Home Blog Page 3089

হাসপাতাল থেকে পালালেন মার্কিন দম্পতিসহ ৭ জন!

0

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে থাকা পাঁচ রোগী পালিয়ে গেছেন। একইভাবে পালিয়ে গেছেন এক মার্কিন দম্পতিও। এই ঘটনা ঘটেছে ভারতে।

প্রথম ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মহারাষ্ট্রের নাগপুরের মেয়ো হাসপাতালে। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে একই দিনে কেরলের আলাপ্পুঝা জেলার একটি হাসপাতালে। শনিবারই অবশ্য দুই রাজ্যেরই পুলিশ তাঁদের খুঁজে বের করেছে।

জানা গেছে, শুক্রবার শরীরে করোনা ভাইরাসের লক্ষ্মণ নিয়ে মেয়ো হাসপাতালে গিয়েছিলেন পাঁচ রোগী। তাঁদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু রাতের মধ্যেই পাঁচজনই কর্তৃপক্ষকে না জানিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। খবর পেয়ে তৎক্ষণাৎ হাসপাতালে যান নাগপুর তহসিল থানার এসআই এস সূর্যবংশী। প্রাথমিক জেরায় হাসপাতাল কর্মীরা পুলিশকে জানান, বিকেলের জলখাবার খেতে যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফেরেননি রোগীরা। তবে শনিবার সকালে তিনজন নিজেরাই ফের হাসপাতালে ফিরে যান। পাঁচজনের মধ্যে একজনের রিপোর্ট নেগেটিভ এলেও বাকি চারজনের রিপোর্ট এখনও আসেনি। চতুর্থজনের খোঁজ চলছে। তাঁকেও দ্রুত হাসপাতালে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

জেলাপ্রশাসক রবীন্দ এইচ ঠাকরে বলেছেন, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের বাইরে এখন থেকে অতিরিক্ত সংখ্যায় পুলিশ মোতায়েন থাকবে।

এদিকে, শুক্রবারই কেরালার আলাপ্পুঝা জেলার একটি হাসপাতাল থেকেও স্ক্রিনিং এড়িয়ে পালিয়ে যান করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি এক বিদেশি দম্পতি। মার্কিন নাগরিক হলেও ওই দম্পতি লন্ডনের বাসিন্দা বলে জানা গেছে।

জেলাশাসক জানিয়েছেন, ওই দম্পতি কোভিড–১৯ এ আক্রান্ত বলে সন্দেহ হওয়ায় তাঁদের স্ক্রিনিং করানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্মীদের চোখ এড়িয়ে তাঁরা পালিয়ে যান। শুক্রবার গভীর রাতেই কোচি বিমানবন্দর থেকে ওই দম্পতিকে আটক করা হয়। তাঁদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এখনও স্কুল-কলেজ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি

0

করোনাভাইরাসের কারণে বাংলাদেশে এখনও স্কুল কলেজ বন্ধ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ে স্কুল কলেজ বন্ধের কথা উঠেছে। সরকার করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিষয়টি নিয়ে আমাদের চিন্তা-ভাবনা নেই তা নয়। সে রকম কোনো পরিস্থিতি তৈরি হলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

ওবায়দুল কাদের আজ শনিবার করোনা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে লিফলেট বিতরণের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন শেষে ওবায়দুল কাদের বঙ্গবন্ধু এভিনিউয়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন এবং মানুষের হাতে লিফলেট তুলে দেন।

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতির কোনো ঘাটতি নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের ১২৮টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। বৃটেনের স্বাস্থ্যমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী, অষ্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দেশের মন্ত্রীরা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চায়নার যেখান থেকে শুরু হয়েছিলো তারা সেটা নিয়ন্ত্রণ করতে পেরেছে।

তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় আমাদের সরকারের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুতির কোন ঘাটতি নেই। আমাদের দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইটালি থেকে বহন করে আনা যে তিন জন আক্রান্ত ধরা পড়েছিল তারা এখন সুস্থ হয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকারের উপর আস্থা রাখুন। প্রতিনিয়তই সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমরা মুজিববর্ষ উদযাপনের প্রস্ততি নিচ্ছি, করোনা ভাইরাস মোকাবিলার প্রস্তুতিও নিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত যে যৌথ উদ্যোগের প্রস্তাব দিয়েছে তাতে বাংলাদেশ রাজি আছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সব বিষয়ে সরকারের ওপর দোষ চাপানোর কৌশলের রাজনীতি করছে। করোনার মতো রাজনৈতিক ভাইরাস বিএনপির অভ্যন্তরে প্রবেশ করেছে। তাদের উচিত আগে নিজেদের ঘরের করোনা দূর করা। সরকারকে দোষারোপের রাজনীতি পরিহার করা।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম ও এসএম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মান্নাফি প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারতে কোয়ারেন্টাইন শেষ, দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি

