। ১১ মার্চ মোংলার জয়মনি এলাকায় ছবিটির শুটিং শেষ হয়। এর মধ্য দিয়ে খুলনা অঞ্চলের ছবির শুটিং শেষ হলো। আর মাত্র চার দিনের শুটিং হবে ঢাকায়। তারপর কেবল বাকি থাকবে গানের শুটিং।

গত বছরের ২০ ডিসেম্বর খুলনার মুন্সিগঞ্জে শুটিং শুরু হয় ছবিটির। তার আগে ‘সুন্দরবন জলদস্যুমুক্ত দিবস’ উপলক্ষে পয়লা নভেম্বর ছবিটির একটি পোস্টার প্রকাশিত হয়। পাশাপাশি আয়োজন করা হয়েছিল শিল্পী পরিচিতি অনুষ্ঠানের।

সুন্দরবন থেকে জলদস্যু মুক্ত করার অভিযান নিয়ে ছবির গল্প। তবে ছবির গল্পে থাকবে বন্য প্রাণী সংরক্ষণ নিয়েও কিছু অংশ। চলচ্চিত্রটির কাছের একটি সূত্র জানিয়েছে, ছবিটির শুটিংয়ে প্রায় ১০০ জন অভিনয়শিল্পী অংশ নিয়েছেন। এর মধ্যে ৩০ জন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য। প্রায় ১ হাজার ৩০০ জন কাজ করেছেন ছবিটির পেছনে। শুটিংয়ে ব্যবহার করা হয়েছে দুটি বড় জলজাহাজ, সাতটি স্পিডবোট, ছয়টি লঞ্চ, দুটি হেলিকপ্টারসহ আরও অনেক কিছু।

ছবির পরিচালক দীপংকর দীপন বলেন, ছবিটি প্রযোজনা করছে র‌্যাব ওয়েলফেয়ার কো–অপারেটিভ সোসাইটি লি.। তাদের সহায়তা ছাড়া এত বড় আয়োজন করে এই ছবি নির্মাণ সম্ভব নয়। শুধু এটিই নয়, র‌্যাবের ৯০ জনের একটি দল শুটিংয়ে নানা কাজে সাহায্য করেছে। ছবিতে হেলিকপ্টার অপারেশনের শুটিংয়ে ঢাকা থেকে আট সদস্যের একটি দল অংশ নিয়েছে।

সুন্দরবন ঘিরে নানা ধরনের মানুষ জীবিকা নির্বাহ করে। নির্মাতা জানান, এটি একক কোনো গল্পের ছবি নয়। সুন্দরবনকেন্দ্রিক বিভিন্ন পেশার মানুষের গল্প এটি। সুন্দরবন, খুলনা ও বাগেরহাট অঞ্চলের জনপদের গল্প এটি।

এই পরিচালক আরও বলেন, ‘সুন্দরবন অঞ্চলের মানুষ ছবিটিতে কাজ করেছে, সহযোগিতা করেছে। তা নাহলে এত শিল্পী ঢাকা থেকে নিয়ে শুটিং করা সম্ভব ছিল না।’

ছবির শুটিং হয়েছে গভীর সুমদ্র থেকে শুরু করে সুন্দরবনের ভেতরে, হিরণ পয়েন্টে। এ ছাড়া কালিরচর, দুবলার চর, আলোর চর, মেহের আলীর চর, ডিমের চর, লক্ষ্মীর চরসহ ওই অঞ্চলের নানা জায়গায় শুটিং হয়েছে ছবিটির। দীপন বলেন, ‘কাদাপানির মধ্যে শুটিং করেছি। অনেক সময় শিল্পীরা অসুস্থ হয়ে পড়েছেন। শুটিংয়ের সময় সুমদ্রের জোয়ার কখনো অনুকূলে ছিল, কখনো ছিল না। এই অনিশ্চয়তার মধ্যেই শুটিং করতে হয়েছে। জলদস্যু ধরার দৃশ্যের জন্য গভীর বনে ঢোকার পর হঠাৎ পরিবেশ পরিবর্তন হয়ে যাওয়ায় শুটিং না করে ফিরে আসতে হয়েছে।’

দীপন আরও বলেন, ‘অনেক সময় এমন দুর্গম এলাকায় যেতে হয়েছে, যেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক ছিল না। তিন-চার দিন পরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি আমরা।’

এভাবেই শেষ হয়েছে সুন্দরবন অংশের শুটিং। এখন ঢাকার অংশের শুটিং হবে। বাকি চার দিনের দুদিন শুটিং হবে বিএফডিসিতে, এক দিন গাজীপুরের র‌্যাব ট্রেনিং সেন্টারে আর এক দিন শুটিং হবে র‌্যাবের সদর দপ্তরে। দীপন বলেন, ‘যেসব জায়গায়, যত বড় আয়োজনে আমরা ছবিটির শুটিং করেছি, পর্দায় না দেখলে বিশ্বাস করানো মুশকিল। বাংলাদেশের চলচ্চিত্রে আগে এভাবে কাজ হয়েছে কি না, আমার জানা নেই। যতটুকু কাজ করেছি, অনেক কষ্ট করে করেছি। কষ্টের ফল দর্শক পাবেন।’

