Home Blog Page 3092

করোনায় আক্রান্ত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ!

0

একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্ত হচ্ছে অনেক বিখ্যাত ব্যক্তিরাও। এবার সেই তালিকার যোগ হলো লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ।

জেরুজালেম পোস্ট লেবানন ও আরব গণমাধ্যমের বিভিন্ন সূত্র দাবি করেছে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সংবাদে বলা হচ্ছে, সম্প্রতি ইরানের স্পিকার লারিজানির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল হাসান নাসরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই প্রতিনিধি দলের একজন করোনাতে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশিত হওয়ার পর থেকে হাসান নাসরুল্লাহ করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

পত্রিকাটির দাবি, হাসান নাসরুল্লাহসহ হিজবুল্লাহর শীর্ষ নেতারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা তা নিশ্চিত হতে পরীক্ষা করেছেন। বর্তমানে তিনিসহ শীর্ষ কয়েক নেতা কোয়ারেন্টাইনে রয়েছেন।

যদিও হাসান নাসরুল্লাহর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি এখনও স্বীকার করেনি হিজবুল্লাহ। তারা এ বিষয়ে হ্যাঁ বা না কিছুই বলছে না। হাসান নাসরুহল্লাকে সর্বশেষ গত মাসের শেষ দিকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। এরপর থেকে তিনি লাপাত্তা।

উল্লেখ্য, হিজবুল্লাহকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গেরিলা সংগঠন বলা হয়। ১৯৭৫ সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠা হয়। ১৯৮২ সালে প্রথমবার লেবাননে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তারা লড়াই শুরু করে। কিন্তু আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহ আত্মপ্রকাশ করে ১৯৯২ সালে। হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র ইরান। লেবাননের রাজধানী বৈরুতে তাদের প্রধান কার্যালয়। ইহুদী রাষ্ট্র ইসরাইলের প্রধান মাথাব্যাথার কারণ এই হিজবুল্লাহ।

করোনায় ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা, তীব্র নিন্দা ইউরোপীয় ইউনিয়নের

0

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি ইউরোপ থেকে আগামী ৩০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ স্থগিত করার ঘোষণা দেন।

এই ‘কঠোর, কিন্তু প্রয়োজনীয়’ নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের জন্য কার্যকর হবে না বলে তিনি জানান, যদিও যুক্তরাজ্যে ৪৬০ জনের মধ্যে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ১ হাজার ১৩৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৩৮ জন মারা গেছে। ট্রাম্প বলেন, আমাদের দেশের সীমানার মধ্যে নতুন ভাইরাস আক্রান্ত ব্যক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে সব ধরণের ভ্রমণ নিষিদ্ধ করেছি।

ট্রাম্পের এই ধরনের ঘোষণার সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার জানিয়েছেন, করোনা শুধু ইউরোপেই আক্রমণ করেছে না। অন্যান্য মহাদেশেও আক্রমণ করেছে। ট্রাম্প এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন একতরফাভাবে ও কোনো ধরনের পরামর্শ ছাড়াই।

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এবং ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল জানিয়েছেন, করোনাভাইরাস সঙ্কট বিশ্বব্যাপী দেখা দিয়েছে। এটি কোনো মহাদেশেই সীমাবদ্ধ নয়। এই বিশ্ব সঙ্কট মোকাবেলায় একতরফা ব্যবস্থা গ্রহণের পরিবর্তে সকলের সহযোগিতা প্রয়োজন।

করোনা আতঙ্কে সিঙ্গাপুরের সব মসজিদে তালা!

0

বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যে এবার বন্ধ করে দেওয়া হল সিঙ্গাপুরের সব মসজিদ। ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুর (এমইউআইএস) আজ বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে করোনার বিস্তার রোধে দেশটির সব মসজিদ বন্ধ থাকবে।

এমইউআইএস আরও বলেছে যে, ফতোয়া কমিটি এ ব্যাপারে একটি ফতোয়া জারি করেছে। সেখানে ইসলামি আইন অনুযায়ী মসজিদ বন্ধের এই ঘোষণা দেওয়া হয়েছে, এমনকি ১৩ মার্চ শুক্রবারের জুমার নামাজও বাতিল করা হয়েছে।