0

চীনের উহানফেরত ২৩ বাংলাদেশি ভারত থেকে আজ শনিবার দেশে ফিরছেন। করোনাভাইরাসের আশঙ্কায় দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় ২টা ৫৫মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই বাংলাদেশিরা ঢাকায় ফেরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের আর্থিক সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ২টা ৫৫মিনিটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ওই বাংলাদেশিদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে, তাদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নয়। ওই দলে থাকা এক শিক্ষার্থী জানান, গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের সঙ্গে বাংলাদেশিদেরও চীনের উহান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।

আরেক শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘদিন ধরে আটকে থাকায় সবার জন্যই বেদনাদায়ক এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে বেইজিংয়ের ভারতীয় দূতাবাস স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছে।’ স্বাস্থ্য ও সুরক্ষা করতে চীনের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

চসিক নির্বাচনের দিন আধাবেলা অফিস খোলা, গাড়ি চলাচল সীমিত

0

টানা বন্ধে ভোটার উপস্থিতি কমার আশঙ্কায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিন আধাবেলা অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের চলাচলের স্বার্থে নির্বাচন চলাকালীন সময়ে সীমিত আকারে যানবাহন চালু থাকবে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আগামী ২৯ মার্চ অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন (চসিক) এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তা ম্যাজিস্টেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আজ চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সিইসি বলেন, ভোটের দিন যানবাহন চলাচল বন্ধ থাকলে দূর-দূরান্ত থেকে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারেন না। অনেকে প্রতিবাদস্বরূপ ভোটকেন্দ্রেই আসেন না। সে কারণে আমরা চিন্তা করেছি, ভোটের দিন সীমিত আকারে যানবাহন চালু রাখব। তবে যানচলাচল পুরোপুরি উন্মুক্ত হবে না। আমরা সীমিত আকারে যানচলাচল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি।

সিইসি জানান, সরকারি-বেসরকারি অফিস-আদালত ও কল-কারখানাগুলো ভোটের দিন দুপুর ১২টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে শঙ্কা ছিল তা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পর অনেকটাই দূর হয়েছে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম চৌধুরী ও সিএমপি কমিশনার মো. মাহাবুবুর রহমান।

প্রার্থীদের পোলিং এজেন্টকে নিজ দায়িত্বে নির্বাচনী কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়ে সিইসি বলেন, ‘একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পোলিং এজেন্টের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পোলিং এজেন্টদেরকে অবশ্যই ভোটকেন্দ্রে আসতে হবে। তবে প্রায়ই আমরা একটি অভিযোগ পাই যে, এজেন্টদের কেন্দ্র থেকে কোনো একটি পক্ষ বের করে দিয়েছে। এক্ষেত্রে পরবর্তীতে তদন্ত করে সত্যতা পাওয়া যায় না। দেখা যায়,, বেশিরভাগ ক্ষেত্রেই এজেন্ট আসেননি। আমি প্রার্থীদের বলবো, আপনারা দায়িত্বশীল এজেন্ট বাছাই করে কেন্দ্রে পাঠান। কেন্দ্রের ভেতরে তাদের নিরাপত্তার দায়িত্ব পুলিশ নেবে।’

জাল ভোট দেওয়ার সুযোগ না থাকায় ইভিএমকে একটি সফল উদ্যোগ উল্লেখ করে কে এম নূরুল হুদা ভবিষ্যতে সব নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে বলে জানান।

হ্যান্ড স্যানিটাইজার যেভাবে তৈরি করবেন

0

হ্যান্ড স্যানিটাইজারের দাম কোনভাবেই এত বেশি হতে পারে না। অসাধু ব্যবসায়ীদের কারণে মানুষ আজ একান্ত অসহায়। আসুন আমরা নিজেরাই এটা তৈরি করি। এজন্য সবচেয়ে সহজ একটি ফর্মুলা দেয়া হলো। এর সবগুলো উপাদান হাটখোলা বা মিটফোর্ডের কেমিক্যালের দোকান থেকে কেনা যাবে।

১) আইসোপ্রোপাইল অ্যালকোহল (এটা না পাওয়া গেলে ইথানল বা ইথাইল অ্যালকোহল) – ৭৫ মিলি।
২) গ্লিসারিন বা গ্লিসারল – ১৫ মিলি।
৩) সাইট্রাল (কিংবা লেমন অয়েল বা ইউক্যালিপটাস বা ক্লোভ বা সিনামন বা কারডামম অয়েল) – ৫ ফোঁটা।
৪) পানি – ১০ মিলি।
এগুলো মেশালে মোট ১০০ মিলি হবে। মুখ সহজে বন্ধ করা যায় এমন প্লাস্টিকের বা কাঁচের (কাঁচ সহজে ভেঙ্গে যেতে পারে বলে প্লাস্টিকই ভালো) শিশিতে ভরে দিতে হবে।

