Home Blog Page 3091

বাংলামোটরে ট্রাক-লরি সংঘর্ষ, যুবক নিহত

0

রাজধানীর বাংলামোটরে ট্রাক ও লরি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আজ শুক্রবার (১৩ মার্চ) ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, গতরাত ৩টার দিকে বাংলামোটরে অবস্থিত জহোরা স্কয়ার মার্কেটের সামনে ফুটপাতে ঘুমিয়ে ছিলেন ওই যুবক। এ সময় সড়কে একটি ট্রাক অপর একটি লরিকে পেছন থেকে ধাক্কা দিলে লরিটি ফুটপাতে ঘুমিয়ে থাকা ওই যুবকের ওপর উঠে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার ভোর ৪টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা কবলিত ট্রাক ও লরিটি জব্দ করেছে পুলিশ। তবে পালিয়ে গেছেন যান দুটির চালকরা। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

১৭ মার্চ টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামী মঙ্গলবার (১৭ মার্চ) টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক চিঠিতে তথ্য জানানো হয়েছে।

টুঙ্গিপাড়ায় ওইদিন সকাল ১০টায় জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে তিনি ১০টা ৪৫ মিনিটে সমাধি সৌধ কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।

এর আগে একইদিন সকাল ৭টায় ঢাকায় ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন প্রধানমন্ত্রী। এছাড়া বেলা ৩টায় ঢাকায় গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিবসের ওপর স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন। বিকেল পৌনে ৪টায় ঢাকায় জাতীয় প্যারেড স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স পরিষ্কার ও রঙের কাজ শেষ হয়েছে। কমপ্লেক্সের প্রবেশ ফটকের সামনে ফুলবাগানগুলো নতুন নতুন বাহারি ফুল ও গাছ দিয়ে সাজানো হয়েছে। এছাড়া সমাধি সৌধ কমপ্লেক্সে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ শেষ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলাব্যাপী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে।

টুঙ্গিপাড়াসহ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে এরইমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত তোরণ নির্মাণ করা হয়েছে। পথে পথে টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন।

ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা

0

রাজশাহী ও রংপুর বিভাগসহ দেশের উত্তরাঞ্চলে আজ রাত থেকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, আজ শুক্রবার রাত থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এছাড়া ঢাকা, কুষ্টিয়া, যশোর, খুলনাসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এতে আরো বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ভারতে ভিসা স্থগিতাদেশের মধ্যেও জরুরি প্রয়োজন হলে…

0

করোনাভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশসহ সারা বিশ্বের নাগরিকদের ভারতে প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে। ভারত সরকার গত বুধবার এক সিদ্ধান্তে কূটনৈতিক, অফিশিয়াল, জাতিসংঘ/আন্তর্জাতিক সংস্থা ও প্রজেক্ট ভিসা বাদে বিদ্যমান সব ধরনের বৈধ ভিসা স্থগিত করে। আজ সন্ধ্যায় এটি কার্যকর হওয়ার অর্থ হলো কূটনৈতিক, অফিশিয়াল, জাতিসংঘ/আন্তর্জাতিক সংস্থা ও প্রজেক্ট ভিসার বাইরে অন্য ক্যাটাগরির বৈধ ভিসা থাকলেও কোনো বিদেশি ভারতে ঢুকতে পারবে না। প্রাথমিকভাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

তবে চিকিৎসা, পর্যটন, শিক্ষাসহ নানা কারণে প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি ভারত সফর করে থাকে। ভারতের ভিসা স্থগিত করার সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ সারা বিশ্বের বাসিন্দাদের ওই দেশটিতে ভ্রমণ পরিকল্পনায় বড় প্রভাব পড়বে। ভিসা স্থগিতাদেশের মধ্যেও জরুরি প্রয়োজনে কারো ভারত সফরের প্রয়োজন হলে তাকে নিকটস্থ ভারতীয় মিশনে যোগাযোগ করতে বলা হয়েছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল বৃহস্পতিবার এক টুইট বার্তায় জানায়, ‘কভিড-১৯-এর (করোনাভাইরাস) বিদ্যমান সংক্রমণ বিবেচনায় ভারত সরকার ভারত ভ্রমণের জন্য নির্দেশনা জারি করেছে যে ১২ মার্চ বা এর আগে ভারতীয় হাইকমিশন বা সহকারী হাইকমিশন প্রদত্ত সব বৈধ ভিসা ১৩ মার্চ (আজ শুক্রবার) সন্ধ্যা ৬টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। ১৩ এপ্রিল থেকে নতুন কোনো ভিসা দেওয়া হবে না।’

