Home Blog Page 3087

খাঁ খাঁ করছে কলকাতার হোটেলপাড়া, ব্যবসায়ীদের মাথায় হাত

0

করোনাভাইরাসের আতঙ্কে কলকাতার রাস্তাঘাট এখন প্রায় ফাঁকা। হোটেলপাড়ায় নেই কোনো ভিড়। বিদেশি পর্যটক না থাকায় হোটেলপাড়ার মানি এক্সচেঞ্জের দোকানগুলোর ঝাঁপ কার্যত বন্ধ। এতে হোটেলপাড়ার ছোট-বড় ব্যবসায়ীদের পাশাপাশি ফুটপাতের দোকানদারদের মাথায় হাত।

কলকাতার হোটেলপাড়ার বিভিন্ন হোটেল-গেস্টহাউসে বাংলাদেশ ছাড়াও অন্য দেশ থেকে পর্যটকেরা আসেন। করোনাভাইরাসের আতঙ্কে কলকাতার হোটেল ও গেস্টহাউসে থাকা অধিকাংশ পর্যটক তড়িঘড়ি করে দেশে ফিরে গেছেন। যে দু-একজন এখনো আছেন, তাঁরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

কলকাতার সম্রাট হোটেলের ব্যবস্থাপক প্রেম ঘোষ আজ রোববার সকালে বলেন, ‘খুবই দুর্দিন চলছে আমাদের। রুম ফাঁকা। মানুষ আতঙ্কে কলকাতা ছেড়েছে। আমরা সত্যিই বিপদের মধ্যে আছি। কীভাবে খরচ চলবে এত বড় হোটেলের? বহু পর্যটক বুক করা হোটেল-রুম বাতিল করেছেন।’

সদর স্ট্রিটের একটি হোটেলের ব্যবস্থাপক বলেন, ‘করোনার আতঙ্কে দেশ-বিদেশের পর্যটকেরা হোটেল ছেড়েছেন। দু-এক দিনের মধ্যে আমাদের এলাকার হোটেলগুলো পর্যটকশূন্য হয়ে যাবে। আমাদের হোটেলের সিংহভাগ পর্যটক হলেন বাংলাদেশের। বাংলাদেশ থেকে যাঁরা এখানে এসেছিলেন, তাঁদের অধিকাংশই করোনার আতঙ্কে হোটেল ছেড়ে দেশে ফিরে গেছেন। যাঁরা আছেন, তাঁরাও দ্রুত ফিরবেন।’

বিদেশি পর্যটকদের আনাগোনায় সরগরম থাকা কলকাতার নিউমার্কেট, সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, কলিন লেন, রফি আহমেদ কিদোয়াই রোড, ধর্মতলা এলাকার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও গেস্টহাউস এখন প্রায় ফাঁকা।

কলকাতার মানি এক্সচেঞ্জ তাজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্মকর্তা শ্যামল সাহা বলেন, ‘আমাদের ব্যবসা বসে গেছে। বিদেশি পর্যটক কমে যাওয়ায় মার্কুইস স্ট্রিট এলাকার মানি এক্সচেঞ্জগুলো কার্যত বন্ধ হয়ে যাওয়ার পথে। কারণ, বিদেশি পর্যটক না এলে ডলার-পাউন্ড-রুপির কেনাবেচা কীভাবে চলবে? আমরাই-বা কীভাবে বাঁচব এত কর্মচারী নিয়ে?’

আজ থেকে কলকাতায় বন্ধ হয়ে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, সায়েন্স সিটি, বিড়লা প্ল্যানেটারিয়ামসহ বিভিন্ন চিত্তবিনোদনের স্থান। এসব কেন্দ্রে সাধারণত বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে।

কলকাতার সঙ্গে ঢাকা-খুলনার মৈত্রী ও বন্ধন ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে আজ থেকে। ঢাকা কলকাতার মধ্যে চলাচলকারী বাস পরিষেবা বন্ধ হয়ে গেছে গত শুক্রবার থেকে। ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে এই পরিষেবা।

সড়কপথে বাংলাদেশ থেকে কলকাতায় আসা বাংলাদেশি পর্যটক এবং ভারত থেকে বাংলাদেশে যাওয়া ভারতীয় পর্যটকেরা এখনো ফিরতে পারছেন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা রবি মহাপাত্র
বলেন, আজ থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন।

বেনাপোল-পেট্রাপোল সীমান্তের ভারতীয় অভিবাসন দপ্তরের কর্মকর্তা কুমার সিং বলেন, বাংলাদেশ থেকে ভারতে আসা বাংলাদেশিরা এই সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারছেন। আবার বাংলাদেশে যাওয়া ভারতীয় নাগরিকরাও ফিরে আসতে পারছেন এই সীমান্তপথে।