কাউকে একটা শিশির বেশি দেয়া যাবে না। অনেককে যাতে এই শিশি দেয়া যায় তার জন্য বিনামূল্যের পরিবর্তে প্রতি শিশি তৈরিতে কাঁচামালের দাম হিসেবে ২০ বা ২৫ টাকা দাম নেয়া যেতে পারে।

প্রতি শিশিতে একটা লেবেল থাকবে যেখানে (১) প্রতিবার হাত পরিস্কারের জন্য এই তরলটি আধা-চাচামচের বেশি প্রয়োজন নেই তা বলে দিতে হবে, (২) এই তরল হাতে নিয়ে হাত-আঙ্গুল-নখ ২০-৩০ সেকেন্ড ধরে ভালো করে ঘষতে হবে এবং (৩) এই তরল যেন কোনভাবেই মুখে না যায় — এসব তথ্য উল্লেখ করতে হবে।

লেবেলে উৎপাদনকারী সংগঠনের নাম-ঠিকানা ও ‘জনস্বার্থে’ উৎপাদিত তা উল্লেখ করতে হবে।

যেহেতু এখানে মূল উপাদান অ্যালকোহল তাই উৎপাদন এলাকায় কোনো আগুনের শিখা বা ফুলকি বা ধূমপান পুরোপুরি নিষিদ্ধ।

করোনাভাইরাস আর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে, আমরা সবাই একসাথে।

লেখক : পরিচালক, বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়।

মিরপুরে ঝুটপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

0

রাজধানীর মিরপুর ১০-এর বেনারসি পল্লি সংলগ্ন ঝুটপট্টিতে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

আজ শনিবার বেলা ১টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার রাসেল শিকদার।

নিকটবর্তী রূপনগরের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই মিরপুরের ঝুটপট্টিতে আগুনের ঘটনা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সংকটে কলকাতার হাসপাতাল, নেই বাংলাদেশের রোগী

0

কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। শহরের একটি আধুনিক হাসপাতাল রয়েছে সেখানে। কয়েকদিন ধরে রাতের ঘুম ছুটে গেছে হাসপাতালটির কর্ণধারের।

করোনাভাইরাসের কারণে এরইমধ্যে ভারত সরকার সব ভিসা বাতিল করেছে। এতে বাংলাদেশি রোগীর সংখ্যা কমে গেছে। তাই চিন্তিত হয়ে পড়েছেন ওই কর্ণধার। বললেন, ‘প্রতিমাসে প্রায় ছয় হাজার বাংলাদেশি রোগী আসেন। গত দুই দিনে আমরা পেয়েছি মাত্র ২০ জনকে।

আরো বললেন, স্বীকার করতে দ্বিধা নেই, কলকাতার স্বাস্থ্য ব্যবসা দাঁড়িয়ে আছে বাংলাদেশ থেকে আসা রোগীদের কারণে। এখন যেহেতু ভারত সরকার সব ভিসা বাতিল করেছে। তাই চিন্তিত হয়ে পড়েছেন হাসপাতাল মালিকরা।

আরেক হাসপাতালের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বলেন, ‘আগামী তিন দিনে ৪৫টি অপারেশন হওয়ার কথা ছিল বাংলাদেশি রোগীদের। তাঁরা আমাদের ফোন এবং ই-মেইল করে জানিয়েছেন, ভিসা বাতিল হওয়ায় আসবেন না তাঁরা।’

কলকাতার মেডিকা এএমআরআই, অ্যাপোলো, আরএন টেগর, রুবি হাসপাতাল- এমন কয়েকটি হাসপাতালে সকালে গেলে মনে হয় যেন মিনি বাংলাদেশ। হাসপাতালগুলোতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আসেন চিকিৎসা নিতে। চিকিৎসার সঙ্গে অনেকে কলকাতায় শপিংও করে নেন, কাটিয়ে যান বেশ কিছুদিন। তাই স্বাস্থ্য পরিসেবাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বাজার। এ ক্ষেত্রে বাংলাদেশ থেকে আসা রোগীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আরেকটি হাসপাতালের কর্ণধার বলেন, ‘স্বাস্থ্য পরিষেবা বাজার এক অভূতপূর্ব বিপর্যয়ের সম্মুখীন, কারণ আমাদের সামগ্রিক আয়ের প্রায় ৩০ শতাংশ আসে বাংলাদেশের রোগীদের থেকে। এই অবস্থা যদি বেশিদিন চলে, তাহলে আমাদের ব্যবসা মার খাবে।’