এরই মধ্যে দেশটির বেশ কিছু মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদগুলো হচ্ছে-মসজিদে মুত্তাকিন, মসজিদে কাসিম, মসজিদে হাজ্জাহ ফাতিমাহ এবং মসজিদে জামে সুলিয়া। ১৩ মার্চ সকাল থেকে ১৭ মার্চ পর্যন্ত এই ৫ দিন সিঙ্গাপুরের সব মসজিদ পুরোপুরি বন্ধ থাকবে। এই সময়ে মসজিদগুলো পরিস্কার করে জীবাণু মুক্ত করা হবে।

এমইউআইএস মসজিদ বন্ধের কারণ ব্যাখ্যা করে বলেছে, মুফতি এবং আন্তর্জাতিক ফতোয়া কমিটি জনস্বাস্থ্য ও সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপের বিষয়ে একমত হয়েছে। তাদের সম্মতিতেই মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে তারা বলেছে, মুসলমানদের উচিত জুমার বদলে তাদের নিয়মিত দুপুরের (জোহর) নামাজ আদায় করা। শুক্রবারের জুমার খুতবা অনলাইনে প্রচার করা হবে।

এছাড়া মসজিদগুলিতে পরবর্তী দুই সপ্তাহের জন্য (১৩ মার্চ থেকে ২৭ মার্চ) পর্যন্ত ধর্মীয় কার্যক্রম, বক্তৃতা, ধর্মীয় ক্লাস এবং মসজিদ ভিত্তিক কিন্ডারগার্টেন সেশন বাতিল করার কথা বলা হয়েছে।

মুসলিম সম্প্রদায়কে সুস্বাস্থ্যের জন্য জীবাণুমুক্ত থাকা এবং সামাজিক স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। যাতে করোনাভাইরাস আরও ছড়িয়ে পড়তে না পারে।

ভয়ংকর এই ভাইরাস থেকে আত্মরক্ষায় বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে সিঙ্গাপুরের মুসলিমরা। তারা মসজিদভিত্তিক গণসচেতনতার কাজ করছে। এর মধ্যে আছে মসজিদে নিজস্ব জায়নামাজ ব্যবহার ও মাস্ক ব্যবহার এবং মুসাফা এড়িয়ে চলা ইত্যাদি। সিঙ্গাপুরের প্রায় ৬০ লাখ জনসংখ্যার প্রায় ১৬ ভাগ মুসলিম। এ ছাড়া বিপুলসংখ্যক অভিবাসী মুসলিম রয়েছে সে দেশে। প্রতি শুক্রবার বিপুলসংখ্যক মুসল্লি মসজিদে একত্র হয়।

ব্যস্ততা সত্ত্বেও শিক্ষকতা অব্যাহত রেখেছেন তথ্যমন্ত্রী

0

রাষ্ট্রীয় ও রাজনৈতিক ব্যস্ততা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতা অব্যাহত রেখেছেন বিশিষ্ট পরিবেশবিদ ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এর আগে জাহাঙ্গীরনগর, নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে সুনাম অর্জনকারী ড. হাছান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের আমন্ত্রনে খন্ডকালীন শিক্ষক হিসেবে গত আগস্ট (২০১৯) থেকে সম্মান শেষবর্ষের ‘ইভোল্যুশন এন্ড আর্থ’স বায়োস্ফিয়ার’ কোর্স পরিচালনা করেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে একই বিভাগের শেষবর্ষের জলবায়ু পরিবর্তন কোর্স পরিচালনা করছেন তিনি।

এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রি অর্জনের আগে কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স -তিন বিষয়ে মাস্টার্স করেন ড. হাছান মাহমুদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বেলজিয়ামের ‘ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস’ থেকে ‘হিউম্যান ইকোলজি’ ও ইউনিভিার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স বিষয়ে মাস্টার্স করেন তিনি।

এরপর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। পরবর্তীতে ব্রাসেলসের ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ-এ ভিজিটিং ফেলো এবং একাডেমিক বোর্ড মেম্বার হিসেবেও কাজ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড ও কর্নেল ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমন্ত্রিত বক্তা হিসেবে পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে অভিভাষণ দিয়েছেন ড. হাছান।

অতিথি বক্তা হিসেবে একটি ক্লাস নেয়ার পর শিক্ষক-শিক্ষার্থীদের অনুরোধে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞানের খন্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেয়ার আগে পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন ড. হাছান মাহমুদ।

বর্তমানে ড. হাছান দেশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে একজন বিশিষ্ট পরিবেশবিদ হিসেবে সুপরিচিত। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সরকারের পরিবেশমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের বন ও পরিবেশ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ড. হাছান মাহমুদ একইসাথে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকরে আসছেন। এর আগে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দীর্ঘ ৭ বছর কাজ করেন তিনি।