পরিচালক জানান, গানগুলোর শুটিং ইউরোপে করার কথা ছিল, কিন্তু করোনাভাইরাসের কারণে আশপাশের দেশে করার চিন্তাভাবনা চলছে। ‘অপারেশন সুন্দরবন’ ছবিটির চিত্রনাট্য করেছেন দীপংকর দীপন ও তাঁর দল। ছবিটিতে অভিনয় করেছেন, রিয়াজ, সিয়াম আহমেদ, তাসকিন রহমান, রোশান, নুসরাত ফারিয়া, রওনক; কলকাতার দর্শনা বণিক, তুয়া চক্রবর্তী প্রমুখ। ছবিটি ঈদুল আজহায় মুক্তির কথা আছে।

‘বিয়ের পর শুটিং করতে লজ্জা করছিল’

0

‘ঠিক সন্ধ্যা নামার আগে’ নাটকের শুটিং করছিলেন টয়া। সঙ্গে তাঁর মেয়ে। এই মেয়ে তাঁর নিজের নয়। নাটকে সে একটি মেয়ের মা। সম্প্রতি বিয়ে করেছেন এই লাক্স তারকা। বিয়ের পরপরই প্রথম নাটকে ‘মা’ ডাক শুনতে কেমন লাগছে?

পুবাইলে চলছিল শুটিং। অভিনয়শিল্পীর কাজ অভিনয় করা। কিন্তু পরিস্থিতির সঙ্গে পরিস্থিতি যোগ করে দিলে যা হয়, টয়ার ক্ষেত্রেও তা–ই হলো। ফোনে সেই ‘মা’ ডাক নিয়ে প্রশ্নটা করতেই হাসিতে ফেটে পড়েন টয়া। হাসতে হাসতেই তিনি বলেন, ‘তেমন কিছুই মনে হচ্ছে না। মায়ের চরিত্রে অভিনয় করছি, চরিত্রের মধ্যেই আছি। আলাদা কোনো অনুভূতি নেই। সব সময় যেমন অভিনয় করতাম, তেমন। তবে বিয়ের পর স্বামীর সঙ্গে শুটিং করতে খুব লজ্জা লাগছিল। আজ শুটিংয়ে স্বামী থাকলে হয়তো খুব মজা লাগত।’

বিয়ের তিন দিন পরই প্রথম একসঙ্গে ‘পরের মেয়ে’ নামের একটি ধারবাহিক নাটকে শুটিং করেছেন বর শাওনের সঙ্গে। একসঙ্গে বিয়ের আগেও অনেক নাটকে কাজ করেছেন তাঁরা। বিয়ের পর প্রথম যেদিন ক্যামেরার সামনে দাঁড়ালেন, লজ্জায় কাঁচুমাচু হয়ে যাচ্ছিলেন টয়া। সেদিনের অভিজ্ঞতা শেয়ার করে টয়া বলেন, ‘শুটিংয়ে আমি আর শাওন একই রকম পোশাক পরেছিলাম। বাস্তবে আমরা নতুন কাপল, সেই নাটকেও কাপল! মেকআপ রুমে বসেই আমি লজ্জায় শেষ। বারবার হাসছিলাম। প্রথম শটে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দেখি, শুটিং ইউনিটের সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে ছিল। নির্মাতা মিটমিট করে হাসছিলেন। পরে দেখি, সবার কৌতূহলী চোখ আমাদের দেখছে। তখন নাটকের ডায়ালগ দিতে প্রচণ্ড লজ্জা লাগছিল।’ তবে সেই শট দ্বিতীয়বার দিতে হয়নি তাঁদের।বিয়ের আসরে টয়া ও শাওন।
টয়ার বর শাওন আহমেদ পাইলট। দুজনই এমন ব্যস্ত যে নিজেদের মধ্যে ঠিকমতো কথা হচ্ছে না। তা ছাড়া দুজন যখন অবসরে থাকেন, তখন দুজনের অবস্থান পৃথিবীর দুই প্রান্তে। তাঁদের কথা বলার সময়ও খুব একটা হয় না। বেশির ভাগ ক্ষেত্রে খুদে বার্তা পাঠিয়ে পরস্পরের খোঁজখবর নেন এই তারকা দম্পতি। শাওনের সঙ্গে কথা বলতে না পেরে বেশ মনঃক্ষুণ্ন টয়া। তিনি বলেন, ‘খুব কষ্টে আছি ভাই। মাঝেমধ্যে আমাদের মধ্যে কথাই হয় না। মাঝেমধ্যে এমনও হয়, আমি যখন জেগে থাকি, সে তখন ঘুমায়। শাওন যখন জেগে থাকে, আমি ঘুমে থাকি।’