পাকিস্তানি ক্রিকেটারকে ভুঁড়ি কমাতে বলছেন শোয়েব-রমিজ

0

এক পিএসএল দিয়েই কলঙ্কিত তালিকায় নাম লিখিয়েছেন শারজিল খান। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানি ওপেনার। তাঁর পুনর্বাসন শুরু হয়েছে ২০২০ পিএসএল দিয়ে। প্রত্যাবর্তন খুব একটা ভালো হয়নি। মাত্র এক ম্যাচেই পঞ্চাশ পেরিয়েছেন। সে ইনিংস খেলেও সমালোচনা থামাতে পারেননি। শোয়েব আখতার ও রমিজ রাজা সরাসরিই বলেছেন, শুধু ব্যাটিং করলেই চলবে না ভুঁড়িটাও কমাতে হবে।

করাচি কিংসের হয়ে পাকিস্তান সুপার লিগে খেলছেন শারজিল। গত ১২ মার্চ লাহোর কালান্দার্সের বিপক্ষে ৫৯ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন। পাঁচ চার ও পাঁচ ছক্কার এ ইনিংসের পর কোথায় একটু প্রশস্তি শুনবেন, তা নয়, তাঁর শারীরিক গঠন নিয়ে পড়েছেন সাবেক ক্রিকেটাররা। ৩০ বছর বয়সী এই ওপেনারকে ফিটনেস নিয়ে সচেতন হতে বলেছেন শোয়েব ও রমিজ।

শোয়েব আখতার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘যদিও শারজিল ফিফটি পেয়েছে, ও তিনবার জীবনও পেয়েছে। ওর প্রতিভা অনেক। কিন্তু ওর পেটের চর্বি কমাতে হবে, ফিট হতে হবে। পিএসএলে নাম ওঠার পর ছয় মাস সময় পেয়েছে নিজেকে ফিট করার। এই সময়টা ও চিকন হতে ও ফিল্ডিংয়ের জন্য উপযুক্ত হওয়ায় কাজে লাগাতে পারত। ওর উচিত ফিল্ডার কোথায় আছে সেটা বোঝা এবং নিজের শক্তি বুঝে খেলা। ও সেটা করতে পারলে পাকিস্তানে ওর চেয়ে ভালো ব্যাটসম্যান আর কেউ থাকবে না।’

সাবেক অধিনায়ক রমিজ রাজাও ‘মোটু’ বলেছেন শারজিলকে, ‘শারজিলের ফিটনেস বাড়ানোর কথা। ওকে দেখে এখনো মোটা ও আনফিট মনে হয়েছে। উইকেটে ওর দৌড়ের ক্ষমতা প্রায় শূন্যের কাছে। বাবর আজমকে বারবার শারজিলের রানিং দেখে হতাশ মনে হয়েছে। ওর (শারজিল) বুঝতে হবে শুধু চার ও ছক্কার ওপর নির্ভর করা যায় না। ওর ব্যাটিংয়ে ছন্দ দরকার, আর সেটা আসবে সিঙ্গেল নেওয়ার ওপর। ওর ফিটনেস নিয়ে কাজ করতে হবে।’

নেইমারের দাম ৬৮০ কোটি কমাল পিএসজি

0

নেইমারের দাম নির্ধারণ করেছে পিএসজি। মৌসুম শেষে এ দামে তারা ব্রাজিলিয়ান তারকাকে ছাড়তে রাজি

গুঞ্জনটা পুরোনো হলেও চাপা থাকছে না। কারণ খেলোয়াড়টি নেইমার আর ক্লাবটি বার্সেলোনা। এ নিয়ে কথা উঠলেই যে বিষয়টি আগে উঠে আসে, নেইমার বার্সেলোনায় ফিরছেন কবে? কিংবা নেইমার কি আদৌও বার্সায় ফিরতে পারবেন? এবার হয়তো তাঁর ক্যাম্প ন্যুতে ফেরার একটা সম্ভাবনা দেখা গেল। ব্রাজিলিয়ান তারকার দাম নির্ধারণ করেছে পিএসজি। এ মৌসুম শেষে ১৫০ মিলিয়ন ইউরো খরচায় কিনতে হবে নেইমারকে।