করোনা থেকে নিজের বুদ্ধিতে যেভাবে সেরে উঠলেন এলিজাবেথ

0

আতঙ্কের মাঝে এক টুকরো আশার আলো দেখা গেছে। করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে সুস্থ হয়ে ওঠা এক মার্কিন তরুণী সহজ অথচ গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিলেন। তিনি বলেন, ভয় পাবেন না। তবে অসুস্থ বোধ করলে ঘরেই থাকুন। এলিজাবেথ স্নেইডার নামে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের এ বাসিন্দা বলেন, উপসর্গ দেখা দিলেই বাড়িতে থাকুন। ঝুঁকি এড়িয়ে চলুন। তাহলেই করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলা সম্ভব। তা না হলে ভয় বা আতঙ্কের কাছে জীবন পরাস্ত হওয়ার সুযোগ থাকে। বৃহস্পতিবার এএফপিতে তার এই অভিজ্ঞতার বর্ণনা প্রকাশিত হয়েছে।

সিয়াটেলের বাসিন্দা ৩৭ বছরের এলিজাবেথ স্নেইডার বায়োইঞ্জিনিয়ারিং নিয়ে পিএইচডি করছেন । সেইসঙ্গে একটি বায়োটেকনোলজি সংস্থার মার্কেটিং ম্যানেজার পদে কর্মরত। গত ২৫ ফেব্রুয়ারি অফিসে সামান্য অসুস্থ বোধ করেছিলেন। এর তিন দিন আগে তিনি একটি পার্টিতে গিয়েছিলেন। অসুস্থ বোধ করার পর তিনি বাড়ি ফিরে আসেন। বিশ্রাম নেন। ভেবেছিলেন গত সপ্তাহে অতিরিক্ত পরিশ্রমের কারণে এমনটা হয়েছে। খানিকক্ষণ ঘুমানোর পর তিনি তার দেহে তীব্র জ্বরের উপস্থিতি টের পান। ওই রাতেই তার দেহের তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটে উঠে যায়। তিনি বলেন, ‘ওই সময় আমার অনিয়ন্ত্রিত কাঁপুনি শুরু হয়; ঠাণ্ডা লাগায় এবং ঝিমঝিম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ার পর আমি খানিকটা উদ্বিগ্ন হয়ে পড়ি।’

তাৎক্ষণিকভাবে তিনি ঠাণ্ডার ওষুধ খেয়ে নেন এবং জরুরিভিত্তিতে হাসপাতালে নিতে পারবে এমন এক বন্ধুকে বাড়িতে ডেকে নিয়ে আসেন। সৌভাগ্যক্রমে পরের কয়েকদিনেই তার জ্বর কমে যায়।

এলিজাবেথের কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ ছিল না। তাই তিনি সাধারণ ফ্লুর ওষুধ খাওয়া শুরু করেন। বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেন। করোনাভাইরাস নিয়ে সংবাদপত্রের প্রতিবেদনগুলো পড়তে শুরু করেন। জানুয়ারির শেষের দিকে ওয়াশিংটনেই প্রথম ভাইরাস সংক্রমণের তথ্য জানতে পারেন তিনি। তারপর আরও অসুস্থ হয়ে পড়েন। জ্বরে কাঁপতে কাঁপতে চিকিৎসকের কাছে যান। প্রাথমিকভাবে ফ্লু-এর ওষুধপত্র খেয়ে নিজেকে ঘরবন্দি করেন।