ভারতীয় নাগরিককে পাসপোর্ট, আটজনের বিরুদ্ধে মামলা

0

পুলিশের প্রতিবেদন গোপন করে ভারতীয় নাগরিককে পাসপোর্ট প্রদানের অভিযোগে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে এ মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশিদ।

দুদকের রাজশাহী জেলার উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটির অনুসন্ধান ঢাকা থেকেই হয়েছে। তবে মামলা দায়ের করা হয়েছে রাজশাহী অফিসে।

এদিকে সন্দেহ করা হচ্ছে, ভারতীয় নাগরিক হাফেজ আহমেদ একজন শীর্ষ মাদক কারবারি অথবা জঙ্গি দলের সদস্য। এ কারণে ভারত থেকে বাংলাদেশে পালিয়ে এসে তিনি বাংলাদেশ থেকে পাসপোর্ট সংগ্রহ করে সৌদি আরবে পালিয়ে যান।

জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, ভারতীয় নাগরিককে পাসপোর্ট দেওয়াটি বড় ধরনের অপরাধ। হাফেজ আহমেদের বিরুদ্ধে ভারতে দুই-তিনটি মামলা আছে। তবে ওই মামলাগুলো নাশকতা সংশ্লিষ্ট নাকি মাদক সংশ্লিষ্ট সেটি আমরা এখনো নিশ্চিত নয়। সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে।

মামলার অন্য আসামিরা হলেন, রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের তৎকালীন সহকারী পরিচালক আবজাউল আলম, ভারতীয় নাগরিক হাফেজ আহমেদ, পাসপোর্ট অফিসের এমএলএস রঞ্জু লাল, অফিস সহায়ক হুমায়ুন কবির, উচ্চমান সহকারী দেলোয়ার হোসেন, ডাটা এন্ট্রি অপারেটর আলমাস উদ্দিন, রেকর্ড কিপার ইব্রাহিম হোসেন ও মুদ্রাক্ষরিক আব্দুল ওয়াদুদ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ জুন মামলার আসামি হাফেজ আহমেদ ভারতীয় নাগরিক হওয়া সত্বেও রাজশাহী নগরীর ছোটবনগ্রাম সপুরা এলাকার বাসিন্দা হিসেবে রাজশাহী পাসপোর্ট অফিসে পাসপোর্টের জন্য প্রি-এনরোলমেন্ট (আবেদন) সম্পন্ন করেন। এরপর মামলার দুই নম্বর আসামি রঞ্জু লাল সরকার ওই আবেদনটি অবৈধভাবে নিজ হেফাজতে রাখেন। পাসপোর্টের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে ওই বছরের ১২ জুলাই পুলিশ প্রতিবেদনের জন্য ৪৩টি আবেদনপত্রের সাথে হাফেজ আহমেদেরও প্রয়োজনীয় তথ্য পাঠানো হয় মহানগর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাছে। এরপর ৩১ জুলাই পুলিশের পক্ষ থেকে হাফেজ আহমেদ ভারতীয় নাগরিক বলে তার বিরুদ্ধে প্রতিবেদন প্রেরণ করা হয় পাসপোর্ট অফিসে। কিন্তু এই তথ্যটি গোপন করেন পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। ফলে ওই বছরের ১৬ আগস্ট পাসপোর্টটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদনের জন্য মডিউলে চলে যায়। এরপর একই বছরের ৩০ আগস্ট পাসপোর্টটির চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। অনুমোদনের পর ওই বছরের ৭ সেপ্টেম্বর পাসপোর্টটি গ্রহণ করেন। পাসপোর্ট পেয়ে তিনি বাংলাদেশ বিমানের বিজি ০০৩৫ ফ্লাইট যোগে ২০১৮ সালের ২৪ জানুয়ারি হাফেজ আহমেদ সৌদি আরবের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন। এরপর তাঁর আর খোঁজ-খবর পাওয়া যায়নি। পরবর্তীতে পাসপোর্ট এর আবেদনসহ অন্যান্য সকল কাগজপত্র রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে গায়েব করে দেয়া হয়। এই অপরাধের সঙ্গে রাজশাহী পাসপোর্ট অফিসের তৎকালীন ওই কর্মকর্তা-কর্মচারীরা পরস্পর জড়িত ছিলেন।