২০১৭ সালে বার্সা থেকে নেইমারকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোয় কেনে পিএসজি। অর্থাৎ নিজেদের কেনা দাম থেকে ৭২ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮০ কোটি টাকা) কমিয়েছে তারা। এমন খবরই জানিয়েছেন ইএসপিএনের লিগ ওয়ান প্রতিবেদক হুলিয়েন লরেনস। ২০২০-২১ মৌসুম শুরুর আগে নেইমারকে ছাড়তেই দাম কমাল তারা। পিএসজিতে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আরও দুই বছর বাকি। কিন্তু বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই যাই যাই করছেন নেইমার। আর সেই গন্তব্যস্থানটি হলো বার্সা।

বার্সেলোনা এবার পিএসজির দামে রাজি থাকলে দুইয়ে দুইয়ে চার মিলতে পারে। এর আগে বার্সার কাছে নেইমারের দাম ২০০ মিলিয়ন ইউরো চেয়েছিল পিএসজি। কিন্তু এ দামে বার্সা রাজি হয়নি। পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো এখন ২৮ বছর বয়সী ফরোয়ার্ডকে বার্সা ‘অথবা অন্য কোনো ক্লাবে’ বর্তমান দামে ছাড়তে রাজি। নেইমারকে ছেড়ে কিলিয়ান এমবাপ্পের ওপর মনোযোগ বাড়াতে চায় পিএসজি, ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ ফরোয়ার্ড ‘বিক্রির জন্য নয়’ বলে জানিয়েছে পিএসজি। বাজারে গুঞ্জন চলছে, এমবাপ্পেকে কিনতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। কোচ জিনেদিন জিদান তাঁর প্রতি বেশ আগ্রহী।

সংবাদমাধ্যমের খবর বার্সা এখনো নেইমারের পিছু ছুটছে। ব্রাজিলিয়ান তারকাকে ক্যাম্প ন্যুতে ফেরাতে চান ক্লাবটির সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ ও তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। এর আগে চেষ্টা করেও তারা পারেনি। পিএসজি এবার নেইমারের দাম কমিয়ে একটু নমনীয় হওয়ায় সুবিধা হলো বার্সার জন্য।

করোনা প্রতিরোধে হাসপাতাল বানাচ্ছেন রোনালদো

0

একের পর এক দেশে আঘাত হানছে করোনাভাইরাস। নতুন নতুন মানুষ আক্রান্ত হচ্ছে। মরণঘাতী এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে এবার এগিয়ে আসছে ক্রিস্টিয়ানো রোনালদো

আর দশজনের মতো করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে শঙ্কিত ক্রিস্টিয়ানো রোনালদোও। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উদ্বেগের কথা জানিয়ে বিশাল এক পোস্ট লিখেছেন এই পর্তুগিজ তারকা। এখন শোনা যাচ্ছে, শুধু পোস্ট লিখে বা মুখ চালিয়েই নিজের দায়িত্ব শেষ ভাবছেন না রোনালদো। পর্তুগালে নিজের যতগুলো হোটেল আছে, সব কটিকে হাসপাতালে রূপান্তরিত করে করোনাভাইরাস প্রতিরোধে অবদান রাখতে চলেছেন তিনি।

‘পেস্তানা সিআর সেভেন’ এই ব্র্যান্ড নামে পর্তুগালে রোনালদোর কয়েকটি হোটেল আছে। মূল দুটি শাখা আছে লিসবন ও ফুনচালে। করোনাভাইরাসের কারণে এখন সে হোটেলগুলোই হাসপাতালে রূপান্তরিত হচ্ছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। হাসপাতালগুলো মূলত করোনাভাইরাসে আক্রান্ত মানুষদের সেবা দেবে। এবং এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে কোনো খরচ হবে না। ফ্রি তে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছেন রোনালদো। হাসপাতালে কাজ করা সকল ডাক্তার ও অন্য কর্মকর্তাদের বেতন দেবেন রোনালদো নিজেই।

তবে এই ব্যাপারে রোনালদো বা রোনালদোর ক্লাব জুভেন্টাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি এখন পর্যন্ত।

দুদিন আগে দেওয়া এক পোস্টে রোনালদো জানিয়েছিলেন, ‘পৃথিবী এখন অনেক বাজে একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের সবার উচিত এই সমস্যার প্রতি গুরুত্ব দেওয়া। আজ আমি আপনাদের সামনে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আসিনি। এসেছি একজন সন্তান, একজন বাবা, একজন মানুষ হিসেবে, যে কিনা বিশ্বের এই খারাপ সময় সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন।’