স্নেইডার জানান, জ্বর আর মাথাব্যথা হলেও কাশি কিংবা শ্বাসজনিত সমস্যার মতো সাধারণ উপসর্গ না থাকায় নিজেকে কভিড-১৯ এ আক্রান্ত বলে মনে করেননি তিনি। স্নেইডার বলেন, আমি ভেবেছি, যেহেতু কাশি বা নিঃশ্বাসে কোনো ধরনের সমস্যা হচ্ছে না, সুতরাং আমারটা করোনাভাইরাস নয়। ঠাণ্ডা লাগলেও তিনি ব্যাপারটাকে সাধারণ হাঁচি-কাশি বলেই মনে করেছিলেন। ভেবেছিলেন, চিকিৎসকের কাছে গেলেওতো তাকে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে এবং বেশি করে তরল খাবার খেতেই বলা হবে। ততক্ষণে মার্কিন যুক্তরাষ্ট্রে হানা দিয়েছে করোনাভাইরাস। আরও অনেকের তারই মতো উপসর্গ দেখা দিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানতে পারেন এলিজাবেথ। যুক্তরাষ্ট্রের এই রাজ্যটিতেই ভাইরাসের সংক্রমণ ব্যাপক আকার ধারণ করে। এখন পর্যন্ত শুধু এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ২৬০ জন এবং মারা গেছেন অন্তত ২৪ জন।

এরপর সতর্ক হয়ে ওঠেন তিনি। হঠাৎ এলিজাবেথ জানতে পারেন, তিনি যে পার্টিতে গিয়েছিলেন সেই পার্টিতে যাওয়া কয়েকজন ব্যক্তি ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তবে কয়েকজনের পরীক্ষার পর ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায়নি। তিনি সঙ্গে সঙ্গে ইন্টারনেটে ডায়গোনস্টিক সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়ে দেন ওই সেন্টারের কর্মীরা। কিছুদিন পর পরীক্ষার রিপোর্টে দেখা যায়, তিনি কভিড-১৯ পজিটিভ। ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য এলিজাবেথ জানতে পারলেন ৭ মার্চ। এরপর এলিজাবেথ যা করলেন তা শিক্ষণীয়।
কোনো রকম আতঙ্ক নয়, মন ও মস্তিষ্ক স্থির করে সোজা নিজের বাড়িতে একটি ‘ইমারজেন্সি’ ঘরে চলে যান। সেখানেই কোয়ারেন্টাইনে নিজেকে বন্দি করে ফেলেন। কোনো রকম জমায়েত নয়, বাইরে কোথাও বেরুনো নয়, ঘর থেকেই কাজ করতে থাকেন। চিকিৎসকদের পরামর্শমতো প্রচুর পানীয় খান, শরীর যাতে এতটুকুও শুকিয়ে না যায়। এভাবেই চলে অন্তত ১০ দিন। সুফলও পেয়েছেন এলিজাবেথ। তবে তিনি খুব বেশি অসুস্থ বোধ করছিলেন না। গত সপ্তাহ থেকে তার শরীর সুস্থ হয়ে উঠতে থাকে। বর্তমানে তিনি পুরোপুরি সংক্রমণ মুক্ত।

এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের সেরে ওঠার কাহিনি শেয়ার করেন। তিনি লেখেন, ‘আমার এই গল্প শুনে মনে হয় মানুষ একটু ভরসা পাবেন। যেভাবে করোনা নিয়ে চারপাশে আতঙ্ক ছড়াচ্ছে, তার প্রেক্ষিতে বারবারই বলতে চাই যে, ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। কিন্তু সাবধানে থাকুন। শরীর খারাপ লাগলে, বাড়িতেই থাকুন। যদি আপনার সন্দেহ হয়, তাহলে অবশ্যই পরীক্ষা করান। যদি উপসর্গগুলো জীবন সংহারি না হয়, তাহলে ঘরেই থাকুন। ওষুধ খান, প্রচুর পরিমানে পানি পান করুন, বিশ্রাম নিন। মনে রাখবেন, ভিড় জায়গায় যাওয়া মানেই আপনার থেকে অন্যদের শরীরে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হওয়া।’

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের আক্রান্তের ৮০ শতাংশের বেশি সংক্রমণ গুরুতর ছিল না। বাকিদের সংক্রমণ ছিল বেশি এবং তাদের সবার বয়স ছিল ৬০ বছরের ওপর।

ভারতে করোনায় মৃত ব্যক্তি নানা রোগে আক্রান্ত ছিলেন!