অন্যদিকে এই ধরনের অপরাধের বিষয়টি তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সম্প্রতি রাজশাহী পাসপোর্ট অফিসের কর্মচারী রঞ্জু লালকে উঠিয়ে নিয়ে যায়। বেশকিছু দিন পরে শেষে তাঁকে নাটোর থেকে উদ্ধার করা হয়।

ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ডিএমপি’র ৯০ কর্মকর্তা পুরস্কৃত

0

রাজধানীর আইন-শৃংখলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পর্যায়ের ৯০ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার ডিএমপি’র হেডকোয়ার্টার্সে ফেব্রুয়ারি (২০২০) মাসের অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

ফেব্রুয়ারি মাসে ডিএমপির আট ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গুলশান বিভাগ। ডিএমপি’র গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ বিভাগ যৌথভাবে নির্বাচিত হয়েছে গোয়েন্দা-পশ্চিম ও উত্তর।

শ্রেষ্ঠ টিম লিডার হলেন পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: শাহাদত হোসেন সুমা। এছাড়া ডিএমপি’র ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্র্রাফিক-পূর্ব বিভাগ।

ভারত ভ্রমণের জন্য নির্দেশনা

0

করোনাভাইরাস এর বিদ্যমান সংক্রমণ বিবেচনায় ভারত সরকার ভারত ভ্রমণের জন্য কিছু নির্দেশনা জারি করেছে। যা ১৩ মার্চ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। আজ বৃহস্পতিবার ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিএ এতথ্য জানানো হয়।

নির্দেশনাসমূহ

– কূটনৈতিক, অফিশিয়াল, জাতিসংঘ/আন্তর্জাতিক সংস্থা, কর্মসংস্থান এবং প্রকল্প ভিসা ব্যতীত সকল বিদ্যমান ভিসা ১৫ই এপ্রিল ২০২০ অবধি স্থগিত থাকবে। এটি ১৩ মার্চ ২০২০ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে বহির্গমণ বন্দরে কার্যকর হবে।

– ২০২০ সালের ১২ মার্চ বা তার আগে ভারতীয় হাই কমিশন বা ভারতীয় সহকারী হাই কমিশনসমূহ দ্বারা প্রদত্ত সমস্ত বৈধ ভিসা ১৩ মার্চ ২০২০ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ১৫ এপ্রিল ২০২০ পর্যন্ত স্থগিত থাকবে। ১৩ মার্চ ২০২০ থেকে কোন নতুন ভিসা দেয়া হবে না।

– ওসিআই কার্ডধারীদের ভিসাবিহীন ভ্রমণ সুবিধা ১৫ এপ্রিল ২০২০ পর্যন্ত স্থগিত করা হয়েছে। এটি ১৩ মার্চ ২০২০ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে বহির্গমণ বন্দরে কার্যকর হবে।

– কোনো বিদেশি নাগরিক অনিবার্য কারণে ভারতে যেতে চাইলে visahelp.dhaka@mea.gov.in বা visa.dhaka@mea.gov.in এই ঠিকানায় ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করতে পারেন।

– ১৫ ফেব্রুয়ারি ২০২০ এর পর চীন, ইতালি, ইরান, কোরিয়া, ফ্রান্স, স্পেন এবং জার্মানি থেকে আগত বা এ সকল দেশে ভ্রমণ করেছেন এমন ভারতীয় নাগরিকসহ ভারতে আগত সমস্ত ভ্রমণকারীদের কমপক্ষে ১৪ দিনের জন্য আলাদা করে রাখা হবে। এটি ১৩ মার্চ ২০২০ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে বহির্গমণ বন্দরে কার্যকর হবে।

– ভারতীয় নাগরিকসহ ভারতে আগত ভ্রমণকারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে এবং ভারতে প্রবেশের পরে তাদের কমপক্ষে ১৪ দিনের জন্য আলাদা করে রাখা হতে পারে।

– ভারতীয় নাগরিকদের বিদেশে সমস্ত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলা হচ্ছে। ফিরে আসার পরে, তাদের ন্যূনতম ১৪ দিনের জন্য আলাদা করে রাখা হতে পারে।

– স্থল সীমান্তের মধ্য দিয়ে যাতায়াত কেবল শক্তিশালী স্ক্রিনিংয়ের সুবিধা সংবলিত নির্দিষ্ট চেক পোস্টগুলিতে সীমাবদ্ধ থাকবে। এই নির্দিষ্ট চেকপোস্টগুলি পরে জানানো হবে।