এ বছর লিপ ইয়ারে বিয়ে করেছেন টয়া ও শাওন। এরপর থেকেই আলোকচিত্রীর দল তাঁদের পিছু ছাড়ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ের কোনো ভিডিও দিলেই বাজে মন্তব্যের স্বীকার হচ্ছেন এই দম্পতি। সেই মন্তব্যে প্রথম দিকে মন খারাপ হলেও এখন গা সয়ে গেছে। কী মন্তব্য? টয়া বলেন, ‘তারকাদের বিয়ে নিয়ে যা হয়। অনেকে ফেসবুকের সেসব মন্তব্যে লিখছে, আমাদের বিয়ে কয় দিন টিকবে, এক বছরের বেশি টিকবে না, শিগগির শুনতে হবে বিয়ে ভেঙে গেছে, বিয়ে নিয়ে এত মাতামাতির কী আছে… এসব। অতীতে অনেক তারকার ঘর ভেঙে যাওয়ার উদাহরণ টেনে আনছেন অনেকে। এমন তো না যে তারকা ছাড়া কারও বিয়ে ভাঙে না।’ এসব মন্তব্য নিয়ে তাঁদের বন্ধুমহলে বেশ মজাও হচ্ছে। কাছের বন্ধুরা ফেসবুকের মন্তব্য দেখে জিজ্ঞাসা করছেন, ‘কী রে, তোদের প্রথম বিয়ে কেমন চলছে?’ বলে হাসতে থাকেন টয়া।
একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র করতে গিয়ে টয়া-শাওনের বন্ধুত্ব। এরপর ঘোরাঘুরি, বন্ধুত্ব ও প্রেম। প্রেমের সম্পর্ক তৈরির চার মাসের মাথায় পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেন শাওন। ঠিক মাসখানেকের মধ্যে বিয়ে। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০১০-এর সেরা দশে ছিলেন টয়া। এরপর নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে পরিচিতি পান। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তাঁর বর শাওনও নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। শাওন অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’।

করোনা মোকাবিলায় সার্ক দেশগুলোর বিশেষায়িত তহবিলে ১০ মিলিয়ন ডলার দেবে ভারত

0

দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সার্ক দেশগুলোর বিশেষায়িত ওই তহবিলে শুরুতে ১০ মিলিয়ন ডলার দেবে ভারত।

কোভিড-১৯ সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে সার্ক দেশগুলোর জন্য একটি সমন্বিত কর্মকৌশল ঠিক করতে আজ রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ অঞ্চলের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে অংশ নেন। ভিডিও কনফারেন্সে তিনি এ প্রস্তাব দিয়েছেন।

সার্কের সরকার ও রাষ্ট্রপ্রধানদের ওই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানিসহ সাতটি দেশের নেতারা যুক্ত হন। পাকিস্তানের পক্ষে দেশটির স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা আলোচনায় অংশ নেন।

সার্কের নেতারা করোনাভাইরাস মোকাবিলায় আতঙ্কিত না হয়ে এ অঞ্চলের জন্য সম্মিলিতভাবে উদ্যোগ নিতে রাজি হয়েছেন। তাঁরা সবাই বলেছেন, দক্ষিণ এশিয়ার সব দেশ একসঙ্গে কাজ করলে এই ভাইরাস সফলভাবে মোকাবিলা করা সম্ভব।

ভিডিও কনফারেন্সের শুরুতে নরেন্দ্র মোদি তাঁর দেশের পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং অভিন্ন কৌশল ঠিক করার বিষয়ে কথা বলেন। এরপর প্রতিটি দেশের নেতারা নিজেদের দেশের পরিস্থিতি এবং করণীয় নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। এরপর অভিন্ন কৌশল নির্ধারণ ও তহবিল গঠনের প্রস্তাব দিয়ে সার্ক নেতাদের দৃষ্টিভঙ্গি জানতে চান ভারতের প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদি বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করব, একসঙ্গে প্রস্তুতি নেব এবং একসঙ্গে জয়লাভ করব।’ এ সময় তিনি কোভিড-১৯ রোগ মোকাবিলায় ভারতের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

‘স্বাস্থ্যকর পৃথিবীর’ জন্য সময়োপযোগী কার্যকলাপের ওপর জোর দিয়ে মোদি বলেন, ‘আমার বিশ্বাস আমাদের একত্র হওয়া একটি কার্যকর ফলাফলের দিকে যাবে। এর মাধ্যমে নাগরিকেরা উপকৃত হবেন।’

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি করোনাভাইরাস মোকাবিলায় একটি অভিন্ন রূপরেখা তৈরির আহ্বান জানান। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাব অর্থনীতির ওপর আঘাত হেনেছে, যার ফলে মালদ্বীপসহ এ অঞ্চলের দেশগুলোতে পর্যটকের সংখ্যা কমে গেছে।

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে করোনাভাইরাসের কারণে এ অঞ্চলের অর্থনীতিতে ব্যাপক প্রভাবের বিষয়টি উল্লেখ করেন। এ জন্য অর্থনীতিতে নেতিবাচক প্রভাব কাটাতে সার্ক দেশগুলোতে দীর্ঘমেয়াদি কৌশল ঠিক করার তাগিদ দেন।

স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় নতুন সংস্থা চান শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস এবং এই ধরনের স্বাস্থ্যসমস্যা মোকাবিলায় সার্ক দেশগুলোর জন্য একটি সংস্থা গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। শেখ হাসিনা বলেন, ‘এ ধরনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার জন্য একটি ইনস্টিটিউট গড়ে তোলা যেতে পারে। সদস্যদেশগুলো রাজি হলে বাংলাদেশ এই সংস্থা স্থাপনে তৈরি আছে।’