0

ভারতে প্রথম করোনায় মৃত ব্যক্তি ৭৬ বছর বয়সী কালাবাবুগিরি উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টতে আক্রান্ত ছিলেন বলে বলছে স্বাস্থ্য মন্ত্রানালয়। বৃহস্পতিবার মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান তিনি।
মৃত কালাবাবুগিরি সৌদি থেকে ফিরেছেন ফেব্রুয়ারীর ২৯ তারিখে। কিন্তু তখন পর্যন্ত করোনার কোন লক্ষণ তার শরীরে প্রকাশ পায় নি। ৫ মার্চ শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ দেখা দিলে তাকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এর তিনদিন পর তাকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারপর সেদিনই তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার করোনা ভাইরাসের পরীক্ষার জন্য তার লালারসের নমুনা পাঠানো হয়েছিল গবেষণাগারে। বৃহস্পতিবার সেই পরীক্ষার ফলাফল আসতেই ভারতে করোনা ভাইরাস সংক্রমণে প্রথম মৃত্যুর ঘটনা নিশ্চিত হলো। চিকিৎসকরা সন্দেহ করেছিলেন তার শরীরে করোনাভাইরাস আছে। তবে সম্ভাব্য করোনা আক্রান্ত রোগীকে হাসপাতাল থেকে কেনো নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে সে বিষয় এখনো স্পষ্ট নয়।

করোনাকে থোড়াই কেয়ার, মাস্ক ছাড়াই ইউরোপে ৩০ হাজার মার্কিন সেনা!

0

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে মাস্ক ছাড়াই ইউরোপে যাচ্ছেন ৩০ হাজার মার্কিন সেনা। গত ৬ মার্চ থেকে জার্মানির উইজবাডেনে ডিফেন্ডার ইউরোপ ২০ সামরিক মহড়া শুরু হয়েছে। সেখানে যোগ দেবেন এই বিপুল সংখ্যক মার্কিন সেনা।

যুক্তরাষ্ট্র কয়েক বছর আগে তার পারমাণবিক পরীক্ষায় সতর্ক না করেই সেনাদের আত্মত্যাগ করেছিল। এবার সেনারা মহামারি করোনাভাইরাসের আক্রান্ত হতে পারেন এমন সম্ভাবনা স্বত্বেও দেশটি কোন সতর্কতা অবলম্বন করছে না।

যুক্তরাষ্ট্র করোনাভাইরাস সতর্কতা ইতালির জন্য লেভেল ৩ জারি করেছে। এর মানে হচ্ছে নাগরিকদের দেশটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলা হয়েছে। লম্বারডি এবং ভেনেটো শহরের জন্য লেভেল ৪ সতর্কতা জারি করেছে। এর মানে হচ্ছে সেখানে ভ্রমণ করা যাবে না। আমেরিকান এয়ারলাইন্স এবং ডেল্টা এয়ারলাইন্স মিলানে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। মার্কিন নাগরিকদের জন্য জার্মানি, পোল্যান্ড এবং ইউরোপীয়ান দেশগুলোতে লেভেল ২ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ, এই দেশগুলো ভ্রমণে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

তবে যুক্তরাষ্ট্রের সেনাদের এই নিষেধাজ্ঞা থেকে অব্যহতি দেওয়া হয়েছে। ডিফেন্ডার ইউরোপ ২০ সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য এরই মধ্যে ২০ হাজার মার্কিন সেনা ইউরোপের বন্দর এবং বিমানবন্দরগুলিতে পৌঁছাতে শুরু করেছে, তারা ইউরোপে মার্কিন সেনার সবচেয়ে বড় এই মহড়ায় অংশ নেবে। গত ২৫ বছর ধরে মার্কিন সেনারা এই মহড়ায় অংশ নিয়ে আসছে। এপ্রিল-মে মাসজুড়ে চলা এই মহড়ায় প্রায় ৩০ হাজার মার্কিন সৈন্য অংশ নেবে। এই মহড়ায় ন্যাটোর ১৭টি সদস্য রাষ্ট্র থেকে ৭ হাজার সেনা সদস্য অংশ নেবে। সেখানে ইতালির সেনারাও রয়েছে।