এদিকে, বাংলাদেশ থেকে কেবল রোগীরা আসতে পারছেন না তাই নয়, যারা এখন কলকাতায় তারাও খুব চিন্তিত, তারা জানেন না কীভাবে দেশে ফিরবেন। কারণ বিমান পরিষেবা বন্ধ হতে চলেছে সোমবার থেকে।

ঢাকার বাসিন্দা কে এম আহমেদ শামিম কিডনির সমস্যা নিয়ে কলকাতায় এসেছিলেন ডায়ালাইসিস করাতে। এখন তার চিন্তা বাসায় ফেরা নিয়ে। তিনি বলেন, ‘চিকিৎসার কারণে আরো কিছুদিন থাকলে ভালো হতো। কিন্তু রবিবারের রিজেন্টের ফ্লাইটেই আমাদের ফিরতে হবে।’

ইতালিফেরতদের সাথে একই ফ্লাইটে ১৬ বাংলাদেশি এসেছেন দুবাই থেকে

0

করোনাভাইরাসে বিপর্যন্ত ইতালি থেকে ১২৬ জন বাংলাদেশি আজ দেশে ফিরেছেন। এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ ফ্লাইটযোগে আজ সকাল সাড়ে ৮টার দিকে তারা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তাদের সবাইকে পাশের আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়েছে। উল্লেখ্য, একই ফ্লাইটে মোট ১৪২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বাকি ১৬ জন দুবাই থেকে ফ্লাইটে উঠেছেন বলে জানা গেছে।

ইতালিফেরতদের নিয়ে এমনিতেই আশঙ্কা রয়েছে। তাদের সঙ্গে একই ফ্লইটে আসার কারণে দুবাই থেকে বিমানে ওঠা অন্য যাত্রীরাও ঝুঁকিমুক্ত নন। কাজেই ইতালিফেরতদের সাথে তাদেরও স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন দেখা দিয়েছে।

বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ সকালে কালের কণ্ঠকে বলেন, ‘সেই ফ্লাইটে ১৪২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১২৬ জন ইতালি থেকে এসেছেন। তাদের হজ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।’

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, ‘১৪২ জন যাত্রী নিয়ে এমিরেটসের (ইকে ৫৮২) ফ্লাইটটি সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় আসে। সেই ফ্লাইটে যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখা হবে কি হবে না, সে পদক্ষেপ নেবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ।’

‘পরিস্থিতি বিবেচনা করে স্কুল-কলেজ বন্ধে সিদ্ধান্ত’

0

‘করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণে কোনো ঘাটতি নেই। পরিস্থিতি বিবেচনা করে স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার।’

আজ শনিবার (১৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণে কোনো ঘাটতি নেই।

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা-এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সিদ্ধান্ত সময়মতো নেওয়া হবে।

করোনা বিষয়ে বিএনপির পক্ষ থেকে সরকারের সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সব বিষয়ে সরকারের ওপর দোষ চাপানোর কৌশলের রাজনীতি করছে। তিনি বলেন, করোনার মতো রাজনৈতিক ভাইরাস বিএনপির ভেতরে আছে মন্তব্য করে সরকারের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।

সংবাদ সম্মেলন শেষে জনসচেতনতা সৃষ্টিতে আওয়ামী লীগ নেতারা লিফলেট বিতরণ করেন বঙ্গবন্ধু এভিনিউ এলাকায়।

ঢাকা সিটি নির্বাচনের পর সন্দেহ অনেকটাই দূর হয়েছে : সিইসি

0

নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে শঙ্কা ছিল তা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পর অনেকটাই দূর হয়েছে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তা মেজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আজ চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই দাবি করেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম চৌধুরী।

প্রার্থীদের পোলিং এজেন্টকে নিজ দায়িত্বে নির্বাচনী কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়ে সিইসি বলেন, ‘একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পোলিং এজেন্টের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পোলিং এজেন্টদেরকে অবশ্যই ভোটকেন্দ্রে আসতে হবে।’

তিনি বলেন, ‘প্রায়ই আমরা একটি অভিযোগ পাই যে এজেন্টদের কেন্দ্র থেকে কোন একটি পক্ষ বের করে দিয়েছে। এক্ষেত্রে পরবর্তীতে তদন্ত করে সত্যতা পাওয়া যায়না। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এজেন্টকে আসেনি। আমি প্রার্থীদের বলবো আপনারা দায়িত্বশীল এজেন্ট বাছাই করে কেন্দ্রে পাঠান। কেন্দ্রের ভিতরে তাদের নিরাপত্তার দায়িত্ব পুলিশ নিবে।‘

জাল ভোট দেওয়ার সুযোগ না থাকায় ইভিএমকে একটি সফল উদ্যোগ উল্লেখ করে কে এম নূরুল হুদা ভবিষ্যতে সব নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে বলে জানান।