বর্তমান সময়কে অত্যন্ত সংকটাপন্ন অভিহিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরনের সমস্যা মোকাবিলায় আমাদের একে অন্যকে সহায়তা করতে হবে। এ জন্য সার্কের দেশগুলোতে একটি কৌশল ঠিক করা জরুরি। সমষ্টিগতভাবে আমাদের সক্ষমতা, বিশেষজ্ঞ মতামতসহ অন্যান্য বিষয়ে সবচেয়ে ভালো চর্চার বিনিময় করা যেতে পারে।’

শেখ হাসিনা এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য কর্মকর্তাদের মধ্যে টেলিকনফারেন্সের প্রস্তাব দিয়ে জানান, বাংলাদেশ তথ্য আদান-প্রদানের জন্য তৈরি আছে।
করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে কী কী পদক্ষেপ নিয়েছে, তা সার্ক নেতাদের কাছে তুলে ধরেন।
পরে দ্বিতীয় দফায় বক্তৃতা দিতে গিয়ে শেখ হাসিনা সার্কের অভিন্ন কৌশল বাস্তবায়নে সার্কের মহাসচিবকে ভূমিকা রাখার প্রস্তাব দেন।

সাড়ে পাঁচ বছর পর প্রথম
প্রসঙ্গত, মাধ্যমটা ভার্চ্যুয়াল হলেও প্রায় সাড়ে পাঁচ বছরের বিরতিতে সার্কের নেতারা এই প্রথমবারের মতো একটি অভিন্ন প্ল্যাটফর্মে আলোচনায় অংশ নিলেন। ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উরির কাছে জঙ্গি হামলাকে ঘিরে পাকিস্তান-ভারত দ্বৈরথের কারণে ২০১৬ সালের নভেম্বরে ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে যায়। কার্যত এরপর থেকে কোনো রকম আলোচনায় বসছেন না সার্কের শীর্ষ নেতারা। শেষবারের মতো সার্ক শীর্ষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালের নভেম্বরে নেপালের রাজধানী কাঠমান্ডুতে।

ভারতের প্রস্তাব
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা ভাইরাস মোকাবিলায় সার্কের বিশেষ তহবিলে সব দেশকে স্বেচ্ছায় অংশ নেওয়ার প্রস্তাব করেছেন। জরুরি ভিত্তিতে সংক্রমণ ব্যাধি মোকাবিলায় ভারত শুরুতে ১০ মিলিয়ন ডলার দেবে। তহবিলের ব্যবহার কীভাবে হবে তা সার্কের পররাষ্ট্রসচিবেরা ঠিক করবেন।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার দেশগুলোকে সহায়তার জন্য ভারত চিকিৎসক, বিশেষজ্ঞ ও পরীক্ষার যন্ত্রপাতি যুক্ত করে র‌্যাপিড রেসপন্স টিম তৈরি রাখছে। যাতে চাওয়া মাত্র সদস্য দেশের চাহিদা অনুযায়ী সাড়া দেওয়া যায়।

সার্ক নেতাদের ভিডিও কনফারেন্সের ফলোআপ হিসেবে ৭ থেকে ১০ দিনের মধ্যে বিশেষ পদক্ষেপ এবং এ অঞ্চলের সবচেয়ে ভালো উদাহরণের বিষয়ে আলোচনার জন্য ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সার্ক দেশগুলোর অর্থনীতি একে অন্যের ওপর নির্ভরশীল। তাই চলাচলের নিষেধাজ্ঞা সার্কের আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে কতটা প্রভাব ফেলেছে তা খুঁজে বের করতে বাণিজ্য কর্মকর্তারা একটি ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

ভারত বর্ষ জুড়ে জরুরি কাজে যুক্ত থাকা স্বাস্থ্যকর্মীদের জন্য যে মডেলের ব্যবহার হচ্ছে সার্ক দেশগুলোর জরুরি সাড়াদান কর্মীদের জন্য সে ধরনের অনলাইন ট্রেনিং ক্যাপসুল ব্যবহার করা যায়।
সার্কের সবগুলো সদস্য দেশের ভাষায় তথ্য যুক্ত করে একটি ওয়েবসাইট তৈরি করা।

ভারতে রোগের ঝুঁকি নিরূপণের জন্য একটি সমন্বিত স্বাস্থ্য তথ্যের প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় সফটওয়্যারের মাধ্যমে। ওই সফটওয়্যারের ব্যবহার এবং তার প্রশিক্ষণ সবগুলো সদস্য দেশগুলোকে দিতে তৈরি আছে ভারত।

কোভিড-১৯ মোকাবিলায় সবচেয়ে ভালো দৃষ্টান্ত চিহ্নিত করে তা জনপ্রিয় করার কাজে ব্যবহার করা হবে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রকে।
ভবিষ্যতে রোগ নির্ণয় ও তার প্রতিরোধে সার্ক দেশগুলোর জন্য একটি অভিন্ন গবেষণার প্ল্যাটফর্ম তৈরি হতে পারে। এ কাজে সমন্বয় করতে পারে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ

ইউরোপ থেকে যাত্রী প্রবেশ বন্ধ সোমবার দুপুর ১২টার পর

0

যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য দেশে থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশ বন্ধ হবে সোমবার দুপুর ১২টার পর।

আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সাংবাদিকদের বলেন, সোমবার দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য কোনো দেশ থেকে যাত্রীদের বিদেশি বিমান সংস্থাগুলো বাংলাদেশে আনতে পারবে না। যদি তারা যাত্রী নিয়ে আসে, তাহলে এয়ারলাইনগুলো নিজ খরচে সেই যাত্রীদের ফিরিয়ে নিয়ে যেতে হবে। এ–সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট বিমান সংস্থা এবং ওই সব দেশের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে আকাশপথে ফ্লাইট সংখ্যা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীও কম আসছে। করোনাভাইরাসের কারণে ২১ জানুয়ারি থেকে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়। সতর্কতা জারির আগে ২০১৯ সালের তথ্যানুযায়ী, প্রতিদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে গড়ে ১০ হাজার যাত্রী দেশে প্রবেশ করতেন।

বিশেষ সতর্কতা জারির পর বিদেশফেরত সব যাত্রীকে থার্মাল স্ক্যানার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। ১৩ মার্চ সকাল ৮টা থেকে ১৪ মার্চ সকাল ৮টা পর্যন্ত ৪ হাজার ৬১২ জন বিদেশফেরত যাত্রীকে স্ক্যান করানো হয়। এই সংখ্যা এক দিনের ব্যবধানে আজ ১৫ মার্চ রোববার কমে হয়েছে ১ হাজার ৫৩৮ জন।

আকাশপথে বাংলাদেশ থেকে চলাচল আরও কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অ্যাভিয়েশন সংশ্লিষ্টরা।

‘হোম কোয়ারেন্টিনের’ নির্দেশনা অমান্য, জরিমানা

0

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার সরকারি নির্দেশনা অমান্য করায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এই জরিমানা করেন।

সৌদি আরবপ্রবাসী ওই ব্যক্তি গত ৬ মার্চ বাড়ি ফেরেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে বিদেশফেরত ব্যক্তিদের ১৪ দিন ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার সরকারি নির্দেশনা রয়েছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় হাট-বাজার ও জনসমাগম এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। তবে এই নির্দেশনা অমান্য করে সৌদি ফেরত ওই ব্যক্তি বাড়ির বাইরে রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। বিষয়টি স্থানীয় এক গ্রামপুলিশ দেখার পর উপজেলা প্রশাসনকে জানান। খবর পেয়ে আজ সন্ধ্যায় ছয়টার দিকে সৌদি ফেরত ওই ব্যক্তির বাড়ির সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় বাড়ির সামনে রাস্তায় চলাফেরা করার সময় তাঁকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অর্থদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন ইউএনও আশরাফুল আলম। তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন দেশ থেকে অনেকে দেশে ফিরছেন। করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশ মোতাবেক তাদের নিজ বাড়িতে একটি কক্ষে একাকী থাকতে বলা হয়েছে। তবে কেউ কেউ এই নির্দেশনা অমান্য করছেন। যিনিই এই নির্দেশনা অমান্য করবেন, তাকেই আইনের আওতায় আনা হবে। তাঁকে জেল বা অর্থদণ্ড দেওয়া হবে।

রাশিয়াকে দমাতে তেলের দাম প্রতি ব্যারেল ২৫ ডলারে নিল সৌদি

0

ইউরোপকে প্রতি ব্যারেল জ্বালানি তেল ২৫ ডলারে দিচ্ছে সৌদি আরব। রাশিয়ার তেলের ইউরোপীয় ক্রেতাদের টার্গেট করেই সৌদি আরব এই সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা আরামকো জানিয়েছে, তারা এপ্রিল মাসে আগের যে অতিরিক্ত অনুরোধ ছিল, সেই পরিমাণ তেল সরবরাহ করবে। পাঁচটি ব্যবসায়িক সূত্রের বরাত দিয়ে গতকাল শনিবার এই তথ্য জানায় রয়টার্স।

এশিয়া ও ইউরোপের তেলের বাজারের মূল সরবরাহকারী রাশিয়া। এখন রাশিয়ার এই বাজার ধরতে উঠেপড়ে লেগেছে সৌদি আরব।

রয়টার্সকে ইউরোপের বিভিন্ন তেল পরিশোধক কোম্পানি বলেছে, আরামকো জানিয়েছে, এপ্রিল মাসে তাদের চাওয়া অনুযায়ী তেল সরবরাহ করবে তারা।

সৌদি আরব সব সময়ই রাশিয়ার চীনা ও ভারতীয় ক্রেতাদের নিজের দিকে টানতে চেষ্টা চালিয়ে আসছে। যদিও ক্রেতাদের যে পরিমাণ জ্বালানি তেলের চাহিদা ছিল, তা সরবরাহ করতে পারেনি সৌদি আরব। এবার তারা সরবরাহ বাড়াবে।

তেলের উৎপাদন নিয়ে সৌদি আরবের সঙ্গে রাশিয়ার একধরনের মতভেদ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মস্কো জানিয়েছে, তাদের কোনো আলোচনায় বসার পরিকল্পনাই নেই।

রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেক্সান্ডার নোভাক গত শুক্রবার বলেন, তার দেশ ওপেক প্লাস অংশীদারদের সঙ্গে আলোচনায় ফিরে আসার কোনো কারণ দেখছে না। এপ্রিল মাসে প্রতিদিন ২ লাখ ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর ইচ্ছা আছে তাদের।