জীবনঘাতী এই ভাইরাসের হাত থেকে বাঁচতে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলতে বলেছেন জুভেন্টাসের এই তারকা, ‘আসুন আমরা সবাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলি, এটা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এটাই সবচেয়ে বেশি কাজে দেবে। মানুষের জীবনের দাম সবকিছুর চেয়ে বেশি। এর চেয়ে বেশি কোনো কিছুর দাম হতে পারে না। যাদের কাছে মানুষ এই ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন, সবার জন্যই আমার প্রার্থনা ও ভালোবাসা। আমার সতীর্থ দানিয়েলে রুগানির মতো যাঁরা এই ভাইরাসের সঙ্গে লড়ছেন, আমি তাঁদের পাশে আছি। যারা নিজেদের জীবন বাজি রেখে আরেকজনকে বাঁচানোর জন্য চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি আমার সমর্থন রইল।’

কাঠগড়ায় বাবাকে দেখে কাঁদলেন মিলা

0

আদালতের কাঠগড়ায় বাবাকে দেখে অপমানে কাঁদলেন মিলা। আদালত থেকে বাসায় ফিরে ‘লজ্জিত হও’ শিরোনামে লিখলেন কবিতা। কবিতাটি নিজের ফেসবুকে পোস্টও করেছেন। আজ রোববার দুপুরে জানালেন, ‘বাবার অপমান সইতে না পেরে কবিতার আশ্রয় নিয়েছেন তিনি। বললেন, কবিতা এমনই একটা মাধ্যম, যা দিয়ে অনেক কিছুই বলা যায় অকপটে। প্রচণ্ড ক্ষোভ, যন্ত্রণা, লজ্জা, অপমান থেকে কবিতাটি লিখেছি।’

বিয়ের তথ্য গোপনের অভিযোগে সাবেক স্বামী এস এম পারভেজ সানজারির করা মামলায় জামিন পেয়েছেন সংগীতশিল্পী মিলা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গত বুধবার এই জামিন মঞ্জুর করেন। আদালত সূত্র বলেছে, এই মামলায় মিলা ও তাঁর বাবা শহীদুল ইসলাম বুধবার ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস চন্দ্র দাস।

মিলা বলেন, ‘কবিতাটা আমি লিখতে চাইনি। বাধ্য হয়েছি। বাবাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে দেখে আমি সবচেয়ে বেশি আঘাত পেয়েছি। বাবাকে প্রতারণার মামলায় জড়ানো হলো! সবকিছু মেনে নেওয়া যায়, কিন্তু মেয়ের সামনে বাবা অপমানিত হচ্ছে—এ দৃশ্য দেখা অসম্ভব। বলা হয়েছে, আমার আগের বিয়ে গোপন করেছি, যা একেবারে বানোয়াট। আমার আগের বিয়ের খবর সবাই জানত, পারভেজ সানজারিও জানত। সে আমার সঙ্গে ১০ বছর ধরে প্রেম করেছে। সবকিছু জেনেই আমার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এখন প্রতারণার মামলা করেছে!’
মিলা এ–ও বলেন, ‘মামলার বিষয়টা সবাই নানাভাবে লিখছে! আব্বা যখন কাঠগড়ায়, এ দৃশ্য আমি মেনে নিতে পারিনি। মনে হয়েছে, আমার জীবনে এর চেয়ে বাজে দৃশ্য আর কখনো আসেনি, আসবেও না। সানজারিকে আমি আমার সিদ্ধান্তে বিয়ে করেছিলাম, বাবা মেনে নিতে চায়নি। মেয়ের কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়েছিলেন। আমার বাবা জীবনের লম্বা সময় দেশের জন্য কাজ করেছেন, নীতিতে আপস করেননি—আজ শুধু মেয়ের কারণে এভাবে কাঠগড়ায় দাঁড়াতে হলো। এ দৃশ্য যে কী কষ্টের, বলে বোঝাতে পারব না (কান্না)।’

সংগীতাঙ্গনে মিলা একটা লম্বা সময় সুন্দরভাবে কাটিয়েছেন। বিয়ের পর তাঁর সংগীতজীবনে একটা বড় ছন্দপতন হয়। মিলা বলেন, ‘আমি একজন আর্টিস্ট, আমার কারণে আব্বা-আম্মা কোথায় গর্ব করবেন, সেখানে কিনা তাঁদের প্রতারক হিসেবে দেখতে হচ্ছে! আমার তো মরে যেতে ইচ্ছে করছিল। ওই সব ক্ষোভ থেকে আমি কবিতা লিখেছি।’
মিলা জানালেন, মামলার পর থেকে তিনি নানা ধরনের চাপের মুখে আছেন। অনেক যন্ত্রণাও সহ্য করছেন। বললেন, ‘আদালতে বাবা যেদিন কাঠগড়ায় দাঁড়ালেন, সেদিন সন্ধ্যায় বাসায় ফিরে বাবার পা ধরে ক্ষমা চেয়েছি। কেঁদেছি। বলেছি, বাবা আমাকে মাফ করে দাও। আমার মনে হয়েছে, পৃথিবীতে যত দোষ করেছি, এটাই ছিল সবচেয়ে বড় দোষ। বাবাকে কাঠগড়ায় দেখাটা মেয়ে হিসেবে আমার মরে যাওয়ার মতো অবস্থা।’