২০ হাজার সামরিক সরঞ্জাম নিয়ে মার্কিন সেনাদের প্রথম সাঁজোয়া ইউনিট যুক্তরাষ্ট্রের সাভানাহ বন্দর থেকে জার্মানির ব্রেমারহেভেনে বন্দরে পৌঁছেছে। ইউরোপের বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটি থেকে আরও ১৩ হাজার সামরিক সরঞ্জাম নিয়ে মার্কিন সেনারা এই মহড়ায় অংশ নেবে। মূলত জার্মানি, হল্যান্ড এবং বেলজিয়ামে থেকেই এগুলো আসবে।

ডিফেন্ডার ইউরোপ ২০ সামরিক মহড়ায় মার্কিন সেনাদের সঙ্গে ইউরোপের বহু দেশ থেকে কয়েক হাজার সেনা, সামরিক কর্মী এবং বেসামরিক নাগরিক অংশ নেবে। ফলে সহজেই মার্কিন সেনাদের মাঝে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ৩০ হাজার মার্কিন সেনা পুরো ইউরোপীয় অঞ্চল জুড়ে মোতায়েন করার সিদ্ধান্ত কতটা বাস্তব সম্মত হয়েছে সেটা নিয়ে অনেক সামরিক বিশ্লেষকই প্রশ্ন তুলেছেন।

করোনাভাইরাস সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র তার নাগরিকদের জন্য যে প্রতিরোধমূলক মানদণ্ড তৈরি করেছে তা থেকে সেনাদের অব্যহতি দেওয়া হয়েছে। এটা কেবল বেসামরিক নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। মার্কিন সেনারা ইউরোপে নিরাপদেই থাকবে এবং আমাদের বাহিনী পুরোপুরি সুস্থ রয়েছে এটা নিশ্চিত করা জরুরি।

করোনার সংকটময় এই পরিস্থিতিতে এধরণের সামরিক মহড়ার আয়োজন কতোটা যুক্তিযুক্ত সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন ন্যাশনাল অথরিটিসের প্রতিক্রিয়া কী? ডব্লিউএইচও এ সম্পর্কে কী করছে? তারা কেবল মুখ এবং নাক নয়, তাদের চোখকেও কী মুখোশ দিয়ে ঢেকে রেখেছে?

পর্যটকদের জন্য দ্বার বন্ধ করল নেপাল

0

অন-অ্যারাইভাল পর্যটন ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। সব দেশের নাগরিকদের জন্যই এ ব্যবস্থা নিয়েছে নেপাল।

গতকাল বৃহস্পতিবার রাতে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের জরুরি এক সভার পর এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।
পাশাপাশি এভারেস্টসহ সব ধরনের পর্বত আরোহণ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

আগামী ১৪ মার্চ থেকে ৩০ এপ্রিল সময় পর্যন্ত কার্যকর থাকবে। আর সাময়িক ভিসা স্থগিতের বিষয়টিতে কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত নন বলে জানানো হয়েছে।

এছাড়া ভারত থেকে স্থলপথে নেপালে আসা-যাওয়া পর্যটকদের সীমান্তে নিয়ম মেনে কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি কঠোরভাবে মানার সিদ্ধান্ত হয়।

তবে নেপালে স্কুল-কলেজ বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। নেপালে এখন পর্যন্ত একজন করোনারোগী শনাক্ত হলেও তিনি সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

জরুরি প্রয়োজনে কোনো বিদেশি নেপাল প্রবেশ করতে চাইলে তিনি করোনামুক্ত সনদ দেখিয়ে আবেদন করতে পারবেন।

কাজে ফিরতে শুরু করেছে চীন

0

সারা বিশ্বে এখন বইছে করোনা ঝড়। প্রাণঘাতি এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীন। তবে এরই মধ্যে ক্ষতি কাটিয়ে উঠতে নতুন ভাবে কাজ শুরু করেছে বেইজিং।