এদিকে এর বিপরীতে এপ্রিল থেকে ২৬ লাখ ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর কথা বলছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতও উৎপাদন বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় বিশ্ববাজারে এক মাস ধরে তেলের চাহিদা কমে গেছে। দিন দিন দাম পড়ে যাচ্ছে। ২০০৮ সালের আর্থিক সংকটের পর সবচেয়ে খারাপ অবস্থায় আছে তেলের দাম। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দাম কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।

জ্বালানি তেলের বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ৫ মার্চ থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকে বসে ওপেক ও নন-ওপেক দেশগুলো। এতে সিদ্ধান্ত হয়, তেলের দাম বাড়াতে অপরিশোধিত তেলের উৎপাদন দিনে ১৫ লাখ ব্যারেল কমাবে তারা, যা বিশ্বের মোট সরবরাহের প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।

ওপেক আশা করছিল, রাশিয়া প্রতিদিন ৫ লাখ ব্যারেল উৎপাদন কমাতে সম্মত হবে। তবে এতে সম্মতি জানায়নি ওপেকের মিত্র জোট ওপেক প্লাসের নেতৃত্বে থাকা রাশিয়া। এ কারণে নতুন চুক্তি হওয়ার বিষয়টি ভেস্তে যায়।

এর প্রভাবে শুক্রবার থেকে ব্যাপক দরপতন হয় তেলের দামের। এর মধ্যে গতকাল শনিবার তেলের দাম কমায় সৌদি আরামকো। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত এই কোম্পানি তেলের দাম তাদের মূল গ্রেড থেকে ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি কমায়। তেলের ‘মূল্য–যুদ্ধ’ শুরু করে সৌদি আরব। সংস্থাটি এশিয়ায় এপ্রিলের চালানের জন্য ক্রুড তেলের দাম কমিয়েছে ব্যারেলপ্রতি ৪ থেকে ৬ ডলার। যুক্তরাষ্ট্রের জন্য কমিয়েছে ৭ ডলার। যার প্রভাবে পরের কার্যদিবসেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে ৩৩ শতাংশ, যা ১৯৯১ সালের ১৭ জানুয়ারিতে শুরু হওয়া প্রথম উপসাগরীয় যুদ্ধের পর আন্তর্জাতিক বাজারে এক দিনের কেনাবেচায় জ্বালানি তেলের সর্বোচ্চ দরপতন।

২০১৬ সালে তেলের দাম প্রতি ব্যারেল ৩০ ডলারে নেমে আসার পর ওপেকের নেতৃত্বে রাশিয়া ও সৌদি আরব তথাকথিত একটি জোট গঠন করেছিল। সে সময় থেকে রাশিয়া ও সৌদি আরব সমন্বিতভাবে প্রতিদিন ২১ লাখ ব্যারেল তেল উৎপাদন কমায়। চাহিদা কমে যাওয়ায় ২০২০ সাল নাগাদ এই সংখ্যা ৩৬ লাখ ব্যারেলে নিতে চেয়েছিল সৌদি আরব। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একমত হননি। ৬ মার্চ ওপেকের সঙ্গে আলোচনায় রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেক্সান্ডার নোভাক জানান, আগমী ১ এপ্রিল থেকে রাশিয়া তার ইচ্ছেমতো তেল উৎপাদন করবে। রাশিয়া জানিয়ে দেয়, জোট ছাড়ছে তারা। মস্কোর দাবি, দাম স্থিতিশীল রাখতে উৎপাদন কমাতে কমাতে তারা ক্লান্ত।

পতনে পতনে জেরবার শেয়ারবাজার

0

দর কমেই যাচ্ছে শেয়ারবাজারে। আজ রোববার লেনদেনের প্রথম দুই ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে ২৩২ পয়েন্ট। অবস্থান করছে ৩ হাজার ৮৯৭ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ সময় পর্যন্ত কমেছে ৬১০ পয়েন্ট।

ডিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে মাত্র ২১৩ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রায় সব কটির দর কমেছে। ৩৪২টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ৫টির দর। অপরিবর্তিত আছে ৪টির দর।

আজ সকালে লেনদেনের শুরুতেই সূচক পড়তে থাকে। ৩ মিনিটের মধ্যে সূচক কমে ডিএসইএক্স নেমে আসে ৪ হাজার পয়েন্টের নিচে। পরে বেলা ১১টায় সূচকটি ১৭৬ পয়েন্ট হারায়। এক টানা দর পতন চলতে থাকে। বেলা ১১টা ৪১ মিনিটে উধাও হয় ২০০ পয়েন্ট। এবং দুপুর সাড়ে ১২টা নাগাদ ২৩২ পয়েন্ট হারায় ডিএসইএক্স।

এর আগে ২০১৫ সালের ৪ মে ডিএসইএক্স সূচকটি কমে ৩ হাজার ৯৫৯ পয়েন্টে অবস্থান করে।

গত কার্যদিবস (বৃহস্পতিবার) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ১০১ পয়েন্ট।

অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৯৬টির দর কমেছে। ৯টির বেড়েছে। অপরিবর্তিত আছে ৩টির দর।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার : ওবায়দুল কাদের