সাবেক স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে মামলা করেছিলেন। কয়েক দিন আগে সানজারিও পাল্টা মামলা করেছেন। সব মিলিয়ে জীবন নিয়ে ভালো জটিলতায় আছেন গায়িকা মিলা। ১৩ মার্চ এসব ঘটনা নিয়েই একটি কবিতা লেখেন মিলা, যা পোস্ট করেছেন নিজের ব্যক্তিগত ফেসবুক পেজ ও ফ্যান পেজে। বাবাকে উৎসর্গ করে মিলার লেখা এই কবিতার শিরোনাম ‘লজ্জিত হও’। প্রথম কয়েকটি লাইন ‘মিলা নামের ওপর বেঁচে থাকা জীব একটু লজ্জা করো/ যদি হয়ে থাকো মায়ের পেটের দীপ, সংবাদ পাঠে ব্যবহার করো আমার নাম/ ভুলে যেও না আমার পরেই তারা সংযুক্ত করে তোমার নাম।’

বিয়ের তথ্য গোপন করার অভিযোগে গত বছরের ৩ সেপ্টেম্বর মিলার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন পারভেজ সানজারি। মামলাটি আমলে নিয়ে পল্লবী থানাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। গত ২ ফেব্রুয়ারি পুলিশের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে মিলা ও তাঁর বাবাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
গত বছরের ৫ জুন সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে অ্যাসিড হামলার অভিযোগে মামলা করেন তাঁর সাবেক স্বামী পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। অ্যাসিড অপরাধ দমন আইনের মামলায় মিলাকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হলেন কিম জন পিটার হালদার। ওই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে।
যৌতুক ও নির্যাতনের অভিযোগে ২০১৭ সালের ৫ অক্টোবর সংগীতশিল্পী মিলা তাঁর সাবেক স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার হন সানজারি। পরে তিনি জামিনে ছাড়া পান। গত বছরের ১১ জুলাই মিলা সানজারির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।

চুল কেটে ফেললেন পরী

0

ভাইরে ভাই, কি হইছে, জীবনে তো বহুত কিছু প্ল্যান কইরা ধরা খাইছি, ধাম কইরা করি এইবার, খাইলাম না হয় ধরা আর একটু, কি আছে জীবনে, আমি ছাড়া।’ কদিন আগে ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছেন পরীমণি। বন্ধু ও অনুসারীরা এটি বুঝে নিয়েছেন তাঁদের নিজেদের মতো। মন্তব্যও করেছেন সে রকম। কিন্তু আসল ঘটনা কেউ আন্দাজ করতেই পারেননি।

পরীর ছিল দীঘল চুল। গত বৃহস্পতিবার সেই চুল কেটে ছোট করে ফেলেছেন তিনি। চরিত্রের প্রয়োজনে চার ভাগের তিন ভাগ চুলই ফেলে দিতে হয়েছে তাঁর। চুল কাটার পরই ফেসবুকে ওই পোস্টটি লেখেন তিনি। গত শনিবার থেকে শুরু হয়েছে পরীর নতুন ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর শুটিং। ছবিতে চিলড্রেন ফিল্ম সোসাইটির অর্গানাইজার হিসেবে অভিনয় করছেন পরীমণি। তাঁর চরিত্রের নাম ত্রিশা।

চুলের ব্যাপারে পরীমণি রক্ষণশীল। তিনি বলেন, ‘চুলগুলো খুব প্রিয় ছিল আমার। চরিত্রের প্রয়োজনে কেটে ফেললাম। সিনেমার জন্যই আজ আমি পরীমণি। সুতরাং চরিত্রের প্রয়োজনে এ কাজ করা আমার জন্য কঠিন মনে হয়নি।’
ছবির পরিচালক ও প্রযোজক মনে করেছিলেন, পরী হয়তো চুল কাটতে রাজি হবেন না। কিন্তু সবাইকে বিস্মিত করে তিনি কেটে ফেলেছেন নিজের চুল। ছবির পরিচালক আবু রায়হান জুয়েল জানান প্রথমে চুল কাটতে রাজি হননি পরীমণি। প্রয়োজনে ছবি থেকে বাদ দেওয়ার কথাও বলেছিলেন। পরে নিজেই পারলারে গিয়ে চুল কেটে ফেলেন। আবু রায়হান বলেন, ‘শুরুতে তিনি চুল কাটতে রাজি হননি। সেটা যে মজা করে বলেছিলেন, বুঝিনি। তিনি নিজেই পারলারে গিয়ে চুল কেটে ফেলার খবর দেন। প্রথমে বিশ্বাস করিনি। শনিবার যখন তিনি সদরঘাটে এলেন, দেখে তো আমরা অবাক।’