জুমার খুতবায় করোনাভাইরাসে করণীয় নিয়ে আলোচনার আহ্বান

0

করোনাভাইরাস থেকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো শুক্রবার জুমার খুতবায় আলোচনা করার জন্য ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন, ইতালি, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশে তিনজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রেক্ষাপটে অনেকে গুজব, আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে। জনমনে ভীতির সঞ্চার হচ্ছে। এ পটভূমিতে ধর্মপ্রাণ মুসল্লিসহ সমগ্র মানবজাতিকে করোনাভাইরাস থেকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো আগামীকাল (শুক্রবার) জুমার খুতবায় দেশের সকল মসজিদে আলোচনা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে আক্রান্ত ব্যক্তির মসজিদে আগমন ও জনসমাগম পরিহার করার বিষয়টি ইসলামের দৃষ্টিতে জুমার খুতবায় তুলে ধরা এবং করোনাভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার অনুরোধ করা হলো।

ঢাকার নারী বিচারককে আপিল বিভাগে তলব

0

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারকে তলব করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের স্থগিতাদেশ থাকার পরও ধর্ষণ মামলার আসামিকে জামিন দেওয়ায় তাকে তলব করা হয়েছে। আগামী ২ এপ্রিল সকাল ৯টার মধ্যে তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মামলার আসামি টিভি চ্যানেল এটিএন বাংলার সাবেক অনুষ্ঠান ব্যবস্থাপক আসলাম সিকদারের জামিন বাতিল করা হয়েছে। তাকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আবেদনে এ আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি আজ বলেন, আপিল বিভাগের আদেশ থাকার পরও আসামিকে জামিন দেওয়া আদালত অবমাননার সামিল। এভাবে আদেশ দেওয়া হলে নিম্ন আদালতে শৃঙ্খলা থাকে না। এসময় আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুল মান্নান মোহন উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর হাতিরঝিল থানায় ধর্ষণের অভিযোগে আসলাম সিকদারের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় ওইদিনই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে একইবছরের ১৪ নভেম্বর অভিযোগপত্র দেওয়া হয়। এরপর গতবছর ৬ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। এ অবস্থায় আসামির আবেদনে হাইকোর্ট গতবছর ১৮ জুন তাকে জামিন দেন। এই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আবেদন করে। এ আবেদনে চেম্বার জজ আদালত ২৫ জুন জামিন স্থগিত করেন। পরবর্তীতে এই স্থগিতাদেশ বাড়ানোর জন্য আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এই আবেদন বিচারাধীন। এ অবস্থায় গত ২ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামি আসলাম সিকদারকে জামিন দেয়। এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ এ আবেদনের ওপর শুনানিকালে বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ এ বিষয়ে আপিল বিভাগে শুনানি হয়। শুনানিকালে আদালত তাৎক্ষনিকভাবে মামলার নথি তলব করেন। এরপর বিশেষ বার্তাবাহকের মাধ্যমে নিম্ন আদালত থেকে মামলার নথি আনা হয়। নথি আসার পর তা পর্যালোচনা করেন আপিল বিভাগের বিচারপতিরা। এরপর আদেশ দেন।

উল্লেখ্য, এ মামলায় ট্রাইব্যুনাল গতবছর ১১ মার্চ ওই আসামির জামিনের আবেদন খারিজ করে। এরপর আসামি হাইকোর্টে জামিনের আবেদন করলে হাইকোর্ট জামিন না দিয়ে ৪ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন। এ অবস্থায় নিম্ন আদালতে সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ৩০ জানুয়ারি দিন রাখা হয়। কিন্তু রায় ঘোষনার আগেই বিচারক বদল হয়। নতুন বিচারক হিসেবে বেগম মোছা. কামরুন্নাহার গত ২৮ জানুয়ারি যোগ দেন। নতুন বিচারক আসায় নতুন করে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ২ মার্চ দিন রাখা হয়। নির্ধারিত দিনে মামলার বাদীর আবেদনে আবারও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১২ এপ্রিল দিন রাখা হয়েছে। ওদিকে আসামির আবেদনে গত ২ মার্চ ট্রাইব্যুনাল তাকে জামিন দেন। এই জামিনের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

যারা বিদেশে আছেন তারা দেশে না আসলে ভালো হয় : স্বাস্থ্যমন্ত্রী

0

জরুরি প্রয়োজন ছাড়া প্রবাসীদের দেশে না ফেরার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, যারা বিদেশে আছেন তারা দেশে না আসলে ভালো হয়। প্রবাসীদের প্রয়োজন ছাড়া দেশে আসার দরকার নেই। আসলে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে পাঁচটি থার্মাল স্ক্যানার হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন। সামিট গ্রুপ বিদেশফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকারকে পাঁচটি থার্মাল স্ক্যানার উপহার দিয়েছে।