0

রকার করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মুজিব বর্ষ উদযাপনকে ঘিরে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে আজ রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘স্কুল-কলেজ বন্ধের বিষয়টি আমাদের উচ্চপর্যায়ে আলোচনায় আছে। আমাদের ভাবনায়ও আছে। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি, সময়মতো বিষয়টির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্ক, উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষের ভেতরেও উদ্বেগ–উৎকণ্ঠা রয়েছে। করোনাভাইরাসটি আতঙ্কের সৃষ্টি করেছে। আমাদের জনগণের মধ্যে এ নিয়ে দুশ্চিন্তা আছে। এখন পর্যন্ত বিশ্বের ১৪৯টি দেশ আক্রান্ত হয়েছে। নতুন নতুন দেশ আক্রান্ত হচ্ছে।

প্রবাসীদের দেশে ফেরা বন্ধের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সরকার থেকে এদের নিরুৎসাহিত করা হচ্ছে। শনিবার থেকে কঠোরভাবে বিষয়টি নিরুৎসাহিত করা হচ্ছে। বিদেশ থেকে প্লেনের মাধ্যমে আগমন নিয়ন্ত্রণ বা বন্ধ করা যায় কি না, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, ‘কেবল চীনই দেখছি করোনাভাইরাস নিয়ন্ত্রণ করছে। তারা কীভাবে কন্ট্রোল করতে পারছে, সে বিষয় শেয়ার করার জন্য আমাদের কাছে তাদের একটা চিঠি এসেছে। তারা প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। এ ধরনের সংক্রমণ এবং বিস্তার রোধ করার জন্য সার্বিক সহযোগিতা সহানুভূতির হাত প্রসারিত করে চীন চিঠি দিয়েছে। তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত। প্রথম থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আসছেন। সরকার যেমন প্রস্তুত আমাদের দলকে প্রস্তুত করা হয়েছে। দেশবাসীকে সতর্ক করতে লিফলেট বিতরণ করা হচ্ছে। আমাদের এখানে এখন পর্যন্ত সংক্রমিত হওয়ার ঘটনা নেই। যারা সংক্রমিত, তারা বিদেশ থেকে এসেছে।’

পদ্মা সেতুর নির্মাণকাজ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে চায়নিজ কর্মীদের কেউ কেউ ছুটিতে গেছেন কিন্তু তার সংখ্যা খুব বেশি না। আমাদের এখানে এক হাজারের মতো চায়নিজ কর্মী কাজ করেন। ছুটিতে গেছেন ২৫০ জন। তাঁদের মধ্যে কেউ চলে এসেছেন। আমাদের ৪১টি স্প্যানের মধ্যে ২৬টি স্প্যান বসে গেছে। আগামী দুই মাস পর্যন্ত যদি এই অবস্থা অব্যাহত থাকে, তাতেও কোনো অসুবিধার সম্মুখীন হব না। কাজ যথারীতি এগিয়ে যাবে। এই জুলাই মাসের মধ্যে ৪১টি স্প্যান বসে যাবে। এরপর অন্যান্য কাজ চলবে। ২০২১ সালের জুন মাস আমরা টার্গেট দিয়েছি সেভাবেই কাজ চলছে।’

করোনাভাইরাস আতঙ্কে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা বাকৃবির শিক্ষার্থীদের

0

করোনাভাইরাস আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সব অনুষদের শিক্ষার্থীরা। অনুষদীয় ছাত্র সমিতির নেতারা গণস্বাক্ষর নিয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে দিয়েছেন। তবে সরকারের নির্দেশ না পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন উপাচার্য লুৎফুল হাসান।

শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ায় বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্লাস-পরীক্ষা বর্জনের ব্যাপারে আলোচনা করছিলেন শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটি শেষে আজ ক্লাসে এসে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের জন্য গণস্বাক্ষর দেন। পরে অনুষদীয় ছাত্র সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ দুপুরে শিক্ষার্থীদের সিদ্ধান্তের বিষয়ে জানাতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র সমিতির নেতারা। ক্লাস-পরীক্ষা বর্জনে শিক্ষার্থীদের নেওয়া গণস্বাক্ষর অনুষদগুলোর ডিনের কাছে পাঠানো হয়েছে বলেও জানান ছাত্র প্রতিনিধিরা।

কৃষি অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. শাহেদ হোসেন বলেন, করোনাভাইরাস আতঙ্কে কয়েক দিন ধরে জনসমাগম ও ঝুঁকি এড়ানোর বিষয়ে শিক্ষার্থীরা উদ্বিগ্ন। শিক্ষার্থীদের উৎকণ্ঠা কাটাতে সবার সম্মতিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তায়েফুর রহমান নামের এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, হল বন্ধ না করে শুধু ক্লাস-পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত ঠিক হবে না। কারণ ক্লাসের চেয়ে হল ও ক্যাম্পাসের রেস্তোরাঁগুলোতে জনসমাগম বেশি হয়। শুধু ক্লাস বন্ধ করে করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার সিদ্ধান্ত কার্যকরী হবে না। তাই নির্দিষ্ট সময়ের জন্য পুরোপুরিভাবে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের বিষয়ে মত দিয়েছেন তিনি।