এ ছবিতে পরীর চরিত্র একজন স্বাধীনচেতা মেয়ের। চুল কেটে সেভাবেই তাঁর গেট-আপ তৈরি করা হয়েছে। শনিবার ঢাকার সদরঘাট থেকে সকাল সাড়ে দশটায় প্রায় ১২০ জনের একটি দল লঞ্চে করে শুটিং করতে করতে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছে।

বাংলাদেশ সরকারের অনুদানের এই ছবিতে সহ-প্রযোজক হিসেবে আছে বঙ্গ বিডি। প্রতিষ্ঠানটির পরিচালক মুশফিকুর রহমান নিজেও যোগ দিয়েছেন শুটিংয়ে। রোববার দুপুরে মুঠোফোনে তিনি বলেন, ‘গতকাল রাতে চাঁদপুরে লঞ্চ অবস্থান করেছিল। এখন শুটিং করতে করতে বরিশালের দিকে যাচ্ছে লঞ্চটি। এভাবে পানিপথে প্রায় ২৫ দিন শুটিং চলবে। মাঝে পাঁচ দিন কাজ হবে সুন্দরবনে।’

শিশুদের ভ্রমণের গল্প নিয়ে লেখক মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে এ ছবির চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। এ ছবিতে আরও অভিনয় করছেন সিয়াম আহমেদ, শহিদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশীষ খন্দকারসহ প্রায় ২০ জন শিশুশিল্পী। গত শনিবার শুটিংয়ের উদ্দেশে যাত্রা করার আগে সদরঘাট লাল কুঠিতে ছবির মহরত অনুষ্ঠিত হয়। সেদিন উপস্থিত ছিলেন লেখক মুহাম্মদ জাফর ইকবাল ও ছবির কলাকুশলীরা।

ইতালি থেকে আরও ১৫২ জন আশকোনা হজ ক্যাম্পে

0

ইতালি থেকে আজ রোববার সকালে আরও ১৫২ জন বাংলাদেশি ঢাকায় এসেছেন। গতকাল শনিবারের মতো তাঁদের সবাইকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আশকোনার হজ ক্যাম্পে নেওয়া হয়েছে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান এ তথ্য জানিয়েছেন। সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইতালি ফেরতরা দেশে আসেন।

গতকাল শুক্রবার ১৪২ জন ইতালিফেরতকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়। তাঁদের কারও শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। হজক্যাম্পে তাদের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে।

কলকাতায় বঙ্গবন্ধুর স্মৃতি

0

‘পরীক্ষা দিয়ে কলকাতায় যাই। সভা–সমাবেশে যোগদান করি। আবার পড়তে শুরু করলাম। পাস তো আমার করতে হবে। শহীদ সাহেবের (হোসেন শহীদ সোহরাওয়ার্দী) কাছে এখন প্রায়ই যাই।… এই বৎসর আমি দ্বিতীয় বিভাগে পাস করে কলকাতায় ইসলামিয়া কলেজে ভর্তি হয়ে বেকার হোস্টেল থাকতাম।’

BSRM Mujib 100 Years
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’তে কলকাতার বেকার হোস্টেলে ওঠার বর্ণনা এসেছে এভাবে। বইয়ের নানা জায়গায় এই হোস্টেলের বর্ণনা এসেছে ঘুরেফিরে। সেই বর্ণনায় এক তরুণ মুজিবের ক্রমেই রাজনৈতিক নেতা হয়ে ওঠার নানা প্রমাণ মেলে। সেই মুজিব একদিন বঙ্গবন্ধু ও জাতির জনক হয়েছিলেন।

কলকাতার তালতলা থানার বেকার হোস্টেল প্রতিষ্ঠিত হয় ১৯১০ সালে। ৮ স্মিথ লেনের এই হোস্টেলে থেকে বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতার ইসলামিয়া কলেজ থেকে স্নাতক পাস করেন। এখন ইসলামিয়া কলেজ হয়েছে মৌলানা আজাদ কলেজ। বেকার হোস্টেল সরকারি হোস্টেল। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মুসলিম ছাত্রদের কলকাতায় এসে পড়াশোনা করার জন্য এটি তৈরি হয়েছিল।