করোনা আক্রান্ত তিন জন রোগী ভালো আছেন জানিয়ে জাহিদ মালেক বলেন, করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে যে দুজন সুস্থ হয়ে উঠেছেন, তাদের যেকোনো দিন রিলিজ দেওয়া হবে। আর যাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা সবাই অসুস্থ নন। আরও দুজন কোয়ারেন্টাইনে ছিলেন তাদের শরীরে পরীক্ষা করে দেখা গেছে তারা করোনায় আক্রান্ত নয়।

তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে সরকার সতর্ক ও সজাগ রয়েছে। করোনা মোকাবিলা করতে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে ।

আগামী দু’দিনের মধ্য চট্টগ্রাম, সিলেট বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর ও বেনাপোল বন্দরে ১০টি নতুন স্ক্যানার বসানো হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের বিমানবন্দরে স্ক্যানারের ঘাটতি দেখা দিয়েছিল, সেটা পূরণ হয়েছে। আমরা দুই মাস আগেই পাঁচটি স্ক্যানার অর্ডার দিয়েছিলাম, সেটা গত সপ্তাহে হাতে পেয়েছি। আজ সামিট গ্রুপ পাঁচটি দিয়েছে। ফলে বর্তমানে স্ক্যানার নিয়ে সমস্যা নেই।

তিনি বলেন, করোনাভাইরাসের কোনো ওষুধ বা ভ্যাকসিন নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনা প্রতিরোধের সব থেকে ভালো উপায় হলো আইসোলেটেড করে রাখা বা রোগীকে আলাদা করে রাখা। আমরা তিনটি কমিটি করেছি। তা দিয়ে জেলা পর্যায়েও আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জাহিদ মালেক বলেন, কোথাও কোনো রোগীর খোঁজ পাওয়া গেলে বা বিদেশ থেকে কোনো রোগী এলে তাদের ট্র্যাক করছি এবং ঘরে কোয়ারেন্টাইন করা হচ্ছে। পাশাপাশি তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। তারা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তাদের নিয়ে আসছি হাসপাতালে। এভাবেই আমাদের কেসগুলো চিহ্নিত হচ্ছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে নতুন কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়নি।

হাসপাতালগুলোকে কোনো সার্ভে করা বা নিউমোনিয়া হলে করোনার টেস্ট হচ্ছে কিনা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জ্বর, সর্দি, কাশি নিয়ে যারা আসছেন তাদের আমরা হাসপাতালে ভর্তি করছি। যাদের প্রয়োজন মনে হচ্ছে তাদের পরীক্ষা করছি করোনা আছে কিনা। পরীক্ষা করে দেখছি, যেখানে যখন প্রয়োজন হচ্ছে সেখানে টেস্ট দিচ্ছি।

বিমানবন্দরে চারটি হেলপডেস্ক বসানো হলেও সেটা পর্যাপ্ত কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা বিমানবন্দরে ১০ জন ডাক্তার ও ৩০ জন নার্স দিয়েছি। দুই ডেস্ক থেকে চারটি করা হয়েছে। আমরা যে পদক্ষেপ নিয়েছি, আপাততো তা ভালো। বাড়ানোর প্রয়োজন হলে আরও বাড়াবো।

জাহিদ মালেক বলেন, বিশ্বের বড় বড় দেশ করোনাভাইরাস নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছে। দুইমাস আগে থেকে আমরা প্রস্তুতি নিয়েছি, এজন্য এখনও সেভাবে সংক্রমন হয়নি। দেশের সবাই যার যার অবস্থান থেকে আমাদের সহযোগিতা করুন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ দুর্যোগ থেকে আমাদের সোনার বাংলাকে বাঁচাতে পারব।

তিনি বলেন, যে লোকটি বিদেশ থেকে আসছেন জনগণ তাকে চিহ্নিত করছে। তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করে রাখা হচ্ছে। দেশে করোনায় তিন জন আক্রান্ত। নতুন কোনো রোগী পাইনি। আমরা অনেককে কোয়ারেন্টাইনে রেখেছি। যাদের করোনা ভাইরাস নেই, তাদেরকে আমরা ছেড়ে দিবো।

এ সময়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, সামিট গ্রুপের পরিচালক আজিজা আজিজ খান প্রমুখ উপস্থিত ছিলেন।