এ বিষয়ে উপাচার্য লুৎফুল হাসান বলেন, সরকারের নির্দেশ না পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার সুযোগ নেই। বিভিন্ন অনুষদের ছাত্রপ্রতিনিধিরা তাঁদের সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সংক্রমণ কমাতে বিভিন্ন সচেতনতামূলক প্রচার চালাচ্ছে। ইতিমধ্যে ক্যাম্পাসে জনসমাগম হয়, এ রকম সভা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কোয়ারেন্টিনে ট্রুডোর পরিবার, সন্তানেরা গেমে আর স্ত্রী ফোনে ব্যস্ত

0

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পরিবার গত শুক্রবার থেকে করোনাভাইরাসের আশঙ্কায় কোয়ারেন্টিন হয়ে আছে। আতঙ্কিত দেশবাসীকে জাস্টিন ট্রুডো আশ্বস্ত করেছেন, তিনি দেশের শাসন চালিয়ে যাচ্ছেন। আর তাঁর সন্তানেরা চার দেয়ালে বন্দী থেকে গেমস খেলে সময় কাটাচ্ছে। স্ত্রী ফোনে কথা বলেই সময় কাটিয়ে দিচ্ছেন।

গত বৃহস্পতিবার রাতেই ট্রুডোর কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয়, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগয়ের ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাসের কারণে দেখা দেওয়া কোভিড-১৯ রোগের উপস্থিতি শনাক্ত হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোফিকে নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথক রাখা হবে।

খবরে জানানো হয়, সোফির শরীরে করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ ধরা পড়লেও তা এখনো প্রকট হয়ে ওঠেনি। মৃদু মাত্রায় রয়েছে। তবে জাস্টিন ট্রুডোর শরীরে এখনো ওই ভাইরাস শনাক্ত হয়নি। ৪৮ বছরের কানাডার নেতা ট্রুডো ও তাঁর ৪৪ বছরের স্ত্রী এবং ৬ থেকে ১২ বছর বয়সের তিন সন্তানকে ১৪ দিনের জন্য বিচ্ছিন্ন করে রাখা হবে সংসদ থেকে কয়েক কিলোমিটার দূরে এক বাড়িতে।

এ ঘটনার পর গতকাল শনিবার ট্রুডো প্রথমবার জনসমক্ষে আসেন। রাজধানী অটোয়ার বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ট্রুডো। সংবাদ সম্মেলনে তিনি একা দাঁড়িয়ে। আশপাশে কোনো কর্মকর্তা নেই। সাংবাদিকেরা তাঁর থেকে বেশ কয়েক মিটার দূরত্বে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি বলেন, ‘‌আমি সুস্থ রয়েছি। আমার শরীরে কোনোও উপসর্গ দেখা যায়নি। প্রযুক্তির কারণে আমি বাড়ি বসেই কাজ করতে পারছি।’‌

প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, ‘‌এভাবে কাজ করা কিছুটা হতাশার। যতই হোক আমরা সামাজিকভাবে মিশে অভ্যস্ত কিন্তু এটা আমাদের করতে হচ্ছে।‌’

কানাডার স্বাস্থ্য কর্মকর্তারা দেশটির জনগণের উদ্দেশে বলেন, যদি জ্বর অনুভব হয়, তাহলে সঙ্গে সঙ্গে কোভিড-১৯-এর পরীক্ষা করুন এবং স্বেচ্ছায় একঘরে হয়ে যান। বিশেষ করে যদি তাঁরা সম্প্রতি অন্য দেশ থেকে ঘুরে আসেন। ট্রুডো বলেন, ‘আমরা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরামর্শ মেনে চলছি আপনাদেরও তা করা উচিত।’‌

গত বুধবার সোফি ট্রুডোর ফ্লুয়ের মতো উপসর্গ দেখা দিয়েছিল। সঙ্গে ছিল হালকা জ্বর। তিনি সম্প্রতি লন্ডন থেকে ফিরেছেন। তাঁর স্বামী জাস্টিন ট্রুডো বলেন, ‘সোফির উপসর্গ হালকা আছে। চিকিৎসকদের পরামর্শ মতো আমি এখন কিছুদিনের জন্য কোয়ারেন্টিনে থাকব। আমরা ঠিক আছি। সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।’‌

বাড়ি থেকে কাজ করলেও ট্রুডো খুবই ব্যস্ত রাখছেন নিজেকে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার বিভিন্ন মন্ত্রণালয়ের ও আঞ্চলিক নেতাদের সঙ্গে তিনি ফোনে কথা বলে কাজ চালিয়ে নিচ্ছেন। তিনি বলেন, ‘‌আমি গত দুদিনও খুব ব্যস্ত ছিলাম। কানাডাবাসীকে নিরাপদে রাখার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আমায় নিঃশব্দে করতে হবে।’‌

পরিবারের সময় কীভাবে কাটছে—সাংবাদিকেদের এ প্রশ্নের জবাবে ট্রুডো বলেন, ‘বাচ্চারা মোবাইলে গেমস খেলে সকালটা কাটাচ্ছে। আর আমার বউ পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ফোনে যোগাযোগ রক্ষা করে চলেছেন।’

কানাডায় ১৩৫ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর ফলে এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। তথ্যসূত্র: এএফপি