১৯৪১ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় এই বেকার হোস্টেলে ছিলেন। তিনি ছিলেন ২৪ নম্বর কক্ষে। ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু। এখনো কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের বোর্ডে নাম রয়েছে বঙ্গবন্ধুর। ‘অসমাপ্ত আত্মজীবনী’তে তাঁর সাধারণ সম্পাদক হওয়ার ঘটনার কাহিনিও আছে। বঙ্গবন্ধু লিখেছেন, ‘এই সময় আমি বাধ্য হয়ে কিছুদিনের জন্য ইসলামিয়া কলেজের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হই। অনেক চেষ্টা করেও দুই পক্ষের মধ্যে আপোস করতে পারলাম না। দুই গ্রুপই অনুরোধ করল, আমাকে সাধারণ সম্পাদক হতে, নতুবা তাদের ইলেকশন করতে দেওয়া হোক। ইলেকশন আবার শুরু হলে বন্ধ করা যাবে না। মিছামিছি গোলমাল, লেখাপড়া নাই, টাকা খরচ হতে থাকবে। আমি বাধ্য হয়েই রাজি হলাম এবং বলে দিলাম, তিন মাসের বেশি আমি থাকব না।’

বঙ্গবন্ধুর বেকার হোস্টেল জীবনের বর্ণনায় সেই সময়ের সামাজিক পরিস্থিতিরও পরিচয় উঠে এসেছে। তরুণ মুজিব লিখেছেন,

‘বেকার হোস্টেলের কতগুলো রুম ফ্রি ছিল, গরিব ছাত্রদের জন্য। তখনকার দিনে যার প্রয়োজন তাকেই তা দেওয়া হতো। আজকালকার মতো টেলিফোনে দলীয় ছাত্রদের রুম দেওয়ার জন্য অনুরোধ আসত না।’

আজাদ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বাঙালির জাতির অবিসংবাদিত এই নেতার স্মৃতিকে ধারণ করতে পেরে গর্ববোধ করেন।

আজাদ কলেজের অধ্যাপক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের কলেজে ছিলেন, তা নিয়ে আমরা গর্ববোধ করি। সারা দুনিয়া তাঁকে চেনে, এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে। উনি এখানে পড়েছেন। এখানকার ছাত্র সংসদে তিনি ছিলেন। এখানে সংগঠন তৈরি করেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরে একটি দেশ নির্মাণ করেছেন।’

জামিল আহমেদ বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ ও বেকার হোস্টেল যান। সেই সময় একটি দাবি উঠেছিল, যেন তাঁর নামে কলেজে একটি চেয়ার হয়। পরে আর হয়নি। তবে আমাদের আশা আছে, ভবিষ্যতে এটা হবে।’

জামিল আহমেদ বলেন, ‘আজ এই ইসলামিয়া কলেজ থেকে যাঁরা বাংলাদেশে বেড়াতে যান, তাঁরা অনেক সম্মান পান।’

১৯৯৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষ নিয়ে গড়া হয় বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ। এই স্মৃতিকক্ষে রয়েছে বঙ্গবন্ধুর ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল ও আলমারি। তৎকালীন বাংলাদেশ সরকারের অনুরোধে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবসু ২৪ নম্বরের পাশের ২৩ নম্বর কক্ষটিকে যুক্ত করে স্মৃতিকক্ষ গড়ার উদ্যোগ নেন। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপন করা হয়। এই ভাস্কর্যের বঙ্গবন্ধুর মুখাবয়ব সঠিকভাবে প্রতিফলিত না হওয়ায় গত বছরের ৩ আগস্ট এই ভাস্কর্যকে পরিবর্তন করে নতুন একটি ভাস্কর্য স্থাপন করা হয়। সেই ভাস্কর্যটি বানিয়েছিলেন ঢাকার শিল্পী লিটন পাল।

কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান প্রথম আলোকে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেকার হোস্টেলে ছিলেন ২৪ নম্বর কক্ষে। বেকার হোস্টেলের বঙ্গবন্ধুর কক্ষটি আমরা তাঁর লেখা কিছু বই এবং তাঁকে নিয়ে কিছু বই দিয়ে সাজিয়েছি। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর নেতৃত্বের যে গুণ তার বিকাশ হয় সেই সময় থেকে। তাই ইসলামিয়া কলেজ বা মৌলানা আজাদ কলেজ এবং বেকার হোস্টেলের সঙ্গে বঙ্গবন্ধুর স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত।’