চীনা ভাইস প্রেসিডেন্ট জিন গিউবেন বলছেন হুবেই প্রদেশের শতকরা ৬০ ভাগ ক্ষুদ্র ও মাঝারি আকারের প্রতিষ্ঠান এবং ৯৫ ভাগ বৃহাদাকার প্রতিষ্ঠান কাজে ফিরতে শুরু করেছে। ধীরে ধীরে আবারো সচল হচ্ছে চীনের অর্থনীতি। দেশটিতে এরই মধ্যে শুরু হয়েছে নিত্য ব্যবহার্য জিনিসের উৎপাদন। তবে উহানের বর্তমান পরিস্থিতিকে এখনো স্বাভাবিক হিসেবে ঘোষণা করা হয়নি। সে হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যে আবারো কাজে ফিরতে শুরু করবে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উহান শহর।

চীনের হুবেই প্রদেশ থেকে শুরু করে পরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা। আর এই প্রাণঘাতি করোনায় শুধুমাত্র চীনেই মারা গেছে ৩ হাজারের বেশি মানুষ।

এ ভাইরাস বাতাসে ৩ ঘণ্টা, স্টিল ও প্লাস্টিকে কয়েকদিন বেঁচে থাকে!

0

করোনাভাইরাস বাতাসে তিন ঘণ্টা এবং প্লাস্টিক এবং স্টেইনলেস স্টিলের মতো পৃষ্ঠে তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে।

মেডআরসিভ ডিপোজিটরি প্রকাশিত এই গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে যে, ভাইরাসটি তামার পৃষ্টদেশে চার ঘন্টা এবং কার্ববোর্ডে ২৪ ঘন্টা পর্যন্ত থাকতে পারে। গবেষণায় দেখা গেছে যে, এটি স্টেইনলেস স্টিল এবং প্লাস্টিকের যে কোনও জায়গায় দুই থেকে তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।

নতুন এই গবেষণার ফলাফলগুলি আমাদের এই ইঙ্গিত দেয় যে, কোভিড-১৯ বা করোনাভাইরাস বাতাসে ছড়াতে পারে এটা বিশ্বাসযোগ্য এবং বাতাসে ভাইরাসটি কয়েক ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। এছাড়া বিভিন্ন পৃষ্টদেশে ভাইরাসটি কয়েকদিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। যদিও বিষয়টি এখনও বিস্তারিত পর্যালোচনা করা হয়নি বলে গবেষকরা গবেষণায় লিখেছেন।

ফেব্রুয়ারিতে প্রকাশিত অপর একটি গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, কোভিড-১৯ অন্যান্য করোনভাইরাস যেমন সার্স বা মার্সের মতো হয় এবং এটি ধাতব, কাঁচ এবং প্লাস্টিকের মতো পৃষ্ঠে নয় দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। ফক্স নিউজের আগের একটি রিপোর্টে বলা হয়েছিল, এই ধরণের ফ্লু ভাইরাস বিভিন্ন পৃণ্ঠে ৪৮ ঘন্টা পর্যন্ত বাস করতে পারে।

গবেষণা পত্রটি জার্নাল অব হসপিটাল ইনফেকশনে প্রকাশিত হয়েছিল। করনাভাইরাস ৬২-৭১ শতাংশ ইথানল, ০.৫ শতাংশ হাইড্রোজেন পারক্সাইড বা ০.১ শতাংশ সোডিয়াম হাইপোক্লোরাইট সমন্বিত জীবাণুনাশকগুলিতে এক মিনিটের বেশি সক্রিয় থাকতে পারে না। এছাড়া ০.০৫-০.২ শতাংশ বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড বা ০.০২ শতাংশ ক্লোরহেক্সিডিন ডিগ্লুকোনেট যুক্ত অন্যান্য স্যানিটাইজারে কম কার্যকরি। এখনও পর্যন্ত কোভিড-১৯ বা করোনাভাইরাসের কোন কার্যকর প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি, তবে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণে সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী এ পর্যন্ত পৃথিবীজুড়ে ১ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে এবং ৪ হাজার ৩শ’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই চীন, ইতালি ও ইরানের।