তৌফিক হাসান বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিবস বা তাঁর শাহাদতবার্ষিকী ১৫ আগস্ট বা যেসব সরকারি দিবস আছে, তখন আমরা উপহাইকমিশনের পক্ষ থেকে সেখানে গিয়ে বঙ্গবন্ধুর আবক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। এটা জনসাধারণের জন্য মাঝেমধ্যে খোলাও হয়, যাতে মানুষ জানতে পারে দেখতে পারে তাঁর স্মৃতি সম্পর্কে।’

তরুণ মুজিবের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে কলকাতায়। বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্নগুলো এখনো সগর্ব টিকে আছে এই নগরে।

অন-অ্যারাইভাল ভিসা বন্ধের ঘোষণা দিল নেপাল

0

বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কে এখন প্রায় দেশই তাদের দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে। এবার করোনাভাইরাস বিস্তারের শঙ্কায় ‘অন–অ্যারাইভাল ভিসা’ বন্ধের ঘোষণা দিয়েছে নেপাল। স্থানীয় সময় শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইমিগ্রেশন বিভাগ।

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় নেপাল সরকার। এর আগে ভারত, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কাও ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধের ঘোষণা দিয়েছিল। এসব দেশের পর এবার নেপালের সঙ্গেও যোগাযোগ বন্ধ হলো বাংলাদেশের। নেপাল সরকারের এই নিষেধাজ্ঞা ১৪ মার্চ থেকে কার্যকর হবে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ভারতে করোনাভাইরাসে আরেকজনের মৃত্যু প্রতিনিধি, কলকাতা

0

ভারতের দক্ষিণী রাজ্য কর্ণাটকের পর এবার খোদ রাজধানী দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরেকজন। গতকাল শুক্রবার দিল্লির রামলোহিয়া হাসপাতালে মারা যান ৬৮ বছরের এক বৃদ্ধা। এর আগে গত বৃহস্পতিবার কর্ণাটকে মারা যান ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ। তিনি সৌদি আরব থেকে ফেরার পর করোনাভাইরাসে আক্রান্ত হন।

ভারতে করোনাভাইরাসের ফলে সৃষ্ট রোগ কোভিড-১৯–এ আক্রান্ত মানুষের সংখ্যা এখন ৮২। এর মধ্যে ১৬ জন ইতালির এবং একজন কানাডার।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ৭ মার্চ ওই বৃদ্ধা দিল্লির রামলোহিয়া হাসপাতালে ভর্তি হন। বৃদ্ধার বাড়ি দিল্লির জনকপুরী এলাকায়। তাঁর ৪৮ বছর বয়সী ছেলে গত ৫ ফেব্রুয়ারি থেকে সুইজারল্যান্ড ও ইতালি ঘুরে ২৩ ফেব্রুয়ারি দেশে ফেরেন। ৭ মার্চ ওই বৃদ্ধাকে ভর্তি করানো হয় রামলোহিয়া হাসপাতালে। তাঁর ছেলেকেও ভর্তি করা হয়। বৃদ্ধার ব্লাড সুগার ও উচ্চ রক্তচাপ ছিল। তাঁর শারীরিক অবস্থা খারাপ হলে ৯ মার্চ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। গতকাল তিনি মারা যান।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ছেলের সংস্পর্শে এসে ওই বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হন।

কোভিড-১৯ আতঙ্কের ঝাপটা এসে পড়েছে কলকাতায়ও। স্কুল-কলেজ, শপিং মল, হাট-বাজারে মানুষের সমাগম কম। বহু এলাকার সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে। শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক নির্দেশে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দিয়েছে। হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের।

এদিকে গতকাল ইতালি থেকে আসা একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের তিন নারী কর্মকর্তাকে করোনাভাইরাসের আতঙ্কে ঢুকতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভাতার ও গুসকরা এলাকায়। জেলা প্রশাসক ওই তিন নারী কর্মকর্তাকে ফেরত পাঠিয়ে দেন বর্ধমান থেকে। গত ২৭ ফেব্রুয়ারি তাঁরা পূর্ব বর্ধমানের আদিবাসী এলাকায় আদিবাসীদের উন্নয়নকাজ তদারকির জন্য দমদম বিমানবন্দর হয়ে পশ্চিমবঙ্গে আসেন। দমদম বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের কলকাতায় ঢুকতে দেওয়া হয়। তাঁদের বিভিন্ন হোম পরিদর্শনের কথা ছিল। তাঁরা এসে প্রথমে চলে যান ঝাড়খন্ডে। সেখান থেকে তাঁরা বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে যান।